মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকে পথ দেখাবে ভারত (India France Relation)। আধুনিক ভারত কেবল বৈশ্বিক উদ্ভাবনে অংশগ্রহণই করে না, বরং নেতৃত্ব দিচ্ছে। মুম্বইয়ে অনুষ্ঠিত ইন্ডিয়া–ফ্রান্স ইনোভেশন ফোরামে ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাক্রঁ (Modi-Macron Meeting) ভারতের ক্রমবর্ধমান প্রভাবের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আজকের বিশ্বে উদ্ভাবন, প্রযুক্তি ও নেতৃত্বের ক্ষেত্রে ভারত শুধু অংশগ্রহণকারী নয়, বরং পথপ্রদর্শক। বিভিন্ন বহুজাতিক সংস্থার শীর্ষপদে ভারতীয় বংশোদ্ভূত সিইওদের উপস্থিতির কথা উল্লেখ করে মাক্রঁ ভারতের প্রতিভা ও ক্ষমতার বিশেষ স্বীকৃতি দেন।
নেতৃত্বে ভারত
ফরাসি প্রেসিডেন্ট মাক্রঁ বলেন, “ভারত বৈশ্বিক উদ্ভাবনে শুধু অংশগ্রহণ করে না; ভারত নেতৃত্ব দেয়। অ্যালফাবেট (Alphabet)-এর সিইও ভারতীয়। মাইক্রোসফট (Microsoft)-এর সিইও ভারতীয়। আইবিএম (IBM)-এর সিইও ভারতীয়। অ্যাডব (Adobe)-এর সিইও ভারতীয়। পালো অলটো নেটওয়ার্ক (Palo Alto Networks)-এর সিইও ভারতীয়। এমনকি শানেল (Chanel)-এর সিইও-ও ভারতের মহারাষ্ট্রের কোলাপুরের বাসিন্দা।” উল্লেখযোগ্যভাবে, ১৯১০ সালে প্রতিষ্ঠিত ফরাসি বিলাসবহুল ফ্যাশন সংস্থা শ্যানেল প্রতিষ্ঠা করেছিলেন খ্যাতনামা ডিজাইনার কোকো শানেল। মাক্রঁ সুন্দর পিচাই (Sundar Pichai), সত্য নাদেলা (Satya Nadella), অরবিন্দ কৃষ্ণা (Arvind Krishna), শান্তনু নারায়েন (Shantanu Narayen), নিকেশ অরোরা (Nikesh Arora) এবং লীনা নায়ার (Leena Nair)-এর কথা উল্লেখ করেন। এই সূক্ষ্ম পর্যবেক্ষণ উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং সভায় উপস্থিত ভারতীয় প্রতিনিধিদের মুখে হাসি ফোটায়।
ভারতের উদ্ভাবনী শক্তির প্রশংসা
অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন। মাক্রঁ-র বক্তব্যে ভারতের উদ্ভাবনী শক্তি, বিশাল মানবসম্পদ এবং বৃহৎ জনসংখ্যার চাহিদা মেটাতে দ্রুত ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতার বিশেষ প্রশংসা করা হয়। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতের শিল্প গঠনে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। মাক্রঁর তিন দিনের ভারত সফরের সূচনাতেই দুই দেশ তাদের সম্পর্ককে “স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ”-উন্নত করার কথা ঘোষণা করে। প্রতিরক্ষা, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং উচ্চপ্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে ঐকমত্যে পৌঁছায় উভয় দেশ। বৈঠকের পর যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদি বলেন, বর্তমান বিশ্বে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারত-ফ্রান্স অংশীদারিত্ব এক শক্তিশালী স্থিতিশীলতার ভিত্তি হিসেবে কাজ করছে।
ভারত-ফ্রান্স অংশীদারিত্ব বিশ্বে স্থিতিশীলতার এক শক্তি
মোদি বলেন, “বিশ্ব আজ অনিশ্চয়তার সময় পার করছে। এমন পরিবেশে ভারত-ফ্রান্স অংশীদারিত্ব বিশ্বের স্থিতিশীলতার এক শক্তি। আমরা ফ্রান্সের দক্ষতা এবং ভারতের ব্যাপকতার সমন্বয় ঘটাচ্ছি।” মোদি বলেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উত্তেজনার প্রেক্ষাপটে ভারত ও ফ্রান্স গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও বহুমুখী বিশ্বব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন, ফ্রান্স ভারতের অন্যতম প্রাচীন কৌশলগত অংশীদার এবং দুই দেশের সম্পর্ক অত্যন্ত বিশেষ ও বিশ্বাসভিত্তিক। প্রধানমন্ত্রী জানান, প্রেসিডেন্ট মাক্রঁর সঙ্গে পারস্পরিক আস্থা ও অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে এই সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। “আজ আমরা আমাদের সম্পর্ককে ‘বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব’-এ উন্নীত করছি”। দুই নেতার বৈঠকে প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, সহ-উৎপাদন, গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খল, গবেষণা ও উদ্ভাবন এবং শিক্ষা বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্নত প্রযুক্তি, প্রতিরক্ষা, স্বাস্থ্যসেবা, কৌশলগত খনিজ ও টেকসই জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে মোট ২১টি চুক্তি ও নথিতে সই হয়েছে।
প্রতিরক্ষা নির্ভরতা
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হলো ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার সম্ভাব্য বহুবিলিয়ন ডলারের চুক্তি। ফরাসি প্রতিরক্ষা সংস্থা ডাসল্ট এভিয়েশন নির্মিত ডাসল্ট রাফালে কেনার প্রস্তাব ইতিমধ্যেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেয়েছে। কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, প্রায় ৩০ বিলিয়ন ইউরোর এই চুক্তি চূড়ান্ত করা সম্ভব হবে। অধিকাংশ বিমানই ভারতে তৈরি হবে বলে জানানো হয়েছে।উল্লেখ্য, ভারত এর আগে ৬২টি রাফাল ক্রয় করেছে। সম্ভাব্য এই চুক্তিকে ফরাসি বিশ্লেষকরা “শতাব্দীর চুক্তি” হিসেবেও আখ্যা দিচ্ছেন। মোদি ও মাক্রঁ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্ণাটকের ভেমাগালে ভারতের প্রথম হেলিকপ্টার ফাইনাল অ্যাসেম্বলি লাইন উদ্বোধন করেন। এটি ভারতের টাটা গ্রুপ এবং ইউরোপীয় বিমান নির্মাতা এয়ারবাস-এর যৌথ উদ্যোগ। এখানে এয়ারবাসের জনপ্রিয় এক-ইঞ্জিনের হেলিকপ্টার এইচ১২৫ তৈরি হবে। গত এক দশকে ফ্রান্স ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদার হিসেবে উঠে এসেছে। প্রতিরক্ষা ও মহাকাশ খাতনির্ভর দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে বছরে প্রায় ১৮ বিলিয়ন ডলার। ভারতে ফরাসি প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ প্রায় ১৫ বিলিয়ন ডলার। ভারত গত এক দশকে রাশিয়ার ওপর প্রতিরক্ষা নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের দিকে ঝুঁকেছে এবং দেশীয় উৎপাদন বাড়ানোর নীতি নিয়েছে। এই প্রেক্ষাপটে ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠতা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভারত-ফ্রান্স পাশাপাশি
ইন্ডিয়া–ফ্রান্স ইয়ার অব ইনোভেশন উদ্বোধনের পর মাক্রঁ তাঁর বক্তব্যের একটি অংশ সামাজিক মাধ্যমে শেয়ার করে ক্যাপশন দেন, ‘জয় হো!’। এটি তাঁর চতুর্থ ভারত সফর এবং প্রথম মুম্বই সফর। গত বছর মোদির ফ্রান্স সফরের এক বছর পর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। আজ, বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬-এ নয়াদিল্লির ভারত মণ্ডপমে-এ অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এও মোদির সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে মাক্রঁর। সোমবার রাতেই ভারতের মাটিতে পা রেখেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ। তিনি একা নন, সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী লেডি ব্রিজিত মাক্রঁ। আগামী তিনদিন ভারতেই একাধিক কর্মসূচি রয়েছে তাঁদের। উন্নত উপাদান, জৈবপ্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, উদীয়মান প্রযুক্তি, এমএসএমই, মহাকাশ প্রযুক্তি এবং স্টার্টআপ খাত—এই সব ক্ষেত্রেই ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশা করছে কূটনৈতিক মহল। মাক্রঁ-র এই সফর এবং ফোরামের বার্তা স্পষ্ট— বিশ্বের উদ্ভাবন, প্রযুক্তি ও নেতৃত্বের মানচিত্রে ভারত এখন কেন্দ্রীয় শক্তি, আর ফ্রান্স সেই যাত্রায় ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পাশে রয়েছে।

