Tag: SC

SC

  • NEET UG Row: ‘কোনও প্রশ্নপত্র হারায়নি, ফাঁসও হয়নি’, সুপ্রিম কোর্টে হলফনামায় জানাল কেন্দ্র

    NEET UG Row: ‘কোনও প্রশ্নপত্র হারায়নি, ফাঁসও হয়নি’, সুপ্রিম কোর্টে হলফনামায় জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘কোনও প্রশ্নপত্র হারায়নি, ফাঁসও হয়নি।’ বুধবার সুপ্রিম কোর্টে এই মর্মে (NEET UG Row) হলফনামা দিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার নিট ইউজি প্রবেশিকা পরীক্ষায় হওয়া নিয়ে একগুচ্ছ অনিয়মের অভিযোগের শুনানি হওয়ার কথা শীর্ষ আদালতে। তার আগের দিনই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, নিট পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে, বড়সড় কোনও অনিয়ম হয়েছে বা স্থানীয়ভাবে এক সঙ্গে অনেক পরীক্ষার্থী সুবিধা পেয়েছেন, এমন কোনও প্রমাণ মেলেনি।

    নিট ইউজি পরীক্ষা (NEET UG Row)

    চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়তে গেলে নিট ইউজি পরীক্ষায় বসতে হয়। এই পরীক্ষা এবং অন্যান্য বড় পরীক্ষার আয়োজন করে এনটিএ নামে একটি সংস্থা। অভিযোগ, গত কয়েক দিন আগে যে নিট ইউজি পরীক্ষা হয়েছিল, তার প্রশ্নফাঁস হয়ে গিয়েছিল। বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্টে। বর্তমানে সেখানেই বিচারাধীন রয়েছে মামলাটি। এনটিএ-ও সুপ্রিম কোর্টে জানিয়েছে, প্রশ্নফাঁসের (NEET UG Row) যে অভিযোগ উঠেছে, তা ঠিক নয়। কারণ একটিও প্রশ্নপত্র হারায়নি, পাটনায়, যেখানে প্রশ্নপত্র রাখা হয়েছিল, সেখানকার তালাও ভাঙা হয়নি।

    এনটিএ-র দাবি

    এনটিএ-র দাবি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ বিহারের রাজধানী পাটনা থেকেই সর্বভারতীয় এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ করেছিলেন পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের একাংশ। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার জালেই ধরা পড়েছে ৮জন। সুপ্রিম কোর্ট জমা দেওয়া হলফনামায় এনটিএ-র তরফে বলা হয়েছে, পরীক্ষা নিয়ে সিটি কো-অর্ডিনেটরের রিপোর্ট, সেন্টার সুপারিনটেনডেন্টস এবং পর্যবেক্ষকদের উদ্বেগের কারণ খতিয়ে দেখা হয়েছে। তাতেই দেখা গিয়েছে, কোনও ট্রাঙ্ক(যেখানে প্রশ্নপত্র রাখা হয়েছিল) থেকেই একটিও প্রশ্নপত্র খোয়া যায়নি।

    আর পড়ুন: “ভারত বিশ্বকে বুদ্ধ দিয়েছে, যুদ্ধ নয়”, অস্ট্রিয়ায় বললেন প্রধানমন্ত্রী

    প্রতিটি প্রশ্নপত্রের একটি ইউনিক সিরিয়াল নম্বর রয়েছে। সেটাই একটি নির্দিষ্ট ছাত্রকে দেওয়া হয়। কোনও ট্রাঙ্কেরই তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়নি। এনটিএ-র পর্যবেক্ষকদের রিপোর্টে কোনও ব্যতিক্রমী কিছু দেখা যায়নি। কমান্ড সেন্টারের সিসিটিভিতে নিরন্তর মনিটরিং করা হচ্ছে। তাতে কোথাও কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটতে দেখা যায়নি, যা থেকে এটা প্রমাণ হয় প্রশ্নপত্র ফাঁস হয়েছিল (NEET UG Row)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Supreme Court: এবার খোরপোশ দাবি করতে পারবেন ডিভোর্সি মুসলিম মহিলারাও, ‘সুপ্রিম’ নির্দেশ

    Supreme Court: এবার খোরপোশ দাবি করতে পারবেন ডিভোর্সি মুসলিম মহিলারাও, ‘সুপ্রিম’ নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধ-সকালে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের (Supreme Court)। এবার থেকে বিবাহ বিচ্ছেদ হলে প্রাক্তন স্বামীর কাছ থেকে খোরপোশ দাবি করতে পারবেন মুসলিম মহিলারাও (Divorced Muslim Women)। এদিন এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। রায় দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহ-র ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের এই রায়ের জেরে এতদিন যে সুযোগ-সুবিধা পেতেন হিন্দু বিবাহবিচ্ছিন্ন মহিলারা, এবার থেকে সেই একই সুযোগ পাবেন মুসলমান ডিভোর্সি মহিলারাও।

