Tag: West Bengal School Teacher

  • West Bengal School Teacher: পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগে কাটছাঁট! শিক্ষক বদলির নিয়ম পরিবর্তনের পথে রাজ্য

    West Bengal School Teacher: পছন্দের স্কুল বেছে নেওয়ার সুযোগে কাটছাঁট! শিক্ষক বদলির নিয়ম পরিবর্তনের পথে রাজ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে শিক্ষক (West Bengal School Teacher) বদলির প্রচলিত নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে শিক্ষকরা নিজেদের পছন্দমতো স্কুল বেছে নিয়ে বদলির আবেদন করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সূত্রের খবর, নতুন বদলি নীতিতে ব্যক্তিগত পছন্দের পরিবর্তে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-পড়ুয়ার অনুপাত এবং শিক্ষকের প্রকৃত প্রয়োজনীয়তাকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। ইতিমধ্যেই নতুন বদলি নীতি তৈরির প্রক্রিয়া শুরু করেছে রাজ্য শিক্ষা দফতর।

    শিক্ষক বদলির বিভিন্ন বিধিতে সংশোধনের ভাবনা

    দীর্ঘদিন ধরে রাজ্যে চালু থাকা শিক্ষক (West Bengal Govt School) বদলির বিভিন্ন বিধিতে একাধিক সংশোধনের পরিকল্পনা করা হচ্ছে। ২০১২ সালের মিউচুয়াল ট্রান্সফার, ২০১৫ সালের জেনারেল ট্রান্সফার, স্পেশাল গ্রাউন্ড ও রি-অ্যালোকেশন এবং ২০১৮ সালের বদলি সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে। একইসঙ্গে ২০২১ সালে চালু হওয়া উৎসশ্রী পোর্টালের নিয়মেও সংশোধনের সম্ভাবনা রয়েছে।

    প্রয়োজন অনুযায়ী বদলি-নীতি

    বর্তমানে বদলির আবেদনের ক্ষেত্রে শিক্ষকরা নিজেদের পছন্দ অনুযায়ী কাছাকাছি তিনটি স্কুলের নাম উল্লেখ করতে পারেন। তবে নতুন ব্যবস্থায় এই সুযোগ তুলে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। পরিবর্তে কোন স্কুলে কতজন পড়ুয়া রয়েছে এবং সেই অনুপাতে কতজন শিক্ষক কর্মরত রয়েছেন, তা পর্যালোচনা করেই বদলির সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যে স্কুলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শিক্ষক রয়েছেন অথবা যে স্কুলে মাত্র একজন শিক্ষক দিয়ে পঠনপাঠন চলছে, সেই স্কুলগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।

    শিক্ষক-পড়ুয়ার অনুপাতে অসামঞ্জস্য

    শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, অতীতে বিভিন্ন সময়ে শিক্ষক বদলির কারণে রাজ্যের একাধিক গ্রামীণ ও শহরাঞ্চলের স্কুলে শিক্ষক-পড়ুয়ার অনুপাতে অসামঞ্জস্য তৈরি হয়েছে। কোনও স্কুলে পড়ুয়ার তুলনায় শিক্ষক বেশি রয়েছেন, আবার কোথাও পর্যাপ্ত শিক্ষক না থাকায় পঠনপাঠন ব্যাহত হচ্ছে। এই বৈষম্য দূর করে স্কুলগুলিতে শিক্ষকের সুষম বণ্টন নিশ্চিত করাই নতুন নীতির অন্যতম প্রধান লক্ষ্য।

    অনুমোদন দেওয়ার প্রক্রিয়াতেও পরিবর্তন

    বদলির অনুমোদন দেওয়ার প্রক্রিয়াতেও পরিবর্তন আসতে পারে। এতদিন স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা থাকলেও নতুন ব্যবস্থায় শিক্ষা দফতর সরাসরি বদলির অনুমোদন দেওয়ার দায়িত্ব পেতে পারে। তবে প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলের বাস্তব পরিস্থিতি এবং শিক্ষকের প্রয়োজনীয়তা খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    ‘সারপ্লাস টিচার’ চিহ্নিত করার প্রক্রিয়া

    এদিকে, অতিরিক্ত শিক্ষক বা ‘সারপ্লাস টিচার’ চিহ্নিত করার জন্য একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) তৈরির কাজও চলছে। তবে নতুন বদলি ব্যবস্থায় শিক্ষকরা কত বছর পর বদলির আবেদন করতে পারবেন, অর্থাৎ লক-ইন পিরিয়ড কতদিন হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, নতুন এসওপি কার্যকর করার আগে এ বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হবে। এরপর প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে নতুন বদলি নীতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে রাজ্য সরকার। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের মধ্যেই রাজ্যে শিক্ষক বদলির নতুন বিধি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

LinkedIn
Share