Tag: type 2 diabetes

type 2 diabetes

  • Diabetes in Indian Children: স্কুলে যাওয়ার বয়সেই ডায়াবেটিসের থাবা! ভারতীয় শিশুদের নিয়ে কেন বাড়ছে উদ্বেগ?

    Diabetes in Indian Children: স্কুলে যাওয়ার বয়সেই ডায়াবেটিসের থাবা! ভারতীয় শিশুদের নিয়ে কেন বাড়ছে উদ্বেগ?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    কেউ বয়ঃসন্ধিকালের চৌকাঠে দাঁড়িয়ে, আবার কেউ সদ্য স্কুলে ভর্তি হয়েছে! কিন্তু ইতিমধ্যেই তাদের শরীরে জাঁকিয়ে বসেছে জটিল সমস্যা। আক্রান্তের বয়স আর ব্যতিক্রম থাকছে না। বরং, আক্রান্তের বয়স এখন ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে।
    ভারতে শিশুদের মধ্যে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। যা যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন চিকিৎসক মহল। তাঁরা জানাচ্ছেন, প্রথম থেকেই সতর্ক না হলে ভবিষ্যতে আরও বড় স্বাস্থ্য সঙ্কট তৈরি হতে চলেছে। ১৪ নভেম্বর‌ ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে-তে তাই বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, প্রথম পদক্ষেপ থেকেই সজাগ থাকা জরুরি। তবেই সুস্থ দীর্ঘ জীবন যাপন সম্ভব।

    কেন ভারতীয় শিশুদের নিয়ে বাড়তি উদ্বেগ?

    আধুনিক জীবনে বদলে গিয়েছে খাদ্যাভ্যাস। জীবন যাপনের ধরনেও পরিবর্তন হয়েছে। স্বাস্থ্যে যার সরাসরি প্রভাব পড়ছে। শিশুদের মধ্যে এই প্রভাব আরও গভীর। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতে ৩ লাখের ও বেশি শিশু ডায়াবেটিস আক্রান্ত। এমনকি ভারতীয় শিশুদের মধ্যে টাইপ টু ডায়াবেটিসের দাপট ক্রমশ বাড়ছে। যা জানান দিচ্ছে, অস্বাস্থ্যকর জীবন যাপন ভারতের আগামী প্রজন্মের জন্য বিপজ্জনক হয়ে উঠছে।
    চিকিৎসকেরা জানাচ্ছেন, খুব কম বয়স থেকেই রক্তে শর্করার মাত্রার ভারসাম্য না থাকলে, পরবর্তী জীবনে একাধিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়‌। কিডনি, লিভার, হৃদপিন্ডের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতা দ্রুত নষ্ট হয়ে যায়। তাছাড়া হরমোনের ভারসাম্য শরীরে একাধিক সমস্যা তৈরি করতে পারে। স্কুল পড়ুয়াদের মধ্যে ডায়াবেটিসের সমস্যা বাড়লে ভবিষ্যতে তাদের সুস্থ জীবন যাপনে নানান জটিলতা তৈরি হতে পারে। তাই ভবিষ্যত নাগরিকদের জীবন কতখানি সুস্থ থাকবে, সেই নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে।

    ভারতীয় শিশুদের ডায়াবেটিসের দাপটের নেপথ্যে কি ঘুমের ঘাটতি?

    চিকিৎসকেরা জানাচ্ছেন, ঘুমের ঘাটতি এখন অন্যতম বড় সমস্যা হয়ে উঠছে। বিশেষত শিশুদের শরীরে ঘুমের ঘাটতি ব্যাপক প্রভাব পড়ে। একাধিক পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, ভারতীয় শিশুদের মধ্যে ঘুমের ঘাটতি ক্রমশ বাড়ছে। নিয়মিত পর্যাপ্ত ঘুম না হওয়ার জেরে শরীরে গভীর প্রভাব পড়ছে। পর্যাপ্ত ঘুমের অভাব ডায়াবেটিসের অন্যতম কারণ বলেও মনে করছেন চিকিৎসকদের একাংশ।

    ডায়াবেটিসের প্রকোপ ঠেকাতে কেন ঘুমে বাড়তি গুরুত্ব?

