Tag: Suvendu Adhikari Vijay Sammilani

  • Suvendu Adhikari: ‘ধর্ম যার যার, ধর্ম রক্ষার দায়িত্বও তার তার, এটাই নতুন পশ্চিমবঙ্গ’, বিজয়া সম্মিলনীতে বার্তা শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘ধর্ম যার যার, ধর্ম রক্ষার দায়িত্বও তার তার, এটাই নতুন পশ্চিমবঙ্গ’, বিজয়া সম্মিলনীতে বার্তা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: “ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তার তার।” পশ্চিমবঙ্গের দুর্গাপুজো-পরবর্তী বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “এটাই নতুন পশ্চিমবঙ্গ, পরিবর্তনের পশ্চিমবঙ্গ।” সোমবার কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে রাজ্য সরকারের আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একদিকে যেমন রাজ্যের ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের পরিবেশের কথা তুলে ধরেন, অন্যদিকে চোরবাগান সর্বজনীনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রুখতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন তিনি। আগামী বছরের দুর্গাপুজোর আগে তদন্ত কমিটির সুপারিশ রাজ্যের সমস্ত পুজো কমিটির কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

    ‘ধর্ম যার যার, ধর্ম রক্ষার দায়িত্বও তার তার’

    বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে ধর্মীয় স্বাধীনতা, উৎসব পালন এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ধর্মীয় পরিচয় প্রত্যেকের নিজস্ব বিষয় হলেও ধর্ম রক্ষার দায়িত্বও সংশ্লিষ্ট ব্যক্তির নিজের। এ বার পশ্চিমবঙ্গের মানুষ এই বিষয়টি বুঝেছেন বলেও দাবি করেন তিনি।

    মুখ্যমন্ত্রীর কথায়, “ধর্ম যার যার উৎসব সবার—এটা তো ঘটনা। কিন্তু ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তার তার। এটা এবারে পশ্চিমবঙ্গের সকলে বুঝেছেন। এটাই নতুন পশ্চিমবঙ্গ, পরিবর্তনের পশ্চিমবঙ্গ।”

    দুর্গাপুজোয় মাইক ব্যবহারের অনুমতি এবং প্রতিমা বিসর্জনের রুট নিয়ন্ত্রণের প্রসঙ্গেও অতীতের প্রশাসনিক ব্যবস্থার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগে রাজ্যের বিভিন্ন এলাকায় দুর্গাপুজোর মাইক বাজানো নিয়ে বিধিনিষেধ আরোপ করা হত। আলিপুরদুয়ারের ভালাকাটা, মুর্শিদাবাদের ফরাক্কার মহেশপুর এবং কলকাতার উপকণ্ঠে গার্ডেনরিচের মতো এলাকার উদাহরণ তুলে ধরেন তিনি। বিসর্জনের রুট নিয়ন্ত্রণ প্রসঙ্গে শুভেন্দু বলেন, “আমি কোনও সম্প্রদায়কে দায়ী করি না। আমি দায়ী করি বিগত দিনে যারা প্রশাসনে ছিলেন তাঁদের। তাঁরা আত্মসমর্পণ করতেন।”

    চোরবাগান দুর্ঘটনা ‘হিউম্যান এরর’, নিরপেক্ষ তদন্তের আশ্বাস

    বক্তব্যের শুরুতেই চোরবাগান সর্বজনীনের দুর্ঘটনার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “চোরবাগানের ঘটনা আমাদের মন, হৃদয় একেবারে নাড়িয়ে দিয়েছে।” দুর্ঘটনাটিকে ‘হিউম্যান এরর’ বা মানুষের ভুল বলে উল্লেখ করেন শুভেন্দু। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে এবং কারা দায়ী, তা নির্ধারণের দায়িত্ব তদন্ত কমিটির উপরেই ছেড়ে দিয়েছেন তিনি।

    মুখ্যমন্ত্রী জানান, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকার নিজেরাই তদন্ত না করে নিরপেক্ষ তদন্তের দায়িত্ব অবসরপ্রাপ্ত বিচারপতির হাতে তুলে দিয়েছে বলে জানান তিনি।

    তদন্তে কোনও পক্ষপাতের জায়গা থাকবে না বলে আশ্বাস দিয়ে শুভেন্দু বলেন, “আমি ষড়যন্ত্রের তত্ত্ব আনব না। আমি ছোট্ট ঘটনা বলব না। আমি বলব, যাদেরই ভুলে এই ঘটনা ঘটে থাকুক না কেন, তার মূল্যায়ন অবসরপ্রাপ্ত বিচারপতি ম্যাডাম মহোদয়া করবেন। ওই ঘটনার জন্য দায়ী কাউকে আড়াল করবে না সরকার।”

