Tag: West Bengal

West Bengal

  • South 24 Parganas: বিজেপি প্রার্থীর রহস্যমৃত্যুর তদন্ত, আদালতে ভর্ৎসিত রাজ্য পুলিশ

    South 24 Parganas: বিজেপি প্রার্থীর রহস্যমৃত্যুর তদন্ত, আদালতে ভর্ৎসিত রাজ্য পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের কলকাতা হাইকোর্টে ভর্ৎসিত রাজ্য পুলিশ। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর রহস্যমৃত্যু নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলার শুনানি ছিল। বিচারক পুলিশি তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তোলেন। প্রয়োজনে অন্য তদন্তকারী সংস্থাকে তদন্তভার দেওয়ার কথা তিনি বলেন। মূলত পুলিশি তদন্তে ওপর বিচারকের যে ভরসা নেই, তা এদিনের স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন।

    আদালতের কী পর্যবেক্ষণ? (South 24 Parganas)

    জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas)  বিষ্ণুপুর ১ ব্লকের দড়িকাওয়াডাঙা গ্রাম পঞ্চায়েতের ২০৯ নম্বর বুথের বিজেপি প্রার্থী হয়েছিলেন ভোলানাথ মণ্ডল। নির্বাচনের পর ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন তাঁর মৃত্যু হয়। পরিবার ও বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হয়, তৃণমূলের মারের ফলেই মৃত্যু হয়েছে ভোলানাথের। যদিও হাসপাতালের তরফে ময়নাতদন্তের রিপোর্ট দেখে বলা হয়, লিভারজনিত সমস্যার কারণেই মৃত্যু হয়েছে ভোলানাথের। যদিও হাইকোর্টে সেই রিপোর্টের যথার্থতা নিয়ে প্রশ্ন ওঠে। এদিন সেই মামলার শুনানি ছিল। এদিনের শুনানিতে বিচারপতি বলেন, “একজন চিকিৎসকের ১৬১ ধারায় পুলিশ জবানবন্দি নিয়েছে। কিন্তু, সেই বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে মামলাকারীর।” মামলাকারীর বক্তব্য, বয়ান গ্রহণের কোনও ভিডিয়ো রেকর্ডিং করা হয়নি। কেন করা হয়নি সেটা স্পষ্ট নয়। তদন্তকারী অফিসার, ডিএসপিকে স্বচ্ছভাবে ভরসাযোগ্য তদন্ত করতে হবে। মামলাকারীদের প্রশ্নে যথেষ্ট যুক্তি রয়েছে, তাই পুলিশ স্বচ্ছভাবে, বিশ্বাসযোগ্য তদন্ত করে আগামী শুনানিতে রিপোর্ট দেবে। না হলে অন্য এজেন্সিকে তদন্তের দায়িত্ব দেবে আদালত।”বিচারপতি জানিয়ে দিয়েছেন, এই মামলার পরবর্তী শুনানি ১৩ মার্চ। তার আগে মামলাকারী তাঁদের যাবতীয় অভিযোগ নিয়ে হলফনামা জমা দেবে।

    মামলাকারীর আইনজীবী কী বললেন?

    মামলাকারীর আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, “চিকিৎসক থেকে সাক্ষী সবাইকে পুলিশ নিজের মতো করে বয়ান বলিয়ে নিয়েছে। তাই ভিডিয়োগ্রাফ করা হয়নি। আর ঠিক একই কারণে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি নেওয়া হয়নি। উল্টে সাক্ষীদের ভয় দেখাতে কোনও কারণ ছাড়াই নোটিস পাঠিয়ে চাপে রাখছে পুলিশ।

    রাজ্যের পক্ষ থেকে আদালতকে কী বলা হল?

    রাজ্যের তরফে অবশ্য বলা হয়, “কোর্টের নির্দেশ মতো আমরা সব তদন্ত করছি। এখানে একটা অসুস্থ লোকের মৃত্যুকে রাজনীতির মোড়ক দিতে গিয়ে অন্য মাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Purulia: ছুটির লোভ! প্রথম শ্রেণির পড়ুয়াকে থেঁতলে খুন করল অষ্টম শ্রেণির পড়ুয়া, শোরগোল

