Tag: SRH

SRH

  • IPL 2026: বরুণে-বিশ্বাস নায়ারের, নারিনের মিস্ট্রির অপেক্ষায় নাইটরা! ঘরের মাঠে জয়ের স্বাদ পেতে মরিয়া কেকেআর

    IPL 2026: বরুণে-বিশ্বাস নায়ারের, নারিনের মিস্ট্রির অপেক্ষায় নাইটরা! ঘরের মাঠে জয়ের স্বাদ পেতে মরিয়া কেকেআর

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বইয়ের কাছে হার দিয়ে আইপিএল ২০২৬ (IPL 2026) অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। এবার ঘরের মাঠে নামতে চলেছে কেকেআর। ২ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের (KKR vs SRH) বিরুদ্ধে নামবে ৩ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টানা তিনটি হোম ম্যাচ নাইটদের। টুর্নামেন্টে নিজেদের ভালো জায়গায় রাখতে এই তিন ম্যাচই পাখির চোখ কলকাতার। নিজেদের শক্তি প্রদর্শনের জন্য তৈরি হচ্ছে দলের ক্রিকেটাররা।

    ব্যর্থ বোলিং বিভাগ

    প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাটাররা ভালো পারফর্ম করলেও বোলিং ডিপার্টমেন্ট কেকেআরের পুরোপুরি ব্যর্থ হয়েছে। যা দ্বিতীয় ম্যাচ শক্তিশালী ব্যাটিং সমৃদ্ধ হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে চিন্তায় রেখেছে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টকে। প্রথম ম্যাচে কেকেআরের বোলিং অ্যাটাকের ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচে একাদশে কেমন কম্বিনেশন হবে তা জল্পনা রয়েছে। মুজারবানি প্রথম ম্যাচে ফ্লপ। ফলে দ্বিতীয় ম্যাচে ৩ বিদেশি নিয়েও খেলতে পারে নাইটরা। নারিন বাদে সকল বোলাররাই ভারতীয় হতে পারে।

    নারিন-বরুণ কেমিস্ট্রি উধাও

    প্রথম ম্যাচে হারের পর স্বভাবতই চাপে কেকেআর। নতুন দল। নতুন ভাবে শুরু করতে চাইলেও, অভিষেক নায়ারের সমস্যা বোলিং নিয়েই। আর সেটা কীভাবে কাটাতে পারেন সেটাই হাতড়ে বেড়াচ্ছেন কেকেআর কর্তারা। তবে সমস্যা আরও বাড়িয়েছে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের পারফরম্যান্স। বরুণ টি২০ বিশ্বকাপে সেভাবে ছন্দে ছিলেন না। আইপিএল-এও সেই ছন্দ প্রথম ম্যাচে খুঁজে পাননি। সুনীল নারিনের যে মিস্ট্রি ছিল সেটাও উধাও। এখন পিচ থেকেও যদি সাহায্য সেভাবে না পাওয়া যায় তবে কলকাতার ভাগ্য ফেরানো কঠিন হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

    বরুণে আস্থা নায়ারের

    গ্রিনের বোলিং প্রসঙ্গে নায়ার জানান, নিলামের সময় কোনও প্লেয়ারকে নেওয়ার ক্ষেত্রে ভবিষ্যতের সব দিক সবসময় জানা সম্ভব হয় না। তাঁর কথায়, ‘নিলামে প্লেয়ার নেওয়ার সময় ভবিষ্যৎ কী হবে, সেটা সবসময় বোঝা যায় না। গ্রিন যেমন ভালো ব্যাটার, তেমনই অলরাউন্ডার। তবে আমাদের সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।’ বরুণ চক্রবর্তীর পারফরম্যান্স নিয়ে আস্থা রেখেছেন কেকেআর কোচ। তিনি বলেন, ‘বরুণ মানসিকভাবে খুব শক্তিশালী অবস্থায় আছে। আমরা জানি ও কতটা দক্ষ বোলার। ভারতের হয়ে যেমন পারফর্ম করেছে, সেভাবেই আবার ফিরে আসবে। ওয়াংখেড়ের পিচটা চ্যালেঞ্জিং ছিল, তবুও আমরা ওর উপর ভরসা রাখছি। শ্রীলঙ্কার পেসার মথিশা পাথিরানার ফিটনেস নিয়েও আপডেট দিয়েছেন নায়ার। তিনি জানান, পাথিরানা এখনও ফিটনেস টেস্টের মধ্যে রয়েছেন এবং ফিজিও টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই তিনি দলে যোগ দেবেন।

    হাড্ডাহাড্ডি লড়াই

    কলকাতা দল মুম্বইয়ের কাছে পরাজিত হয়েছে, অন্যদিকে হায়দ্রাবাদও বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচে হারতে হয়েছে। ফলে এই ম্যাচে জয় পেয়ে ছন্দে ফেরার চেষ্টা করবে দুই দলই। শুরুতেই পরপর হার কোনও দলই চাইছে না, তাই লড়াইটা জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মরশুমে দুই দলের ব্যাটিং শক্তি বেশ ভালো। তবে বোলিং বিভাগে কিছুটা দুর্বলতা রয়েছে। চোট সমস্যাও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কলকাতা তাদের প্রধান পেসারের জন্য অপেক্ষা করছে, আর হায়দরাবাদ দলের অধিনায়কও পুরোপুরি ফিট নন। এই অবস্থায় দলের ভারসাম্য ঠিক রাখা বড় চ্যালেঞ্জ।

    ইডেনে হাই স্কোরিং ম্যাচ

    ইডেন গার্ডেন্সে সাম্প্রতিক সময়ে বড় রানের ম্যাচ বেশি দেখা যাচ্ছে। তাই এই ম্যাচেও চার-ছক্কার বন্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যাটাররা সুবিধা পেলে সহজেই বড় রান তুলতে পারে, তবে বোলারদের সঠিক সময়ে ভালো পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পিচের দিক থেকেও এই মাঠে রান তাড়া করা তুলনামূলক সহজ। শিশিরের প্রভাব থাকায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল সুবিধা পেতে পারে। শুরুতে কিছুটা সুইং থাকলেও পরে ব্যাটিং সহজ হয়ে যায়। তাই টস জেতা দল আগে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে। সব মিলিয়ে দর্শকদের জন্য একটি রোমাঞ্চকর ম্যাচ অপেক্ষা করছে।

    কেকেআরের সম্ভাব্য একাদশ: অজিঙ্কে রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, আংক্রিশ রঘুবংশী (উইকেটকিপার), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রয়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, উমরান মালিক

    সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য় একাদশ: ট্রেভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান (অধিনায়ক ও উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন, সলিল অরোরা, অনিকেত বর্মা, হর্শ দুবে, হার্শল প্যাটেল, জয়দেব উনাদকাট, ইশান মালিঙ্গা

  • IPl 2026: অপেক্ষার অবসান! বাইশ গজে ফিরছেন কিং কোহলি, আইপিএলের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি আরসিবি বনাম এসআরএইচ

    IPl 2026: অপেক্ষার অবসান! বাইশ গজে ফিরছেন কিং কোহলি, আইপিএলের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি আরসিবি বনাম এসআরএইচ

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান! শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৬-এর ১৯তম মরশুম (IPl 2026)। প্রথম ম্যাচেই নামছে বিরাট কোহলির বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং ঈশান কিশনের হায়দরাবাদ (SunRisers Hyderabad)। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া কোহলিকে আবার সংক্ষিপ্ততম ফরম্যাটে দেখা যাবে। গত আইপিএলে আরসিবির হয়ে সর্বোচ্চ রান করেছিলেন বিরাট। ৬৫৭। যা আঠারো বছরের খরা কাটিয়ে আরসিবিকে তাদের প্রথম আইপিএল ট্রফি জিতিয়ে দেয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এবারও কোহলির সেই রুদ্ররূপ প্রত্যাশা করছেন। তবে, গত জানুয়ারি মাসের পর আর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে দেখা যায়নি বিরাটকে। কিন্তু তাতে কী? তিনি তো কিং কোহলি।

    কিছুক্ষণ পরই শুরু আইপিএল

    মঞ্চ তৈরি। আর কিছুক্ষণ পরই শুরু আইপিএল (IPl 2026)। এই মরশুমের শুরুটা কিছুটা ব্যতিক্রমী। গত বছরের ট্র্যাজেডির কথা মাথায় রেখে কোনও উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়নি। গতবার আরসিবি-র বিজয় উদযাপনের সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় ১১ জন সমর্থকের মৃত্যু হয়েছিল। তাঁদের স্মৃতিতে আরসিবি ভবিষ্যতে স্টেডিয়ামে ১১টি আসন খালি রাখার সিদ্ধান্ত নিয়েছে। বেঙ্গালুরুতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবসময় থাকে। ম্যাচ চলাকালীন প্রায়শই বৃষ্টি হয়। কিন্তু বেশিক্ষণ না। তবে শনিবারের আবহাওয়া ক্রিকেটের জন্য আদর্শ। আকাশ পরিষ্কার থাকবে। ম্যাচের সময় তাপমাত্রা ২৪ থেকে ২৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে আর্দ্রতা ৬০ শতাংশ। এদিন ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত যাওয়ার সম্ভাবনা নেই বলা যায়। দীর্ঘদিন পর আবার ক্রিকেট ফিরছে বেঙ্গালুরুর স্টেডিয়ামে। একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় থাকবে সবাই।

    হাই-স্কোরিং ম্যাচের ইঙ্গিত

    আরসিবি বনাম এসআরএইচ ম্যাচ মানেই বড় রান—সাম্প্রতিক বছরগুলোতে এই দুই দলের লড়াইয়ে রানের বন্যা দেখা গেছে। এবারের ম্যাচেও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। বিশেষ করে দুই দলের বোলিং আক্রমণ কিছুটা দুর্বল হওয়ায় ব্যাটারদের দাপট দেখার আশা করা হচ্ছে। দেখতে গেলে, শক্তি বিচারে দু’টো টিমের ব্যাটিং প্রায় সমানে-সমানে। আরসিবিতে ফিল সল্ট, রজত পাতিদার, ভেঙ্কটেশ আইয়ার, উইল জ্যাকস, বিরাট কোহলিরা রয়েছে। হায়দরাবাদে আবার রয়েছেন অভিষেক শর্মা, ঈশান কিষান, ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেনরা। আরসিবি ব্যাটিং লাইন-আপে প্রচুর বিকল্প থাকলেও বোলিংয়ে কিছুটা ঘাটতি রয়েছে। অন্যদিকে এসআরএইচ-ও তাদের অধিনায়ক প্যাট কামিন্স-কে প্রথমদিকে পাচ্ছে না, যা তাদের বোলিং শক্তিকে প্রভাবিত করতে পারে। এই মরশুমের প্রথম ভাগে এসআরএইচ-কে নেতৃত্ব দেবেন ঈশান কিষাণ। তাঁর এই নতুন দায়িত্ব নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটমহলে। যদিও তিনি ঘরোয়া ক্রিকেটে সফল নেতৃত্ব দিয়েছেন। তবে আইপিএল-এর চাপ সম্পূর্ণ ভিন্ন।

  • IPL Auction 2026: রাসেলকে ছাড়ল কেকেআর! আইপিএল নিলামের আগে কোন কোন দল কাকে-কাকে রাখল?

    IPL Auction 2026: রাসেলকে ছাড়ল কেকেআর! আইপিএল নিলামের আগে কোন কোন দল কাকে-কাকে রাখল?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ১১ বছরের সম্পর্কে ছেদ। আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ১০টি দল সব মিলিয়ে ৮২ জন ক্রিকেটারকে ছেড়ে দিল। তার মধ্যে ৭৪ জনের দল থাকল না ২০২৬ সালের আইপিএলের আগে। তাঁদের আবার নিলামে নামতে হবে। উল্লেখযোগ্যদের মধ্যে এই তালিকায় রয়েছেন আন্দ্রে রাসেল, ফ্যাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, রাচিন রবীন্দ্র, রবি বিষ্ণোইয়ের মতো ক্রিকেটার। কেকেআর ছেড়ে দিয়েছে ৯ জন ক্রিকেটারকে। তাঁরা হলেন আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আয়ার, কুইন্টন ডি কক, মইন আলি, রহমানুল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসন, চেতন সাকারিয়া, লাভনিথ সিসোদিয়া এবং অনরিখ নোখিয়া। এ ছাড়া ময়াঙ্ক মার্কন্ডকে বিক্রি করা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। ফলে আগামী আইপিএলের আগে ৯ জনেরই কোনও দল থাকল না।

