Tag: Weather Update

Weather Update

  • Durga Puja Weather: রাতের পর থেকেই কমবে জলীয় বাষ্প, শীত শীত ভাব পুজোতেই

    Durga Puja Weather: রাতের পর থেকেই কমবে জলীয় বাষ্প, শীত শীত ভাব পুজোতেই

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর ঢাকে কাঠি পড়েছে। মহালয়ার বিকেল থেকেই চলছে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের পালা। দুর্গা পুজো বাঙালির কাছে এক শিল্পও বটে। নানান সাজে সেজেছে কলকাতা। কোথাও ডিজনি ল্যান্ড তো কোথাও চন্দ্রযান। কোথাও রাম মন্দির, কোথাও কেদার নাথ। শহরের বুকেই নানান দর্শন। পুজো মানেই সকাল থেকে রাত-পাঁচটা দিন চুটিয়ে আনন্দের সময়। ৮ থেকে ৮০ সব ভুলে পুজোর গন্ধে মাতোয়ারা থাকে। তাই পুজোর আকাশে কালো মেঘের আনাগোনা ভাবিয়ে তোলে উৎসবমুখর বাঙালিকে। তবে মৌসম ভবনমের পূর্বাভাসে (Weather Update) সেই চিন্তার ইতি।

    হালকা শীতের আমেজ

    পুজোর সময় আবহাওয়া (Weather Update) থাকবে মনোরম। এমনকি সেইসময় রাতে পাওয়া যাবে হালকা শীতের আমেজ। দিন ও রাতের তাপমাত্রা কমবে।ষষ্ঠী থেকে অষ্টমী অর্থাৎ ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বঙ্গে আবহাওয়া মনোরম থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। নবমী, দশমী অর্থাৎ ২৩ ও ২৪ অক্টোবর আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুজোর কদিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দখিনা হাওয়ার পরিবর্তে উত্তুরে হাওয়ার প্রভাব থাকবে। ফলে প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, আড্ডায় বড় বাধা নেই। পাঁচ দিন দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোর শেষের কদিন আকাশ আংশিক মেঘলা থাকলেও ভারী বৃষ্টি হবে না।

    আরও পড়ুন: পুজোর মুখে ফের চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি! একসপ্তাহে শহরে নতুন করে আক্রান্ত ১,৩৬৭

    কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া 

    রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হতে পারে যদিও। নবরাত্রির দ্বিতীয় দিনের পর থেকে তাও ক্রমশ কমতে শুরু করবে। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এখনও পর্যন্ত এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চল সহ কোনও কোনও জেলায় এই উইকেন্ডে ভোরের দিকে উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তৃতীয়া পর্যন্ত জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে। ধীরে ধীরে জলীয় বাষ্প  কমবে। শুষ্ক হবে আবহাওয়া। পশ্চিমাঞ্চলের কিছু জেলায় চতুর্থী থেকে ভোরের দিকে সামান্য শিরশিরানি ভাব থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও।

    উত্তরের জেলায় সামান্য বৃষ্টি

    পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তরাই ডুয়ার্স ও সমতলে বৃষ্টির তেমন আর কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং,কার্শিয়ং ও কালিম্পং ছাড়া বাকি উত্তরবঙ্গে সোমবার রাতের পর থেকেই জলীয় বাষ্প কমতে শুরু করবে। তৃতীয়া থেকেই ভোরের দিকে উত্তুরে হাওয়ার প্রভাব অল্প অল্প করে অনুভূত হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: নিম্নচাপের পথ বদল! আগামী ৩ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা 

    Weather Update: নিম্নচাপের পথ বদল! আগামী ৩ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা 

    মাধ্যম নিউজ ডেস্ক: সকালবেলা ঘুম ভাঙতেই আকাশে মেঘের গর্জন সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। ছোট ছোট বাচ্চাদের স্কুলে যেতেই সমস্যা। কোনও কোনও জায়গায় তো বৃষ্টি হল ধোঁয়ার মতো। শনিবার থেকে শুরু হয়েছিল বৃষ্টিপাত। তারপর থেকে আর বিরাম নেই। এরই মধ্যে ইউ টার্ন নিয়েছে নিম্নচাপ। ফলে এখনই বৃষ্টিপাত কমার কোনও সম্ভাবনা নেই। শুক্রবার কিছুটা আবহাওয়ার উন্নতি হতে পারে। শনিবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

