Tag: West Bengal

West Bengal

  • Murshidabad: মুর্শিদাবাদে একদিনে ৯ নবজাতকের মৃত্যু, হাসপাতালের ভূমিকায় উঠছে প্রশ্ন

    Murshidabad: মুর্শিদাবাদে একদিনে ৯ নবজাতকের মৃত্যু, হাসপাতালের ভূমিকায় উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ নবজাতকের মৃত্যু হয়েছে। একসঙ্গে এতগুলো নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃতের পরিবারের লোকজনের দাবি, এই ঘটনার তদন্ত করার প্রয়োজন রয়েছে। কারণ, হাসপাতালের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Murshidabad)

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুদের বেশিরভাগ শিশুকেই জঙ্গিপুর হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছিল। জঙ্গিপুর হাসপাতালের এসএনসিইউ ওয়ার্ড খারাপ থাকার কারণে শেষ মুহূর্তে স্থানান্তরিত করা হয়েছিল। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে দীর্ঘ এক মাস ধরে সংস্কারের কাজ চলছে। তার ফলে যে-সমস্ত নবজাতক অসুস্থ হয়ে পড়ছে, তাদের জঙ্গিপুর থেকে ভর্তি হচ্ছে মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজ স্কুলে ও হাসপাতালে। এছাড়া ডোমকল বা লালবাগ মহকুমা হাসপাতালে থাকা নবজাতকদের অবস্থা খারাপ হলে তাদেরও পাঠিয়ে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ হাসপাতালে। পাশাপাশি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে অনেক প্রসূতি চিকিৎসা বা প্রসব না করিয়ে ব্যাঙের দিতে ছাতার মতো যত্রতত্র গজিয়ে-ওঠা নার্সিংহোমে শিশু প্রসব করানো হচ্ছে। সেই সমস্ত নার্সিংহোমে চিকিৎসকরা অপারেশন করে দেওয়ার পরে সন্তানের শারীরিক অবস্থা খারাপ হলেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নবজাতকদের নিয়ে আসতে হচ্ছে চিকিৎসা করানোর জন্য। ঘটনা হল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওপর নির্ভর করেন এই জেলা-সহ পার্শ্ববর্তী জেলার মানুষ। মোট ৫২টি আসন আছে নবজাতক বিভাগে। কিন্তু সেখানে বর্তমানে ১০০-র বেশি নবজাতক ভর্তি আছে। সবমিলিয়ে চাপ বাড়ছে হাসপাতালের ওপর। চিকিৎসকরা জানাচ্ছেন, ৫ জন শিশুর মৃত্যু হলে সেটিকে স্বাভাবিক ধরা হয়। কিন্তু এর বেশি শিশুর মৃত্যু হতেই উদ্বেগ তৈরি হয়েছে। গাফিলতির কোনও ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখতে জেলা স্বাস্থ্য দফতর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

    কী বললেন এমএসভিপি?

    হাসপাতালের এমএসভিপি ডা. অমিতকুমার দাঁ বলেন, ‘৩০০ গ্রাম ও ৫০০ গ্রাম ওজনের শিশু ভর্তি ছিল। একজন শিশুর জন্মগত ত্রুটি ছিল হার্টের। তাই তাকে বাঁচানো যায়নি। গত ২৪ ঘণ্টায় সদ্যোজাতের মৃত্যু হয়েছে। জন্মগত ত্রুটি ও ওজন কমে যাওয়ার কারণে অনেক শিশুর মৃত্যু হচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য দফতর।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Darjeeling: বরফের চাদরে ঢাকল দার্জিলিং, উচ্ছ্বসিত পর্যটকরা

    Darjeeling: বরফের চাদরে ঢাকল দার্জিলিং, উচ্ছ্বসিত পর্যটকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দার্জিলিংয়ের (Darjeeling) সান্দাকফুতে অকাল তুষারপাত। আর এতে  বড়দিনের পর্যটন ব্যবসায় বিরাট লাভের আশায় পর্যটন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সান্দাকফুতে বরফ পড়ায় পাহাড় সহ লাগোয়া এলাকায় প্রবল ঠান্ডা নেমে এসেছে। বরফে ঢেকেছে সান্দাকফু। সান্দাকফুতে তুষারপাত হতেই উল্লসিত পর্যটকরা। এই মুহূর্তে ভিড়ে ঠাসা দার্জিলিং। মরসুমের প্রথম তুষারপাত উপভোগ করতে অনেকেই দার্জিলিং থেকে সান্দাকফুতে চলে যান। প্রথম তুষারপাতের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পর্যটকের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। যে আবহাওয়া রয়েছে তাতে রাতের দিকে আরও তুষারপাত হতে পারে বলে মনে করছেন আবহবিদরা।

