Tag: Mahabul Hossain

  • Tripura: ত্রিপুরায় বিএসএফের উপর হামলা, মূল অভিযুক্ত হাসিনা আখতার-সহ গ্রেফতার আরও ৩

    Tripura: ত্রিপুরায় বিএসএফের উপর হামলা, মূল অভিযুক্ত হাসিনা আখতার-সহ গ্রেফতার আরও ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিপুরার সিপাহিজলা জেলার আশাবাড়িতে বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন এক মহিলাও। ধৃতরা হলেন, ঘটনার (Tripura) মূল অভিযুক্ত হাসিনা আখতার, তাঁর ছেলে রবিউল হোসেন এবং মহাবুল হোসেন। এই (BSF) তিনজনকে গ্রেফতারের পর হামলার ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১।

    আগরতলার পুলিশ সুপার বিজয় দেববর্মা জানিয়েছেন, ধৃত হাসিনা আখতারকে আদালতে পেশ করা হলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ২০২৬ সালের ১৩ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। হামলার ঘটনার একটি ভিডিয়ো ফুটেজে রবিউল হোসেনকে বিএসএফ জওয়ানের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিতে দেখা গিয়েছে। অপর অভিযুক্ত মহাবুল হোসেনকে দেখা গিয়েছে জওয়ানদের নির্মমভাবে মারধর করতে। এই দুই অভিযুক্তকে আগামীকাল আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

    অভিযুক্তদের খোঁজে আরও তল্লাশি (Tripura)

    পলাতক বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশ, বিএসএফ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। পুলিশ সুপার বিজয় দেববর্মা বলেন, “ঘটনায় জড়িত যে সব অভিযুক্ত এখনও পলাতক, তাদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করছি। কাউকেই রেহাই দেওয়া হবে না। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, বিএসএফ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী যৌথভাবে অভিযান ও টহলদারি চালাচ্ছে।”

    উল্লেখ্য, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রশাসনকে নির্দেশ দেওয়ার পর থেকেই নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়। তার পরেই নতুন করে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

    গত ২ নভেম্বর, সোমবার ত্রিপুরার সিপাহিজলা জেলার কলমচৌড়া থানার আশাবাড়ি এলাকার নতুন বাজারের কাছে এই হামলার ঘটনা ঘটে। জানা গিয়েছে, রহিমপুর থেকে বক্সনগরের দিকে বিএসএফের একটি গাড়িতে করে যাচ্ছিলেন বাহিনীর কয়েকজন জওয়ান। গাড়িটির নম্বর টিআর-০১-এএল-১০৫১। নতুন বাজারের কাছে পৌঁছতেই একদল বিক্ষোভকারীর মুখোমুখি হন তাঁরা।

    বিএসএফের উপর হামলা

    উদ্ভিদ সাফাইয়ের কাজ চলাকালীন হেফজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সেখানে জমায়েত করেছিলেন। সেই বিক্ষোভ থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীরা লাঠি ও বাঁশ নিয়ে বিএসএফ জওয়ানদের উপর চড়াও হন। হামলায় বাহিনীর গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। কয়েকজন হামলাকারী জওয়ানদের মারধরের পাশাপাশি তাঁদের সার্ভিস রাইফেল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন।

    এই ঘটনায় আহত তিন বিএসএফ কর্মীর পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন কোম্পানি কমান্ডার রোহিত, গাড়িচালক সুনীল কুমার এবং মঞ্জিত। তিনজনই বিএসএফের ৪৯ নম্বর ব্যাটালিয়নে কর্মরত।

    ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা বিভাগের ডিজি ইপ্পার মাঞ্চাক জানিয়েছেন, ঘটনার দিনই তিন মহিলা-সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছিল। পরের দিন আরও আটজনকে গ্রেফতার করে পুলিশ। ফলে (Tripura) প্রাথমিকভাবে ধৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৮। এবার আরও তিনজন গ্রেফতার হওয়ায় সেই সংখ্যা বেড়ে হয়েছে ২১।

    ডিজির বক্তব্য

    ডিজি বলেন, “চলতি মাসের ২ তারিখ আশাবাড়ি সীমান্ত চৌকির বিএসএফ কর্মীদের সঙ্গে স্থানীয় কয়েকজন দুর্ব্যবহার করেন এবং তাঁদের উপর হামলা চালান। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ দ্রুত পদক্ষেপ করে। প্রথম দিন তিন মহিলা ও সাত পুরুষ-সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। পরের দিন আরও আটজনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে তখন ধৃতের সংখ্যা ছিল ১৮। এফআইআরে যাঁদের নাম রয়েছে এবং তাঁদের সহযোগীদের পাশাপাশি অন্যদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। উপযুক্ত প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে (BSF)।”

    ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে প্রশাসনের দাবি। বাকি অভিযুক্তদের গ্রেফতার করতে অব্যাহত রয়েছে (Tripura) যৌথ তল্লাশি অভিযান।

     

LinkedIn
Share