    বৃষ্টিতে জেরবার জনজীবন

    মঙ্গলবার রাত থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা। বুধবার সকালেও তার ব্যতিক্রম নেই। নাজেহাল জনজীবন। দুর্গাপুজোর কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু, পুজো যত এগিয়ে আসছে আকাশের মুখ যেন ততই গোমড়া হচ্ছে। বুধবার উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলে হাট বসে। পুজোর আগে বৃষ্টিতে পণ্ড বিকিকিনি। মাথায় হাত ব্যবসায়ীদের। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ হাওড়া এবং নদিয়া জেলার বিক্ষিপ্ত এলাকায় আজ সারাদিন বৃষ্টি চলবে। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও কখনও ভারী আবার কখনও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    নিম্নচাপের ইউটার্ন

    হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এর আগে পৌঁছয় ছত্তিশগড় সংলগ্ন এলাকাতে। কিন্তু, সেখান থেকে ফের নিম্নচাপ ইউটার্ন নিয়েছে। ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে তা অবস্থান করছে। এর ফলে দক্ষিণবঙ্গের আকাশ কমপক্ষে শুক্রবার পর্যন্ত মেঘলাই থাকবে। শনিবার থেকে কিছুটা হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি। বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদে। এছাড়াও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রসৈকতে পর্যটকদের সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

    কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

    সারা দিন জুড়েই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। এর ফলে রাস্তায় যানজটের সম্ভাবনাও দেখা দিতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম এবং বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮৮ শতাংশ। দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে।

    আরও পড়ুন: ফের তথ্য গোপন রাজ্যের! ডেঙ্গি, ম্যালেরিয়ার পর এবার বঙ্গে হানা চিকুনগুনিয়ার

    দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলা-সহ উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: নিম্নচাপের প্রভাব! কলকাতা সহ ১০ জেলায় দিনভর বৃষ্টি, পুজোর আগে মাথায় হাত ব্যবসায়ীদের

    Weather Update: নিম্নচাপের প্রভাব! কলকাতা সহ ১০ জেলায় দিনভর বৃষ্টি, পুজোর আগে মাথায় হাত ব্যবসায়ীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: আশ্বিনের মাঝামাঝিও চলছে বৃষ্টি। ফের নিম্নচাপের প্রভাবে শনি ও রবিবার বৃষ্টির আশঙ্কা। শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। নিম্নচাপের দরুন এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। সারাদিন একই আবহাওয়া থাকার পূর্বাভাস। ১০ টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। স্বাভাবিকভাবেই পুজোর মুখে উইকেন্ডে কেনাকাটা করার জন্য মুখিয়ে রয়েছে বহু মানুষ। কিন্তু, বৃষ্টির জন্য বিপাকে পড়তে হয়েছে তাঁদেরও।

    পুজোর বাজারে ক্ষতি

    স্বাভাবিকভাবেই পুজোর মুখে উইকেন্ডে কেনাকাটা করার জন্য মুখিয়ে রয়েছে বহু মানুষ। কিন্তু, বৃষ্টির জন্য বিপাকে পড়তে হয়েছে তাঁদেরও। সপ্তাহান্তেই মূলত বিকিকিনি হয়। সেক্ষেত্রে প্রায় প্রতি শনি ও রবিবারই বৃষ্টি হচ্ছে। হাতিবাগান-গড়িয়াহাট চত্বরে হকাররা মার খাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পুজোর প্যান্ডেল তৈরির কাজও। 

    কেন বৃষ্টিপাত

    মায়ানমার উপকূলে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বর্তমানে নিম্নচাপের রূপ নিয়েছে। এর অভিমুখ উত্তর ওডিশা এবং পশ্চিমবঙ্গ উপকূল। ফলে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।এছাড়াও পূর্ব মধ্য আরব সাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা গোয়া এবং কঙ্কন উপকূলে অবস্থান করছে। তা শক্তি বাড়িয়ে আরও স্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

