Tag: US Army Families

  • US Army Families: কুয়েতে ইরানি ড্রোন হামলায় ৬ মার্কিন সেনার মৃত্যু, পেন্টাগনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের

    US Army Families: কুয়েতে ইরানি ড্রোন হামলায় ৬ মার্কিন সেনার মৃত্যু, পেন্টাগনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের

    মাধ্যম নিউজ ডেস্ক: কুয়েতে ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনার মৃত্যুর ঘটনায় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এবং সামরিক কর্তাদের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ তুলেছেন নিহতদের পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, সেনাদের (US Army Families) নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি হামলার পর উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থাপনাতেও একাধিক ত্রুটি ছিল। গত ১ মার্চ কুয়েতের শুয়াইবা বন্দরে ইরানের ড্রোন হামলায় ওই ছয় সেনার মৃত্যু হয়। ঘটনার তদন্ত জুন মাসে শেষ হলেও এখনও পর্যন্ত হামলার প্রকৃত পরিস্থিতি এবং সামরিক কর্তাদের সিদ্ধান্ত সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাননি নিহতদের পরিজনেরা।

    নিহত সেনাদের নিকটাত্মীয়দের মার্কিন যুক্তরাষ্ট্রে ‘গোল্ড স্টার পরিবার’ হিসেবে অভিহিত করা হয়। গত ১৫ নভেম্বর মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ সাক্ষাৎকার দিতে গিয়ে (Iran Drone Strike) তাঁরা ক্ষোভ উগরে দেন। তাঁদের বক্তব্য, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফে সামরিক সম্মান ও যোগাযোগের ব্যবস্থা করা হলেও হামলার আগে কী ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছিল এবং সেনা কর্তারা কী সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর এখনও অধরা।

    গাফিলতির অভিযোগ (US Army Families)

    সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেনাবাহিনী গত জুন মাসেই ঘটনার তদন্ত শেষ করেছে। তবে তদন্তের ফলাফল সম্পর্কে নিহতদের পরিবারের সদস্যদের বিস্তারিত জানানো হচ্ছে সম্প্রচারের সপ্তাহে। নিহত ছয় সেনার মধ্যে ছিলেন মাস্টার সার্জেন্ট নিকোল আমর। তাঁর স্বামী জোয়ি আমরের অভিযোগ, এই ঘটনার মোকাবিলায় মার্কিন সেনাবাহিনীর ভূমিকা কর্মরত সেনাদের মধ্যেও আস্থার সংকট তৈরি করেছে। ভবিষ্যতে যাঁরা সেনা অভিযানে যাবেন, তাঁদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তিনি।

    জোয়ি আমর বলেন, “আমি ওই সেনাদের ভালোবাসতাম। আমার স্ত্রীও তাঁদের ভালোবাসতেন। কিন্তু সেনাবাহিনীর ১০৩তম রসদ ও সহায়তা কম্যান্ডের কর্তারা গোটা বিষয়টি অত্যন্ত খারাপভাবে সামলেছেন। সত্যি বলতে, এর দায় তাঁদেরই নিতে হবে। তাঁরাই আমার স্ত্রীকে এবং ওই সেনাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। বিষয়টি কোনও রাজনৈতিক বিতর্ক নয়। কম্যান্ডের কয়েকজন কর্তা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, যার পরিণতি এই মৃত্যু।”

    সামরিক কর্তাদের ভূমিকা নিয়ে কোনও ইতিবাচক মন্তব্য করার নেই বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি হামলার আগের সপ্তাহে স্ত্রীর মধ্যে অস্বাভাবিক উদ্বেগ লক্ষ্য করেছিলেন বলে জানান জোয়ি। তাঁর কথায়, ১৫ বছরের দাম্পত্য জীবনে এই প্রথম নিকোলকে এতটা চিন্তিত অবস্থায় দেখেছিলেন তিনি। নিকোলের মনে হয়েছিল, বড় কোনও বিপদ আসন্ন। তাঁর ইউনিটের অন্য সেনারাও একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছিলেন বলে দাবি জোয়ির।

    উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থা নিয়েও প্রশ্ন

    ড্রোন হামলার পর আহত সেনাদের উদ্ধার এবং চিকিৎসার ব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের পরিবারের সদস্যরা। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলা থেকে বেঁচে যাওয়া কয়েকজন সেনার দাবি, হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও নিকোল আমরের শ্বাস চলছিল।

    এই পরিস্থিতিতে উদ্ধার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর স্বামী। তাঁর অভিযোগ, আহত সেনাদের কোথায় নিয়ে যাওয়া হবে, তা জানতে সামরিক কর্মীদের ইন্টারনেটে হাসপাতালের খোঁজ করতে হয়েছিল। যথাযথ চিকিৎসা ব্যবস্থা এবং দ্রুত আহতদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা থাকলে তাঁর স্ত্রীকে হয়তো বাঁচানো সম্ভব হত বলেও মনে করেন তিনি।

    স্ত্রীর মৃত্যুসংবাদ জানানোর জন্য মার্কিন সেনা আধিকারিকদের বাড়িতে আসার মুহূর্তের কথাও স্মরণ করেছেন জোয়ি। বাড়ির সামনে দুই সেনা আধিকারিককে দেখে তিনি তাঁদের কাছ থেকে নিজের ১০ বছরের মেয়ে এবং ১৮ বছরের ছেলেকে আড়াল করার চেষ্টা করেন। সেই সময় তাঁর মেয়ে কী ঘটেছে, তা বুঝতে পারেনি। কিন্তু ছেলে জানায়, সে আগেই বিষয়টি আঁচ করতে পেরেছিল।

    অন্যদিকে, নিহত সেনা চিফ ওয়ারেন্ট অফিসার রবার্ট মারজানের স্ত্রী টিনা মারজান জানান, স্বামীর মৃত্যুসংবাদ পাওয়া পরিবারের সদস্যদের মধ্যে তিনি ছিলেন শেষের দিকের একজন। স্বামীর দেহাবশেষ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করাতে হয়েছিল। তাঁর কথায়, সেনারা যে ধাতব কাঠামোর তৈরি একটি অস্থায়ী ঘরে থাকতেন, ড্রোনটি সম্ভবত সেই ভবনেই আঘাত হেনেছিল। স্বামীর দেহের পাশে তাঁর টুপি পাওয়া গিয়েছিল, যা দেহাবশেষ শনাক্ত করতে সাহায্য করে।

    রবার্টের মৃত্যুর পরের রাতে সেনারা টিনার বাড়িতে এসেছিলেন। তাঁদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেই কী ঘটেছে, তা বুঝতে পেরেছিলেন তিনি। যদিও প্রথমে দুঃসংবাদটি মেনে নিতে পারেননি।

    হামলায় নিহত আর এক সেনা মাস্টার সার্জেন্ট নোয়া টিয়েটজেনের স্ত্রী মিশেল টিয়েটজেনও তাঁদের ১৩ বছরের ছেলেকে বাবার মৃত্যুসংবাদ দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। ছেলেকে জানানোর আগে তিনি বাড়িতে থাকা স্বামীর কয়েকটি ব্যক্তিগত জিনিস, একটি সোয়েটশার্ট এবং সেনাবাহিনীর প্রতীকযুক্ত ছোট্ট টেডি বিয়ার এক জায়গায় জড়ো করেন। এরপর ছেলেকে জানান, তার বাবা আর বাড়ি ফিরবেন না।

    পেন্টাগনের তরফে পরবর্তী সময়ে যে তথ্য দেওয়া হয়েছে, তাকে কার্যত অর্থহীন বলে মন্তব্য করেছেন টিনা মারজান। অন্যদিকে, সিবিএস নিউজকে সাক্ষাৎকার দেওয়ার আগের দিন সেনা আধিকারিকরা তাঁকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানান। কিন্তু সামরিক বাহিনীর তরফে কোনও ভুল হয়েছিল কি না, সে বিষয়ে তাঁরা কিছু স্বীকার করেননি বলে অভিযোগ মিশেল টিয়েটজেনের।