    Purulia: ছুটির লোভ! প্রথম শ্রেণির পড়ুয়াকে থেঁতলে খুন করল অষ্টম শ্রেণির পড়ুয়া, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম শ্রেণির ছাত্রকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করার অভিযোগ ওঠে স্কুলেরই অষ্টম শ্রেণির এক পড়ুয়ার বিরুদ্ধে। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার (Purulia) মানবাজার থানার জবলার ঘাসতোড়িয়া সারদা শিশু মন্দির আবাসিক স্কুলে। ছুটির লোভে ‘খুনের’ পরিকল্পনা সাজায় অষ্টম শ্রেণির পড়ুয়া। টার্গেট করে প্রথম শ্রেণির এক পড়ুয়াকে। খুনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে হোমে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্কুল শিক্ষক ও অভিভাবকরা তাজ্জব হয়ে গিয়েছেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Purulia)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জানুয়ারি বিকেলে পুরুলিয়ার (Purulia) মানবাজার থানার আবাসিক স্কুলের  হস্টেল সংলগ্ন মাঠে খেলা করতে গিয়েছিল প্রথম শ্রেণির ওই পড়ুয়া। তারপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পরে, হস্টেল সংলগ্ন পুকুর থেকে ওই শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। শিশুকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে মানবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুর নাক, মুখে ক্ষতচিহ্ন থাকায় ঘটনাটি খুন হিসাবে সন্দেহ হয় সকলের। ৩১ জানুয়ারি দেহের ময়নাতদন্ত হয় পুরুলিয়া মেডিক্যাল কলেজে। ঘটনার তদন্তের দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হয় মৃত শিশুর পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ৫ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়েরই অষ্টম শ্রেণির এক ছাত্রকে আটক করে। প্রথমে তাকে পুরুলিয়ার শিমুলিয়া আনন্দমঠ জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে তোলা হয়। পরে সেখান থেকে হুগলির কল্যাণ ভারতী হোমে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, জেরার মুখে অষ্টম শ্রেণির ওই ছাত্র ভেঙে পড়ে প্রথম শ্রেণির পড়ুয়াকে খুনের কথা কবুল করে।

    পুলিশি জেরায় ধৃত পড়ুয়া কী সাফাই দিয়েছে?

    স্কুলে কেউ মারা গেলে ছুটি পাওয়া যেতে পারে বলে জানতে পেরেছিল অষ্টম শ্রেণির পড়ুয়া। বেশ কিছুদিন ধরেই সে ছক কষেছিল। এরপর প্রথম শ্রেণির এক পড়ুয়াকে সে খুন করার পরিকল্পনা করে। মূলত, স্কুলে ছুটি পেতেই প্রথম শ্রেণির পড়ুয়াকে সে খুন করে। পুলিশি জেরায় অষ্টম শ্রেণির পড়ুয়া সেকথা জানিয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hooghly: না জানিয়ে তৈরি হচ্ছিল রাসায়নিক কারখানা, চাষিদের আন্দোলনে বন্ধ হল কাজ

    Hooghly: না জানিয়ে তৈরি হচ্ছিল রাসায়নিক কারখানা, চাষিদের আন্দোলনে বন্ধ হল কাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: জমি নেওয়ার সময় শুধু কারখানা হবে বলা হয়েছিল। এলাকায় নতুন কারখানা হলে কর্ম সংস্থান হবে বলে হুগলির (Hooghly) পাণ্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের সর্বমঙ্গলা এলাকায় চাষিরা জমিও দিয়েছিলেন। নিয়ম মেনে বেশ কয়েক মাস আগে কারখানার পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়। খোঁজ নিয়ে বাসিন্দারা জানতে পারেন, আদতে রাসায়নিক কারখানা তৈরি করা হবে। এই কারখানা তৈরি হলেই জমি নষ্ট হবে। তাই, আন্দোলনে নামেন চাষিরা। প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় কারখানার কাজ।

    কী বললেন গ্রামের বাসিন্দারা? (Hooghly)

    হুগলির (Hooghly) পাণ্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের সর্বমঙ্গলা এলাকায় পাঁচ একর জমিতে কারখানার কাজ শুরু হয়েছিল। রাসায়নিক তৈরির কারখানা হলে মঙ্গলা, কুলবাড়ুই, মসুরিয়া, সোনটিকরি ও ফতেপুর সহ একাধিক গ্রামে দূষণ হতে পারে, এই আশঙ্কায় পোস্টার হাতে আন্দোলন শুরু করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের বক্তব্য, ‘জমি কেনার সময় বলা হয়নি যে এখানে কেমিক্যাল ফ্যাক্টরি হবে। পরবর্তীতে আমরা জানতে পারি এখানে কেমিক্যাল ফ্যাক্টরি হবে। এর ফলে এলাকায় দূষণ ছড়াবে এবং মানুষ ঠিকভাবে বসবাস করতে পারবে না। আমরা চাই কেমিক্যাল ফ্যাক্টরি বন্ধ হোক, যাতে মানুষ সুস্থভাবে বাঁচতে পারে। অন্য কোনও ফ্যাক্টরি হোক, তাতে এলাকার মানুষ সহযোগিতা করবে এবং কাজ পাবে। পরিবেশ বজায় রেখে ফ্যাক্টরি হোক।’

    প্রশাসনের কী বক্তব্য?