    তদন্ত কমিটির সুপারিশ শুধু প্রকাশ্যে আনাই নয়, আগামী বছরের দুর্গাপুজোর আগে প্রচারপত্রের মাধ্যমে রাজ্যের সমস্ত পুজো কমিটির কাছে তা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে পুজোর আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে বলে মনে করা হচ্ছে।

    আহত ২৫ জনের পরিবারের হাতে আর্থিক সাহায্য

    চোরবাগানের দুর্ঘটনায় আহত ২৫ জনের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তিনি। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের পরিষেবা নেওয়ার প্রসঙ্গে শুভেন্দু বলেন, চিকিৎসার ক্ষেত্রে কোনও অহঙ্কারকে গুরুত্ব না দিয়ে উন্নত পরিষেবা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার ছিল।

    এ দিনের বিজয়া সম্মিলনীতে দুর্ঘটনার কারণে শোকের আবহ বজায় ছিল। বাতিল করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের লোকসংস্কৃতিকে একই মঞ্চে তুলে ধরার পরিকল্পনাও সংক্ষিপ্ত করা হয়।চোরবাগানের ঘটনায় বিহারের মুজফফরপুরের দুই বাসিন্দার মৃত্যুর প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে প্রতিমন্ত্রী উমেশ রায়ের নেতৃত্বে সরকারি প্রতিনিধি দল সেখানে যাওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

    রাজ্যে প্রায় ৬৬ হাজার দুর্গাপুজো, শান্তিপূর্ণ উৎসবের দাবি

    দুর্গাপুজোর সামগ্রিক চিত্র তুলে ধরে শুভেন্দু অধিকারী জানান, এ বছর রাজ্যে ৫৮ হাজার অনুমোদিত দুর্গাপুজো হয়েছে। বাড়ি এবং মঠ-মিশনের পুজো যুক্ত করলে মোট সংখ্যা প্রায় ৬৬ হাজার। চোরবাগানের দুর্ঘটনা বাদ দিলে রাজ্যের বাকি দুর্গাপুজোগুলি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

    সোমবারের অনুষ্ঠানে কলকাতা, হাওড়া, চন্দননগর, বিধাননগর ও ব্যারাকপুরের প্রায় ছ’হাজার পুজো কমিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাঁদের সামনে আগামী দিনের উৎসব আয়োজনের ক্ষেত্রে প্রশাসনিক সতর্কতা ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

    কালীপুজো, ছটপুজো ঘিরে আগাম প্রস্তুতি

    দুর্গাপুজো শেষ হলেও রাজ্যে একের পর এক উৎসব রয়েছে। সামনে কালীপুজো, দীপাবলি, ছটপুজো, জগদ্ধাত্রী পুজো ও কার্তিক পুজো। এই উৎসবগুলিকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    বিশেষ করে ছটপুজোয় বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে আগাম প্রস্তুতির উপর জোর দেন তিনি। আগামী ২৮ অক্টোবর সরকারি অফিস খোলার পর উৎসবগুলির নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে বিশেষ বৈঠক হবে বলে জানান শুভেন্দু।

    চোরবাগানের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের ধর্মীয় অনুষ্ঠান ও বড় জমায়েতগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    আন্তর্জাতিক মানে গঙ্গাসাগর মেলা, সামনে ‘ওয়ার্ল্ড এনার্জি উইক’

    গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনার কথাও এ দিনের সভায় জানান মুখ্যমন্ত্রী। বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগমের কথা মাথায় রেখে মেলার আয়োজন ও ব্যবস্থাপনা সুশৃঙ্খলভাবে পরিচালনার উপর গুরুত্ব দেন তিনি।

    পাশাপাশি আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব, প্রবাসী ভারতীয় সম্মেলন এবং ‘ওয়ার্ল্ড এনার্জি উইক’-এর মতো আসন্ন কর্মসূচির কথাও উল্লেখ করেন শুভেন্দু। আগামী ২৭ জানুয়ারি কলকাতায় ‘ওয়ার্ল্ড এনার্জি উইক’ আয়োজনের প্রসঙ্গ তুলে বড় কর্মসূচিগুলির প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

    এ দিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা মিঠুন চক্রবর্তী, পদ্মশ্রীপ্রাপ্ত প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

    চোরবাগান দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের চিহ্নিত করা এবং আগামী বছরের দুর্গাপুজোর আগে নিরাপত্তা সংক্রান্ত সুপারিশগুলি সমস্ত পুজো কমিটির কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত এ দিনের সভার অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও ধর্ম রক্ষার দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যও রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।

LinkedIn
Share