Tag: Rupa Biswas

  • Rupa Biswas Aaj Shanibar: ডিস্কোর যুগেও পাত্তা পায়নি তাঁর গান, ভেঙে পড়েছিলেন গায়িকা! চার দশক পর জিটিএ ৬-এ ফিরল রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’

    Rupa Biswas Aaj Shanibar: ডিস্কোর যুগেও পাত্তা পায়নি তাঁর গান, ভেঙে পড়েছিলেন গায়িকা! চার দশক পর জিটিএ ৬-এ ফিরল রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’

    সুশান্ত দাস

    মালদার এক বাঙালি গায়িকার কণ্ঠে চার দশকেরও বেশি আগে রেকর্ড হয়েছিল একটি বাংলা ডিস্কো গান। মুক্তির সময় তেমন কেউ পাত্তা দেয়নি সেই গানকে। অ্যালবাম বিক্রি হয়েছিল হাতে গোনা কয়েকটি। নিজের গাওয়া গান কিনতে পর্যন্ত রেকর্ডের দোকানে যেতে হয়েছিল গায়িকাকে! সেই ব্যর্থতা এতটাই আঘাত দিয়েছিল যে, একসময় গান গাওয়াই ছেড়ে দেন তিনি। অথচ আজ, ২০২৬ সালে, বিশ্বের অন্যতম প্রতীক্ষিত ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো ৬ (GTA 6)-এর রেডিও স্টেশনে জায়গা করে নিয়েছে তাঁর সেই গান। চার দশক পর নতুন করে বিশ্বজুড়ে শ্রোতাদের কানে পৌঁছচ্ছে রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’। যে গান একদিন অবহেলায় হারিয়ে গিয়েছিল, আজ প্রযুক্তি ও সময়ের হাত ধরে তারই যেন পুনর্জন্ম!

    ডিস্কোর ঝড়েও ব্রাত্য ছিল রূপার গান

    সালটা ১৯৮২। তখন ভারতজুড়ে ডিস্কো মিউজিকের রমরমা। নাজিয়া হাসানের ‘আপ জ্যায়সা কোই’ এবং ‘ডিস্কো দিওয়ানে’ শ্রোতাদের মাতিয়ে রেখেছে। অন্যদিকে বলিউডে বাপ্পি লাহিড়ির একের পর এক হিট গান, ‘ডিস্কো ডান্সার’-এর ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার’ কিংবা ‘জিমি জিমি আজা আজা’ তখন তুমুল জনপ্রিয়। সেই সময়েই একেবারে অন্য ধরনের সঙ্গীত নিয়ে হাজির হয়েছিলেন বাঙালি গায়িকা রূপা বিশ্বাস।

    ১৯৫৫ সালে মালদা শহরে জন্ম রূপার। তাঁর আসল নাম শুক্লা বিশ্বাস। ছোট থেকেই গানের প্রতি ঝোঁক ছিল। আকাশবাণীতে গান গাওয়ার মতো সুযোগও এসেছিল। কিন্তু পেশাদার গায়িকা হিসেবে নিজের জায়গা তৈরি করতে পারেননি। ১৯৮১ সালে পরিবারের সঙ্গে কানাডায় পাড়ি দেন তিনি। সেখানেই বদলে যায় তাঁর জীবনের মোড়।

    কানাডার ক্যালগারিতে বসবাসকারী দাদার উদ্যোগে একদিন বন্ধুদের সামনে গান গাওয়ার সুযোগ পান রূপা। ইউনিভার্সিটি অফ ক্যালগারির রিসাইটাল হলে প্রায় তিন ঘণ্টা ধরে ২৮-২৯টি গান শোনান তিনি। উপস্থিত শ্রোতাদের মধ্যে ছিলেন সরোদশিল্পী আশিস খান এবং তাঁর ভাই প্রণেশ খান। রূপার গান শুনে মুগ্ধ হয়ে তাঁরা অ্যালবাম রেকর্ড করার প্রস্তাব দেন।

    সেই উদ্যোগেই তৈরি হয় ১৯৮২ সালের অ্যালবাম ‘ডিস্কো জ্যাজ’। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সরোদ, তবলার সঙ্গে ডিস্কো ও জ্যাজের মিশেল ঘটিয়ে তৈরি হয়েছিল এক অভিনব সাউন্ড। অ্যালবামের অন্যতম আকর্ষণ ছিল বাংলায় গাওয়া ‘আজ শনিবার’। ছন্দ, সুর এবং ভারতীয় বাদ্যযন্ত্রের মেলবন্ধনে গানটি ছিল সময়ের তুলনায় বেশ অন্যরকম।

