Tag: KKR

KKR

  • KKR: আইপিএলে নাইটদের ব্যাটন শ্রেয়সের হাতেই! সহকারী হলেন কে?

    KKR: আইপিএলে নাইটদের ব্যাটন শ্রেয়সের হাতেই! সহকারী হলেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল (IPL 2024) শুরুর চার মাস আগে অধিনায়কের নাম ঘোষণা করল কেকেআর (KKR)। বেগুনি জার্সিতে আবার নেতা হয়ে ফিরছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গত মরসুমে চোটের কারণে শ্রেয়স খেলতে না পারায় নাইটদের ব্যাটন ছিল নীতীশ রানার হাতে। 

    নাইট-নেতা শ্রেয়স

    বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন। তিনি জানান, শ্রেয়স আগামী মরসুমে দলের অধিনায়ক হবেন। নীতীশ হবেন তাঁর সহকারী। বেঙ্কি বলেন, ‘‘চোটের কারণে ২০২৩ সালের আইপিএল (IPL 2024)  খেলতে পারেনি শ্রেয়স। এটা দুর্ভাগ্যজনক। তবে এ বার ও খেলবে। আমরা খুশি যে আবার নেতৃত্বে ফিরেছে শ্রেয়স। যে ভাবে ও চোট সারিয়ে ফিরেছে তা শ্রেয়সের দৃঢ় মানসিকতার পরিচয় দেয়।’’

    গম্ভীর-শ্রেয়স আলোচনা

    ২০২২ সালের আইপিএল (IPL) মরসুমে শ্রেয়সকেই নেতা করা হয়েছিল। কিন্তু গত মরসুমে চোটের কারণে আইপিএল থেকে সরে দাঁড়াতে হয়েছিল মুম্বইয়ের ক্রিকেটারকে। এবার শ্রেয়স ফিরতে তাঁকেই দলের অধিনায়ক করা হয়েছে। গত মরসুমের অধিনায়ক নীতীশ হয়েছেন সহ-অধিনায়ক। গম্ভীর মেন্টর হয়ে আসার পর শ্রেয়সের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনাও করেছেন। কীভাবে সাজানো হবে টিম, নিলামে কাদের দিকে নজর রাখা হবে, এই সমস্ত সিদ্ধান্তই শ্রেয়সকে সঙ্গে নিয়েই গৌতম নিয়েছেন। গম্ভীরের টার্গেট কেকেআরকে আবার ট্রফির আলোয় ফেরানো। আর সেটা যে শ্রেয়সের মতো অভিজ্ঞ এবং পরিণত ব্যাটার ও ক্যাপ্টেনই করতে পারেন, ভালোই জানেন কেকেআর মেন্টর।

    আরও পড়ুন: নিলামে নজর গম্ভীরের! শ্রেয়স না নীতীশ, আইপিএলে নাইট অধিপতি কে?

    শ্রেয়সের লক্ষ্য

    আইপিএলের মঞ্চে ফিরতে পেরে খুশি শ্রেয়স। বর্ডার-গাভাসকর ট্রফিতে চোট পাওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় শ্রেয়স আইয়ারকে। নাইট (KKR) অধিপতি শ্রেয়স বলেছেন, ‘গত মরসুমে আমাদের একাধিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। চোটের কারণে আমার ছিটকে যাওয়া তার মধ্যে একটা। আমার অবর্তমানে নীতীশ চমৎকার ক্যাপ্টেন্সি করেছে। শুধু তাই নয়, সামনে থেকে দলের নেতৃত্ব দিয়েছিল। ওকে ভাইস ক্যাপ্টেন হিসেবে রেখে দেওয়ায় আমি যথেষ্ট খুশি। এতে আখেরে আমাদের টিমেরই লাভ হল। আমাদের এই জুটি আগামী মরশুমে দলকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • IPL 2024: নিলামে নজর গম্ভীরের! শ্রেয়স না নীতীশ, আইপিএলে নাইট অধিপতি কে? 

    IPL 2024: নিলামে নজর গম্ভীরের! শ্রেয়স না নীতীশ, আইপিএলে নাইট অধিপতি কে? 

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১৯ ডিসেম্বর দুবাইতে রয়েছে  ২০২৪ সালের আইপিএল-এর (IPL 2024) ‘মিনি’ নিলাম। সব দলের কাছেই সুযোগ থাকছে নিজেদের স্কোয়াডের ফাঁকফোকর মেরামত করে নেওয়ার। পছন্দের খেলোয়াড়দের দলে নিয়ে আগামী মরসুমে ট্রফির জন্য ঝাঁপাতে মরিয়া সবকটি ফ্র্যাঞ্চাইজিই। ব্যতিক্রম নয় নাইট শিবিরও। শাহরুখ খানের দল এবার মেন্টর করে ঘরের ছেলে গৌতম গম্ভীরকে ফিরিয়ে এনেছে। দল বাছাই থেকে স্ট্রাটেজি নির্মাণ গম্ভীরের মতকে গুরুত্ব দিচ্ছে নাইটরা (Kolkata Knight Riders)।

