মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে শেষ হল বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। বুধবার সন্ধে ৭টা পর্যন্ত ভোট পড়েছে ৯২.৪৭ শতাংশ। সন্ধে ৬টা পর্যন্ত হাড়োয়া আসনে (West Bengal) ভোটের হার ৯৬.৪৬ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে রাজারহাট গোপালপুরে, ৮৪.৩৬ শতাংশ। ভবানীপুরে সন্ধে ৬টা পর্যন্ত ভোটের হার ৮৬.৪৩ শতাংশ। ভাঙড়ে ৯২.৩৬ শতাংশ। সন্ধে ৬টার পরেও ভোটগ্রহণ চলেছে কয়েকটি কেন্দ্রে।
রাজ্যে পড়ল রেকর্ড ভোট (Assembly Election 2026)
কমিশনের পরিসংখ্যান অনুসারে সন্ধে ৬টা পর্যন্ত দ্বিতীয় দফায় ভোটদানের হার ৯১.৩১ শতাংশ। সন্ধ্যা ৬টার পরেও বিভিন্ন বুথে চলছে ভোটদান। ফলে ভোটের এই হারের হেরফের হবে। প্রথম দফার ভোটে রাজ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৯২.৪৭ শতাংশ। শেষ পর্যন্ত তা বেড়ে হয় ৯৩.১৯ শতাংশ। এখনও পর্যন্ত যা পরিসংখ্যান, তাতে দ্বিতীয় তথা শেষ দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে। সবচেয়ে কম পড়েছে কলকাতা দক্ষিণে।
দ্বিতীয় দফায় ভোটদানের হার
কমিশনের পরিসংখ্যান অনুসারে, দ্বিতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে হাড়োয়ায়, ৯৪.৫ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে রাজারহাট গোপালপুর কেন্দ্রে। সেখানে বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৮২.১৮ শতাংশ। ভবানীপুরে ভোট পড়েছে ৮৫.৫১ শতাংশ। ভাঙড়ে ভোটের হার ৮৮.১৪ শতাংশ। দ্বিতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৮৯.৯৯ শতাংশ (Assembly Election 2026)। বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে প্রথম দফায় পড়েছিল ৮৯.৯৩ শতাংশ। চলতি বছর বিধানসভা ভোটে অসমে ভোট পড়েছে ৮৫.৩৮ শতাংশ। চলতি বিধানসভা নির্বাচনে পুদুচেরিতে ভোটদানের হার ৮৯.৯৩ শতাংশ।
আসনভিত্তিক ভোটের হারে শীর্ষে
কমিশন বলছে, আসনভিত্তিক ভোটের হারে শীর্ষে রয়েছে পূর্ব বর্ধমানের গলসি। সেখানে দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৮৫.১১ শতাংশ। সবচেয়ে কম ভোটের হার মহেশতলায়, ৭০.১ শতাংশ। ভবানীপুর আসনে দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার ৭৫.৬৬ শতাংশ। দুপুর ৩টে পর্যন্ত দ্বিতীয় দফায় ভোটদানের হার ৭৮.৬৮ শতাংশ। প্রথম দফায় দুপুর ৩টে পর্যন্ত রাজ্যে ভোট পড়েছিল ৭৮.৭৭ শতাংশ। দ্বিতীয় দফায় দুপুর ৩টে পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়ল পূর্ব বর্ধমানে। সবচেয়ে কম ভোটদানের হার কলকাতা দক্ষিণে (West Bengal)। দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হারও ২০২৪ সালের লোকসভা ভোটের তুলনায় অনেকটা বেশি। সে বার লোকসভা ভোট সাত দফায় হয়েছিল রাজ্যে। দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছিল ৫৯ থেকে ৭০ শতাংশের মধ্যে। ওই সময়ে লোকসভা নির্বাচনে ভোটদানের সর্বোচ্চ হার ছিল ষষ্ঠ দফায়, ৭০.২ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছিল সপ্তম দফায়। সেই দফায় দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছিল ৫৮.৫ শতাংশ (Assembly Election 2026)।
