Tag: Lionel Messi

Lionel Messi

  • Argentina: মেসি জ্বরে কাবু বাংলার এই চা-বিক্রেতা, বাড়ি থেকে দোকান সবই নীল-সাদা রঙে রাঙানো

    Argentina: মেসি জ্বরে কাবু বাংলার এই চা-বিক্রেতা, বাড়ি থেকে দোকান সবই নীল-সাদা রঙে রাঙানো

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ মানেই উন্মাদনা, বিশেষ করে ফুটবল বললেই বাঙালির মনে হইচই শুরু হয়ে যায়। ফিফা শুরুর আগে থেকেই বিশ্বকাপের উন্মাদনায় বাঙালির আবেগে সেজে উঠেছিল বিভিন্ন দলের পতাকা সহ পাড়ার অলিগলি। তবে এক মেসি ভক্তের কাণ্ড নজর কেড়েছে রাজ্যবাসীর। তাঁর নাম শিবা পাত্র ও তিনি পেশায় চা-বিক্রেতা। চা বিক্রির উপার্জিত টাকায় বানিয়ে ফেললেন মেসির মূর্তি। তিনি মেসিকে ‘ভাই’ বলে মনে করেন। বিশ্বকাপের শুরুতেই উন্মোচন করেন ‘ভাই’ মেসির মূর্তি। শুধু তাই নয়, তাঁর বাড়ি, দোকান সব নীল-সাদা রঙে রাঙানো। ফুটবল, আজের্ন্টিনা ও মেসিকে কতটা ভালোবাসলে ও তাঁর কত বড় ভক্ত হলে এমন কাণ্ড করা যায়, তারই উদাহরণ এই ব্যক্তি।

    মেসি ভক্ত…

    ইছাপুরের নবাবগঞ্জের চা বিক্রেতা শিবা পাত্র। আর্জেন্টিনার এত বড় ভক্ত তিনি, যে উদ্যোগ নিয়ে আর্জেন্টিনা ফ্যান ক্লাবই তৈরি করে ফেলেছেন। প্রতিবারই ফুটবল বিশ্বকাপের আগে নিজের বাড়িতে সাদা-নীল রঙে রাঙিয়ে আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন। এমনকী তাঁর বাড়ির ভিতরটাও নীল-সাদা। আলমারি ও সিলিং-এও আর্জেন্টিনার পতাকার রঙ করা হয়েছে। আর এবারে তাঁর আবেগকে ধরে রাখতে না পেরে তাঁর নিজের টাকায় মূর্তিও বানিয়ে ফেললেন শিবা পাত্র।

    তাঁর স্বপ্ন ছিল ‘ভাই’ মেসির খেলা কাতারে গিয়ে দেখার, কিন্তু তা সম্ভব না হলে এখানেই বানিয়ে ফেলেন মেসির মূর্তি। শুধু তাই নয়, তাঁর বাড়ির পাশাপাশি চায়ের দোকানও আজের্ন্টিনার পতাকার নীল-সাদা রঙে ভরা। তিনি তাঁর উপার্জন করা টাকা জমিয়ে আর্জেন্টিনার পতাকা, ফেস্টুন, মেসি এবং মারাদোনার ছবি দিয়ে তাঁর এলাকা সাজিয়েছেন।

    শিবা পাত্র কী বললেন?

    তাঁর আর্জেন্টিনার প্রতি অগাধ ভালোবাসা দেখে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আর্জেন্টিনার মেসি আমার ভাইয়ের মত। আমি ১৯৮৬ সাল থেকে আর্জেন্টিনার খেলা পছন্দ করি। আমি নিজে ফুটবল খেলতাম। আমি মারাদোনা কেও পছন্দ করতাম। কিন্তু মেসি আমার ভাই। ভারত যদি কখনও বিশ্বকাপ খেলতে পারে তাহলে আমি ভারতের সমর্থক হব কিন্তু মেসি আমার ভাইয়ের মত।”  তিনি আরও বলেন, “আমি সত্যি ২০২২ ফুটবল বিশ্বকাপ দেখতে যেতে চেয়েছিলাম এবং অর্থ সঞ্চয় করেছিলাম। কিন্তু আমি তার পরিবর্তে সেই টাকা দিয়ে একটি মেসির মূর্তি তৈরি করে দোকানের পাশে রেখেছি।  

    শিবা পাত্রর স্ত্রী বলেছেন, “আমরা তাঁর অনুভূতিকে সম্মান করি। তিনি যা করেন তাতে আমার কোন বক্তব্য নেই। আমরা গর্বিত। রাস্তায় সবাই আমাদের আর্জেন্টিনা বলে চেনে। আমার মেয়ের বিয়ের মন্ডপ থেকে প্যান্ডেল, বিয়ের পোশাক, খাবারেও নীল-সাদার ছোঁয়া ছিল।”

    মেসির বিশ্বকাপ জয়ের প্রার্থনা

    শিবা পাত্র জানিয়েছেন, বিশ্বের সমস্ত ট্রফি হাতে তুলেছেন মেসি। শুধু বাকি রয়েছে বিশ্বকাপের ট্রফি। তাঁর আশা এ বছর মেসির হাতে উঠবে কাতার ফুটবল বিশ্বকাপের শিরোপা। ফলে প্রিয় ফুটবলার ‘ভাই’ মেসির বিশ্বজয়ের আশায় দিনরাত প্রার্থনা করে চলেছেন তিনি।