    রাসেলকে কেন ছাড়ল কেকেআর

    হাতে আর বেশি সময় বাকি নেই। আগামী মাসেই ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান আয়োজন করা হবে। তবে এই নিলাম অনুষ্ঠানের আগে ১৫ নভেম্বরের মধ্যে ১০ ফ্র্যাঞ্চাইজিকে রিটেনশন তালিকা প্রকাশ করতে বলা হয়েছিল। অর্থাৎ, কোন কোন ক্রিকেটারকে তারা ধরে রাখতে চায়। আর কাদেরই বা দিতে চায় ছেড়ে! এই পূর্ণাঙ্গ তালিকা হাতে থাকলে নিলাম অনুষ্ঠানও সুষ্ঠভাবে আয়োজন করা সম্ভব হবে। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স (KKR) যে তালিকা প্রকাশ করেছে, তা দেখে সমর্থকদের চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে। আন্দ্রে রাসেল (১২ কোটি), ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি), কুইন্টন ডি কক (৩.৬ কোটি), মঈন আলি (২ কোটি) এবং অনরিখ নোর্খিয়া (৬.৫ কোটি)।তবে এই তালিকায় যে নামটা সবাইকে হতবাক করেছে, তিনি হলেন আন্দ্রে রাসেল। উল্লেখ্য, ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন আন্দ্রে রাসেল। গত বছর মেগা অকশনের ঠিক আগে ১২ কোটি টাকার বিনিময়ে তাঁকে রিটেনও করেছিল নাইট ব্রিগেড। কিন্তু, গত আইপিএল মরশুমে রাসেল প্রত্যাশা অনুসারে পারফরম্য়ান্স করতে পারেননি। সেকারণে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে শেষপর্যন্ত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    কেকেআর-এর নতুন বোলিং কোচ

    ২০২৬ সালের আগে পুরো কোচিং স্টাফ বদলে ফেলল কলকাতা নাইট রাইডার্স। প্রধান কোচ, সহকারি কোচের পর এ বার নতুন বোলিং কোচের নাম ঘোষণা করল। KKR-এর প্রাক্তন তারকা ও কিউয়ি কিংবদন্তি টিম সাউদিকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করল। গত বার কেকেআর আইপিএল-এ সপ্তম স্থানে শেষ করে। এর নেপথ্যে ছিল খারাপ বোলিং। চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরেই এই ছবির পর দলে আমূল বদল আনা হয়। চন্দ্রকান্ত পণ্ডিত, ভরত অরুণ সরে দাঁড়ান। মেন্টর ডোয়েন ব্র্যাভো অবশ্য দায়িত্বে রয়েছেন। অভিষেক নায়ারকে প্রথমে কোচ হিসেবে আনা হয়। এর পর সহকারি কোচ হন শেন ওয়াটসন আর এবার বোলিং কোচ করা হলো টিম সাউদিকে।

    কে কাকে ছাড়ল

    চেন্নাই সুপার কিংস: সিএসকে ছেড়ে দিয়েছে ১২ জনকে। রবীন্দ্র জাডেজা এবং সাম কারেনকে বিক্রি করে দেওয়া হয়েছে রাজস্থান রয়্যালসের কাছে। বাকি ১০ জনের দল থাকল না। তাঁরা হলেন রাহুল ত্রিপাঠি, বংশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ, রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, বিজয় শঙ্কর, দীপক হুডা, শেখ রশিদ, কমলেশ নাগরকোটি, মাথিশা পাতিরানা।

    মুম্বই ইন্ডিয়ান্স: এমআই ছেড়ে দিয়েছে ন’জন ক্রিকেটারকে। তাঁদের মধ্যে অর্জুন তেন্ডুলকরকে বিক্রি করা হয়েছে লখনউ সুপার জায়ান্টসের কাছে। দল থাকল না মুম্বইয়ের আট ক্রিকেটারের। তাঁরা হলেন সত্যনারায়ণ রাজু, রিসি টোপলে, কেএল শ্রীজিৎ, কর্ম শর্মা, বেভন জ্যাকবস, মুজির উর রহমান, লিজ়াড উইলিয়ামস এবং ভিগনেশ পুথুর।

    রাজস্থান রয়্যালস: রাজস্থান ছেড়ে দিয়েছে ন’জন ক্রিকেটারকে। তাঁদের মধ্যে সঞ্জু স্যামসনকে বিক্রি করা হয়েছে চেন্নাইয়ের কাছে। নীতীশ রানাকে বিক্রি করা হয়েছে দিল্লি ক্যাপিটালসের কাছে। এ ছাড়া হয়েছে ওয়ানিন্দু হাসরঙ্গ, মাহিশ থিকশানা, ফজ়লহক ফারুকি, আকাশ মাধওয়াল, অশোক শর্মা, কুনাল রাঠোর এবং কুমার কার্তিকেয়। দল থাকল না সাত ক্রিকেটারের।

    পাঞ্জাব কিংস: পাঞ্জাব ছেড়ে দিয়েছে পাঁচ ক্রিকেটারকে। কাউকেই কোনও দলের কাছে বিক্রি করা হয়নি। ফলে পাঁচ জনেরই দল থাকল না ২০২৬ আইপিএলের আগে। তাঁরা হলেন জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি, কুলদীপ সেন, প্রবীণ দুবে।

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: আরসিবি ছেড়ে দিয়েছে আট জনকে। কাউকেই বিক্রি করা হয়নি। ফলে কারও দল থাকল না। গত বারের চ্যাম্পিয়ন দল থেকে বাদ পড়লেন স্বস্তিক চিকারা, ময়ঙ্ক আগরওয়াল, টিম সেইফার্ট, লিয়াম লিভিংস্টোন, মনোজ ভানদাগে, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজ়ারাবানি এবং মোহিত রাঠি।

    সানরাইজার্স হায়দ্রাবাদ: হায়দ্রাবাদ ছেড়ে দিয়েছে আট জন ক্রিকেটারকে। তাঁদের মধ্যে মহম্মদ শামিকে বিক্রি করা হয়েছে লখনউ সুপার জায়ান্টসের কাছে। দল থাকল না সাত জনের। তাঁরা হলেন অভিনব মনোহর, অথর্ব তাইদে, সচিন বেবি, উইয়ান মুলডার, সিমরজিৎ সিংহ, রাহুল চাহার এবং অ্যাডাম জ়াম্পা।

    দিল্লি ক্যাপিটালস: দিল্লি ছেড়ে দিয়েছে সাত জন ক্রিকেটারকে। কাউকেই বিক্রি করা হয়নি। ফলে কারও দল থাক না ২০২৬ সালের আইপিএলে। নিলামে নাম লেখাতে হবে ফ্যাফ ডুপ্লেসি, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, ডনোভান ফেরেরা, সেদিকুল্লাহ অটল, মন্বন্ত কুমার, মোহিত শর্মা এবং দর্শন নালকান্দে।