    যে অ্যালবাম কিনতে কেউ আসেনি, সেটাই আজ আন্তর্জাতিক চর্চায়

    ভারতে তখন ডিস্কো মিউজিকের জয়জয়কার। বলিউড ছবিতে তখন ডিস্কোর স্বর্ণযুগ চলছে। ‘পেয়ারি দুশমন’ (১৯৮০)-এর ‘হরি ওম হরি’ কিংবা ‘আরমান’ (১৯৮১)-এর ‘রাম্বা হো’—একের পর এক জনপ্রিয় গানে বলিউডের সঙ্গীতের ধারা বদলে দিচ্ছিলেন বাপ্পি লাহিড়ি। এরপর ১৯৮২ সালে মুক্তি পায় ‘ডিস্কো ডান্সার’। ছবির ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার’ এবং ‘জিমি জিমি আজা আজা’ গান দুটি কার্যত ডিস্কো সঙ্গীতের নতুন উন্মাদনা তৈরি করে। শুধু ভারতেই নয়, তৎকালীন সোভিয়েত ইউনিয়নেও ছবিটি ও তার গান বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। পশ্চিমি ছবি ও গানের উপর নানা বিধিনিষেধ থাকা সত্ত্বেও সোভিয়েত দর্শকদের মধ্যে ‘ডিস্কো ডান্সার’-এর এই অভাবনীয় সাফল্য ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

    রূপার এই অ্যালবামটি যখন প্রকাশিত হয়, সেই সময়  ‘কুরবানি’ ছবিতে নাজিয়া হাসানের ‘আপ জ্যায়সা কোই’ ঝড় তুলছে। নাজিয়ার ‘ডিস্কো দিওয়ানে’ মুক্তির মাত্র তিন সপ্তাহের মধ্যে ২ লক্ষের বেশি কপি বিক্রি হয়েছিল বলে জানিয়েছিল ‘বিলবোর্ড’। সেখানে রূপার ‘ডিস্কো জ্যাজ’ কার্যত কোনও সাড়াই পায়নি। ‘দ্য গার্ডিয়ান’-কে ২০১৯ সালে দেওয়া সাক্ষাৎকারে রূপা জানিয়েছিলেন, অ্যালবামটির হাতে গোনা কয়েকটি কপি বিক্রি হয়েছিল। এমনকী নিজের অ্যালবামের ক্যাসেট কিনতে তাঁকে নিজেই দোকানে যেতে হয়েছিল!

    ২৬ বছর বয়সে ওই অ্যালবাম ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলেন রূপা। কিন্তু প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত ফল তাঁকে গভীরভাবে হতাশ করে। ‘দ্য গার্ডিয়ান’-কে তিনি জানিয়েছিলেন, নতুন করে গান গাওয়ার বা অ্যালবাম তৈরির মতো মানসিক শক্তি আর অবশিষ্ট ছিল না তাঁর। নিজের গানও আর শুনতেন না।

    ১৯৮৪ সালে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে বিয়ে করে ইন্দোনেশিয়ায় চলে যান রূপা। সেখানে মাঝেমধ্যে অনুষ্ঠান করলেও ২০১০ সালে স্বামীর মৃত্যুর পর সম্পূর্ণভাবে গান থেকে নিজেকে সরিয়ে নেন। ‘ভোগ ইন্ডিয়া’-কে ২০২৪ সালে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, স্বামীর মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন। গান গাওয়া বন্ধ করে দেন, বাড়ির বাইরেও বেরোতেন না।

    এক বিদেশি ডিজে-র হাত ধরে শুরু পুনর্জন্মের কাহিনি

    রূপা যখন সঙ্গীতজগৎ থেকে প্রায় হারিয়ে গিয়েছেন, তখন তাঁর পুরনো অ্যালবাম ঘিরে তৈরি হচ্ছে নতুন আগ্রহ। ২০১২ সালে আশিম আহলুওয়ালিয়ার ছবি ‘মিস লাভলি’-তে ‘ডিস্কো জ্যাজ’-এর কয়েকটি গান ব্যবহার করা হয়। ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তাঁ রোগার্ড’ বিভাগেও জায়গা করে নেয়।

