Tag: West Bengal

West Bengal

  • Siliguri: বিষ জল পান করছেন শিলিগুড়িবাসী! আন্দোলনে নামার হুমকি বিজেপির

    Siliguri: বিষ জল পান করছেন শিলিগুড়িবাসী! আন্দোলনে নামার হুমকি বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: মেয়রের অপদার্থতায় ১৫ দিন ধরে বিষ জল পান করলেন শিলিগুড়ি (Siliguri) শহরবাসী। এমনই অভিযোগ বিজেপির। পুরসভার সরবরাহ করা পানীয় জল পান না করার জন্য মেয়রের আবেদনে এই বিষয়টি সামনে এসেছে। বুধবার শিলিগুড়ি পুরসভায় সাংবাদিক সম্মেলন করে মেয়র গৌতম দেব স্বীকার করেন, প্রায় গত ১৫ দিন ধরে যে পানীয় জল সরবরাহ করা হয়েছে তা দূষিত। পিএইচই থেকে দেওয়া রিপোর্টে জানানো হয়েছে, এই জল ভয়ঙ্কর মাত্রায় দূষিত। অক্সিজেন কম। তাই এই জল যেন এখন থেকে আর কেউ পান না করেন।

    কেন দূষিত জল সরবরাহ করা হল? (Siliguri)

    গজলডোবায় তিস্তার বাঁধ মেরামতে জন্য শিলিগুড়ি (Siliguri) পানীয় জল প্রকল্পে তিস্তার জল সরবরাহ বন্ধ রয়েছে। কিন্তু, শহরবাসী যাতে জলকষ্টে না পড়েন তারজন্য মহানন্দা নদীর জল সরবরাহ করে কাজ করা হচ্ছিল। সেই জলের নমূনা পিএইচই কলকাতায় পাঠানো হয়। সেই রিপোর্ট এসেছে, এই ভয়ঙ্কর মাত্রায় দূষিত, এই জল পানের অযোগ্য। এখন প্রশ্ন হল, পরীক্ষা না করে কেন মহানন্দার জল নেওয়া হল? অনেক আগেই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে, রাজ্যের ভয়ঙ্কর দূষিত নদীগুলির মধ্যে মহানন্দা প্রথম তিনে রয়েছে। প্রশ্ন উঠেছে, আগে কেন পরীক্ষা করে দেখা হল না?

    আরও পড়ুন: “তৃণমূলের একটাই অস্ত্র, এটা হতে দেব না,” বাংলায় এসে তীব্র আক্রমণ মোদির

     কী বলছেন মেয়র?

    মেয়র গৌতম দেব বলেন, শহরবাসী (Siliguri) যাতে জলকষ্টে না পড়েন তার জন্য মহানন্দার জল নিয়ে পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে। এই জলের নমুনা জনস্বাস্থ্য ও কারিগরি দফতর থেকে কলকাতায় পাঠানো হয়। রিপোর্ট আসতে পাঁচ-ছ’দিন সময় লাগে। সেই রিপোর্ট পাওয়ার পরই আমরা শহরবাসীকে এই জল পান না করার আবেদন জানাচ্ছি।

    দূষিত জল পান করে বাড়ছে পেটের রোগ!

    গত দুই সপ্তাহ ধরে হঠাৎ করে পেটে ব্যথা। সেই সঙ্গে বমি ও পাতলা পায়খানা হচ্ছে। শিলিগুড়ি (Siliguri) হাসপাতালে এই ধরনের সমস্যা নিয়ে রোগীর সংখ্যা বেড়েছে। এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসা করতে আসা নৌকাঘাটের চম্পা রায়, শান্তিনগরের জবা ঘোষ বলেন, আমরা সারা বছর পুরসভার জল খাই। কিন্তু, গত দু’সপ্তাহ ধরে এই জল খাওয়ার পর থেকে আমরা দেখছি হঠাৎ করে পেটে কামড় দিচ্ছে, তারপর ব্যথা। কখনও কখনও পাতলা পায়খানা হচ্ছে। তাই হাসপাতালে এসেছি। 

    বিষ জল পান করছেন শিলিগুড়িবাসী

    বিজেপির শিলিগুড়ির (Siliguri) বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, মেয়রের অযোগ্যতাতে এই জিনিস ঘটেছে। শিলিগুড়ি মানুষ আজ ভয়ঙ্কর ঝুঁকির মুখে। এনিয়ে তদন্ত হওয়া উচিত। এনিয়ে মেয়রকে জবাবদিহি করতে হবে। যদি তিনি সন্তোষজনক উত্তর না দেন এবং এই বিষ জল পানের ফলে শহরের বিপর্যয় দেখা যায়, তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আগামীদিনে চরম আন্দোলন নামব। মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা আমরা বরদাস্ত করব না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arambagh: “মুসলিম হয়ে কেন বিজেপি করছিস!” আরামবাগে বাড়ি ভাঙচুর নেতার, অভিযুক্ত তৃণমূল

