Tag: MCC

MCC

  • India-Pakistan No-Handshake Row: ‘আমাদের নিয়ন্ত্রণের বাইরে’, ভারত-পাকিস্তান ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে মুখ খুলল এমসিসি

    India-Pakistan No-Handshake Row: ‘আমাদের নিয়ন্ত্রণের বাইরে’, ভারত-পাকিস্তান ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে মুখ খুলল এমসিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে সৌজন্য বিনিময়ের চেনা ছবি এখন অতীত। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে করমর্দন (India-Pakistan No-Handshake Row) না করার বিতর্ক ফের একবার শিরোনামে। রবিবার কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপ ২০২৬-এর ম্যাচে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাননি। টসের সময় দুই দলের অধিনায়কের মধ্যে সৌজন্য বিনিময় না হওয়ার পর মাঠেও দেখা যায় একই ছবি। এই পরিস্থিতিতে এবার মুখ খুলল ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (MCC)। তাদের বক্তব্য, দুই দেশের ক্রিকেটারদের মধ্যে করমর্দন দেখতে চাইলেও বিষয়টি তাদের নিয়ন্ত্রণের বাইরে।

    বড় বিষয়! নিয়ন্ত্রণের বাইরে

    এমসিসি-র আইন বিভাগের ম্যানেজার ও ক্রিকেট বিভাগের প্রধান ফ্রেজার স্টুয়ার্ট জানিয়েছেন, দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রচলিত করমর্দনের রীতি বজায় থাকুক, এমনটাই তাঁরা চান। কিন্তু উপরমহল থেকে কোনও নির্দেশ থাকলে তা অমান্য করার ক্ষমতা এমসিসি (MCC)-র নেই। তাঁর কথায়, “উপরমহল থেকে যদি করমর্দন না করার নির্দেশ আসে, তা হলে সেই বিষয়ে এমসিসি-র কিছু করার নেই। আমরা অবশ্যই চাই খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হাত মেলাক। কিন্তু আমরা বুঝতে পারছি, এর পিছনে আরও বড় কিছু বিষয় রয়েছে। আর সেগুলি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।”

    ভারতের নো-হ্যান্ডশেক নীতি

    ভারতের এই নো-হ্যান্ডশেক নীতি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি স্টুয়ার্ট। তাঁর মতে, কিছু বিষয় ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে ভূ-রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে জড়িয়ে যায়। সেই বিষয়ে মন্তব্য করা তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে না। তবে মাঠের মধ্যে খেলোয়াড়দের পারস্পরিক সম্মান বজায় রাখার দায়িত্ব এমসিসি-র রয়েছে বলে জানিয়েছেন তিনি। স্টুয়ার্টের কথায়, “কিছু ঘটনা ক্রিকেটের ঊর্ধ্বে। সেগুলি ভূ-রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যুক্ত, যা নিয়ে মন্তব্য করা আমার এক্তিয়ারের বাইরে। মাঠের মধ্যে দুই দলের খেলোয়াড়রা যেন একে অপরকে সম্মান করেন, আম্পায়ারদের মর্যাদা দেন এবং খেলার প্রতি শ্রদ্ধাশীল থাকেন, সেটুকু নিশ্চিত করাই আমাদের নিয়ন্ত্রণে।” উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটে। এরপর গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত এশিয়া কাপ থেকেই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। পুরুষ, মহিলা থেকে শুরু করে বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেটেও সেই অবস্থান বজায় রয়েছে।

    টেস্ট ক্রিকেটে চালু হতে চলেছে ফ্রি হিট

    অন্যদিকে, ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট টেস্ট ক্রিকেটেও (Free Hit in Test Cricket) এবার চালু হতে চলেছে ফ্রি হিট। ক্রিকেটের প্রচলিত নিয়মে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। সংস্থার তরফে জানানো হয়েছে, টেস্ট ক্রিকেটে ফ্রি হিট চালু করার বিষয়টি তাদের আলোচনায় এসেছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট (ওডিআই) এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ফ্রি হিটের নিয়ম চালু রয়েছে। এই নিয়ম অনুযায়ী, কোনও বোলার নো বল করলে পরের বলটিতে ব্যাটারকে ফ্রি হিট দেওয়া হয়। সেই বলে রান আউট, অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড এবং হ্যান্ডলড বলের মতো নির্দিষ্ট কয়েকটি ব্যতিক্রম ছাড়া অন্য কোনওভাবে ব্যাটারকে আউট করা যায় না। তবে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত এই নিয়মের কোনও অস্তিত্ব নেই।

    টেস্ট ক্রিকেটে ফ্রি হিট নিয়ে কী বলছে এমসিসি?

