Tag: Weather Update

Weather Update

  • Weather Update: ভাসবে মহানগর! রেমালের প্রভাবে ২২০ মিমি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, আর কোথায় কত?

    Weather Update: ভাসবে মহানগর! রেমালের প্রভাবে ২২০ মিমি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, আর কোথায় কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: আশঙ্কা ছিলই। এবার আতঙ্ক বাড়ছে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে। শক্তিশালী হয়েই বঙ্গের উপকূলের দিকে ক্রমশ এগোচ্ছে সাইক্লোন রেমাল। অবহবিদদের অনুমান (Weather Update), রবিবার রাতে বাংলাদেশ ও সাগরদ্বীপের মাঝে ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। রেমালের (Cyclone Remal) প্রভাবে শনিবার থেকেই দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতাও। কলকাতায় ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।  

    কোথায় কত বৃষ্টি

    আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) ডিডিজিএম সোমনাথ দত্ত জানান, বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সাগর আইল্যান্ডের মাঝে রেমালের আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুন্দরবন এলাকাতে এই ঘূর্ণিঝড় (Cyclone Remal) আছড়ে পড়তে পারে রবিবার মাঝরাতে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা থেকে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। আগামিকাল, রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। রবি ও সোমবার ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ৷

    কলকাতায় কমলা সতর্কতা

    হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update), উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলেও ঝড়ের তাণ্ডব দেখা যেতে পারে। রবিবার দুই ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সঙ্গে ১০০-১১০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়। দুই জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রবিবার কলকাতায় ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

    আরও পড়ুন: বঙ্গোসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’! কারা দিল নাম, অর্থই বা কী?

    সোমেও সতর্কতা

    আগামী সোমবারও দুই ২৪ পরগনায় লাল সতর্কতা (Weather Update) জারি করা হয়েছে। রবিবারের থেকে ঝড়ের (Cyclone Remal) গতিবেগ কমার সম্ভাবনা রয়েছে। সোমবার ওই দুই জেলায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সঙ্গে অতি ভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদেও সোমবার জারি করা হয়েছে কমলা সতর্কতা। ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণের বাকি জেলায় জারি হলুদ সতর্কতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: আসছে ঘূর্ণিঝড় রেমাল! সরাসরি আঘাত কলকাতাতে, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: আসছে ঘূর্ণিঝড় রেমাল! সরাসরি আঘাত কলকাতাতে, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় আমফানের মতো সোজা কলকাতা শহরের ওপর দিয়ে যেতে চলেছে ঘূর্ণিঝড় রেমালও (Cyclone Remal)। বুধবার বিকেলে আবহাওয়ার পূর্বাভাসের (Weather Update) একাধিক মডেলে তেমনই জানানো হয়েছে। রবিবার সন্ধ্যার পর ঘণ্টায় ৮০ – ১০০ কিলোমিটার গতিতে কলকাতায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। তবে, এখনই এ নিয়ে কোনও সতর্কতা দেয়নি আলিপুর হাওয়া অফিস। শুক্রবার বিকেলের পর চিত্রটা পরিষ্কার বোঝা যাবে বলে জানানো হয়েছে।

    কোথায় অবস্থান

    দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ুর উপকূলের কাছে চলছে এই প্রক্রিয়া। ক্রমে এটি উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, সব ঠিকঠাক চললে শুক্রবার সকালে এই নিম্নচাপ অঞ্চল গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তার পর তা বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর-পূর্ব দিকে এগোবে। ২৫ তারিখ, শনিবার সন্ধ্যায় উত্তর-পূর্ব এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে যাবে গভীর নিম্নচাপ।

