Tag: lok sabha

lok sabha

  • Sukanta Majumdar: লোকসভায় সবচেয়ে বেশি প্রশ্ন করে রেকর্ড সুকান্ত মজুমদারের 

    Sukanta Majumdar: লোকসভায় সবচেয়ে বেশি প্রশ্ন করে রেকর্ড সুকান্ত মজুমদারের 

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভায় (Lok Sabha) সব চেয়ে বেশি প্রশ্ন করে রেকর্ড গড়ে ফেললেন সাংসদ বিজেপির (BJP) সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতিও তিনি। দিলীপ ঘোষকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর রাজ্যের ব্যাটন তুলে দেওয়া হয় বালুরঘাটের সাংসদ সুকান্তের হাতে। তার পর থেকে দলকে নয়া উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার নিরন্তর চেষ্টা করে চলেছেন তিনি। কেবল দল নয়, তাঁর সংসদ ক্ষেত্রের প্রতিও যে তিনি সমান মনোযোগী, তার প্রমাণ মিলল লোকসভার রেকর্ডেই।

    লোকসভার অধিবেশন চলাকালীন আলোচনা হয় বিভিন্ন বিষয় নিয়ে। প্রতিটি অধিবেশেনর দিনগুলির একটি নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে প্রশ্নোত্তর পর্বের জন্য। এই সময় কোনও সাংসদ তাঁর কোনও প্রশ্ন থাকলে, তা করতে পারেন। সচরাচর লোকসভায় অধিবেশন হয় তিনটি। এগুলি হল বাজেট অধিবেশন, শীতকালীন অধিবেশন এবং বাদল অধিবেশন। এছাড়াও জরুরি প্রয়োজনে অধিবেশন ডাকা হতে পারে। এই অধিবেশনগুলিতেই প্রশ্ন করতে পারেন সাংসদরা। এ রাজ্যে লোকসভার আসন সংখ্যা ৪২। তার মধ্যে বিজেপির সাংসদ রয়েছেন ১৭ জন। আর তৃণমূলের হাতে রয়েছে ২৩ জন। কংগ্রেসের সদস্য সংখ্যা ২।

    আরও পড়ুন : অরুণাচল প্রদেশে ১০২ আসনে জয়ী বিজেপি, কী বললেন আইনমন্ত্রী?

    সংসদের রেকর্ড অনুযায়ী, জাতীয়স্তরে সাংসদরা গড়ে প্রশ্ন করেছেন ১৩০টি করে। রাজ্যের ক্ষেত্রে প্রশ্নের হারের করুণ দশা স্পষ্ট। সংসদের তথ্য অনুযায়ী, বাংলার সাংসদরা গড়ে প্রশ্ন করেছেন ৮৫টি করে। তবে চমকে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দথা বালুরঘাটের সাংসদ বিজেপির সুকান্ত। তিনি প্রশ্ন করেছেন ৪৪৪টি। সুকান্তের পরেই যে নামটি রয়েছে, তিনিও বিজেপির। তিনি বিদ্যুৎ মাহাতো। ঝাড়খণ্ডের সাংসদ। তিনি প্রশ্ন করেছেন ৪৩৭টি। চারশোর বেশি প্রশ্ন করেছেন আরও একজন, শ্রীরঙ্গ বার্নে। তিনি শিবসেনার বিধায়ক। তিনি প্রশ্ন করেছেন ৪৩৫টি। এনসিপির সুপ্রিয়া সুলে প্রশ্ন করেছেন ৪৩০টি।   

    জানা গিয়েছে, লোকসভায় মহারাষ্ট্রের সদস্য সংখ্যা ৪৯। সব মিলিয়ে তাঁরা প্রশ্ন করেছেন ১০ হাজার ৯৩২টি। উত্তর প্রদেশের সদস্য সংখ্যা ৮০। তাঁরা প্রশ্ন করেছেন ৬ হাজার ১৬৩টি। উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের অর্পিতা ঘোষকে বিপুল ভোটে হারিয়ে লোকসভায় যান সুকান্ত। প্রথমবারের জন্য লোকসভায় পা রেখেই সভা মাতিয়ে দিয়েছেন বিজেপির এই সাংসদ। সব মিলিয়ে তাঁর প্রশ্নের সংখ্যা ৪৪৪টি। চাকরি, মহিলাদের ক্ষমতায়ন সহ বিভিন্ন বিষয়ে ওই প্রশ্নগুলি করেছেন বিজেপির অধ্যাপক সাংসদ।