    পাণ্ডুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেবন্তী বিশ্বাস বলেন, ‘ওখানে একটি কারখানা হওয়ার কথা রয়েছে। গত ৩১ জানুয়ারি জনশুনানি ছিল। সেখানে কারখানা কর্তৃপক্ষ, গ্রামবাসী ও পলিউশন কন্ট্রোল বোর্ডের সদস্যরা হাজির ছিলেন। তাঁদের নিয়ে আলোচনা হয়। পরবর্তী পদক্ষেপ কী হবে তা জানিয়ে দেওয়া হবে। ওখানে কারখানা তৈরি হবে কি না তা বলতে পারব না। পুরো বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘৫০ লক্ষ টাকা দেওয়ার পরও রাস্তা করছে না তৃণমূল’, দত্তক গ্রাম নিয়ে তোপ সুকান্তর

    Sukanta Majumdar: ‘৫০ লক্ষ টাকা দেওয়ার পরও রাস্তা করছে না তৃণমূল’, দত্তক গ্রাম নিয়ে তোপ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই বিজেপিকে বিপাকে ফেলতে তৎপর তৃণমূল। আর সেই লক্ষ্যপূরণে সাংসদ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দত্তক নেওয়া গ্রাম চকরামপ্রসাদে থমকে রয়েছে উন্নয়ন। গ্রামের উন্নয়নের জন্য সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু, ওই গ্রামের বেহাল রাস্তা সংস্কারে হাত দিচ্ছে না তৃণমূল পরিচালিত জেলা পরিষদ। ওই গ্রামে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ আসনে তৃণমূল জিতেছে। শুধুমাত্র বিজেপি সাংসদ দত্তক নিয়েছেন বলে ওই গ্রামের বেহাল রাস্তার উন্নয়ন করছে না বলে এদিন এমনই অভিযোগ তুলেছেন  সাংসদ সুকান্ত মজুমদার। ফলে, বেহাল রাস্তা নিয়ে গ্রামের বাসিন্দারা জেলাশাসকের কাছে ডেপুটেশনও দেন।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    জেলা সদর বালুরঘাটের অদূরে ভাটপাড়া পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ওই গ্রামের নাম চকরামপ্রসাদ। আর এস এসের স্বেচ্ছা সেবক শহিদ চুরকা মূর্মুর গ্রাম বলে খ্যাত ওই  তফসিলি ও আদিবাসী-প্রধান এই গ্রামটিকে প্রায় বছর তিনেক আগে ‘দত্তক’ নেন বালুরঘাট লোকসভার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। গ্রামবাসী বিপ্লব দেবনাথ বলেন, যেহেতু এই গ্রামটি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দত্তক নিয়েছেন। তাই এই গ্রামটি বিজেপির গ্রাম বলেই পরিচিত। তাই এই গ্রামের মানুষকে বঞ্চনা করতেই তৃণমূল পরিচালিত জেলা পরিষদ এই রাস্তার কাজে হাত দিচ্ছে না। আমাদের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ। এই গ্রামটি আমাদের সাংসদ সুকান্ত মজুমদার দত্তক নিয়েছে আর এই গ্রামে বেশিরভাগ বিজেপির। তাই প্রশাসন থেকে এই রাস্তাটি সংস্কার করছে না।

    ৫০ লক্ষ টাকা দেওয়ার পরও রাস্তা করছে না তৃণমূল (Sukanta Majumdar)

    সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, চকরাম গ্রামের মানুষের সঙ্গে তৃণমূল নোংরা রাজনীতি করছে। ওই গ্রামের রাস্তার জন্য আমি গত বছর মে মাসে ৫০ লক্ষ টাকা সাংসদ তহবিল থেকে দিয়েছি। কিন্তু, জেলা পরিষদের সভাধিপতি সহ তৃণমূলের নেতারা নির্দেশ দিয়ে দিয়েছেন, লোকসভা নির্বাচনের আগে ওই রাস্তাটি করা যাবে না। তাই রাস্তাটি ফেলে রেখেছে।

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    জেলা পরিষদের সহকারি সভাধিপতি তথা জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকার বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজ আটকে রাখার অভিযোগ পুরোপুরি অসত্য। ওই  রাস্তার টেন্ডার ইতিমধ্যেই হয়ে গিয়েছে। টেন্ডার প্রক্রিয়া থেকে কাজ শুরু হতে একটু সময় লাগে। তবে, দ্রুত ওই রাস্তার কাজ হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: নরেন্দ্রপুরের সেই মৃত ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার পেটে মিলল মদ, পকেটে কন্ডোমের প্যাকেট!