    আশায় বুক বাঁধছেন পর্যটন ব্যবসায়ীরা (Darjeeling)

    মরসুমের প্রথম বরফ পড়াকে ঘিরে আশায় বুক বেঁধেছেন পর্যটন ব্যবসায়ীরা। সিকিমের লেক বিপর্যয়ের কারণে পুজোর পর্যটনের ধাক্কা লেগেছিল। এদিনের অপ্রত্যাশিত তুষারপাত বড়দিনের পর্যটনে ব্যাপক সাড়া জাগাবে বলে জানান ট্যুর অপারেটর সম্রাট সান্যাল। তিনি বলেন, সাধারণত এত আগে দার্জিলিং (Darjeeling) পাহাড়ে বরফ পড়ে না। এবার অসময়ের এই তুষারপাত বড়দিনের আগেই দার্জিলিংয়ে পর্যটকের ঢল নামাবে। বরফ দেখতে বহু পর্যটক এর মধ্যেই আসতে শুরু করবে। আমাদের আশা, পুজোর পর্যটনে যে ধাক্কা লেগেছিল বড়দিনের পর্যটনে অনেকটাই পুষিয়ে নেওয়া যাবে। এই আশায় বুক পাচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা।

    সকাল থেকেই ইঙ্গিত ছিল তুষারপাতের

    এই সময়ে বরফ পড়ার ঘটনা সচরাচর দেখা যায় না। যদিও কিছুদিন আগে সিকিমের বরফ পড়েছিল। তবে, দার্জিলিং (Darjeeling) জেলায় এদিন মরসুমের প্রথম বরফ পড়ায় সমতলে তাপমাত্রা নামতে শুরু করেছে। ঘূর্ণাবর্তের জেরে অনেক জেলাতেই শুরু হয়েছে বৃষ্টিপাত। বিকেল থেকে পাহাড়েও কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। এদিন সকাল থেকেই সমতলে মেঘলা আকাশের সঙ্গে হিমেল হাওয়া ছিল। সন্ধ্যার দিকে কিছুক্ষণ ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। এদিন পাহাড়ে বরফ পড়ায় সর্বত্র খুশির হাওয়া।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “স্টেট স্পনসর্ড ওয়েডিং”! মমতার ভাইপোর বিয়ে নিয়ে ট্যুইটে তীব্র আক্রমণ শুভেন্দুর

    Suvendu Adhikari: “স্টেট স্পনসর্ড ওয়েডিং”! মমতার ভাইপোর বিয়ে নিয়ে ট্যুইটে তীব্র আক্রমণ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পারিবারিক বিয়ের অনুষ্ঠান সূত্রে মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে রয়েছেন। আর এই বিয়ে নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি টুইট করে এই বিয়ের অনুষ্ঠানকে স্টেট স্পনসরড বিয়ে বলে তীব্র কটাক্ষ করেছেন।

    সিকিমের লেক বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর দেখা মেলেনি, তোপ রাজু বিস্তার

    ভাইপোর বিয়ে উপলক্ষে বুধবার বিকেলে কার্শিয়াং পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট চারদিন তাঁর পাহাড়ে থাকার কথা। বৃহস্পতিবার সকালে  কার্শিয়াং ঘুরতে বেরিয়েছিলেন। হঠাৎই তিনি একটি চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কিছুক্ষণ চা পাতা তোলার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রীর এই পাতা তোলা নিয়েই সরব হয়েছেন দার্জিলিংয়ের সাংসদ। বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব ভুলে পর্যটকের মতো পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কার্শিয়াঙে একজন পর্যটকের মতো সময় কাটাচ্ছেন। গত ৪ অক্টোবর সিকিমের লেক বিপর্যয়ে তিস্তায় প্রবল জলোচ্ছাস দেখা দেয়। তাতে দার্জিলিং ও কালিম্পং এলাকায় বিপুল ক্ষতি হয়েছে। ৫০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন সরকারিভাবেই মারা গিয়েছেন। ১১ জন এখনও নিখোঁজ। সেই বিপর্যয়ে মুখ্যমন্ত্রী। পদধূলি পাহাড়ে পড়েনি। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তিনি কোনও উদ্যোগও নেননি।  মুখ্যমন্ত্রী হিসেবে বিপর্যস্ত পাহাড়বাসীর পাশে এসে তাঁর দাঁড়ানো উচিত ছিল। সেখানে তিনি এখন পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে পাহাড়ে এসে পর্যটকদের মত চা বাগানে গিয়ে পাতা তুলছেন। বিজেপি সাংসদের পাশাপাশি ভাইপোর বিয়ে নিয়ে বিরোধী দলনেতাও (Suvendu Adhikari) তীব্র কটাক্ষ করেছেন।

    [tw]


    [/tw]

     মুখ্যমন্ত্রীর চা পাতা তোলা নিয়ে কী বললেন বিজেপি সাংসদ?