    সতর্কবার্তা উপেক্ষার অভিযোগ

    হামলার আগে ১০৩তম রসদ ও সহায়তা কম্যান্ডের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা জানতে চেয়েছিল সিবিএস নিউজ। কিন্তু পেন্টাগন এ বিষয়ে কোনও জবাব দেয়নি। ড্রোন হামলার সম্ভাবনা সম্পর্কে আগাম সতর্কবার্তা উপেক্ষা করার অভিযোগ ওঠা দুই শীর্ষ সামরিক আধিকারিকও সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেননি।

    এদিকে, হামলা থেকে বেঁচে যাওয়া মার্কিন সেনা আধিকারিক মেজর স্টিফেন র‍্যামসবটম পেন্টাগনের বিরুদ্ধে তথ্য ফাঁসকারী হিসেবে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, সেনাদের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, তা প্রতিরক্ষা দফতর যথাযথ গুরুত্ব দিয়ে (US Army Families) বিবেচনা করেনি।

    ‘সিক্সটি মিনিটস’-কে দেওয়া সাক্ষাৎকারে ১ মার্চ শুয়াইবা বন্দরে হামলার ঘটনাকে ‘কৌশলগত ব্যর্থতা’ বলে বর্ণনা করেন তিনি। এই ব্যর্থতার দায় মার্কিন সেনাবাহিনী, তার নেতৃত্ব এবং নিজের উপরেও বর্তায় বলে মন্তব্য করেন র‍্যামসবটম।

    ট্রাম্পের পাল্টা দাবি

    এই প্রতিবেদন সম্প্রচারের পর ১৬ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের উপস্থাপনা এবং হামলা সংক্রান্ত তথ্য প্রকাশের পদ্ধতি নিয়ে সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, ইরানের সঙ্গে সংঘাতের প্রাথমিক পর্যায়ের একটি হামলা নিয়ে সাম্প্রতিক তদন্তের ফলাফল সংবাদমাধ্যমে সঠিকভাবে তুলে ধরা হয়নি।

    ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার পর থেকে ইরান আমেরিকার বিরুদ্ধে প্রায় ৮ হাজার থেকে ৯ হাজার একমুখী আক্রমণকারী ড্রোন ব্যবহার করেছে। এর মধ্যে মাত্র দুটি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে প্রাণহানির কারণ হয়েছে। সংঘাতের প্রথম দিনেই কুয়েত ও সৌদি আরবে ওই প্রাণহানির ঘটনা ঘটে বলে দাবি করেছেন তিনি।

    এ ছাড়াও ইরান প্রায় ২ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, এর মধ্যে মাত্র একটি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে জর্ডানে আমেরিকান নাগরিকদের মৃত্যুর কারণ হয়েছে।

    ট্রাম্পের মতে, এই পরিসংখ্যান মার্কিন সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতার প্রমাণ। তাঁর দাবি, ইরানের ৯৯.৯৯ শতাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হয় প্রতিহত করা হয়েছে, নয়তো সেগুলির আঘাতে কোনও আমেরিকানের মৃত্যু হয়নি। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কম্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করার (Iran Drone Strike) পাশাপাশি সিবিএস নিউজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এই পরিসংখ্যানগুলি প্রতিবেদনে উল্লেখ না করার অভিযোগও তুলেছেন তিনি।

    তবে ট্রাম্পের এই দাবি সত্ত্বেও নিহত ছয় সেনার পরিবারের সদস্যরা এখনও সন্তোষজনক ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন। হামলার আগে কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছিল, সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন প্রয়োজনীয় ব্যবস্থা (US Army Families) নেওয়া হয়নি এবং ড্রোন আঘাত হানার পর উদ্ধার ও চিকিৎসার ক্ষেত্রে কী ধরনের ত্রুটি হয়েছিল—এই সব প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর চাইছেন তাঁরা। তাঁদের দাবি, প্রিয়জনদের মৃত্যুর প্রকৃত কারণ এবং সামরিক নেতৃত্বের ভূমিকা সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশ করা হোক।

     

LinkedIn
Share