    South 24 Parganas: নরেন্দ্রপুরের সেই মৃত ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার পেটে মিলল মদ, পকেটে কন্ডোমের প্যাকেট!

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নরেন্দ্রপুরের ইঞ্জিনিয়ারিং ছাত্র অপ্রতিম দাসের রহস্যমৃত্যুর কিনারা করতে পারেনি পুলিশ। তবে, ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে এসেছে। এমনিতেই ছাত্রের মৃতদেহ উদ্ধার হওয়ার পর তাঁর মা ছেলেকে খুন করা হয়েছে বলে দাবি করেন। অপ্রতিমের বাবা সেই খুন করেছে বলে তিনি অভিযোগ করেন। তার পাল্টা অপ্রতিমের বাবা এই খুনের জন্য নিজের স্ত্রীকে দায়ী করেছেন। এরমধ্যে ময়না তদন্তের রিপোর্ট পুলিশের হাতে আসায় তদন্ত অনেকটাই গতি পাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    ময়না তদন্তের রিপোর্টে কী রয়েছে? (South 24 Parganas)

    দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নরেন্দ্রপুরের ছাত্রমৃত্যুর ঘটনার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পেয়েছে পুলিশ। রিপোর্ট অনুযায়ী, তাঁর লিভারে মদের নমুনা পাওয়া গিয়েছে। দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। পাশাপাশি, ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের প্যান্টের পকেটে একটি কন্ডোমের প্যাকেট মিলেছে। তদন্তকারীদের একটি সূত্রে খবর, মৃত অপ্রতিম দাস মত্ত অবস্থায় জলাশয়ে পড়ে গিয়ে থাকতে পারেন। প্রাথমিক ভাবে পুলিশ মনে করেছে, শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে যুবকের। জলে ডুবেই অপ্রতিমের মৃত্যু হয়েছে। তিনি জলাশয়ে কোনও ভাবে পড়ে গিয়ে থাকতে পারেন। আবার কেউ ঠেলেও ফেলে দিতে পারেন।

    ঠিক কী ঘটেছিল?

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অপ্রতিমের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহামায়াতলা এলাকায়। ফরতাবাদে তাঁর মামার বাড়ি। মামার বাড়ির পাশেই একটি ক্লাব বিয়েবাড়ি হিসেবে ভাড়া দেওয়া হয়। ৩০ জানুয়ারি সেখানে একটি বিয়ে অনুষ্ঠান ছিল। ওই বিয়ে বাড়িতে নিমন্ত্রিত ছিলেন অপ্রতিম। সেই উপলক্ষে মামার বাড়িতে এসেছিলেন তিনি। রাতে বিয়ে বাড়িতে গিয়ে খেতেও বসেন। কিন্তু, খেতে খেতেই উঠে যান। এর পর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। রবিবার দুপুরে নরেন্দ্রপুরের ঢালিপাড়া এলাকার একটি পুকুরে তাঁর দেহ ভাসতে দেখেন কয়েক জন। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছেন, শৌচাগারে যাওয়ার কথা বলে উঠে যান ওই ছাত্র। কেউ আবার জানান, ফোনে মেসেজ পেয়েই উঠে যান তিনি। রাতেই নরেন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন অপ্রতিমের পরিবারের সদস্যেরা। পরিবার সূত্রে খবর, অপ্রতিমের বাবা সুমন দাস ও বর্ণালী দাসের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। তার জেরেই অপ্রতিম খুন হয়ে থাকতে পারেন বলেই মনে করছেন পরিবারের অনেকে। এর মধ্যে বর্ণালী ও অপ্রতিমের দিদিমা দাবি, বাবা সুমনই ছেলেকে খুন করেছেন। সুমনের একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও দাবি তাঁর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ED: ১০০ দিনের কাজে দুর্নীতি! রাজ্যের চার জেলায় সাত সকালেই হানা ইডি-র

    ED: ১০০ দিনের কাজে দুর্নীতি! রাজ্যের চার জেলায় সাত সকালেই হানা ইডি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি, রেশন কাণ্ডের পর এবার ১০০ দিনের দুর্নীতি নিয়ে সক্রিয় ইডি (ED)। এই দুর্নীতির তদন্তে এবার রাজ্যের চার জেলায় হানা দিল ইডি। মঙ্গলবার সাত সকালেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি আধিকারিকরা হানা দেন। ঝাড়গ্রামের এক সরকারি আধিকারিকের কোয়ার্টারে, হুগলির চুঁচুড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে এবং মুর্শিদাবাদের একটি জায়গায় তল্লাশি চলছে। তল্লাশি চলছে সল্টলেকের একটি আবাসনেও। সকাল থেকেই চলছে তল্লাশি পর্ব।

