Tag: Sheikh Hasina in Bangldesh

  • Sheikh Hasina Returns: হাসিনার প্রত্যাবর্তন ঘিরে তৎপরতা! পেট্রাপোল সীমান্ত পরিদর্শন আওয়ামি লিগের শীর্ষ নেতৃত্বের

    Sheikh Hasina Returns: হাসিনার প্রত্যাবর্তন ঘিরে তৎপরতা! পেট্রাপোল সীমান্ত পরিদর্শন আওয়ামি লিগের শীর্ষ নেতৃত্বের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন (Sheikh Hasina Returns)। ২০২৬ সালের ডিসেম্বর মাসে দেশে ফিরতে পারেন তিনি—এমন ইঙ্গিত ঘিরে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে প্রত্যাবর্তনের সম্ভাব্য পথ ও সীমান্ত (Bangladesh Border) পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করলেন আওয়ামি লিগের চার শীর্ষ নেতা। রবিবার (২২ নভেম্বর) উত্তর ২৪ পরগনার বনগাঁয় পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে প্রায় দু’ঘণ্টা সময় কাটান তাঁরা।

    কেন পেট্রাপোল সীমান্তে আওয়ামি লিগের শীর্ষ নেতৃত্ব?

    সূত্রের খবর, রবিবার দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছন আওয়ামি লিগের নেতারা। তাঁদের মধ্যে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং প্রাক্তন সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। প্রায় দু’ঘণ্টা সেখানে কাটানোর পর তাঁরা কলকাতার উদ্দেশে রওনা দেন। কেন হঠাৎ পেট্রাপোল সীমান্তে আওয়ামি লিগের শীর্ষ নেতৃত্বের এই উপস্থিতি? ডিসেম্বরের মাঝামাঝি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে দলের অন্দরে আলোচনা চলছে। সেই কারণেই পেট্রাপোল-বেনাপোল সীমান্তের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখা হয়েছে কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে।

    প্রত্যাবর্তনের কোনও নির্দিষ্ট পরিকল্পনা!

    ইমিগ্রেশন সেন্টারে আওয়ামি লিগের নেতাদের সফরের উদ্দেশ্য বা সেখানে কী ধরনের আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য সামনে আসেনি। ভারতীয় অভিবাসন দফতর, বিএসএফ কিংবা পেট্রাপোল থানার তরফেও কোনও বিবৃতি দেওয়া হয়নি। ফলে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কোনও নির্দিষ্ট পরিকল্পনা বা দিনক্ষণ এখনও নিশ্চিত নয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর থেকে ভারতেই রয়েছেন শেখ হাসিনা। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামি লিগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং দলের নিবন্ধন স্থগিত করা হয়।

    চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি

    এদিকে, একই দিনে পেট্রাপোল এলাকায় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে একটি মিছিলের আয়োজন করা হয়। হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এবং রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে মিছিল থেকে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিও জানানো হয়। এই কর্মসূচিতে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দাবি করেন, কলকাতা থেকে যশোর রোড হয়ে বনগাঁ ও পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারেন শেখ হাসিনা।

    ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

    শুধু পেট্রাপোল নয়, ত্রিপুরার আগরতলা-আখাউড়া সীমান্তপথ নিয়েও আওয়ামি লিগ নেতৃত্ব খোঁজখবর নিতে পারেন বলে সূত্রের খবর। তবে এই সফর শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতির অংশ, নাকি নিছক সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ—তা এখনও স্পষ্ট নয়। তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ পর্যন্ত নির্ভর করবে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির উপর।

LinkedIn
Share