    গুজরাট টাইটান্স: শুভমন গিলের ছ’জন সতীর্থকে ছেড়ে দিয়েছেন গুজরাত কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে শেরফান রাদারফোর্ডকে বিক্রি করা হয়েছে মুম্বইয়ের কাছে। ফলে দল থাকছে না পাঁচ ক্রিকেটারের। তাঁরা হলেন মাহিপাল লোমরোর, করিম জনত, দাসুন শনাকা, জেরাল্ড কোয়েৎজে এবং কুলওয়ান্ত খেজরোলিয়া।

    লখনউ সুপার জায়ান্টস: কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার দল ছেড়ে দিল ডেভিড মিলার-সহ আট ক্রিকেটারকে। শার্দূল ঠাকুরকে বিক্রি করা হয়েছে মুম্বইয়ের কাছে। সব মিলিয়ে এলএসজির সাত ক্রিকেটারের দল থাকল না। তাঁদের মধ্যে রয়েছেন বাংলার আকাশ দীপও। এ ছাড়া রয়েছেন রবি বিশ্নোই, আরিয়ান জুয়াল, যুবরাজ চৌধুরী, রাজ্যবর্ধন হাঙ্গারকর এবং শামার জোসেফ।

  • IPL 2024: আত্মতুষ্টিতে ভুগতে নারাজ নাইটরা, একটাই লক্ষ্য, আইপিএল খেতাব জানালেন গম্ভীর

    IPL 2024: আত্মতুষ্টিতে ভুগতে নারাজ নাইটরা, একটাই লক্ষ্য, আইপিএল খেতাব জানালেন গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: চিপকে বারো বছর আগের রাতটার অপেক্ষায় নাইট শিবির। বলা ভাল কেকেআর (KKR) মেন্টর গৌতম গম্ভীর। ২০১২ সালে গম্ভীরের নেতৃত্বে চেন্নাইয়ের মাঠেই প্রথম আইপিএল (IPL 2024) খেতাব জিতেছিল নাইটরা। এবার গম্ভীর গুরু। তাঁর মন্ত্রেই চলতি আইপিএলে সাফল্যের শীর্ষে কলকাতা। শুধু আর একটা ধাপ পেরোতে পারলেই ষোল-কলা পূর্ণ। রবিবাসরীয় সন্ধ্যায় হায়দ্রাবাদকে হারাতে পারলেই কেল্লাফতে। আনন্দে গা ভাসাবেন কিং খান-সহ নাইট ভক্তরা। আর নিশ্চিন্তে ঘুমোতে পারবেন মেন্টর গম্ভীর। 

    আত্মতুষ্টি নয়

    ২০২১ সালের পর কলকাতা নাইট রাইডার্স আরও একবার ফাইনালের চৌকাঠ স্পর্শ করতে পেরেছে। লিগ টেবিলে শীর্ষে ছিল কলকাতা। প্রথম সুযোগেই ফাইনালেও (IPL 2024) পৌঁছেছে শ্রেয়সরা। তাই ক্রিকেটারদের মধ্যে যাতে আত্মতুষ্টি না আসে সে দিকে কড়া নজর রাখছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীর। গুরু গম্ভীর বলেন,’আমি যথেষ্ট সফল ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করছি। ফলে আমাদের অনুশীলন করতে হবে, খেলতে হবে এবং এই শরীরী ভাষাটাই মাঠে নিয়ে আসতে হবে। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।’ গম্ভীরের কথায়,  ‘আমি দলের প্রত্যেককে স্বাধীনতা দিতে চাই। এই দলে যারা রয়েছে, তারা প্রত্যেকে একটা কথা খুব ভালো করে জানে। দলের প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার করা হয়। এই দলে সিনিয়র-জুনিয়র বলে আলাদা কিছু নেই। আমাদের সকলের একটাই লক্ষ্য, আইপিএল খেতাব জেতা। ফলে আমরা সকলে এই একটা রাস্তা ধরেই এগিয়ে যেতে চাই। আগামী ২৬ মে আমরা নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে চাই। আমরা সকলেই যদি একই রাস্তা ধরে এগিয়ে চলি এবং লড়াই করি, তাহলে আমি নিশ্চিত যে অবশ্যই সাফল্য অর্জন করতে পারব।’

    জয়ের খিদে

    ফাইনালের (IPL 2024) আগে ফুরফুরে মেজাজে কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবির। দলে চোট-আঘাতের সমস্যা নেই। কিন্তু তা-ও স্বস্তি নেই দলে। আসল কাজ শেষ না হওয়া পর্যন্ত শান্তি পাচ্ছেন না কেকেআর ক্রিকেটারেরা। রবিবার আইপিএল ফাইনালে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম কোয়ালিফায়ারে প্যাট কামিন্সদের হারিয়েই ফাইনালে উঠেছেন শ্রেয়স আয়ারে। তবু ফাইনালের আগে সতর্ক কেকেআর শিবির। দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা বেঙ্কটেশ আয়ার বলেছেন, ‘‘পরিকল্পনা সঠিক ভাবে প্রয়োগ করার থেকে বেশি সন্তুষ্টি আর কিছুতে নেই। আমরা এখন সেটা ঠিক মতো করতে পারছি। আমরা যে ভাবে খেলছি, তাতে আমরা খুশি। তবে সন্তুষ্ট নই। আমাদের খিদে এখনও মেটেনি। আইপিএল ট্রফি না জেতা পর্যন্ত মিটবে না। একমাত্র চ্যাম্পিয়ন হতে পারলেই সন্তুষ্ট হব আমরা।’’ 

    স্পিন মন্ত্রেই ঘায়েল প্রতিপক্ষ

    চেন্নাইয়ের পিচে স্পিনাররা সুবিধা পান। হায়দরাবাদ-রাজস্থান (IPL 2024) ম্যাচেও তা দেখা গিয়েছে। বাংলার অলরাউন্ডার শাহবাজের স্পিনে ঘায়েল হয়েছে রাজস্থানের ব্যাটাররা। কিন্তু কেকেআরের (KKR) মিডল অর্ডারে নীতীশ রানা, শ্রেয়স, বেঙ্কটেশ আয়ারেরা রয়েছেন, যাঁরা স্পিন ভাল খেলেন। তাই স্পিনারদের বিরুদ্ধে রান করতে পারলে চাপে পড়বেন প্যাট কামিন্সেরা। তাতে সুবিধা হবে কেকেআরের। আর কেকেআরে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী রয়েছেন, যাঁরা পাওয়ার প্লে-তে বল করতে পারেন। হায়দরাবাদের দুই ওপেনার ট্রেভিস হেড ও অভিষেক শর্মা পেসারদের বিরুদ্ধে অবলীলায় বড় শট খেলতে পারেন। তাই তাঁদের বিরুদ্ধে শুরুতে স্পিন আক্রমণ কাজে লাগাতে পারে কেকেআর। শুরুতে হায়দরাবাদের রানের গতি আটকানোই লক্ষ্য থাকবে নাইটদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Gautam Gambhir: গুরু গম্ভীরের চালেই ট্রফি থেকে আর মাত্র এক পা দূরে নাইটরা

