Tag: Medog

  • Arunachal Pradesh: সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বিক্ষোভের মধ্যেই অরুণাচলে শাহ, স্থানীয়দের সঙ্গে আলোচনার আশ্বাস

    Arunachal Pradesh: সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বিক্ষোভের মধ্যেই অরুণাচলে শাহ, স্থানীয়দের সঙ্গে আলোচনার আশ্বাস

    মাধ্যম নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশে প্রস্তাবিত ১১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিয়াং উচ্চ বহুমুখী প্রকল্পকে ঘিরে স্থানীয় আদিবাসীদের (Arunachal Pradesh) বিক্ষোভের মধ্যেই দু’দিনের পর্যালোচনা সফরে রাজ্যে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রকল্প নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগের কথা স্বীকার করে তাঁদের সঙ্গে ইতিবাচক আলোচনার আশ্বাস দিয়েছেন তিনি। তবে (Anti Dam Protest) একই সঙ্গে প্রকল্পটিকে দেশের উন্নয়ন ও কৌশলগত স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছেন শাহ।

    জাতীয় জলবিদ্যুৎ নিগমের উদ্যোগে সিয়াং, আপার সিয়াং এবং ইস্ট সিয়াং জেলায় এই প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বাস্তবায়িত হলে এটি ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন ও জল সংরক্ষণ কেন্দ্র হয়ে উঠতে পারে। তবে আদিবাসী আদি সম্প্রদায়ের একাংশের প্রবল বিরোধিতায় এখনও প্রকল্পটি প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষার স্তরেই আটকে রয়েছে।

    ২০০৮ সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রকল্পটিকে ‘জাতীয় প্রকল্প’ হিসেবে ঘোষণা করে। অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু জানিয়েছেন, দেশের মাত্র ১৬টি পরিকাঠামোগত প্রকল্প এই বিশেষ স্বীকৃতি পেয়েছে। প্রচলিত জলবিদ্যুৎ প্রকল্পের তুলনায় সিয়াং প্রকল্পকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৌশলগত জল সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে কেন্দ্র ও রাজ্য সরকার।

    চিনের বাঁধ নির্মাণ ঘিরে উদ্বেগ (Arunachal Pradesh)

    প্রকল্পের সমীক্ষা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম কারণ চিনের তিব্বত অঞ্চলে ব্রহ্মপুত্রের উজানে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ। তিব্বতে ইয়ারলুং সাংপো নামে পরিচিত নদীটি অরুণাচলে সিয়াং এবং অসমে ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে।

    মুখ্যমন্ত্রী পেমা খান্ডু আদি সম্প্রদায়ের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে জানিয়েছেন, ২০২৫ সালের জুলাই মাসে চিন সীমান্তের কাছাকাছি মেডোগ এলাকায় ৬০ হাজার মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শুরু করেছে। তাঁর অভিযোগ, এই বিষয়ে ভারতের সঙ্গে আগাম আলোচনা কিংবা নদীর জলপ্রবাহ সংক্রান্ত তথ্য আদানপ্রদান করা হয়নি।

    খান্ডুর কথায়, “আমাদের উপত্যকায় জলের প্রবাহ নিয়ে বাস্তব আশঙ্কা রয়েছে। কখনও অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ জল নেমে আসতে পারে, আবার শীতের শুকনো মাসগুলিতে জলের অভাব দেখা দিতে পারে। বিশেষত সিয়াং নদীর প্রায় ৬৫ শতাংশ জল চিন থেকে আসে।”

    তিনি আরও বলেন, “উজানে কী ঘটছে, তা আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু আমাদের এলাকায় কী ব্যবস্থা নেব, তা আমাদের হাতে রয়েছে। ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া জরুরি। সিয়াং প্রকল্পের সম্ভাব্য বিকল্পগুলি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগতভাবে খতিয়ে দেখা উচিত, যাতে সিয়াং ও ব্রহ্মপুত্রের পরিবেশগত জলপ্রবাহ বজায় রাখা যায়।”