    ‘সুপ্রিম’ নির্দেশ (Supreme Court)

    সুপ্রিম কোর্টের এই বেঞ্চ জানায়, মুসলিম মহিলা (বিবাহ বিচ্ছেদ অধিকার সংরক্ষণ) আইন, ১৯৮৬ সেকুলার আইনের ঊর্ধ্বে হতে পারে না। ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, সব বিবাহিত মহিলাই খোরপোশের দাবি করতে পারেন, তা তিনি যে ধর্মেরই হোন না কেন। সুপ্রিম কোর্টের বিচারপতি নাগারত্ন বলেন, “কিছু স্বামী এটা বুঝতেই পারেন না যে তাঁর স্ত্রী, যিনি গৃহবধূ, তিনি মানসিক ও অন্যান্য দিক থেকে তাঁর ওপরে নির্ভরশীল। তাই সময় এসেছে, ভারতীয় পুরুষদের গৃহবধূদের ভূমিকা ও আত্মত্যাগকে স্বীকার করে নেওয়ার।”

    ‘অনুচ্ছেদ ১২৫ প্রত্যেক মহিলার ক্ষেত্রেই কার্যকর’

    বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তন স্ত্রীকে খোরপোশ দিতে অস্বীকার করেছিলেন এক মুসলিম ব্যক্তি। নিম্ন আদালতের খোরপোশের রায়কে চ্যালেঞ্জ করে তিনি দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। এদিন তাঁর সেই পিটিশন খারিজ করে দেয় শীর্ষ আদালত। ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয়, ফৌজদারি আইনের ১২৫ নম্বর ধারায় বিবাহ বিচ্ছিন্ন মুসলিম মহিলারাও খোরপোশ দাবি করতে পারেন তাঁর প্রাক্তন স্বামীর কাছ থেকে।

    আর পড়ুন: দেশে নয়া কর্মসংস্থান হয়েছে ৪ কোটি ৭০ লাখ, বলছে রিজার্ভ ব্যাঙ্ক

    সুপ্রিম কোর্টের মন্তব্য, “অনুচ্ছেদ ১২৫ প্রত্যেক মহিলার ক্ষেত্রেই কার্যকর। কেবলমাত্র বিবাহিত হিন্দু মহিলাই নন, প্রত্যেক মহিলার ক্ষেত্রেই কার্যকর।” আদালত (Supreme Court) এ-ও জানিয়েছে, খোরপোশ কোনও দান-খয়রাত নয়। প্রত্যেক বিবাহিত মহিলার অধিকার। শীর্ষ আদালত জানিয়েছে, খোরপোশের আবেদন মুলতুবি থাকাকালীনও যদি বিবাহ বিচ্ছেদে সিলমোহর পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে ২০১৯ সালের আইন অনুযায়ী এগোতে (Divorced Muslim Women) পারবেন সংশ্লিষ্ট মহিলা। সেক্ষেত্রেও ১২৫ নম্বর ধারায় রয়েছে প্রতিকারের ব্যবস্থা (Supreme Court)।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Supreme Court: দৃশ্যমাধ্যমে অমর্যাদা করা যাবে না বিশেষভাবে সক্ষমদের, ‘সুপ্রিম’ নির্দেশ

    Supreme Court: দৃশ্যমাধ্যমে অমর্যাদা করা যাবে না বিশেষভাবে সক্ষমদের, ‘সুপ্রিম’ নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: শারীরিক প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষমদের (Differently Abled People) অমর্যাদা করা যাবে না কোনও দৃশ্যমাধ্যমে। সোমবার এই মর্মে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিশেষভাবে সক্ষমদের বর্ণনা দিতে গিয়ে ‘পঙ্গু’, ‘বিকলাঙ্গ’ কিংবা ‘জড়বুদ্ধি’-র মতো শব্দও প্রয়োগ করা যাবে না। শীর্ষ আদালতের যুক্তি, এই শব্দগুলির অবমাননাকর অর্থ রয়েছে সাধারণ সামাজিক ধ্যানধারণায়।

    “শব্দ প্রাতিষ্ঠানিক বৈষম্য গড়ে” (Supreme Court)

    এই নির্দেশ দেওয়ার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জাতীয় ফিল্ম সার্টিফিকেশন সংস্থাকে বলেছেন, এই ধরনের যে কোনও ছবি প্রদর্শনের আগে জাতীয় ফিল্ম সার্টিফিকেশন সংস্থার উচিত বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত নেওয়া। সোমবার রায় দিতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, “শব্দ অনেক সময়ই প্রাতিষ্ঠানিক বৈষম্য গড়ে দেয়। বিশেষ করে পঙ্গু, বিকলাঙ্গের মতো কিছু শব্দকে আমাদের সমাজে অবমাননাকর বলে মনে করা হয়।”

    কী বললেন প্রধান বিচারপতি?

