মাধ্যম নিউজ ডেস্ক: শহরের ব্যস্ত ট্রাফিক সিগন্যাল কিংবা লোকাল ট্রেনের কামরায় আর হাত পেতে সাহায্য চাইতে হবে না। বৃহন্নলা ও রূপান্তরকামী সম্প্রদায়ের (Transgender in Govt Work) মানুষকে সামাজিক মূলস্রোতে ফিরিয়ে এনে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ করে দিতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। তাঁদের নিয়ে গঠন করা হচ্ছে বিশেষ বাহিনী—‘বৃহন্নলা ব্রিগেড’। বৃহস্পতিবার নগরোন্নয়ন ভবনে এক সাংবাদিক বৈঠকে এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
বৃহন্নলা ব্রিগেডের সদস্যদের মূলত দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব
সরকারি এই প্রকল্পে বৃহন্নলা ব্রিগেডের সদস্যদের মূলত দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। প্রথমত, শহরের বিভিন্ন ট্রাফিক সিগন্যালে সাধারণ মানুষের মধ্যে যানবাহন চলাচল সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং দ্বিতীয়ত, পুরসভাগুলির বকেয়া কর আদায়ে সহায়তা করা। পুরমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও ইচ্ছাতেই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। বৃহন্নলা সম্প্রদায়ের মানুষ যাতে ভিক্ষাবৃত্তির পরিবর্তে সম্মানের সঙ্গে উপার্জন করতে পারেন, সেই লক্ষ্যেই তাঁদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। প্রকল্পের প্রথম পর্যায়ে আগ্রহীদের নির্বাচন করা হবে। এরপর পুলিশের মাধ্যমে তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ সম্পূর্ণ হলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যালে তাঁদের দায়িত্ব দেওয়া হবে।
ট্রাফিক সিগন্যালে সচেতনতা বৃদ্ধি
ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ব্রিগেডের সদস্যেরা গাড়িচালক ও যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করবেন। হেলমেট ব্যবহার, সিটবেল্ট বাঁধা-সহ বিভিন্ন নিরাপত্তামূলক নিয়মের প্রয়োজনীয়তা সাধারণ মানুষকে বোঝাবেন তাঁরা। পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও প্রচার চালানো হবে। চলন্ত গাড়ির জানলা দিয়ে রাস্তায় থুতু ফেলা কিংবা আবর্জনা ছুড়ে ফেলার মতো অভ্যাস বন্ধ করতে নাগরিকদের সচেতন করবেন ব্রিগেডের সদস্যেরা। গাড়ির মধ্যে নির্দিষ্ট প্যাকেটে আবর্জনা জমিয়ে রাখার পরামর্শও দেওয়া হবে।
পুরসভার রাজস্ব আদায়েও বিশেষ ভূমিকা
অন্যদিকে, পুরসভার রাজস্ব আদায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই বিশেষ বাহিনীর সদস্যেরা। পুরমন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন পুরসভায় বিপুল পরিমাণ পুরকর বকেয়া রয়েছে। পর্যাপ্ত কর্মীর অভাবে নিয়মিত নোটিস পাঠানো ছাড়া অনেক ক্ষেত্রেই কার্যকর পদক্ষেপ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে বৃহন্নলা ব্রিগেডের একটি অংশকে বাড়ি বাড়ি গিয়ে বকেয়া পুরকর আদায়ের কাজে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই কাজে তাঁদের একা পাঠানো হবে না। সঙ্গে থাকবেন পুরসভার সংশ্লিষ্ট ইনস্পেকটররা। কর আদায়ের মতো সংবেদনশীল দায়িত্ব পালনের আগে সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। কী ভাবে নাগরিকদের সঙ্গে ভদ্র ও মার্জিত ভাষায় কথা বলতে হবে, কী ভাবে নিয়ম মেনে বকেয়া করের টাকা চাইতে হবে— সেই বিষয়ে তাঁদের প্রশিক্ষিত করা হবে।
সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার পথ
মন্ত্রী আরও জানিয়েছেন, ট্রাফিক সচেতনতা এবং পুরকর আদায়— উভয় ক্ষেত্রেই নিযুক্ত সদস্যদের রাজ্য সরকারের তরফে নির্দিষ্ট মাসিক ভাতা বা স্টাইপেন্ড দেওয়া হবে। প্রশাসনিক মহলের মতে, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন বৃহন্নলা ও রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষের কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে, তেমনই তাঁদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার পথও প্রশস্ত হবে। অন্যদিকে, পুরসভার বকেয়া কর আদায়ে গতি আসার পাশাপাশি শহরের ট্রাফিক শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে এই উদ্যোগের।