    রাজু বিস্তা বলেন, এদিন চা শ্রমিকদের  আপনজন প্রমাণের তাগিদে তাদের সঙ্গে পাতা তুলেছেন মুখ্যমন্ত্রী। এদিন চা পাতা তুলে মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন কত কষ্টকর কাজ করেন চা শ্রমিকরা। সেই কাজে তারা ন্যায্য বেতন, সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সামান্য বেতনে কষ্টের মধ্যেই সংসার চালাচ্ছে চা শ্রমিকরা। আশা করবো সেই কষ্ট লাঘবের জন্য তিনি উদ্যোগ নেবেন। যদি চা শ্রমিকদের ন্যায্য মজুরি, সুযোগ-সুবিধার ব্যবস্থা তিনি করেন তাহলেই সার্থক হবে তাঁর এই কর্মকাণ্ড।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Raiganj: তৃণমূলের পুরসভার বিরুদ্ধে আন্দোলন দলেরই শ্রমিক সংগঠনের, কোন্দল প্রকাশ্যে

    Raiganj: তৃণমূলের পুরসভার বিরুদ্ধে আন্দোলন দলেরই শ্রমিক সংগঠনের, কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে সাধারণত বিরোধী সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করা হয়। এবার সেই পুরসভার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ খোদ তৃণমূল পরিচালিত কর্মচারী সংগঠনের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ (Raiganj) পুরসভায়। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে।

    ঠিক কী অভিযোগ? (Raiganj)

    বৃহস্পতিবার বকেয়া বেতন প্রদান, অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পেনশন সহ একাধিক দাবিতে কর্মবিরতির পাশাপাশি অবস্থান-বিক্ষোভে সামিল হন তৃণমূল পরিচালিত পুর কর্মচারী সংগঠনের নেতৃত্বে পুর কর্মচারীরা। তাঁদের দাবি, অবিলম্বে বকেয়া টাকা না মেটালে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে। এই আন্দোলনের জেরে ব্যাহত হয়েছে পৌর পরিষেবা। সাধারণ মানুষ বিভিন্ন কাজে পুরসভায় গিয়ে ঘুরে আসতে হচ্ছে।  তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত পশ্চিমবঙ্গ পৌরকর্মচারী ফেডারেশনের রায়গঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক শম্ভু ঘোষ বলেন,  মূলত চার দফা দাবিতে এই আন্দোলনে শামিল হয়েছে।  অস্থায়ী পুর কর্মীদের দু মাসের বকেয়া বেতন, অবসরপ্রাপ্ত পুর কর্মচারীদের তিন মাসের বকেয়া পেনশন, পুর (Raiganj) প্রশাসকের কথামতো বাকি অর্ধেক বোনাস প্রদান ও পুর কর্মচারীদের বকেয়া গ্রাচুইটির টাকার দাবিতে আমরা এই কর্ম বিরতি ও অবস্থান-বিক্ষোভ আন্দোলনে করছি। অতি দ্রুত এই বকেয়া টাকা না মেটানো হলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব।

    তৃণমূল কর্মচারীদের এই আন্দোলনকে সমর্থন করেছে কংগ্রেস

    তৃণমূল কর্মচারীদের এই আন্দোলনকে সমর্থন করেছে কংগ্রেস পরিচালিত শ্রমিক কর্মচারী সংগঠন আইএনটিইউসি। উত্তর দিনাজপুর জেলার কংগ্রেস পরিচালিত শ্রমিক কর্মচারী সংগঠনের  সম্পাদক অসীম কুমার ভৌমিক বলেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে রাজ্যটাকে যেভাবে শেষ করে দিয়েছে, তেমনি রায়গঞ্জ (Raiganj) পুরসভা যখন থেকে তৃণমূলের দখলে গেছে তবে থেকে এই পুরসভার মান তলানিতে এসে ঠেকেছে। আমরা কর্মচারীদের স্বার্থে কাজ করি। তাই কর্মচারীদের এই দাবিকে সমর্থন করে এই আন্দোলনের পাশে আমরা আছি।

    রায়গঞ্জ (Raiganj) পুরসভার পুর প্রশাসক কী বললেন?