    Arambagh: “মুসলিম হয়ে কেন বিজেপি করছিস!” আরামবাগে বাড়ি ভাঙচুর নেতার, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১ জুন রাজ্যের সপ্তম দফা লোকসভার নির্বাচন। এর মধ্যেই শাসকদল তৃণমূলের দ্বারা আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। এইবার আক্রমণের শিকার হলেন, আরামবাগের (Arambagh) ৬ নম্বর ওয়ার্ডের বিজেপির সংখ্যালঘু বুথ সভাপতি। মূল অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুষ্কৃতীরা রাতে বাড়িতে ঢুকে হুমকি দেওয়া দেয় এবং ব্যাপক ভাঙচুর করা হয়েছে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে আক্রমণের কথা অস্বীকার করা হয়েছে। এদিকে আক্রান্তের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার।

    ঘটনা কী ঘটেছে (Arambagh)?

    হুগলিতে (Arambagh) বিজেপির আক্রান্ত সংখ্যালঘু বুথ সভাপতির নাম হল মইউদ্দিন মল্লিক। তিনি বলেন, “আমি নির্বাচনের দিনে বুথে বিজেপির এজেন্ট হয়ে কাজ করেছিলাম। আর ভোট মিটে যাওয়ার পর থেকে আমাকে অনেকবার হুমকির মধ্যে পড়তে হয়। কিন্তু গতকাল মঙ্গলবার রাতে আমার বাড়িতে এসে তৃণমূলের দুষ্কৃতীরা চড়াও হয়। এরপর বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। ঘটনায় পরিবারকে নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছি। আমাকে হুমকি দিয়ে বলা হয়, মুসলিম হয়ে কেন বিজেপি করছিস!” এই ঘটনার প্রতি নিন্দা জানিয়ে বিজেপির প্রার্থী অরূপকান্তি দিগার তৃণমূলকে আক্রমণ করে বলেন, “হারের ভয়ে তৃণমূল এই আচরণ করছে। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মানুষের জনমত ভোটে প্রকাশ পাবে।”

    আরও পড়ুনঃ সপ্তম দফা ভোটের আগে উত্তপ্ত জয়নগর, গুলি-বোমার আঘাতে আহত এক ব্যক্তি!

    তৃণমূলের বক্তব্য

    এই প্রেক্ষিতে আরমাবাগের (Arambagh) তৃণমূলের পক্ষ থেকে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, ভাংচুরের বিষয়কে সম্পূর্ণ অস্বীকার করা হয়। স্থানীয় তৃণমূলের নেতা শেখ মহম্মদ বলেন, “শুনেছি এই হামলার কথা। মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে বিজেপির অপর আরেক এজেন্ট। পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে এই সমস্ত করছে দুষ্কৃতীরা। তবে তৃণমূলের কেউ এই কাজে যুক্ত নয়।”  

    দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ও বুধবারে নির্বাচনী প্রচার করেন রাজ্যে। অপর দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ভোটের প্রচার করেন। শেষ দফা প্রচারে নির্বাচনী প্রচার রাজ্যে জমে উঠেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Eastern Railway: ট্রেনের টয়লেটে বের হবে না দুর্গন্ধ! নয়া ডিভাইস বসছে হাওড়া-শিয়ালদা ডিভিশনে

    Eastern Railway: ট্রেনের টয়লেটে বের হবে না দুর্গন্ধ! নয়া ডিভাইস বসছে হাওড়া-শিয়ালদা ডিভিশনে

    মাধ্যম নিউজ ডেস্ক: এক্সপ্রেস ট্রেনে টয়লেটের অব্যবস্থা নিয়ে অনেকবার যাত্রীরা অভিযোগ করে থাকেন। এবার সেই সমস্যা অনেকটাই মিটতে চলেছে। এবার ফুরফুরে হবে ট্রেনের টয়লেট। বের হবে না দুর্গন্ধ। এমনই উদ্যোগ নিয়ে ভারতীয় রেল। পূর্ব রেলের (Eastern Railway) ট্রেনের টয়লেটে বিশেষ ধরনের ডিভাইস যুক্ত করা হচ্ছে। এর আগে মুম্বই জোনের ট্রেনের টয়লেটে এই ধরনের ডিভাইস চালু ছিল। সেখানে সফল হওয়ার পর এবার পূর্ব রেলও এই বিশেষ ব্যবস্থা চালু করতে চলেছে। নতুন এই ডিভাইসের নাম দেওয়া হয়েছে গন্ধভেদ (আইওটি ভিত্তিক রিয়েল টাইম হাইজিন মনিটরিং সিস্টেম)। হাওড়া-শিয়ালদা ডিভিশনে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

    কীভাবে কাজ করবে এই ডিভাইস? (Eastern Railway)