    শারজায় ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমসিসি-র ক্রিকেট বিভাগের প্রধান ফ্রেজার স্টুয়ার্ট জানান, টেস্ট ক্রিকেটে ফ্রি হিট চালু করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনই সব ফরম্যাটে এই নিয়ম কার্যকর করার কোনও পরিকল্পনা নেই। স্টুয়ার্টের কথায়, “এই মুহূর্তে টেস্ট ক্রিকেটের নিয়মে ফ্রি হিট নেই। তবে বিষয়টি আমরা বিবেচনা করব। বর্তমানে এটি শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেটের খেলার শর্তের অংশ। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখনও সব ফরম্যাটে তা চালু করিনি। ভবিষ্যতে কী হবে, তা বলা যায় না।” অর্থাৎ, টেস্ট ক্রিকেটে ফ্রি হিট চালুর সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না এমসিসি। তবে প্রস্তাবটি এখনও আলোচনার পর্যায়েই রয়েছে।

    ক্যাচের পর ব্যাটার পরিবর্তনের নিয়মেও বড় বদল

    এ দিন ক্রিকেটের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন নিয়েও মুখ খুলেছেন স্টুয়ার্ট। নতুন নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটার ক্যাচ আউট হলে দুই ব্যাটার ক্রস করে গেলেও পরের বলটি খেলতে হবে নতুন আসা ব্যাটারকেই। আগে ক্যাচ নেওয়ার সময় দুই ব্যাটার একে অপরকে অতিক্রম করে গেলে নতুন ব্যাটারকে নন-স্ট্রাইকার প্রান্তে থাকতে হত। কিন্তু নতুন নিয়মে সেই ব্যবস্থার পরিবর্তন হয়েছে। স্টুয়ার্ট জানান, এই পরিবর্তন কার্যকর করার ব্যাপারে তিনি দীর্ঘদিন ধরেই আগ্রহী ছিলেন।

    নিয়ম বদলে বড় ভূমিকা দ্য হান্ড্রেডের

    ২০২০ সালে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট শুরুর আগে এই নিয়ম নিয়ে এমসিসি-র সঙ্গে আলোচনা করেন প্রতিযোগিতার উদ্যোক্তারা। নতুন এই ফরম্যাটকে অন্য ক্রিকেট প্রতিযোগিতার থেকে আলাদা করে তুলতে বেশ কিছু নতুন নিয়ম চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই আলোচনার মধ্যেই ক্যাচের পর নতুন ব্যাটারকে স্ট্রাইক দেওয়ার বিষয়টি উঠে আসে। পরে দ্য হান্ড্রেডের প্রথম মরশুম থেকেই এই নিয়ম কার্যকর করা হয়। স্টুয়ার্টের মতে, উদ্যোক্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই নিয়মটি বাস্তবায়নের পথ তৈরি হয়েছিল। সব মিলিয়ে, ক্রিকেটের নিয়মে সময়ের সঙ্গে পরিবর্তন আনতে যে এমসিসি আগ্রহী, তা স্পষ্ট। তবে টেস্ট ক্রিকেটে ফ্রি হিট চালু হলে খেলার কৌশল ও সমীকরণে কতটা পরিবর্তন আসবে, তা নিয়ে ক্রিকেট মহলে নতুন করে আলোচনা শুরু হতে পারে। আপাতত এই নিয়ম চালুর জন্য ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা করতে হবে এমসিসি-র পরবর্তী সিদ্ধান্তের দিকে।

  • BJP: প্রধানমন্ত্রীকে ‘সন্ত্রাসবাদী’ আখ্যা! খাড়্গের বিরুদ্ধে খড়্গহস্ত বিজেপি, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কমিশনে চিঠি