    চিকিৎসকেরা জানাচ্ছেন, কয়েকটি দিকে নজর দিলেই স্পষ্ট হয়ে যায়, শিশুর সুস্থ শরীরের জন্য ঘুম বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষত ডায়াবেটিসের মতো রোগ ঠেকাতে ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    ইনসুলিনের ভারসাম্যের জন্য জরুরি!

    শরীরে ইনসুলিন হরমোনের ভারসাম্য রক্ষা করার জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনসুলিন হরমোনের ভারসাম্য নষ্ট হলে ডায়াবেটিস আক্রান্তের ঝুঁকি বাড়ে। ঘুম কম হলে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। শিশুদের জন্য যা যথেষ্ট বিপজ্জনক।

    একাধিক হরমোনের ভারসাম্য নষ্ট!

    রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ শরীরে হরমোনের ভারসাম্যের অভাব। অপর্যাপ্ত ঘুম শরীরের একাধিক হরমোনের ভারসাম্য নষ্ট করে। বিশেষত খিদে পাওয়া, হজম হতে সাহায্য করে এমন হরমোনের সমস্যা দেখা দেয়। শিশুদের তাই ঘুমের ঘাটতি হলে রক্তে শর্করার পরিমাণও ওঠা নামা করতে পারে।

    শারীরিক সক্রিয়তা কমে যাওয়ার ঝুঁকি!

    শিশুদের ডায়াবেটিস আক্রান্ত হওয়ার অন্যতম কারণ শারীরিক সক্রিয়তা কমে যাওয়া। অর্থাৎ শারীরিক কসরত করা, দৌড়াদৌড়ি, খেলাধুলা না করলে শিশুদের এই ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে শরীরে ক্লান্তি বাড়ে। পেশি ও স্নায়ু ক্রমশ দূর্বল হয়ে পড়ে। ফলে, শারীরিক সক্রিয়তা কমে। অতিরিক্ত ওজনের সমস্যা বাড়ে। ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ে।

    কতখানি ঘুম জরুরি?

    শিশুরোগ বিশেষজ্ঞদের মতে, নিয়মিত নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করা জরুরি। সন্তানের ঘুমের সময় কতখানি বরাদ্দ থাকছে, সেদিকে যেমন নজর দিতে হবে, তেমনি কোন সময়ে সন্তান ঘুমোচ্ছে, নিয়মিত নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুম হচ্ছে কিনা, সেদিকে নজর দেওয়াও প্রয়োজন।
    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘুমের সময় নির্দিষ্ট থাকলে শরীরে হরমোনের ভারসাম্য ঠিক থাকে। অনিয়মিত ঘুম শরীরের ক্লান্তি বাড়িয়ে দেয়। নানান রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও তাই বাড়ে।
    চিকিৎসকেরা জানাচ্ছেন, ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের নিয়মিত ৯ থেকে ১১ ঘণ্টা ঘুমোনো জরুরি। আবার ১২-১৭ বছর বয়সিদের নিয়মিত ঘুমের জন্য ৮ থেকে ১০ ঘণ্টা বরাদ্দ করা প্রয়োজন। কিন্তু একাধিক পরিসংখ্যানে দেখা গিয়েছে, ভারতীয় শিশুরা নিয়মিত প্রয়োজনের তুলনায় ৩-৪ ঘণ্টা কম ঘুমোয়। এর ফলে শরীরে একাধিক দীর্ঘমেয়াদি সমস্যা তৈরি হচ্ছে।

    কেন ভারতীয় শিশুদের ঘুমের ঘাটতি?

