মাধ্যম নিউজ ডেস্ক: কোয়াড বৈঠকের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi in Quad Summit) ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump Praised Modi)। মোদিকে ‘খুবই কঠোর মানুষ’ (Very Tough Man) বলে উল্লেখ করে তাঁর নেতৃত্বের প্রশংসা করেন ট্রাম্প। একইসঙ্গে ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে দৃঢ় সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। কোয়াডের সদস্য দেশগুলির অন্যতম আমেরিকা। সেই মার্কিন মুলুকে মধ্যবর্তী নির্বাচনে হেরেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, গত সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পার্শ্ববৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা ছিল আমেরিকার প্রতি ইঙ্গিতবাহী বার্তা। এই অবস্থায় কোয়াড শীর্ষ সম্মেলনেও নিজের ভাষণে মধ্যবর্তী ভারসাম্যের পথে ছিলেন মোদি। এদিন তিনি ভূ-রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বাসযোগ্য সমাধানের প্রস্তাব দেন। সেই কাজে কোয়াডের চার দেশ— অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা ও ভারতের মধ্যে পারস্পারিক আস্থার সম্পর্কে জোর দেন।
এক মঞ্চে মোদি-ট্রাম্প-অ্যালবানিজ
মঙ্গলবার ম্য়ানিলায় বহু প্রতীক্ষিত কোয়াড বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিন রাষ্ট্রনেতার সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, তাঁদের প্রত্যেকের সঙ্গেই তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। ট্রাম্প বলেন, “এই নেতাদের এবং তাঁদের দেশগুলির সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। শুরু থেকেই এই সম্পর্ক বজায় রয়েছে। দীর্ঘদিন ধরেই আমি তাঁদের চিনি। তাঁরা অসাধারণ মানুষ এবং আমার বন্ধু। আর সেই বন্ধুত্ব কূটনৈতিক সম্পর্ককে আরও সহজ করে তোলে।”
মোদির প্রশংসা ট্রাম্পের, বরফ গলার ইঙ্গিত!
প্রধানমন্ত্রী মোদির প্রসঙ্গ টেনে কিছুটা রসিকতার সুরে ট্রাম্প বলেন, “আর একটা কথা বলে রাখি, উনি কিন্তু খুবই কঠোর মানুষ।” জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “আর উনি হয়তো আরও বেশি কঠোর। আমরাও অবশ্য ভালোই আছি।” উল্লেখ্য, ম্যানিলার এই বৈঠক ছিল ২০২৪ সালের পর প্রথম সশরীরে কোয়াড রাষ্ট্রনেতাদের সম্মেলন। পাশাপাশি ট্রাম্পের বর্তমান প্রেসিডেন্ট পদে ফেরার পর এটিই ছিল প্রথম কোয়াড নেতাদের বৈঠক। এর আগে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর আমেরিকার ডেলাওয়্যারের উইলমিংটনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে শেষ মুখোমুখি কোয়াড সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে ২০২৫ সালে পরবর্তী কোয়াড শীর্ষ সম্মেলন আয়োজনের দায়িত্ব ভারতের হাতে দেওয়ার কথা জানানো হয়েছিল।
“গঠনমূলক ও বিশ্বস্ত অংশীদারিত্ব” জরুরি, মত মোদির
মোদির ভাষায় ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে “গঠনমূলক ও বিশ্বস্ত অংশীদারিত্ব” জরুরি। তিনি সামুদ্রিক নিরাপত্তা, নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল, নতুন প্রযুক্তি এবং দুর্যোগ মোকাবিলাকে এই চার সদস্য দেশের মধ্যে সহযোগিতার মূল ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন। মোদি বলেন, “ভারত কোয়াডকে একটি গঠনমূলক ও বিশ্বস্ত অংশীদারিত্ব হিসেবে দেখে। সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা, নতুন নতুন প্রযুক্তি থেকে দুর্যোগ মোকাবেলা পর্যন্ত, আমাদের প্রচেষ্টা হল কোয়াড যেন সমগ্র ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য বিশ্বস্ত সমাধান প্রদান করে।”
