Tag: Sachin Tendulkar

Sachin Tendulkar

  • Vaibhav Sooryavanshi: ভেঙে যাবে সচিনের ৩৭ বছর আগের রেকর্ড! ভারতীয় দলে অভিষেকের অপেক্ষায় বৈভব

    Vaibhav Sooryavanshi: ভেঙে যাবে সচিনের ৩৭ বছর আগের রেকর্ড! ভারতীয় দলে অভিষেকের অপেক্ষায় বৈভব

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান! আর মাত্র দু’মাস পরেই সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিতে পারে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। আইপিএল শেষ হওয়ার পর জুনে আয়ারল্যান্ড সফরে ভারতের টি-টোয়েন্টি দলে ১৫ বছরের বৈভবকে রাখা হবে বলেই মনে করা হচ্ছে। যদি সত্যিই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বৈভবের, তবে সবচেয়ে কম বয়সে ভারতের হয়ে খেলার রেকর্ড গড়বে বৈভব। ভেঙে দেবে সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড।

    ভাঙার মুখে সচিনের রেকর্ড

    প্রায় চার দশক আগে বাইশ গজ দেখেছিল এক বিস্ময় বালককে। ১৯৮৯ সালে ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন সচিন তেন্ডুলকর। সেই শুরু বাকিটা ইতিহাস। চলতি আইপিএল শেষের পরেই জুন মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়োজিত হবে ম্যাচগুলি। একাধিক রিপোর্টে প্রকাশ, এই সিরিজের জন্য পূর্ণশক্তির দল নামাবে না ভারত। তরুণ ক্রিকেটারদের দেখে নিতে চায় বিসিসিআই। তাই সুযোগ পেতে পারে বৈভব। বোর্ডের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেন, ‘আয়ারল্যান্ডের বিরুদ্ধে ট্যুরে সুযোগ পাওয়ার দৌড়ে রয়েছে বৈভব। বাকি অনেক ক্রিকেটারদের সঙ্গে ওর নামও তালিকায় রেখেছেন নির্বাচকরা।’আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের হয়ে অভিষেক ঘটলে তখন বৈভবের বয়স হবে ১৫ বছর ৯১ দিন।

    আয়ারল্যান্ডের পর জিম্বাবোয়ে

    আয়ারল্যান্ডে ভাল খেলতে পারলে পরবর্তী জিম্বাবোয়ে সফরের দলেও বৈভবকে রাখা হবে বলে খবর। সেখানে ২৩ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে ভারতের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। যেহেতু আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়ের মতো তুলনায় দুর্বল দু’টি দলের সঙ্গে ভারতের খেলা রয়েছে, নির্বাচকেরা এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, আর অপেক্ষা না করে বৈভবকে এখনই জাতীয় দলে খেলানো হোক। বোর্ডেরই প্রাক্তন কোষাধ্যক্ষ এবং বর্তমান আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল কিছু দিন আগেই সামাজমাধ্যমে লিখেছিলেন, “এ বারের আইপিএলে বৈভব সূর্যবংশীর কী অসাধারণ ব্যাটিং প্রদর্শনী! ওর পারফরম্যান্স বিবেচনা করলে এই বলতেই হয়, এই বিস্ময়কর প্রতিভা অবশ্যই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ভারতের হয়ে অভিষেকের দাবি রাখে। এত কম বয়সে এমন প্রতিভাবান কাউকে খুঁজে পাওয়া বিরল। ভারতের সর্বকনিষ্ঠ অভিষেককারী হিসেবে ওর খেলার সুযোগ পাওয়া উচিত।”

    বিস্ময় বালক বৈভব

    ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বিসিসিআই-এর কাছে বৈভবকে বিবেচনা করার আহ্বান জানান। এ বারের আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বৈভব ১৭ বলে ম্যাচ জেতানো ৫২ রান করে। তার পরেই ভন এই মন্তব্য করেন। এর পর ইরফান পাঠান, হরভজন সিং-সহ আরও অনেক প্রাক্তন ক্রিকেটার বিসিসিআইকে বলেছেন, আইপিএলের পরেই বৈভবকে ভারতীয় দলে নেওয়া হোক। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি অবশেষে এই আবেদনে সাড়া দিচ্ছে বলে অনুমান ক্রিকেট মহলের। গত মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিষেকের পরেই চর্চায় উঠে আসে বৈভব। তারপর ভারতের বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়ে নজর কেড়েছে সে। টেস্ট হোক বা টি-টোয়েন্টি, যে কোনও ফর্ম্যাটেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছে ১৫ বছর বয়সি এই ক্রিকেটার। তাই বৈভবকে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি জোরালো হয়েছে আরও।

  • Virat Kohli: নতুন বছরের শুরুতেই শচিনের রেকর্ড ভাঙলেন কোহলি, বিরাট-ব্যাটে সহজ জয় ভারতের

    Virat Kohli: নতুন বছরের শুরুতেই শচিনের রেকর্ড ভাঙলেন কোহলি, বিরাট-ব্যাটে সহজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: যেখানে ২০২৫ শেষ করেছিলেন, সেখান থেকেই ২০২৬ শুরু করলেন বিরাট কোহলি (Virat Kohli)। মাত্র সাত রানের জন্য সেঞ্চুরি মিস করলেও রবিবার এক নতুন ইতিহাস লিখলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের (IND vs NZ) প্রথম ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকদের (Most Runs In International Cricket) তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের এই কিংবদন্তি। ছাপিয়ে গেলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে। সামনে শুধুই ক্রিকেটের ঈশ্বর শচিন তেন্ডুলকর। অন্যদিকে, শচিন ৬৪৪ ইনিংস আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রানের মাইলস্টোন পেরিয়েছিলেন। লিটল মাস্টারের থেকে ২০ ইনিংস কম খেলে ২৮ হাজারি ক্লাবে পৌঁছলেন ‘রান মেশিন’ কোহলি।