    Gautam Gambhir: গুরু গম্ভীরের চালেই ট্রফি থেকে আর মাত্র এক পা দূরে নাইটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: গুরু গম্ভীরের মগজাস্ত্র আর নাইটদের দলগত পারফরম্যান্সের জেরে চলতি আইপিএলের (IPL 2024) ফাইনালে কেকেআর। গুরু গম্ভীরের চালেই ট্রফি থেকে আর মাত্র এক পা দূরে নাইটরা, বললে অত্যুক্তি হবে না। দলের জোড়া কাপ জয়ী প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর (Gautam Gambhir) আসতেই যেন সবকিছু বদলে গিয়েছে কেকেআর শিবিরে। কিন্তু কীভাবে, সেই মন্ত্রই প্রকাশ্যে এল একটি ভিডিও-য়।

    গম্ভীরের মন্ত্র

    আমদাবাদে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে আইপিএল ২০২৪-এর (IPL 2024) ফাইনালে ওঠার দিনে সামনে এল গম্ভীরের (Gautam Gambhir) একটি বিশেষ ভিডিও, যেখানে মরশুমের শুরুতেই নাইট তারকাদের লক্ষ্য স্থির করে দিতে দেখা যাচ্ছে তাঁকে। ভাইরাল ভিডিও ক্লিপটিতে ক্রিকেটারদের প্রতি গম্ভীরকে বলতে শোনা যায় যে, ‘এই গ্রুপের প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করা হবে। এখানে কোনও সিনিয়র-জুনিয়র থাকবে না। ঘরোয়া ক্রিকেটার আর আন্তর্জাতিক ক্রিকেটারের মধ্যে কোনও ভেদাভেদ করা হবে না। কারণ আমাদের সামনে একটাই লক্ষ্য। সেটা হল আইপিএল চ্যাম্পিয়ন হওয়া। তাই সকলকে একটাই কথা মাথায় রাখতে হবে, নিজেদের সবটুকু দিয়ে ২৬ মে আমাদের ওখানে (ফাইনালে) পৌঁছতে হবে। আমাদের এটা মেনে চলতে হবে আজ থেকেই।’

    বিশেষজ্ঞদের মত

    আইপিএলের (IPL 2024) আঙিনায় আবির্ভাবেই প্রথম ২টি মরশুমে প্লে-অফে জায়গা করে নেয় লখনউ সুপার জায়ান্টস। ২টি মরশুমেই তাদের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আইপিএল ২০২৪-এর আগে লখনউ ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে ফেরেন গম্ভীর। ক্যাপ্টেন হিসেবে যে দলকে ২ বার আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছেন, এবার মেন্টর হিসেবে তাদের ফের ফাইনালে পৌঁছে দিলেন গৌতম। চলতি আইপিএল মরশুমে কেকেআরের সাফল্যের পিছনে গম্ভীরের যে বিরাট অবদান রয়েছে, সেটা এককথায় স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা।

    স্টার্কে ভরসা

    শুধু নিখুঁত গেম প্ল্যান ছকে দেওয়াই নয়, ক্রিকেটারদের উপর ভরসা রাখতে শখিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। চলতি আইপিএলের শুরুতে ছন্দে ছিলেন না স্টার্ক। তাঁকে নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু ভরসা রেখেছিলেন  মেন্টর গৌতম গম্ভীর। কলকাতা-হায়দরাবাদ ম্যাচের পর আর হয়তো গম্ভীরকে ব্যাখ্যা দিতে হবে না কেন এত টাকা দিয়ে দলে স্টার্ক।  কথায় বলে ‘ওস্তাদের মার শেষ রাতে’। এদিন তিন উইকেট নিয়ে স্টার্ক বুঝিয়ে দিলেন কেন তাঁর দাম ২৪.৭৫ কোটি টাকা।

    শাহরুখের আস্থা

    কেকেআরের আইপিএল (IPL 2024) জয়ী (২০১২, ২০১৪) একমাত্র অধিনায়ক ফের কেকেআরের ড্রেসিংরুমে। দলের মালিক শাহরুখ খানের যে তাঁর প্রতি অগাধ আস্থা। গম্ভীর (Gautam Gambhir) বলেন, ‘আমি সাত বছর কেকেআরের ক্য়াপ্টেন ছিলাম। ওই সাত বছরে ৭০ সেকেন্ডের জন্য়ও ও ক্রিকেট নিয়ে কখনও শাহরুখ কথা বলেনি। জীবনে ক্রিকেট নিয়ে একটা প্রশ্নও করেনি। আমি আসার পর থেকেও এসআরকে আমার সঙ্গে ক্রিকেট নিয়ে কোনও কথাই বলেনি। আমাকে ও বলেছিল, কেউ যদি আমাকে অভিনয় শেখাতে আসে, তাহলে আমার শুনতে ভালে লাগবে না। একই ভাবে তোমাকেও নিশ্চয়ই যদি কেউ ক্রিকেট খেলা শেখাতে আসে তাহলে ভালে লাগবে না। আমি বলেছিলাম ঠিকই।  ওইটুকুই কথোপকথন হয়েছিল। একবারও কোন দল নিয়ে খেলব বা আমাদের স্ট্র্য়াটেজি কী হবে, তা নিয়ে এসআরকে একটা কথাও বলেনি।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: বড় ম্যাচেই জাত চেনালেন স্টার্ক, হায়দরাবাদকে সহজে হারিয়ে রবিতে ট্রফির লড়াইয়ে কলকাতা 

    IPL 2024: বড় ম্যাচেই জাত চেনালেন স্টার্ক, হায়দরাবাদকে সহজে হারিয়ে রবিতে ট্রফির লড়াইয়ে কলকাতা 