    একটি হিন্দি ছবিতে বিশেষভাবে সক্ষমদের চিত্রায়ণ নিয়ে আপত্তি তুলে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন নিপুণ মালহোত্র নামে এক ব্যক্তি। সেই মামলাটিই সোমবার ওঠে প্রধান বিচারপতির বেঞ্চে। মামলায় নির্দেশ দিতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, “দৃশ্যমাধ্যমগুলির উচিত বিশেষভাবে সক্ষমদের জীবনের জন্য বৈচিত্রময় বাস্তবগুলিকে গুরুত্ব দিয়ে পর্দায় ফুটিয়ে তোলা। তাঁদের সমস্যা বা অসুবিধার কথা না বলে তাঁদের সাফল্য, মেধা এবং সমাজে অবদানের কথা দর্শকদের জানানো।” তিনি বলেন, “তাঁদের পৌরাণিক কাহিনির ওপর ভিত্তি করে আলোকপাত করা উচিত নয়। আবার সুপার পঙ্গু হিসেবেও উপস্থাপন করা উচিত নয়।”

    আর পড়ুন: সন্দেশখালিকাণ্ডে সুপ্রিম কোর্টেও মুখ পুড়ল রাজ্যের, কী বলল শীর্ষ আদালত?

    প্রসঙ্গত, বিশেষভাবে সক্ষমদের সমাজে প্রতিষ্ঠিত করতে গত বছরই পদক্ষেপ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট চত্বরে খোলা হয়েছে ক্যাফে। এই ক্যাফেটি চালান বিশেষভাবে সক্ষমরা। ক্যাফেটির উদ্বোধন করেছিলেন চন্দ্রচূড় স্বয়ং। সুপ্রিম কোর্টের সামনের এই ক্যাফেটির নাম ‘মিট্টি ক্যাফে’। ক্যাফেটি চালাচ্ছেন দৃষ্টিহীন, সেরিব্রাল পালসিতে আক্রান্তরা। উদ্বোধনের পর সবাইকে ক্যাফেটিতে আসার অনুরোধ জানিয়েছিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। উল্লেখ্য, দু’জন বিশেষভাবে সক্ষম (Differently Abled People) মেয়েকে দত্তক নিয়েছেন দেশের প্রধান বিচারপতি (Supreme Court)। বাবার কর্মস্থল দেখাতে তাঁদের একদিন নিয়েও এসেছিলেন সুপ্রিম কোর্টে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Supreme Court: লোক আদালত বসিয়ে ১০ হাজার মামলার নিষ্পত্তির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

    Supreme Court: লোক আদালত বসিয়ে ১০ হাজার মামলার নিষ্পত্তির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিষ্ঠার ৭৫তম বর্ষে অভূতপূর্ব সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের সিদ্ধান্ত, ২৯ জুন থেকে ছ’দিনের বিশেষ লোক আদালতের আয়োজন করা হবে। এর মাধ্যমে নিখরচায় নিষ্পত্তি করা হবে ১০ হাজার মামলার। বিচারপতির সংখ্যা কম-সহ নানা সমস্যার কারণে মামলার পাহাড় জমে রয়েছে সুপ্রিম কোর্টে। এই সব মামলার মধ্যে থেকে নিষ্পত্তি করা হবে ১০ হাজার মামলার।

    লোক আদালত (Supreme Court)

    লোক আদালত ভারতের বিচারব্যবস্থার বিরোধ নিষ্পত্তির এক বিকল্প পদ্ধতি (Supreme Court)। এই আদালতে দাম্পত্য কলহ, পারিবারিক বিবাদ, সম্পত্তি সংক্রান্ত বিরোধ, পথ দুর্ঘটনা, বিমা সংক্রান্ত ক্ষতিপূরণের প্রশ্ন প্রভৃতি দেওয়ানি মামলার বিচার করা হয় কম খরচে। লোক আদালতে মামলার নিষ্পত্তিও হয় দ্রুত। স্বল্প সময় ও অল্প ব্যয়ে আমজনতার কাছে বিচারের সুবিধা পৌঁছে দিতেই তৈরি হয় লোক আদালতের। প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ছ’দিনের এই লোক আদালতের মাধ্যমে সুপ্রিম কোর্ট ১০ হাজার মামলার নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে।

    কী বলছেন চন্দ্রচূড়? 

    সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “বিশেষ লোক আদালতের ধারণা বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য সমাজের সমস্ত অংশকে আইনি সহায়তা প্রদানের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার প্রদান করে।” তিনি বলেন, “বিশেষ লোক আদালত সম্প্রীতি ও বোঝাপড়ার চেতনার মাধ্যমে দ্রুত ও সস্তায় বিচার প্রদান করে। তাই বাদী ও বিবাদী উভয়পক্ষই সন্তুষ্ট হয়। এটি আদালতের কাজের চাপ কমিয়ে দেয়। ফলে আদালত গুরুতর বিষয়গুলিতে মনোনিবেশ করতে পারে। ন্যায়বিচার পেতে মামলাকারীদের যে দেরি হয়, সেই সময়সীমা কমিয়ে দেয়।”

    আর পড়ুন: অমরনাথ যাত্রা শুরু ২৯ জুন, জানুন যাত্রার খুঁটিনাটি

    জানা গিয়েছে, বর্তমানে সুপ্রিম কোর্টে প্রায় ৮৩ হাজার মামলা পেন্ডিং রয়েছে। এর মধ্যে ২৮ হাজার মামলার বয়স এক বছরেরও কম। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বিচারপতিরা এবং রেজিস্ট্রি গত তিন মাস ধরে প্রাণপাত করছেন ১০ হাজারেরও বেশি মামলা খুঁজে পেতে, যেগুলির সমাধান লোক আদালতে করা যায়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি জানিয়েছে, দেশের সব হাইকোর্টকে বলা হয়েছে ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবস্থা করতে যাতে করে বাদী এবং বিবাদী পক্ষ সুপ্রিম কোর্টে না ছুটেই যোগ দিতে পারেন বিশেষ লোক আদালতে (Supreme Court)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Jammu Kashmir Assembly Election: জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু, ভোট কবে?

    Jammu Kashmir Assembly Election: জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু, ভোট কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: সাত দফায় অষ্টাদশ লোকসভা নির্বাচন সাঙ্গ হওয়ার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই। দেশের শীর্ষ আদালত নির্দেশে জানিয়েছিল, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে জম্মু-কাশ্মীর বিধানসভার নির্বাচন (Jammu Kashmir Assembly Election)।

    ভূস্বর্গে নির্বাচন (Jammu Kashmir Assembly Election)

    ৪ জুন অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল বের হওয়ার পর পরই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছিলেন, শীঘ্রই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আয়োজন করা হবে। সেখানে লোকসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটের হার প্রমাণ করেছে নির্বাচন নিয়ে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ। তাই কমিশনও উপত্যকায় দ্রুত বিধানসভা নির্বাচন আয়োজনে আগ্রহী। যদিও তার ঢের আগেই ভূস্বর্গে শুরু হয়েছিল নির্বাচনের সলতে পাকানোর কাজ। শুরু হয়েছিল সীমানা পুনর্বিন্যাসের কাজ। সেই কাজ শেষ হয়েছে। এবার বিধানসভা নির্বাচন (Jammu Kashmir Assembly Election) আয়োজনের প্রক্রিয়া শুরু করে দিল নির্বাচন কমিশন।

    আবেদন গ্রহণ শুরু

    উপত্যকায় নির্বাচনে লড়ার প্রতীকের আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিও। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী প্রতীক (সংরক্ষণ ও বরাদ্দ) আদেশ, ১৯৬৪-র ১০বি অনুচ্ছেদ অনুযায়ী প্রতীক চিহ্ন বরাদ্দের আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।’ লোকসভায় ভূস্বর্গের আসন সংখ্যা পাঁচ। নির্বাচন হয়েছে পাঁচ দফায়। জাতীয় নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, এবার জম্মুতে ভোট পড়েছে ৫৮.৫৮ শতাংশ। আর উপত্যকায় ৫১.০৫ শতাংশ। ভূস্বর্গে ভোটদানের এই হারেই সন্তোষ প্রকাশ করেছে কমিশনও।

    আর পড়ুন: রাত পোহালেই শপথ প্রধানমন্ত্রীর, সংসদের প্রথম অধিবেশন কবে?