    কবে আবহাওয়ার উন্নতি

    শনি ও রবিবার আবহাওয়া একইরকম থাকবে। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। মঙ্গলবারের পর থেকে বৃষ্টি কমবে। আকাশ পরিষ্কার হবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৮০ শতাংশ।

    আরও পড়ুন: ‘‘মানুষের চাকরি নেই, পুজো কমিটিকে ৭০ হাজার টাকা’’! কড়া মন্তব্য বিচারপতি সিনহার

    কোন কোন জেলায় বৃষ্টি

    আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চলতে পারে । উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সোম ও মঙ্গলবারেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের এ জেলাগুলিতে।

    উত্তরের পূর্বাভাস

    শনিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ওপরের পাঁচ জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। নিচের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: নিম্নচাপের বৃষ্টিতে জল থৈ থৈ! আরও বাড়বে ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ?

    Weather Update: নিম্নচাপের বৃষ্টিতে জল থৈ থৈ! আরও বাড়বে ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ?

    মাধ্যম নিউজ ডেস্ক: গুরুগুরু মেঘের গর্জনেই ঘুম ভাঙল শহরবাসীর। অফিস বেরনোর সময়ই ঝেঁপে বৃষ্টি (Weather Update)। কলকাতার বিভিন্ন অঞ্চলে যানজটের আশঙ্কা। স্কুলে ঢোকার মুখে ভিজতে হয়েছে ছোটদেরও। সকাল ৮ টা থেকে আকাশ কালো করে বৃষ্টি নেমেছে শহরের বিভিন্ন অংশে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়, আগামী ৩ ঘণ্টা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। গত ক’দিনের টানা বৃষ্টিতে জমা জলে মশার লার্ভা জন্মানোর পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে আরও বাড়তে পারে ম্যালেরিয়া-ডেঙ্গির প্রকোপ। 

     জমা জলে বাড়ছে মশার লার্ভা!

    ভোর থেকেই দফায় দফায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update), শুক্রবার দিনভর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির জেরে নিচু এলাকা জলমগ্ন হতে পারে বলে আশঙ্কা। গত দু’দিনও দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতায়। শহরের নানা জায়গায় ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থার কাজ চলছে। এর জেরে খোঁড়াখুঁড়ি করতে হচ্ছে রাস্তার। ফলে একটু বৃষ্টিতেই জল জমে থাকছে। শহরের সংযুক্ত এলাকার নিকাশি পরিকাঠামো এবং সংশ্লিষ্ট এলাকাগুলির বেশ কিছু অংশে রাস্তার যে বেহাল অবস্থা, তা সম্প্রতি স্বীকার করে নিয়েছেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। জমা জলে বংশ বিস্তার করছে মশা। উষ্ণ ও আর্দ্র আবহাওয়াই হল মশার বংশ বিস্তারে সবচেয়ে অনুকূল পরিবেশ। পাশাপাশি রয়েছে ঝড়-বৃষ্টির জেরে ইতি উতি জল জমে থাকার সমস্যা। সেখানেই নিশ্চিন্তে বেড়ে উঠছে মশার লার্ভা। শহরে ডেঙ্গি-ম্যালেরিয়ার বাড়বাড়ন্তের এটি একটি অন্যতম কারণ।

    কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা

    শুক্রবার সকালে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ঘনীভূত হয়েছে, তা ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। বঙ্গোপসাগরে একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার প্রভাবেই বৃষ্টি হচ্ছে রাজ্যে। শনিবার থেকে বৃষ্টি কমবে। সপ্তাহান্তে আর্দ্রতা জনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

    আরও পড়ুন: কোনও উপসর্গ নেই, অথচ প্লেটলেট হু হু করে নেমে যাচ্ছে? রাজ্যে ডেঙ্গির নয়া আতঙ্কে সাবধান!

