Tag: Student Union Election

  • ABVP: কেরলের কলেজে এসএফআই শাসনের অবসান, সব প্রধান পদেই জয়ী এবিভিপি

    ABVP: কেরলের কলেজে এসএফআই শাসনের অবসান, সব প্রধান পদেই জয়ী এবিভিপি

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরলের ত্রিপুনিথুরা সরকারি সংস্কৃত কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বড়সড় পালাবদল। দীর্ঘদিন ধরে কলেজের ছাত্র সংসদে প্রভাব ধরে রেখেছিল এসএফআই। তাদের সরিয়ে এ বার সংসদের নিয়ন্ত্রণ নিল এবিভিপি (ABVP)। নির্বাচনে ছ’টি প্রধান পদেই জয়ী হয়েছে এবিভিপি। কলেজটি (Kerala Tripunithura College) দীর্ঘদিন ধরেই এসএফআইয়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

    জানা গিয়েছে, চেয়ারপার্সন পদে জয়ী হয়েছেন স্নিগ্ধা এম হরি। ভাইস চেয়ারপার্সন হয়েছেন আদিত্য টি এ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিগ্নেশ ভট্ট। ম্যাগাজিন সম্পাদক হয়েছেন বিগ্নেশ ডি এবং আর্টস ক্লাব সম্পাদক পদে জয় পেয়েছেন অঞ্জলি টি। বিশ্ববিদ্যালয় ইউনিয়ন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন নিবেদ্যা কে এন। দ্বিতীয় স্নাতক প্রতিনিধি এবং দ্বিতীয় স্নাতকোত্তর প্রতিনিধি পদে জয়ী হয়েছেন যথাক্রমে শিবানি আর এবং অবনী সি বি।

    চার দশকেরও বেশি সময় ধরে কলেজটিতে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের প্রভাব ছিল বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বার সেই দীর্ঘ আধিপত্যের অবসান ঘটিয়ে এবিভিপির এই ফলাফল ত্রিপুনিথুরার ছাত্র রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে উঠে এসেছে।

    জয়ী এবিভিপি (ABVP)

    ফল প্রকাশের পর এবিভিপির তরফে এই জয়কে এসএফআইয়ের কথিত “ছাত্রবিরোধী নীতির” বিরুদ্ধে ছাত্রদের রায় হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। সংগঠনের এক প্রতিনিধির দাবি, ত্রিপুনিথুরার এই ফল কেরলের অন্যান্য কলেজে এবিভিপির সংগঠনগুলিকেও উৎসাহিত করবে।

    এবিভিপির আরও অভিযোগ, আগের এসএফআই-নিয়ন্ত্রিত ছাত্র সংসদগুলি সংস্কৃত ভাষা ও সংশ্লিষ্ট কার্যক্রমকে যথেষ্ট গুরুত্ব দেয়নি। ছাত্রদের কাছ থেকে সংগৃহীত অর্থ কীভাবে ব্যবহার করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। এসএফআইয়ের কার্যকালে পর্যাপ্ত ছাত্রকল্যাণমূলক কর্মসূচি আয়োজন করা হয়নি বলেও অভিযোগ করেছে এবিভিপি।

    পুরসভায়ও পালাবদল

    ত্রিপুনিথুরার বৃহত্তর রাজনৈতিক পরিস্থিতির সঙ্গেও এই ফলকে দেখা হচ্ছে। সম্প্রতি ত্রিপুনিথুরা পুরসভার নিয়ন্ত্রণ নেয় বিজেপি। ২০২৫ সালের স্থানীয় নির্বাচনে বিজেপি ২১টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয়; বাম গণতান্ত্রিক জোট পেয়েছিল ২০টি এবং কংগ্রেস নেতৃত্বাধীন জোট ১২টি আসন। পরে পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদও দখল করে (ABVP) বিজেপি।

    তবে পুরসভা নির্বাচন এবং কলেজ ছাত্র সংসদ নির্বাচন পৃথক বিষয়। তাই কলেজের এই ফলকে বৃহত্তর জনমতের সরাসরি প্রতিফলন বলা বোধহয় ঠিক হবে না। সরকারি সংস্কৃত কলেজটি মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই ছাত্র সংসদ নির্বাচন পরিচালিত হয় (Kerala Tripunithura College)।