  • FIFA World Cup 2022: জোড়া গোল আলভারেজের! মেসি-ম্যাজিকেই ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

    FIFA World Cup 2022: জোড়া গোল আলভারেজের! মেসি-ম্যাজিকেই ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: মধুর প্রতিশোধ। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়া। কাতারে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে সেই ৩-০ গোলেই চূর্ণ করে বিশ্বকাপ (Fifa World Cup 2022) ফাইনালে গেল মেসিরা। লড়াইটা ছিল মেসি (Lionel Messi)বনাম মদ্রিচের। কিন্তু ক্রোয়েশিয়ার হয়ে সব থেকে ভাল ফুটবল খেললেও মেসি-ম্যাজিকে ভ্যানিস হয়ে গেলেন মদ্রিচ। মেসি গোল করলেন,গোল করালেন।

    অপ্রতিরোধ্য মেসি

    ম্যাচের ৩২ মিনিটে দলের প্রথম গোল পেনাল্টি থেকে করলেন মেসি। সেই সঙ্গে গড়ে ফেললেন নতুন নজির। গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ভেঙে দিলেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ১০ গোল করার নজির ছিল বাতিস্তুতার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে গোল করে সেই রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন আর্জেন্টিনার অধিনায়ক। বিশ্বকাপে ১১টি গোল হয়ে গেল মেসির। সেই সঙ্গে কিলিয়ান এমবাপেকেও ধরে ফেললেন মেসি। ফ্রান্সের তারকা চলতি বিশ্বকাপে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। মেসি তাঁর চেয়ে এক গোলে পিছিয়ে ছিলেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে এমবাপেকেও গোলসংখ্যায় ধরে ফেললেন মেসি। চলতি বিশ্বকাপে তাঁরও ৫ গোল হয়ে গেল। 

    আরও পড়ুন: কাতার বিশ্বকাপের সেমিফাইনালে নতুন বল! জানেন এর বৈশিষ্ট্য?

    তবে এদিন আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন জুলিয়ান আলভারেজ। মেসি গোল করার ৬ মিনিট পরেই দ্বিতীয় গোল করেন আলভারেজ। প্রায় ৪০ গজ দৌড়ে ক্রোয়েশিয়া বক্সে ঢুকে পড়েন তিনি। তারপর পায়ের ছোট্ট টোকায় ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে। দ্বিতিয়ার্ধে ক্রোয়েশিয়া বক্সে আক্রমণের ঝড় তোলে আর্জেন্টিনা। ম্যাচের বয়স তখন ৬৯ মিনিট। কার্যত একক কৃতিত্বে মাঝমাঠ থেকে বল নিয়ে ক্রোয়েশিয়া বক্সে ঢুকে পড়েন মেসি। তাঁর গতির সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ ক্রোটরা। বক্সের ডানদিক থেকে টার্ন করে ডিফেন্ডারদের বোকা বানিয়ে পাস বাড়ান মেসি। গোল করতে ভুল করেননি আলভারেজ। আর্জেন্টিনা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। আর সেই ব্যবধান কমাতে পারেনি ক্রোয়েশিয়া।

    আক্রমণাত্মক ফুটবল

    কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে রক্ষণাত্মক পরিকল্পনা করে নেমেছিলেন লুকা মদ্রিচরা। কিন্তু আর্জেন্টিনার বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল শুরু করেন তাঁরা। ক্রোয়েশিয়া প্রেসিং ফুটবল খেলছিল। মেসিদের পায়ে বল থাকলেই তাড়া করছিলেন মদ্রিচরা। ফলে বলের দখল বেশি রাখতে পারছিল না আর্জেন্টিনা। দুই প্রান্ত ব্যবহার করে আক্রমণে উঠছিল ক্রোয়েশিয়া। কিন্তু সজাগ ছিল আর্জেন্টিনার রক্ষণ। ফলে পুরো ম্যাচে গোলের মুখ খুলতে পারেনি ক্রোয়েশিয়া। রক্ষণকে শক্ত করে বার বার আক্রমণে যায় মেসিরা। ম্যাচের প্রথম ৩০ মিনিট খেলা সমানে সমানে হলেও বাকি ৬০ মিনিট মাঠ ছিল আর্জেন্টিনার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup Final: ‘রোমাঞ্চকর ম্যাচ’! মেসিদের জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী! ট্যুইট করে কী লিখলেন মোদি?

    FIFA World Cup Final: ‘রোমাঞ্চকর ম্যাচ’! মেসিদের জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী! ট্যুইট করে কী লিখলেন মোদি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপ (FIFA World Cup Final) জয়ের পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইট। ২০২২-এর বিশ্বকাপ ফাইনালের ম্যাচকে ফুটবলের ইতিহাসের ‘অন্যতম রোমাঞ্চকর ম্যাচ’ বলে অভিহিত করেছেন মোদি। নির্ধারিত সময়ে ফলাফল ৩-৩ থাকার পর, পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। ৩৬ বছরের খরা কাটিয়ে অবশেষে আর্জেন্টিনার হাতে এল ট্রফি। ফলে লিওনেল মেসিদের খুশির মুহূর্তে সামিল হয়েছে গোটা বিশ্ব। এর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ট্যুইট করে অভিনন্দন জানান আর্জেন্টিনা দলকে। আবার ফ্রান্সকেও কুর্নিশ জানিয়েছেন মোদি। কারণ ফাইনালের ম্যাচে এমবাপেদের লড়াইও ছিল অতুলনীয়।

    প্রধানমন্ত্রী ট্যুইটে কী বললেন?

