Tag: Kolkata Knight Riders

Kolkata Knight Riders

  • IPL 2026: পাকিস্তানের লিগ থেকে নাম তুলে আইপিএলে! মুস্তাফিজুরের বিকল্প মুজারাবানি, হর্ষিতের চোটে ধাক্কা কেকেআর-এর

    IPL 2026: পাকিস্তানের লিগ থেকে নাম তুলে আইপিএলে! মুস্তাফিজুরের বিকল্প মুজারাবানি, হর্ষিতের চোটে ধাক্কা কেকেআর-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের বিকল্প পেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার বিকল্প হিসেবে সই করানো হল জিম্বাবোয়ের ক্রিকেটার ব্লেসিং মুজারাবানিকে। কেকেআরের (IPL 2026)  ডাক পেয়েই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নাম তুলে নিয়েছেন মুজারাবানি। ১৭ তারিখ, মঙ্গলবার কলকাতায় আসছেন তিনি। তবে, মুস্তাফিজুর রহমানের বিকল্প খুঁজে পাওয়ার দিনই ফের ধাক্কা খেল কেকেআর। অলৌকিক কিছু না হলে আসন্ন আইপিএলে হর্ষিত রানাকে পাওয়া যাবে না। ফলে বোলিং বিভাগ অনেকটাই কমজোরি হয়ে গেল তাঁদের।

    হর্ষিতের চোট বাদ পুরো সিজন থেকে

    টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ চোট পান হর্ষিত। সেই চোট এখনও সারেনি। গত ৯ ফেব্রুয়ারি অস্ত্রোপচার হয় হর্ষিতের। আইপিএলের মধ্যে তিনি সুস্থ হতে পারবেন না। ২০২৪-এ কেকেআরের ট্রফিজয়ী মরসুমে উল্লেখ্যযোগ্য ভূমিকা নিয়েছিলেন হর্ষিত। তিনি ১৯টি উইকেট নিয়েছিলেন। এর পর ভারতের সব ফরম্যাটের দলেই খেলে ফেলেছেন। কোচ গৌতম গম্ভীরের পছন্দের ক্রিকেটার তিনি। ২০২৫ মরসুমের আগে তাঁকে চার কোটি টাকায় ধরে রাখা হয়েছিল। গত বছর ১৩টি ম্যাচে ১৫টি উইকেট নিয়েছিলেন। কেকেআর এখনও বিকল্প ক্রিকেটারের নাম ঠিক করে উঠতে পারেনি। এই মুহূর্তে তাঁদের হাতে ভারতীয়দের মধ্যে আকাশ দীপ, বৈভব অরোরা, উমরান মালিক এবং কার্তিক ত্যাগী রয়েছেন। বিদেশিদের মধ্যে ব্লেসিং মুজারাবানি এবং মাথিশা পাথিরানা রয়েছেন।

    পাকিস্তান লিগ নয়, আইপিএল-ই লক্ষ্য

    টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল খেলেছিলেন জিম্বাবোয়ের মুজারাবানি। দল সুপার এইট থেকে বিদায় নিলেও তিনি ১৩টি উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে ৮৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১০৬টি উইকেট রয়েছে তাঁর। এ ছাড়া বিশ্বের বিভিন্ন লিগে খেলে বেড়ান তিনি। ফলে যথেষ্ট অভিজ্ঞতাও রয়েছে। মাথিশা পাথিরানার পাশাপাশি দ্বিতীয় বিদেশি জোরে বোলার হিসেবে তাঁকে দলে নেওয়া হয়েছে। পিএসএলে প্রথমে কোনও দল পাননি তিনি। পরে ইসলামাবাদ ইউনাইটেড সই করায় মুজারাবানিকে। শামার জোসেফের জায়গায় সই করানো হয় তাঁকে। অতীতে লাহোর কলন্দর্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে মুজারাবানির। তিনি ইসলামাবাদ কর্তৃপক্ষকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। এই নিয়ে দ্বিতীয় বার পিএসএলে সুযোগ পাওয়া কোনও ক্রিকেটার আইপিএলে সুযোগ পেয়ে দল ছাড়লেন। গত বছরের মতো এ বছরও আইপিএলের সময় পিএসএল হবে। গত বছর মুম্বই ইন্ডিয়ান্স নিয়েছিল করবিনশ বশকে। তাঁকে নিয়েছিল পেশওয়ার জালমি। পিএসএল থেকে নাম তোলায় তাঁকে এক বছর নির্বাসিত করা হয়েছে। মুজারাবানির ক্ষেত্রেও তেমন শাস্তি হবে কি না তা এখনও স্পষ্ট নয়।

  • IPL 2026: আইপিএলের প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ্যে, জেনে নিন কবে, কোথায়, কার বিরুদ্ধে খেলবে কলকতা

    IPL 2026: আইপিএলের প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ্যে, জেনে নিন কবে, কোথায়, কার বিরুদ্ধে খেলবে কলকতা

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ্যে এল বুধবার। ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। ১২ এপ্রিল পর্যন্ত সূচি প্রকাশ করা হয়েছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর বাকি সূচি ঘোষণা করা হবে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসমের বিধানসভা ভোট রয়েছে এপ্রিল-মে মাসে। বোর্ডের সূচি অনুযায়ী, ২৮ মার্চ শনিবার, বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল। গত বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু। প্রথামাফিক তাদের ঘরের মাঠেই হবে উদ্বোধনী ম্যাচ। অর্থাৎ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে। বাকি ১৯টি ম্যাচ হবে মোট ১০টি মাঠে।

    কবে নামছে কলকাতা

    প্রতিযোগিতার দ্বিতীয় দিনই নামছে কলকাতা। মুম্বইয়ে অ্যাওয়ে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে কলকাতা। ঘরের মাঠ ইডেনে কলকাতার প্রথম ম্যাচ ২ এপ্রিল। মোট চার দিন ‘ডবল হেডার’, অর্থাৎ দিনে দু’টি করে ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ৩.৩০টে থেকে। দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০টা থেকে। যে দিনগুলিতে একটি করে ম্যাচ, সেগুলি হবে সন্ধ্যা ৭.৩০টা থেকে। প্রথম ‘ডবল হেডার’ রয়েছে ৪ এপ্রিল, যে দিন দুপুরে দিল্লি মুখোমুখি মুম্বইয়ের।

    বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ম্যাচগুলি নিয়ে ধন্দ

    আইপিএলের সময়সূচি প্রকাশ করে বলা হয়েছে যে, বেঙ্গালুরুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ম্যাচগুলি বিশেষজ্ঞ কমিটির অনুমোদনের পরেই আয়োজন সম্ভব হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে লেখা হয়েছে, “বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ম্যাচগুলি কর্নাটক সরকারের মাধ্যমে গঠিত বিশেষজ্ঞ কমিটির অনুমোদনের অধীন। কমিটি ১৩ মার্চ চিন্নাস্বামী স্টেডিয়াম পরিদর্শন করবে এবং বৈঠক করবে। সেই সময় আইপিএল ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামের প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি ম্যাচের দিনের ব্যবস্থাগুলির একটি সম্পূর্ণ মাপের মক প্রদর্শনী করা হবে।” উল্লেখ্য, আরসিবি গত মরশুমে অর্থাৎ ২০২৫ সালে আইপিএলের খেতাব জিতেছিল, যার পরে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত দলের বিজয় মিছিলের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে হুড়োহুড়ি লেগে যায়। এই হুড়োহুড়িতে ১১ জনের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল। এছাড়াও অনেকে আহত হয়েছিলেন।

    রাহানের নেতৃত্বেই নাইটদের অভিযান

    বিশ্বকাপ শেষ হতেই বেজে গিয়েছে আইপিএল-এর (IPL 2026) রিংটোন। নতুন মরসুমে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গতবার প্রত্যাশা পূরণ হয়নি, তাই এবার দল সাজানো হয়েছে নতুন পরিকল্পনায়। তবে অধিনায়ক হিসেবে রাহানেকেই বেছে নিয়েছে কেকেআর শিবির। রাসেলের মতো দলের অনেক পুরানো সদস্য এবার আর পার্পল জার্সি গায়ে মাঠে নামবেন না। তবে এবার ব্যাটিং থেকে বোলিং- সব দিক থেকেই মোটামুটি ‘ব্যালান্সড’ দল গড়ার চেষ্টা করেছে নাইট ম্যানেজমেন্ট। দলের শক্তি বাড়াতে এবার কলকাতার হয়ে খেলবেন বিশ্ব ক্রিকেট মাতিয়ে আসা একাধিক তরুণ ক্রিকেটার। সেই তালিকায় প্রথম নাম থাকবে ফিন অ্যালেনের (Finn Allen)। কিছুদিন আগেই বিশ্বকাপের সেমিফাইনালে ইডেনের ‘মহানায়ক’ হয়ে উঠেছিলেন নিউজিল্যান্ডের এই বিস্ফোরক ওপেনার। শুধু অ্যালেন নয়, তাঁর জাতীয় দলে তাঁর ওপেনার সঙ্গী টিম সাইফার্টও (Tim Seifert) রয়েছে কেকেআর দলে। ফলে, এ বছর নাইটদের ওপেনিং জুটি যে বিস্ফোরক হতে চলেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। সেই সঙ্গে  এবার অলরাউন্ড বিভাগেও রয়েছে বড় চমক। মিডল অর্ডারে রয়েছেন আরও এক দুর্ধর্ষ কিইয়ি ব্যাটার রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। রয়েছেন রোভম্যান পাওয়েল, রাহুল ত্রিপাঠী ও রামনদীপ সিং। থাকছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিন (Cameron Green)। এছাড়াও দলের মিডল অর্ডারে অজিঙ্ক রাহানের সঙ্গে দেখা যেতে পারে তরুণ মুম্বই ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশীকে (Angkrish Raghuvanshi)। নাইটদের ফিনিশারের ভূমিকায় তো রয়েইছেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা রিঙ্কু সিং (Rinku Singh)। বোলিং বিভাগে দলের প্রধান অস্ত্র বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) আর সুনীল নারিন।

    কলকাতা নাইট রাইডার্সের সূচি:

    ২৯ মার্চ ২০২৬ (রবিবার): কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স: ওয়াংখেড়ে স্টেডিয়াম
    ০২ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার): কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ: ইডেন গার্ডেন্স
    ০৬ এপ্রিল ২০২৬ (সোমবার): কেকেআর বনাম পঞ্জাব কিংস: ইডেন গার্ডেন্স
    ০৯ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার): কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস: ইডেন গার্ডেন্স

    ২০২৬ আইপিএলে KKR-এর সম্পূর্ণ স্কোয়াড: অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল, সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী, অনুকূল রায়, হর্ষিত রানা, মনীশ পাণ্ডে, রামনদীপ সিং, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, তেজস্বী সিং, ফিন অ্যালেন, কার্তিক ত্যাগী, প্রশান্ত সোলাঙ্কি, টিম সাইফার্ট, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, দক্ষ কামরা, আকাশ দীপ, মাথিশা পাথিরানা, সার্থক রঞ্জন।

     

  • IPL 2026: বাইশগজে বয়কট বাংলাদেশ! বিসিসিআই-এর নির্দেশ মেনে মুস্তাফিজুরকে ছেড়ে দিল কেকেআর

    IPL 2026: বাইশগজে বয়কট বাংলাদেশ! বিসিসিআই-এর নির্দেশ মেনে মুস্তাফিজুরকে ছেড়ে দিল কেকেআর

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইশগজে বয়কট বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত-বাংলাদেশ (India Bangladesh Relation) দ্বিপাক্ষিক সম্পর্কে শিথিলতা এসেছে। সম্প্রতি নোয়াখালিতে দীপু দাসকে পিটিয়ে হত্যা করে জ্বালিয়ে দেওয়ার পর ভারতীয়রা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হয়েছে ভারতের আমজনতা। দীপু দাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নরেন্দ্র মোদি সরকারও। তার পর থেকে আইপিএলে (IPL 2026) বাংলাদেশের ক্রিকেটারের থাকা নিয়ে প্রতিবাদ শুরু হয়। এবার বিসিসিআইয়ের (BCCI) সিদ্ধান্ত মেনেই সমস্ত নিয়ম যথাযথভাবে পালন করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স।