    উত্তরের আবহাওয়া

    বৃষ্টির পূর্বাভাস (Weather Update) জারি করা হয়েছে উত্তরবঙ্গেও। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহের দু’একটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অতি বৃষ্টির কারণে উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়বে। বেশকিছু নদীর জলস্তর বিপদসীমার ওপরে দিয়ে বইতে পারে। নদী সংলগ্ন ও নিচু এলাকায় জল জমা এবং প্লাবনের আশঙ্কা। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rain Forecast: উত্তর থেকে দক্ষিণ প্রবল বর্ষণের পূর্বাভাস! শরতের শুরুতে কেন বৃষ্টি?

    Rain Forecast: উত্তর থেকে দক্ষিণ প্রবল বর্ষণের পূর্বাভাস! শরতের শুরুতে কেন বৃষ্টি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলা কী কারণে এত বৃষ্টি ? শরতের শুরুতে কেন এই আবহাওয়ার খামখেয়ালিপনা? বর্ষাকালে সেভাবে বৃষ্টির দেখা নেই। পুজোর আগে শেষ লগ্নে বর্ষার ঝড়ো স্পেলে ব্যহত জীবনযাত্রা। সকাল থেকেই আকাশের মুখ ভার। মুষলধারায় বৃষ্টির জন্য খানাখন্দ ভরা শহরের রাস্তার হাল খারাপ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টাও টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কলকাতায় আগামী ২৪ ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলীয় জেলাগুলিতেও।

    কেন অসময়ে বৃষ্টি

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। বাংলা ও ওড়িশা উপকূলে এর বর্তমান অবস্থান। এটি এরপর ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থলভাগের মধ্যে দিয়ে ঝাড়খন্ড অতিক্রম করবে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা রাঁচির উপর দিয়ে বাংলা ওড়িশা উপকূলের বঙ্গোপসাগরে নিম্নচাপের এলাকা পর্যন্ত বিস্তৃত। এর জেরেই প্রবল বর্ষণের সম্ভাবন বঙ্গের একাংশে।

    ব্যহত জীবনযাত্রা

    পুজোর আর এক মাসও বাকি নেই।  তার আগে বৃষ্টির ফলে বিঘ্ন ঘটছে পুজোর বাজারেও। মাসের শুরুতে রাজ্যের বিভিন্ন জায়গায় জমে উঠতে শুরু করেছিল পুজোর বাজার। কলকাতাতেও পুজোর বাজার নিয়ে দোকানদারদের ব্যস্ততা ছিল তুঙ্গে। তার মধ্যে নিম্নচাপ হওয়ায় তাই চিন্তার ভাঁজ পড়েছে বিক্রেতাদের কপালে। সপ্তাহান্তে বৃষ্টি না থামলে শনি, রবিবারও পুজোর বাজারে মন্দা দেখা দেবে মত হাতিবাগান-গড়িয়াহাটের ছোট ব্যবসায়ীদের। বৃষ্টির ফলে  নীচু জায়গায় জমতে পারে জল।  দিনভর বৃষ্টিতে শহরের একাধিক জায়গা জলমগ্ন হওয়ার আশঙ্কা বাসিন্দাদের মনে। রাস্তায়ও যানজট চোখে পড়েছে। 

    আরও পড়ুন: আজ রাজ্যে আসছে প্রায় ৪ হাজার টন পদ্মার ইলিশ! বাজারে মিলবে কবে থেকে?

    কবে থেকে কমবে বৃষ্টি

    আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ২০, ২১ ও ২২ তারিখ দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হলেও, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। বৃষ্টির পূর্বাভাস থাকায় আজ ও আগামীকাল মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। আজ ২১ সেপ্টেম্বর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা  ৮৫ শতাংশ।

    উত্তরবঙ্গের তিনটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত এরকমই থাকবে আবহাওয়া। বৃষ্টির দাপট চলতে পারে সোমবার পর্যন্ত। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

    Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই আকাশের মুখ ভার। মাঝে মাঝেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। বেলা বাড়তে মেঘের চাদর সরিয়ে মাঝে মাঝে উঁকি মারছে সূর্য। নিম্নচাপের (Weather Update) জন্য আগামী তিন দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে বাংলা ওড়িশা উপকূলে অবস্থান করছে। মৎস্যজীবীদের বুধবার সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

    দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে

    আলিপুর আবহাওয়া (Weather Update) অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ ওড়িশা ও বাংলা উপকূলের কাছাকাছি এসে পৌঁছেছে। ধীরে ধীরে সেটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা ও ঝাড়খণ্ড অভিমুখী হবে। জানা গিয়েছে, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে জেলায়। শুক্রবার পর্যন্ত থাকবে একই পরিস্থিতি। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কাল থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বুধবার দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশই থাকবে। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। দুই এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। উপকূল সংলগ্ন জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    কলকাতায় হালকা বৃষ্টি 

    কলকাতায় (Kolkata Weather) বুধবার দিনভর মেঘলা আকাশই থাকবে। সকাল থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭১ থেকে ৯২ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ২.৪ মিলিমিটার। 

    আরও পড়ুন: এএফসি কাপে দুরন্ত শুরু মোহনবাগানের! ওড়িশাকে ৪-০ গোলে হারাল সবুজ-মেরুন

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত

    কলকাতা (Kolkata Weather) ও দক্ষিণবঙ্গের মতো বৃষ্টি হবে উত্তরেও। সপ্তাহভর উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার বৃষ্টি বাড়বে পার্বত্য এলাকার জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু অংশে বিক্ষিপ্তভাবে দুই এক পশলা ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং-এ। দার্জিলিং, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবারে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Weather Update: ফের সক্রিয় নিম্নচাপ, টানা তিন দিন বৃষ্টি চলবে বঙ্গের জেলাগুলিতে!

    Weather Update: ফের সক্রিয় নিম্নচাপ, টানা তিন দিন বৃষ্টি চলবে বঙ্গের জেলাগুলিতে!

    মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েকদিনে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলছে বৃষ্টিপাত (Weather Update)। আবহাওয়াবিদরা বলছেন,  বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত মঙ্গলবারই নিম্নচাপে পরিণত হয়েছে। আবার রাঁচি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখাও তৈরি হয়েছে। এই জোড়া নিম্নচাপ এবং নিম্নচাপ অক্ষরেখার মিলিত ফলেই আগামী তিন দিন দক্ষিণবঙ্গের বৃষ্টি (Weather Update) হতে চলেছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা মঙ্গলবারই নিম্নচাপে পরিণত হয়েছে। যার বর্তমান অবস্থান ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছেই। অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও যেমন হবে তেমন হালকা ও মাঝারি বৃষ্টিপাতও দেখা যাবে। শুক্রবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের (Weather Update) সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় অন্যদিকে উত্তরবঙ্গেও বৃহস্পতিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিগত কয়েক দিনে নিম্নচাপের জেরেই বৃষ্টি হচ্ছিল দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায়। আবহাওয়া দপফতর এরই মধ্যে জানিয়ে দিল আপাতত ফের সক্রিয় হয়ে উঠেছে নিম্নচাপ। চলতি বছরে বিশ্বকর্মা পূজা ও গণেশ পূজোটা বাঙালির বৃষ্টিতেই কেটে গেল।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    আবহাওয়া দফতরের (Weather Update) রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং কালিম্পং এ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    হাওয়া অফিস (Weather Update) সূত্রে খবর, মঙ্গল ও বুধবার উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হবে। অন্যদিকে বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update:  সকাল থেকে রোদ-ছায়ার লুকোচুরি! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

    Weather Update: সকাল থেকে রোদ-ছায়ার লুকোচুরি! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকর্মা পুজোয় সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা। তবে বেলা বাড়তে মেঘ সরিয়ে সূয্যি মামার দেখা মিলেছে। তবে হাওয়া নেই। তাই আকাশে ঘুড়ির দেখা নেই। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ভিজতে পারে বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ এবং ওডিশা সংলগ্ন উপকূলে এর অভিমুখ।

    দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

    হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির আরও একটি স্পেল চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার ও বুধবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।। সোমবার বিশ্বকর্মা পুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়ায়।

    শহরে হতে পারে বৃষ্টি

    শহর কলকাতায়ও ঘূর্ণাবর্তের জেরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে দিনভর। সোমবার সকালে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বেলা বাড়লে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯৪ শতাংশ। 

    আরও পড়ুন: আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন! কাল নতুন সংসদ ভবনে প্রবেশ

    উত্তরবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপাতত সেখানে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাড়বে অস্বস্তি। বৃহস্পতিবার থেকে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: সকালেই আঁধার! আকাশে কালো মেঘ সঙ্গে বৃষ্টি, সারাদিন কেমন থাকবে আবহাওয়া? 