    বিরাট-ব্যাটে নজিরের পর নজির

    নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে’তে সর্বাধিক রান করা ভারতীয় ক্রিকেটার কে? উত্তরটা শচিন। কিউয়িদের বিরুদ্ধে ৪১ ইনিংসে ১,৭৫০ রান করেছিলেন তিনি। গড় ৪৬.০৫। এর মধ্যে ৫টি সেঞ্চুরি এবং ৮টি হাফসেঞ্চুরি। রবিবার লিটল মাস্টারের নজির ৯৪ রান করলেই ছাপিয়ে যেতে পারতেন ‘চেজমাস্টার’। কিন্তু তিনি আউট হলেন ৯৩ রানে। কিউয়িদের বিপক্ষে ৩৪ ইনিংসে কোহলির এখন ১,৭৫০ রান। অর্থাৎ এক্ষেত্রে শচিনকে স্পর্শ করলেন তিনি। রেকর্ড এবং বিরাট কোহলি যেন একে অপরের সমার্থক। দক্ষিণ আফ্রিকা সিরিজের একমাস পর ওয়ানডে’তে নেমেই ফের সুপারহিট কিং কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেলে বুঝিয়ে দিলেন ‘ক্লাস ইজ পার্মানেন্ট’। ৭ রানের জন্য সেঞ্চুরি পেলেন না বটে, তবে বরোদার ম্যাচের পর তাঁর নামের পাশে একাধিক নজির।

    সর্বোচ্চ আন্তর্জাতিক রান

    শচিন তেণ্ডুলকর: ৩৪,৩৫৭
    বিরাট কোহলি: ২৮,০৬৮
    কুমার সঙ্গকারা: ২৮,০১৬

    বিরাট-ব্যাটেই জয়

    রবিবার মূলত বিরাটের ইনিংসে ভর করেই ওডিআই সিরিজে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে (IND vs NZ) এগিয়ে গেল ভারত। এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শুভমন গিল। কিউয়ি ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন কনওয়ে ও হেনরি। দুই ব্যাটারের মধ্যে ১১৭ রানের পার্টনারশিপ হয়। হর্ষিতের বলে ৬২ করে আউট হন হেনরি, ৫৬ রানে সাজঘরে ফেরেন কনওয়ে। ইয়ং মাত্র ১২ রানে আউট করেন সিরাজ। এর পর স্কোরবোর্ডের হাল ধরেন ড্যারিল মিচেল (Daryl Mitchell)। ৮৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তবে তাঁকে সেভাবে সঙ্গ দিতে পারেননি কেউই। ৫০ ওভার শেষে ৮ উইকেটে ৩০০ রান তোলে নিউজিল্যান্ড। ভারতের হয়ে সিরাজ, হর্ষিত ও প্রসিদ্ধ একজোড়া করে উইকেট নেন। কুলদীপ নেন একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মাকে (Rohit Sharma) শুরু থেকেই মারমুখী মেজাজে দেখা যায়। কিন্তু ২৬ রানে আউট হন হিটম্যান। তারপর শুভমনের সঙ্গে স্কোরবোর্ডের হাল ধরেন বিরাট। দু’জনের মধ্যে ১১৮ রানের পার্টনারশিপ হয়। গিল ৫৬ রানে আউট হলে বিরাটের সঙ্গে রানের রথে সওয়ার হন প্রত্যাবর্তনকারী শ্রেয়স আইয়ার। এক রানের জন্য হাফ-সেঞ্চুরি মিস করলেও এদিন তাঁর ব্যাটিংয়ে প্রতিফলিত হয় আত্মবিশ্বাস। জাদেজা ব্যাট হাতে সফল না হলেও মাঝে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলে ফের চমক দেন হর্ষিত রানা। তবে দায়িত্ব সহকারে দলকে ম্যাচ জেতান কেএল রাহুল।

    ভগবানের কাছে আমি চির কৃতজ্ঞ

    যাঁকে আইডল মেনে ক্রিকেট খেলা শুরু করেছিলেন, তাঁর রেকর্ডের আরও কাছে পৌঁছে গেলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান করার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কিং কোহলি। কুমার সাঙ্গাকারাকে টেক্কা দিয়ে দুই নম্বরে উঠে এসেছেন বিরাট। তাঁর ঝুলিতে এখন রয়েছে ২৮,০৬৮ রান। সামনে সচিন তেন্ডুলকর। তাঁর ঝুলিতে ৩৪, ৩৫৭ রান। অল্পের জন্য শতরান মিস করলেও বিরাটের ব্যাট থেকেই এসেছিল ৯৩ রান। ৯১ বলের ইনিংসে আটটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান বিরাট। খেলার শেষে তিনি বলেন, “আমি যখন আমার কেরিয়ারটা পেছন ফিরে দেখি তাহলে অসংখ্য মধুর স্মৃতি রয়েছে। ভগবানের কাছে আমি চির কৃতজ্ঞ। অনেক কিছু পেয়েছি।” প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেন, “আমি বরাবরই নিজের ক্ষমতা সম্পর্কে জানতাম। নিজের ক্ষমতা যতটুকু তার মধ্যেই আরও পরিশ্রম করে নিজের উন্নতির চেষ্টা করতাম।” উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ানডেতে বিরাট করেছিলেন ৩০২ রান। গড় ১০০-র উপরে। তাছাড়াও ২০২৫ সালের ১৩ ইনিংসে মোট ৬৫১ রান করেছেন। গড় ৬৫.১০। যা একই ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের নজির। এরপর বিজয় হাজারেতে প্রথম ম্যাচে ১৩১ রানের পর গুজরাটের বিরুদ্ধে ৬১ বলে ৭৭ রান করে যান বিরাট। একই ফর্ম বজায় থাকল নিউজিল্যান্ডের বিরুদ্ধেও।