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রেয়স, স্টার্ক, নারিনদের সম্মিলিত প্রয়াসে আইপিএল (IPL 2024) ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেট হারিয়ে এবার ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করল নাইটরা। প্যাট কামিন্সদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। প্রথম পাঁচ ওভারের মধ্যে ৩ উইকেট নিয়ে কেকেআরকে (KKR vs SRH) চালকের আসনে বসিয়ে দেন ২৫ কোটির বোলার। হায়দরাবাদের ১৫৯ রানের জবাবে কেকেআর ১৩.৪ ওভারে ২ উইকেটে করল ১৬৪ রান। ২০ ওভারের ম্যাচে ৩৮ বল বাকি থাকতেই ফাইনালে চলে গেল কলকাতা।

    বড় ম্যাচের ঘোড়া

    কয়েক মাস আগে এই মাঠেই কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকাপ জিতেছেন। আইপিএলে (IPL 2024) প্রতিপক্ষ। ইনিংসের দ্বিতীয় ডেলিভারি। সামনে জাতীয় দলের সতীর্থ ট্রাভিস হেড। এ মরসুমে বোলারদের ত্রাস। তাঁর বিরুদ্ধে বোলিংয়ে কলকাতা নাইট রাইডার্সের বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক। জানেন সতীর্থের দুর্বলতাও। ট্রাভিস হেডকে দ্রুত ফেরানোই লক্ষ্য মিচেল স্টার্কের। যা খুবই কঠিন কাজ। আর সেই কঠিন কাজই সহজ ভাবে করলেন স্টার্ক। লেন্থ বল, হালকা বাইরের দিকে যাচ্ছিল, হেড খেললেন, কিন্তু ব্যাটে বলে হল না। উল্টে দুটো উইকেট মাটিতে লুটিয়ে পড়ল!ট্রাভিস হেডকে গোল্ডেন ডাক করতেই একটা অদৃশ্য চাপ গ্রাস করল হায়দরাবাদকে। এরপর পাওয়ার প্লে-তেই ফেরালেন নীতীশ রেড্ডি ও শাহবাজ আহমেদকে।

    ম্যাচের সেরার পুরস্কারও জিতলেন স্টার্কই। এর মধ্যে ট্রাভিস হেডের উইকেটই যে সবচেয়ে তৃপ্তির, বলার অপেক্ষা রাখে না। স্টার্ক বলছেন, ‘পাওয়ার প্লে কতটা গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি। এই দুটি দলই পাওয়ার প্লে-তে ব্যাট হাতে সবচেয়ে বেশি দাপট দেখিয়েছে। সুতরাং, দ্রুত উইকেট নেওয়া খুবই জরুরি ছিল। হেড ও অভিষেক এ মরসুমে পাওয়ার প্লে-তে যে ভাবে ব্যাট করছিল, ঠিক বর্ণনা করা যায় না।’ হেডের উইকেট প্রসঙ্গে স্টার্ক যোগ করেন, ‘এ ক্ষেত্রে নিজেকে ভাগ্যবান বলব। ওকে দ্রুত ফেরানো কার্যত অসম্ভব। সব দিন হয় না।’

    উচ্ছ্বসিত অধিনায়ক

    ফাইনালে (IPL 2024) ওঠার পর নিজের উচ্ছ্বাস চেপে রাখেননি কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, তাঁর দল প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছে, যার জেরে সাফল্য এসেছে। সানরাইজার্সের (KKR vs SRH) ইনিংস ১৫৯ রানে গুটিয়ে যাওয়ার পর, রান তাড়া করতে নেমে কেকেআর মাত্র ১৩.৪ ওভারে দুই উইকেটে ১৬৪ রান করে ফেলে। নারিন-গুরবাজের নতুন ওপেনিং জুটিও ভরসা দিল দলকে। আফগান উইকেটরক্ষক-ব্যাটার করলেন ১৪ বলে ২৩ রানের ইনিংস। ২টি চার এবং ২টি ছক্কা এল তাঁর ব্যাট থেকে। নারাইন করলেন ১৬ বলে ২১। ৪টি চার মারলেন তিনি। আমদাবাদের ২২ গজে আত্মবিশ্বাসের সঙ্গে খেললেন বেঙ্কটেশ আয়ার, শ্রেয়সও। কামিন্সেরা তাঁদের সমস্যায় ফেলতে পারলেন না। দুজনেই অর্ধশতরান করে অপরাজিত রইলেন। 

    ম্যাচ শেষে শ্রেয়স বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। প্রত্যেকেই তাদের দায়িত্ব দুর্দান্ত ভাবে পালন করেছে। পুনরুজ্জীবিত হয়ে ওঠাটা গুরুত্বপূর্ণ ছিল। যখন গোটা দেশ জুড়ে ভ্রমণ করে খেলতে হয়, তখন এভাবে পুনরুজ্জীবিত হওয়াটা সহজ হয় না। আমরা সব সময়ে বর্তমানে থাকার চেষ্টা করেছি, যা এই ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা যে সুযোগই পেয়েছি, তার পুরো সদ্ব্যবহার করার চেষ্টা করেছি। আশা করি, ফাইনালেও একই ধারা বজায় রাখব।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: কলকাতার সামনে হায়দরাবাদ, জেনে নিন আইপিএল প্লে-অফের চূড়ান্ত সময়সূচি

    IPL 2024: কলকাতার সামনে হায়দরাবাদ, জেনে নিন আইপিএল প্লে-অফের চূড়ান্ত সময়সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: লিগ পর্বের শেষ ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ভেস্তে গেল বৃষ্টিতে। এবার একটাই লক্ষ্য প্লে-অফ (IPL 2024)। আগামিকাল, মঙ্গলবার প্লেঅফের প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সান রাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। রবিবার ছিল ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংস। ঘরের মাঠে পঞ্জাব কিংসকে হারায় সানরাইজার্স। দ্বিতীয় ম্যাচটি ভেস্তে যাওয়ায় নেট রান রেটে পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থান নিশ্চিত হয় সানরাইজার্সের।

    কবে, কোথায়, কোন ম্যাচ

    সূচি অনুযায়ী (IPL 2024) প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ হবে আমেদাবাদে। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম অর্থাৎ চিপকে। আগামী ২১ মে  প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। যে দল জিতবে, সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। পরদিন অর্থাৎ ২২ মে একই স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হারলে বিদায়। জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এবং এলিমিনেটরে জয়ী দল ২৪ মে চেন্নাইতে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে।
    আগামী ২৬ মে ফাইনাল চেন্নাইতে। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল।

    আরও পড়ুন: ভোটদানের নিরিখে নয়া রেকর্ড গড়ার আহ্বান প্রধানমন্ত্রী মোদির

    বৃষ্টির আশঙ্কা

    আমেদাবাদে এখন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। লিগ (IPL 2024) পর্বে গুজরাট-কলকাতা এবং গুজরাট-হায়দরাবাদ দুটি ম্যাচই বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। এবার নক আউটে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা ও হায়দরাবাদ (KKR vs SRH) একে অপরের বিপক্ষে খেলবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেই ম্যাচেও বৃষ্টির আশঙ্কা থাকছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: তৃতীয় দল হিসেবে উঠল হায়দরাবাদ, আইপিএল প্লে-অফে কলকাতার সামনে কে?