    রবিবার রাত ১১.৪১ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে লিখেছেন, “সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে এই ফাইনাল। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন! এবারের টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে ওরা। আর্জেন্টিনা ও মেসির দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত লক্ষ লক্ষ ভারতীয় ভক্ত।” ট্যুইটে আর্জেন্টাইন প্রেসিডেন্ট অ্যালবার্তো ফার্নান্দেজকে ট্যাগও করেন প্রধানমন্ত্রী।

    ফ্রান্সের জন্য ট্যুইট করে কী লিখলেন?

    ফাইনালে ফ্রান্স পরাজিত হলেও এমবাপেদের কুর্নিশ জানাতে ভোলেননি মোদি। তাঁদেরকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ফ্রান্সের খেলোয়াড়দের প্রশংসা করে তিনি অন্য একটি ট্যুইটে লিখেছেন, “ফিফা বিশ্বকাপে উদ্যমী পারফরম্যান্সের জন্য ফ্রান্সকে অভিনন্দন! ফাইনালে ওঠার পথে তাঁরাও তাঁদের দক্ষতার মাধ্যমে ফুটবল ভক্তদের আনন্দ দিয়েছে।” এই ট্যুইটটিতে তিনি ফরাসী প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁকে ট্যাগ করেছেন।

    রাহুল গান্ধীর ট্য়ুইট

    কংগ্রেস নেতা রাহুল গান্ধীও আর্জেন্টিনার জয়ে ট্যুইট করে লিখেছেন, “কি দারুণ খেলা! রোমাঞ্চকর জয়ের জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন। ভালো খেলেছে, ফ্রান্সও। মেসি ও এমবাপে দুজনেই সত্যিকারের চ্যাম্পিয়নদের মত খেলেছেন! #FIFAWorldCupFinal আবার দেখিয়ে দিল কীভাবে খেলা সবাইকে একত্রিত করে!”

    শুভেন্দুর ফেসবুকে পোস্ট

    আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ফেসবুকে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, “আর্জেন্টিনা সমর্থকদের বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা জানাই।”

    [fb]https://www.facebook.com/SuvenduWB/posts/719825192835766[/fb]

  • FIFA World Cup: মেসি ম্যাজিক! আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে গড়লেন একাধিক রেকর্ড

    FIFA World Cup: মেসি ম্যাজিক! আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পথে গড়লেন একাধিক রেকর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: অপ্রতিরোধ্য মেসি! কাতারে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ (FIFA World Cup 2022) ফাইনালে উঠে গেল মেসিরা। এদিন ম্যাচে মেসি খেলতে নেমেই জয়ের পাশাপাশি গড়লেন একের পর এক নজির। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি রেকর্ড গড়ে ফেলেছেন মেসি। ফাইনাল ম্যাচেও মেসির সামনে থাকবে একাধিক নতুন রেকর্ড গড়ার ও পুরনো রেকর্ড ভাঙার সুযোগ।

    ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেমে মেসির তিনটি রেকর্ড

    বুধবার কাতারের লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে (FIFA World Cup) মাঠে নামার সঙ্গে সঙ্গে দুটি রেকর্ড গড়ে ফেলেছেন লিওনেল মেসি। আর পেনাল্টি থেকে গোল করেও আরও একটি রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার মহাতারকা ফুটবলার।

    প্রথম রেকর্ড

    বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে খেলার রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। এতদিন বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথিউজের। কিন্তু এবারে বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় যুক্ত হল মেসিরও নাম। ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত পাঁচ বিশ্বকাপে ২৫টি ম্যাচ খেলেছিলেন ম্যাথিউজ। অন্যদিকে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে (FIFA World Cup) এবার ২৫তম ম্যাচ খেলে মেসিও তাঁর পাশে স্থান পেলেন।

    আরও পড়ুন: জোড়া গোল আলভারেজের! মেসি-ম্যাজিকেই ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

    দ্বিতীয় রেকর্ড

    বিশ্বকাপে (FIFA World Cup) অধিনায়ক হিসেবেও মেসি গড়লেন নতুন রেকর্ড। ম্যাথিউজের রেকর্ড স্পর্শ করার পাশাপাশি, এদিন মেসি ছাপিয়ে গেলেন মেক্সিকোর প্রাক্তন অধিনায়ক রাফায়েল মার্কুয়েজকে। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে এই ম্যাচের আগে পর্যন্ত ১৮টি ম্যাচ খেলে মেসি বসেছিলেন রাফায়েল মার্কুয়েজের সঙ্গে। আর এদিন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামার পর অধিনায়ক হিসেবে মেসির হয়ে গেল ১৯ টি ম্যাচ। ফলে এটিও তাঁর চলতি বিশ্বকাপে একটি নতুন রেকর্ড।