    রেল সূত্রে জানা গিয়েছে, মধ্য রেলওয়ের (মুম্বই জোন) কয়েকটি স্টেশন টয়লেটে এই সিস্টেম চালু করা হয়েছিল। সেখানে সফল হওয়ার পর, রেলওয়ে (Eastern Railway) বোর্ডের নির্দেশ অনুযায়ী পূর্ব রেলের একাধিক ট্রেনে নতুন এই উদ্যোগ কার্যকরী হতে চলেছে। হাওড়া ডিভিশনের ৩টি ট্রেন, শিয়ালদা ডিভিশনের ৩টি ট্রেন, আসানসোল ডিভিশনের ২টি ট্রেন এবং মালদা ডিভিশনের ২টি ট্রেনে গন্ধভেদ ডিভাইস পরীক্ষামূলকভাবে চালু হতে চলেছে। এই ডিভাইসের মাধ্যমে ট্রেনের শৌচাগারটি কী পরিস্থিতিতে রয়েছে সেটা পর্যালোচনা করবে। সেই অনুসারে সংকেত পাঠানো হবে। সাফাইকর্মীর কাছে সেই সংকেত যাবে। সেই অনুসারে সাফাই কর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

    আরও পড়ুন: “তৃণমূলের একটাই অস্ত্র, এটা হতে দেব না,” বাংলায় এসে তীব্র আক্রমণ মোদির

    গন্ধভেদ ডিভাইসে কী কী সেন্সর রয়েছে জানেন?

    রেল (Eastern Railway) সূত্রে জানা গিয়েছে, যন্ত্রটিতে ব্যবহৃত গন্ধ সেন্সর অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, মিথেন, ট্রাইমিথাইল অ্যামাইন, মিথাইল মারক্যাপ্টান, ইথানল ইত্যাদি শনাক্ত করে। আরেকটি সেন্সর টোটাল ভোলাটাইল অর্গানিক যৌগ শনাক্ত করে, যা মানুষের স্বাস্থ্যের জন্য সমানভাবে ক্ষতিকর। জীবাণুনাশক ও এয়ার ফ্রেশনারের মধ্যে মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থ শনাক্ত করার সেন্সরও রয়েছে ডিভাইসটিতে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাপমাত্রা এবং আর্দ্রতা ব্যাকটেরিয়া বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টয়লেটে তাপমাত্রা এবং আর্দ্রতা সনাক্ত করা অপরিহার্য। ‘গন্ধভেদ’ যন্ত্রটি এই প্যারামিটারগুলিও পর্যবেক্ষণ করবে। পরীক্ষায় সফল হওয়ার পরে, ট্রেনের শৌচাগারগুলির স্বয়ংক্রিয় স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণের জন্য পূর্ব রেলওয়েতে ধীরে ধীরে এই বিশেষ ব্যবস্থা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha election 2024: ষষ্ঠ দফায় কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল? তথ্য প্রকাশ কমিশনের

    Lok Sabha election 2024: ষষ্ঠ দফায় কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল? তথ্য প্রকাশ কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেখতে দেখতে ২০২৪ এর লোকসভা ভোটের (Lok Sabha election 2024) প্রথম ছয় দফার ভোট শেষ হয়েছে। বাকি রয়েছে শেষ তথা সপ্তম দফার ভোট। আর ভোটের এই আবহে বাকি পাঁচ দফার মত এবার ষষ্ঠ দফায় দেশ জুড়ে কত শতাংশ ভোট পড়েছে সেই তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। গত ২৫ মে ষষ্ঠ দফার ভোটগ্রহণ হয়েছে দেশ জুড়ে। এর মধ্যে বিহারের ৮টি, হরিয়ানার ১০টি, জম্মু ও কাশ্মীরের ১টি, ঝাড়খণ্ডের ৪টি, দিল্লির ৭টি, ওডিশার ৬টি, উত্তর প্রদেশের ১৪টি এবং পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রে ভোট গ্রহন হয়েছে। 
    নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে সারা দেশ জুড়ে আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮টি আসনে ভোট (Lok Sabha election 2024) দানের হার ৬৩.৩৭ শতাংশ। ষষ্ঠ দফায় ১১,১৩,১৬,৬০ জন ভোটারের মধ্যে ৭,০৫,৪৪,৯৩৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, পুরুষ ভোটারদের হার ৬১.৯৫ শতাংশ, মহিলা ভোটারদের হার ৬৪.৯৫ শতাংশ এবং তৃতীয় লিঙ্গের ভোটের হার ১৮.৬৭ শতাংশে দাঁড়িয়েছে। 

    রাজ্যের কোন কেন্দ্রে কত ভোট পড়ল? 

