Tag: Punjab Assembly Election 2027

  • Punjab Eelection: পাঞ্জাবে ফিরল পুরানো রাজনৈতিক সমীকরণ, বিধানসভা ভোটযুদ্ধে জয় পেতে গাঁটছড়া বাঁধছে বিজেপি-শিরোমণি অকালি দল

    Punjab Eelection: পাঞ্জাবে ফিরল পুরানো রাজনৈতিক সমীকরণ, বিধানসভা ভোটযুদ্ধে জয় পেতে গাঁটছড়া বাঁধছে বিজেপি-শিরোমণি অকালি দল

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৭ সালের পাঞ্জাব (Punjab Eelection) বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক ঘোষণা। দীর্ঘদিনের বিচ্ছেদের অবসান ঘটিয়ে ফের জোট বাঁধল বিজেপি এবং এসএডি (শিরোমণি অকালি দল) (BJP Akali Dal Alliance)। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দুই দলের জোটের কথা ঘোষণা করা হয়। এনডিএ-র শরিক হিসেবেই এবার একসঙ্গে পাঞ্জাবের নির্বাচনী লড়াইয়ে নামবে দুই দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, মঙ্গলবার থেকেই বিজেপি ও অকালি দল আনুষ্ঠানিকভাবে এনডিএর সহযোগী হিসেবে কাজ করবে।

    নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত এক যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন শাহ। সেখানে উপস্থিত ছিলেন অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। গুরু নানক দেবের জন্মবার্ষিকী উপলক্ষে পালিত গুরু পরবের দিন এই রাজনৈতিক ঘোষণা বিশেষ তাৎপর্য বহন করছে বলেই ধারণা রাজনৈতিক মহলের।

    ‘শাহি বক্তব্য’ (Punjab Eelection)

    জোট ঘোষণার পাশাপাশি পাঞ্জাবের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছেন শাহ। তাঁর বক্তব্য, রাজ্য থেকে মাদকাসক্তি ও দুর্নীতি নির্মূল করা, জাতীয়তাবাদী শক্তিকে আরও মজবুত করা এবং কৃষকদের সমস্যার সমাধান করাই হবে জোটের অন্যতম প্রধান লক্ষ্য।

    বিজেপি ও অকালি দলের দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ তুলে শাহ বলেন, প্রকাশ সিং বাদলের নেতৃত্বে অকালি দল ছিল বিজেপির অন্যতম পুরনো সহযোগী। অতীতে দুই দল একাধিক নির্বাচনে একসঙ্গে লড়েছে। কখনও জয় এসেছে, কখনও পরাজয়ের মুখ দেখতে হয়েছে। কিন্তু রাজনৈতিক কারণে মাঝখানে দুই দলের সম্পর্কে ছেদ পড়েছিল।

    শাহের কথায়, “বাদল সাহেবের নেতৃত্বে অকালি দল আমাদের অন্যতম পুরানো সহযোগী ছিল। আমরা একসঙ্গে একাধিক নির্বাচনে লড়াই করেছি। কখনও জিতেছি, কখনও হেরেছি। কিন্তু একটা সময় আমাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। আজ সেই সম্পর্ক আবার নতুন করে শুরু হচ্ছে। এই ঘটনায় আমরা অত্যন্ত আনন্দিত।”

    তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রকাশ সিং বাদল, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী এবং দুই দলের অন্যান্য নেতার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক রয়েছে। অকালি দলের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এনডিএ আরও পূর্ণতা পাবে বলেও এর আগে মন্তব্য করেছিলেন শাহ।

    মাদক ও দুর্নীতি নির্মূলেই বিশেষ জোর

    পাঞ্জাবে মাদক সমস্যাকে জোটের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, রাজ্য (Punjab Eelection) থেকে মাদক নির্মূল করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করাই হবে নতুন জোটের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে। পাশাপাশি জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করার কথাও জানিয়েছেন তিনি।

    শাহ বলেন, “পাঞ্জাব থেকে মাদক নির্মূল করাই আমাদের প্রধান লক্ষ্য হবে। রাজ্য থেকে দুর্নীতি দূর করাও আমাদের অন্যতম অগ্রাধিকার। পাঞ্জাবে জাতীয়তাবাদী শক্তিকে আরও শক্তিশালী করার কাজও করব আমরা।”

    মাদক নির্মূলের লক্ষ্যমাত্রা হিসেবে ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের সময়সীমাও ঘোষণা করেছেন তিনি। তাঁর বক্তব্য, ওই তারিখের মধ্যেই পাঞ্জাবকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে এগোবে জোট।

    রাজ্যের আম আদমি পার্টি সরকারের তীব্র সমালোচনা করেন শাহ। তাঁর অভিযোগ, ক্ষমতায় আসার আগে তিন মাসের মধ্যে পাঞ্জাব থেকে মাদক সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিয়েছিল আম আদমি পার্টি। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। একই ধরনের প্রতিশ্রুতি ২০১৭ সালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।

    ধর্মীয় ভাবাবেগে আঘাত নিয়েও সরব শাহ

    পাঞ্জাবের বর্তমান সরকারকে প্রতিশ্রুতি পালনে ব্যর্থ বলে কটাক্ষ করেছেন শাহ। তাঁর দাবি, নির্বাচনের আগে সাধারণ মানুষকে দেওয়া একাধিক প্রতিশ্রুতি এখনও পূরণ করতে পারেনি রাজ্যের শাসকদল। ফলে সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অপূর্ণই থেকে গিয়েছে।

    শিখ ধর্মগুরুদের অসম্মান করার অভিযোগ নিয়েও কড়া অবস্থান নিয়েছেন শাহ। তাঁর বক্তব্য, যাঁরা শিখ গুরুদের অপমান করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই ঘটনায় দায়ী ব্যক্তি এবং সংশ্লিষ্ট সরকারকেও কোনওভাবেই ছাড় দেওয়া হবে না।

    ‘গুরুদের অসম্মান বরদাস্ত করা হবে না’

    শাহ বলেন, “যাঁরা গুরুদের অসম্মান করেছেন, তাঁদের এবং এর জন্য দায়ী সরকার ও ব্যক্তিদের কোনওভাবেই বরদাস্ত করা হবে না।” ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে এই জোট পাঞ্জাবে রাজনৈতিক পরিবর্তনের পথ প্রশস্ত করবে বলেও আশাবাদী শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএর প্রতি রাজ্যের মানুষ আস্থা রাখবেন এবং (Punjab Eelection) আসন্ন নির্বাচনে জোটকে শক্তিশালী জনসমর্থন দেবেন বলে প্রত্যয়ী তিনি।

    উল্লেখ্য, বিজেপি ও শিরোমণি অকালি দলের এই পুনর্মিলন পাঞ্জাবের রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি করতে পারে। বিশেষত মাদক সমস্যা, কৃষকদের স্বার্থ, দুর্নীতি এবং ধর্মীয় ভাবাবেগের মতো বিষয়কে সামনে রেখে দুই দল (BJP Akali Dal Alliance) আগামী নির্বাচনে কতটা প্রভাব বিস্তার করতে পারে, এখন সেটাই দেখার।

     

LinkedIn
Share