    তৃতীয় রেকর্ড

    আবার এদিন গোল করার ক্ষেত্রেও রেকর্ড গড়েছেন মহাতারকা। এদিন ম্যাচের ৩২ মিনিটে দলের প্রথম গোল পেনাল্টি থেকে করেন মেসি। সেই সঙ্গে গড়ে ফেলেন নতুন নজির। গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড ভেঙে দিলেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ১০ গোল করার নজির ছিল বাতিস্তুতার। নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে গোল করে সেই রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এদিন সেই রেকর্ড ভেঙে দিলেন আর্জেন্টিনার অধিনায়ক। বিশ্বকাপে ১১টি গোল হয়ে গেল মেসির।

    আবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে নেমে কিলিয়ান এমবাপেকেও ধরে ফেললেন মেসি। ফ্রান্সের তারকা চলতি বিশ্বকাপে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন। মেসি তাঁর চেয়ে এক গোলে পিছিয়ে ছিলেন। কিন্তু ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে এমবাপেকেও গোলসংখ্যায় ধরে ফেললেন মেসি। চলতি বিশ্বকাপে (FIFA World Cup) তাঁরও ৫ গোল হয়ে গেল।

    এভাবেই দেখতে দেখতে কাতার বিশ্বকাপও (FIFA World Cup) শেষের পথে। আর একটি সেমিফাইনাল ম্যাচ এবং ফাইনাল ম্যাচ বাকি রয়েছে। লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina) এ বারের বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট। এরপর ফাইনালে কার বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছেন মেসিরা, এখন সেদিকে তাকিয়েই বিশ্ববাসী। আর ১৮ ডিসেম্বরের ফাইনালে মেসির জাদু দেখার জন্য এখন থেকেই দিন গুনছে মেসি প্রেমীরা।

  • FIFA World Cup: মেসিকে আলাদা করে আটকানোর কিছু নেই! দাবি ক্রোয়েশিয়ার স্ট্রাইকার পেটকোভিচের

    FIFA World Cup: মেসিকে আলাদা করে আটকানোর কিছু নেই! দাবি ক্রোয়েশিয়ার স্ট্রাইকার পেটকোভিচের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে মঙ্গলবার আর্জেন্টিনার মুখোমুখি ক্রোয়েশিয়া। অনেকে এই ম্যাচটাকে এল এম টেনের দ্বৈরথ হিসাবে দেখছেন। কারণ, একদিকে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, অন্য দিকে লুক মড্রিচ। দুজনেই খেলেন ১০ নম্বর জার্সি পরে। তবে ধারে ভারে মেসি অনেক এগিয়ে। তিনি একাই বদলে দিতে পারেন ম্যাচের রং। শুধু গোল করা নয়, গোল করানোর ক্ষেত্রেও তাঁর জুড়ি মেল ভার। মেসির পায়ে বল মানেই বিপক্ষ ডিফেন্স আতঙ্কিত হয়ে পড়ে। আর্জেন্টাইন মহাতারকাকে আটকানোর জন্য একজন বা দুজন নয়, একাধিক ফুটবলের ব্যস্ত হয়ে পড়েন। এই দৃশ্য নতুন নয়। কিন্তু সেমি ফাইনালে মেসিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে না ক্রোয়েশিয়া।

    কী বলছেন ক্রোয়েশিয়ান স্ট্রাইকার

    ক্রোট স্ট্রাইকার ব্রুনো পেটকোভিচের কথায়, “আমরা টিম গেমে বিশ্বাসী। কোনও একজন ফুটবলারকে আটকানোর কোনও পরিকল্পনা করিনি। পুরো আর্জেন্টিনা দলকে কীভাবে রুখে দেওয়া যায়, সেই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। তাহলেই মিলবে ফাইনালের টিকিট।” মেসিকে কি তাহলে আপন মনে খেলবেন, সে তো আরও বিপজ্জনক? পেটকোভিচ বলেছেন, “মেসিকে আটকানোর জন্য আমাদের আলাদা করে কাউকে রাখা হবে না। আর্জেন্টিনা দলটা খুই ভালো। আরও অনেক ফুটবলার আছে, যারা ম্যাচের রং বদলে দিতে পারে। তাই আমরা গোটা দলকে আটকানোর কথা বলছি। বাকিরা আটকে গেলে মেসি একা কিছু করতে পারবে না। আমরা যদি মেসিকে রোখার জন্য বেশি পরিকল্পনা করি তাহলে হিতে বিপরীত হতে পারে।”

    আরও পড়ুন: “তুমিই আমার কাছে সর্বকালের সেরা…”, রোনাল্ডোকে নিয়ে আবেগঘন বার্তা বিরাটের

    ব্রাজিলের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ১১৭ মিনিটের মাথায় ক্রোয়েশিয়ার হয়ে সমতা ফিরিয়েছিল পেটকোভিচের গোল। তার পরে পেনাল্টিতে ব্রাজিলকে হারিয়েছিলেন তাঁরা। তেকাঠির নীচে লিভাকোভিচ থাকায় তাঁরা অনেক ঠান্ডা মাথায় পেনাল্টি নিতে পারছেন বলে জানিয়েছেন পেটকোভিচ। তিনি বলেছেন, ‘‘পেনাল্টি নেওয়ার সময় মানসিক দৃঢ়তা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, সেই সময় মাথার উপর প্রচণ্ড চাপ থাকে। কিন্তু দলে লিভাকোভিচের মতো গোলরক্ষক থাকলে চাপ অনেকটাই কমে যায়।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup 2022: আজ শেষ চারের লক্ষ্যে নামছেন মেসি, নেইমার! ব্রাজিল-আর্জেন্টিনার হয়ে গলা ফাটাবে কলকাতা