    মুর্শিদাবাদে ইডি (ED)

    ইডি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মুর্শিদাবাদে বহরমপুর শহরের বিষ্ণুপুর রোডে বাড়ি রথীন দে নামে প্রাক্তন পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডি (ED) হানা দেয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে বাড়ি। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে তিনি নওদা পঞ্চায়েতে কর্মরত ছিলেন। নওদা পঞ্চায়েতে নির্মাণ সহায়ক হিসাবে কর্মরত ছিলেন। অভিযোগ, ১০০ দিনের কাজের প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করে নিজের এবং তাঁর বোনের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করে। এছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগ ওঠায় চাকরি যায় তাঁর।

    ঝাড়গ্রামেও হানা দেয় ইডি

    মঙ্গলবার সকালে ইডির (ED) ছ’জন আধিকারিকের একটি দল কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেন ঝাড়গ্রামের বাছুরডোবার একটি সরকারি আবাসনে। জেলার সংখ্যালঘু দফতরের এক প্রশাসনিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি। ঝাড়গ্রাম থানার পুলিশ খবর পেয়ে এলাকায় যান। কিন্তু, পুলিশ আধিকারিকদের আবাসনের ভিতর ঢুকতে দেওয়া হয়নি। ইডি সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যে ১০০ দিনের কাজে জাতিগত শংসাপত্র নিয়ে ‘দুর্নীতি’র বিষয়ে তদন্ত শুরু করেছে তারা।

    হুগলি ও উত্তর ২৪ পরগনায় হানা ইডি-র

    ইডি সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ইডি (ED) হানা দেয় হুগলির চুঁচুড়ার ময়নাডাঙায় সন্দীপ সাধুখাঁ নামে এক নির্মাণ সহায়কের বাড়িতে। সেই বাড়িতে চলছে তল্লাশি। যদিও তিনি বাড়িতে ছিলেন না। পাশাপাশি সল্টলেকের একটি আবাসনে চলছে তল্লাশি। সেই আবাসনে  ধনেখালির প্রাক্তন বিডিও এসকে পান থাকেন। প্রসঙ্গত, ১০০ দিনের দুর্নীতির অভিযোগের ভিত্তিতে তারা আগেই তদন্ত শুরু করেছিল। তদন্তে দেখা যায়, ১০০ দিনের কাজে যে কোটি কোটি টাকার কেন্দ্রীয় বরাদ্দ এসেছিল, তা নয়ছয় কর হয়েছে। টাকা নয়ছয় করতে ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছিল বলে তদন্তকারী সংস্থাটি সূত্রে খবর। এবার সেই দুর্নীতির তদন্তে জেলায় জেলায় হানা দিল ইডি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Digha: দিঘায় হাড়হিম করা ঘটনা! বন্ধুকে গাছে বেঁধে বেধড়ক মার, মহিলা পর্যটককে গণধর্ষণ

    Digha: দিঘায় হাড়হিম করা ঘটনা! বন্ধুকে গাছে বেঁধে বেধড়ক মার, মহিলা পর্যটককে গণধর্ষণ

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুরের দিঘায় (Digha) প্রতিদিন হাজার হাজার পর্যটক যান। পর্যটকদের ওপর ভিত্তি করেই ওই এলাকার অর্থনীতি অনেকটাই নির্ভর করে। সেই সৈকত শহরে পর্যটকদের কোনও নিরাপত্তা নেই! রবিবার রাতে দিঘার ঘটনা সেই প্রশ্ন উস্কে দিয়েছে। দিঘায় ঘুরতে গিয়ে গণ ধর্ষণের শিকার হয়েছেন এক মহিলা পর্যটক। আর এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে। প্রশ্নের মুখে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থাও।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Digha)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিঘাতে (Digha) অনেকেই ফোনে বা অনলাইনে হোটেল বুক করে যান। অনেকে আবার দিঘায় গিয়ে হোটেল ঠিক করেন। ভাল হোটেল করে দেওয়ার জন্য এক শ্রেণির দালালও সেখানে গজিয়ে উঠেছে। অনেকে সস্তায় ভাল হোটেল পাওয়ার আশ্বাস তাঁদের দ্বারস্থ হন। অনেক সময় ভাল হোটেলও পান। তবে, নির্যাতিতা মহিলা বন্ধুদের সঙ্গে দিঘা ঘুরতে এসেছিলেন। তাঁদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলাতেই। ফলে, আগে থেকে হোটেল বুক করে নিয়ে আসেননি। দিঘায় বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে হোটেল খোঁজা শুরু করেন তাঁরা। অভিযোগ, হোটেল ঠিক করে দেওয়ার নাম করে তাঁদেরকে নিয়ে যায় দুষ্কৃতীরা। বন্ধুর সঙ্গে একটি বাইকে ছিলেন মহিলা। অভিযোগ, ফাঁকা জায়গায় বাইক আটকে জোর করে তাঁদেরকে নির্জন জায়গায় টেনে নিয়ে যাওয়া হয়। যুবককে গাছে বেঁধে বেধরক মারধর করতে শুরু করে দুষ্কৃতীরা। পাশাপাশি মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