    আরও পড়ুন : আইনশৃঙ্খলা নিয়ে অমিত শাহকে চিঠি শুভেন্দুর, দাবি এনআইএ তদন্তেরও

     

  • Parliament Monsoon Session: শুরু সংসদের বাদল অধিবেশন, শান্তিপূর্ণ আলোচনার আহ্বান প্রধানমন্ত্রীর

    Parliament Monsoon Session: শুরু সংসদের বাদল অধিবেশন, শান্তিপূর্ণ আলোচনার আহ্বান প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচন চলছে। তার মধ্যেই শুরু হল সংসদের বাদল অধিবেশন (Monsoon Session 2022)। আজ থেকে শুরু হয়ে অধিবেশন চলবে আগামী ১২ অগস্ট পর্যন্ত। এবারের অধিবেশন চলাকালীন ক্যান্টনমেন্ট বিল, মাল্টি-স্টেট কো-অপারেটিভ সোসাইটি বিল সহ মোট ৩২টি বিল নিয়ে আলোচনা হতে পারে। বাদল অধিবেশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) সাংবাদিক সম্মেলন করে, শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান।  তবে অগ্নিপথ (Agnipath), মুদ্রাস্ফিতির মতো একাধিক ইস্যুতে বিরোধীরা যে সংসদে সুর চড়াবে,তার ইঙ্গিত মিলেছে। 

    এদিন প্রধানমন্ত্রী বলেন  “এটি একটি অতি গুরুত্বপূর্ণ সময়, আজাদি কা অমৃত মহোৎসব চলছে, আগামী ২৫ বছরে আমরা কী অর্জন করতে চাই তার শপথ নেওয়ার সময় এটি।” তিনি আরও বলেন,”এটি এমন একটি সময় যখন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এই সময়ে আমাদের নতুন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি আসতে চলেছে। এই সময়ে সংসদে আলোচনা, বিতর্ক ও সমালোচনা সবই চলবে। তবে বিষয়ের বিশদ বিশ্লেষণও করতে হবে।”

    আরও পড়ুন: চলছে নির্বাচন, জানুন রাইসিনা হিলের দৌড়ে অঙ্কের হিসেবে এগিয়ে কে?

    সূত্রের খবর, এবারের অধিবেশন চলাকালীন ক্যান্টনমেন্ট বিল, মাল্টি-স্টেট কো-অপারেটিভ সোসাইটি বিল সহ মোট ২৪টি নতুন বিল নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। এছাড়া সংসদে ছত্তিশগড় এবং তামিলনাড়ুর জন্য তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি তালিকা সংশোধন বিলও উত্থাপন করা হতে পারে বলে জানা গেছে। যে নতুন ২৪টি বিল পেশ করা হতে চলেছে সেই তালিকায় আছে কফি (প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট), দ্য ডেভলপমেন্ট অফ এন্টারপ্রাইজেস অ্যান্ড সার্ভিসেস হাবস, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেসন অফ গুডস (নিবন্ধন) সংশধোনের মতো বিলগুলি। এছাড়াও তালিকায় রয়েছে সুরক্ষা (সংশোধন), গুদামজাতকরণ(উন্নয়ন ও নিয়ন্ত্রণ) এবং প্রতিযোগিতা (সংশোধন) বিল। সংসদের গত শীতকালীন অধিবেশনে পেশ করা হয়েছিল, কিন্তু আলোচনা হয়নি এমন আটটি বিলও এবারের অধিবেশনে পেশ করা হবে।