    কেকেআর কর্তৃপক্ষের বিবৃতি

    বোর্ডের নির্দেশের পেক্ষিতে একটি বিবৃতি প্রকাশ করেছেন কেকেআর কর্তৃপক্ষ। শিরোনামে লেখা হয়েছে, ‘‘কলকাতা নাইট রাইডার্স- দলের আপডেট।’’ মূল বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই আসন্ন মরসুমের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় বোর্ডের নির্দেশ এবং পরামর্শ মেনে যথাযথ প্রক্রিয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের (IPL 2026) নিয়ম অনুযায়ী, বিসিসিআই এক জন পরিবর্ত খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে কলকাতা নাইট রাইডার্সকে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সময় মতো জানানো হবে।’’ কেকেআর কর্তৃপক্ষ জানিয়েছেন, বোর্ডের নির্দেশ পাওয়ার পরই তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন। দল থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি জোরে বোলারকে। ফলে কেকেআরের ক্রিকেটার সংখ্যা ২৫ থেকে কমে হল ২৪।

    পাকিস্তানের পর বাংলাদেশ

    ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক নেই বললেই চলে। ২০০৯ সাল থেকেই পাকিস্তানের ক্রিকেটারদের জন্য আইপিএলের (IPL 2026) দরজা বন্ধ করে দিয়েছে বিসিসিআই। গত বছর পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারত-পাক ক্রিকেট সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রেও কি একই অবস্থান নিল বিসিসিআই? মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের একাংশের মনে। বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত সাময়িক না দীর্ঘমেয়াদি তা অবশ্য এখনই বলা সম্ভব নয়।

  • Mustafizur Rahman: “মুস্তাফিজুরকে রিলিজ করতে হবে”, বিতর্কের আবহে কেকেআর-কে নির্দেশ বিসিসিআই-এর

    Mustafizur Rahman: “মুস্তাফিজুরকে রিলিজ করতে হবে”, বিতর্কের আবহে কেকেআর-কে নির্দেশ বিসিসিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত–বাংলাদেশ বর্তমান টানাপোড়েনের প্রভাব পড়ল আইপিএলেও। দেশজুড়ে প্রবল বিতর্কের মাঝেই বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) রিলিজ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিল বিসিসিআই। সম্প্রতি এই কথা জানিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। আইপিএল ২০২৬-এ (IPL 2026) খেলানো যাবে না মুস্তাফিজুরকে। বিসিসিআই-এর নির্দেশেই আর শাহরুখ খানের টিমে খেলা হবে না বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের। আগামী আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে খেলার কথা ছিল মুস্তাফিজুরের।

    দ্রুত মুস্তাফিজুর রহমানকে রিলিজের নির্দেশ

    বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার যেন দিনের পর দিন বেড়েই চলেছে। প্রতিদিন এমনই কোনও না কোনও খবর দখল করছে সংবাদ শিরোনাম। সম্প্রতি ২০২৬ আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। যদিও এই সিদ্ধান্তের কারণে কেকেআর ম্য়ানেজমেন্টকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল। বাংলাদেশের একজন ক্রিকেটারকে কেন কিনল শাহরুখ খানের (Shah Rukh Khan) দল, তা নিয়েও উঠেছিল একাধিক প্রশ্ন। অবশেষে বিসিসিআই কেকেআর-কে কড়া নির্দেশ দিয়েছে, যত দ্রুত সম্ভব মুস্তাফিজুর রহমানকে যেন স্কোয়াড থেকে রিলিজ করে দেওয়া হয়। প্রসঙ্গত, ২৬/১১ হামলার পর থেকেই কোনও পাকিস্তানি খেলোয়াড় আইপিএলে খেলার সুযোগ পায় না। এবার বাংলাদেশের খেলোয়াড়দের নিয়েও হয়তো একই পথে হাঁটবে বিসিসিআই।

    বয়কট বাংলাদেশ

    জানা গিয়েছে, বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে সরানোর জন্য কেকেআর-কে চিঠি দিয়েছে বিসিসিআই সচিব। এবারের আইপিএলের নিলামে মোট সাতজন বাংলাদেশি খেলোয়াড় অংশ নিয়েছিলেন। এদের মধ্যে একমাত্র মুস্তাফিজুরই বিক্রি হয়েছিল। ৯.২০ কোটি টাকায় বাংলাদেশি পেসারকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বর্তমানে ভারত-বাংলাদেশের যে পরিস্থিতি, তা নজরে রেখে কেন মুস্তাফিজুর ভারতের আইপিএল খেলবে, তা নিয়ে রাজনৈতিক মহল প্রশ্ন তুলতে শুরু করেছিল। হুমকির মুখে পড়তে হয় কেকেআরের মালিক শাহরুখ খানকেও। এই পরিস্থিতিতে এবার হস্তক্ষেপ করল বিসিসিআই। দল থেকে মুস্তাফিজুরকে সরিয়ে দিতে বলা হল। বাংলাদেশি খেলোয়াড়ের বদলে অন্য কোনও বিদেশি খেলোয়াড় নিতে পারবে কেকেআর। এমনটাই বলা হয়েছে। সূত্রের খবর, মুস্তাফিজুরকে বাদ দিতে হবে, এমন কোনও নির্দেশ আসেনি সরকারের তরফে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারকে নিয়ে যে বিতর্ক চলছে, তার পরেই এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিসিসিআই। দেবজিৎ সাইকিয়া বলেছেন, “সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে, বিসিসিআই (BCCI) কলকাতা নাইট রাইডার্স (KKR) ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কেকেআর যদি তাঁর পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় নিতে চায়, তবে বিসিসিআই সেই বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে।”

  • IPL Auction 2026: রাসেলকে ছাড়ল কেকেআর! আইপিএল নিলামের আগে কোন কোন দল কাকে-কাকে রাখল?

