Tag: VB-G RAM G Scheme

  • VB-G RAM G Scheme: চুক্তিভিত্তিক কর্মীদের বড় সুখবর! মাসে বাড়ছে ৮ হাজার টাকা পর্যন্ত বেতন, ৬০ বছর পর্যন্ত কাজের সুযোগ

    VB-G RAM G Scheme: চুক্তিভিত্তিক কর্মীদের বড় সুখবর! মাসে বাড়ছে ৮ হাজার টাকা পর্যন্ত বেতন, ৬০ বছর পর্যন্ত কাজের সুযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভিবি-জি-রাম-জি (VB-G RAM G) প্রকল্পে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করল রাজ্য সরকার (West Bengal Govt)। মাসিক পারিশ্রমিক বৃদ্ধি থেকে শুরু করে বার্ষিক ইনক্রিমেন্ট, চাকরির মেয়াদ বৃদ্ধি এবং ছুটির সুযোগ—একাধিক ক্ষেত্রে নতুন সুবিধার কথা জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। বৃহস্পতিবার, ২৭ নভেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে এই সুবিধাগুলি কার্যকর হবে। এর ফলে প্রকল্পের অধীনে কর্মরত বহু চুক্তিভিত্তিক কর্মী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

    বিকশিত ভারত গড়ার লক্ষ্যে নয়া প্রকল্প

    ক্ষমতায় আসার পরই ভিবি-জি-রাম-জি (VB-G RAM G) প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। পূর্বের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প বা মনরেগার পরিবর্তে চালু হয়েছে বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নতুন প্রকল্পের রূপরেখা তৈরি করা হয়েছে। পুরনো ১০০ দিনের কাজের পরিবর্তে এই প্রকল্পে বছরে ১২৫ দিনের কর্মসংস্থানের নিশ্চয়তার কথা বলা হয়েছে। প্রকল্পের মোট বরাদ্দ অর্থের ৬০ শতাংশ বহন করবে কেন্দ্র এবং বাকি ৪০ শতাংশ দেবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে ২০২৬ সালের ১লা জুলাই থেকে এই প্রকল্পটি কার্যকর হয়েছে।

    কাদের পারিশ্রমিক কত বাড়বে

    এবার এই প্রকল্পের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মীদের বর্তমান মাসিক পারিশ্রমিক এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তাঁদের বেতন বাড়ানো হবে। সেই অনুযায়ী, যাঁদের বর্তমান মাসিক পারিশ্রমিক ২৫ হাজার টাকা পর্যন্ত এবং কাজের অভিজ্ঞতা ১০ বছরের কম, তাঁদের মাসিক পারিশ্রমিক বাড়বে ৬ হাজার টাকা। অন্যদিকে, একই বেতন কাঠামোর মধ্যে যাঁদের কাজের অভিজ্ঞতা ১০ বছর বা তার বেশি, তাঁদের পারিশ্রমিক বাড়বে ৭ হাজার টাকা।

    আবার যেসব কর্মীর বর্তমান মাসিক পারিশ্রমিক ২৫ হাজার টাকার বেশি, কিন্তু ৪৫ হাজার টাকা পর্যন্ত এবং কাজের অভিজ্ঞতা ১০ বছরের কম, তাঁদের মাসিক পারিশ্রমিক বাড়ানো হচ্ছে ৭ হাজার টাকা। আর যাঁদের অভিজ্ঞতা ১০ বছর বা তার বেশি, তাঁদের ক্ষেত্রে মাসিক পারিশ্রমিক বাড়বে ৮ হাজার টাকা। অর্থাৎ কর্মীদের বেতন বৃদ্ধির পরিমাণ নির্ধারিত হবে তাঁদের বর্তমান পারিশ্রমিক এবং কাজের মেয়াদের উপর ভিত্তি করে।

    কর্মীদের বার্ষিক ইনক্রিমেন্টের ব্যবস্থা

    শুধু এককালীন পারিশ্রমিক বৃদ্ধিই নয়, কর্মীদের জন্য বার্ষিক ইনক্রিমেন্টের ব্যবস্থাও রাখা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই কর্মীদের মাসিক পারিশ্রমিক ৩ শতাংশ হারে বৃদ্ধি করা হবে। ফলে দীর্ঘদিন ধরে প্রকল্পের অধীনে কাজ করা কর্মীরা আগামী বছরগুলিতেও নিয়মিত বেতন বৃদ্ধির সুবিধা পাবেন।

    চাকরির মেয়াদ সংক্রান্ত সিদ্ধান্ত

    চাকরির মেয়াদ সংক্রান্ত ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী অন্তত ১০ বছর সন্তোষজনকভাবে কাজ করেছেন, তাঁরা ৬০ বছর বয়স পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন। তবে এই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না। সংশ্লিষ্ট কর্মীর কাজের মান সন্তোষজনক হতে হবে, প্রকল্পে পর্যাপ্ত কাজ ও প্রয়োজনীয় পদ থাকতে হবে এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি, চুক্তি নবীকরণের প্রক্রিয়া আগের মতোই প্রতি বছর চালু থাকবে।

    ছুটির ক্ষেত্রেও একাধিক সুবিধা ঘোষণা

    কর্মীদের কাজের পরিবেশ ও ব্যক্তিগত প্রয়োজনের কথা মাথায় রেখে ছুটির ক্ষেত্রেও একাধিক সুবিধা ঘোষণা করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, যোগ্য কর্মীরা বছরে ৩০ দিন সাধারণ ছুটি এবং ১০ দিন চিকিৎসাজনিত ছুটি পাবেন। মহিলা কর্মীদের জন্য রয়েছে ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি। এ ছাড়া গর্ভপাত বা গর্ভস্রাবের ক্ষেত্রে ৪২ দিনের ছুটির সংস্থান রাখা হয়েছে।

    কারা এই সুবিধাগুলি পাবেন

    তবে এই নতুন সুযোগ-সুবিধা প্রকল্পের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীর জন্য প্রযোজ্য হলেও কয়েকটি পদকে এর আওতার বাইরে রাখা হয়েছে। চুক্তিভিত্তিক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এই সুবিধাগুলি পাবেন না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। বাকি যোগ্য কর্মীদের কাছে দ্রুত এই সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভিবি-জি-রাম-জি (VB-G RAM G) প্রকল্পের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বেতন বৃদ্ধি, নিয়মিত ইনক্রিমেন্ট, ৬০ বছর পর্যন্ত কাজের সুযোগ এবং ছুটির সুবিধা—সব মিলিয়ে কর্মীদের আর্থিক সুরক্ষা ও কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

LinkedIn
Share