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জীবন যাপনে বদল ঘুমের ঘাটতির অন্যতম কারণ। বহু পরিবারেই বাবা-মা অনেক রাত পর্যন্ত জেগে থাকেন। পেশাগত কারণে বা নানান ব্যক্তিগত কারণেও এখন গভীর রাত পর্যন্ত জেগে থাকাই অভ্যাস হয়ে উঠছে। দেখা যাচ্ছে, অভিভাবকদের মতো পরিবারের শিশুরাও অনেক রাত পর্যন্ত জেগে থাকে। কিন্তু অধিকাংশ স্কুল সকালে শুরু হয়। ফলে শিশুদের ভোরে উঠতে হয়। তাই তারা ঘুমের জন্য যথেষ্ট সময় পাচ্ছে না। কিন্তু গভীর রাত পর্যন্ত জেগে থাকার জেরে এবং অনিয়মিত ভাবে ঘুমের জন্য শরীরে নানান সমস্যা তৈরি হচ্ছে। তাই ডায়াবেটিসের মতো জটিল সমস্যা রুখতে শিশুর ঘুমে বাড়তি গুরুত্ব দেওয়া জরুরি। শিশুর ঠিকমতো ঘুম হচ্ছে কিনা, সেদিকেও নজর দিতে হবে।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
  • Diabetes Causes Beyond Sugar: শুধু চিনি নয়! তরুণদের ডায়াবেটিস বাড়াচ্ছে এই ৪ দৈনন্দিন অভ্যাস, সতর্ক করলেন চিকিৎসকেরা

    Diabetes Causes Beyond Sugar: শুধু চিনি নয়! তরুণদের ডায়াবেটিস বাড়াচ্ছে এই ৪ দৈনন্দিন অভ্যাস, সতর্ক করলেন চিকিৎসকেরা

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    চিনি বিপজ্জনক। কিন্তু শুধু চিনিই সমস্যা তৈরি করছে না। বরং, চিনির সঙ্গে বিপদ বাড়াচ্ছে প্রতি দিনের কিছু অভ্যাস। ভারতে ডায়াবেটিস আক্রান্তের হার উল্লেখযোগ্য হারে বাড়ছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, তরুণ প্রজন্মের মধ্যে এই রোগের দাপট বাড়ছে। যা যথেষ্ট উদ্বেগজনক। দীর্ঘ সুস্থ জীবন যাপনের অন্যতম শর্ত রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক থাকতে হবে। কিন্তু আধুনিক জীবন যাপনের জেরে তরুণ প্রজন্মের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে‌। ডায়াবেটিস রুখতে অনেকেই চিনিকে খাবারের তালিকা থেকে বাদ রাখছেন। কিন্তু তারপরেও বিপদ আটকানো যাচ্ছে না। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, ভারতের তরুণ প্রজন্মের ডায়াবেটিস আক্রান্তের কারণ শুধুই চিনি নয়। বরং, তার নেপথ্যে রয়েছে আরও কয়েকটি কারণ। এমনটাই সাম্প্রতিক গবেষণায় জানিয়েছেন একদল গবেষক-চিকিৎসক।

    কী বলছে সাম্প্রতিক গবেষণা? ডায়াবেটিসের নেপথ্যে কোন কারণ দায়ী?

    সাম্প্রতিক এক বিজ্ঞান বিষয়ক গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে, তরুণ প্রজন্মের মধ্যে ডায়াবেটিসের দাপট বৃদ্ধির অন্যতম কারণ, তাঁদের জীবন যাপনের অভ্যাস এবং খাদ্যাভাস।

    ব্যালেন্স খাবার নিয়ে ধারণার অভাব!

    গবেষক-চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, তরুণ প্রজন্মের অনেকেই চিনি খাওয়া নিয়ে সতর্ক। কিন্তু তাঁরা সুষম খাদ্যাভ্যাসে অভ্যস্ত নন। তাঁদের খাবারে নিয়মিত প্রোটিন, ভিটামিন এবং কার্বোহাইড্রেটের ব্যালেন্স থাকছে না। সকাল থেকে রাত, প্রত্যেকদিন একাধিকবার তাঁরা প্রয়োজনের অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছেন। কিন্তু প্রয়োজন মাফিক প্রোটিন এবং ভিটামিন শরীর পাচ্ছে না। সকালের জলখাবারে পরোটা, দুপুরে ভাত কিংবা রাতে রুটি বা ভাতের মতো কার্বোহাইড্রেট জাতীয় খাবার থাকছে। চাহিদার তুলনায় বেশি পরিমাণে খাওয়া হচ্ছে। কিন্তু প্রয়োজনীয় সব্জি, ডাল, ডিম, পনীর খাওয়া হয় না। সকালের জলখাবার হোক বা দুপুরের খাবার, ভাত কিংবা রুটির সমান পরিমাণ সব্জি, ডাল খাওয়া জরুরি। এই সম্পর্কে এখনও অধিকাংশ মানুষ সচেতন নন। এই অসচেতনতা ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

    শারীরিক পরিশ্রমের সুযোগ কম!