    পুলিশ প্রশাসনের কী বক্তব্য?

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা অপকর্ম করে ওই মহিলাকে ফেলে রেখে চলে যায়। পরে, মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে দিঘা থানার পুলিশ রতনপুর গ্রাম থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। আরও একজন ফেরার বলে জানা গিয়েছে। তাদের এই চক্রের পিছনে আর কেউ রয়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Subhranshu Roy: ‘কাজ নেই বলে পুরসভায় যাই না’, তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন মুকুলপুত্র

    Subhranshu Roy: ‘কাজ নেই বলে পুরসভায় যাই না’, তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন মুকুলপুত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: পদাধিকার অনুযায়ী কাঁচরাপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান তৃণমূলের এক সময়ের সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় (Subhranshu Roy)। বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কাঁচরাপাড়া পুরসভা। অথচ তিনি সেই পুরসভাতেই আর যান না। কার্যত কোণঠাসা করে রাখা হয়েছে মুকুলপুত্রকে। পুরসভায় কেন যান না, তার কারণ ব্যাখ্যা করলেন তিনি নিজেই।

    ঠিক কী বলেছেন শুভ্রাংশু? (Subhranshu Roy)

    শুভ্রাংশু (Subhranshu Roy) বলেন, আমি পুরসভার ভাইস চেয়ারম্যান। আমাকে ট্রেড লাইসেন্স, অ্যাসেসমেন্ট দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দফতরে বেশিরভাগই অনলাইনে কাজ হয়ে যায়। ফলে, পুরসভায় আমার কোনও কাজ নেই। পুরসভায় গিয়ে চুপচাপ বসে থাকতে হয়। এমনকী বিল্ডিং-এর অনুমোদনের দায়িত্ব রয়েছে আমার ওপর। তবে, সেটা দোতলা পর্যন্ত। তার ওপরে বিল্ডিং হলে তার দায়িত্ব চেয়ারম্যানের ওপরে রয়েছে। ফলে, এই দফতরে আমার বিশেষ কোনও কাজ নেই বললেই চলে। থাকল পড়ে বিজ্ঞাপনের দায়িত্ব। তবে, এই কাজ করতে গেলে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে করতে হবে। সেখানেও আমার কোনও স্বাধীনতা নেই। অথচ পুরসভাকে আরও অনেক ভালোভাবে চালানো যেতে পারত। অনেক বেশি রাজস্ব আদায় করা যেত। কিন্তু, কোনও কিছুই করা হচ্ছে না। আর পুরসভায় গিয়ে ঠুঁটো হয়ে চুপচাপ বসে থাকতে আমি রাজি নই। আমি এসবের কোনও তোয়াক্কা করি না। আর কাজ নেই বলে পুরসভায় যাই না। বোর্ড মিটিংয়ে যাওয়া বন্ধ করে দিয়েছি। জানা গিয়েছে, কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান হচ্ছেন কমল অধিকারী। তিনি বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর ভাই।

    অর্জুনের পাশে দাঁড়িয়ে সোমনাথ-সুবোধকে তুলোধনা

    দিন দুয়েক আগে অর্জুন সিং-এর পাশে দাঁড়িয়ে শুভ্রাংশু (Subhranshu Roy) বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে তুলোধনা করেছিলেন। দলের অনুমতি পেলে দুজনের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করতে প্রস্তুত বলে তিনি জানিয়েছিলেন। আর অর্জুনের বিরুদ্ধে বারবার সোমনাথ শ্যাম মুখ খোলার প্রসঙ্গে তিনি বলেছিলেন, তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তিনি। কারণ, সাংসদ তৃণমূলের শীর্য নেতৃত্বের কথা মতো দলে এসেছেন। যা বলার তা দলের ভিতরে বলা উচিত। সবমিলিয়ে শুভ্রাংশু রায়ের এই কোণঠাসা নিয়ে বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে জোর চর্চা শুরু হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Balurghat: বালুরঘাট-হিলি রেল প্রকল্পে আরও ২১০ কোটি টাকা বরাদ্দ, খুশি জেলাবাসী