    প্রসঙ্গত, ২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে শেষবারের মতো বিধানসভা নির্বাচন হয়েছিল অবিভক্ত জম্মু-কাশ্মীর রাজ্যে। উনিশের লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার কেন্দ্রের কুর্সিতে বসেই মোদি সরকার অগাস্ট মাসে ভূস্বর্গ থেকে রদ করে ৩৭০ ধারা। লোপ পায় বিশেষ রাজ্যের মর্যাদাও। রাজনৈতিক অচলাবস্থার কারণে অবশ্য এর বছর তিনেক আগেই ভেঙে দেওয়া হয়েছিল বিধানসভা। এবার কাঠি পড়তে চলেছে সেই বিধানসভা নির্বাচনের ঢাকেই (Jammu Kashmir Assembly Election)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Supreme Court: সুপ্রিম কোর্টে খারিজ কেজরির আবেদন, আপ সুপ্রিমো ফিরছেন তিহাড়েই!

    Supreme Court: সুপ্রিম কোর্টে খারিজ কেজরির আবেদন, আপ সুপ্রিমো ফিরছেন তিহাড়েই!

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে কি ফিরে যেতে হবে জেলের অন্ধকার কুঠুরিতেই? আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। কারণ কেজরিওয়ালের জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন শুনতে রাজি নয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। নিম্ন আদালতে জামিনের আবেদন করার বিষয়ে স্বাধীনতা দেওয়া হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। তাই তাঁর আবেদন শুনতে নারাজ দেশের শীর্ষ আদালত।

    তালিকাভুক্তই হয়নি মামলা (Supreme Court)

    বুধবারই মামলাটি তালিকাভুক্ত করতে অস্বীকার করেছেন আদালতের রেজিস্ট্রার। প্রসঙ্গত, পয়লা জুন দেশে রয়েছে সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন। এদিনই শেষ হচ্ছে কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের মেয়াদ। তাই পরের দিনই তাঁকে ফিরতে হবে তিহাড় জেলে (Supreme Court)। ১০ মে কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। সেই সময়ই ২ জুন আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় তাঁকে।

    কেন চেয়েছিলেন জামিন?

    কী কারণে জামিনের আবেদন করেছিলেন, ভাটিন্ডার এক জনসভায় তাও জানিয়েছিলেন আপ সুপ্রিমো। বলেন, “আমার অনেকটা ওজন কমে গিয়েছে। এটা গুরুতর অসুস্থতার উপসর্গ। একাধিক মেডিক্যাল পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই চেকআপ করাতেই আমি দেশের শীর্ষ আদালতের কাছে সাতদিন অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছি।” মামলাটি দ্রুত শুনানির আবেদনও জানিয়েছিলেন তিনি। মঙ্গলবার সেই আর্জি খারিজ করে দেয় বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ। বেঞ্চ জানিয়ে দেয়, এই আবেদনটি তালিকাভুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতিই। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সাফ জানিয়ে দেন, এই মামলাটি তালিকাভুক্ত করা হবে না।

    আর পড়ুন: “তৃণমূলের একটাই অস্ত্র, এটা হতে দেব না,” বাংলায় এসে তীব্র আক্রমণ মোদির

    দিল্লি আবগারি নীতি মামলায় ২১ মার্চ গ্রেফতার করা হয় কেজরিওয়ালকে। যেহেতু ইডিই তাঁকে গ্রেফতার করেছিল, তাই সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে ইডি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে দিল্লির মুখ্যমন্ত্রীকে কেন গ্রেফতার করা হল, সে প্রশ্নও তোলে সুপ্রিম কোর্ট। ১৯ এপ্রিল দেশে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। নির্বাচনী প্রচারের জন্য জেলের বাইরে আসতে চেয়ে কেজরিওয়াল আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে। তাঁর সেই আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত। জামিন পান ১০ মে (Supreme Court)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • DY Chandrachud: স্কুলে বেধড়ক মার খেয়েছিলেন দেশের প্রধান বিচারপতি, কেন জানেন?