    তরুণ প্রজন্মের একাংশের দিনের বেশিরভাগ সময় চেয়ার কিংবা সোফায় বসে কাটাতে হয়। গবেষক চিকিৎসকেরা জানাচ্ছেন, কাজের ধরণ বদলে গিয়েছে। আধুনিক জীবনে অধিকাংশ পেশায় চেয়ার কিংবা সোফায় বসে ল্যাপটপে কাজ করার রেওয়াজ। দিনের ৯-১০ ঘণ্টা বসেই কাটছে। আবার বাড়ি ফিরে অবসর যাপন বসেই হয়। সোফায় বা বিছানায় বসে মোবাইলে সময় কাটানো হলো দিন শেষের নিজেস্ব সময় কাটানোর পথ। আর এই সবটাই অত্যন্ত বিপজ্জনক। তাঁরা জানাচ্ছেন, দিনের দীর্ঘসময় বসে থাকার ফলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। শারীরিক পরিশ্রম না হলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন।

    খাবারের সময়!

    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, কখন খাবার খাওয়া হয়, তার উপরে একাধিক রোগের দাপট নির্ভর করে। তরুণ প্রজন্মের একাংশ অনেক রাতে খাবার খায়। এমন অনেকেই রাত বারোটার পরে খাবার খায়। এই অতিরিক্ত রাতে খাবার খাওয়ার অভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়।

    অনিদ্রা!

    তরুণ প্রজন্মের একাংশের অন্যতম বড় স্বাস্থ্য সমস্যা হলো অনিদ্রা। রাতে পর্যাপ্ত ঘুম না হলে ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি বেড়ে যায় বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, ঘুম হলে মস্তিষ্ক, পেশি এবং স্নায়ুর বিশ্রাম হয়। কার্যক্ষমতা বাড়ে। তেমনি পর্যাপ্ত ঘুম হলে শরীরের একাধিক হরমোনের ভারসাম্য বজায় থাকে। পর্যাপ্ত ঘুম হলে ইনসুলিন হরমোনের ভারসাম্য বজায় থাকে। ফলে রক্তে শর্করার মাত্রাও বজায় থাকে।

    কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা?

    তরুণ প্রজন্মের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে চিনি খাওয়া বাদ দেওয়ার পাশপাশি আরও কয়েকটি বিষয়ে বিশেষ নজরদারি প্রয়োজন বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁদের পরামর্শ, খাদ্যাভ্যাসে পরিবর্তন জরুরি। শুধু চিনি বাদ দিলেই হবে না। ডায়াবেটিস রুখতে চিনির পাশপাশি অতিরিক্ত তেলেভাজা জাতীয় খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবার বাদ দিতে হবে। অতিরিক্ত ওজনের সমস্যা হতে পারে এমন খাবার খাওয়া চলবে না।‌ তাছাড়া নিয়মিত শরীরিক কসরত করতে হবে। নিজস্ব সময় কাটানো শুধুই মোবাইল দেখায় আবদ্ধ করলে চলবে না। বরং যোগাভ্যাস কিংবা হাঁটাহাঁটির জন্য কিছুটা সময় বরাদ্দ করতে হবে। তাছাড়া নির্দিষ্ট সময়ের ব্যবধানে অল্প পরিমাণে খাওয়া, অতিরিক্ত রাতে খাবার না খাওয়ার মতো অভ্যাস তৈরি করতে হবে। পাশপাশি নিয়মিত পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা সেদিকেও নজর দিতে হবে। পর্যাপ্ত ঘুম না হলে আর দীর্ঘমেয়াদি ঘুমের সমস্যা হলে প্রয়োজনে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া দরকার বলেই মনে করছেন চিকিৎসক মহল।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
LinkedIn
Share