    নাইট-নেতা কে 

    চোটের কারণে ২০২৩ সালের আইপিএল (IPL 2024) থেকে ছিটকে গিয়েছিলেন কেকেআরের (Kolkata Knight Riders) ঘোষিত অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর পরিবর্তে গোটা টুর্নামেন্টে নেতৃত্বের ভুমিকা পালন করেন নীতীশ রানা। কিন্তু এবার দলে ফিরছেন শ্রেয়স। ২০২৩ সালে নীতীশ রানার নেতৃত্বে ১৪ ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পেয়ে সাত নম্বরে শেষ করে কেকেআর। গম্ভীর এবং নীতীশ উভয়ের দিল্লি বলয়ের ক্রিকেটার। নাইট দ‌লনেতা হিসাবে নীতীশের পক্ষেই ভোট দিতে পারেন গম্ভীর। এই ক্ষেত্রে গম্ভীরের যুক্তি হতে পারে, দলের সেরা ব্যাটসম্যান শ্রেয়সের উপর বাড়তি চাপ না দিয়ে তাঁকে খোলা মনে খেলতে দেওয়া হোক। কিন্তু নীতীশের থেকে শ্রেয়সের ক্রিকেটীয় দক্ষতা যেমন বেশি তেমনই তিনি ভারতীয় দলের অন্যতম তারকা। ফলে শ্রেয়সের মতো একজনকে দলে রেখে তাঁকে অধিনায়ক না করাটাও কঠিন হতে পারে নাইট শিবিরের পক্ষে।

    আরও পড়ুন: ‘নিয়ম ভেঙে ছিনতাইয়ের’ অভিযোগ গুজরাট কর্তার! আইপিএলে কোন দলে শামি?

    নিলামে কতজন প্লেয়ার

    প্রায় ১১০০ জন প্লেয়ারের মধ্যে থেকে ৩৩৩ জনকে নিলামের জন্য বেছে নিয়েছে আইপিএল (IPL 2024) কর্তৃপক্ষ। এদের মধ্যে অবশ্য প্রত্যেকে নিলাম টেবিলে উঠতে পারবেন না। এদের মধ্যে থেকে ১০টা ফ্র্যাঞ্চাইজি যেই প্লেয়ারদের বেছে নেবে তাঁরাই উঠতে পারবেন। এই ৩৩৩ জনের মধ্যে বাংলা থেকে রয়েছেন ৯ জন ক্রিকেটার। তবে বাংলা থেকে ৯ জন ক্রিকেটার অংশ নিলেও প্রত্যেকে বাঙালি নন। বাঙালি হচ্ছেন মাত্র ৪ জন। বাকিরা বাংলার হয়ে খেললেও বাঙালি নন, ভিনরাজ্যের বাসিন্দা। বাংলাদেশ থেকে নিলামে ৬ জন নাম লেখালেও তাঁদের মধ্যে থেকে মাত্র ৩ জন সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এদের মধ্যে সবথেকে দামি মুস্তাফিজুর, তাঁর অভিজ্ঞতাও বেশি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gautam Gambhir: “বাংলার মানুষের ভালোবাসা ফিরিয়ে এনেছে”, এবার রিটার্ন গিফট দিত চান গম্ভীর

    Gautam Gambhir: “বাংলার মানুষের ভালোবাসা ফিরিয়ে এনেছে”, এবার রিটার্ন গিফট দিত চান গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: জন জোয়ারে ভাসতে ভাসতে ইডেনে সম্বর্ধনা নেওয়ার কথা ভুলতে পারেননি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁর নেতৃত্বে ২০১২, ২০১৪ মরশুমে আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ইডেনে দেওয়া হয়েছিল সংবর্ধনা। লাখো মানুষের আবেগে সেদিন ভেসে বেরিয়েছিলেন কে কে আরের ক্রিকেটাররা। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। গম্ভীর অনেক পথ পেরিয়ে মেন্টর হিসাবে ফিরে এসেছেন নাইট শিবিরে। যা নিয়ে তিনি বেশ আবেগতাড়িত। এবার নাইট সমর্থকদের রিটার্ন গিফট দিতে চান তিনি।

    কী বললেন গম্ভীর

    লক্ষ্ণৌ ছাড়ার পিছনে শুধু যে শারুখ খান কিংবা কেকেআরের ভালো অফার তা নয়, গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) অনেক বেশি টেনেছে কলকাতার ক্রিকেট প্রেম। দল পরিবর্তন করার ক্ষেত্রে বড় ফ্যাক্টরও সেটাই। এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, “যেখান থেকে শুরু হয়েছিল আইপিএল যাত্রা সেখানে ফিরে আসতে পারে দারুণ লাগছে। স্মৃতিপটে ভিড় করছে অনেক ঘটনা, বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা কখনও ভোলার নয়। কেকেআরের জার্সিতে নতুন করে পথ চলা শুরু। জানি এবারও সমর্থকরা বিপুল প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন। এটুকু বলতে পারি তাঁদের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টার কোনো কসুর রাখা হবে না। বাংলার মানুষের অনেক ভালোবাসা পেয়েছি, এবার ফিরিয়ে দিতে চাই।”