    IPL Auction 2026: রাসেলকে ছাড়ল কেকেআর! আইপিএল নিলামের আগে কোন কোন দল কাকে-কাকে রাখল?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ১১ বছরের সম্পর্কে ছেদ। আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ১০টি দল সব মিলিয়ে ৮২ জন ক্রিকেটারকে ছেড়ে দিল। তার মধ্যে ৭৪ জনের দল থাকল না ২০২৬ সালের আইপিএলের আগে। তাঁদের আবার নিলামে নামতে হবে। উল্লেখযোগ্যদের মধ্যে এই তালিকায় রয়েছেন আন্দ্রে রাসেল, ফ্যাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, রাচিন রবীন্দ্র, রবি বিষ্ণোইয়ের মতো ক্রিকেটার। কেকেআর ছেড়ে দিয়েছে ৯ জন ক্রিকেটারকে। তাঁরা হলেন আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আয়ার, কুইন্টন ডি কক, মইন আলি, রহমানুল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসন, চেতন সাকারিয়া, লাভনিথ সিসোদিয়া এবং অনরিখ নোখিয়া। এ ছাড়া ময়াঙ্ক মার্কন্ডকে বিক্রি করা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। ফলে আগামী আইপিএলের আগে ৯ জনেরই কোনও দল থাকল না।

    রাসেলকে কেন ছাড়ল কেকেআর

    হাতে আর বেশি সময় বাকি নেই। আগামী মাসেই ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হবে। তবে এই নিলাম অনুষ্ঠানের আগে ১৫ নভেম্বরের মধ্যে ১০ ফ্র্যাঞ্চাইজিকে রিটেনশন তালিকা প্রকাশ করতে বলা হয়েছিল। অর্থাৎ, কোন কোন ক্রিকেটারকে তারা ধরে রাখতে চায়। আর কাদেরই বা দিতে চায় ছেড়ে! এই পূর্ণাঙ্গ তালিকা হাতে থাকলে নিলাম অনুষ্ঠানও সুষ্ঠভাবে আয়োজন করা সম্ভব হবে। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স (KKR) যে তালিকা প্রকাশ করেছে, তা দেখে সমর্থকদের চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে। আন্দ্রে রাসেল (১২ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি), কুইন্টন ডি কক (৩.৬ কোটি), মঈন আলি (২ কোটি) এবং অনরিখ নোর্খিয়া (৬.৫ কোটি)।তবে এই তালিকায় যে নামটা সবাইকে হতবাক করেছে, তিনি হলেন আন্দ্রে রাসেল। উল্লেখ্য, ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন আন্দ্রে রাসেল। গত বছর মেগা অকশনের ঠিক আগে ১২ কোটি টাকার বিনিময়ে তাঁকে রিটেনও করেছিল নাইট ব্রিগেড। কিন্তু, গত আইপিএল মরশুমে রাসেল প্রত্যাশা অনুসারে পারফরম্য়ান্স করতে পারেননি। সেকারণে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে শেষপর্যন্ত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    কেকেআর-এর নতুন বোলিং কোচ

    ২০২৬ সালের আগে পুরো কোচিং স্টাফ বদলে ফেলল কলকাতা নাইট রাইডার্স। প্রধান কোচ, সহকারি কোচের পর এ বার নতুন বোলিং কোচের নাম ঘোষণা করল। KKR-এর প্রাক্তন তারকা ও কিউয়ি কিংবদন্তি টিম সাউদিকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করল। গত বার কেকেআর আইপিএল-এ সপ্তম স্থানে শেষ করে। এর নেপথ্যে ছিল খারাপ বোলিং। চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরেই এই ছবির পর দলে আমূল বদল আনা হয়। চন্দ্রকান্ত পণ্ডিত, ভরত অরুণ সরে দাঁড়ান। মেন্টর ডোয়েন ব্র্যাভো অবশ্য দায়িত্বে রয়েছেন। অভিষেক নায়ারকে প্রথমে কোচ হিসেবে আনা হয়। এর পর সহকারি কোচ হন শেন ওয়াটসন আর এবার বোলিং কোচ করা হলো টিম সাউদিকে।

    কে কাকে ছাড়ল

    চেন্নাই সুপার কিংস: সিএসকে ছেড়ে দিয়েছে ১২ জনকে। রবীন্দ্র জাডেজা এবং সাম কারেনকে বিক্রি করে দেওয়া হয়েছে রাজস্থান রয়্যালসের কাছে। বাকি ১০ জনের দল থাকল না। তাঁরা হলেন রাহুল ত্রিপাঠি, বংশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ, রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, বিজয় শঙ্কর, দীপক হুডা, শেখ রশিদ, কমলেশ নাগরকোটি, মাথিশা পাতিরানা।

    মুম্বই ইন্ডিয়ান্স: এমআই ছেড়ে দিয়েছে ন’জন ক্রিকেটারকে। তাঁদের মধ্যে অর্জুন তেন্ডুলকরকে বিক্রি করা হয়েছে লখনউ সুপার জায়ান্টসের কাছে। দল থাকল না মুম্বইয়ের আট ক্রিকেটারের। তাঁরা হলেন সত্যনারায়ণ রাজু, রিসি টোপলে, কেএল শ্রীজিৎ, কর্ম শর্মা, বেভন জ্যাকবস, মুজির উর রহমান, লিজ়াড উইলিয়ামস এবং ভিগনেশ পুথুর।

    রাজস্থান রয়্যালস: রাজস্থান ছেড়ে দিয়েছে ন’জন ক্রিকেটারকে। তাঁদের মধ্যে সঞ্জু স্যামসনকে বিক্রি করা হয়েছে চেন্নাইয়ের কাছে। নীতীশ রানাকে বিক্রি করা হয়েছে দিল্লি ক্যাপিটালসের কাছে। এ ছাড়া হয়েছে ওয়ানিন্দু হাসরঙ্গ, মাহিশ থিকশানা, ফজ়লহক ফারুকি, আকাশ মাধওয়াল, অশোক শর্মা, কুনাল রাঠোর এবং কুমার কার্তিকেয়। দল থাকল না সাত ক্রিকেটারের।

    পাঞ্জাব কিংস: পাঞ্জাব ছেড়ে দিয়েছে পাঁচ ক্রিকেটারকে। কাউকেই কোনও দলের কাছে বিক্রি করা হয়নি। ফলে পাঁচ জনেরই দল থাকল না ২০২৬ আইপিএলের আগে। তাঁরা হলেন জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি, কুলদীপ সেন, প্রবীণ দুবে।

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: আরসিবি ছেড়ে দিয়েছে আট জনকে। কাউকেই বিক্রি করা হয়নি। ফলে কারও দল থাকল না। গত বারের চ্যাম্পিয়ন দল থেকে বাদ পড়লেন স্বস্তিক চিকারা, ময়ঙ্ক আগরওয়াল, টিম সেইফার্ট, লিয়াম লিভিংস্টোন, মনোজ ভানদাগে, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজ়ারাবানি এবং মোহিত রাঠি।

