Tag: Tribal Pride Day

  • Birsa Munda: অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই, আত্মমর্যাদা ও স্বাধীনতার প্রতীক ভগবান বিরসা মুন্ডা

    Birsa Munda: অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই, আত্মমর্যাদা ও স্বাধীনতার প্রতীক ভগবান বিরসা মুন্ডা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভগবান বিরসা মুন্ডার নাম চিরস্মরণীয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি আদিবাসী সমাজের অধিকার, আত্মমর্যাদা, সাংস্কৃতিক পরিচিতি এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে (Birsa Munda) তাঁর অবদান অনস্বীকার্য। শোষণ, বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে আদিবাসী জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার নতুন চেতনা জাগিয়ে তুলেছিলেন তিনি। তাঁর সাহস, আত্মত্যাগ এবং নেতৃত্বের আদর্শ আজও দেশবাসীকে, বিশেষত নতুন প্রজন্মকে, অনুপ্রাণিত করে (Birth Anniversary)।

    ১৮৭৫ সালের ১৫ নভেম্বর বর্তমান ঝাড়খণ্ডের উলিহাতু গ্রামে জন্মগ্রহণ করেন বিরসা। অত্যন্ত সাধারণ পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা বিরসার মধ্যে ছোটবেলা থেকেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অনুসন্ধিৎসা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব দেখা গিয়েছিল। নিজের সম্প্রদায়ের মানুষের দারিদ্র্য, জোরপূর্বক শ্রম আদায়, আদিবাসীদের জমি দখল এবং ব্রিটিশ শাসন ও শোষণমূলক ব্যবস্থার অত্যাচার তিনি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন। এই অভিজ্ঞতাই নিজের সমাজের অধিকার রক্ষা এবং সামাজিক পরিবর্তন আনার সংকল্পকে আরও দৃঢ় করে তোলে।

    বিরসার চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য (Birsa Munda)

    বিরসার চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তাঁর অসীম সাহস এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন মনোভাব। তিনি একদিকে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছেন, অন্যদিকে আদিবাসী সমাজের উপর চাপিয়ে দেওয়া শোষণমূলক সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলেছেন। তাঁর লড়াই কেবল রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে ছিল না। আদিবাসীদের জল, জঙ্গল ও জমির উপর ঐতিহ্যগত অধিকার রক্ষা করাও ছিল এই আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য।

    ১৮৯৯-১৯০০ সালের উলগুলান বা মহান বিদ্রোহ তাঁর সংগ্রামী জীবনের এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনের মধ্য দিয়ে তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের ক্ষমতা এবং সাধারণ মানুষের মধ্যে অধিকার সচেতনতা গড়ে তোলার অসাধারণ ক্ষমতার পরিচয় পাওয়া যায়।

    বিরসার জীবনের আর একটি গুরুত্বপূর্ণ দিক ছিল নিজস্ব সংস্কৃতি ও পরিচিতির প্রতি গভীর শ্রদ্ধা। তিনি মুন্ডা সম্প্রদায়ের মানুষকে নিজেদের ঐতিহ্য, সাংস্কৃতিক পরিচয় এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হতে উদ্বুদ্ধ করেছিলেন। একই সঙ্গে কুসংস্কার, সামাজিক অনাচার ও মদ্যপানের মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নৈতিক জীবনযাপনের উপর তিনি বিশেষ গুরুত্ব দিতেন। তাঁর বিশ্বাস ছিল, কোনও সমাজের প্রকৃত শক্তি নিহিত থাকে তার ঐক্য, আত্মমর্যাদা এবং সচেতনতার মধ্যে।

    বিরসার নেতৃত্ব

    নেতৃত্বের ক্ষেত্রেও বিরসার ভূমিকা ছিল অসাধারণ। বিচ্ছিন্নভাবে থাকা আদিবাসী জনগোষ্ঠীকে তিনি ঐক্যবদ্ধ করে একটি সংগঠিত প্রতিরোধশক্তিতে পরিণত করেছিলেন। ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার আকাঙ্ক্ষা নয়, বরং নিজের সম্প্রদায়ের অধিকার, মর্যাদা এবং ভবিষ্যৎ সুরক্ষিত করাই ছিল তাঁর নেতৃত্বের মূল উদ্দেশ্য। সীমিত সম্পদ ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দৃঢ় সংকল্প, স্বচ্ছ চিন্তাভাবনা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে বৃহত্তর সামাজিক পরিবর্তনের ভিত্তি তৈরি করা সম্ভব, তা তিনি প্রমাণ করেছিলেন (Birsa Munda)। আত্মত্যাগ, নিষ্ঠা এবং নিঃস্বার্থ সমাজসেবা ছিল তাঁর ব্যক্তিত্বের আরও কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। নিজের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যের ঊর্ধ্বে তিনি স্থান দিয়েছিলেন সমাজের স্বার্থকে। ব্রিটিশ প্রশাসন তাঁকে গ্রেফতার করে। মাত্র ২৫ বছর বয়সে, ১৯০০ সালের ৯ জুন রাঁচি জেলে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর সংগ্রাম ব্যর্থ হয়নি। বিরসার আন্দোলনের ফলে আদিবাসীদের জমির অধিকার রক্ষার বিষয়টি বৃহত্তর পরিসরে গুরুত্ব পায়। পরবর্তী সময়ে ১৯০৮ সালের ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন প্রণয়নের মাধ্যমে আদিবাসীদের জমির অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি তৈরি হয়।

    বর্তমান সমাজও নানা ধরনের সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিস্থিতিতে বিরসার জীবন ও আদর্শ বিশেষভাবে প্রাসঙ্গিক। অন্যায়ের কাছে মাথা নত না করা, নিজের সংস্কৃতি ও পরিচিতিকে মর্যাদা দেওয়া, সামাজিক কুপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং বৃহত্তর সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার শিক্ষা তাঁর জীবন থেকে পাওয়া যায়। তাঁর জীবন আমাদের মনে করিয়ে দেয়, মানুষের মহত্ত্ব বয়স, পদমর্যাদা, সম্পদ, জাতি, ধর্ম কিংবা ভাষার পরিচয়ে নির্ধারিত হয় না। বরং আদর্শের প্রতি নিষ্ঠা, চরিত্রের দৃঢ়তা এবং কর্মের সার্থকতাই একজন মানুষকে প্রকৃত অর্থে মহান করে তোলে।

    বিরসা স্বাধীনতার চেতনার প্রতীক

    ভগবান বিরসার কেবল আদিবাসী সমাজের একজন বীর নেতা নন, তিনি সমগ্র দেশের আত্মমর্যাদা, সাহস, সামাজিক ন্যায় এবং স্বাধীনতার চেতনার প্রতীক। তাঁর জন্মদিন ১৫ নভেম্বর সারা দেশে জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালিত (Birth Anniversary) হয়। এই বিশেষ দিনটি তাঁর অসামান্য অবদান ও আত্মত্যাগের প্রতি জাতির শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। একই সঙ্গে এই দিন আমাদের মনে করিয়ে দেয়, এমন একটি সমাজ গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের, যেখানে প্রত্যেক মানুষ মর্যাদা, সমান সুযোগ এবং ন্যায়বিচার পাওয়ার অধিকারী হবেন। ভগবান বিরসার প্রতি এটাই হবে (Birsa Munda) যথার্থ শ্রদ্ধার্ঘ্য।

     

LinkedIn
Share