    আরও পড়ুন: সাদা বলের সিরিজে নেই রোহিত-বিরাট! দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষিত

    নাইটদের লক্ষ্য

    বিগত কয়েক বছরে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স একবারেই আশানুরূপ হয়নি। চন্দ্রকান্ত পণ্ডিতকে কোচ করে আনা হলেও মেলেনি প্রত্যাশিত সাফল্য। তাই গম্ভীরকে (Gautam Gambhir) মেন্টর হিসাবে চাপিয়ে দেওয়া হয়েছে। মূলত গম্ভীরের পরামর্শ মেনে নতুন করে দল সাজানোর কাজে নেমে পড়েছেন কেকেআর কর্তারা। ছেড়ে দেওয়া হয়েছে ১২ জন ক্রিকেটারকে তার মধ্যে আছেন শার্দুল ঠাকুর, লকি ফার্গুশন, টিম সাউদির মতো ক্রিকেটাররা। আগামী ১৬ই ডিসেম্বর আইপিএল নিলাম। যেখানে দলের দুর্বলতা ঢাকার জন্য উপযুক্ত ক্রিকেটার কিনতে দর হাঁকবেন নাইট রাইডার্স কর্তারা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং আরও শক্তিশালী করাই লক্ষ্য গম্ভীরের। তাই প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, রাচিন রবীন্দ্রকে নেওয়ার চিন্তা ভাবনা চলছে। আসন্ন আইপিএলের আগেই দলের ওপেনিং স্লটকে শক্তিশালী করতে চাইছে কেকেআর শিবির।মায়াঙ্ক আগরওয়ালকে ট্রেডিংয়ের মাধ্যমে দলে নিতে পারে কেকেআর শিবির। পঞ্জাব দলের ওপেনার হিসেবে যথেষ্ট সফল ছিলেন, ভারতীয় দলে খেলা এই ক্রিকেটার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL Auction: বোলিংয়ে বিশেষ নজর! আইপিএল নিলামে নাইটদের ভাবনায় কারা?

    IPL Auction: বোলিংয়ে বিশেষ নজর! আইপিএল নিলামে নাইটদের ভাবনায় কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: গত আইপিএলে পারফরম্যান্স ভালো হয়নি। তাই এবার দল ঢেলে সাজানোর কাজে নেমে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। মেন্টর হিসাবে ফেরানো হয়েছে গৌতম গম্ভীরকে। তিনিই দুবার চ্যাম্পিয়ন করেছিলেন কেকেআর-কে। তাঁর পরামর্শ মেনে এবার নিলামে ঝাঁপাবে নাইট রাইডার্স। বিশেষ নজর দেওয়া হয়েছে বোলিংয়ে। তাই শর্দুল ঠাকুর, লকি ফার্গুসন, টিম সাউদি সহ ১২ জন ক্রিকেটারকে রিলিজ করে দিয়েছে কেকেআর। আর তার জায়গায় শাহরুখ খানের দল নিতে পারে বেশ কয়েকজন আন্তর্জাতিক তারকা ক্রিকেটারকে। 

    কাদেরকে নিতে পারে কেকেআর

    নিউজিল্যান্ডের অল রাউন্ডার রাচিন রবীন্দ্র বিশ্বকাপে বড় চমক দিয়েছিলেন। ওপেনার হিসাবে যেমন তিনি দ্রুত রান তুলতে পারেন, তেমনি স্পিনার হিসাবে উইকেট নিয়ে দলকে সাহায্য করেন। তাই ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্রকে নিতে চাইছে কেকেআর। আর এক নিউজিল্যান্ড ক্রিকেটার ড্যারেল মিচেলের যার দিকে নাইটদের নজর থাকবে ১৯ ডিসেম্বরের নিলামে। বিশ্বকাপে তিনিও নজর কেড়েছেন। টপ অর্ডার ব্যাটিংয়ে তিনি কিন্তু খুবই দক্ষ। তাই মিচেলের জন্য অনেক দলই মোটা দর হাঁকবে। শ্রীলঙ্কার ক্রিকেটার হসরাঙ্গাকে ছেড়ে দিয়েছে আরসিবি। যা রীতিমতো চমকে দেওয়ার মতো। সেই সুযোগ কাজে লাগাতে চাইছে কেকেআর। সেক্ষেত্রে স্পিন বিভাগ আরও শক্তিশালী হবে। পেস বোলিং মজবুত করতে মরিয়া নাইট রাইডার্স। ফার্গুসন, উমেশ, শারদুলকে ছেড়ে দেওয়ার কারণ সেটাই। তাই হার্শল প্যাটেলের কথা ভাবছে নাইট রাইডার্স। কারণ ডেথ ওভারে উইকেট নিয়ে ম্যাচ বের করে আনার ব্যাপারে তাঁর অভিজ্ঞতা রয়েছে। আবার নাইট রাইডার্সের জার্সি পরে খেলতে দেখা যেতে পারে অজি অধিনায়ক প্যাট কামিন্সকে। বিশ্বকাপ জেতার পর তিনি আইপিএলে খেলার কথা ঘোষণা করে দিয়েছেন। আগে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সুনামের সঙ্গে। তাই তাঁর অভিজ্ঞাতা কাজে লাগবে। কামিন্সকে ফেরাতে তাই মরিয়া কেকেআর।