    সানরাইজার্স হায়দ্রাবাদ: হায়দ্রাবাদ ছেড়ে দিয়েছে আট জন ক্রিকেটারকে। তাঁদের মধ্যে মহম্মদ শামিকে বিক্রি করা হয়েছে লখনউ সুপার জায়ান্টসের কাছে। দল থাকল না সাত জনের। তাঁরা হলেন অভিনব মনোহর, অথর্ব তাইদে, সচিন বেবি, উইয়ান মুলডার, সিমরজিৎ সিংহ, রাহুল চাহার এবং অ্যাডাম জ়াম্পা।

    দিল্লি ক্যাপিটালস: দিল্লি ছেড়ে দিয়েছে সাত জন ক্রিকেটারকে। কাউকেই বিক্রি করা হয়নি। ফলে কারও দল থাক না ২০২৬ সালের আইপিএলে। নিলামে নাম লেখাতে হবে ফ্যাফ ডুপ্লেসি, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ডনোভান ফেরেরা, সেদিকুল্লাহ অটল, মন্বন্ত কুমার, মোহিত শর্মা এবং দর্শন নালকান্দে।

    গুজরাট টাইটান্স: শুভমন গিলের ছ’জন সতীর্থকে ছেড়ে দিয়েছেন গুজরাত কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে শেরফান রাদারফোর্ডকে বিক্রি করা হয়েছে মুম্বইয়ের কাছে। ফলে দল থাকছে না পাঁচ ক্রিকেটারের। তাঁরা হলেন মাহিপাল লোমরোর, করিম জনত, দাসুন শনাকা, জেরাল্ড কোয়েৎজে এবং কুলওয়ান্ত খেজরোলিয়া।

    লখনউ সুপার জায়ান্টস: কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার দল ছেড়ে দিল ডেভিড মিলার-সহ আট ক্রিকেটারকে। শার্দূল ঠাকুরকে বিক্রি করা হয়েছে মুম্বইয়ের কাছে। সব মিলিয়ে এলএসজির সাত ক্রিকেটারের দল থাকল না। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার আকাশ দীপও। এ ছাড়া রয়েছেন রবি বিশ্নোই, আরিয়ান জুয়াল, যুবরাজ চৌধুরী, রাজ্যবর্ধন হাঙ্গারকর এবং শামার জোসেফ।

  • Operation Sindoor: ভারতীয় সেনাকে কুর্নিশ জানাল ইডেন, অপারেশন সিঁদুরের সাফল্যে গর্বিত সচিন থেকে গম্ভীর

    Operation Sindoor: ভারতীয় সেনাকে কুর্নিশ জানাল ইডেন, অপারেশন সিঁদুরের সাফল্যে গর্বিত সচিন থেকে গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেশন সিঁদুর (Operation Sindoor) এর সাফল্যে ভারতীয় সেনাকে সম্মান জানাল ইডেন গার্ডেন্স। বৃহস্পতিবার, ইডেন ছিল অন্য মেজাজে। আইপিএলের ম্যাচে সাধারণত জাতীয় সঙ্গীত বাজানো হয় না। কখনও টুর্নামেন্টের শুরুর ম্যাচে কিংবা ফাইনালে এমনটা দেখা যায়। আন্তর্জাতিক ম্যাচ থাকলে অবশ্য় জাতীয় সঙ্গীত দিয়েই ম্যাচের শুরু হয়। আইপিএলে (IPL 2025) প্রথম বার ম্যাচ শুরুর আগে বাজল জাতীয় সঙ্গীত। এদিন ভারতীয় সেনাকে সম্মান জানাতে ইডেনে কেকেআর বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ শুরু হয় জাতীয় সঙ্গীতে। স্ক্রিনেও ভেসে ওঠে ভারতীয় সেনাকে গর্ব এবং সম্মানের বার্তা। ভারতীয় সেনার সাফল্যকে কুর্নিশ জানাতে এই পদক্ষেপ করে বিসিসিআই।

    সেনাকে কুর্নিশ বিসিসিআই-এর

    মঙ্গলবার রাতে জঙ্গিদের বহু ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় থাকা জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তারা। পহেলগাঁওয়ে সন্ত্রাসীরা ২৬ জন ভারতীয়কে গুলি করে হত্যা করেছিল। তার বদলা হিসেবেই মঙ্গলবার ভারতীয় সেনা জঙ্গি ঘাঁটিগুলিতে আক্রমণ করে। বুধবার ইডেনে খেলার শুরুর আগেই দুই দল ভারতীয় সেনাকে স্যালুট জানায়। খেলা চলাকালীন একাধিকবার ডিজিটাল স্ক্রিনে দেখানো হয় ভারতীয় সেনাকে স্যালুট জানানোর কথা। বহু সমর্থক এদিন খেলা দেখতে আসেন তেরঙ্গা হাতে। খেলা চলাকালীন বাউন্ডারি লাইনের ধারের স্ক্রিনগুলিতেও বার্তা হিসেবে দেখানো হয়, “ভারতীয় সেনার জন্য আমরা গর্বিত।” এদিন ইডেন গার্ডেন্সে কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। এই ম্য়াচটি শেষ ওভার পর্যন্ত চলে। টান টান ম্যাচে ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনিদের কাছে ২ উইকেটে হেরে যায় কেকেআর। এই হারের ফলে চলতি আইপিএল থেকে কার্যত ছিটকে যাওয়ার পথে নাইটরা।

