মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড়সড় সাফল্য। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় সংঘর্ষে খতম লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) অন্যতম শীর্ষ কমান্ডার লতিফ ভাট (Lateef Bhat)। সোমবার কুলগামেই বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয় তার সঙ্গী। কিন্তু, কোনওমতে সেখান থেকে পালিয়ে যায় ভাট। কিন্তু, তাতেও শেষরক্ষা হলনা। ৪৮-ঘণ্টার মধ্যে খতম হল লস্কর কমান্ডার। বুধবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় উপত্যকার অন্যতম মোস্ট ওয়ান্টেড এই জঙ্গির। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সংঘর্ষস্থলে লতিফের দেহের সন্ধান মিলেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় অভিযান চলছিল। গোটা অভিযানের চূড়ান্ত বিবরণ পুলিশ প্রকাশ করবে বলে জানিয়েছে সেনা সূত্র। সংঘর্ষ চলাকালীন যে মসজিদে লতিফ আত্মগোপন করেছিল, সেটির কোনও ক্ষতি হয়নি বলেও স্পষ্ট করা হয়েছে।
আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে দেয় লতিফ
নিরাপত্তা বাহিনীর কাছে দীর্ঘদিন ধরেই মাথাব্যথার কারণ ছিল লতিফ ভাট। আধিকারিকদের দাবি, সে ছিল কাশ্মীরে লস্কর-ই-তৈবার সবচেয়ে সক্রিয় ও মোস্ট ওয়ান্টেড কমান্ডার। উপত্যকায় জীবিত স্থানীয় জঙ্গিদের মধ্যে একমাত্র সে-ই ছিল বলে দাবি করা হয়েছিল। সোমবার কুলগামে একটি সংঘর্ষস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় লতিফ। তারপর থেকেই তাকে খুঁজতে তল্লাশি অভিযান জোরদার করে নিরাপত্তা বাহিনী।
বুধবার কুলগামের দেবসর এলাকার জঙ্গলপোরা গ্রামে তাকে ঘিরে ফেলে যৌথ বাহিনী। একটি মসজিদে আশ্রয় নিয়েছিল সে। নিরাপত্তা বাহিনীর তরফে বারবার আত্মসমর্পণের আবেদন জানানো হলেও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে লতিফ। এমনকী, অস্ত্র নামিয়ে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে নিরাপত্তা কর্মীদের ভিডিও-ও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সংঘর্ষে তার মৃত্যু হয় বলে খবর। আধিকারিকদের বক্তব্য, বুধবার ভোরে উপত্যকার বিভিন্ন মসজিদ থেকে ফজরের আজানের ডাক শোনার কিছুক্ষণ আগেই শুরু হয়েছিল এই অভিযান।
সোমবার খতম হয়েছিল সহযোগী উমর, জড়িত ছিল সিআরপিএফ ক্যাম্পে হামলায়
লতিফকে খতম করার অভিযান শুরু হয়েছিল সোমবারের একটি সংঘর্ষের সূত্র ধরে। ওই দিন কুলগামের লারু বাইপাস সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় উমর নিসার দারের। তদন্তকারী আধিকারিকদের সন্দেহ, গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের একটি পোস্টে হামলার ঘটনায় উমর ও লতিফ দু’জনেই জড়িত ছিল। ওই হামলায় আহত হয়েছিলেন তিনজন আধাসেনা জওয়ান।
আধিকারিকদের দাবি, প্রায় ছ’মাস ধরে লতিফকে আশ্রয় দেওয়া এবং তার জন্য প্রয়োজনীয় রসদ ও অন্যান্য সহযোগিতার ব্যবস্থা করেছিল উমর। সিআরপিএফ পোস্টে হামলার আগে দু’জনে একসঙ্গে এলাকায় রেইকি বা নজরদারিও চালিয়েছিল বলে অভিযোগ।
উমর পেশায় রুটি প্রস্তুতকারক ছিল। পরে বাড়ি থেকে নিখোঁজ হয়ে জঙ্গি কার্যকলাপে যুক্ত হয় বলে জানা গিয়েছে। সোমবারের সংঘর্ষে তার মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে সে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈবার শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এ যোগ দিয়েছিল বলে অভিযোগ।
নিরাপত্তা বাহিনীর কাছে তাৎপর্যপূর্ণ সাফল্য
কুলগামে পরপর দু’টি অভিযানে উমর ও লতিফের মৃত্যু নিরাপত্তা বাহিনীর কাছে গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে। বিশেষত স্থানীয় স্তরে লস্করের সক্রিয় নেটওয়ার্ক, আশ্রয়দাতা এবং হামলার আগে রেইকি চালানোর মতো সহযোগিতামূলক ব্যবস্থার বিরুদ্ধে এই অভিযান তাৎপর্যপূর্ণ। তবে কুলগামে জঙ্গি নেটওয়ার্কের অন্য কোনও সহযোগী এখনও সক্রিয় রয়েছে কি না, তা জানতে তদন্ত ও তল্লাশি অভিযান অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।