    কেকেআর-এ রইলেন কারা

    আইপিএল ২০২৪-এর নিলামের আগে ট্রেড উইন্ডো দিয়ে দল গুছিয়ে নেওয়া শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে রবিবার জানা যায় কোন কোন ক্রিকেটারদের নতুন মরশুমের জন্যও ধরে রাখে দলগুলি। আগামী মাসের নিলামে অনেকটাই বেশি টাকা হাতে থাকছে নাইটদের। ৩২.৭ কোটি টাকা রয়েছে শাহরুখ খানের টিমের পার্সে। আগামী মরশুমের জন্য গৌতম গম্ভীরকে মেন্টর করেছেন কিং খান। অধিনায়ক বদলের সম্ভাবনা রয়েছে। নাইট শিবিরে রয়ে গিয়েছেন নীতীশ রানা, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, জেসন রয়, সুনীল নারিন, সুজস শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা ,বরুণ চক্রবর্তী। 

    কাদের ছাড়ল নাইট শিবির

    নতুন মরসুমের আগে মোট ১২ জন প্লেয়ারকে ছেড়ে দিল কেকেআর (Kolkata Knight Riders)। তাঁদের মধ্যে রয়েছেন- শাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজি, আর্য দেশাই, নারায়ণ জগদীশান, কুলওন্ত খেজরিওয়ালিয়া, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, জনসন চার্লস।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: জয়ের হ্যাটট্রিক করার হাতছানি নাইটদের সামনে! জিতলে প্লে-অফের দৌড়ে কলকাতা

    IPL 2023: জয়ের হ্যাটট্রিক করার হাতছানি নাইটদের সামনে! জিতলে প্লে-অফের দৌড়ে কলকাতা

    মাধ্যম নিউজ ডেস্ক: খাদের কিনারা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। জিতেছে পর পর দু’টি ম্যাচ। আজ, বৃহস্পতিবার ইডেনে কেকেআরের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলে (IPL 2023) প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে। এই অঙ্ক মাথা রেখে নামছে কলকাতা ও রাজস্থান। গত ছ’টি ম্যাচের মধ্যে রাজস্থান পাঁচটিতে হেরেছে। সেখানে জয়ের হ্যাটট্রিক করার হাতছানি নাইটদের সামনে।

    প্লে-অফের দৌড়

    কলকাতা নাইট রাইডার্স ১১টি ম্যাচে পেয়েছে ১০ পয়েন্ট। রয়েছে ষষ্ঠ স্থানে। সমসংখ্যক ম্যাচ খেলে রাজস্থান রয়্যালসের ঝুলিতে সেই ১০ পয়েন্ট। তবে নেট রান রেটের বিচারে তারা কেকেআরের উপরে, পঞ্চম স্থানে আছে। তবে আজ যারা ইডেনে জিতবে তাদের প্লে-অফে ওঠার পথ কিছুটা সহজ হবে। এবারের আইপিএলে (IPL 2023) জোর টক্কর চলছে। প্লে-অফের দৌড়ে কিছুটা এগিয়ে গুজরাট টাইটান্স। ১১ ম্যাচে তাদের ঝুলিতে ১৬ পয়েন্ট। বুধবার দিল্লিকে হারিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস। ধোনির দলও ১১টি খেলেছে। তবে তাদের পয়েন্ট ১৫।

    ঘুরে দাঁড়িয়েছে কলকাতা

    একটা সময় পর পর ম্যাচ হেরে কেকেআর অনেকটাই পিছিয়ে পড়েছিল। তবে নীতীশ রানারা ঘুরে দাঁড়িয়েছেন। প্রত্যাশার পারদ নতুন করে চড়ছে রাসেল, রিঙ্কুদের ঘিরে। কারণ, গত ম্যাচে ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের জয়ের অন্যতম দুই কারিগর ছিল রিঙ্কু ও রাসেল। ২৩ বলে ঝোড়ো ৪২ রান করেছিলেন ক্যারিবিয়ান তারকা। অনেকদিন পর ব্যাটে বড় রান আসায় তিনি কিছুটা চাপমুক্ত। আর রিঙ্কু এখন কেকেআরের প্রাণভোমরা। অধিকাংশ ম্যাচে তিনি ফিনিশারের ভূমিকা পালন করছেন। পাঞ্জাবের বিরুদ্ধে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে জিতিয়েছিলেন দলকে। তার আগে গুজরাটের বিরুদ্ধে শেষ ওভারে ২৯ রান তাড়া করতে নেমে মেরেছিলেন পাঁচটি ছক্কা। ছন্দে আছেন নীতীশ রানাও।

    আরও পড়ুন: বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নিচ্ছে ‘মোকা’! দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের ভ্রুকুটি

