Tag: Puja Days

  • Rain in Durga Puja: মহালয়াতেও ঝড়বৃষ্টি কলকাতা-সহ গোটা রাজ্যে! পুজোয় বৃষ্টির সম্ভাবনা, কী বলছে হাওয়া-অফিস?

    Rain in Durga Puja: মহালয়াতেও ঝড়বৃষ্টি কলকাতা-সহ গোটা রাজ্যে! পুজোয় বৃষ্টির সম্ভাবনা, কী বলছে হাওয়া-অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর আমেজে মেতে উঠছে বাংলা। এর মধ্যেই আবহাওয়ার মতি গতি নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলাতে পারে পরিস্থিতি। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain in Durga Puja) সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। ফলে মহালয়ার দিন বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে আবহাওয়ার দিকে নজর রাখা জরুরি।

    বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, থাইল্যান্ড উপসাগর ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ১১ অক্টোবর নাগাদ আন্দামান সাগরের উপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আগামী ১৩ অক্টোবর নাগাদ একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে। এর জেরে পরবর্তী সময়ে বাংলার আবহাওয়ায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি পশ্চিম অসম থেকে উত্তর বাংলাদেশ, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের উপর দিয়ে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই আবহাওয়াগত পরিস্থিতির জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। যদিও আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও উল্লেখযোগ্য সম্ভাবনার কথা জানানো হয়নি।

    দুর্গাপুজোতেও বৃষ্টির সম্ভাবনা

    দুর্গাপুজোতেও (Durga Puja 2026) বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভিজবে কলকাতাও। নবমী থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। দুর্গাপুজোর বিশেষ বুলেটিন শুক্রবার বিকেলে প্রকাশ করেছে হাওয়া অফিস। মহালয়া থেকে একাদশী পর্যন্ত কবে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, বিশদ জানানো হয়েছে ওই বুলেটিনে। এ বার পুজোয় সপ্তমী দু’দিন।

    পঞ্চমী, ষষ্ঠী, প্রথম সপ্তমী (১৫ থেকে ১৭ অক্টোবর)— কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে।

    দ্বিতীয় সপ্তমী, অষ্টমী (১৮ এবং ১৯ অক্টোবর)— দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

    নবমী, দশমী, একাদশী (২০ থেকে ২২ অক্টোবর)— দক্ষিণবঙ্গে মোটের উপর শুকনো আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই।

     

     

     

     

     

LinkedIn
Share