Tag: Vande Bharat

Vande Bharat

  • Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসে চড়বেন? কত ভাড়া? কোন স্টেশনে থামবে? জানুন খুঁটিনাটি

    Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসে চড়বেন? কত ভাড়া? কোন স্টেশনে থামবে? জানুন খুঁটিনাটি

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরেই বাংলাকে উপহার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পশ্চিমবঙ্গের প্রথম ‘বন্দে ভারত এক্সপ্রেস’ (Vande Bharat) চালু হবে নতুন বছর থেকেই। আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে, সূত্রের খবর। ফলে আগামী শুক্রবার, ৩০ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারতের বাংলা সফর। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে যাত্রা করবে আপ ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। তবে এই ট্রেনের ভাড়া কত, কোন কোন স্টেশনে থামবে, তা নিয়ে একাধিক প্রশ্ন রাজ্যবাসীর। তাই অবশেষে বন্দে ভারতকে নিয়ে এমন আরও অজস্র কৌতূহল মেটালেন পূর্ব রেল কর্তৃপক্ষ।

    বন্দে ভারত এক্সপ্রেসের টিকিটের মূল্য

    রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat) এক্সিকিউটিভ ক্লাসে হাওড়া এবং এনজিপি-র মধ্য়ে ভাড়া হবে ৩২৫০ টাকা। এই এক্সিকিউটিভ ক্লাসেই ১৮০ ডিগ্রি ঘূর্ণায়মান আসন রয়েছে। এর পাশাপাশি চেয়ার কারে ভাড়া প্রায় ১,৮৭০ টাকার মত হতে চলেছে। বন্দে ভারত এক্সপ্রেসে ১১২৮ জন যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে। দেশের অন্য সমস্ত দ্রুতগামী এবং বিশেষ সুবিধাযুক্ত দূরপাল্লার ট্রেন দুরন্ত, তেজস, গতিমান, শতাব্দী, জন শতাব্দী, এমনকী রাজধানী এক্সপ্রেসের ভাড়াকেও টেক্কা দিচ্ছে বন্দে ভারত।

    আরও পড়ুন: শুধুই কী যাত্রী স্বাচ্ছন্দ্য? অন্যদের থেকে কোথায় আলাদা বন্দে ভারত এক্সপ্রেস?

    সোমবার অর্থাৎ ২৬ ডিসেম্বর ট্রায়াল রান হয় বন্দে ভারত এক্সপ্রেসের। সকাল ৬টা নাগাদ হাওড়ার ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করেছিল ট্রেনটি। ট্রায়ালেই বাজিমাত বন্দে ভারতের (Vande Bharat)। ৮ ঘণ্টারও কম সময়ে হাওড়া থেকে এনজেপি পৌঁছে যায় ট্রেনটি।

    কবে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের যাত্রীবাহী পরিষেবা শুরু হবে?

    সূত্রের খবর, ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হলেও নয়া বছরের ১ জানুয়ারি থেকে যাত্রীদের নিয়ে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের দৌড় শুরু হবে। তবে এখনও সে বিষয়ে সরকারিভাবে ভারতীয় রেলের তরফে কিছু জানানো হয়নি। রাজ্যের প্রথম বন্দে ভারত (Vande Bharat) ট্রেন এটি। তবে সারা দেশের হিসাবে বাংলার বন্দে ভারত এক্সপ্রেস ষষ্ঠ। কবে থেকে এই ট্রেনে যাতায়াত করতে পারবে সাধারণ মানুষ, তারই অপেক্ষায় রাজ্যবাসী।

    কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন?

    রেল সূত্রে খবর, হাওড়া এবং জলপাইগুড়ির মধ্যে মাত্র তিনটি স্টেশনে থামবে বন্দে ভারত এক্সপ্রেস। সেগুলি হল- বোলপুর, নিউ ফারাক্কা এবং মালদহ।

     

  • Vande Bharat: নবরাত্রিতে মুম্বই-আমেদাবাদ রুটে যাত্রা শুরু হতে পারে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের, কেমন হবে এই ট্রেনে যাত্রা?

    Vande Bharat: নবরাত্রিতে মুম্বই-আমেদাবাদ রুটে যাত্রা শুরু হতে পারে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের, কেমন হবে এই ট্রেনে যাত্রা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনে উৎসবের মরশুম। নবরাত্রির শুভ দিনেই আমেদাবাদ (Ahmedabad) থেকে মুম্বই (Mumbai) যাত্রা শুরু করতে পারে বন্দে ভারত এক্সপ্রেস (New Vande Bharat Express)। সম্পূর্ণ ভারতে তৈরি এই আধুনিক ট্রেনটি গতির দিক থেকে বুলেট ট্রেনকেও পিছনে ফেলে দিয়েছে। টেস্ট রানের সময় একটি রেকর্ড তৈরি করেছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। এর গতি দেখে অনেকেই অবাক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে, তৃতীয় এবং নতুন বন্দে ভারত ট্রেনটি পরীক্ষা চালানোর সময় মাত্র ৫২ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি অর্জন করেছে। এটি বুলেট ট্রেনের থেকেও বেশি। বুলেট ট্রেনের এই গতি পেতে ৫৪.৬ সেকেন্ড সময় লাগে।

    আরও পড়ুন: আন্তর্জাতিক উদ্ভাবন সূচকে ৮১ থেকে ৪৬তম স্থানে ভারত, বিজ্ঞান সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী

    আমেদাবাদ থেকে মুম্বইয়ের ৪৯১ কিমি পথ অতিক্রম করতে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সময় লাগবে ছ’ঘণ্টা। রেল সূত্রে খবর, সকাল ৭-২৫ মিনিটে আমেদাবাদ থেকে ট্রেনটি ছাড়বে। মুম্বই পৌঁছবে দুপুর দেড়টায়। আবার ২-৪০ মিনিটে মুম্বই থেকে ট্রেনটি আমেদাবাদের উদ্দেশে রওনা হয়ে পৌঁছবে রাত ৯-০৫ মিনিটে। চেয়ার কার, এক্সিকিউটিভ চেয়ার কার মিলিয়ে মোট যাত্রী সংখ্যা ১১২৮। স্বয়ংক্রিয় মোটরের সাহায্যে চলে এই ট্রেন। ১৬ বগি বিশিষ্ট এই ট্রেনের পাঁচটি বগিতে মোটর বসানো হয়েছে। স্বয়ংক্রিয় মোটর ব্যবহারের ফলেই এর গতি অনেক বেশি। বন্দে ভারত-এর পুরো ট্রেনে লাগানো ২০ টি মোটর বুলেট ট্রেনের সামনে বসানো একটি ইঞ্জিনের থেকে বেশি কার্যকর বলে দাবি করা হচ্ছে। 

    আরও পড়ুন : অক্টোবর থেকে বড়সড় পরিবর্তন আসছে জিএসটি নিয়মে, জেনে নিন

    ২০২৩-এর ১৫ অগস্টের আগে গোটা দেশে ৭৫টি বন্দে ভারত ট্রেন তৈরি করা হবে। তার পর সেগুলি দাপিয়ে বেড়াবে দেশের বিভিন্ন প্রান্তে। গত মাসে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে নতুন বন্দে ভারত ট্রেনগুলি পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি যে, নির্ধারিত সময়ের আগেই দুর্দান্ত মানের বন্দে ভারত ট্রেন তৈরি করেছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। এটি দুনিয়ার অন্যতম সেরা ট্রেন হয়ে উঠতে চলেছে। এই ট্রেনের যাত্রীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা অপেক্ষা করে আছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share