    DY Chandrachud: স্কুলে বেধড়ক মার খেয়েছিলেন দেশের প্রধান বিচারপতি, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে, মারের নাম মধুসূদন! এই মধুসূদনের কৃপায় কত মানুষ নির্বিঘ্নে পার হয়েছেন বা হচ্ছেন জীবন নদী। যাঁরা সাফল্যের চূড়ায় বসে রয়েছেন, তাঁরাও রেহাই পাননি শিক্ষকের বেত্রাঘাত থেকে। এই যেমন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)।

    মার খেয়েছিলেন দেশের প্রধান বিচারপতি

    স্কুলজীবনে তিনিও বেধড়ক মার খেয়েছিলেন। যে মারের কথা প্রৌঢ়ত্বের চৌকাঠ পেরিয়েও ভোলেননি দেশের প্রধান বিচারপতি। ছাত্রদের শৃঙ্খলার পাঠ দিতে গিয়ে শিক্ষকের বেত্রাঘাত বর্তমানে ‘নৃশংস’ অভিধায় ভূষিত হয়েছে। শনিবার এক সেমিনারে ভাষণ দিতে গিয়ে ছোট্ট একটা ভুলের জন্য তিনি যে শিক্ষকের হাতে মার খেয়েছিলেন, তা জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। চন্দ্রচূড় (DY Chandrachud) বলেন, “আপনি শিশুদের কীভাবে ট্রিট করবেন, তা তাদের মনে থেকে যাবে সারাজীবন। আমি আমার স্কুল জীবনের একটি দিনের কথা কখনও ভুলব না। যখন আমায় বেত্রাঘাত করা হয়েছিল, তখন আমি শিশু অপরাধী ছিলাম না। আমি ক্র্যাফ্ট শিখছিলাম। আমায় যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, সেই আকারটা আমি ঠিকঠাক আনতে পারিনি। আমি তখন ক্লাস ফাইভে পড়ি।”

    আরও পড়ুুন: রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক! প্রশ্ন তুলে মনোনয়ন বাতিলের দাবিতে অভিযোগ দায়ের

    কী বললেন প্রধান বিচারপতি? 

    তিনি বলেন, “সেই সময় যেভাবে শিশুদের ট্রিট করা হত, তার প্রভাব থেকে যেত সারা জীবন। আমি এখনও মনে করতে পারি, আমি ওই শিক্ষককে অনুরোধ করেছিলাম, আমার হাতে মলম লাগানোর দরকার নেই, বেতটায় মলম দিন। মার খাওয়ার সেই লজ্জার কথা আমি বাড়িতে বলতে পারিনি। দশ দিন ধরে ডান হাতের চেটোর ক্ষত লুকিয়ে রেখেছিলাম, যাতে কেউ দেখতে না পায়।” তিনি বলেন, “শারীরিক ক্ষত সেরে যায়। কিন্তু মন এবং আত্মায় তার একটি চিরকালীন ক্ষত রয়ে যায়। আমিও মনে সেই ক্ষত বয়ে বেড়াচ্ছি। যখনই কোনও কাজ করি, তখনই মনে পড়ে। এই ধরনের অত্যাচার শিশু মনে গভীর ছাপ ফেলে।” তিনি (DY Chandrachud) বলেন, “কিশোর মনের গতিপ্রকৃতিটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। সমাজের বিভিন্ন গতিপ্রকৃতি এবং আন্তর্সম্পর্কটাও তাকে বুঝিয়ে দেওয়া জরুরি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ‘সুপ্রিম’ নির্দেশে সিম্বল লোডিং ইউনিট সংরক্ষণ করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

    Lok Sabha Election 2024: ‘সুপ্রিম’ নির্দেশে সিম্বল লোডিং ইউনিট সংরক্ষণ করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভিভিপ্যাটের বিশ্বাসযোগ্যতা বাড়াতে পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে সিম্বল লোডিং ইউনিট সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Lok Sabha Election 2024)। সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই মর্মে নির্দেশও দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

    নির্বাচন কমিশনের নির্দেশ (Lok Sabha Election 2024)

    ফল ঘোষণার পরে পঁয়তাল্লিশ দিন সংরক্ষণ করা হবে ওই ইউনিট। সিম্বল লোডিং ইউনিটকে গোলাপি কাগজে করে ট্রাঙ্কে সংরক্ষিত করে রাখতে হবে। সিলের ওপর স্বাক্ষর করবেন সংশ্লিষ্ট কেন্দ্রের সব প্রার্থী। ওই সব ইউনিটকে সুরক্ষিত রাখবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার কিংবা জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক। পুরো প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি করতে হবে।

    কী বলছেন আধিকারিক?