    তবে শুধু ভোট দানের হারই নয় একইসঙ্গে কোন কেন্দ্রে কত ভোট (Lok Sabha election 2024) পড়েছে, রবিবার সে তথ্যও প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, শনিবার ষষ্ঠ দফায় রাজ্যের আট কেন্দ্রে ভোট পড়ার গড় হার ৮২.৭১ শতাংশ। এবার আট কেন্দ্রের মধ্যে শীর্ষে বিষ্ণুপুর। সেখানে ভোট পড়েছে ৮৫.৯১ শতাংশ। বিষ্ণুপুরের পরেই আছে তমলুক। সেখানে ভোটের হার ৮৪.৭৯ শতাংশ। কাঁথির ভোটের হার ৮৪.৭৭ শতাংশ। ঝাড়গ্রামে এবার ৮৩.৪৭ শতাংশ ভোট পড়েছে। ঘাটালে ভোট পড়েছে ৮২.১৭ শতাংশ। মেদিনীপুরে ভোটের হার ৮১.৫৬ শতাংশ। বাঁকুড়ায় ভোটের হার ৮০.৭৫ শতাংশ। তবে পুরুলিয়ায় ভোটের হার সর্বনিম্ন। সেখানে এবার ভোট পড়েছে ৭৮.৩৯ শতাংশ।   

    দেশের কোন রাজ্যে কত ভোট পড়ল? (Lok Sabha election 2024)

    অন্যদিকে কমিশনের (Election Commission) প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে ষষ্ঠ দফায় দিল্লিতে রেকর্ড ভোট পড়েছে। সেখানে ভোটের হার ৫৮.৬৯ শতাংশ। হরিয়ানায় ভোট পড়েছে ৬৪.৮০ শতাংশ৷ ওড়িশা এবং ঝাড়খণ্ডে যথাক্রমে ৭৪.৪৫ শতাংশ এবং ৬৫.৩৯ শতাংশ ভোট পড়েছে।  
    কমিশন (Election Commission) জানিয়েছে, ষষ্ঠ দফায় পুরুষদের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি ছিল। যেমন বিহারে মহিলা ভোটারের হার ৬২.৯৫ শতাংশ এবং পুরুষ ভোটারের হার ৫১.৯৫ শতাংশ। একইভাবে উত্তর প্রদেশে মহিলা ভোটারের হার ৫১.৩১ শতাংশ ও পুরুষ ভোটারের হার ৫৭.১২ শতাংশ। বিহার, উত্তর প্রদেশের মত পশ্চিমবঙ্গের ছবিও এক। এ রাজ্যে মহিলা ভোটারের হার ৮৩.৮৩ শতাংশ ও পুরুষ ভোটারের হার ৮১.৬২ শতাংশ। 

    আরও পড়ুন: পড়াশোনা শেষ হলেই ছাড়তে হবে হস্টেল! কড়া নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

    তবে কমিশন তার বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানিয়েছে যে, এই ভোটদানের হারের মধ্যে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত নয়। চূড়ান্ত ভোটদানের ফলাফল ৪ জুন পোস্টাল ব্যালট গণনা এবং মোট ভোট (Lok Sabha election 2024) গণনার সাথে যুক্ত হওয়ার পরে জানা যাবে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: সপ্তম দফা ভোটের আগে উত্তপ্ত জয়নগর, চলল গুলি-বোমা, আহত এক

    Lok Sabha Election 2024: সপ্তম দফা ভোটের আগে উত্তপ্ত জয়নগর, চলল গুলি-বোমা, আহত এক

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের সপ্তমদফা লোকসভা নির্বাচন জমে উঠেছে কিন্তু এর মধ্যে একাধিক জায়গায় অশান্তির খবর উঠে এসেছে। ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে জয়নগর (Lok Sabha Election 2024)। এলাকার গড়দেওয়ান গ্রামের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি করেছে দুষ্কৃতীরা। এরপর থেকেই চলছে একালায় পুলিশের টহল। গুলির ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন সাধারণ ভোটার। আবার একেবারে যেন সিনেমার দৃশ্য! তখনও স্কুটিতে যুবক। এক যুবক গুলি বিদ্ধ না হলেও পিঠ এবং বুকের পাশ ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। আর্তনাদ চিৎকার শুনতে পেয়েছেন পথ চলতি মানুষ। ঘটনা ঘটেছে নদিয়াতে। ব্যাপক শোরগোল পড়েছে। 

    জয়নগরে গুলি (Lok Sabha Election 2024)!

    জানা গিয়েছে, গড়দেওয়ান পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন মণ্ডল নামে এক ব্যক্তি মোড়ে বসে নির্বাচনী (Lok Sabha Election 2024) ভোটার স্লিপ গোছানোর কাজ করছিলেন। কিন্তু আচমকা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। অল্পের জন্য গুলি লাগেনি গায়ে। গুলির শব্দ শুনে দোকানে লুটিয়ে পড়েন তিনি। এরপর দোকানে আশ্রয় নিলে সেখানে ধাওয়া করে বোমা মারে দুষ্কৃতীরা। বোমার ঘায়ে গুরুতর যখম হন তিনি। বোমা-গুলির শব্দে এলাকার মানুষ ছুটে আসেন, এরপর তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জয়নগর ২ নম্বর ব্লকের নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতাল কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

    বুকের পাশ ছুঁয়ে যায় গুলি (Lok Sabha Election 2024)