    বাদল অধিবেশনের দিনগুলিতে সভার কাজ সুষ্ঠভাবে যাতে পরিচলনা করা যায়, তা নিয়ে ইতিমধ্যেই সরকার ও বিরোধী উভয় পক্ষের কাছে আবেদন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কিন্তু অগ্নিপথ, মুদ্রাস্ফিতির মতো একাধিক ইস্যুতে বিরোধীরা যে সংসদে সুর চড়াবে, তার ইঙ্গিত মিলেছে। এছাড়া নূপুর শর্মা বিতর্ক, লোকসভা সচিবালয় থেকে প্রকাশিত অসংসদীয় ভাষার তালিকা, সংসদ চত্ত্বরে ধর্না, বিক্ষোভের মতো কর্মসূচির উপর সেন্সর নিয়েও সরব হতে পারে বিরোধীপক্ষ।

  • Lok Sabha: সংসদ চত্বরে প্ল্যাকার্ড বহন ও বিক্ষোভ! বাদল অধিবেশনে সাসপেন্ড চার কংগ্রেস সাংসদ

    Lok Sabha: সংসদ চত্বরে প্ল্যাকার্ড বহন ও বিক্ষোভ! বাদল অধিবেশনে সাসপেন্ড চার কংগ্রেস সাংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদের বাদল অধিবেশনে  (Monsoon Session 2022) চার কংগ্রেস সাংসদ (4 Congress MP) মানিকম ঠাকুর, রাম্য হরিদাস, যোথিমনি এবং টিএন প্রথাপনকে সাসপেন্ড (Suspended From Lok Sabha) করা হয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ে বিরোধী দলের সদস্যদের প্রতিবাদের পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ঘরের ভিতরে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন ওই চার সাংসদ। স্পিকার তাঁদের এই অসংসদীয় আচরণ থেকে সরে আসতে বলেন। কিন্তু তাঁরা তাও বিক্ষোভ চালিয়ে যায়। এরপরই স্পিকার তাঁদের সাসপেন্ড করার কথা জানান। সংসদের বাদল অধিবেশন চলবে ১২ আগস্ট পর্যন্ত। স্পিকারের এই সিদ্ধান্তের পর ওই চার সাংসদ সংসদের মাঠে মহাত্মা গান্ধীর মূর্তির কাছে গিয়ে স্লোগান দিতে থাকেন। কংগ্রেসের তরফে বলা হয়েছে, স্পিকার তাদের সাংসদদের সাসপেন্ড করে ভয় দেখানোর চেষ্টা করছেন। কিন্তু কংগ্রেস ভয় পাবে না। তারা জনগনের প্রয়োজনীয়তাগুলো তুলে ধরবে।

    আরও পড়ুন: পরনে ইক্কত শাড়ি, সঙ্গে মুক্তোর দুল, সোনার চেন-বালা, আজ যেন ঘরোয়া নারী দ্রৌপদী মুর্মু

    ১৮ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন৷ আজ সোমবার ছিল তার ষষ্ঠ দিন৷ আজ উভয়কক্ষের কার্যক্রম সকাল ১১টার পরিবর্তে দুপুর ২টোয় শুরু হয়৷ আজ ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু। তাই পিছিয়ে দেওয়া হয় অধিবেশনের সময়ও৷ অধিবেশনের শুরুর দিন থেকেই লোকসভা এবং রাজ্যসভা উভয়ের কার্যকলাপই বিরোধী দলগুলির প্রতিবাদের কারণে ব্যাহত হয়েছে বলে অভিযোগ।

    আরও পড়ুন: আসতে চলেছে জয়েন্ট থিয়েটার কমান্ড! তিন বাহিনীর মধ্যে সংযোগ বাড়ানোই লক্ষ্য, জানালেন রাজনাথ

    মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অগ্নিপথের মতো একাধিক ইস্যুতে সরব হয়েছেন বিরোধীরা৷ পরিস্থিতি সামাল দিতে বারবার মুলতুবি করতে হয় দুই কক্ষের অধিবেশন।সোমবার, বাদল অধিবেশনের ষষ্ঠ দিনে ওম প্রকাশ বিড়লা সংসদের অভ্যন্তরে বিক্ষোভকারী সদস্যদের সাবধান করেন৷ তবে সংসদ চত্বরে প্ল্যাকার্ড বহন করা এবং বিক্ষোভ করা নিষিদ্ধ করা হলেও বিক্ষোভে অটল ছিলেন বিরোধীদলের সদস্যেরা। তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেন স্পিকার। 

LinkedIn
Share