    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এক আধিকারিক (Lok Sabha Election 2024) বলেন, “সিম্বল লোডিং ইউনিটে প্রার্থীদের নাম ও নির্বাচনী প্রতীক থাকে। সেখান থেকে তথ্য প্রবেশ করানো হয় ভিভিপ্যাটে। পরে সেই ভিভিপ্যাটগুলি পাঠানো হয় বুথে। এর অর্থ হল, সিম্বল লোডিং ইউনিট ও ভিভিপ্যাটের তথ্য এক হবে। তাই ভিভিপ্যাট নিয়ে সংশয় থাকলে সিম্বল লোডিং ইউনিট যাচাই করলেই সঠিক তথ্য মিলবে। এমতাবস্থায় ভিভিপ্যাটের বিশ্বাসযোগ্যতা বাড়াতে সিম্বল লোডিং ইউনিট সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।”

    আরও পড়ুুন: সন্দেশখালিকাণ্ডে হাইকোর্টে রিপোর্ট দিল সিবিআই, কী বলল তদন্তকারী সংস্থা?

    প্রসঙ্গত, ইভিএমের সঙ্গে সব ভিভিপ্যাট গণনার দাবি তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল অ্যাসেসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস নামের একটি সংগঠন। ২৬ এপ্রিল ওই মামলার রায় ঘোষণা করতে গিয়ে শীর্ষ আদালত জানিয়েছিল, ভিভিপ্যাট নিয়ে সংশয় দূর করতে সিম্বল লোডিং ইউনিট সংরক্ষণ করতে হবে। গণনায় দ্বিতীয় বা তৃতীয় প্রার্থী তা যাচাই করার আবেদন করতে পারবেন। শীর্ষ আদালত এও জানিয়েছিল, ইভিএমে প্রতীক আপলোড করার পর তা একেবারে সিলড ও নিরাপদ রাখতে হবে মেশিনে। সিলে স্বাক্ষর করতে পারেন প্রার্থী ও তাঁদের এজেন্টরা। সিলড মেশিনটি ফল ঘোষণার পর পঁয়তাল্লিশ দিন পর্যন্ত স্টোররুমে সংরক্ষিত করতে হবে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনেই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Lok Sabha Election 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sandeshkhali Case: “একজনকে বাঁচাতে রাজ্য সরকার এগিয়ে আসবে কেন?” সন্দেশখালিকাণ্ড বিস্মিত সুপ্রিম কোর্ট

    Sandeshkhali Case: “একজনকে বাঁচাতে রাজ্য সরকার এগিয়ে আসবে কেন?” সন্দেশখালিকাণ্ড বিস্মিত সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: “একজন বেসরকারি ব্যক্তিকে বাঁচাতে রাজ্য সরকার এগিয়ে আসবে কেন?” সন্দেশখালিকাণ্ড মামলায় (Sandeshkhali Case) এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ সরকার কেন সন্দেশখালিকাণ্ডে একজন বেসরকারি ব্যক্তির স্বার্থ রক্ষায় আদালতে আবেদনকারী হিসেবে দাঁড়াবে, তা নিয়েও বিস্ময় প্রকাশ করে দেশের শীর্ষ আদালত।

    বিস্মিত আদালত (Sandeshkhali Case)

    সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি চলছিল এই মামলার। সেই সময়ই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভির কাছে বিস্ময় প্রকাশ করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। প্রশ্ন তোলে, “একজন বেসরকারি ব্যক্তিকে বাঁচাতে রাজ্য সরকার এগিয়ে আসবে কেন?”

    কী বলল রাজ্য?

    রাজ্যের কৌঁসুলি জানান, এর (Sandeshkhali Case) কারণ হল, ঘটনার পর থেকে হাইকোর্টের নির্দেশে এমন কিছু মন্তব্য ছিল, যাতে তার মক্কেলের মর্যাদাহানি হয়েছে। কৌঁসুলি জানান, রাজ্য সরকার যখন সক্রিয়ভাবে পদক্ষেপ করেছে, তখন তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা ঠিক নয়। রাজ্য সরকার জানিয়েছে, হাইকোর্টের নির্দেশে রাজ্যের পুলিশ-প্রশাসনকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে করা আবেদনে বলা হয়েছে, “হাইকোর্ট একটি খুব সাধারণ আদেশে রাজ্যকে নির্দেশ দিয়েছে যে কোনও নির্দেশিকা ছাড়াই সিবিআইকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে, যা সন্দেশখালি এলাকায় যে কোনও অপরাধ, জনস্বার্থ মামলাকারীদের অভিযোগের সঙ্গে তার সম্পর্ক যদি নাও থাকে, তার তদন্ত করার জন্য রাজ্য পুলিশের ক্ষমতা হরণ করার সমান।

    আরও পড়ুুন: সম্পদের পুনর্বণ্টন, সম্পত্তি কর, কংগ্রেসকে একেবারে ধুয়ে দিলেন প্রধানমন্ত্রী