    এ ঘটনায় রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, এটা কোনও কোন্দল নয়। দাবিদাওয়ার বিষয়টি আমাদের কাছে জানিয়েছে। কর্মীদের স্বার্থে তাঁরা আন্দোলন করছে। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Krishna Nagar: উদ্বোধন করেই দায় শেষ মুখ্যমন্ত্রীর ! কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের হাল জানেন?

    Krishna Nagar: উদ্বোধন করেই দায় শেষ মুখ্যমন্ত্রীর ! কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের হাল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ঢাকঢোল পিটিয়ে ঘটা করে নদিয়ার কৃষ্ণনগরে (Krishna Nagar) কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই জেলার ছাত্রীদের জন্য এই বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছিল। কিন্তু, গত তিন বছরে এই বিশ্ববিদ্যালয়ের কোনও পরিকাঠামো তৈরি করা হয়নি। ফলে, মুখ্যমন্ত্রী স্বপ্নের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা ক্রমশ কমছে।

    কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা? (Krishna Nagar)

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়টি চালু হয়। নিজস্ব ভবন না-থাকায় প্রথমে কৃষ্ণনগর (Krishna Nagar) উইমেন্স কলেজে এর ক্লাস হচ্ছিল। বছর খানেক পরে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের নতুন ভবনে ক্লাস শুরু হয়। কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয়ের প্রিন্সিপ্যালের আবাসনটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজের জন্য ব্যবহার করা হয়। ফলে,  কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন নেই। কোনও স্থায়ী অধ্যাপক বা শিক্ষক নেই। স্থায়ী উপাচার্যও নেই। তিন বছর পেরিয়েও এমনই হাল এই বিশ্ববিদ্যালয়ের। ছাত্রী সংখ্যা কমছে বিশ্ববিদ্যালয়ে। কর্মীদের অনেকেই মনে করছেন, পরিকাঠামোর অভাব দেখেও অনেক ছাত্রী এই বিশ্ববিদ্যালয়ে পড়ার উৎসাহ হারাচ্ছেন। বরং তাঁরা চলে যাচ্ছেন নিকটবর্তী বর্ধমান বা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে ১০টি বিষয়ে মোট আসন ৪৬০টি। এ বছর ভর্তি হয়েছেন ৩৪৩ জন। যেখানে গত বছর ভর্তি হয়েছিলেন ৪৩৭ জন।

    কেন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনও ভবন নেই?

    প্রশাসন সূত্রে খবর, কৃষ্ণনগরে (Krishna Nagar) এই বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরির জন্য প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তবে সেই টাকা পূর্ত দফতরের হাতে আসেনি। ফলে ভবন তৈরির কাজ বিশ বাঁও জলে। বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষাকর্মী। সকলেই অস্থায়ী। ১৪৪ জন অতিথি অধ্যাপক। কোনও স্থায়ী অধ্যাপক নেই। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন কাজল দে। তিনি বর্তমানে ডায়মন্ডহারবার উইমেন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাঁকে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তিনিও নিয়মিত বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন না। এ ছাড়া ফিনান্স অফিসার, কন্ট্রোলার, রেজিস্ট্রার- সকলেই অবসরপ্রাপ্ত। তাঁদের নতুন করে নিয়োগ করা হয়েছে। তাঁদের সকলে আবার নিয়মিত বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Michaung: মিগজাউমের দাপট! চেন্নাইয়ে চিকিৎসা করাতে গিয়ে আটকে হাওড়ার পরিবার

    Cyclone Michaung: মিগজাউমের দাপট! চেন্নাইয়ে চিকিৎসা করাতে গিয়ে আটকে হাওড়ার পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘুর্ণিঝড় মিগজাউমের (Cyclone Michaung) দাপটে রাজ্যে বৃহস্পতিবার সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে। গত দুদিন আকাশের মুখ ভার ছিল। বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এই ঘুর্ণিঝড়ের কারণে তামিলনাডুতে আটকে রয়েছেন মুর্শিদাবাদের বেশ কিছু পরিযায়ী শ্রমিক। বহু অঞ্চল জলে ডুবে থাকায় একপ্রকার অনাহারে ভুগছেন ওই সমস্ত শ্রমিকেরা। মাথা গোঁজার জায়গাটুকুও নেই তাঁদের। কেউ কেউ বাস করছেন তালপাতার ঘরে। বাড়ি ফেরার টাকাও নেই অনেকের কাছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেই চিন্তায় রয়েছেন এই রাজ্যের ওই পরিযায়ী শ্রমিকেরা।