বিরল খনিজ সম্পদ উৎপাদনেও জোর কোয়াডের
শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, বৈঠকে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং বিরল মৃত্তিকা মৌল বা রেয়ার আর্থের সরবরাহ ব্যবস্থা নিয়েও আলোচনা করেন ট্রাম্প। তাঁর দাবি, এই ক্ষেত্রে উৎপাদন বাড়াতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে আমেরিকার। আগামী ১০ মাসের মধ্যে প্রয়োজনীয় রেয়ার আর্থের ক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠার আশাও প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, “আমরা এখন আগের যেকোনও সময়ের তুলনায় অনেক বেশি রেয়ার আর্থ উৎপাদন করছি। আগামী ১০ মাসের মধ্যে আমরা তাদের সঙ্গে পাল্লা দিতে পারব। আমাদের যা প্রয়োজন, সবই আমাদের হাতে থাকবে। জাপান উৎপাদন করছে, ভারতও করছে, আমেরিকাও করছে।” বিশেষজ্ঞদের মতে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই খনিজ সম্পদের সরবরাহ নিশ্চিত করা এবং নির্দিষ্ট কয়েকটি দেশের উপর নির্ভরতা কমানোই কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে উঠছে।
চাপে ট্রাম্প, তাই সম্পর্ক পুনরুদ্ধারের প্রয়াস!
চিনকে চাপে রাখার উদ্দেশ্যে গঠিত চতুর্দেশীয় অক্ষের গুরুত্ব হঠাৎই কমে গিয়েছিল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে। কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ভারতের সঙ্গে শুল্কসংঘাত এবং জাপানের সঙ্গে বাণিজ্যিক টানাপড়েন এর অন্যতম কারণ। কিন্তু হঠাৎ কেন কোয়াড নিয়ে আগ্রহী হলেন ট্রাম্প? কূটনৈতিক মহলের মতে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির জেরে চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সে কারণেই কৌশলগত সহযোগী দেশগুলির সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে মন দিয়েছেন তিনি। ম্যানিলার কর্মসূচি শেষ করে ট্রাম্পের পরবর্তী গন্তব্য চিনের শেনঝেন। সেখানে এপেক সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। পাশাপাশি চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে সম্ভাব্য ত্রিপাক্ষিক বৈঠকের কর্মসূচিও রয়েছে বলে জানা গিয়েছে।
আসিয়ান শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি
ফিলিপিন্সে এ বারের আসিয়ান শীর্ষ সম্মেলনের মূল বিষয় হল ‘নেভিগেটিং আওয়ার ফিউচার, টুগেদার’ (আমাদের ভবিষ্যতের যৌথ দিশানির্দেশ)। দ্বীপরাষ্ট্র ফিলিপিন্স তথা আসিয়ান অঞ্চলের সমুদ্রপথগুলি বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ‘নেভিগেটিং’ শব্দটি প্রতীকী অর্থে বেছে নেওয়া হয়েছে। মূল সম্মেলনের পাশাপাশি ১৭ নভেম্বর ‘১৬তম আসিয়ান মেরিটাইম ফোরাম’ এবং ১৮ নভেম্বর ‘১৪তম এক্সপ্যান্ডেড আসিয়ান মেরিটাইম ফোরাম’ অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনার মূল অভিমুখ— সুস্থিত বাণিজ্যিক নৌচলাচল। মোদী এই দু’টি কর্মসূচিতে যোগ দেবেন। তা ছাড়া, ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সভাপতিত্বে আয়োজিত ২১তম ইস্ট এশিয়া সামিট-এও প্রধানমন্ত্রী হাজির থাকবেন। ইস্ট এশিয়া সামিট-এ বর্তমানে ১৯টি সদস্য রাষ্ট্র রয়েছে। এর মধ্যে ১১টি দেশ আসিয়ানেরও সদস্য। এর হল— ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, তাইল্যান্ড, পূর্ব তিমোর এবং ভিয়েতনাম। এ ছাড়া ৮টি সহযোগী দেশ— ভারত, রাশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া, চিন, ভারত, জাপান, নিউ জ়িল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া ইস্ট এশিয়া সামিট-এ যোগ দিচ্ছে।
