মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিরক্ষা, বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা—একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করতে উদ্যোগী হল ভারত ও ভিয়েতনাম। সোমবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। তাঁর এই সফরে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক সম্প্রসারণ, সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এই সফরে ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ফান ভান জিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন ডোভাল। ভারতের দূতাবাস সূত্রে জানা গিয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যে চলা প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি (Vietnam) পর্যালোচনা করা হয়। এই ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও বাড়ানোর বিষয়েও ঐকমত্যে পৌঁছয় দুই পক্ষ।
জিয়াং জানান, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সহযোগিতা অব্যাহত রাখা এবং তা আরও সম্প্রসারণ করা প্রয়োজন। দুই দেশের বর্ধিত সর্বাঙ্গীণ কৌশলগত অংশীদারিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে প্রতিরক্ষা সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।
প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করতে উদ্যোগ (Ajit Doval)
বৈঠকে পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের সঙ্গে ভিয়েতনামের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন ডোভাল। তাঁর বক্তব্য, জাতীয় উন্নয়ন এবং কৌশলগত স্বনির্ভরতা বজায় রাখার ক্ষেত্রে নির্ভরযোগ্য সহযোগী দেশগুলির সঙ্গে সম্পর্ক ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারত ও ভিয়েতনামের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, প্রতিরক্ষা সহযোগিতা ইতিমধ্যেই দুই দেশের অংশীদারিত্বের অন্যতম প্রধান ক্ষেত্রে পরিণত হয়েছে।
অন্যদিকে, দুই দেশের সম্পর্ক বর্ধিত সর্বাঙ্গীণ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত হওয়ার পর ডোভালের এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন জিয়াং। তাঁর মতে, অভিন্ন দৃষ্টিভঙ্গি, কৌশলগত স্বার্থের সমন্বয় এবং বাস্তবভিত্তিক সহযোগিতার উপর দাঁড়িয়েই ভারত-ভিয়েতনাম সম্পর্ক আরও এগিয়ে চলেছে।
প্রতিরক্ষা প্রদর্শনীতে ভারতীয় সংস্থাগুলিকে আমন্ত্রণ
প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা সংস্থাগুলির জন্য নতুন সুযোগ তৈরির উদ্যোগও নিয়েছে ভিয়েতনাম। আগামী ডিসেম্বর মাসে হ্যানয়ে অনুষ্ঠিত হতে চলেছে ভিয়েতনাম আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী। সেখানে নিজেদের সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি প্রদর্শনের জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারতীয় প্রতিরক্ষা সংস্থাগুলিকে আমন্ত্রণ জানিয়েছে ভিয়েতনাম।
এই আমন্ত্রণ দুই দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহকেই স্পষ্ট করেছে। সামরিক সরঞ্জাম উৎপাদন, প্রযুক্তি বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ উদ্যোগের সম্ভাবনা খতিয়ে দেখতে চাইছে দুই দেশ।
বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ চিন সাগরকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তার পরিবর্তিত পরিস্থিতি ভারত ও ভিয়েতনামের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। ওই অঞ্চলে চিনের ক্রমবর্ধমান প্রভাব ও সামরিক তৎপরতা নিয়ে দুই দেশেরই উদ্বেগ রয়েছে। পাশাপাশি দক্ষিণ চিন সাগর অঞ্চলে তেল অনুসন্ধানেও উভয় দেশের স্বার্থ জড়িত।
ভারতের তৈরি ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার বিষয়ে আগ্রহী দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে ভিয়েতনাম অন্যতম (Ajit Doval)। এই অঞ্চলে ভারতের প্রতিরক্ষা সহযোগিতার পরিধি বাড়ছে ফিলিপিন্স ও ইন্দোনেশিয়ার সঙ্গেও।
বাণিজ্য ২৫০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য
প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যও নিয়েছে ভারত ও ভিয়েতনাম। বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১৬০০ কোটি ডলার। ২০৩০ সালের মধ্যে সেই অঙ্ক বাড়িয়ে ২৫০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দুই দেশ।
উল্লেখ্য, গত মে মাসে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের ভারত সফরের সময় দুই দেশের সম্পর্ককে বর্ধিত সর্বাঙ্গীণ কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করা হয়। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করাই ছিল এই সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য।
ভিয়েতনামের নিরাপত্তামন্ত্রীর সঙ্গেও বৈঠক ডোভালের
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি ভিয়েতনামের জননিরাপত্তামন্ত্রী জেনারেল লুয়ং তাম কোয়াংয়ের সঙ্গেও প্রতিনিধিদল পর্যায়ের আলোচনা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। দুই দেশের নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বিদ্যমান সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।
ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, বৈঠকে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে হোয়াই চুংয়ের সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেন ডোভাল। ২০২৭ সালে ভারত ও ভিয়েতনামের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উপলক্ষে কীভাবে তা উদ্যাপন করা যায়, সেই বিষয়েও আলোচনা হয় তাঁদের মধ্যে।
হ্যানয়ের ঐতিহাসিক বৌদ্ধ মন্দিরে ডোভাল
সরকারি বৈঠক ও কূটনৈতিক আলোচনার পাশাপাশি দুই দেশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্কের দিকটিও তুলে ধরেন অজিত ডোভাল। সফরকালে তিনি হ্যানয়ের ঐতিহাসিক কোয়ান সু বৌদ্ধ মন্দির পরিদর্শন করেন (Vietnam)।
সেখানে তাঁকে স্বাগত জানান মন্দিরের প্রধান থিচ থান নিয়েউ এবং ভিয়েতনামের জাতীয় বৌদ্ধ সংঘের সাধারণ সম্পাদক থিচ ডুক থিয়েন।
ভারত ও ভিয়েতনামের মধ্যে বৌদ্ধ ঐতিহ্যের দীর্ঘ ইতিহাস রয়েছে। ডোভালের এই মন্দির পরিদর্শন দুই দেশের (Ajit Doval) সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধনের গুরুত্বকেও সামনে এনেছে। কূটনীতি, অর্থনীতি, প্রতিরক্ষা এবং নিরাপত্তার পাশাপাশি সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বার্তাই উঠে এসেছে এই সফরে।