    Weather Update: সকালেই আঁধার! আকাশে কালো মেঘ সঙ্গে বৃষ্টি, সারাদিন কেমন থাকবে আবহাওয়া? 

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই আকাশ ঘিরে মেঘ করেছে। ভোর থেকেই অন্ধকার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বহু জেলা। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে ভোর-রাত থেকে। কলকাতা,হাওড়া,পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে সকাল থেকেই চলছে বৃষ্টি। উপকূল সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। 

    বৃহস্পতি, শুক্র বৃষ্টি চলবে

    আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। বর্তমানে ওড়িশা উপকূল থেকে এটি ছত্তিশগঢ়ের অভিমুখে অবস্থান করছে। যার জেরে এই দুই রাজ্য়ে প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। এর পরোক্ষ প্রভাবই পড়ছে বাংলায়। আগামী পাঁচ দিনের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনেরও কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত আবহাওয়া বদলের সম্ভাবনা নেই। তবে শনিবার থেকে বাড়বে গরম। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে দক্ষিণবঙ্গ ভাসলেও উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হলেও হতে পারে। আগামিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়তে পারে তাপমাত্রা।

    আরও পড়ুন: নারদকাণ্ডে ফের নাড়াচাড়া! ম্যাথু স্যামুয়েলকে কলকাতায় তলব সিবিআইয়ের

    বৃষ্টির জেরে সমস্যা

    বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হওয়ায় শহরের বেশ কিছু নীচু জায়গায় জল জমেছে। সপ্তাহের মধ্যে কর্মব্যস্ত দিনে বৃষ্টির ফলে যানজট সৃষ্টি হয়েছে শিয়ালদা, শ্যামবাজার, গড়িয়া, বেহালা-সহ বেশ কয়েকটি জায়গায়। সকালে স্কুলে যেতে সমস্যায় পড়েন বাচ্চারা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ থেকে ৯৪ শতাংশ। এ দিকে, নিম্নচাপের জেরে আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Weather Update: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির ভ্রুকুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গে

    Weather Update: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির ভ্রুকুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণাবর্তের (Weather Update) কারণে গত দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে কলকাতা সমেত দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবারও এই অবস্থার পরিবর্তন হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত এই বৃষ্টি চলবে। অন্যদিকে, সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Update) দক্ষিণবঙ্গের তিন জেলায়, এগুলো হলো, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তারা জানাচ্ছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত (Weather Update) অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তা নিম্নচাপে পরিণত হবে। এর ফলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। অন্যদিকে, দীঘা থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে অবস্থান করছে। 

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update)

    আলিপুর আবহাওয়া (Weather Update) দফতরের তরফ থেকে জানানো হয়েছে সোম এবং মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবারে বৃষ্টিপাত (Weather Update) হওয়ার পরে বুধ ও বৃহস্পতিবারও হালকা বা মাঝারি বৃষ্টিপাত চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে আদ্রতার পরিমাণও এই সময় বেড়ে যাবে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update)

    চলতি বছরের বর্ষায় দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি দেখা দিলেও উত্তরবঙ্গে বেশ ভালোই বৃষ্টিপাত হয়েছে। হাওয়া অফিস (Weather Update) বলছে, উত্তরবঙ্গের সব জেলাতেই আপাতত বৃষ্টিপাত চলবে। বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়েও যেতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা (Weather Update)।

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া (Weather Update)

    ঘূর্ণাবর্তের জেরে (Weather Update) এমনিতেই গত কয়েক দিন ধরে কলকাতা এবং শহরতলিতে বৃষ্টিপাত চলছে। সোমবারও অবস্থা একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি (Weather Update)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share