Tag: Land Price

  • Singur Land Prices: সিঙ্গুরে শিল্পের সম্ভাবনা ঘিরে জমির দামে আগুন! সক্রিয় জমি মাফিয়ারা, কৃষকদের একজোট হওয়ার ডাক

    Singur Land Prices: সিঙ্গুরে শিল্পের সম্ভাবনা ঘিরে জমির দামে আগুন! সক্রিয় জমি মাফিয়ারা, কৃষকদের একজোট হওয়ার ডাক

    মাধ্যম নিউজ ডেস্ক: সিঙ্গুরে মাথাচাড়া দিয়েছে জমি মাফিয়ারা! নতুন করে শিল্পস্থাপনের সম্ভাবনা তৈরি হতেই চড়চড়িয়ে বাড়ছে জমির দর। প্রস্তাবিত কারখানা সংলগ্ন ন্যানো-ভূম এবং আশপাশের এলাকায় জমির দাম কার্যত আকাশছোঁয়া (Singur Land Prices)। স্থানীয় কৃষকদের দাবি, দীর্ঘদিন ধরে অনাবাদি ও পতিত পড়ে থাকা জমির দামও কয়েক দিনের ব্যবধানে আট থেকে দশ গুণ পর্যন্ত বেড়ে গিয়েছে (Industrial Push)। এই পরিস্থিতির সুযোগ নিয়েই এলাকায় সক্রিয় হয়ে উঠেছে জমি কারবারিদের একটি অসাধু চক্র। বহিরাগত জমি মাফিয়াদের আনাগোনা বাড়ায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় কৃষকদের মধ্যে।

    স্থানীয় সূত্রে খবর, গত কয়েক দিন ধরে সিঙ্গুর ও পার্শ্ববর্তী এলাকায় বহিরাগত জমি কারবারিদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। প্রস্তাবিত কারখানার আশপাশে যাঁদের জমি রয়েছে, তাঁদের নানা ধরনের প্রলোভন দেখিয়ে তুলনামূলক কম দামে দ্রুত জমি কিনে নেওয়ার চেষ্টা করছে একটি চক্র। অভিযোগ, কৃষকদের কাছ থেকে কম দামে জমি কিনে পরবর্তী সময়ে সরকারের কাছে চড়া দামে বিক্রি করাই এই চক্রের উদ্দেশ্য। তবে এই প্রলোভনে পা দিতে নারাজ এলাকার বহু কৃষক। জমি যাতে কোনওভাবেই হাতছাড়া না হয়, সেই লক্ষ্যেই নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিয়েছেন তাঁরা।

    কী বলছেন কৃষকরা? (Singur Land Prices)

    স্থানীয় কৃষক মহাদেব দাস বলেন, “আসলে এগুলি অসাধু লোকজনের কাজ। এলাকার সব কৃষক সমান সচেতন নন। অনেকেই সহজ-সরল। মুখ্যমন্ত্রী যখন জানিয়েছেন, রাজ্য সরকার জমি কিনবে, তখন সেই সুযোগ কাজে লাগিয়ে কিছু লোক আগেভাগে কৃষকদের বুঝিয়ে কম দামে জমি কিনে নিতে চাইছে। পরে কয়েক দিনের ব্যবধানে সেই জমিই অনেক বেশি দামে সরকারের কাছে বিক্রি করবে। আমরা এই চেষ্টা আটকানোর উদ্যোগ নিচ্ছি। কৃষকদের বলছি, কেউ যেন কাউকে জমি বিক্রি না করেন। সরকারি হস্তক্ষেপের মাধ্যমে যাতে জমি বিক্রি করা যায়, সেটাই আমাদের দাবি।”

     

    জমির দাম নিয়ে বিভ্রান্তি দূর করতে প্রশাসনের হস্তক্ষেপের দাবিও উঠেছে। স্থানীয় বাসিন্দা কৃষ্ণ সাহানার বক্তব্য, জমির মূল্য নির্ধারণের ক্ষেত্রে কৃষকদের সঙ্গে আলোচনা করে একটি নির্দিষ্ট দর ঠিক করা প্রয়োজন। তিনি বলেন, “এলাকার বিধায়ককে বিষয়টি জানিয়েছি। সরকারের সঙ্গে আলোচনা করে জমির নির্দিষ্ট দাম স্থির করার আবেদন জানিয়েছি। কৃষকদের সঙ্গে বসে কথা বলেই এই মূল্য নির্ধারণ করতে হবে। বর্তমানে জমির দাম নিয়ে নানা ধরনের কথা শোনা যাচ্ছে। কেউ বলছেন, প্রতি কাঠা তিন লক্ষ টাকা, আবার কেউ সাড়ে তিন লক্ষ টাকা দাবি করছেন। এই (Singur Land Prices) বিভ্রান্তি দূর করা জরুরি।”