    দুর্যোগে (Cyclone Michaung) আটকে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা

    জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া, নওদা ব্লকের প্রায় ৩০ জন শ্রমিকের খোঁজ পাওয়া গিয়েছে। মিগজাউমের (Cyclone Michaung) প্রভাবে তামিলনাডুর বিভিন্ন এলাকায় তাঁরা আটকে রয়েছেন। তাঁরা জেলা প্রশাসনের কাছে মোবাইলের মাধ্যমে বাড়ি ফেরানোর আর্জি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, চারদিকে জল। চরম আতঙ্কে রয়েছি। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা বুঝতে পারছি না। বাড়ি ফেরানোর ব্যবস্থা করলে খুব ভালো হয়। খুব কষ্টে আছি।

    চিকিৎসা করাতে গিয়ে দুর্যোগের কবলে পড়ে হাসপাতালে আটকে হাওড়ার বাসিন্দা

    চেন্নাইয়ে ক্যান্সার আক্রান্তের চিকিৎসা করাতে গিয়ে দুর্যোগের (Cyclone Michaung) কবলে পড়ে হাসপাতালে আটকে হাওড়ার সন্ধ্যাবাজারের একই পরিবারের ছয় সদস্য। জলমগ্ন অবস্থার কারণে ট্রাকে করে রোগীদের স্থানান্তরিত করতে হচ্ছে। দু’দিন ধরে কোনওরকমে খাবারের ব্যবস্থা করেছে সেখানকার হাসপাতাল। বুধবার থেকে তাও বন্ধ। ভিডিও কলে সেই শোচনীয় পরিস্থিতির কথা জানিয়েছেন চেন্নাইয়ে আটকে পড়া পরিবারের সদস্য মহম্মদ আজম খান।

    মিগজাউমের প্রভাবে ক্ষতি

    মিগজাউমের (Cyclone Michaung) প্রভাব অন্ধ্রপ্রদেশের তুলনায় তামিলনাড়ুতেই বেশি পড়েছে। ইতিমধ্যে চেন্নাইয়ে মারা গিয়েছেন সতেরো জন। ঘূর্ণিঝড়ের জেরে অস্বাভাবিক বেশি পরিমাণে বৃষ্টি হয়েছ চেন্নাই ও তামিলনাড়ুতে। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশও। ৭৭০ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ১৯৪টি গ্রামের ৪০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত ২৫টি গ্রাম।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: শিশুকে ধর্ষণ করে খুন! এই প্রথম ফাঁসির নির্দেশ দিল বারুইপুর আদালত

    South 24 Parganas: শিশুকে ধর্ষণ করে খুন! এই প্রথম ফাঁসির নির্দেশ দিল বারুইপুর আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছিল এক যুবক। এর পরেই পকসো-সহ একাধিক ধারায় মামলা শুরু হয় অভিযুক্তের বিরুদ্ধে। মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করে আদালত। এ দিন ফাঁসির নির্দেশ দেন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বারুইপুর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (১) সন্দীপকুমার মান্না। আদালত সূত্রে জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত ওই যুবকের নাম আজগর আলি খাদি মুন্সারি (৩৮)। আজগরের আইনজীবী বিপ্লব রায়মণ্ডল বলেন, আজগর নির্দোষ। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।

    ঠিক কী ঘটনা ঘটেছিল? (South 24 Parganas)

    আদালত সূত্রে জানা গিয়েছে, খুন হওয়া শিশুর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নরেন্দ্রপুর থানা এলাকায়। ধর্ষণ করে খুন করা শিশুর বাবার সহকর্মী ছিল সাজাপ্রাপ্ত আজগর। এলাকাতেই একটি প্রকল্পে কাজ করত সে। সেই সূত্রে বাচ্চাটির বাড়িতে যাতায়াত ছিল আজগরের। তার বাড়িও নরেন্দ্রপুর থানা এলাকাতেই। ২০১৯ সালের ১৫ জুলাই ঘটনার দিন আজগর বছর ছয়েকের ওই শিশুটির বাড়িতে গিয়ে তাকে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কোলে করে তুলে নিয়ে যায়। এরপরে প্রকল্পের পাঁচিল-ঘেরা একটি জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে খুন করে সে। পরে জঙ্গলে দেহ ফেলে পালিয়ে যায়। আজগর যখন বাড়ি থেকে শিশুটিকে কোলে নিয়ে বেরোচ্ছিল, তখন তা চোখে পড়ে যায় এক জনের। মেয়ের খোঁজ না পেয়ে তাই তার মা-বাবা ওই যুবকের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক ছিল আজগর। তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান এলাকাবাসী। শেষমেশ ঘটনার ছ’দিন পর ২১ জুলাই আজগরকে গ্রেফতার করে পুলিশ। সে দিনই তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে শিশুটির দেহ উদ্ধার করা হয়।