    জানা গিয়েছে নদিয়ায় গুলিবিদ্ধ যুবকের নাম অজয় মাহাতো। বাড়ি কল্যাণী থানার চরজাজিরা এলাকায়। তিনি বলেন, “আমি স্কুটি করে যাচ্ছিলাম, আচমকা পিছন থেকে গুলি করে দুষ্কৃতীরা। গুলি বুকের পাশ ছুঁয়ে বেরিয়ে যায়। কে মারল কিছুই বুঝতে পারিনি। কেন মারল তাও আমরা বুঝতে পারছি না। ওরা কতজন ছিল তাও বুঝতে পারছি না। সবটাই পিছন থেকে করেছে।” কিন্তু রাজ্যে ভোটের (Lok Sabha Election 2024) আবাহে কারা এই ভাবে গুলি করল তা নিয়ে স্পষ্ট করে বলতে পারলাম না। এরপর তাঁকে স্থানীয় কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

    আরও পড়ুনঃ পড়াশোনা শেষ হলেই ছাড়তে হবে হস্টেল! কড়া নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

    ১ জুন সপ্তম দফা ভোট

    রাজ্যে আগামী ১ জুন সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট (Lok Sabha Election 2024)। রাজনৈতিক লড়াই নিয়ে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনা। গত পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের সৃষ্টি হয়েছিল এই জেলায়। একাধিক বার শাসক দলের নেতা-কর্মীদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব, কোন্দল, ঝগড়া, হত্যা ইত্যাদি ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছিল। এখন শেষ দফা লোকসভা নির্বাচনে কমিশন কী ভূমিকা পালন করে তাই  দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jadavpur University: পড়াশোনা শেষ হলেই ছাড়তে হবে হস্টেল! কড়া নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

    Jadavpur University: পড়াশোনা শেষ হলেই ছাড়তে হবে হস্টেল! কড়া নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার হস্টেল পড়ুয়াদের জন্য কড়া সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। সম্প্রতি একটি নির্দেশিকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, এবার থেকে পড়াশোনা শেষ হওয়ার পর সাত দিনের মধ্যে ছাত্রদের হস্টেল (Hostel Students) ছাড়তে হবে। একইসঙ্গে গবেষণার কাজ শেষ হলে এক মাসের মধ্যে হস্টেল ছাড়ার নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    কেন এই সিদ্ধান্ত? (Jadavpur University)

    গতবছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। অভিযোগ উঠেছিল, র‌্যাগিংয়ের জেরে ওই ছাত্রের মৃত্যু হয়েছিল। প্রথম বর্ষের ওই পড়ুয়ার মৃত্যুতে বারবার অভিযোগ উঠেছিল ‘সিনিয়র দাদাদের’ বিরুদ্ধে। সেই ঘটনার পর একাধিকবার সিনিয়রদের পড়াশোনা শেষ হয়ে গেলে বেড়িয়ে যেতে বলেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তা মানা হয়নি। তাই এবার নতুন বর্ষ শুরুর আগে থেকেই বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে গবেষণার কাজ শেষ হলে বড়োজোড় একমাস। আর পড়াশোনা শেষ হলে সাতদিন। এর বেশি আর কেউ হস্টেল (Hostel Students) দখল করে থাকতে পারবেন না। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল হস্টেলগুলিতে র‌্যাগিং প্রতিরোধ করা এবং নতুন ছাত্রছাত্রীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

    আরও পড়ুন: নারীশক্তির জয়! ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে সম্মানিত করবে রাষ্ট্রসঙ্ঘ

    র‌্যাগিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ 

    এছাড়াও র‌্যাগিং প্রতিরোধে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের তরফে। জানা গিয়েছে এবার থেকে বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কোনও পড়ুয়াকে পুরস্কৃত করার প্রস্তাব গৃহীত হয়েছে। এই পুরস্কারটি র‌্যাগিংয়ে নিহত ওই ছাত্রের নামে দেওয়া হবে।
    উল্লেখ্য, পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরও হস্টেল দখল করে পড়ুয়াদের থাকার ঘটনা শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নয়, রাজ্যের আরও একাধিক বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের অভিযোগ উঠে আসে। তবে গত বছর যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে ভাস্কর গুপ্ত পদে আসার পরই এই কড়া পদক্ষেপের সিদ্ধান্ত পাশ করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: অর্জুনের আশঙ্কাই সত্যি হল! ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি

    Lok Sabha Election 2024: অর্জুনের আশঙ্কাই সত্যি হল! ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের (Lok Sabha Election 2024) গণনা কেন্দ্রে তৃণমূল গন্ডগোল করতে পারে, এমনই আশঙ্কা করে কমিশনে চিঠি দিয়েছিলেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁর আশঙ্কা প্রকাশ করার মধ্যে গণনার ঠিক আগেই ফের ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ি সামনে বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Lok Sabha Election 2024)

    দলীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও ভোট (Lok Sabha Election 2024) গণনার আগেই নতুন করে অশান্তি ছড়াচ্ছে ভাটপাড়ায়। বারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উমাশঙ্কর সিংয়ের বাড়ির সামনে মঙ্গলবার রাতে বোমাবাজি করার অভিযোগ উঠেছে। ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আটচালা বাগান রোড এলাকায় গভীর রাতে দুষ্কৃতীরা বোমা ছুড়ে পালিয়ে যায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমি দোকানে বসেছিলাম। আচমকা বোমাবাজির আওয়াজ শুনে ছুটে আসি। ঘটনাস্থলে এসে দেখি রাস্তায় ধোঁয়া হয়ে রয়েছে। বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি করে চলে গিয়েছে।” প্রসঙ্গত, কয়েকদিন আগে ভয়েস মেসেজ করে অর্জুন সিংকে গুলি করে খুন করার হমকি দেওয়া হয়। এনিয়ে পুলিশ কমিশনারেটের পাশাপাশি বিজেপি প্রার্থী কমিশনে অভিযোগ জানিয়েছিলেন। এই ঘটনার জের মিটতে না মিটতেই এবার বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    আরও পড়ুন: “তৃণমূলের একটাই অস্ত্র, এটা হতে দেব না,” বাংলায় এসে তীব্র আক্রমণ মোদির

    বোমাবাজি করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল

    বোমাবাজির ঘটনা নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সরব হয়েছেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন, ভোট (Lok Sabha Election 2024) গণনার দিন যতই এগিয়ে আসছে ততই মানুষকে ভয় দেখাতে তৃণমূল দুষ্কৃতীরা নানান পন্থা অবলম্বন করছে। বোমাবাজির ঘটনা নিয়ে তিনি বলেন, বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি করে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। আর এলাকায় সিসি ক্যামেরা রয়েছে। ফলে, কারা বোমাবাজি করেছে তা পরিষ্কার। আমি পুলিশ প্রশাসনকে বলব আপনারা অপরাধীদের দ্রুত গ্রেফতার করার ব্যবস্থা করুন, না হলে এর পাল্টা প্রতিরোধ তৈরি হলে তখন সামাল দিতে পারবেন না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi:  “তৃণমূলের একটাই অস্ত্র, এটা হতে দেব না,” বাংলায় এসে তীব্র আক্রমণ মোদির

    Narendra Modi: “তৃণমূলের একটাই অস্ত্র, এটা হতে দেব না,” বাংলায় এসে তীব্র আক্রমণ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার সপ্তম দফা ভোটের আগে বাংলায় শেষ সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপের জনসভা থেকে তৃণমূলকে তুলোধনা করলেন মোদি। সেই সভায় বিজেপির প্রার্থী হিসাবে মথুরাপুরের অশোক পুরকাইত, জয়নগরের অশোক কান্ডারি এবং ডায়মন্ড হারবারের অভিজিৎ দাস উপস্থিত ছিলেন।

    তৃণমূলের একটাই অস্ত্র এটা হতে দেবো না‘ (Narendra Modi)

    তৃণমূল এবং জোট ‘ইন্ডিয়া’ কে কটাক্ষ করে মোদি বলেন, “তৃণমূল এবং জোট ‘ইন্ডিয়া’ বাংলাকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। বিজেপির প্রতি বাংলার ভালবাসা তৃণমূল সহ্য করতে পারছে না। সেই জন্য ওরা ক্ষেপে গিয়েছে। কী সব বলে। বাংলার প্রতি তৃণমূলের ঘৃণা দেখতে পাওয়া যায়। ওদের কাছে একটাই অস্ত্র – ‘এটা হতে দেবো না’। উন্নয়নের জন্য মোদি যা করে, তৃণমূল হতে দেব না বলে বাধা দেয়।

    বাচ্চাদের মিড-ডে মিলেও কাটমানি চায় তৃণমূলের

    তৃণমূলকে আক্রমণ করে মোদি বলেন, ‘‘আমরা সত্তরোর্ধ্বদের জন্য আয়ুষ্মান প্রকল্প এনেছি। কিন্তু তৃণমূল বলছে, ‘‘বাংলায় এটা হতে দেবো না’। কেন্দ্র সরকার মৎস্যজীবীদের এত যোজনা চালাচ্ছে। কত টাকা দিয়েছি। কিন্তু তৃণমূল সেই সব যোজনা হতে দেয়নি। তৃণমূলের মানুষের জন্য কোনও সহানুভূতি নেই। শুধু তোলাবাজ এবং কাটমানি নিয়েই ওদের যত ভাবনা। এই তৃণমূলকে কি সাজা দেবেন না? মথুরাপুরে নদী কাটা বন্ধ করতে কেন্দ্র টাকা পাঠায়। তৃণমূল সেই টাকা খেয়ে নিয়েছে। তৃণমূল সব কাজে কাটমানি চায়। বাচ্চাদের মিড-ডে মিলেও কাটমানি চাই ওদের।’’

    মুসলিমদের ভুয়ো ওবিসি সার্টিফিকেট দিচ্ছে তৃণমূল

    এদিনের সভা থেকে রাজ্যের শাসকদলকে নিশানা করে মোদি (Narendra Modi) বলেন, “তৃণমূল রামমন্দিরকে অপবিত্র বলে। এমন দল বাংলার সংস্কৃতি রক্ষা করতে পারবে না। তুষ্টিকরণের জন্য সংবিধানের ওপরও হামলা চালিয়েছে তৃণমূল। আমাদের সংবিধান দলিতদের সংরক্ষণ দিয়েছে। কিন্তু, বাংলায় তার লুট হয়েছে। মুসলিমদের ভুয়ো ওবিসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে।”