    ব্যাটল অব স্পিন

    ইডেনের পিচে ‘ব্যাটল অব স্পিন’ দেখা যেতে পারে। কেকেআর দলে রয়েছেন তিন স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও সুয়াশ শর্মা। অন্যদিকে রাজস্থানে বোলিংয়ের বড় ভরসা যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, মুরুগান অশ্বিন ও অ্যাডাম জাম্পা। তবে রাজস্থানের ব্যাটিং বেশ শক্তিশালী। বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন বড় ইনিংস গড়তে পারেন। তাই কেকেআরের বোলারদের চেষ্টা করতে হবে শুরুতেই আঘাত হানতে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: শেষ বলে নাইটদের নায়ক রিঙ্কু! রাসেল থেকে রানা সকলেই দিলেন সার্টিফিকেট

    IPL 2023: শেষ বলে নাইটদের নায়ক রিঙ্কু! রাসেল থেকে রানা সকলেই দিলেন সার্টিফিকেট

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল আকুতি ইডেনের জনতার। রিঙ্কু… রিঙ্কু…শব্দব্রহ্ম তখন গ্যালারি জুড়ে। জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন ১ বলে ২ রান। রিঙ্কু পারবেন, এই বিশ্বাস ছিল সমর্থকদের। কারণ, এই আইপিএলেই (IPL 2023) তিনি গুজরাটের বিরুদ্ধে অসাধ্য সাধন ঘটিয়েছিলেন শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে। এবারও হতাশ করলেন না বাঁহাতি রিঙ্কু। শেষ বলে তিনি বাউন্ডারি হাঁকিয়ে ফের জেতালেন দলকে। পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারানোর সুবাদে জেগে রইল প্লে-অফে ওঠার আশাও।  ১১ ম্যাচ খেলে কেকেআরের সংগ্রহ ১০ পয়েন্ট। রয়েছে পঞ্চম স্থানে। 

    রিঙ্কুর বিশ্বাস

    ম্যাচ শেষে রিঙ্কু বলছিলেন, ‘আমি শেষ বল নিয়ে ভাবিনি। পাঁচ ছক্কার ম্যাচেও একইভাবে ব্যাট করেছিলাম। অর্শদীপের শেষ ডেলিভারিতে শট খেলেই দৌড়ে গিয়েছিলাম সিঙ্গলস নিতে। কারণ, মাথায় ছিল এক রান হলেও ম্যাচটা টাই হবে। তখন সুযোগ মিলবে আরও একবার। কিন্তু নন স্ট্রাইকার এন্ডে গিয়ে দেখলাম বলটা বাউরন্ডারি লাইন টপকে গিয়েছে। দলকে এমন একটা জয় এনে দিতে পেরে ভীষণই ভালো লাগছে। আসলে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য অনুশীলনে অনেক পরিশ্রম করি। তারই সুফল পাচ্ছি।’

    রাসেল-রানার সার্টিফিকেট

    দলকে জিতিয়ে কেকেআর (IPL 2023) সমর্থকদের হৃদয় জিতলেন রিঙ্কু সিং। আর ২৩ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ম্যাচের সেরা হলেন রাসেল। তবে তাঁর সামনেও ম্যাচ শেষ করার সুযোগ ছিল। ২ বলে যখন ২ রান দরকার, তখন অহেতুক সিঙ্গলস নিতে গিয়ে রান আউট হন রাসেল। দল চাপে পড়ে যায়। কিন্তু কেন তিনি এমনটা করতে গেলেন? রাসেল জানিয়েছেন, ‘আমার ইচ্ছা ছিল রিঙ্কু ম্যাচটা ফিনিশ করুক। ও দুর্দান্ত এক ক্রিকেটার। ও ভালো ফিনিশারও। তাই সিঙ্গলস নিতে চেয়েছিলাম। তার আগে আমাদের মধ্যে আলোচনাও হয়েছিল। রিঙ্কু জিজ্ঞাসা করেছিল, তুমি যদি বলটা ব্যাটে লাগাতে না পারো, তাহলে কি দৌড়ে রান নেবে? আমি রাজি হয়েছিলাম। তবে জয়টা আমার ব্যাটেই আসা উচিত ছিল। কিন্তু অর্শদীপের ডেলিভারি ছিল অসাধারণ।’

    আরও পড়ুন: বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নিচ্ছে ‘মোকা’! দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের ভ্রুকুটি

    কেকেআর অধিনায়ক নীতীশ রানাও প্রশংসায় ভরিয়েছে রিঙ্কু সিংকে। তিনি বলেছেন, ‘আগে ইডেনের গ্যালারি চিৎকার করত রাসেল, রাসেল বলে। এখন রিঙ্কু, রিঙ্কু করছে। একজন ক্রিকেটারের এর চেয়ে বড় প্রাপ্তি আর কী-ই বা হতে পারে।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: শেষ ওভারে বরুণই বাজি নীতীশের! বোলারদের দাপটে হায়দ্রাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় কলকাতার

    IPL 2023: শেষ ওভারে বরুণই বাজি নীতীশের! বোলারদের দাপটে হায়দ্রাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় কলকাতার