    কলকাতায় প্রভাব

    আবহাওয়ার পূর্বাভাসের (Weather Update) সব থেকে ব্যবহৃত ২টি মডেল বুধবার বিকেলে বলছে, প্রায় ঘূর্ণিঝড় আমফানের পথ ধরেই এগোবে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। শনি বা রবিবার তৃতীয় শ্রেণির ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। রবিবার সন্ধ্যার পর সাগরের কাছাকাছি কোনও জায়গা দিয়ে ভূভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় রেমাল। এর পর ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ঝড়ের কেন্দ্র। এই গতিপথ অপরিবর্তিত থাকলে কলকাতা শহরে ঝড়ের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে। যাঁরা সমুদ্রে গিয়েছেন, তাঁদের বৃহস্পতিবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। সুন্দরবন ও পূর্ব মেদিনীপুর জেলায় ভাঙতে পারে সমুদ্র বা নদীবাঁধ। মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার থেকে এবং উত্তর বঙ্গোপসাগরে শুক্রবার থেকে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। ২৬ মে, রবিবার পর্যন্ত জারি থাকবে নিষেধাজ্ঞা।

    আরও পড়ুন: গোটা দেশে সময় একটাই! আইএসটি নির্ধারণে রেল ও সর্দার প্যাটেলের ভূমিকা জানেন?

    কবে থেকে বৃষ্টি

    বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্ত ছিল, তা শক্তি বৃদ্ধি করে পরিণত হয়েছে নিম্নচাপ অঞ্চলে। সাগরের উপর দিয়ে সেই নিম্নচাপ অঞ্চল ক্রমেই এগোচ্ছে উত্তর-পূর্ব দিকে। শুক্রবার তা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। তার সঙ্গেই দোসর হিসাবে রয়েছে আর একটি ঘূর্ণাবর্ত (Cyclone Remal)। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর বিস্তৃত রয়েছে সেটি। এই জোড়া ফলার প্রভাবেই বুধ থেকে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। ভিজেছে কলকাতাও। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার দক্ষিণের সব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি। এর মধ্যে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। রবিবারও এই তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) রয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Weather Update: আজ, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড় নিয়ে কী বলছে আলিপুর? 

    Weather Update: আজ, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড় নিয়ে কী বলছে আলিপুর? 

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই শহরের আকাশে মেঘের আনাগোনা। সঙ্গে মাঝে মধ্যেই রোদের তেজ। মঙ্গলবারও এমনই চলেছে সারাদিন। তবে বৃষ্টির দেখা মেলেনি শহর কলকাতায় (Rain in Kolkata)। আকাশ মেঘলা থাকার দরুণ ভ্যাপসা গরমে বেড়েছে অস্বস্তি। জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তবে, বুধবার বিকেল থেকে শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস (Weather Update)। 

    কী বলছে হাওয়া অফিস

    আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে বঙ্গে। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস (Weather Update) রয়েছে। তিনি বলেন, “২২ মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাত, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৩ মে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ২৪ মে, শুক্রবারও একই পরিস্থিতি থাকবে । দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকলেও উত্তরবঙ্গে কোনও সতর্কবার্তা নেই। ২৫ মে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়।”

    আরও পড়ুন: ভোটের দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

    ঘূর্ণিঝড়ের অবস্থাবন

    রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Weather Update) থাকলেও এখনও পর্যন্ত স্বস্তি পায়নি বঙ্গবাসী। আবহাওয়া দফতর এখনও আশা দিচ্ছে, বুধবার ও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গর বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে ঘূর্ণাবর্তটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এর থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে কি না তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না আবহবিদরা। এই ঘূর্ণিঝড় তৈরি হলে, তার প্রভাবে ২৪ মে রাত থেকে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল এলাকায় বৃষ্টি (Rain in Kolkata) শুরু হতে পারে। বৃষ্টি চলতে পারে ২৬, ২৭ তারিখ পর্যন্ত। ২৩ শে মে বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।  ২৪ মে শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ভোটের দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

    Lok Sabha Election 2024: ভোটের দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির (Cyclonic Weather) সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। এই অবস্থায় আগামী ২৫ মে ষষ্ঠ দফার ভোট (Lok Sabha Election 2024) পরিচালনা নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন। দুর্যোগ মোকাবিলার জন্য কী কী পদক্ষেপ করা উচিত, তা নিয়ে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব। 