    Balurghat: বালুরঘাট-হিলি রেল প্রকল্পে আরও ২১০ কোটি টাকা বরাদ্দ, খুশি জেলাবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের বাজেটে বালুরঘাট (Balurghat)-হিলি রেল প্রকল্পে আরও ২১০ কোটি টাকা মঞ্জুর করল রেলমন্ত্রক। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ মূল্য বরাদ্দের পরেই চলতি বাজেট  বরাদ্দ দিয়ে লাইন পাতার কাজ করবে রেল। ওই অর্থ বরাদ্দের পরে দ্রুত প্রকল্প বাস্তবায়নের কাজে বরাত প্রক্রিয়া শুরু করতে তৎপর হয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের নির্মাণ সংস্থা। তবে ওই প্রকল্পে ফের ২১০ কোটি টাকা বরাদ্দ হতেই উচ্ছ্বসিত সব মহল। বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দারা খুশি।

    এই প্রকল্পে মোট কত টাকা বরাদ্দ করল রেলমন্ত্রক (Balurghat)

    ২০১০ সাল বালুরঘাট (Balurghat)-হিলি রেল প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ওই প্রকল্পের কাজ এগোচ্ছিল। কিন্তু ২০১৪ সাল থেকে জমিজটে প্রকল্প বাস্তবায়নের কাজ থমকে যায়। মানুষের দীর্ঘদিনের আন্দোলন, হাইকোর্টের হস্তক্ষেপ ও সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগী হতেই ২০২২ সাল থেকে পুনরায় ওই প্রকল্পের কাজ শুরু হয়। ওই প্রকল্প বাস্তবায়নে ৬৩৩ কোটি লক্ষমাত্রা ধার্য করে রেল। ২০২২-২৩ অর্থ বর্ষের বাজেটে ওই প্রকল্পে ২০ কোটি ১ হাজার টাকা বরাদ্দ করা হয়। ২০২৩-২৪ অর্থ বর্ষের বাজেটে ওই প্রকল্পে পুনরায় ১৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়। যদিও ওই অর্থ বর্ষেই ওই প্রকল্পে অতিরিক্ত ৩১০ কোটি খরচ করে রেল। তারপরেই চলতি বছরের বাজেটে আরও ২১০ কোটি টাকা বরাদ্দ করা হল। এখন পর্যন্ত এই প্রকল্পে ৫২০ কোটি টাকা বরাদ্দ করা হল।

    রাজ্য সরকারের সহযোগিতা দাবি

    এই প্রসঙ্গে অর্থনীতিবিদ ও বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ী বলেন, ‘এই বাজেটে বালুরঘাট-হিলি রেলের জন্য ২১০ কোটি টাকা বরাদ্দ করেছে রেল। ২০১০ সালে এই প্রকল্পের খরচ ছিল ২৩৮ কোটি টাকা। কিন্তু এখন তা দ্বিগুণ হয়েছে। যুগের সঙ্গে মূল্যবৃদ্ধি হয়েছে। আর্থসামাজিক কারণে দ্রুত এই প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকারকে সহযোগিতা করতে অনুরোধ করব।

    এই প্রকল্পে আরও টাকা দিতে প্রস্তুত রেল

    বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘ওই প্রকল্প বাস্তবায়নে অধিকাংশ টাকাই বরাদ্দ হয়ে গেল। রাজ্য সরকারকে দ্রুত জমি দিয়ে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে অনুরোধ করছি। ওই প্রকল্পে টাকার কোনও খামতি নেই। আমি নিজে রেলমন্ত্রক থেকে টাকা আনার দ্বায়িত্ব নিয়েছি। আরও টাকা লাগলে রেল দিতে প্রস্তুত রয়েছে।‘

    তৃণমূল নেতৃত্ব কী বললেন?