    মাধ্যম  নিউজ ডেস্ক: ডু অর ডাই ম্যাচে (IPL 2023) সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কার্যত পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (SRH vs KKR)। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে কলকাতা। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান করে হায়দ্রাবাদ। অরেঞ্জ আর্মিকে ৫ রানে হারিয়ে প্লে অফে যাওয়ার রাস্তা এখনও খোলা রাখল নাইটরা।

    নীতীশের বাজি বরুণ

    শেষ ওভারে বাকি ছিল ৯ রান। এই পরিস্থিতিতে স্পিনারের হাতে বল দিয়ে বাজি ধরেন নাইট অধিনায়ক নীতীশ রানা। বাজি ১০০ শতাংশ সফল। ম্যাচ শেষে চওড়া হাসি অধিনায়কের মুখে। বৃষ্টি পড়ার ফলে হাত থেকে বল পিছলে যাচ্ছিল। তাই শেষ ওভারে বল বেশি ঘোরানোর চেষ্টাই করেননি বরুণ। উইকেটের সোজাসুজি বল করেই যে সফল হয়েছেন, তা ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে বলেও দিলেন। তাঁর কথায়, ‘‘নীতীশ আমার হাতে যখন বল তুলে দেয়, হৃদস্পন্দন ২০০ ছাড়িয়ে গিয়েছিল মনে হয়। বুঝতে পারছিলাম না কী করা উচিত। লক্ষ্য করে দেখি মাঠের একটা দিক বড়। ব্যাটসম্যান যাতে সেই দিকে শট খেলার চেষ্টা করে, সেই অনুযায়ী বল করেছি। সেই ফাঁদে পা দিয়ে শট খেলতে যায় সামাদ। ওর উইকেট পাওয়ার পরেই আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠি।’’

    আরও পড়ুন: পিএসজি ছাড়ছেন! দু’সপ্তাহের জন্য নির্বাসিত মেসি কি ফের বার্সেলোনায়?

    স্পিনেই আস্থা

    শেষ ওভারে কেন বরুণই পছন্দ? ম্যাচ শেষে নীতীশ বলেন, ‘‘ইনিংসের মাঝপথে আমরা কয়েকটা ওভারে বেশ রান খরচ করি। আমি শার্দুল ও বৈভবের হাতে সেই সময় বল তুলে দিয়ে একটা সুযোগ নিয়েছিলাম। ওরা দুই সেট ব্যাটারকেই সাজঘরে ফেরত পাঠায়। এর ফলেই আমরা ম্যাচে ফিরে আসতে পারি। ওরা যদি আরও কয়েকটি ওভার ব্যাট করত, তাহলে আমাদের ম্যাচ জেতার আশা মাটি হয়ে যেত। সত্যি বলতে শেষ ওভারে স্পিনার না ফাস্ট বোলার, কাকে দিয়ে বল করাব, সেই নিয়ে আমার মনে দ্বিধা ছিলই। আমি শেষমেশ আমার স্পিনারের দক্ষতাতেই আস্থা রাখি। বরুণ ভাল বল করছিল। তাই আর ভাবিনি।” কেকেআরের পরের ম্যাচ ৮ মে। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। প্লে-অফে (IPL 2023) যেতে গেলে ঘরের মাঠ ইডেনেও সেই ম্যাচ জিততে হবে নাইটদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: প্লে-অফের লড়াইয়ে থাকতে হলে আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে জিততেই হবে নাইটদের

    IPL 2023: প্লে-অফের লড়াইয়ে থাকতে হলে আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে জিততেই হবে নাইটদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সাপ-লুডোর খেলা চলছে আইপিএলের (IPL 2023) পয়েন্ট তালিকায়। আর সেই লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ৯টি খেলে ৬ পয়েন্ট নিয়ে নীতীশ রানারা রয়েছেন অষ্টম স্থানে। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এখন আর হারলে চলবে না। এই অঙ্ক মাথায় নিয়েই আজ নিজামের শহর হায়দ্রাবাদ সানরাইজার্সের মুখোমুখি হচ্ছে কেকেআর। প্রতিপক্ষ দলের অবস্থাও ভালো নয়। সানরাইজার্সও ৬ পয়েন্ট পেয়েছে। রয়েছে নবম স্থানে। তবে মার্করামের দল নাইটদের তুলনায় খেলেছে একটি কম ম্যাচ।

    দুর্বল বোলিং

    কেকেআরকে মূলত ভোগাচ্ছে দুর্বল বোলিং। বিশেষ করে পেসারদের পারফরম্যান্স একেবারেই প্রত্যাশা মতো হচ্ছে না। উমেশ যাদবরা প্রচুর রান দিচ্ছেন পাওয়ার প্লে’তে। এই সমস্যা মেটাতে না পারলে হায়দ্রাবাদের বাধা টপকানো কঠিন হবে কলকাতার। তুলনায় স্পিন বিভাগ কিছুটা শক্তিশালী। সুয়াশ শর্মা, সুনীল নারিনের সঙ্গে বরুণ চক্রবর্তী রয়েছেন কেকেআর দলে। তাঁরা ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম। তবে তার জন্য দরকার ভালো পুঁজি। সেক্ষেত্রে ব্যাটসম্যানদের ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ। জেসন রয় চোট সারিয়ে মাঠে ফিরতে পারেন। ছন্দে আছেন গুরবাজও। তাঁদের দু’জনকে এক সঙ্গে খেলানো হয় কিনা, সেটাই দেখার। কিন্তু নীতীশ রানা, বেঙ্কটেশ আয়ার গত ম্যাচে হতাশ করেছিলেন। তাঁরা যদি ফর্মে না ফেরেন তাহলে পরের দিকের ব্যাটসম্যানরা খোলা মনে খেলতে পারবেন না। রিঙ্কু সিং, আন্দ্র রাসেল মূলত দ্রুত গতিতে রান যোগ করেন। তাই শুরুটা ভালো হলে তাঁদের কাজটা অনেক সহজ হয়ে যাবে।