    এরপর সুইডিশ ডিজে অ্যালবিয়ন ভেনেবলস অনলাইনে এক জার্মান বিক্রেতার তালিকায় অ্যালবামটি খুঁজে পান। ‘আজ শনিবার’ শুনে এতটাই মুগ্ধ হন যে নিজের ডিজে সেটে গানটি বাজাতে শুরু করেন। সেখান থেকে গানটি পৌঁছে যায় কানাডার সঙ্গীতশিল্পী ও ডিজে ড্যান স্নেইথের কাছে, যিনি ‘ক্যারিবু’ এবং ‘ড্যাফনি’ নামে পরিচিত। তাঁর ডিজে সেট ও রেডিও অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পৌঁছতে শুরু করে রূপার গান।

    ২০১৭ সালে জার্মান লেবেল ‘ওভুলার’ অ্যালবামটির একটি অনানুষ্ঠানিক সংস্করণ প্রকাশ করে। পরে ২০১৯ সালে শিকাগোর আর্কাইভাল রেকর্ড লেবেল ‘নুমেরো গ্রুপ’ থেকে ‘ডিস্কো জ্যাজ’-এর আনুষ্ঠানিক পুনঃপ্রকাশ ঘটে। ফলে পুরনো রেকর্ড সংগ্রাহক ও আন্তর্জাতিক সঙ্গীতপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে আগ্রহ।

    ছেলের হাত ধরে ফিরলেন গানেও

    এত কিছু ঘটে গেলেও রূপা নিজে কিছুই জানতেন না। কলকাতার বাড়িতে তাঁর ছেলে দেবায়ন সেন পুরনো অ্যালবামটি নতুন করে খুঁজে পান। ক্যাসেটটি মায়ের হাতে তুলে দিলে প্রথমে সেটি ফেলে দিতে বলেছিলেন রূপা! যে অ্যালবাম একসময় তাঁর স্বপ্নভঙ্গের কারণ হয়েছিল, সেটির যে বিদেশে এত কদর তৈরি হয়েছে, তা বিশ্বাসই করতে পারেননি তিনি।

    ধীরে ধীরে আবার গানের জগতে ফিরতে শুরু করেন রূপা। ২০২৩ সালের ডিসেম্বরে কলকাতা জ্যাজ ফেস্টে প্রায় ৩০ বছর পর প্রথমবার মঞ্চে গান করেন। ২০২৪ সালে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারেও অনুষ্ঠান করেন তিনি। ‘ভোগ ইন্ডিয়া’-কে সেই সময় রূপা বলেছিলেন, বয়স হয়ে গেলেও মানুষ এখনও তাঁকে গাইতে ডাকছেন, এটা তাঁর কাছে দারুণ অনুভূতি।

    জিটিএ ৬-এ ‘আজ শনিবার’, নতুন প্রজন্মের কানে বাঙালির সুর

    এবার সেই যাত্রায় যুক্ত হল আরও এক আন্তর্জাতিক মঞ্চ। বহুল প্রতীক্ষিত ‘গ্র্যান্ড থেফট অটো ৬’-এর ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ রেডিও স্টেশনের প্লেলিস্টে জায়গা পেয়েছে রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’। অর্থাৎ, গেমের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও পৌঁছবে চার দশক আগের এই বাংলা গান।

    উল্লেখ্য, জিটিএ-র জগতে ভারতীয় সঙ্গীত অবশ্য একেবারে নতুন নয়। ২০০৫ সালের ‘জিটিএ: লিবার্টি সিটি স্টোরিজ’-এ আশা ভোঁসলের ‘দম মারো দম’, আনন্দ শঙ্করের ‘রঘুপতি’ এবং বিজয়া আনন্দের ‘নীভে নান্না’ জায়গা পেয়েছিল ‘রেডিও ডেল মুন্ডো’ স্টেশনে।

    একসময় যে গানের ক্যাসেট কিনতে কাউকে পাওয়া যায়নি, যে গায়িকা নিজের সৃষ্টিকেই ভুলে থাকতে চেয়েছিলেন, আজ তাঁর গান শুনতে আগ্রহী আন্তর্জাতিক শ্রোতারা। ব্যর্থতার যন্ত্রণা, দীর্ঘ নীরবতা পেরিয়ে রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’ ফিরে এসেছে নতুন পরিচয়ে। চার দশক আগে সময় যে গানকে চিনতে পারেনি, আজ সেই গানই সময়ের সীমানা পেরিয়ে পৌঁছে যাচ্ছে গোটা বিশ্বের কাছে।

LinkedIn
Share