  • India-W World Cup Champion: ‘একটা ঐতিহাসিক মাইলফলক’, বললেন শচিন, ‘গোটা দেশকে গর্বিত করেছ’, লিখলেন কোহলি

    India-W World Cup Champion: ‘একটা ঐতিহাসিক মাইলফলক’, বললেন শচিন, ‘গোটা দেশকে গর্বিত করেছ’, লিখলেন কোহলি

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মত মহিলা বিশ্বকাপ জিতে ইতিহাস রচনা করেছে ভারতের মেয়েরা। মুম্বইতে ফাইনালে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই ঐতিহাসিক জয় ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে উৎসবের আমেজ। বিশ্বের নানা প্রান্ত থেকে “উইমেন ইন ব্লু”-দের উদ্দেশে অভিনন্দন বার্তা আসছে। বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, যুবরাজ সিং স বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় মহিলা দলকে।

    একটা ঐতিহাসিক মাইলফলক: শচিন

    এক্স হ্যান্ডেলে শচিন লিখলেন, ‘১৯৮৩ সালের ঐতিহাসিক জয় যেমন বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের পিছনে দৌড়াতে একটা গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছিল, আজ আমাদের মহিলা ক্রিকেট দল সত্যিকারের সেই ইতিহাস করল। তারা সারা দেশের অসংখ্য তরুণীকে ব্যাট-বল হাতে তুলে মাঠে নামতে এবং বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছে যে তারাও একদিন এই ট্রফি তুলতে পারবে। ভারতীয় মহিলা ক্রিকেটের জার্নিতে এটা একটা ঐতিহাসিক মাইলফলক। সাবাস, টিম ইন্ডিয়া। তোমরা গোটা দেশকে গর্বিত করেছ।’

    ভীষণ গর্বিত… বিশ্ব চ্যাম্পিয়ন: সৌরভ

    ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও মহিলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন ও তাদের জন্য গর্বিত বলে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘মেয়েদের অসাধারণ সাফল্য! গত ৬ বছরে তারা অনেক দূর এগিয়েছে। তাদের নিয়ে ভীষণ গর্বিত… বিশ্ব চ্যাম্পিয়ন।”

    তোমরা গোটা দেশকে গর্বিত করেছ: কোহলি

    অভিনন্দন জানালেন বিরাট কোহলিও। এক্সে পোস্ট করে তিনি লিখলেন, ‘ভারতের মেয়েরা ইতিহাস গড়লেন! তাঁদের এই ঐতিহাসিক সাফল্যে গর্বে ভরে উঠেছে গোটা দেশ। বহু বছরের পরিশ্রম ও অধ্যবসায় আজ বাস্তবের রূপ নিয়েছে। অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং গোটা দলকে আন্তরিক অভিনন্দন। শুধু খেলোয়াড়রা নয়, দলের সঙ্গে যুক্ত সমগ্র সাপোর্ট স্টাফ ও ম্যানেজমেন্টকেও ধন্যবাদ জানানো উচিত, যাঁদের অক্লান্ত পরিশ্রমের ফল এই জয়। দারুণ খেলেছ টিম ইন্ডিয়া। এই ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করো হৃদয়ভরে। দেশের অসংখ্য কন্যা এই জয় দেখে অনুপ্রাণিত হবে ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলায় নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে।’ ট্রফি হাতে ভারতীয় দলের ছবি দিয়ে লেখেন, “তোমরা পরের প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। ভয়ডরহীন ক্রিকেট খেলে তোমরা গোটা দেশকে গর্বিত করেছ। তোমাদের এই শুভেচ্ছা প্রাপ্য। এই মুহূর্তটা তোমাদের। উপভোগ করো। হরমন ও তার দল দুর্দান্ত খেলেছো। জয় হিন্দ।”

    আবেগপ্রবণ রোহিতের চোখে জল

    এদিকে, টিম ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গিয়েছিলেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার জয় তিনিও উদযাপন করেন এবং যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। হরমনপ্রীতের ক্যাচে ভারত ম্যাচ জেতার পর ক্যামেরা ধরে রোহিতকে। দেখা যায়, আকাশের দিকে তাকিয়ে হাততালি দিচ্ছেন তিনি। বোঝা যাচ্ছিল, রোহিতের চোখে জল। কোনও রকমে আবেগ সামলানোর চেষ্টা করছিলেন তিনি। ২ বছর আগে এমনই এক নভেম্বরে অস্ট্রেলিয়ার কাছে ভারতের পুরুষ দল বিশ্বকাপ ফাইনালে হেরেছিল। স্বপ্নভঙ্গ হয়েছিল দেড় কোটি ভারতবাসীর। সেদিন কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন রোহিত। তবে সেই কান্না লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি। আর গতকাল রাতে চোখের সামনে হরমনপ্রীতদের বিশ্বকাপ জয় দেখে চোখ ছলছল হয়ে গিয়েছিল রোহিত শর্মার। যেন, তিনি যে না করতে পারেননি, তা হরমনরা করতে পারায় বুকের ওপর থেকে কিছুটা হলেও বোঝা কমল। বা হয়ত, সেই ২০২৩ সালের নভেম্বরের রাতের কথাটাই তাঁর মনে পড়ছিল।

    ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা: যুবরাজ

    আর এক বিশ্বকাপজয়ী যুবরাজ সিং গোটা দল তো বটেই, বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, রিচা ঘোষকে। তিনি লেখেন, ‘ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা হল। ইতিহাসের পিছনে রয়েছে আমাদের উইমেন ইন ব্লু–র অদম্য মনোবল, দৃঢ়তা এবং অতুলনীয় দক্ষতা। অদম্য জেদে গড়া এই দল একসঙ্গে মিলিত হয়ে এমন এক মুহূর্ত সৃষ্টি করেছে, যা গোটা বিশ্ব কখনও ভুলবে না। স্বপ্ন পূরণের জন্য তাঁরা নিজেদের সমস্তটুকু উজাড় করে দিয়েছেন, শরীর-মন এক করে খেলেছেন শেষ বল পর্যন্ত। ব্যাট হাতে দুরন্ত শুরু করে ও বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন শেফালি ভার্মা। অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে উজ্জ্বল দীপ্তি শর্মা ব্যাটে-বলে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকতা, সৌন্দর্য ও দৃঢ়তায় ভারতের ব্যাটিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন স্মৃতি মান্ধানা। রিচা ঘোষের আত্মবিশ্বাসে ভরপুর ইনিংস ভারতকে রানের গতি বাড়াতে সাহায্য করেছে। বিশেষ অভিনন্দন হরমনপ্রীত কৌর এবং কোচ অমল মজুমদারকে। ভারত এখন বিশ্ব চ্যাম্পিয়ন!’

  • Tendulkar Foundation: ফের স্বপ্ন দেখাচ্ছেন সচিন! একদা মাও-গড় দান্তেওয়াড়ায় গড়ে তুলছেন ৫০টি খেলার মাঠ

    Tendulkar Foundation: ফের স্বপ্ন দেখাচ্ছেন সচিন! একদা মাও-গড় দান্তেওয়াড়ায় গড়ে তুলছেন ৫০টি খেলার মাঠ

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ের মাওবাদী-অধ্যুষিত জেলা দান্তেওয়াড়ায় (Dantewada) শুরু হয়েছে এক ব্যতিক্রমী ক্রীড়া আন্দোলন। জেলা প্রশাসনের উদ্যোগে এবং সচিন তেন্ডুলকার ফাউন্ডেশন (Tendulkar Foundation) ও মান দেশি ফাউন্ডেশনের সহযোগিতায় ‘ময়দান কাপ’ প্রকল্পের আওতায় গড়ে তোলা হচ্ছে ৫০টি খেলার মাঠ। এই প্রকল্পের মধ্য দিয়ে খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের জীবনে নতুন আশার আলো জ্বালাতে চায় জেলা তথা রাজ্য প্রশাসন।

    ২০টি মাঠ নির্মাণ সম্পন্ন

    দান্তেওয়াড়ার কালেক্টর কুণাল দুদাওয়াত বলেন, গত বছর, রাজ্য সরকার দান্তেওয়াড়া এবং অন্যান্য ছয়টি জেলা সহ বাস্তার অঞ্চলের ক্রীড়া প্রতিভাদের উৎসাহিত করার জন্য বাস্তার অলিম্পিক ২০২৪ আয়োজন করেছিল। লক্ষ্য ছিল নকশাল-প্রভাবিত এবং সংবেদনশীল জেলাগুলির ক্রীড়া প্রতিভাদের খেলার মাধ্যমে সমাজের সাথে সংযুক্ত করা। তারই অংশ হিসেবে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় সরকারি উচ্চ বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং পোর্টা-কেবিন স্কুলের ক্যাম্পাসে নির্মিত হচ্ছে এই মাঠগুলো। ইতিমধ্যেই ২০টি মাঠ নির্মাণ সম্পন্ন হয়েছে এবং বাকি ৩০টি অক্টোবরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। মাঠগুলিতে থাকছে ১৩ ধরনের খেলাধুলার সুযোগ—দৌড়, লং জাম্প, শটপুট, জ্যাভলিন থ্রো এবং ওয়াল ক্লাইম্বিং সহ বিভিন্ন ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট। প্রতিটি মাঠ নির্মাণে খরচ হচ্ছে ৪ লক্ষ্য টাকা। এই মাঠ তৈরিতে ব্যবহৃত হচ্ছে স্থানীয় উপকরণ। এর ফলে দেশ আত্মনির্ভরতার পথে এগোচ্ছে, বলে জানান দুদাওয়াত।

    সচিন তেন্ডুলকরের মতো আইকনিক ব্যক্তিত্বদের দরকার

    দুদাওয়াত বলেন, জেলা প্রশাসন স্বাধীনভাবে খেলার মাঠ তৈরি করতে পারত, তবে পিছিয়ে পড়া এই অঞ্চলের যুবক ও শিশুদের আকৃষ্ট করার জন্য সচিন তেন্ডুলকরের মতো আইকনিক ব্যক্তিত্বদের জড়িত করা প্রয়োজন। এই প্রকল্পের অংশ হিসেবে ইতিমধ্যেই দান্তেওয়াড়ার চিন্দনার, কাসোলি ও হিটামেটা গ্রামের মাঠ নির্মাণ শেষ হয়েছে, যার সুফল পাচ্ছে প্রায় ১০,০০০ শিশু। শুধু খেলার মাঠ নয়, দান্তেওয়াড়ায় গড়ে তোলা হচ্ছে একটি আধুনিক ‘স্পোর্টস সিটি’। সেখানে থাকবে ক্রিকেট, ফুটবল, হকি মাঠ, সুইমিং পুল ও আবাসন সুবিধাসহ উন্নত প্রশিক্ষণ কেন্দ্র।

  • India England Cricket: সরছে পটৌডীর নাম! সচিন-অ্যান্ডারসনের নামে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ

    India England Cricket: সরছে পটৌডীর নাম! সচিন-অ্যান্ডারসনের নামে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদিন ভারত ইংল্যান্ডে টেস্ট সিরিজ (India England Cricket) খেলতে গেলে সেই ট্রফি ছিল পটৌডীর নামে। প্রসঙ্গত, ভারতের দুই প্রাক্তন অধিনায়ক ইফতিখর আলি খান পটৌডী এবং মনসুর আলি খান পটৌডীর নামেই ছিল এই ট্রফির নাম। তবে এবারে তা বদলে যাচ্ছে। ট্রফির নাম হচ্ছে সচিন-অ্যান্ডারসন। চলতি মাসের ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। সেই ট্রফির নাম হতে চলেছে জেমস অ্যান্ডারসন এবং সচিন তেন্ডুলকরের নামে। ইংল্যান্ডের এক সংবাদমাধ্যম এমনই দাবি করেছে।

    ২০০৭ সালে ভারত-ইংল্যান্ডের মধ্যে শুরু হয় পটৌডী ট্রফি (India England Cricket)

    প্রসঙ্গত, আজ থেকে ১৮ বছর আগে ২০০৭ সালে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নাম হয়েছিল পটৌডী ট্রফি। ভারত-ইংল্যান্ড টেস্টের সেটা ছিল ৭৫তম বছর। সেই উপলক্ষ্যেই পটৌডী পরিবারের দুই ক্রিকেটারকে সম্মান জানাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে খবর। এ বার তবে সেই নাম বদলে যাচ্ছে। কিছু দিন আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বিসিসিআইকে (India England Cricket) এই বিষয়টি জানিয়ে দেয়। তখনই নতুন ট্রফি দু’দেশের দুই প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসনের নামে করার প্রস্তাব দেয় ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (India England Cricket Series)।

    দুই কিংবদন্তি ক্রিকেটার সচিন-অ্যান্ডারসন (India England Cricket Series)

    ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকর। টেস্ট ক্রিকেটের (India England Cricket) ইতিহাসে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক। যাঁর রান ১৫,৯২১। ১৯৮৯ থেকে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন সচিন তেন্ডুলকর। ২০১৩ সাল পর্যন্ত তিনি ২০০ টেস্ট খেলেছেন। অন্যদিকে অ্যান্ডারসন হলেন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারী। যার মধ্যে ৭০৪ উইকেট রয়েছে। তথ্য বলছে, এই দুই কিংবদন্তি ক্রিকেটার ১৪টি টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছেন। দুই দেশের সেরা ক্রিকেটারকে সম্মান জানাতে এই ট্রফিটি তাঁদের উভয়ের নামেই নামকরণ করা হচ্ছে।

  • Sara Tendulkar: এবার কি বলিউডে? সচিনের মেয়ে সারার ভাইরাল ভিডিও নিয়ে জল্পনা তুঙ্গে

    Sara Tendulkar: এবার কি বলিউডে? সচিনের মেয়ে সারার ভাইরাল ভিডিও নিয়ে জল্পনা তুঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সচিন কন্যা সারা। দীর্ঘদিন ধরেই এমন গুঞ্জন শোনা যায় বি-টাউনে। ফ্যানেরাও সারাকে বড় পর্দায় দেখতে আগ্রহী। কিন্তু এখনও কোনও সিল মোহর পড়েনি সারার অভিনয় কেরিয়ারে। তবে সম্প্রতি একটি ভাইরাল ভিডিও সারার (Sara Tendulkar) বলিউডে আসার খবরকে ফের উস্কে দিয়েছে।

    ভাইরাল ভিডিও-য় সারা (Sara Tendulkar)

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। বুধবার মুম্বইয়ের পালি হিল এলাকায় একটি ভ্যানিটি ভ্যান থেকে বের হতে দেখা যায় সারাকে (Sara Tendulkar)। একটি নীল মিনি ড্রেসে দারুণ দেখাচ্ছে সচিন তনয়াকে। ফ্যানেরাও তাঁকে দেখে ছবি তুলতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে অনেকে লেখেন, যেন রাজকন্যার মতো লাগছে সারাকে। বহুদিন ধরেই ইন্ডাস্ট্রিতে শোনা যায়, অভিনয়ে (Bollywood Debut) নামছেন সারা তেন্ডুলকর। ইতিমধ্যেই একাধিক ব্র্যান্ডের মুখও হয়ে উঠেছেন তিনি।

    আরও পড়ুন: লক্ষ্য আইএসএল! মোহনবাগানে স্কটিশ স্ট্রাইকার স্টুয়ার্ট, রেকর্ড অর্থে ইস্টবেঙ্গলে জিকসন

    শিরোনামে সারা (Sara Tendulkar)

    বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকেন সারা তেন্ডুলকর৷ সচিনের (Sachin Tendulkar) মেয়ে হিসেবে তো বটেই, ভারতের তারকা ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও কথা ওঠে। সোশ্যাল মিডিয়ায় সারা তেন্ডুলকরের ফলোয়ার লক্ষ, লক্ষ৷ এমনকি বলিউডের অনেক হিরোইনেরও থেকেও বেশি ফলোয়ার রয়েছে সচিন কন্যার৷ তিনি এতটাই মোহময়ী যে তাঁর ছবি থেকে মুখ ফেরানো যায় না৷  অসম্ভব সুন্দর স্টাইলিং সেন্স রয়েছে সারার (Sara Tendulkar)৷ ফ্যাশন ডিভা বললেও কম বলা হবে৷ মাত্র ২৬ বছর বয়সেই তিনি কোটি টাকার মালিক৷ এই টাকা তাঁর পারিবারিক নয়, নিজস্ব৷ বলিউডের কোনও ছবিতে কাজ করেননি, তবুও সারার জনপ্রিয়তা অন্য কোনও অভিনেত্রীর থেকে কম নয়। বলিউড অভিনেত্রী না হলেও তার সৌন্দর্যে মুগ্ধ ফ্যানরা৷ তিনি মডেলিং করেন৷ মডেল হিসেবে একটি নামি ব্র্যান্ডে আত্মপ্রকাশ করেন সারা৷ বনিসা সান্ধু এবং তানিয়া শ্রফের সঙ্গে সেখানে দেখা গিয়েছিল সারাকে৷ সারা মায়ের মতো ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: সচিনের আইপিএল রেকর্ড ভাঙলেন সাই সুদর্শন, চেন্নাইয়ের বিপক্ষে চোখ ধাঁধানো ব্যাটিং গিলের