    এখনই বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নয়

    রাজ্য সরকারের বক্তব্য, প্রকল্পের নির্মাণকাজের অনুমোদন এখনও দেওয়া হয়নি। বর্তমানে যে কাজ চলছে, তা মূলত প্রযুক্তিগত ও পরিবেশগত সমীক্ষা। এই সমীক্ষার মাধ্যমে প্রাথমিক সম্ভাব্যতা প্রতিবেদন তৈরি এবং ভূমিকম্পপ্রবণ এলাকায় এত বড় জলাধার নির্মাণ আদৌ সম্ভব কি না, তা যাচাই করা হচ্ছে।

    পেমা খান্ডু স্পষ্ট জানিয়েছেন, “এই মুহূর্তে বাঁধ নির্মাণের কথা বলা হচ্ছে না। ভারত সরকার কিংবা অরুণাচল প্রদেশ সরকার—কেউই সিয়াং প্রকল্পের নির্মাণ নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।”

    তিনি জানান, পরবর্তী পর্যায়ে কোনও পদক্ষেপ করা হলে জমি অধিগ্রহণ, পুনর্বাসন এবং পরিবেশ সংক্রান্ত আইন মেনে জনশুনানি ও প্রয়োজনীয় সম্মতি গ্রহণ বাধ্যতামূলক হবে (Arunachal Pradesh)।

    সমীক্ষার কাজে স্থানীয়দের সমর্থন পেতে রাজ্য সরকার কয়েকটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে সমঝোতা চুক্তিও করেছে। পাশাপাশি, প্রকল্পের সম্ভাব্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের কাঠামো তৈরি করতে ভূমি ব্যবস্থাপনা দফতরের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ইংকিয়ং ও গেকুতে নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে নগর উন্নয়ন দফতরকে।

    আদিবাসীদের প্রবল বিরোধিতা, উত্তপ্ত পরিস্থিতি

    অন্যদিকে, সিয়াং আদিবাসী কৃষক মঞ্চ, আদি বানে কেবাং-এর ঐক্যবদ্ধ গোষ্ঠী এবং প্রকল্পে ক্ষতিগ্রস্ত এলাকার যুব সংগঠন প্রাথমিক সমীক্ষার বিরোধিতা করছে। তাদের আশঙ্কা, বিশাল জলাধার তৈরি হলে পূর্বপুরুষদের গ্রাম, ধানখেত এবং কমলালেবুর বাগান জলের তলায় চলে যাবে।

    সমীক্ষার প্রস্তুতি এবং গত অক্টোবরে অরুণাচল প্রদেশ বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে চার আন্দোলনকারীর আটককে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। ওই মাসে ১২ ঘণ্টার বন্ধ চলাকালীন পাসিঘাটে বিক্ষোভকারীরা জলবিদ্যুৎ নিগমের একটি কার্যালয় এবং পুলিশের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে তিনটি জেলায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ৩০ থেকে ৩৪টি কোম্পানি মোতায়েন করা হয়।

    সিয়াং আদিবাসী কৃষক মঞ্চের মুখপাত্র তাগোরি মিজে জানিয়েছেন, সমস্ত কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত অমিত শাহের আলোচনার প্রস্তাব গ্রহণ করা হবে না।

    সমীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে ভিন্নমত

    প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা পাসিঘাট পশ্চিমের বিধায়ক নিনং এরিং অবশ্য মনে করেন, প্রকল্পের প্রযুক্তিগত সমীক্ষা সম্পূর্ণ হওয়া প্রয়োজন। তাঁর মতে, সমীক্ষা শেষ হলে প্রকল্পের ফলে ঠিক কতটা এলাকা জলের তলায় যেতে পারে এবং স্থানীয় মানুষের উপর কী প্রভাব পড়বে, তা স্পষ্টভাবে জানা (Anti Dam Protest) যাবে।

    এরিং বলেন, “প্রাথমিক সম্ভাব্যতা প্রতিবেদন আমাদের প্রয়োজন। কারণ, বাঁধের প্রভাব মানুষের উপর কীভাবে পড়বে, কোন কোন এলাকা ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং সামগ্রিকভাবে প্রকল্পের প্রভাব কতটা হবে, তা আমাদের বুঝতে হবে। আমরা আর কোনও চিপকো আন্দোলন কিংবা টেহরি বাঁধ আন্দোলন চাই না (Arunachal Pradesh)। দুর্ভাগ্যজনকভাবে আন্দোলনের কারণে আমরা ইতিমধ্যেই কিছুটা পিছিয়ে পড়েছি।”

     

LinkedIn
Share