    স্থানীয় বাসিন্দাদের বক্তব্য

    তাঁর আরও দাবি, দুর্গাপুর সড়ক থেকে জমির দূরত্বের ভিত্তিতে এলাকাকে কয়েকটি ভাগে ভাগ করে জমির দাম নির্ধারণ করা হলে সুবিধা হবে। অতীতে জমি অধিগ্রহণের সময় সোনাজমি ও শালিজমি হিসেবে শ্রেণিবিভাগ করে মূল্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেই বিভাজন কার্যকর নয় বলেই মনে করছেন স্থানীয়রা। তাই রাস্তা থেকে জমির দূরত্ব এবং অবস্থান বিবেচনা করে নতুন করে মূল্য নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তাঁরা।

    এদিকে জমি কারবারিদের সক্রিয়তা রুখতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা কতটা কার্যকর ভূমিকা নিতে পারবেন, তা নিয়েও প্রশ্ন উঠছে। সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস অবশ্য শিল্পস্থাপনের বিষয়ে আশাবাদী। তাঁর কথায়, “ভালো কোনও উদ্যোগ নেওয়া হলে কিছু অসাধু মানুষ বাধা সৃষ্টি করার চেষ্টা করবেই। তবে সমস্ত বাধা অতিক্রম করেই সিঙ্গুরে শিল্প গড়ে উঠবে।”

    সিঙ্গুরে ৯৯৭ একর জমি কিনবে রাজ্য সরকার

    উল্লেখ্য, সিঙ্গুরে দীর্ঘদিন পর নতুন করে শিল্পস্থাপনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। টাটাদের ছেড়ে যাওয়া ৯৯৭ একর জমিতে ট্রাক তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে অশোক লেল্যান্ডের। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই জমি যুক্তিসঙ্গত দামে কেনার জন্য হুগলির জেলাশাসককে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের সঙ্গে সরাসরি আলোচনা করে জমি কেনার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে (Industrial Push)।

    দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা এই জমিতে কৃষিকাজও বিশেষভাবে এগোয়নি। ধান, আলু ও সরষে চাষের পাশাপাশি মাছ চাষের উদ্যোগও আশানুরূপ সাফল্য পায়নি। তাই জমি কিনে সেখানে শিল্প গড়ে তুলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ট্রাক কারখানা তৈরির সম্ভাবনা নিয়ে শনিবার আশা প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এর আগে অশোক লেল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হওয়ার কথাও (Singur Land Prices) জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

    তিন মাসে দশ হাজার একর জমি কেনার লক্ষ্যমাত্রা সরকারের

    শুধু সিঙ্গুর নয়, রাজ্যের একাধিক এলাকায় শিল্পের জন্য জমি কেনার পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী তিন মাসের মধ্যে পুরুলিয়া, বারাকপুর, সিঙ্গুর-সহ বিভিন্ন এলাকায় মোট আট থেকে দশ হাজার একর জমি কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই জমি কেনার দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমকে।

    পুরুলিয়ায় পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য জমি কেনার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, বারাকপুরের বন্ধ পাটকল ও কারখানাগুলির জমি সংশ্লিষ্ট মালিকদের কাছ থেকে কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভাঙড় ও নিউটাউন সংলগ্ন এলাকায় যাঁরা স্বেচ্ছায় জমি দিতে আগ্রহী, তাঁদের কাছ থেকেও জমি কেনার পরিকল্পনা রয়েছে রাজ্যের।

    জমি কেনার পদ্ধতি নিয়েও নতুন নীতির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিনিয়োগকারীদের সরাসরি জমির মালিকদের কাছ থেকে জমি কেনার পূর্ববর্তী ব্যবস্থার সমালোচনা করে তিনি জানান, ২০১৩ সালের কেন্দ্রীয় জমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পুনঃপ্রতিষ্ঠা সংক্রান্ত আইনের নীতি রাজ্যে কার্যকর করা হচ্ছে। এর ফলে জমিদাতাদের ক্ষতিপূরণের পরিমাণ বাড়বে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যে জমি একত্রিত করে উন্নয়ন প্রকল্প গড়ে তোলার ব্যবস্থাও চালু করার পরিকল্পনা রয়েছে।

    মুখ্যমন্ত্রীর বক্তব্য

    মুখ্যমন্ত্রীর বক্তব্য, জোর করে জমি অধিগ্রহণের নীতিতে বিশ্বাসী নয় রাজ্য সরকার। জমির মালিকদের সম্মতি ও উপযুক্ত ক্ষতিপূরণের ভিত্তিতেই জমি কেনার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চায় (Singur Land Prices) সরকার।

    সব মিলিয়ে সিঙ্গুরে শিল্পস্থাপনের সম্ভাবনা ঘিরে একদিকে যেমন নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক বিকাশের আশা তৈরি হয়েছে, তেমনি অন্যদিকে জমির দাম বৃদ্ধি এবং অসাধু জমি কারবারিদের সক্রিয়তা নিয়েও বাড়ছে উদ্বেগ। জমি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে প্রশাসন কত দ্রুত (Industrial Push) কার্যকর পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।

     

LinkedIn
Share