    IPL 2024: সচিনের আইপিএল রেকর্ড ভাঙলেন সাই সুদর্শন, চেন্নাইয়ের বিপক্ষে চোখ ধাঁধানো ব্যাটিং গিলের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলে (IPL 2024) প্লে-অফে ওঠার আশা বাঁচিয়ে রাখার জন্য শুভমনদের মরিয়া ক্রিকেট উপহার দিল জোড়া শতরান। দুই ওপেনার শুভমন এবং সাই সুদর্শনের ব্যাট থেকে এল শতরানের ইনিংস। তৈরি হল রেকর্ডের পর রেকর্ড। ভেঙে গেল আইপিএলে ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের রেকর্ডও। এল আইপিএলের শততম শতরান।

    ভাঙল সচিনের রেকর্ড

    আইপিএলের (IPL 2024) চলতি মরশুমে প্লে-অফে ওঠার আশা জিইয়ে রাখতে হলে এদিন জিততেই হত গুজরাটকে (CSK vs GT)। এই ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠলেন দলের তরুণ তুর্কি সাই সুদর্শন (Sai Sudarshan)। ভেঙে ফেললেন ঋতুরাজ গায়কোয়াড় ও সচিন তেন্ডুলকরের রেকর্ড। ৩২ বলে এদিন নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন সাই সুদর্শন। দুরন্ত ছন্দে দেখাচ্ছে তাঁকে। সিএসকের বিরুদ্ধে এই ইনিংসের সুবাদেই ভারতীয় হিসাবে এক সর্বকালীন রেকর্ড গড়ে ফেললেন তিনি। দ্রুততম ভারতীয় হিসাবে আইপিএলে হাজার রানের গণ্ডি পার করলেন তিনি। এতদিন সচিন ও রুতুরাজের ৩১ ইনিংসে হাজার রানের গণ্ডি পার করা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ছিল। কিন্তু মাত্র ২৫ ইনিংসেই হাজার রানের গণ্ডি পার করে ফেললেন সুদর্শন। অবশ্য সর্বকালীন তালিকায় শীর্ষ রয়েছেন শন মার্শ। তিনি ২১ ইনিংসে হাজার আইপিএল রান করেছিলেন। সর্বকালীন তালিকায় ম্যাথু হেডেনের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম হিসাবে হাজার রান করলেন গুজরাট তারকা।

    শুভমনের রেকর্ড

    আইপিএলের (IPL 2024) ইতিহাসে শততম শতরান হল শুক্রবার। গুজরাট টাইটান্স (CSK vs GT) অধিনায়ক শুভমন গিল শতরান করলেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ৫০ বলে করা তাঁর শতরান আইপিএলে শততম। একই সঙ্গে আইপিএলে নিজের চতুর্থ শতরানও করলেন শুভমন। একটা সময় দু’জনেই ৪৮ বলে ৯৬ রানে ছিলেন। তবে আগে শতরান পূর্ণ করেন গুজরাট অধিনায়ক। নিজের খেলা ৫০তম বলে চার মেরে শতরান পূর্ণ করেন শুভমন। পরে সুদর্শনও তাঁর খেলা ৫০তম বলে ছয় মেরে শতরান পূর্ণ করেন। গুজরাটের দুই ওপেনারের ব্যাটিংয়ে এমন মিল আইপিএলে দেখা যায়নি। এটি একটি বিরল রেকর্ড। গিল সেঞ্চুরিতে মেরেছেন নয়টি চার ও ছয়টি ওভার বাউন্ডারি। পাশাপাশি সুদর্শন ১০০ রান নিতে মেরেছেন পাঁচটি চার ও সাতটি ছক্কা। 

    প্লে-অফের দৌড়ে টিকে গুজরাট

    জোড়া শতরানে‌ প্লে অফের লড়াইয়ে টিকে থাকল গুজরাট টাইটান্স। শুক্রবার রাতে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে ৩৫ রানে হারালেন শুভমন গিলরা। প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান তোলে গুজরাট। জবাবে ৮ উইকেটের বিনিময়ে ১৯৬ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের লাস্টবয় থেকে আট নম্বরে উঠে এল গুজরাট। জিইয়ে রাখল শেষ চারের আশা। অন্যদিকে হারলেও এখনও প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধোনিদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Election Commission: ভোট প্রচারে বিশ্বকাপের ছবি! ইউসুফের বিরুদ্ধে পদক্ষেপ কমিশনের

    Election Commission: ভোট প্রচারে বিশ্বকাপের ছবি! ইউসুফের বিরুদ্ধে পদক্ষেপ কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের প্রচারে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের ছবি ব্যবহার। আর তাতেই বিতর্কে জড়ালেন বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। এ নিয়ে নির্বাচন কমিশনের ( Election Commission) কাছে প্রার্থীর বিরুদ্ধে নালিশ জানায় বিরোধীরা। এবার সেই ঘটনায় কড়া পদক্ষেপও নিতে দেখা গেল কমিশনকে। বিশ্বকাপের ছবি ভোটের প্রচারে ব্যবহার করা যাবে না, এ কথা সাফ জানিয়েছে কমিশন।

    সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহারেরও অভিযোগ

    উল্লেখ্য, অধীর-গড় বলেই পরিচিত বহরমপুর। সেখানে তৃণমূলের বাজি ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। অন্যদিকে বিজেপিও নামিয়েছে জবরদস্ত প্রার্থী ডাক্তার নির্মলকুমার সাহাকে। বেশ কয়েকটি সমীক্ষায় দেখা যাচ্ছে, বিজেপি ৩১ শতাংশের বেশি ভোট পেয়ে জিততে চলেছে ওই কেন্দ্র। অন্যদিকে ৩১ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে থাকবে তৃণমূল। বহরমপুরের রবিনহুড অধীরের তৃতীয় স্থানে নেমে আসার প্রবল সম্ভাবনা। এই আবহে বহরমপুরে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব দলই। সম্প্রতি, ইউসুফের নির্বাচনী প্রচারের একটি ফ্লেক্সে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়। বিশ্বকাপ ( Election Commission) হাতে ইউসুফের ছবি দেখা যায়, সচিন তেন্ডুলকরের সঙ্গে ইউসুফের ছবিও দেখা যায়।

    ব্যক্তিগত স্বার্থ পূরণের উদ্দেশেই বিশ্বকাপের ছবি ব্যবহার!

    আর এই ফ্লেক্সকে নিয়েই তীব্র আপত্তি জানিয়েছিল বিরোধীরা। অভিযোগ জানানো হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। বলা হয়, ব্যক্তিগত স্বার্থ পূরণের উদ্দেশেই বিশ্বকাপের ছবি ব্যবহার করছেন ইউসুফ পাঠান। সঙ্গে এটাও বলা হয়েছিল, ভারতরত্ন সচিন তেন্ডুলকরের নাম ও ছবি ব্যবহার করে সাধারণ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। সেই অভিযোগ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে পদক্ষেপও করেছিল কমিশন ( Election Commission)। জেলাশাসকের থেকে রিপোর্ট তলব করা হয়েছিল। আর এবার কমিশনের থেকে জানিয়ে দেওয়া হল, কোনওভাবেই বিশ্বকাপের ওই ধরনের ছবি আর ব্যবহার করা যাবে না নির্বাচনী প্রচারে।

    ফুলিয়ে ফাঁপিয়ে নিজের ইমেজ বাড়ানোর চেষ্টা করছেন ইউসুফ!

    তবে পাল্টা বিবৃতি দিয়েছেন ইউসুফ পাঠানও। তাঁরও বক্তব্য, বিশ্বকাপের সঙ্গে তাঁর ছবি রয়েছে কারণ তিনি বিশ্বকাপ জিতেছেন। তবে ওয়াকিবহাল মহল বলছে, ফুলিয়ে ফাঁপিয়ে নিজের ইমেজ বাড়ানোর চেষ্টা করছেন ইউসুফ। কারণ বিশ্বকাপ জয় একার কৃতিত্ব নয়, তা দলগত প্রয়াস। ইউসুফকে এও বলতে শোনা গিয়েছে, তিনি নাকি পরিশ্রম করে এটা অর্জন করেছেন। প্রসঙ্গত নির্বাচন কমিশনে হাজার হাজার অভিযোগ জমা পড়লেও বহরমপুর কেন্দ্র নিয়ে এমন অভিযোগ প্রায় নতুনই। এমন অভিযোগ সাধারণত দেখা যায় না, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকেদের। খেলোয়াড়দের ছবি ব্যবহার নিয়ে এইরকম অভিযোগ আগে আসেনি কমিশনের কাছে। এটা নির্বাচনী বিধি ভঙ্গ বলা যায় নাকি, সেই  বিষয়ে জানার জন্য দিল্লিতে রিপোর্ট পাঠায় সিইও দফতর। তারপরেই এমন নির্দেশ দেয় কমিশন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠা, মুকেশ আম্বানি থেকে অমিতাভ বচ্চন, মোট আমন্ত্রিত ৮ হাজার

    Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠা, মুকেশ আম্বানি থেকে অমিতাভ বচ্চন, মোট আমন্ত্রিত ৮ হাজার

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনে শিল্পপতি মুকেশ আম্বানি থেকে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন সকলেই আমন্ত্রিত। জানা গিয়েছে মোট ৮ হাজার জনকে আমন্ত্রণ জানানো হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে। যার মধ্যে ৩ হাজার জনই ভিভিআইপি। এই তালিকার রয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব, বড় শিল্পপতি, অভিনেতা, ক্রীড়া ব্যক্তিত্ব, উচ্চপদস্থ প্রশাসনিক আমলা থেকে কূটনীতিকরা। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী অমিতাভ বচ্চন অযোধ্যায় আসছেন নিজের ব্যক্তিগত বিমানে।

    আমন্ত্রিত অভিনেতা ও লেখকরা

    অভিনেতা ও লেখকদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে আমন্ত্রিত রয়েছেন অজয় দেবগণ, অক্ষয় কুমার, দক্ষিণ ভারতের পুষ্পা খ্য়াত আল্লু আর্জুন, মোহনলাল, অনুপম খের, চিরঞ্জীবী, পরিচালক সঞ্জয় বানসালি, চন্দ্রপ্রকাশ দ্বিবেদী, লেখক প্রসূন জোশি এঁরাও আমন্ত্রিত।

