Tag: Rain Alert For Bengal

  • Cyclone Akvan: শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘আকভান’! বুধবারই বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

    Cyclone Akvan: শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ‘আকভান’! বুধবারই বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ (Cyclone Akvan)। গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই আবহাওয়া ব্যবস্থা। দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ১০ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে সেটি। আগামী দু’দিনে আরও শক্তি সঞ্চয় করে প্রথমে তীব্র এবং পরে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার দুপুরে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ‘আকভান’।

    ঘূর্ণিঝড় ‘আকভান’-এর ল্যান্ডফল কোথায়

    আবহবিদদের মত, অন্ধ্রের নেল্লোর ও টুনির কাছাকাছি স্থলভাগে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। বর্তমানে ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে এবং শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৬৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে প্রায় ৭৯০ কিলোমিটার দক্ষিণে রয়েছে সেটি পূর্বাভাস অনুযায়ী, ১৭ নভেম্বর আজ, মঙ্গলবার সন্ধ্যার দিকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ‘আকভান’। এরপর উত্তর-পশ্চিম ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ২০ নভেম্বর শুক্রবার দুপুরের দিকে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির। সেই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। ঝোড়ো দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। নেল্লোর ও টুনি এলাকার মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে।

    দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়া

    ঘূর্ণিঝড়ের প্রভাবে বদলাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার কয়েকটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain Alert For Bengal) সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর জেরে বিলম্বিত হতে পারে শীতের আগমনও। উত্তরবঙ্গে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। এরপর উত্তরবঙ্গের সব জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।

    জগদ্ধাত্রী পুজোয় ভিজবে বাংলা

    বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাতের পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবারও কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

    কলকাতার আবহাওয়া

    বুধবার থেকেই শহরের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এক বা দু’পশলা। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

    আকভান মোকাবিলায় প্রস্তুতি ওড়িশায়

    এক মাসের মধ্যে বঙ্গোপসাগরে পরপর তিনটি ঘূর্ণিঝড়! প্রথমে ‘অর্ণব’, তারপর ‘মুরাসু’, আর এবার ‘আকভান’ (Cyclone Akvan)। শীতের মরসুম শুরু হওয়ার মুখে একের পর এক ঘূর্ণিঝড়ের চোখরাঙানিতে উদ্বেগ বাড়ছে উপকূলবর্তী রাজ্যগুলিতে। আকভানের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে ওড়িশা প্রশাসন। রাজ্যের বিভিন্ন জেলায় ৬০টি ওডিআরএফ এবং ১৪টি এনডিআরএফ দল প্রস্তুত রাখা হয়েছে। গঞ্জাম, গজপতি, কন্ধমাল, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরিতে বিশেষ সতর্কতা জারি হয়েছে। ভূমিধসপ্রবণ ও নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরানোর কাজ চলছে।

    সতর্কতা জারি করেছে অন্ধ্রপ্রদেশ সরকার

    এই পরিস্থিতিতে সতর্কতা জারি করেছে অন্ধ্রপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। উপকূলবর্তী কোনাসীমা, কাকিনাড়া, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, এনটিআর এবং গুন্টুর জেলায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের আগাম সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে। পাশাপাশি জলাধারগুলিতে জলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখার উদ্যোগ নিয়েছে প্রশাসন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

     

LinkedIn
Share