    FIFA World Cup 2022: আজ শেষ চারের লক্ষ্যে নামছেন মেসি, নেইমার! ব্রাজিল-আর্জেন্টিনার হয়ে গলা ফাটাবে কলকাতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্লক-ব্লাস্টাক শুক্রবার। তবে বলিউডের নয় ফিফা বিশ্বকাপের। শেষ চারের লক্ষ্যে আজ মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। মোহনবাগান-ইস্টবেঙ্গল নিয়ে যেমনভাবে দ্বিধাবিভক্ত বাংলার ফুটবলপ্রেমীরা। একইভাবে বাঙালি গলা ফাটায় ব্রাজিল-আর্জেন্টিনার হয়ে। মেসি না নেইমার তর্ক চলতেই থাকে। তবে আজ দুই দল একে অপরের মুখোমুখি নয়। শুক্রবার রাতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামছে ব্রাজিল। 

    কী বলছেন স্কালোনি

    চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত লিয়োনেল মেসিদের কাছে কঠিনতম ম্যাচ হতে চলেছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ম্যাচের আগে কোচ লিয়োনেল স্কালোনিকে ভাবাচ্ছে চোট সমস্যা।  দি মারিয়া, লাউতারো মার্তিনেসের পাশাপাশি চোট রয়েছে রড্রিগো দি পলের। কী ভাবে সামাল দেবেন, সেটাই এখন চিন্তা স্কালোনির। তার মাঝেই নেদারল্যান্ডসের কোচ লুইস ফান হাল হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, শুক্রবার তাঁরা নামবেন প্রতিশোধের লক্ষ্যেই। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেস্তে গিয়েছিল নেদারল্যান্ডসের। তার আগে ১৯৭৮ সালের ফাইনালেও আর্জেন্টিনার কাছে হারে তারা। ২০১৪-তেও নেদারল্যান্ডসের কোচ ছিলেন ফান হাল। তিনি বলেছেন, “২০১৪-য় হারের যে তিক্ত স্বাদ পেতে হয়েছিল আমাদের, তা শুক্রবার মিটিয়ে দিতে চাই। আমার মতে, আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু শুক্রবার থেকেই আমাদের আসল বিশ্বকাপ শুরু হচ্ছে। আগের ম্যাচগুলোর কোনও গুরুত্ব ছিল না সেটা বলছি না। কিন্তু আর্জেন্টিনা বা ব্রাজিল এমন দল যাদের সঙ্গে অতীতের কোনও দলেরই তুলনা চলে না।”

    অন্যদিকে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে আলাদা করে মেসির কোনও ভূমিকা থাকছে কি না সেই প্রসঙ্গে স্কালোনি বলেছেন, “লিয়ো এমনিতেই বাকিদের থেকে আলাদা। মাঝে মাঝেই ওর ভূমিকা বদলে যায়। কিন্তু এখনই সব বলে দিয়ে প্রতিপক্ষকে সতর্ক করে দিতে চাই না। আমরা যে সব ম্যাচ খেলেছি সেগুলো নিশ্চয়ই প্রতিপক্ষ দেখেছে।”

    কী বলছেন তিতে 

    শুক্রবার কোয়ার্টার ফাইনালের আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দেওয়ার পর সেলেকাওরা এখন মোটামুটি ছন্দে রয়েছে। তবে ক্রোয়েশিয়ার রক্ষণ এবং ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে যাওয়ার প্রবণতা ব্রাজিলের কোচ তিতেকে ভাবাচ্ছে। তিতের কথায়, “ওদের টেকনিক্যাল জ্ঞান অনেক ভাল। ব্যক্তিগত নৈপুণ্য রয়েছে। ধৈর্য রাখতে পারেন এবং উচ্চ পর্যায়ে খেলার জন্য যেটা দরকার সেটা রয়েছে। তবে আমরা আগের ম্যাচে যে ভাবে খেলেছি, সেটাই বজায় রাখতে চাই। যারা ভাল খেলবে তারাই জিতবে।” সঙ্গে রয়েছে চোট সমস্যাও। ডিফেন্ডার আলেক্স সান্দ্রো এখনও ফিট নন। বৃহস্পতিবার তিনি অনুশীলন করেছেন। তবে ম্যাচে খেলতে পারবেন কিনা নিশ্চয়তা নেই। সান্দ্রো সম্পর্কে তিতে বলেছেন, “ও দুপুরে অনুশীলন করবে। তবে না খেলার সম্ভাবনাই বেশি। ওর চোট একটু আলাদা। ফেরার আপ্রাণ চেষ্টা করছে। এখনও কিছু কাজ বাকি। ডাক্তাররা অনুমতি দিলে তবেই ও খেলতে পারবে।”