    প্রসঙ্গত, এদিনই সুপ্রিম কোর্টে মুলতুবি হয়ে গিয়েছে সন্দেশখালি মামলার শুনানি। এই মামলার পরবর্তী শুনানি হবে গ্রীষ্মাবকাশের পর, জুলাই মাসে। সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সেই মামলাই আপাতত মুলতুবি রইল। হাইকোর্টের রায়েও হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চের মন্তব্য, এই মামলায় মহিলাদের ওপর নির্যাতন, জমি কেড়ে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। তার পরেই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই মামলার শুনানি মুলতুবি রাখার কথা জানায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত  এও জানিয়েছে, মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত করা যাবে না। তা যেমন চলছিল, চলবে। হাইকোর্টে চলা মামলায় কোনও বাধা দেওয়া যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে (Sandeshkhali Case) সুপ্রিম কোর্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: “দেশকে কালো টাকার দিকে ঠেলে দেওয়া হল”, বললেন মোদি  

    PM Modi: “দেশকে কালো টাকার দিকে ঠেলে দেওয়া হল”, বললেন মোদি  

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনী বন্ড বাতিলের ‘সুপ্রিম’ সিদ্ধান্তের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। লোকসভা নির্বাচনের প্রাক্কালে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “দেশকে কালো টাকার দিকে ঠেলে দেওয়া হল।” তাঁর দাবি, নির্বাচনী বন্ড না থাকলে কেউ জানতেই পারতেন না, কোন সংস্থা, কোন দলকে কত টাকা দিচ্ছে। নির্বাচনী বন্ডকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। অথচ সাক্ষাৎকারে নির্বাচনী বন্ডের পক্ষেই সওয়াল করেছেন প্রধানমন্ত্রী।

    নির্বাচনী বন্ডের পক্ষে সওয়াল (PM Modi)

    তিনি বলেন, “নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ করতেই নির্বাচনী বন্ড চালু করা হয়েছিল। যদি সৎ প্রতিফলন দেখা যায়, সকলেই একদিন তা নিয়ে অনুশোচনা করবে।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আমি কখনওই বলিনি একটি সিদ্ধান্ত পুরোপুরি ত্রুটিমুক্ত। কিন্তু বিরোধী দলগুলি নির্বাচনী বন্ড নিয়ে মিথ্যা প্রচার করছে।” ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের প্রতিশ্রুতি পূরণ হবে বলেও নানা সময় দাবি করেছেন প্রধানমন্ত্রী। এদিনের সাক্ষাৎকারে সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ভয় পাওয়ার কোনও কারণ নেই। কাউকে ভয় পাওয়ানো বা দমন করা আমার সরকারের লক্ষ্য নয়। যখন আমি বলি আমার বড় পরিকল্পনা রয়েছে, তখন কারও ভয় পাওয়া উচিত নয়। আমি কাউকে ভয় দেখানো বা তাড়ানোর সিদ্ধান্ত নিই না। আমি দেশের সার্বিক উন্নয়নের জন্য সিদ্ধান্ত নিই।”

    ‘ট্রেলর, পুরো সিনেমা এখনও বাকি’

    প্রধানমন্ত্রী বলেন, “আমি সব সময় সঠিক পথে চলার চেষ্টা করেছি। তবুও দেখতে পাই যে, দেশে আমার এত চাহিদা রয়েছে। আমি কীভাবে প্রতিটি পরিবারের স্বপ্ন পূরণ করব, সেটাই বলার চেষ্টা করছি এই পরিকল্পনায়।” তাঁর সরকারের উন্নয়নমূলক কাজ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “এটা তো শুধু ট্রেলর। পুরো সিনেমা এখনও বাকি রয়েছে।” ‘এক দেশ, এক নির্বাচনে’র পক্ষেও আরও একবার সওয়াল করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বার বার নির্বাচনের আয়োজন করতে গেলে উন্নয়ন কর্মসূচির ক্ষতি হয়। আমরা প্রতিশ্রুতি মতোই এই কর্মসূচি রূপায়ণের চেষ্টা করব।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আপনার স্বপ্নই হল মোদির সঙ্কল্প। আপনারা যখন বুথে ভোট দিতে যাবেন, তখন মাথায় রাখবেন এটা দেশের নির্বাচন। এটা দেশকে তৃতীয় আর্থিক বৃহত্তম শক্তি বানানোর নির্বাচন।”

    আরও পড়ুুন: বিজেপির ‘সঙ্কল্পপত্রে’ করা হয়েছে কোন কোন সঙ্কল্প, জানেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share