    সেনাকে সেলাম ক্রিকেটারদের

    ভারতীয় সেনার অপারেশন সিঁদুর-কে (Operation Sindoor) কুর্নিশ জানিয়েছেন বহু প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। বীরেন্দ্র সেওয়াগ লিখেছেন জয় হিন্দ। নিজের ব্যাটিংয়ের মতোই অ্যাটাকিং স্টাইলে লিখেছেন, ‘‘কেউ যদি পাথর ছোড়ে, আপনিও ফুল ছুড়ে দিন, তবে গামলার সঙ্গে। অপারেশন সিঁদুর, একেবারে নিখুঁত নাম।’’ দেশের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর, অপারেশন সিঁদুরের ছবি সহ পোস্ট করেছেন জয় হিন্দ। সঙ্গে দেশের পতাকা। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর লিখেছেন, ‘‘একতা ভয়ডরহীন। একতাই শক্তি। ভারতের শক্তি দেশের প্রত্য়েকটা মানুষ। এখানে সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই। জয় হিন্দ।’’ দেশের আর এক কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী লিখেছেন, ‘‘ভারত এভাবেই জবাব দেয়।’’ ভারতীয় ক্রিকেটের গব্বর শিখর ধাওয়ান কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ধুয়ে দিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে। সেনার জবাবের পর ধাওয়ান লিখেছেন, ‘‘ভারত সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ভারত মাতা কি জয়।’’ অনিল কুম্বলে, চেতন শর্মা, সুরেশ রায়না, বরুণ চক্রবর্তীর মতো প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররাও অপারেশন সিঁদুর নিয়ে নানা পোস্ট করেছেন।

  • Kolkata Knight Riders: নতুন জার্সি নাইটদের, শ্রেয়সের জায়গায় কেকেআর অধিনায়কের নাম ঘোষণা

    Kolkata Knight Riders: নতুন জার্সি নাইটদের, শ্রেয়সের জায়গায় কেকেআর অধিনায়কের নাম ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে ক্রীড়া বিনোদনের মহাযজ্ঞ আইপিএল (IPL 2025)। গত বার আইপিএলে দলকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আয়ারকে ধরে রাখেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তার জায়গায় এবার দলের ব্যাটন তুলে দেওয়া হল অজিঙ্কা রাহানের হাতে। আইপিএল শুরুর আগে নতুন জার্সিও প্রকাশ করল কলকাতা নাইট রাইডার্স। জার্সির বুকে রয়েছে তিনটি তারা।

    নয়া অধিনায়ক রাহানে

    কেকেআরের (Kolkata Knight Riders) অধিনায়ক কে হবে তা নিয়ে দীর্ঘ দিন ধরে জল্পনা চলছিল। তালিকায় রাহানের সঙ্গে ছিলেন বেঙ্কটেশ আয়ারও। আবার অনেকে সুনীল নারাইন, আন্দ্রে রাসেলদের নামও করছিলেন। শেষ পর্যন্ত ভারতের অভিজ্ঞ ক্রিকেটের উপর ভরসা রাখল কেকেআর। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অধিনায়কত্ব করেন রাহানে। এ বার আইপিএলেও দেখা যাবে তাঁকে। পাশাপাশি বেঙ্কটেশকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কত্বের দায়িত্ব। এ বারের আইপিএলের নিলামে বেঙ্কটেশের জন্য সবচেয়ে বেশি ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করেছে কেকেআর। তুলনায় রাহানেকে তাঁর ন্যূনতম মূল্য দেড় কোটি টাকায় কিনেছে কলকাতা। সেই কারণেই মনে করা হচ্ছিল, বেঙ্কটেশকে অধিনায়ক করা হবে। বেঙ্কটেশ নিজেও জানিয়েছিলেন, তিনি দায়িত্ব নিতে প্রস্তুত। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার উপর ভরসা রেখেছে শাহরুখ খানের দল।

    নতুন জার্সিতে তিন মাহাত্ম্য

    সোমবার নতুন জার্সিও প্রকাশ করেছে কেকেআর (Kolkata Knight Riders)। জার্সির বুকে রয়েছে তিনটি তারা। তিন বার আইপিএল জেতায় তিনটি তারা জায়গা পেয়েছে জার্সিতে। মার্চ মাসের তিন তারিখ এই জার্সি প্রকাশ করা হয়েছে। মার্চ মাসও বছরের তৃতীয় মাস। একটি ভিডিয়োর মাধ্যমে এই নতুন জার্সি প্রকাশ করেছে কেকেআর। সেখানে দেখা যাচ্ছে, তিন সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যে হেতু কলকাতা তিন বার আইপিএল জিতেছে তাই এই সংখ্যাকে গুরুত্ব দিয়েছে তারা। কেকেআরের মূল মন্ত্র ‘করব, লড়ব, জিতব।’ সেটিও তিন শব্দ। তাই সেই মন্ত্রকেও ভিডিয়োতে তুলে এনেছে কেকেআর। জার্সির হাতায় সোনালি রঙের একটি ব্যাজও রয়েছে। গত বারের চ্যাম্পিয়ন হিসাবে হাতায় থাকবে এই লোগো। ভিডিয়োতে নতুন জার্সি পরে দেখা গিয়েছে রিঙ্কু সিং, বেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিং, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, মায়াঙ্ক মারকণ্ডে ও লবনীত সিসোদিয়াকে।

  • IPL 2025 Auction: নাইটদের নেতা কে হতে চলেছেন? নিলামের শেষবেলায় দল গুছিয়ে নিল কেকেআর

    IPL 2025 Auction: নাইটদের নেতা কে হতে চলেছেন? নিলামের শেষবেলায় দল গুছিয়ে নিল কেকেআর

    মাধ্যম নিউজ ডেস্ক: দুদিনের আইপিএল নিলামের (IPL 2025 Auction) স্লগ ওভারে পৌঁছে দল সাজিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। পুরনো ক্রিকেটারদের মধ্যে কয়েক জনকে যেমন ফিরিয়ে নিল তারা, তেমনই বেশ কিছু নতুন ক্রিকেটারকেও দলে নিয়েছে কেকেআর (KKR)। গত বারের আইপিএল জয়ী দলের মোট ১১ জনকে রেখে এবারের দল তৈরি করেছে কেকেআর। নিলামের আগে ছ’জনকে রিটেন করা হয়। নিলামের প্রথমদিন সাতজনকে কেনে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। দ্বিতীয়দিন বাকি কোটা পূর্ণ করা হয়। কেনা হয় আটজনকে। মেগা নিলাম (IPL 2025 Auction) থেকে মোট ১৫ জন ক্রিকেটার কিনল কেকেআর।