    আমন্ত্রিত শিল্পপতিরা

    শিল্পপতিদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে আমন্ত্রিত রয়েছেন মুকেশ আম্বানি, তাঁর মা কোকিলাবেন। স্ত্রী নীতা আম্বানি, তাঁর দুই পুত্র আকাশ এবং অনন্ত। আমন্ত্রিত (Ram Mandir) রয়েছেন মুকেশ আম্বানির জামাইও। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা এবং তাঁর স্ত্রী আমন্ত্রিত রয়েছেন রাম মন্দিরের উদ্বোধনে। পিরামল গ্রুপের চেয়ারম্যান অজয় পিরামল, টিসিএস এর চিফ এক্সিকিউটিভ অফিসার কে কৃত্তিবাসন এঁরাও আমন্ত্রিত। প্রসঙ্গত রাম মন্দির নির্মাণ করছে  এল অ্যান্ড টি সংস্থা, সেই সংস্থার সিইও এস এন সুব্রহ্মণিয়ামও আমন্ত্রিত রয়েছেন। তালিকায় রয়েছেন ইনফোসিস এর প্রতিষ্ঠাতা এন আর নারায়ন মূর্তিও।

    আমন্ত্রিত বিরাট কোহলি, মিথিলা রাজ

    আমন্ত্রিত (Ram Mandir) রয়েছেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারী, পূর্বতন প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিং আলু আলিয়া, ক্রিকেটার বিরাট কোহলি, ভারতীয় মহিলা দলের ক্রিকেটার মিথিলা রাজ, শচীন তেন্ডুলকরও আমন্ত্রিত রয়েছেন।

    অযোধ্যা এবং লক্ষ্ণৌতে থাকবেন অতিথিরা

    জানা গিয়েছে, এই সমস্ত ভিভিআইপিদের থাকার ব্যবস্থা করা হচ্ছে লক্ষ্ণৌ এবং অযোধ্যাতে। ভিভিআইপি ব্যক্তিত্বদের মধ্যে কেউ নিজেদের ব্যক্তিগত বিমানে আসবেন, আবার অনেকেই বাণিজ্যিক বিমানেও এসে হাজির হবেন বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • World Cup 2023: মাস্টার ব্লাস্টারকে মেগা সম্মান আইসিসির, বিশ্বকাপ জুড়ে চরম উন্মাদনা

    World Cup 2023: মাস্টার ব্লাস্টারকে মেগা সম্মান আইসিসির, বিশ্বকাপ জুড়ে চরম উন্মাদনা

    মাধ্যম নিউজ ডেস্ক: আইসিসি, কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকারকে বিশেষ সম্মান প্রদান করল। ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023) সালের খেলায় গ্লোবাল অ্যাম্বাসাডর হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। এবারের উদ্বোধনী ম্যাচ আমেদাবাদে অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরুর আগেই ট্রফি নিয়ে মাঠে ঢুকবেন স্বয়ং সচিন। প্রতিযোগিতার অনুষ্ঠান ঘোষণা করবেন তিনিই। তাই হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। ক্রিকেট প্রেমীদের বিশ্বকাপ নিয়ে প্রবল উত্তেজনার সঞ্চার হয়েছে। বিশ্বজুড়ে সচিন ভক্তদের মধ্যে এই সম্মানকে ঘিরে এখন চরম উন্মাদনা।

    ওয়াক আউট করার সম্মান পাবেন সচিন(World Cup 2023)

    পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023) সালের ট্রফিতে ওয়াক আউট করার সম্মান পাবেন সচিন তেন্ডুলকারক। সারা বিশ্বে তেন্ডুলকারকে মাস্টার ব্লাস্টার বলা হয়। ভারতের প্রথম ম্যাচ শুরু ৮ অক্টোবর। চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত।

    সচিনের বক্তব্য

    এবার ভারতের ঘরের মাঠেই বিশ্বকাপ (World Cup 2023) ম্যাচ। আইসিসির বক্তব্যের সপক্ষে সচিন বলেন, “সেরা দলগুলি বিশ্বকাপ খেলবে। অনবদ্য ম্যাচ দেখার আশায় রয়েছি। নতুন প্রজন্মের কাছে এই বিশ্বকাপ ম্যাচের আনন্দ, অনুপ্রেরণার সঞ্চার করবে। এই বিশ্বকাপের খেলা দেখে, আশাকরি অনেক নতুন ছেলে-মেয়েরা খেলার প্রতি আকর্ষণ অনুভব করবেন। দেশের হয়ে তাঁরা সর্বোচ্চ স্তরে উঠে নিজেদের স্বপ্ন পূরণ করবে।”

    আইসিসির বক্তব্য

    আইসিসির বিপণন এবং যোগাযোগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং জানিয়েছেন, “এই বিশ্বকাপের (World Cup 2023) উদ্বোধনী অনুষ্ঠানে সচিন তেন্ডুলকারকে গ্লোবাল অ্যাম্বাসাডর হিসাবে পেয়ে দারুণ ভাবে আনন্দিত আমরা।” সেই সঙ্গে আরও বলেন, “এই বিশ্বকাপ এবারে অবিস্মরণীয় অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে।”

    আইসিসির রাষ্ট্রদূতদের অল-স্টার-লাইনআপ

    বিশ্বকাপে (World Cup 2023) দর্শকদের অতরিক্ত উন্মাদনার জন্য এবং ভক্তদেরকে আরও আকর্ষণীয় করে তুলতে, আইসিসি খ্যাতনামা খেলোয়াড়দের নিয়ে একটি লাইনাপ তৈরি করেছে। এই লাইনআপে থাকছেন, ওয়েস্ট ইন্ডিজের ভিভিয়ান রিচার্ডস, দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগ্যান, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, শ্রীলঙ্কার স্পিন তারকা মুথাইয়া মুরালীধরণ, নিউজিল্যান্ডের রস টেলর, ভারতের সুরেশ রায়না, মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ এবং পাকিস্তানের অল রাউন্ডার মহম্মদ হাফিজ। ফলে এই সবটা মিলিয়ে দর্শকদের মধ্যে তীব্র উচ্ছ্বাস যে চোখে পড়বে তা বলাই বাহুল্য।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share