    কবে, কখন বৈঠক

    বুধবার বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Lok Sabha Election 2024)। সিইও দফতর সূত্রে খবর, বুধবার দুপুরে আলাদা আলাদা করে ওই বিষয়ে দু’টি বৈঠক করবেন সিইও আরিজ আফতাব। ওই বৈঠকে সশরীরে উপস্থিত থাকবেন বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবও। আর ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন রাজ্যের জেলাশাসকেরা। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।  আগামী শনিবার ষষ্ঠ দফার ভোট। দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ জঙ্গলমহল এলাকার নির্বাচন রয়েছে। ভোটের দিনে বৃষ্টি হলে অসুবিধায় পড়বেন ভোটাররা। কীভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চালানো হবে তা নিয়েও আলোচনা হবে।

    অতীত থেকে শিক্ষা

    এর আগে উত্তরবঙ্গে ভোটে (Lok Sabha Election 2024) দুর্যোগের ফলে কয়েকটি বুথ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় বুথ সারিয়ে ভোট করাতে হয়েছিল কমিশনকে। তাই ভোটের সময় দুর্যোগ দেখা দিলে বিভিন্ন বুথ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ফের আশঙ্কা করছে কমিশন। সেই মতো আগাম প্রস্তুতি নিতে বৈঠকে বসছেন কমিশনের আধিকারিক। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। থাকবে বজ্রপাতের সতর্কতা। আগামী ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তার থেকে নিম্নচাপ (Cyclonic Weather) তৈরি হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস বাংলায়, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস বাংলায়, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: তীব্র গরম ভাব অনেকটা কেটেছে। চলছে মেঘ-বৃষ্টির লুকোচুরি। আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, আজও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। চলবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে। এর পর শুক্রবার থেকে আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ (Cyclone) বলয়ের জেরে ভারী বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য। 

    ঘূর্ণিঝড়ের সতর্কতা

    বুধবার ২২ মে বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে। আগামী শুক্রবার ২৪ মে এটি অতি গভীর নিম্নচাপের চেহারা নেবে। পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ২৬ মে নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সে সম্পর্কে এখনও পর্যন্ত দিল্লির মৌসম ভবন (Weather Update) থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে মে মাসে ঘূর্ণিঝড় তৈরি হওয়া অস্বাভাবিক নয়। বর্ষা আসার ঠিক আগে এবং বিদায়ের ঠিক পরে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতি থাকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ থেকে পূর্ব বাংলাদেশের ওপর অবস্থান করছে। ঘূর্ণাবর্তটি পূর্ব উত্তর প্রদেশ, দক্ষিণ বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত। এই ঘূর্ণিঝড় (Cyclone) সঞ্চালনটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার দুপুরের পর থেকে বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে। বাড়বে ঢেউয়ের উচ্চতাও। বৃহস্পতিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

    দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি

    কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস (Weather Update)। মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা ও আশপাশের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে সোমবার। তার জেরে তাপমাত্রাও নেমেছে খানিকটা। এবার নিম্নচাপের প্রভাবে বৃষ্টি আরও বাড়বে, বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী শুক্রবার থেকে উপকূলের দুই জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের চূড়ান্ত অভিমুখ এখনও স্পষ্ট করেনি আলিপুর। তবে অনুকূল বায়ুপ্রবাহে (Cyclone) বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

    আরও পড়ুন: ঝাড়খণ্ডের অন্যতম শক্তিপীঠ উগ্রতারা ছিন্নমস্তা মন্দির, দুর্গাপুজো হয় টানা ১৬ দিন ধরে!