    নাইটদের নেতা কে

    নিলামের প্রথম দিনই ভেঙ্কটেশ আইয়ারের জন্য বিশাল অঙ্ক খরচ করে সবাইকে চমকে দেয় নাইট শিবির। দলের প্রাক্তন প্লেয়ারদের ফিরিয়ে আনার দিকে নজর দেওয়া হয়। কয়েকজনকে বাদ দিলে, ফিরিয়ে আনা হয়েছে আইপিএল জয়ী কোর গ্রুপকে। তবে নেই সেই দলের নেতা। অতএব নতুন নেতার খোঁজে নাইটরা। নিলামের (IPL 2025 Auction)  আগে শোনা গিয়েছিল, রিঙ্কু সিংকে অধিনায়ক করা হতে পারে। তবে তাতে কোনও সিলমোহর পড়েনি। ক্যারিবিয়ান লিগে‌ নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে আন্দ্রে রাসেলের। দ্রে রাসের কথাও ভাবতে পারে কেকেআর। 

    দ্বিতীয় দিনেও চমক কেকেআর-এর (KKR)

    দ্বিতীয় দিনে আচমকাই এই তালিকায় ঢুকে পড়েছেন অজিঙ্ক রাহানে। সোমবার নিলামের (IPL 2025 Auction) শুরুতে অবিক্রিত থাকলেও, শেষদিকে তাঁকে কেনে কলকাতা। অধিনায়কের দৌড়ে ঢুকে পড়তে পারেন অভিজ্ঞ ক্রিকেটারও। তাঁর নেতৃত্বে আগেরবার অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি জেতে ভারত। তাই নেতা হিসেবে তাঁর নামও ভাবা হতে পারে। কুইন্টন ডি কক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন। কেকেআর চাইলে তাঁকে অধিনায়ক করতেই পারে। অলরাউন্ডার ভেঙ্কটেশকে এত টাকা দিয়ে কেনায় ধারণা তাঁকে কেকেআর অধিনায়ক করবে। তিনি নিজেও নেতৃত্বের দায়িত্ব নিতে আগ্রহী।

    একনজরে কেকেআর (KKR)

    উইকেটকিপার: কুইন্টন ডি কক (৩.৬০ কোটি), রহমানুল্লা গুরবাজ (২ কোটি)। 

    ব্যাটার: রিঙ্কু সিং (১৩ কোটি), অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি), রোভমান পাওয়েল (১.৫০ কোটি), অজিঙ্ক রাহানে (১.৫০ কোটি), মনীশ পাণ্ডে (৭৫ লক্ষ), লাভনীত শিশোদিয়া (৩০ লক্ষ)।

    অলরাউন্ডার: ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), অনুকূল রায় (৪০ লক্ষ), রমনদীপ সিং (৪ কোটি), মঈন আলি (২ কোটি)।

    পেসার: হর্ষিত রানা (১২ কোটি), বৈভব অরোরা (১.৮০ কোটি), আনরিখ নোখিয়ে (৬.৫০ কোটি), স্পেন্সার জনসন (২.৮০ কোটি), উমরান মালিক (৭৫ লক্ষ)। 

    স্পিনার: বরুণ চক্রবর্তী (৪ কোটি), মায়াঙ্ক মারকান্ডে (৩০ লক্ষ)। 

    কলকাতার সম্ভাব্য একাদশ: সুনীল নারিন (বিদেশি), কুইন্টন ডি’কক (বিদেশি/উইকেটরক্ষক), বেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল (বিদেশি), রিঙ্কু সিং, রমনদীপ সিং, আনরিখ নোখিয়ে (বিদেশি), হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তী।

    অধিনায়কের দৌড়ে: রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, অজিঙ্ক রাহানে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Gautam Gambhir: ‘‘কলকাতার বাতাস আমার সঙ্গে কথা বলে’’, কেকেআর ছেড়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

    Gautam Gambhir: ‘‘কলকাতার বাতাস আমার সঙ্গে কথা বলে’’, কেকেআর ছেড়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

    মাধ্যম নিউজ ডেস্ক: আর তিনি কেকেআর (Kolkata Knight Riders) মেন্টর নন, এখন তিনি ভারতীয় দলের কোচ। তবু মন যেন আটকে থাকে পার্পল জার্সিতেই। তিনি গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আইপিএল-এর ইতিহাসে  তিনবার ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তিনবারই কোনও না কোনও ভাবে দলের দায়িত্বে ছিলেন গম্ভীর। তাই কেকেআর-কে বিদায় জানাতে চোখের কোণা চিকচিক করে উঠল গুরু গম্ভীরের। ভারতীয় দলের নতুন কোচ জানালেন, কলকাতার বাতাস তার সঙ্গে কথা বলে, তিনি কলকাতারই লোক।

    আবেগঘন পোস্ট গম্ভীরের (Gautam Gambhir)

    কয়েকদিন আগেই গম্ভীর (Gautam Gambhir) ইডেন গার্ডেন্সে এসে কেকেআর (Kolkata Knight Riders) সমর্থকদের জন্য নিজের ফেয়ারওয়েল ভিডিয়ো শ্যুট করে গিয়েছিলেন। এবার সেই ভিডিয়োর ক্লিপিংস গম্ভীর নিজেই শেয়ার করলেন। কলকাতা নাইট রাইডার্স দলের দায়িত্ব ছাড়ার পর গম্ভীর যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন। এই ভিডিয়োয় তিনি নিজের আবেগের কথা সমর্থকদের সঙ্গে শেয়ারও করে নেন। এই ভিডিয়ো গম্ভীরকে যেমন দেখা যাচ্ছে, তেমনই তাঁর কণ্ঠস্বরও শুনতে পাওয়া যাচ্ছে। ভিডিয়োয় তিনি বলেছেন, ‘তুমি হাসলে, আমার মুখেও হাসি থাকে। তুমি কাঁদলে, আমিও কাঁদি। তুমি জয়লাভ করলে, সেটা আমারও জেতা হয়। তুমি হারলে, আমি হারি। যখন তুমি স্বপ্ন দেখো, তোমার সঙ্গে আমিও স্বপ্ন দেখি। যখন তুমি কিছু অর্জন করো, সেটা আমিও অর্জন করি। আমি তোমাকে অগাধ বিশ্বাস করি। তোমার সঙ্গেই মিশে থাকি। আমি আসলে তুমিই, কলকাতা। আমি তোমারই একজন।’