    BJP: প্রধানমন্ত্রীকে ‘সন্ত্রাসবাদী’ আখ্যা! খাড়্গের বিরুদ্ধে খড়্গহস্ত বিজেপি, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কমিশনে চিঠি

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনকে চিঠি লিখে মল্লিকার্জুন খাড়্গের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল বিজেপি (BJP)। মঙ্গলবার এই দাবি জানানো হয় পদ্মশিবিরের তরফে। কারণ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “সন্ত্রাসবাদী” আখ্যা দিয়েছিলেন। গৈরিক শিবিরের দাবি, কংগ্রেস নেতার এহেন মন্তব্য অত্যন্ত অবমাননাকর এবং আদর্শ আচরণ বিধি লঙ্ঘন।

    বিজেপির অভিযোগ (BJP)

    নির্বাচনী সংস্থার কাছে দায়ের করা অভিযোগে বিজেপি লিখেছে, “বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মল্লিকার্জুন খাড়্গে একটি সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘তিনি একজন সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ করেছেন। এই মন্তব্যটি প্রিন্ট, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে।”  বিজেপির যুক্তি, এই ধরনের মন্তব্য চরম ব্যক্তিগত আক্রমণ এবং এমসিসি অনুযায়ী নির্ধারিত প্রচারের শালীনতার মানদণ্ড লঙ্ঘন করে, যা বর্তমানে ভোটমুখী তামিলনাড়ুতে কার্যকর রয়েছে।

    প্রধানমন্ত্রীকে ‘সন্ত্রাসবাদী’ আক্রমণ

    এর আগেও খাড়গে একটি সাংবাদিক সম্মেলনে তামিলনাড়ুতে এআইএডিএমকে-বিজেপি জোটের সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদিকে ‘সন্ত্রাসবাদী’ বলে মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছিলেন। যদিও পরে তিনি ব্যাখ্যা করেন, তিনি বলতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী মানুষ ও রাজনৈতিক দলগুলিকে ভীত করছেন। তিনি আক্ষরিক অর্থে তাঁকে সন্ত্রাসবাদী বলেননি (BJP)।

    ক্ষমা প্রার্থনার দাবি

    এরপরেই বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পাঁচ দফা দাবি-সহ নির্বাচন কমিশনের কাছে আবেদন করে। পদ্ম-শিবির নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছে “এই মন্তব্য এমসিসি লঙ্ঘনের প্রাথমিক প্রমাণ হিসেবে বিবেচনা করে অবিলম্বে ব্যবস্থা নিতে” এবং খাড়গেকে “সর্বসমক্ষে ক্ষমা প্রার্থনা বা বক্তব্য প্রত্যাহার” করার নির্দেশ দিতে, নচেৎ তাঁর প্রচার কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করতে। বিজেপি ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। তাদের সাফ কথা, “একজন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতাকে ‘সন্ত্রাসবাদী’ বলা শুধু নীতিগত সমালোচনা নয়, এটি তাঁর ব্যক্তিগত চরিত্রের ওপর গুরুতর আঘাত।”

    কমিশনের কাছে বিজেপির অনুরোধ

    বিজেপির আরও অনুরোধ, নির্বাচন কমিশন যেন এই বিতর্কিত মন্তব্যের প্রচার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয় এবং মিডিয়া ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এমন বিষয়বস্তু সরিয়ে নিতে বলে (BJP)। কমিশনের কাছে তাদের অনুরোধ, “নির্বাচনী প্রক্রিয়ার মর্যাদা রক্ষা এবং একটি মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ, বিষয়ভিত্তিক প্রচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।” চিঠিতে বলা হয়েছে, “এই ধরনের বক্তব্য প্রচারের মান কমিয়ে দেয়, উত্তেজনা বাড়ায় এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে দুর্বল করে।” পদ্ম শিবিরের আরও দাবি, “ভোটারদের সামনে কোনও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে অপরাধমূলক বা সন্ত্রাসবাদী হিসেবে উপস্থাপন করা ভয়, অপপ্রচার এবং ব্যক্তিগত অপমানের মাধ্যমে ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা (BJP)।” এই অভিযোগটি তামিলনাড়ুতে নির্বাচনী প্রচার শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই করা হয়েছে। যদিও কমিশনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

LinkedIn
Share