    আরও পড়ুন: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    কখন কার ম্যাচ

    ম্যাচ: ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া

    সময়: ভারতীয় সময় সন্ধে সাড়ে ৮টা

    স্থান: এডুকেশন সিটি স্টেডিয়াম

    ম্যাচ: আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস

    সময়: ভারতীয় সময় রাত সাড়ে ১২টা

    স্থান: লুসাইল স্টেডিয়াম

  • FIFA World Cup: মেসির পায়ে মারাদোনার বুনন, শেষ আটে আর্জেন্টিনা

    FIFA World Cup: মেসির পায়ে মারাদোনার বুনন, শেষ আটে আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া (FIFA World Cup)। টানটান উত্তেজনা। ১০০০ তম ম্যাচ মেসির। আর তাতেই বিশ্বের কাছে ফের সেরা হয়ে উঠলেন লিওনেল মেসি। ২-১ গোলে শেষ আটে জায়গা করে নিল আর্জেন্টিনা। আর অন্যদিকে নিজের ১০০০তম ম্যাচে খেলতে নেমেই করলেন গোল। আর তাতেই ফের দিয়েগো মারাদোনাকে টপকে গেলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে গোল সংখ্যায় দিয়েগো মারাদোনাকে টপকে গেলেন লিওনেল মেসি। ২১ টি ম্যাচে মারাদোনার গোল সংখ্যা ছিল ৮টি। মেসি ২৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত করেছেন ৯ টি গোল। বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। মেসি ছাড়াও আর্জেন্টিনার হয়ে আরও একটি গোল করলেন জুলিয়ান আলভারেজ। 

  • FIFA World Cup: পোল্যান্ডকে হারাতে হবে মেসিদের, না হলে কঠিন অঙ্ক! জানুন কী কী ভাবে শেষ ষোলোয় যেতে পারে আর্জেন্টিনা

    FIFA World Cup: পোল্যান্ডকে হারাতে হবে মেসিদের, না হলে কঠিন অঙ্ক! জানুন কী কী ভাবে শেষ ষোলোয় যেতে পারে আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (Qatar World Cup 2022) অন্যতম ফেভারিট হয়ে শুরু করলেও এখনও  প্রি-কোয়ার্টার (Pre Quarter Final) ফাইনাল নিশ্চিত হয়নি আর্জেন্টিনার। শেষ ম্যাচে পোল্যান্ডের (Argentina versus Poland) বিরুদ্ধে জিততেই হবে লিওনেল মেসিদের। পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করলেও রাউন্ড অফ ১৬-তে যাওয়ার সুযোগ রয়েছে মেসি-ডি মারিয়াদের। তবে সেক্ষেত্রে প্রি-কোয়ার্টার ফাইনালেই কড়া প্রতিপক্ষের সামনে পড়তে হতে পারে তাঁদের।

    শেষ ষোলোর সমীকরণ

    পোল্যান্ডকে হারালেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরব-মেক্সিকো ড্র করলে পোলিশদের সঙ্গে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে যাবে মেসিরা। সৌদিরা জিতলে আর্জেন্টিনাকে জিততেই হবে, মেক্সিকো জিতলেও আর্জেন্টিনা ড্র করলে আসবে গোল পার্থক্যের হিসাব। আর্জেন্টিনার বিপক্ষে ১ পয়েন্ট পেলেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে পোল্যান্ড। হেরে গেলে সৌদি আরব-মেক্সিকো ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে পোলিশদের। ম্যাচটি ড্র হলে কিংবা মেক্সিকো জিতলেও শেষ ষোলোয় যেতে পারে পোল্যান্ড। মেক্সিকোকে হারালেই দ্বিতীয় রাউন্ডে উঠবে সৌদি আরব। আর্জেন্টিনা হেরে গেলে ড্র করেও দ্বিতীয় রাউন্ডে যেতে পারে সৌদিরা। মেক্সিকোকে শুধু জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে পোল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের দিকে। সে ক্ষেত্রে আর্জেন্টিনা হারলে কপাল খুলবে মেক্সিকানদের। আর্জেন্টিনা জিতলে কিংবা ড্র করলে, সৌদিদের হারিয়েও গোলের হিসাব করতে হবে মেক্সিকোকে। এক কথায় আজ পোল্যান্ডকে হারালেই সহজ সমীকরণে মেসিরা চলে যাবে শেষ ষোলোয়। মেসিরা যদি গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় না যেতে পারে তাহলে তাঁদের ফ্রান্সের মুখে পড়তে হতে পারে। সেক্ষেত্রে জমে যাবে নক আউট পর্যায়ের খেলা।

    আরও পড়ুন: শেষ ষোলোয় ইংল্যান্ডের মুখোমুখি সেনেগাল, নেদারল্যান্ডসের সামনে আমেরিকা

    গ্রুপের কে কোথায়

    বিশ্বকাপের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ সি এবং গ্রুপ ডি-র মধ্যে খেলা হবে। গ্রুপ সি-তে রয়েছে আর্জেন্টিনা, পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকো। অন্য দিকে গ্রুপ ডি-তে রয়েছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিশিয়া। প্রতি গ্রুপের চারটি দল ২টি করে ম্যাচ খেলেছে। এখনও গ্রুপ সি-র শীর্ষে পোল্যান্ড, তাদের পয়েন্ট ৪। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ৩।  একই পয়েন্ট হলেও গোল পার্থক্যে তৃতীয় স্থানে সৌদি আরব। চতুর্থ স্থানে মেক্সিকোর পয়েন্ট ১। অন্যদিকে গ্রুপ ডি-র শীর্ষে ফ্রান্স, তাদের পয়েন্ট ৬। প্রথম দল হিসাবে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফরাসিরা। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা ডেনমার্কের পয়েন্ট ১। একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চার নম্বরে তিউনিশিয়া। 