    সরকারি আইনজীবী কী বললেন?

    সরকারি আইনজীবী রুনুরাজ মণ্ডল বলেন, শিশুকে ধর্ষণ করে খুনের অপরাধে ফাঁসিই উপযুক্ত সাজা। আদালতের রায়ে আমরা খুশি। বারুইপুর আদালতে পকসো মামলায় এই প্রথম ফাঁসির আদেশ হল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: বিজেপির পঞ্চায়েত অফিস ভাঙচুর! পুলিশকে সময় বেঁধে দিলেন শুভেন্দু

    Suvendu Adhikari: বিজেপির পঞ্চায়েত অফিস ভাঙচুর! পুলিশকে সময় বেঁধে দিলেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত তাণ্ডব চালানোর ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বুধবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) পঞ্চায়েত অফিস পরিদর্শন করেন। তৃণমূলের হামলার বিরুদ্ধে প্রতিবাদ সভা করা হয়। সেখানে তৃণমূল এবং পুলিশকে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা।

    তৃণমূলকে তোপ শুভেন্দুর (Suvendu Adhikari)  

    প্রতিবাদ সভা থেকে শুভেন্দু (Suvendu Adhikari)  বলেন,  সরকারি পঞ্চায়েত অফিস কীভাবে তৃণমূলের কর্মী সমর্থকরা ভেঙেছে তা আপনারা দেখেছেন। পুলিশ প্রশাসনের উদ্দেশে জানিয়েছেন, সোমনাথবাবু ও স্থানীয় তৃণমূল কর্মী জাকিরের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে থানার সামনে বিক্ষোভ হবে। গুন্ডাদের কীভাবে সোজা করতে হয় জানি। এবারের পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়ে তৃণমূলদের এই পঞ্চায়েত থেকে তাড়িয়েছেন। সোমনাথ একটা ডাকাত কুড়ি কোটি টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে। ভারত সরকারের ব্যাঙ্কে কোটি কোটি টাকা অনাদায়ী হয়ে রয়েছে সবই জানা। এখানকার তৃণমূলীদের বলছি, জনগণের পঞ্চায়েত গড়ে তুলুন। প্রধান-উপপ্রধানদের সাহায্য করুন মানুষের সেবার জন্য। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করবেন। সেই সঙ্গে তিনি জানান, এই পঞ্চায়েতকে যারা কালিমালিপ্ত করল গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করে পুনরায় পঞ্চায়েতের কাজকর্ম শুরু করুন।

    পুলিশকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা

    শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, তমলুক থানাকে বলছি তিনদিনের মধ্যে সোমনাথ, জাকিরের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় বিক্ষোভ হবে। কীভাবে এই গুন্ডাদের জব্দ করতে হয় তা আমরা জানি। ভাঙচুরের বিরুদ্ধে লঘু ধারায় মামলা দায়ের করা হয়েছে।  পঞ্চায়েত অফিসের চেয়ার, টেবিল ভাঙচুরের ছবি তোলা হয়েছে।  পুলিশ একটা জামিনযোগ্য ধারায় এফআইআর করেছে। সরকারি অফিস চলাকালীন ভাঙচুর করলে কী ধারা যোগ করতে হয় মমতা পুলিশ না জানলেও  সিআরপিসি , আইপিসিতে সেই বিষয়ে লেখা রয়েছে। প্রয়োজনে ধারা যোগ করার জন্য আদালতে যাব।

    তৃণমূলের সভা থেকে পঞ্চায়েত অফিসে হামলা!

    প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখল থেকে বিজেপির দখলে এনেছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাই ১০০ দিনের কাজের টাকা কেন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, এই ইস্যু তুলে পঞ্চায়েত অফিসের সামনে তৃণমূলের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ওই প্রতিবাদ সভায় জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও এলাকার তