মাধ্যম নিউজ ডেস্ক: নেপালের গোর্খা জেলায় বুধিগণ্ডকী নদীর অববাহিকায় রবিবার ভোরে ভয়াবহ বন্যায় (Nepal Flood) অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। জলের তোড়ে ভেসে গিয়েছে ছ’টি সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জনবসতি। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন বহু বাসিন্দা। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি, উদ্ধার কাজ এবং বিপন্নদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে নিরাপত্তাবাহিনী (Budhi Gandaki River)। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর ৪টে নাগাদ গোর্খা জেলার উত্তরাংশে আছড়ে পড়ে বন্যা। নদীর জলস্তর কখনও বাড়ছে, কখনও কমছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকেরা।
১০ জন নিখোঁজ (Nepal Flood)
গোর্খার সহকারী মুখ্য জেলা আধিকারিক নেত্র প্রসাদ শর্মা সংবাদ সংস্থাকে জানান, বন্যা শুরু হওয়ার পর থেকে ১০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। তিনি বলেন, “আজ সকালে জেলার উত্তরাংশে বন্যা আছড়ে পড়ার পর থেকে ১০ জন নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। নদীর জলস্তর ক্রমাগত বাড়ছে এবং কমছে। পরিস্থিতি বিবেচনা করে সতর্কতা জারি রয়েছে। নদীর গতিপ্রবাহের উপর আমরা নিরন্তর নজর রাখছি।”
প্রশাসন সূত্রে খবর, বন্যায় ভেসে গিয়েছে ছ’টি সেতু। এর মধ্যে দু’টি মোটরযান চলাচলের উপযোগী সেতু এবং চারটি ঝুলন্ত সেতু। আরুঘাট, ত্রিপুরাসুন্দরী এবং সোতি-মানবু এলাকার সেতুগুলির ক্ষতি হয়েছে অথবা সেগুলি সম্পূর্ণ ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন শর্মা।
ধারছে গ্রামীণ পুরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ডের মধ্যে সংযোগকারী একটি বেইলি সেতুও বন্যার জলে ভেসে গিয়েছে। এ ছাড়া মাচ্ছিখোলা ও কারাউজা, ঠাডোভরিয়াং ও জগৎ এবং ঘট্টেখোলা ও ফিলিমের মধ্যে থাকা একাধিক সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে।
চুমনুব্রি গ্রামীণ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাইনিউ ও বাগার এলাকায় প্রায় ৩৫টি বাড়ি বন্যার জলে ভেসে গিয়েছে। জগৎ, সাল্লেরি, দোভান এবং ঘট্টেখোলা এলাকার জনবসতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাজারেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।
ব্যাপক ক্ষতি
চুমনুব্রি গ্রামীণ পুরসভার উপপ্রধান লক্ষ্মী গুরুং জানিয়েছেন, বন্যার জেরে এলাকার বাজারের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, “বুধিগণ্ডকীর বন্যা ভোতেকোশী নদীর বন্যার স্মৃতি ফিরিয়ে আনছে। কয়েক ডজন বাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে। এই মুহূর্তে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়।”
স্থানীয় বাসিন্দাদের বিবরণ অনুযায়ী, রবিবার ভোর ৪টে নাগাদ আশপাশের ছোট নদী ও জলধারা থেকে বিকট গর্জনের শব্দ শুনে চুমলিং ও লোকপা-সহ নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করেন। স্থানীয় হোটেলগুলিতে থাকা পর্যটকেরাও নিরাপদ জায়গায় চলে যান।
উদ্ধারকাজে সেনা
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। তিনি জানিয়েছেন, তল্লাশি ও উদ্ধারকাজ চালানোর জন্য নেপাল সেনার একটি দলকে আকাশপথে এবং স্থলপথে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে (Nepal Flood)।
ত্রাণ ও উদ্ধারকাজে সহায়তার জন্য হেলিকপ্টারও নামানো হয়েছে। কাঠমান্ডু থেকে একটি যৌথ দ্রুত প্রতিক্রিয়াদলকে আকাশপথে দুর্গত এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। পরে নেপাল সেনার তরফে জানানো হয়, ছ’জনকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। কাঠমান্ডু থেকে দুর্গত এলাকার দূরত্ব প্রায় ১৮৪ কিলোমিটার।
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার জন্য হেলিকপ্টার-সহ নিরাপত্তাবাহিনীর বিভিন্ন দল মোতায়েন করা হয়েছে। তাঁর সতর্কবার্তা, নদীর জলস্তর এখনও ওঠানামা করছে এবং ঘোলা বন্যার জল ঘট্টেখোলা এলাকার কয়েকটি বাড়িতে ঢুকে পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে গুরুং চুমনুব্রি গ্রামীণ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে ন্যাকচেট ও ফিলিম বাজারের মধ্যে সংযোগকারী সেতু ভেঙে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।
বুধিগণ্ডকী নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আবেদন জানিয়েছেন তিনি। বিশেষ করে সিরদিবাস, জগৎ, সাল্লেরি, খোরলাবেসি, মাচ্ছাখোলা, সোতি, আরখেত এবং আরুঘাট এলাকার বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ জায়গায় চলে যেতে বলা হয়েছে।
জরুরি সাহায্যের প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রকের ১২৩৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করতে এবং দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে প্রশাসনের তরফে মাইকে প্রচারও চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত ২৬ অগাস্ট নেপালের রাসুয়া জেলায় ভোতেকোশী নদীর ভয়াবহ বন্যার পর ফের প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ল দেশটি। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাসুয়া ও ত্রিশূলী নদী এলাকায় বন্যায় ১,৪৫৫ জনের মৃত্যু হয়েছিল এবং ৫,২৮৫ জন নিখোঁজ ছিলেন বলে জানানো হয়েছিল (Budhi Gandaki River)।
বর্তমানে গোর্খা জেলায় বুধিগণ্ডকী নদীর জলস্তরের উপর নজর রাখছে প্রশাসন। দুর্গত এলাকায় উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে (Nepal Flood)।