    তৃণমূল বাংলার অস্তিত্ব নষ্ট করতে চায়

    মোদি (Narendra Modi) বলেন, “তৃণমূল মঠ এবং সন্তদের অপমান করে। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এবং ইসকনের মতো প্রতিষ্ঠানের সন্তদের অপমান করে গালিগালাজ দেই। তৃণমূলের গুণ্ডা এই সব মঠে হামলা চালাচ্ছে। মোদি আরও বলেন, “ভারত বিশ্বের পঞ্চম বড় অর্থনীতি থেকে তৃতীয় বড় অর্থনীতি হতে চলেছে। বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলা হওয়ার প্রয়োজন। চার জুন থেকেই বিকশিত ভারত নির্মাণ হবে। এই জন্য বাংলা থেকে বিজেপি প্রার্থীদের জেতাতে হবে। এই জন্য আপনাদের আশীর্বাদ চাই।”

    এই নির্বাচন আলাদা!

    মোদি (Narendra Modi) বলেন, “এই নির্বাচনে বাংলায় এটা আমার শেষ সভা। এরপর আমি ওড়িশা, পঞ্জাবে চলে যাব। আমার শেষ সভায় এই পবিত্র মাটিতে আসার সুযোগ পেয়েছি। এই নির্বাচন আলাদা এবং অদ্ভুত। মানুষ ১০ বছরের উন্নতি এবং ৬০ বছরে দুর্দশা দেখেছে। ভারতে অনাহারের ছিল। যে দেশ আমাদের থেকে ছোট ছিল, তারা কোথায় পৌঁছে গিয়েছে। আমাদের কাছে যুব সম্প্রদায় এবং এত বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও আমাদের দেশ পিছিয়ে ছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। সারা বিশ্বে ভারতের গুণগান হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh MP Murder: সেপটিক ট্যাঙ্কে মিলল মাংসের টুকরো, চুল! নিহত বাংলাদেশি সাংসদের দেহাংশ?

    Bangladesh MP Murder: সেপটিক ট্যাঙ্কে মিলল মাংসের টুকরো, চুল! নিহত বাংলাদেশি সাংসদের দেহাংশ?

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে খোঁজ মিলল বাংলাদেশের সাংসদের দেহাংশের। নিউটাউনের (Newtown) বিলাসবহুল ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল কিছু মাংসের টুকরো ও চুল। উদ্ধার হওয়া ওই মাংস ও চুলের অংশ বাংলাদেশের ঝিনাইদহের নিহত সাংসদ (Bangladesh MP Murder) আনোয়ার উল আজিমের কিনা যাচাই করার জন্য ইতিমধ্যেই এগুলি ফরেনসিক পরীক্ষা করতে পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার পরেই পরিষ্কার হবে সবটা।

    ঠিক কী ঘটেছিল? 

    প্রথমে শ্বাসরোধ করে খুন, তারপর দেহ টুকরো টুকরো করে কমোডে ফেলে ফ্ল্যাশ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের সাংসদ খুনে (Bangladesh MP Murder) দেহাংশ উদ্ধারের আগে এমনই আশঙ্কা করেছিল পুলিশ। এর পরই ধৃতদের চেপে ধরতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য৷ ধৃতরা দাবি করে, নিহত সাংসদের শরীরের হাড় খালে ফেলে আসা হলেও তাঁর শরীরের টুকরো টুকরো করা মাংস ওই ফ্ল্যাটের শৌচাগারের কমোডের ভিতরে ফেলে বার বার ফ্লাশ করে দেওয়া হয়েছিল৷

    উদ্ধার প্রায় সাড়ে তিন কেজি মাংস পিণ্ড 

    এরপর ধৃতর বয়ানের ভিত্তিতে নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি শুরু করে সিআইডি। আর সেই তল্লাশিতেই এবার উদ্ধার হল মানুষের দেহাংশ, চামড়া ও চুল। টুকরো টুকরো করা প্রায় সাড়ে তিন কেজি মাংস পিণ্ড মিলেছে বলেই সিআইডি সূত্রে খবর। মঙ্গলবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় সাংসদের দেহ বা দেহাংশের (Bangladesh MP Murder) খোঁজ শুরু হয়। সিআইডি সূত্রে খবর, এই দেহাংশ ও চুল বাংলাদেশের সাংসদেরই কিনা তা জানতে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (CFSL) পাঠানো হয়েছে। তবে এখনও দেহের থেকে আলাদা করা হাড় উদ্ধার করা যায়নি। তার খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে নিউটাউন (Newtown) সংলগ্ন খালে। পাশাপাশি বাংলাদেশের গোয়েন্দা প্রাধান হারুম অর রশীদ জানান, দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের বাগজোলা খালে যেমন ডুবুরি নামিয়ে দেহাংশের খোঁজ চলছে, তেমনই প্রতিদিন চলবে।