    IPL 2024: তৃতীয় দল হিসেবে উঠল হায়দরাবাদ, আইপিএল প্লে-অফে কলকাতার সামনে কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: টুর্নামেন্ট যতই এগোচ্ছে রোজই প্রায় বদলাচ্ছে আইপিএল প্লে-অফের (IPL 2024) অঙ্ক। বৃহস্পতিবার গুজরাট বনাম হায়দরাবাদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় প্লে-অফের টিকিট সহজেই পেয়ে গিয়েছে হায়দরাবাদ। কেকেআর (Kolkata Knight Riders) এবং রাজস্থান রয়্যালসের পরে তৃতীয় দল হিসেবে প্লে-অফে উঠল হায়দরাবাদ। চতুর্থ দল হিসেবে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করবে কে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। রবিবারের আরসিবি বনাম সিএসকে ম্যাচটি কার্যত নক আউট ম্যাচ হয়ে গেছে৷ এই ম্যাচের জয়ী দল চতুর্থ দল হিসেবে প্লে-অফে খেলবে। তবে পাল্লা ভারি ধোনিদের।

    নাইটদের সামনে কারা

    ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কোয়ালিফায়ার ১ খেলবে তা নিশ্চিত হয়ে গিয়েছে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার থেকে ঘরের মাঠ ইডেনে প্রস্তুতিও শুরু করেছে নাইটরা। তবে তাদের সামনে কারা চ্যালেঞ্জ ছুঁড়বে সেই অঙ্ক খষছে নাইট শিবির। কোয়ালিফায়ার (IPL 2024) ওয়ানে কেকেআরের মুখোমুখি হতে পারে চেন্নাই বা হায়দরাবাদ। ১৩ ম্যাচে চেন্নাই সুপার কিংস বা সিএসকে-র পয়েন্ট ১৪৷  বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে হায়দরাবাদ হারালে ও রাজস্থান তাদের শেষ ম্যাচে হেরে গেলে তবেই পয়েন্ট টেবিলের (IPL 2024) প্রথম দুইয়ে শেষ করবেন প্যাট কামিন্সরা। তবে চেন্নাই সুপার কিংস শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বড় ব্যবধানে হারিয়ে দিলে রান রেট ভাল থাকার সুবাদে তারাও হতে পারে নাইটদের প্রতিপক্ষ। আর শেষ ম্যাচ রাজস্থান যদি কলকাতাকে হারিয়ে দেয় তাহলে তারাও হতে পারে কেকেআর-এর প্রতিপক্ষ।

    আরও পড়ুন: কেকেআর ছাড়ছেন গম্ভীর! ভাসছে নানা নাম, রাহুল পরবর্তী জমানায় টিম ইন্ডিয়ার কোচ কে?

    চেন্নাই না বেঙ্গালুরু

    চেন্নাই সুপার কিংসের সঙ্গে ডু অর ডাই ম্যাচে বিরাটদের এই ম্যাচে জিততেই হবে। তবে তারপরেও রয়েছে নানা সমীকরণ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই টুর্নামেন্টে দুর্দান্ত কামব্যাক করেছে। একটা সময় প্লে-অফের (IPL 2024) দরজা কার্যত বিরাটদের সামনে বন্ধ হয়ে গিয়েছিল। অনেকেই মনে করেছিলেন যে শুধুমাত্র অঙ্কের বিচারে এই দলটা টুর্নামেন্টে টিকে রয়েছে। এবার তাদের মরণ-বাঁচন লড়াই। ১৮ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের খেলতে হবে। এই ম্যাচে যদি নেট রানরেট ঠিকঠাক রেখে আরসিবি জিততে পারে, তাহলেই শেষ চারে তারা জায়গা করে নিতে পারবে। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের সামনে প্লে-অফের রাস্তা বন্ধ হয়ে যাবে। আর চেন্নাই জিততে পারলে তো কথাই নেই, ধোনিরা প্লে-অফের যোগ্যতা অর্জন করবে। যদি বৃষ্টির কারণে এই ম্যাচটা ভেস্তে যায়, তাহলে চেন্নাই সরাসরি প্লে-অফে চলে যাবে। সেক্ষেত্রে কলকাতা (Kolkata Knight Riders), রাজস্থান, হায়দরাবাদ এবং চেন্নাই আইপিএল (IPL 2024) প্লে-অফ খেলবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: প্লে-অফে এখনও একমাত্র কলকাতা, আইপিএল পয়েন্ট টেবিলে কে, কোথায়?

    IPL 2024: প্লে-অফে এখনও একমাত্র কলকাতা, আইপিএল পয়েন্ট টেবিলে কে, কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: জমজমাট সপ্তদশ আইপিএল (IPL 2024)। গ্রুপস্তরের শেষ লগ্নে এখন হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিটা দলের আর একটা বা দুটো ম্যাচ খেলা বাকি। ১০ দলের মধ্যে মাত্র কলকাতা নাইট রাইডার্স প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করেছে। রাজস্থান রয়্যালস ফের হেরে যাওয়ায় তারা ১৬ পয়েন্ট নিয়ে আটকে আছে। আর চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যাল়েঞ্জার্স বেঙ্গালুরু গত ম্যাচে জেতায় তারা এখন একে অপরের সঙ্গে লড়াইয়ের দিকে তাকিয়ে। 

    প্লে-অফে কলকাতা

    বৃষ্টিস্নাত শনিবাসরীয় ইডেনে মুম্বইকে ধরাশায়ী করে ইতিমধ্যেই প্লে-অফ (IPL 2024) নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের পয়েন্ট ১৮। ১২ ম্যাচ খেলে কেকেআর নয়টাতে জিতেছে। সোমবার ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। শ্রেয়স আইয়ার বনাম শুভমান গিলের দলের দ্বৈরথ দেখতে মুখিয়ে ক্রিকেট প্রেমিরা। কলকাতা এই ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে চায়। তবে গুজরাটের কাছে এটা ডু অর ডাই ম্যাচ। প্লেঅফের লড়াইয়ে থাকতে হলে শেষ দুটি ম্যাচ জিততেই হবে শুভমান গিল, রাশিদ খানদের। 