    ত্রিপুনিথুরা সরকারি সংস্কৃত কলেজে দীর্ঘদিনের এসএফআই-প্রভাবের পর এবিভিপির এই জয় কেরলের ক্যাম্পাস রাজনীতিতে দুই ছাত্র সংগঠনের মধ্যে রাজনৈতিক পরিসর দখলের প্রতিযোগিতাকে নতুন মাত্রা দিল (ABVP) বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

     

  • DUSU Election 2025: ফের গেরুয়া ঝড়! দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটে তিনটি পদে জয়ী এবিভিপি

    DUSU Election 2025: ফের গেরুয়া ঝড়! দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটে তিনটি পদে জয়ী এবিভিপি

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়ের (DUSU Election 2025) ছাত্র সংসদ নির্বাচনে ফের গেরুয়া ঝড়। সভাপতি, সম্পাদক-সহ চারটি গুরুত্বপূর্ণ পদের মধ্যে তিনটিই দখল করল এবিভিপি। কংগ্রেসের ছাত্র সংগঠন এর ঝুলিতে গেল শুধু সহ-সভাপতির পদ। ২০২৩ সালের মতোই দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল জয় ছিনিয়ে নিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সভাপতি পদে এবিভিপি প্রার্থী আরিয়ান মান তাঁর এনএসইউআই প্রতিদ্বন্দ্বী জসলিন নন্দিতা চৌধরিকে ১৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন।

    একচ্ছত্র আধিপত্য এবিভিপি’র

    ভোটগ্রহণ হয়েছিল বৃহস্পতিবার। শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ফল ঘোষণা হল। কংগ্রেস প্রভাবিত ছাত্র সংগঠন এনএসইউআই-কে হারিয়ে সভাপতি পদ পুনর্দখল করল সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)। সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদ দু’টিও গিয়েছে এবিভিপির ঝুলিতে। ছাত্র সংসদের চারটি পদের জন্য মোট ২১ জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছিলেন। চলতি নির্বাচনে ভোট দিয়েছেন মূল ক্যাম্পাসের পাশাপাশি দিল্লি বিশ্ববিদ্যালেয়ের অধীনে থাকা ৫০টি কলেজের ছাত্র-ছাত্রীরা। এবারের নির্বাচনে ভোট পড়েছিল ৩৯.৪৫ শতাংশ। ছাত্র নির্বাচন হলেও, তা ঘিরে উত্তেজনা ছিল টানটান। ৫২টি কেন্দ্র ও ১৯৫টি বুথে হয়েছে ভোট গ্রহণ। আনা হয়েছিল ৭১১টি ইভিএম।

    প্রত্যেক পড়ুয়ার পাশে থাকার বার্তা

    শুক্রবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২৮ হাজারের বেশি ভোট পেয়ে এই পদে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নয়া সভাপতি পদে বসলেন আরিয়ান। অন্যদিকে এনএসইউআই প্রার্থী পেয়েছেন ১২ হাজারের সামান্য অধিক ভোট। শুধুই সভাপতি পদই নয়, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদেও জয় লাভ করেছে আরএসএস-এর ছাত্রদল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নয়া সম্পাদক হয়েছেন কুণাল চৌধুরী এবং যুগ্ম সম্পাদক হয়েছে দীপিকা ঝা। একমাত্র সহ-সভাপতি পদে জয় লাভ করেছে এনএসইউআই-র প্রার্থী রাহুল ঝান্সলা। এই নির্বাচনে অংশ নিয়েছিল বাম সমর্থিত দুই ছাত্রদল এসএফআই ও আইসা। কিন্তু তাদের হাত আপাতত শূন্যই। আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কুণাল চৌধরী এনএসইউআই-এর কবীরকে পরাজিত করে সম্পাদকের পদটি ছিনিয়ে নিয়েছেন৷ সেন্ট্রাল প্যানেলের যুগ্ম সম্পাদকের পদটিও পেয়েছেন এবিভিপি’র দীপিকা ঝা৷ তিনি এনএসইউআই-এর লবকুশ ভাডানাকে পরাজিত করেছেন৷ এবিভিপি-র কুণাল চৌধরী বলেন, “আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সম্পাদক নির্বাচিত হয়েছি৷ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই৷ করজোড়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক পড়ুয়াকে আশ্বস্ত করছি, কখনও কারও কিছু প্রয়োজন হলে, আমি সবসময় পাশে আছি৷”

LinkedIn
Share