    দুই মিনিট ৩০ সেকেন্ডের ভিডিয়োতে গম্ভীর (Gautam Gambhir) আরও বলেন, ‘কলকাতার বাতাস আমার সঙ্গে কথা বলে। তবে আমাকে এখনও হারাতে পারেনি। ওঁরা সবাই আমাকে জনপ্রিয় হতে বলে। আমি ওদেরকে বলি জয়ী হও। আমি তোমাদের সঙ্গে রয়েছি। এখানকার শব্দ, অলিগলি, রাস্তার জ্যাম সবকিছু আমাকে মনে করায় আমি কেমন উপলব্ধি করছি। আমি শুনতে পাই তুমি কী বলছ। তবে আমি জানি তুমি কী বলতে চাইছ। আমি জানি তোমরা আবেগী। আর আমিও কিন্তু আবেগী। আমরা একটা দৃঢ় বন্ধনের মতন। আমরা যেন একটা গল্প। আমরা দিনের শেষে একটা দল।’   

    আরও পড়ুন: গুজরাট থেকে বাংলা, রাজস্থান থেকে কর্নাটক! জানেন ভারতের পেশা-বৈচিত্র্য

    নতুন সফর (Gautam Gambhir)

    কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সঙ্গে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সম্পর্ক বহু বছরের। তাঁর নেতৃত্বে কেকেআর দু’বার আইপিএল খেতাব জয় করেছে। তবে ২০১৪ সালের পর থেকে এই দলটা আর একবারও খেতাব জিততে পারেনি। অবশেষে ২০২৪ সালে ফের গম্ভীর ফ্যাক্টর কেকেআর ব্রিগেডের লাকি চার্ম হিসেবে প্রমাণিত হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স সবথেকে সফল দল হিসেবে সুখ্যাতি অর্জন করে। ৯ জুলাই ভারতীয় দলের নয়া কোচ হিসেবে অফিসিয়ালি দায়িত্ব পেয়েছেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচ হিসেবে তিনি আগামী ২৭ জুলাই থেকে কাজ শুরু করবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: অরেঞ্জ ক্যাপ বিরাট, পার্পল ক্যাপ হর্ষল, জানেন কত টাকা পেল চ্যাম্পিয়ন কেকেআর?

    IPL 2024: অরেঞ্জ ক্যাপ বিরাট, পার্পল ক্যাপ হর্ষল, জানেন কত টাকা পেল চ্যাম্পিয়ন কেকেআর?

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয়বার আইপিএল (IPL 2024) খেতাব জিতল কলকাতা নাইট রাইডার্স। চলতি মরশুমে শেষ হল ক্রীড়া বিনোদনের মহাযজ্ঞ। মরশুমের শেষে একগুচ্ছ পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করল বিসিসিআই। আইপিএলের বিজয়ী দল কেকেআর পেল ২০ কোটি টাকা। রানার্স হওয়ার জন্য সানরাইজার্স পেল ১২.৫ কোটি টাকা। পুরস্কৃত করা হল গ্রাউন্ড স্টাফদেরও। যাঁদের জন্য এই মহাযজ্ঞ সুসম্পন্ন হয়েছে তাঁদেরকে কুর্নিশ জানালেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহও।

    সর্বাধিক রানের জন্য অরেঞ্জ ক্যাপ জয়ী হলেন বিরাট কোহলি। এবারের আইপিএলে (IPL 2024) শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন কোহলি। এবার আইপিএলে ৭৪১ রান করেছেন কোহলি। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং পাঁচটি অর্ধশতরান রয়েছে। ট্রফি ও ১০ লক্ষ টাকা পেলেন। তাঁর হয়ে পুরস্কার নিলেন শ্রেয়স আইয়ার। ২০২৩ সালের অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছিলেন শুভমান গিল। ১৬ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছি‌ল ৮৯০ রান। হর্ষল প্যাটেল টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট(২৪) শিকারী। তিনি পেলেন বেগুনি টুপি ও ১০ লক্ষ টাকা।

    আইপিএল ২০২৪-এর সেরা পুরস্কার

    ১. চ্যাম্পিয়ন- কলকাতা নাইট রাইডার্স (ট্রফি ও ২০ কোটি টাকা)।

    ২. রানার্স- সানরাইজার্স হায়দরাবাদ (শিল্ড ও ১২.৫ কোটি টাকা)।

    ৩. অরেঞ্জ ক্যাপ (সব থেকে বেশি রান)- বিরাট কোহলি (৭৪১ রান) (স্মারক ও ১০ লক্ষ টাকা)।

    ৪. পার্পল ক্যাপ (সব থেকে বেশি উইকেট)- হার্ষাল প্যাটেল (২৪টি উইকেট) (স্মারক ও ১০ লক্ষ টাকা)।

    ৫. ইলেক্টিক স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ- বেঙ্কটেশ আইয়ার (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

    ৬. ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ- মিচেল স্টার্ক (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

    ৭. ফাইনালে সব থেকে বেশি ছক্কা- বেঙ্কটেশ আইয়ার (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

    ৮. ফাইনালে সব থেকে বেশি চার- রহমানউল্লাহ গুরবাজ (ট্রফি ও ১ লক্ষ টাকা)।

    ৯. ফাইনালে সব থেকে বেশি ডট বল- হর্ষিত রানা (স্মারক ও ১ লক্ষ টাকা)।

    ১০. প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ- মিচেল স্টার্ক (ট্রফি ও ৫ লক্ষ টাকা)।

    ১১. টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার- নীতীশ রেড্ডি (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

    ১২. ইলেক্টিক স্ট্রাইকার্স অফ দ্য টুর্নামেন্ট- জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

    ১৩. ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট- সুনীল নারিন (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

    ১৪. টুর্নামেন্টের সব থেকে বেশি ছক্কা- অভিষেক শর্মা (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

    ১৫. টুর্নামেন্টের সব থেকে বেশি চার- ট্র্যাভিস হেড (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

    ১৬. টুর্নামেন্টের সেরা ক্যাচ- রমনদীপ সিং (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

    ১৭. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড- সানরাইজার্স হায়দরাবাদ (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

    ১৮. মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (টুর্নামেন্টের সেরা ক্রিকেটার)- সুনীল নারিন (ট্রফি ও ১০ লক্ষ টাকা)।

    ১৯. সেরা মাঠ ও পিচ- হায়দরাবাদ (ট্রফি ও ৫০ লক্ষ টাকা)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share