    কলকাতার তাপমাত্রা

    সোমবার, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের ২.৮ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৫.১ মিলিমিটার। আজ, মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গে আজ, মঙ্গলবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরে সপ্তাহভর হালকা বৃষ্টি হলেও ঘূর্ণাবর্তের  (Cyclone) কোনও প্রভাব পড়বে না, বলেই অনুমান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: আকাশ ভেঙে শহরে নামল বৃষ্টি! ৩ জেলায় কমলা সতর্কতা হাওয়া অফিসের

    Weather Update: আকাশ ভেঙে শহরে নামল বৃষ্টি! ৩ জেলায় কমলা সতর্কতা হাওয়া অফিসের

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা, বেলা দশটা বাজতেই কালো করে এল শহরের আকাশ। দুপুরেই বিকেলের অন্ধকার। ১১টা বাজতেই বৃষ্টি নামল উত্তর থেকে দক্ষিণ শহর ও তার আশপাশে। সপ্তাহের প্রথম দিন অফিসে ঠোকার আগেই ভিজল (Rain Fall) কলকাতাবাসী। সোম ও মঙ্গলবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর (Weather Update)। সেই  মতোই আকাশ ভেঙে নামল বৃষ্টি। ভোটের লাইন ছেড়ে পালালেন ভোটাররা। ছত্রাকার পরিস্থিতি চোখ পড়ল ব্যারাকপুর এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের একাধিক বুথে।

    দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি

    ইতিমধ্যেই কলকাতার কিছু কিছু এলাকায় আকাশ অন্ধকার করে মেঘ জমেছে। বৃষ্টিও শুরু হয়েছে মধ্য কলকাতা-সহ শহরের বিভিন্ন অংশে। তবে হাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণের পাঁচ জেলায় বজ্রগর্ভ মেঘের ব্যাপারেও সতর্ক করেছেন আবহবিদেরা। ভোটদানের সময়ের মধ্যেই তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়। আবহাওয়া দফতরের (Weather Update) রিপোর্ট অনুসারে, তিন জেলাতেই দাপটে বৃষ্টি হবে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে বইবে দমকা হাওয়া। আবহাওয়া দফতর ইতিমধ্যেই এই ৩ জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। মৌসম ভবনের পূর্বাভাস, নির্ধারিত সময়ের ৩ দিন আগে ২২ মে বর্ষা ঢুকছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে। কেরালাতেও নির্ধারিত সময়ের একদিন আগে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। তবে এই বৃষ্টি বর্ষার নয়। বুধবারের পর থেকেই বৃষ্টির দাপট কমে ফের গরম বাড়বে শহরে।

    আরও পড়ুন: কলকাতার সামনে হায়দরাবাদ, জেনে নিন আইপিএল প্লে-অফে কবে কার সঙ্গে কার খেলা?

    উত্তরবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গের ক্ষেত্রেও সোমবার এবং মঙ্গলবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain Fall) হতে পারে। কোথাও হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। কোথাও বেগ বৃদ্ধি পেয়ে হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারও। এই দু’দিনে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: সোমবার ভোটের দিন ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টির পূর্বাভাস বেশ কিছু জেলায়

    Weather Update: সোমবার ভোটের দিন ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টির পূর্বাভাস বেশ কিছু জেলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: গরমের দাপটের মধ্যেই সুখবর শোনাল হাওয়া অফিস (Weather Update)। ভোটবঙ্গে সোমবারই বৃ্ষ্টি হতে পারে বাংলার সব জেলায়। অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ১৯ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়ছে বর্ষা। ভারতবর্ষে সাধারণভাবে প্রথম বর্ষা ঢোকে কেরলে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রতিবছর ১ জুন বর্ষা ঢোকে দক্ষিণ ভারতের এই রাজ্যে। তবে প্রতিবছর এই নিয়ম একইভাবে কাজ করে না। কোনও বার আগে তো কোনও বার পরে আসে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে বর্ষা ঢুকছে ৩১ মে।

    বৃষ্টির পূর্বাভাস 

    রবিবার দক্ষিণবঙ্গে (Weather Update) বেশ কিছু জেলায় গরম ও অস্বস্তি থাকলেও আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে একই ছবি দেখা যাবে সোমবারও। প্রসঙ্গত, সোমবার সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও পঞ্চম দফার ভোট রয়েছে। এই দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। যার মধ্যে আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ভোটের দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

    নিম্নচাপে ভিজবে বাংলা? 

    অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ মে গভীর নিম্নচাপ ঘনীভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। ওই নিম্নচাপ এগিয়ে যাবে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে। আর এই গতিপথ যদি থাকে তাহলে সেক্ষেত্রে নিম্নচাপের গন্তব্য হবে বাংলাদেশ-মায়ানমার। তবে নিম্নচাপ পরে অন্যদিকে বাঁক নেয় কিনা সেদিকেও নজর রাখছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা। যদিও এখনও ঘূর্ণিঝড়ের কোনওরকম পূর্বাভাস মেলেনি মৌসম ভবনের তরফে। অন্যদিকে, হাওয়া অফিসের সূত্রে আরও জানা গিয়েছে, একটি নয় বঙ্গোপসাগর ও আরব সাগর মিলিয়ে জোড়া নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ মে নাগাদ আরব সাগরে এবং ২৩ মে নাগাদ বঙ্গোপসাগরে ওই নিম্নচাপ তৈরি হতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ফের গরম, কলকাতার পারদ ছুঁল ৩৮ ডিগ্রি! কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: ফের গরম, কলকাতার পারদ ছুঁল ৩৮ ডিগ্রি! কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েক দিনের সাময়িক স্বস্তির পরে আবার গরমে পুড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গ। দহনজ্বালায় জ্বলছে দক্ষিণের সব জেলা। শনিবার সকাল থেকেই শহরের আকাশে গনগনে রোদ। হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, আপাতত আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অস্বস্তি বজায় থাকবে। রবিবার বিকেল থেকে শুরু হবে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টি নামার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain Fall) কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    আবার অস্বস্তিকর গরম

    চলতি সপ্তাহের শুরু থেকেই ধীরে ধীরে গরম বাড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বাদ যায়নি উত্তরবঙ্গও। পাহাড়েও তাপমাত্রা বেড়েছে। গরম বেড়েছে মালদা, দুই দিনাজপুর, জলপাইগুড়, কোচবিহারেও। শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। ১৩ দিন পর ৩৮ ডিগ্রির গরম সহ্য করল মহানগর। ফের ৪০ ডিগ্রির ঘরে গিয়েছে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমে জেরবার বঙ্গবাসী। শনিবার সারা দিন কলকাতার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। বজায় থাকবে গরমের অস্বস্তি। আর্দ্রতার জন্য ঘাম হবে বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে বলেও জানিয়েছে হাওয়া অফিস (Weather Update) ।

    সাইক্লোনের সতর্কতা

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তা থেকে নিম্নচাপও তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। সূত্রের খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় সেক্ষেত্রে তার মুখ হতে চলেছে উত্তর ও উত্তর পূর্ব দিক। আর এর জেরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর (Rain Fall) গতি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে অনুমান করছেন আবহবিদরা। আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে ২০ মের পর। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশ। আর যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাই তার নাম রিমাল। নামটি ওমানের দেওয়া।

    আরও পড়ুন: ১২ নয়, ১৩ মাসে হয় এক বছর! জানুন সেই বিচিত্র দেশের কথা

    সোম থেকে বৃষ্টি

    আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, রবিবার, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া— দক্ষিণবঙ্গের এই ১০ জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। যদিও গরম খুব কমবে না। কলকাতায় শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা নেই। স্বস্তি ফিরবে সোমবার থেকে। সোমবার থেকে দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের (Rain Fall) পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পুরো সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টি চলতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও কমবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: নিম্নচাপের পূর্বাভাস! অস্বস্তিকর গরম থেকে মুক্তি দিতে কবে আসছে বর্ষা?

    Weather Update: নিম্নচাপের পূর্বাভাস! অস্বস্তিকর গরম থেকে মুক্তি দিতে কবে আসছে বর্ষা?