    হায়দ্রাবাদের লক্ষ্য

    সানরাইজার্স হায়দ্রাবাদের পেস আক্রমণ বেশ শক্তিশালী। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের সঙ্গে নটরাজন ও উমরান মালিকের খেলার সম্ভাবনা রয়েছে। ঘরের মাঠে পেস সহায়ক উইকেটে নাইটদের বিপাকে ফেলতে চাইবেন তাঁরা। ব্যাটিংয়ে তেমন কোনও তারকা না থাকলেও, এমন অনেকে আছেন, যাঁরা খেলার ধরন বদলে দিতে পারেন। গত ম্যাচে ওপেনার হিসেবে হাফ-সেঞ্চুরি করেছিলেন অভিষেক শর্মা। এছাড়া আছেন ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, হ্যারি ব্রুক, আইডেন মার্করামের মতো ব্যাটসম্যান। মিডল অর্ডারে ক্লাসেন দুর্দান্ত পারফর্ম করছেন।

    আরও পড়ুন: পিএসজি ছাড়ছেন! দু’সপ্তাহের জন্য নির্বাসিত মেসি কি ফের বার্সেলোনায়?

    লিটনের পরিবর্ত

    প্রথম সাক্ষাৎতে ইডেনে হায়দ্রাবাদের কাছে হারতে হয়েছিল কেকেআরকে। এবার বদলার পালা। নিজামের শহরে সূর্যাস্ত ঘটিয়ে প্লে-অফের সম্ভাবনা রাসেলরা জাগিয়ে তুলতে পারেন কিনা সেটাই দেখার? এদিকে, লিটন দাসের বদলি হিসেবে জনসন চার্লসকে নিল কলকাতা নাইট রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের এই কিপার-ব্যাটারের অভিজ্ঞতা প্রচুর। ৪১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। ২০১২, ২০১৬ টি-২০ বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করেছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটারটি। ৫০ লক্ষ টাকা দিয়ে তাঁকে নিল শাহরুখ খানের দল। কারণ, লিটন ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছেন। ৪ মে পর্যন্ত তিনি বোর্ডের থেকে রিলিজ পেয়েছিলেন আইপিএলে খেলার জন্য। সেই মেয়াদ শেষ হতেই লিটনের পরিবর্তন ক্রিকেটারের নাম জানিয়ে দিল কেকেআর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Today IPL Match: ক্রিকেটের নন্দনকাননে মুখ থুবড়ে পড়ল কেকেআর, জয়ী গুজরাট টাইটান্স

    Today IPL Match: ক্রিকেটের নন্দনকাননে মুখ থুবড়ে পড়ল কেকেআর, জয়ী গুজরাট টাইটান্স

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডেনে ফের হারল কলকাতা নাইট রাইডার্স (KKR)। চলতি আইপিএলের (Today IPL Match) ফিরতি ম্যাচে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং গুজরাট টাইটান্স (Gujarat Titans)। এই গুজরাট টাইটান্সের কাছেই কার্যত ধরাশায়ী হল কেকেআর। আমেদাবাদে হারের মুখে দাঁড়িয়েও দলকে জয় উপহার দিয়েছিলেন রিঙ্কু সিং। তবে শনিবাসরীয় বিকেলে ক্রিকেটের নন্দনকানন ইডেনে তেমন কোনও পারফর্মেন্স দেখা গেল না কেকেআরের কারও কাছেই। নাইটদের সাদামাটা পারফর্মেন্সের জেরে হার্দিক পাণ্ডিয়াদের জয় হয়েছে আক্ষরিক অর্থেই কেক ওয়াক। কেকেআরকে গুণে গুণে ৭ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স।

    আইপিএলে (Today IPL Match) ধরাশায়ী…

    ঘরের মাঠে বড় রান করতে (Today IPL Match) পারেননি ঋদ্ধিমান সাহা। এদিন তাঁকে বেশ অগোছালই দেখাল। ১০ বলে ১০ রান করে আউট হলেন আন্দ্রে রাসেলের বলে। শুভমন গিলের সঙ্গে জুটি বেঁধে দলের ইনিংস টানলেন হার্দিক। তবে অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন শুভমন। হাতছাড়া হল অর্ধশত রান। বড় রান পাননি হার্দিকও। ২০ বলে ২৬ রান করেছেন গুজরাট টাইটান্স অধিনায়ক। পর পর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাটের ইনিংস। তবে ডেভিড মিলার এবং বিজয় শঙ্করের জুটির হাতযশেই জয়ী হল গুজরাট। ১৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় গুজরাট। ১৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকলেন মিলার। ২৪ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেললেন বিজয়। ২৫ রান দিয়ে ১ উইকেট হর্ষিত রানার। ২৪ বলে ১ উইকেট নিলেন নারাইন। রাসেল নিয়েছেন ১ উইকেট। বল করার সুযোগ পাননি শার্দূল ঠাকুর।

    আরও পড়ুুন: রেড রোডে দলের সংখ্যালঘু সেলের সভা থেকে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শুভেন্দু! কী বললেন?