    আরও পড়ুন: নির্বাচনী প্রচার শেষে তিনদিনের জন্য কন্যাকুমারীতে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী

    প্রসঙ্গত, ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় আসেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সেখানে তিনি প্রথমে বরাহনগরে স্থানীয় বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। এরপর ১৩ মে তিনি গোপালের বাড়ি থেকে বেরিয়ে নিউটাউনের (Newtown) একটি ফ্ল্যাটে যান। ওই ফ্ল্যাটটি আনোয়ারুল আজিমের বন্ধু আক্তারুজ্জামান ভাড়া করেছিলেন। সেখানেই তাঁকে হত্যা (Bangladesh MP Murder) করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • North 24 Parganas: রেমাল ঝড়ে এলাকা বিদ্যুৎহীন! হাসনাবাদ-লেবুখালি রোড অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

    North 24 Parganas: রেমাল ঝড়ে এলাকা বিদ্যুৎহীন! হাসনাবাদ-লেবুখালি রোড অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) হাসনাবাদ-লেবুখালি রোড অবরোধ করে বিদ্যুৎ সচলের দাবিতে বিক্ষোভে নেমেছেন বরুনহাটের গ্রামবাসীরা। প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাস্তা অবরোধ করেন বলে জানা গিয়েছে। আবার ঝাড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়েছে গোটা গ্রাম। এলাকায় বিদ্যুৎ নেই। বৃষ্টির কারণে সাময়িক ঠাণ্ডা লাগলেও গরমে অস্থির সকলে। অসহায় মানুষ গরম থেকে নিস্তার পেতে গাছের নিচে আশ্রয় নিয়েছেন। সন্ধ্যা নামলেই অন্ধকার এবং গরমের জন্য কষ্টের মধ্যে দিয়ে দিনপাত করছেন। ঘটনা ঘটেছে বর্ধমানের কাটোয়াতে। গরমে গাছতলাই এখন আশ্রয়।

    বিদ্যুত সচলের দাবিতে বিক্ষোভ (North 24 Parganas)

    এলাকায় রেমাল ঝড়ের পর থেকে বিদ্যুৎ নেই। গরমে নাজেহাল জীবন। প্রতিবাদে হাসনাবাদ-লেবুখালি (North 24 Parganas) রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বরুনহাট গ্রামবাসীরা। মঙ্গলবার সকাল থেকে বরুনহাট গৌড়েশ্বর ব্রিজের সম্মুখে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। তিন দিন ধরে বিদ্যুৎ পরিষেবা না থাকায় গ্রামবাসীরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে বিক্ষোভের পদ বেছে নেন। বিক্ষোভকারী তুষার সরকার বলেন, “প্রাকৃতিক দুর্যোগ হলেই এই ধরনের অচলাবস্থা তৈরি হয়। দ্রুত কোনও পদক্ষেপ নেওয়া হয় না হিঙ্গলগঞ্জ পাওয়ার সাপ্লাই-এর পক্ষ থেকে।” আরও এক বিক্ষোভকারী তরুণ হালদার বলেন, “প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও অন্য স্বাভাবিক সময়ও গরমের মধ্যে এই ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটে থাকে। বিদ্যুৎ পরিষেবা সচলের পাশাপাশি ডাম্পিং স্টেশনের দাবিও জানাই আমরা।”

    মোমবাতি জ্বালিয়ে পড়াশুনা চলছে

    উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) মতো কাটোয়ার অগ্রদ্বীপে সরওয়ারি পাড়ায় রেমাল ঝড়ের কারণে ইলেকট্রিক নেই। সূর্যাস্তের পর গোটা এলাকা ডুবে যাচ্ছে। মানুষকে মোমবাতি বা টর্চের আলোয় রাত কাটাতে হচ্ছে। গ্রামের বেশির ভাগ মানুষের বাড়ি টিনের। গরম থেকে রক্ষা পেতে গাছ তালার নিচে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে। এলাকার মানুষ বলেছেন, “বিদ্যুৎ এমনিতেই থাকে না, তারপর আবার ঝড়ের কারণে তিনদিন ধরে বিদ্যুৎ নেই। প্রদীপ-মোমবাতি জ্বালিয়ে পড়াশুনা করতে হচ্ছে ছেলে-মেয়েদের। অসুস্থ মানুষকে হাত পাখা দিয়ে সেবা করতে হচ্ছে।”

    বিদ্যুৎ দফতরের বক্তব্য

    কাটোয়া বিদ্যুৎ দফতর থেকে বলা হয়েছে, ঝড়ের কারণে বিদ্যুৎ-এর খুঁটি পরে গিয়েছে। নদিয়া জেলায় দেবগ্রাম এলাকার সঙ্গে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে। আজ কয়েক ঘণ্টার মধ্যে সংযোগ দেওয়া হবে।

    আরও পড়ুনঃ রেমাল দুর্যোগে হাসপাতালে বন্ধ জেনারেটর, দেওয়া গেল না অক্সিজেন-নেবুলাইজার, মৃত্যু সদ্যোজাতের!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share