    পয়েন্ট টেবিলে কে কোথায়

    চলতি আইপিএল (IPL 2024) পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান। নয় ম্যাচে তাদের পয়েন্ট ১৬। বাকি দুটোর মধ্যে একটা জিততে পারলেই তারা নিশ্চিত করবে প্লে অফ। যদি জিততে না পারে সেক্ষেত্রে ১৬ পয়েন্ট নিয়ে তারা পরের রাউন্ডে যাবে। তবে প্রথম দুই দলের মধ্যে থাকার সম্ভবনা কম। শেষ ম্যাচে জিতে সানরাইজার্সকে টপকে তৃতীয় স্থানে চলে এসেছে চেন্নাই সুপার কিংস। তাদের পয়েন্ট ১৪। সানরাইজার্সের থেকে নেট রান রেটে বেশি থাকা চেন্নাই এগিয়ে গিয়েছে। তবে তাদের শেষ ম্যাচ বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচ জিতলে তবেই প্লে অফে যেতে পারবে ধোনিরা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুরন্ত প্রত্যাবর্তন করেছে। এখন ১৩ ম্যাচে নিয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কোহলিরা। সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনউ-এর হাতে এখনও রয়েছে ২টো করে ম্যাচ। সেগুলো জিততে পারলে তারাও লড়াইয়ে থাকবে। গুরুত্বপূর্ণ হতে পারে নেট রানরেটও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IPL 2024: ৪০ ওভারে প্রায় ৫৫০ রান! আইপিএলে রেকর্ড রান তুলে জয় হায়দরাবাদের, হার বেঙ্গালুরুর

    IPL 2024: ৪০ ওভারে প্রায় ৫৫০ রান! আইপিএলে রেকর্ড রান তুলে জয় হায়দরাবাদের, হার বেঙ্গালুরুর

    মাধ্যম নিউজ ডেস্ক: চরিত্র বদলাচ্ছে ২২ গজের। দশ বছর আগেও টেস্ট ক্রিকেটে ২দিন ব্যাট করে সাড়ে পাঁচশো রান তুলত কোনও দল। এখন ঝোড়ো ক্রিকেটের যুগে ৪০ ওভারে প্রায় ৫৫০ রান উঠল! সোমবার চলতি আইপিএল-এ (IPL 2024) হায়দরাবাদ বনাম বেঙ্গালুরুর ম্যাচে রানের বন্যা বয়ে গেলো। সানরাইজার্স হায়দরাবাদের (RCB vs SRH)  তোলা রেকর্ড ২৮৭ রানের জবাবে বেঙ্গালুরুর ইনিংস শেষ হল ৭ উইকেটে ২৬২ রানে। সেটাও রেকর্ড। খেলা কোথায় যাচ্ছে। খুব দেরি নেই, যখন টি-২০ ম্যাচের একটি ইনিংসে ৩০০ রান এবং একদিনের ম্যাচে ৫০০ রান উঠবে, ম্যাচ শেষে এমনই অভিমত ক্রিকেট বিশেষজ্ঞদের।

    রানের বন্যা

    আইপিএলে (IPL 2024) ফের রেকর্ড রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ। ২৫ রানে হারাল আরসিবিকে। এদিন ট্র্যাভিস হেডের ১০২ ও হেনরিখ ক্লাসেনের ৬৭ রানের বিধ্বংসী ইনিংসে ভর করেই আইপিএলের সর্বকালের সর্বোচ্চ ২৮৭ রান তুলেছিল সানরাইজার্স। নিজেদের তিন ম্যাচে আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৭৭ রান তুলে যে রেকর্ড গড়েছিল সানরাইজার্স, তা কামিন্সরা নিজেরাই ভেঙে ফেলেন।  চিন্নাস্বামী ফের দেখল ব্যাটারদের তাণ্ডব কাকে বলে। সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে দুই দল ৪০ ওভারে করল ৫৪৯ রান। যা আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা রেকর্ড। তবে শেষ হাসি হাসল কামিন্সরাই। এই নিয়ে আইপিএলের সাতটি ম্যাচ খেলে ছ’টিতেই হারল বেঙ্গালুরু। দীনেশ কার্তিকের লড়াইও বেঙ্গালুরুর হার বাঁচাতে পারল না। অন্য দিকে, ছ’টি ম্যাচ খেলে চারটিতে জয় পেল হায়দরাবাদ।

    লড়াই বেঙ্গালুরুর

    বড় লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করেন কোহলিরাও (RCB vs SRH)। কিন্তু ধারাবাহিক ভাবে উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছতে পারলেন না তাঁরা। ওপেন করতে নেমে কোহলি করলেন ২০ বলে ৪২। ৬টি চার এবং ২টি ছয় মারলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। অপর ওপেনার ডুপ্লেসি ছিলেন বেশি আগ্রাসী। তাঁর ব্যাট থেকে এল ২৮ বলে ৬২ রানের ইনিংস। বেঙ্গালুরু অধিনায়ক নিজের ইনিংস সাজালেন ৭টি চার এবং ৪টি ছক্কা দিয়ে। শুরুর ভালটা ধরে রাখতে পারলেন না বেঙ্গালুরুর পরের ব্যাটারেরা। পর পর আউট হলেন উইল জ্যাকস (৭), রজত পাটীদার (৯) এবং সৌরভ চৌহান (শূন্য)। ফলে বিনা উইকেটে ৮০ থেকে ৫ উইকেটে ১২২ হয়ে যায় বেঙ্গালুরু। এই চাপ আর সামলাতে পারেনি ডুপ্লেসির দল। শেষ দিকে ব্যাট হাতে লড়াই করলেন কার্তিক। কিন্তু উইকেটের অন্য প্রান্তে সঙ্গীর অভাবে দলকে জয়ের চৌকাঠ পার করে দিতে পারলেন না। ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করলেন তিনি। শেষ পর্যন্ত কার্তিকের ব্যাট থেকে এল ৩৫ বলে ৮৩ রানের অবিশ্বাস্য ইনিংস। মারলেন ৫টি চার এবং ৭টি ছক্কা। রানের ফোয়ারার মাঝেও তিন উইকেট নিয়ে বল হাতে বেশ প্রভাবিত করলেন বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্স। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share