  • FIFA World Cup: বিশ্ব ফুটবল যুদ্ধে দল ঘোষণা আর্জেন্টিনা, স্পেন, পর্তুগালের

    FIFA World Cup: বিশ্ব ফুটবল যুদ্ধে দল ঘোষণা আর্জেন্টিনা, স্পেন, পর্তুগালের

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন বিশ্বকাপের (FIFA world cup) জন্য দল (team) ঘোষণা করে দিল আর্জেন্টিনা (Argentina)। শুধু মেসির দেশ নয় পর্তুগাল ও স্পেন কাতার বিশ্বকাপের দল ঘোষণা করল শুক্রবার।
    প্রত্যাশিত খেলোয়াড়দের দিয়েই এবারের বিশ্বকাপের দল সাজালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আগেই দল ঘোষণা করেছিল ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ড। শুক্রবার ২৬ জনের স্কোয়াড জানিয়ে দিলেন স্কালোনি। দলে তেমন কোনও চমক নেই। কোপা আমেরিকা জয়ী সদস্যদের ওপরে তিনি ভরসা রেখেছেন। তবে অনেকের মনে প্রশ্ন ছিল আনফিট পাওলো ডিবালা আর্জেন্টিনার বিশ্বকাপ দলে জায়গা পান কিনা! যাবতীয় আশঙ্কা উড়িয়ে কাতারের মাটিতে মেসির পাশে কাপ যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা যাবে ডিবালাকে। তার ওপর ভরসা রেখেছেন কোচ স্কালোনি।

    ফেভারিট আর্জেন্টিনা

    এবারে ফুটবল বিশ্বকাপে অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। মনে করা হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের মহা তারকার বাড়ির ক্যাবিনেটে প্রায় সব ট্রফি মজুত রয়েছে। নেই শুধু ফিফার ট্রফি। তাই অধরা মাধুরী ছোঁয়ার জন্য মরিয়া মেসি। আর্জেন্টিনার কোচ ও কয়েকজন সাপোর্ট স্টাফ ইতিমধ্যেই কাতারে পৌঁছে গিয়েছেন। মূলত পরিবেশ ও পরিস্থিতি যাচাই করতে তাদের আগেভাগে মরুভূমির দেশে পৌঁছে যাওয়া বলে মনে করা হচ্ছে। কয়েক দিনের মধ্যে আর্জেন্টিনা দলের সদস্যরাও কাতারে পৌঁছবেন।

    গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ফ্রাঙ্কো আর্মানি, জেরোনিমো রুলি

    ডিফেন্ডার : নহেল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জেরমান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিজান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত

    মিডফিল্ডার: রড্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্তার, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্ডেজ, এজেকুয়েল পালাসিও

    ফরোয়ার্ড : অ্যাঞ্জেল ডি মারিয়া, লাওতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন করেয়া, পাওলো ডিবালা, লিওনেল মেসি

    আরও পড়ুন: ভারতীয় দলকে চোকার্স তকমা! জানেন কী বললেন কপিল দেব?

    স্পেনের দল

    দল ঘোষণা করেছে স্পেনও। স্প্যানিশ কোচ লুইস এনরিকেও বিশ্বকাপের জন্য ২৬ জন সদস্যের নাম জানিয়ে দিয়েছেন। তিনি তারুণ্যের উপর জোড় দিয়েছেন।

    গোলরক্ষক: রবার্ত স্যাঞ্চেস, ডেভিড রায়া, উনাই সিমন।

    ডিফেন্ডার: সেজার আথপিলিকুয়েতা, দানি কার্বাখাল, এরিক গার্সিয়া, হুগো গুইয়ামন, পাউ তোরেস, আয়মেরিক লাপোর্তে, জর্ডি আলবা, হোসে গায়া।

    মিড ফিল্ডার: কার্লোস সোলার, মার্কোস লোরেন্তে, রদ্রি, গাভি, সের্খিয়ো বুস্কেৎস, পেদ্রি, কোকে।

    ফরওয়ার্ড: ইয়েরেমি পিনো, আলভারো মোরাতা, মার্কো আসেনসিয়ো, পাবলো সারাবিয়া, দানি অলমো, আনসু ফাতি, নিকো উইলিয়ামসন, ফেরেন তোরেস।

    টিম পর্তুগাল

    কাতারের মাঠে নিজের পাঁচ নম্বর বিশ্বকাপ খেলতে নামবেন ৩৭ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০০৬ সালে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেন রোনাল্ডো। তারপর কেটে গেছে ১৬ বছর। পেরিয়ে গেছে তিনটি বিশ্বকাপ। তবু বিশ্বকাপের সোনার ট্রফি জেতা হয়নি তাঁর। অনেকের মতে এটাই হয়ত তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। তাই এবার ট্রফি চাই রোনাল্ডোর।

    গোলরক্ষক: রুই প্যাট্রিসিওই, ডিওগো কোস্টা, জোসে সা

    ডিফেন্ডার: পেপে, রুবেন ডিয়াজ, জ্যাও কানস্যালো, নুনো মেন্ডেজ, ডিওগো ড্যালট, অ্যান্টোনীয় সিলভা, রাফ্যাল গুরেরো।

