Tag: Tungipara

  • Bangladesh Violence: গোপালগঞ্জ-ফরিদপুরে ফের অশান্তি, থানা ও বিএনপি সাংসদের বাড়িতে আগুন, সংঘর্ষে নিহত দলীয় নেতা

    Bangladesh Violence: গোপালগঞ্জ-ফরিদপুরে ফের অশান্তি, থানা ও বিএনপি সাংসদের বাড়িতে আগুন, সংঘর্ষে নিহত দলীয় নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জ এবং সংলগ্ন ফরিদপুরে ফের ছড়াল উত্তেজনা। স্থানীয় এক রাজনৈতিক নেতার মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকে একাধিক এলাকায় সংঘর্ষ (Bangladesh Violence), অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একটি থানা এবং বিএনপির এক সাংসদের বাড়িতে। ঢাকায় একাধিক বাসেও আগুন লাগানোর খবর মিলেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পুলিশ এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নিষিদ্ধ আওয়ামি লিগের সমর্থকদের সংঘর্ষের মধ্যে বিএনপির স্থানীয় কৃষক শাখার নেতা রাজু মোল্লার মৃত্যু হয় (BNP Leader Killed)। ফরিদপুরের এই এলাকা গোপালগঞ্জের লাগোয়া।

    উত্তপ্ত গোপালগঞ্জ (Bangladesh Violence)

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় কয়েকজন সন্দেহভাজন আওয়ামি লিগ কর্মীকে গ্রেফতার করার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্রমে সেই অশান্তি জেলার অন্য অংশ এবং পার্শ্ববর্তী ফরিদপুরেও ছড়িয়ে পড়ে। হামলার ঘটনায় একটি স্থানীয় বিএনপি কার্যালয় এবং একাধিক মোটরবাইক পুড়িয়ে দেওয়া হয় বলে খবর।গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি সাংসদ এসএম জিলানির বাড়িতেও হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে টুঙ্গিপাড়ার পাটগাতি বাজারের কাছে তাঁর বাড়িতে এই হামলা হয় বলে খবর। হামলার সময় পরিবারের সদস্য ও অন্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান। সাংসদের বর্তমান অবস্থানও জানা যায়নি। এর কিছুক্ষণ আগে, সন্ধ্যা ৭টা নাগাদ টুঙ্গিপাড়া থানায় আগুন লাগানোর ঘটনা ঘটে।

    নিষিদ্ধ আওয়ামি লিগ ও নিষিদ্ধ ছাত্রলিগের কর্মী-সমর্থকরা দলের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে থানায় হামলা চালায় বলে অভিযোগ। টুঙ্গিপাড়ার এক সাংবাদিক জানিয়েছেন, শতাধিক মানুষ থানাটি ঘিরে ফেললে পুলিশ সেখান থেকে সরে যায়। এর আগে থানায় প্রায় ৩০ জন সন্দেহভাজন কর্মীকে আটক করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক নিষিদ্ধ দলের এক স্থানীয় নেতার দাবি, থানা ঘেরাওয়ের সময় কিছু উচ্ছৃঙ্খল কর্মী আটক যুবকদের পুলিশি হেফাজত থেকে মুক্ত করে আগুন লাগিয়ে দেন। তাঁর অভিযোগ, থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত আধিকারিক অপ্রয়োজনীয়ভাবে যুবকদের গ্রেফতার করে শক্তি প্রদর্শনের মাধ্যমে ভয় দেখাতে চেয়েছিলেন। এর জেরেই এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

    ঢাকায় বাসে আগুন, বিস্ফোরক নিক্ষেপ

    রাজধানী ঢাকাতেও অশান্তির খবর মিলেছে। পুলিশের দাবি, রাত ৮টা ৪৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে বিভিন্ন জায়গায় অন্তত চারটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগানো হয়। একাধিক এলাকায় দেশীয় বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। এর মাত্র দু’দিন আগেই গোপালগঞ্জে আওয়ামি লিগ সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। সেই সময় পুলিশের গাড়ি ও বিভিন্ন সরকারি অফিসে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে ডেপুটি-জেলাশাসক, পুলিশ সুপার এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছিল। ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করেছেন পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর থেকেই তাঁর দল আওয়ামি লিগ গোপালগঞ্জে ফের সক্রিয় হয়ে উঠেছে বলে খবর। হাসিনার নিজের জেলা হওয়ায় সেখানে নিষিদ্ধ সংগঠনের কর্মী-সমর্থকদের তৎপরতা বেড়েছে। এর মধ্যেই নতুন করে হিংসার ঘটনা সামনে এল।

    ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

    হিংসার ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় সংসদে তিনি বলেন, “আজ হোক বা আগামিকাল, যারা থানায় হামলা করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আক্রমণ করেছে, তাদের ভিডিয়ো ফুটেজ, অডিয়ো রেকর্ডিং এবং ছবি দেখে শনাক্ত করা হবে এবং আইনের আওতায় আনা (Bangladesh Violence) হবে।” মন্ত্রী জানান, টুঙ্গিপাড়া থানায় উচ্চপদস্থ আধিকারিক-সহ প্রায় ২০০ জন পুলিশকর্মী উপস্থিত ছিলেন। তবে আরও প্রাণহানি এড়াতে সরকার পাল্টা পদক্ষেপের নির্দেশ দেয়নি। তাঁর দাবি, থানায় হামলার জন্য মসজিদের মাইক ব্যবহার করে লোকজনকে উসকানি দেওয়ার ঘটনাগুলির রেকর্ডিং ও ভিডিয়ো সরকারের হাতে রয়েছে।

    অগ্নিসংযোগ-হিংসায় উসকানি

    স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, আওয়ামি লিগের নেতারা অগ্নিসংযোগ ও হিংসায় উসকানি দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিয়োয় প্রাক্তন মন্ত্রী, সাংসদ ও দলীয় নেতাদের সীমান্তের ওপার থেকে গ্রামে আগুন লাগানোর নির্দেশ দিতে দেখা যাচ্ছে বলেও তিনি দাবি করেন। টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে আওয়ামি লিগ যদি নিজেদের শক্তি প্রদর্শন করতে চায়, তবে সরকার তার জবাব দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

    এদিকে, ফরিদপুরে নিজের উত্তপ্ত নির্বাচনী এলাকায় থাকা বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম অভিযোগ করেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামি লিগের পলাতক নেতারা দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছেন (BNP Leader Killed)। তাঁর দাবি, পোশাক শিল্পের শ্রমিকদের চলা আন্দোলনকেও কিছু গোষ্ঠী পরিস্থিতি অস্থিতিশীল করার কাজে ব্যবহার করছে। বিশেষ করে ঢাকার শিল্পাঞ্চলে ন্যূনতম জীবনধারণের উপযোগী (Bangladesh Violence) মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের প্রসঙ্গ তুলে এই অভিযোগ করেন তিনি।

     

LinkedIn
Share