    মেঘলা আবহাওয়া দেখে প্রথমে বল (Today IPL Match) করার সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স। নতুন বলে নাইটদের ভয় ধরিয়ে দেন মহম্মদ শামি। বাংলার এই বোলার কেকেআরের এক ওপেনার নারায়ণ জগদীশন এবং তিন নম্বরে নামা শার্দূলকে দ্রুত ড্রেসিংরুমে ফিরিয়ে দেন তিনি। গুজরাটের সফলতম বোলার শামিই। ৩৩ রানে ৩ উইকেট নিলেন তিনি। ২টি করে উইকেট নিয়েছেন লিটল ও নুর। ৪ ওভার বল করে ৫৪ রান দিলেন আফগান অধিনায়ক রশিদ। এদিন কোনও উইকেটও পাননি তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2023: বিয়েতে নাচবেন কিং খান! শাহরুখ আগাম নিমন্ত্রণ চাওয়ায় উচ্ছ্বসিত রিঙ্কু

    IPL 2023: বিয়েতে নাচবেন কিং খান! শাহরুখ আগাম নিমন্ত্রণ চাওয়ায় উচ্ছ্বসিত রিঙ্কু

    মাধ্যম নিউজ ডেস্ক: বিয়ে অবশ্য এখনও ঠিক হয়নি। তবু শাহরুখ চেয়ে নিয়েছেন আগাম নিমন্ত্রণ। নিজেই সে কথা জানালেন কেকেআর ব্যাটার রিঙ্কু সিং। ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আগ্রাসী ইনিংস খেলেছিলেন রিঙ্কু। আমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কেকেআরকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছিলেন ম্যাচের শেষ পাঁচ বলে পর পর ৫টি ছক্কা মেরে। এ বারের আইপিএলে (IPL 2023) বেশ ভাল ছন্দে রয়েছেন রিঙ্কু। রাত পোহালেই ইডেনে ফের গুজরাটের মুখোমুখি কলকাতা। শেষ চারে পৌঁছতে গেলে এখন পরপর ম্যাচ জিততে হবে নাইটদের। 

    রিঙ্কুর কথা

    রিঙ্কু বলেছেন, ‘‘গুজরাট ম্যাচের পর স্যর (শাহরুখ) আমাকে ফোন করেছিলেন। আমার বিয়ের কথা জানতে চাইলেন। শাহরুখ বললেন, ‘অনেকে আমাকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য অনুরোধ করেন। আমি কোথাও যাই না। কিন্তু আমি তোর বিয়েতে নাচতে যাব।’’ ২০১৮ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন রিঙ্কু। হার্দিকদের বিরুদ্ধে শনিবার ইডেনে রিঙ্কুর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে নাইট শিবির।

    পর পর ৪ ম্যাচ হারার পরে গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামবে কেকেআর। কিন্তু শনিবার রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে বৃষ্টি হলে সমস্যায় পড়তে হবে কেকেআর-কে। ম্যাচ না হলে পয়েন্ট ভাগ হবে। লিগ টেবিলের (IPL 2023) সাপ-লুডোর খেলায় অনেকটাই পিছিয়ে পড়বেন নীতিশ রানারা (Nitish Rana)। সাত নম্বরে থাকা কেকেআর-কে পৌঁছতে হবে ১৬ পয়েন্টে। ফলে এখনও ১০ পয়েন্ট পেতে হবে রানাদের। এখনও তাদের ৬টা ম্যাচ বাকি রয়েছে। সেখান থেকে ১০ পয়েন্ট তুলতে হলে ৫টা ম্যাচ জিততেই হবে।

    আরও পড়ুুন: রবীন্দ্রজয়ন্তীতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ?

    বাংলাদেশে উড়ে গেলেন লিটন

    অন্যদিকে গুজরাট টাইটান্সের ম্যাচের আগে শুক্রবার সকালেই কলকাতা থেকে বাংলাদেশে উড়ে যান লিটন দাস। পরিবারের কোনও সদস্যের অসুস্থতাজনীত কারণেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান। নাইট ফ্র্যাঞ্চাইজির তরফে কঠিন সময়ে লিটনের পাশে থাকার কথা জানানো হলেও তিনি পুনরায় আইপিএলে ফিরবেন কিনা, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি মাত্র আইপিএল ম্যাচে মাঠে নামার সুযোগ হয় বাংলাদেশের তারকা ক্রিকেটারের। কোটলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লিটনকে মাঠে নামায় কেকেআর। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share