    মিড ফিল্ডার: ভিটিনহা, বার্নান্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, রুবেন নেভারস, ড্যানিলো পেরেইরা, পালহিনহা, জ্যাও মারিও, ওটাভিও, ম্যাথিউ নুনেজ, উইলিয়াম

    ফরওয়ার্ড: জ্যাও ফেলিক্স, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রাফ্যাল লিও, আন্দ্রে সিলভা, গোনক্যালো রামোজ, রিকার্ডো হোর্তা

     

  • FIFA World Cup: বিশ্ব-ফুটবলের যুদ্ধ কাতার ছাড়িয়ে কলকাতাতে! শহরের রাস্তায় প্রিয় তারকাদের ছবি

    FIFA World Cup: বিশ্ব-ফুটবলের যুদ্ধ কাতার ছাড়িয়ে কলকাতাতে! শহরের রাস্তায় প্রিয় তারকাদের ছবি

    মাধ্যম নিউজ ডেস্ক:  ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) জ্বর কাতার ছাড়িয়ে কলকাতাতে। শহরের বিভিন্ন রাজপথে সেই ছবি স্পষ্ট।। বাঙালির ফুটবল প্রেম নতুন নয়। মোহনবাগান-ইস্টবেঙ্গল, ঘটি-বাঙালির সারা বছরের লড়াই ভুলে আপাতত কলকাতার ফুটবলপ্রেমীরা মজেছেন মেসি- নেইমারদের নিয়ে। কেউ চাইছেন ব্রাজিল ষষ্ঠবার বিশ্বকাপ জিতুক। কেউ আবার বাজি ধরছেন মেসিদের হয়ে। রোনাল্ডোর পর্তুগাল কতদূর এগোবে তা নিয়েও চায়ের দোকানে চর্চা যেন রোজ নামচা।

    বিশ্বকাপ যেন বাড়তি উন্মাদনা

    দীর্ঘ বাধা পেরিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ (FIFA World Cup) কারা জিতবে তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে ১৮ই ডিসেম্বর পর্যন্ত। আপাতত রাত জেগে দৃষ্টিনন্দন ফুটবল তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে কলকাতা। শহরের আর্জেন্টিনা সমর্থকরা পাড়ার মোড়ে মোড়ে মেসির বড় বড় কাটাউট লাগিয়েছেন। পিছিয়ে নেই ব্রাজিলের সমর্থকরাও। গলি যেখানে রাজপথে মিশেছে সেই পর্যন্ত শুধুই হলুদ সবুজ পতাকায় মোড়া। বাঙালির বারো মাসে তেরো পার্বণে যেন বিশ্বকাপ বাড়তি উন্মাদনা যোগ করেছে। আসলে এই এক মাসের জন্য চার বছর অপেক্ষা করতে হয়। কলকাতায় আর্জেন্টিনা ফ্যান ক্লাবের এক সদস্য বললেন, “এবার মেসির হাতেই কাপ উঠবে। আর্জেন্টিনা দলটা দুর্দান্ত। শক্তিশালী ডিফেন্স, অভিজ্ঞ গোলকিপারের পাশাপাশি আপ ফ্রন্টে অ্যাঞ্জেল ডি মারিয়া, মেসির মতো তারকা থাকায় অনেক দলই দাঁড়াতে পারবে না। গত কয়েকবার আমরা হতাশ হয়েছি। আশা করছি মেসি আমাদের স্বপ্ন পূরণ করবে। সংগঠনের পক্ষ থেকে আর্জেন্টিনার ম্যাচ দেখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। লাগানো হয়েছে জায়েন্ট স্ক্রিন। আস্ত একটা ফ্যান পার্ক তৈরি করে ফেলেছি আমরা। একেবারে বিশ্বকাপের আমেজ পাওয়া যাবে এখানে বসে খেলা দেখলে।”

    আরও পড়ুন: কাতারে বিশ্বকাপে বিয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা, হতাশ সুরাপ্রেমীরা

    রীতি ভেঙে ফুটবল-যুদ্ধ

    এবারের বিশ্বকাপ (FIFA World Cup) কিছুটা রীতি ভেঙেই হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। যা মূলত জুন জুলাই হয়ে থাকে কিন্তু কাতারের গরম থেকে বাঁচতে টুর্নামেন্টের সময় বদল করতে বাধ্য হয়েছে ফিফা। বৈভব ও বৃত্তের দিক থেকে এবারের বিশ্বকাপ অনেক এগিয়ে রয়েছে ঠিকই তবে প্রাণের স্পন্দন একটু কম। রয়েছে বিতর্ক। সবকিছুকেই সঙ্গী করে রবিবার ২০২২ বিশ্বকাপ ফুটবলের ঢাকে কাঠি পড়েছে। প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল আয়োজক দেশ কাতার। কিন্তু লাতিন আমেরিকার দেশটির কাছে ২-০ গোলে কাতার পরাজিত হয়েছে। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচে আয়োজক দেশের পরাজয়ের ঘটনা নজির বিহীন। মঙ্গলবার নামছে অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। আপাতত সব ভুলে মেসি ম্যাজিকের প্রতীক্ষায় প্রহর গুনছে কলকাতাবাসী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share