মাধ্যম নিউজ ডেস্ক: আইনি গেরোয় সদ্য মুক্তিপ্রাপ্ত গান ‘সারকে চুনার তেরি সারকে’। এটি ‘কেডি: দ্য ডেভিল’ চলচ্চিত্রের অংশ। আইনজীবী তথা সমাজকর্মী বিনীত জিন্দল গানটির বিরুদ্ধে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনে অভিযোগ দায়ের করেছেন। আপাতত গানটি নিষিদ্ধ এবং সরিয়ে নেওয়ার দাবিও জানিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, গানটির কথা ও দৃশ্যায়ন উভয়ই অশ্লীল, বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতিকর।
জাতীয় মানবাধিকার কমিশনের আপত্তি (Nora Fatehi)
মঙ্গলবার সন্ধে থেকে গানটি আর ইউটিউবে দেখা যাচ্ছে না। জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) গানটিতে আপত্তিকর বিষয়বস্তু ব্যবহারের অভিযোগে নোটিশ জারি করেছে। দিল্লি পুলিশের সাইবার সেলে একটি পৃথক ফৌজদারি মামলাও দায়ের হয়েছে। অভিযোগে গীতিকার রাকিব আলম, পরিচালক প্রেম, সুরকার অর্জুন জন্যা এবং গায়িকা মঙ্গলি-সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গানটিতে ‘অত্যন্ত অশ্লীল, যৌন ইঙ্গিতপূর্ণ এবং অশোভন অভিব্যক্তি’ রয়েছে।
গানটির দৃশ্যায়ন-নৃত্য উপস্থাপন উসকানিমূলক
এছাড়াও দাবি করা হয়েছে, গানটির দৃশ্যায়ন ও নৃত্য উপস্থাপন উসকানিমূলক, যা শালীনতা নিয়ে বৃহত্তর উদ্বেগের সৃষ্টি করছে।গানটির বিরুদ্ধে সেকশন ২৯৪ ভারতীয় ন্যায় সংহিতা, পকসো এবং ইনফর্মেশন টেকনোলজি অ্যাক্ট ২০০০ এর অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। বিতর্ক আরও তীব্র হয় যখন গায়ক আরমান মালিক এক্স হ্যান্ডেলে গানটির সমালোচনা করে জানান, তিনি গানটি শুনে বিস্মিত হয়েছেন। তাঁর এই মন্তব্য কার্যত ঘি ঢালে সমালোচনার আগুনে।
সোশ্যাল মিডিয়া ইউজারদের প্রশ্ন
সোশ্যাল মিডিয়ায় বহু ইউজার একই ধরনের প্রতিক্রিয়া জানান, প্রশ্ন তোলেন মূলধারার সঙ্গীতের মান নিয়েও। একজন ইউজার লিখেছেন, “দুঃখজনক যে সস্তা ও অশ্লীল গানের কথা এখন মূলধারার সঙ্গীতে স্বাভাবিক হয়ে উঠেছে।” পরিচালক প্রেম পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ধ্রুব সারজা, সঞ্জয় দত্ত এবং নোরা ফতেহি। ছবিটি গত সেপ্টেম্বরে মুক্তির কথা থাকলেও, পরে তা পিছিয়ে যায়। ৩০ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। এঁরা ছাড়াও ছবিতে রয়েছেন শিল্পা শেট্টি, ভি রবিচন্দ্রম, রমেশ অরবিন্দ, রিশমা নানাই এবং যীশু সেনগুপ্ত।