    মাধ্যম নিউজ ডেস্ক: সময়ের আগেই বর্ষাগমনের বার্তা দিল মৌসম ভবন। একই সঙ্গে আগুনের হলকা দেওয়ার কথাও জানাল হাওয়া অফিস (Weather Update)। ফের তীব্র গরমে নাভিশ্বাস উঠছে শহরবাসীর। শনিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা (Heat wave warning) রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও গরম ও অস্বস্তি বাড়বে আগামী দু’দিন। তাপমাত্রা বেশ বাড়বে কলকাতাতেও। সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain Fall) সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মৌসম ভবন ইঙ্গিত দিয়েছে এবার সময়ের আগেই বর্ষা ঢুকে যাবে দেশে। ২৭ মে থেকে ৪ জুনের মধ্যে বর্ষা ঢুকতে পারে কেরলে।

    তাপপ্রবাহের সতর্কতা

    আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অস্বস্তি বজায় থাকবে। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রাও। তবে সোমবার থেকে বৃষ্টি (Rain Fall) শুরু হলে তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবে সাধারণ মানুষ। তার আগে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের চার জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গেও গরমের দাপট শুরু হয়েছে। পার্বত্য এলাকাতেও স্বাভাবিকের থেকে তাপমাত্রা অনেকটা বেশি।  গরম ও অস্বস্তি ভোগাবে পাহাড়কেও। দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতে বৃষ্টি চললেও গরমের গুমোট ভাব থাকবে। 

    সাইক্লোনের সম্ভাবনা

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)সূত্রে খবর, আগামী ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তী সাতদিনে তা আরও বেশি শক্তিশালী হবে। তবে সেটি কতটা শক্তিশালী হবে বা আদৌ সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা তা পরবর্তী সময়ে আবহাওয়ার পরিস্থিতি দেখেই বোঝা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

    বর্ষার আগমন

    আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস,  ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় ১ জুনের একদিন আগে ৩১ শে মে ঢুকবে মৌসুমী বায়ু। আগাম বর্ষা (Rain Fall) হবে আন্দামানেও। মৌসম ভবন সূত্রে খবর, এরফলে সব জায়গাতেই সামান্য আগেই হবে বর্ষার পদার্পণ। আবহাওয়ার বিভিন্ন মডেল আবহাওয়াবিদরা জানাচ্ছে, আগামী ১৯ শে মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ের তিন দিন আগে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে জুন মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে।

  • Weather Update: সপ্তাহান্তে বাংলায় দুর্যোগের পূর্বাভাস, কবে আসছে সাইক্লোন রিমাল? 

    Weather Update: সপ্তাহান্তে বাংলায় দুর্যোগের পূর্বাভাস, কবে আসছে সাইক্লোন রিমাল? 

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। চলতি মাসের শেষেই এটি আছড়ে পড়ার কথা। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তবে তার আগে আগামী দুই থেকে তিন দিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে কয়েক ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।

    শহরের তাপমাত্রা

    বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে চলেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ, সর্বনিম্ন ৪৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। তবে রবিবার থেকে শহরে ফের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে তিলোত্তমায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। 

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া মোটামুটি শুকনো থাকতে চলেছে। রবিবার পশ্চিমের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর সোমবার সবকটি জেলায় হাল্কা বৃষ্টি এবং মঙ্গলবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে তার আগে এই সপ্তাহেই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হতে পারে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই চার জেলা হল পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান।

    আরও পড়ুন: যুবভারতীতে শেষ ম্যাচ, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা অধিনায়ক সুনীল ছেত্রীর

    কবে আসছে বর্ষা

    আবহাওয়ার বিভিন্ন মডেল বিশ্লেষণ করে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১৯ মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশ করবে। চলতি বছর নির্ধারিত সময়ের তিন দিন আগে বর্ষার প্রবেশ ঘটবে দেশে।

    ধেয়ে আসছে রিমাল

    মৌসম ভবন সূত্রে খবর, মে মাসেই বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে উত্তর দিকে অগ্রসর হবে। শক্তি বাড়িয়ে ২৪ মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৫ মে সন্ধের পর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে। ঘূর্ণিঝড়ের গতিবেগ কত থাকবে, ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা, তা ঘিরে এখনও স্পষ্ট কিছু জানায়নি আবহাওয়া দফতর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share