    জেলা তৃণমূলের সহসভাপতি সুভাষ চাকী বলেন, ‘এই বছরের জন্য বরাদ্দ হয়েছে কথাটি সঠিক নয়। ২০২৪-২৫ অর্থ বর্ষের জন্য ধার্য করা হয়েছে। সুকান্ত মজুমদার ও অশোক কুমার লাহিড়ী রাজনৈতিক কারণে কথাবার্তা বলছে। সামনে লোকসভা ভোটকে নজরে রেখে উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব করা হচ্ছে। প্রচুর মানুষ টাকা পেয়েছেন। নথি যাচাইয়ের কাজ চলছে। উন্নয়নের কাজে রাজনৈতিক অভিপ্রায় অনভিপ্রেত।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: পর পর কন্যাসন্তান, তিন মাসের শিশুকে তুলে আছাড় মেরে খুন করল বাবা

    Murshidabad: পর পর কন্যাসন্তান, তিন মাসের শিশুকে তুলে আছাড় মেরে খুন করল বাবা

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের (Murshidabad) সাগরপাড়ায় এক দম্পতি কন্যাসন্তান হওয়ার খুশিতে মাতৃযানটিকে বেলুন দিয়ে সাজিয়ে স্বাস্থ্যকর্মীদের মিষ্টি মুখ করিয়ে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান। কয়েকদিন আগে এই ঘটনার সাক্ষী থেকেছেন মুর্শিদাবাদ জেলার সাগরপাড়ার বাসিন্দারা। এবার সেই মুর্শিদাবাদের ডোমকলে পর পর তিনটি কন্যাসন্তান হওয়ায় মেনে নিতে পারেনি গুণধর বাবা। তাই, তিনমাসের শিশুকে আছাড় মেরে খুন করেছে সে। মর্মান্তিক এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Murshidabad)  

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক আগে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ডোমকলের ভাতশালার রিন্টু শেখের বিয়ে হয়েছিল ডোমকলের কামুড়দিয়াড়ের বাসিন্দা বেলুয়ারার সঙ্গে। চার বছর আগে তাঁদের প্রথম সন্তান জন্মায় মেয়ে। পরের সন্তানটিও মেয়েই। রিন্টু কেরলে কাজ করেন। মাস তিনেক আগে তৃতীয় কন্যাসন্তানের জন্ম হয়। সেই খবর পাওয়ার পর সপ্তাহখানেক আগে গ্রামে ফিরেছিলেন রিন্টু। রবিবার দুপুরে তিনমাসের শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে, বাড়ির লোকজন দেখেন, ঘরে লেপের তলায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে। সন্তানের মাকে চেপে ধরা হলে তিনি বলতে থাকেন, “মেয়েকে খাটে শুইয়ে আমি দাওয়ায় রান্না করছিলাম। কী হয়েছে, জানি না।” জানা গিয়েছে, রিন্টু তার তিনমাসের সন্তানকে তুলে আছাড় মেরে খুন করেছে। রিন্টুর বাবা সে কথাই বার বার দাবি করেন। তিনি বলেন “তৃতীয়বার মেয়ে হওয়ার পর থেকে ছেলে-বউমার ঝামেলা লেগেই থাকত। ছেলে নিয়মিত নেশা করে। ছেলেই ছোট নাতনিকে খুন করেছে। পুত্রবধূ সব জেনেও ওকে আড়াল করছে।” এর পরেই রিন্টু ও বেলুয়ারা বিবিকে পুলিশ প্রথমে আটক করে। পরে, রিন্টুর বাবা বাবা দবির শেখ নিজের ছেলে ও বউমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পরে দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।

    রিন্টু আগেও এই কাণ্ড করেছিল!

    তিনমাসের কন্যাসন্তানকে আছাড় মেরে ‘খুন’ করাই প্রথম নয়। এর আগে দ্বিতীয় মেয়েকেও খুন করার চেষ্টা করেছিল ডোমকলের ধৃত দম্পতি। বিক্রি করার চেষ্টা করেছিল বড় মেয়েকেও! দম্পতিকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের বয়ান সংগ্রহ করে এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। পড়শিদের একাংশের দাবি, রিন্টু মাদকের নেশায় আসক্ত। তার খরচ জোগাতে একবার নিজের বড় মেয়েকে দিল্লি নিয়ে গিয়ে ৮ হাজার টাকার বিনিময়ে বিক্রি করার পরিকল্পনা নিয়েছিল এক মহিলার কাছে। পরিযায়ী শ্রমিক কলোনির লোকেরা তা জেনে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। দ্বিতীয় মেয়েকেও এক বার মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল রিন্টু ও বেলুয়ারার বিরুদ্ধে। সেই কারণে দীর্ঘদিন শয্যাশায়ীও ছিল মেজ মেয়ে।

    পুলিশ প্রশাসনের কী বক্তব্য?

    এ বিষয়ে ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, “রিন্টু নিয়মিত মাদক নিত। চুরির অভিযোগে সে আগে গ্রেফতারও হয়েছে। শুধু কি সংসারে টানাটানি, না এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা জানার চেষ্টা চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share