Tag: Tan Guan Wei

  • International Human Trafficking: আন্তর্জাতিক মানবপাচার-সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস, উদ্ধার ১৬৪ বিদেশি

    International Human Trafficking: আন্তর্জাতিক মানবপাচার-সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস, উদ্ধার ১৬৪ বিদেশি

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মানবপাচার ও সাইবার প্রতারণা চক্রের হদিশ পেল দিল্লি পুলিশ। নয়ডার একটি কল সেন্টারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলছিল এই বেআইনি কারবার। সেখানে আটকে রেখে বিদেশিদের (International Human Trafficking) দিয়ে জোর করে সাইবার প্রতারণার কাজ করানো হত বলে অভিযোগ। পুলিশি অভিযানে মোট ১৬৪ জন বিদেশিকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৯২ জন ইন্দোনেশিয়ার এবং ৭২ জন মালয়েশিয়ার নাগরিক (Cyber Fraud Racket)।

    এই ঘটনায় তান গুয়ান ওয়েই নামে এক মালয়েশীয়কে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভারতীয় সুনীল কুমার ও সুশীল ভাটির নামও উঠে এসেছে। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় অপরাধ দমন শাখার থানায় মামলা দায়ের করা হয়েছে।

    সাইবার দাসত্বের শিকার (International Human Trafficking)

    উদ্ধার হওয়া বিদেশিদের বয়স ১৯ থেকে ২২ বছরের মধ্যে। পুলিশ জানিয়েছে, তাঁরা কার্যত সাইবার দাসত্বের শিকার হয়েছিলেন। অভিযানের সময় বিপুল পরিমাণ বৈদ্যুতিন সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৫৫টি মোবাইল ফোন, ১৬৮টি ডেস্কটপ কম্পিউটার, ২৬টি ল্যাপটপ, ৫৩টি সিম কার্ড এবং ১৭৪টি পাসপোর্ট।

    বাজেয়াপ্ত হওয়া মোবাইল ফোনগুলির মধ্যে ৩৩৫টি পুরানো বা ব্যবহৃত। বাকি ২০টি ছিল নতুন এবং সিল করা অবস্থায়। উদ্ধার হওয়া ৫৩টি সিম কার্ডের মধ্যে ৩১টি আন্তর্জাতিক এবং ২২টি ভারতীয় সংযোগের। এদিকে, পাসপোর্টগুলির মধ্যে ৯৫টি ইন্দোনেশিয়ার এবং ৭৯টি মালয়েশিয়ার নাগরিকের।

    দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার সুরেন্দ্র কুমার জানিয়েছেন, গত ২৬ নভেম্বর একটি বিদেশি নাগরিকের পাঠানো ইমেলের সূত্র ধরেই এই চক্রের সন্ধান মেলে। ওই ইমেলে নয়ডায় মানবপাচার ও সাইবার প্রতারণার একটি চক্র সক্রিয় থাকার কথা জানানো হয়েছিল। এরপর অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তাঁর দেওয়া তথ্য যাচাই করার পর অপরাধ দমন শাখার আন্তঃরাজ্য শাখা অভিযান চালিয়ে এই চক্রের পর্দাফাঁস করে।

    পুলিশের বক্তব্য

    পুলিশের যুগ্ম কমিশনারের কথায়, “দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা প্রায় ১৬৫ জন বিদেশির জড়িয়ে থাকা একটি সাইবার প্রতারণা চক্রের হদিশ পেয়েছে। নয়ডার ১৩৬ নম্বর সেক্টরের একটি কল সেন্টার থেকে এই কার্যকলাপ পরিচালিত হত। এই চক্রের সঙ্গে তিনজন মূল অভিযুক্ত জড়িত। তাঁদের মধ্যে একজন মালয়েশীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই ভারতীয় নাগরিক এখনও পলাতক।”

    তদন্তে উঠে এসেছে, মূলত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার নাগরিকদের নিশানা করত এই চক্রের সদস্যরা। বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের ভারতে নিয়ে আসা হত। নয়ডায় পৌঁছনোর পর তাঁদের পাসপোর্ট কেড়ে নেওয়া হত। এরপর অস্বাস্থ্যকর পরিবেশে অতিথিশালা ধরনের আবাসনে আটকে রাখা হত তাঁদের। এমনকী, খাবারও দেওয়া হত নিম্নমানের। স্বাধীনভাবে চলাফেরার কোনও সুযোগ ছিল না। জোর করে তাঁদের দিয়ে অনলাইন প্রতারণার কাজ করানো হত।

    চক্রের ভয়ঙ্কর কারবার

    বিদেশিদের গতিবিধির উপর কড়া নজরদারি চালাত চক্রের সদস্যরা। তাঁদের অবাধে বাইরে বেরোনোর অনুমতি ছিল না। পুলিশ জানিয়েছে, প্রায় ৪০টি গাড়ির মাধ্যমে তাঁদের আবাসন থেকে প্রতারণার কল সেন্টারে নিয়ে যাওয়া হত এবং কাজ শেষে আবার ফিরিয়ে আনা হত (International Human Trafficking)।

    প্রতারণার জন্য নির্দিষ্ট কথোপকথনের নমুনাও দেওয়া হত বন্দিদের। সেই নির্দেশিকা মেনেই তাঁদের সম্ভাব্য শিকারদের সঙ্গে যোগাযোগ করতে হত। মূলত মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার নাগরিকদের লক্ষ্য করে এই প্রতারণার ছক তৈরি করা হয়েছিল।

    কীভাবে ধরা হত শিকার?

    তদন্তকারীদের দাবি, প্রতারণার কাজে ভুয়ো মহিলার পরিচয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করা নকল পরিচিতি ব্যবহার করা হত। প্রথমে সম্ভাব্য শিকারদের সঙ্গে বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলত চক্রের সদস্যরা। ধীরে ধীরে তাঁদের বিশ্বাস অর্জন করার পর বিভিন্ন বিনিয়োগ প্রকল্পে টাকা লাগানোর প্রস্তাব দেওয়া হত।

    বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে ভুয়ো ওয়েবসাইট এবং বিশেষ ধরনের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিনিয়োগ করতে উৎসাহিত করা হত। সাধারণ মানুষকে বোঝানো হত, তাঁরা বৈধ আর্থিক প্রকল্পে টাকা বিনিয়োগ করছেন। কিন্তু বাস্তবে সেই টাকা প্রতারকদের হাতে চলে যেত। এভাবেই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে (Cyber Fraud Racket) অনুমান পুলিশের।

    এই আন্তর্জাতিক প্রতারণা চক্রের আর্থিক লেনদেনের সূত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থ কোথায় পাঠানো হয়েছে, কারা এর সুবিধাভোগী এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তাও (International Human Trafficking) জানার চেষ্টা চলছে।

     

LinkedIn
Share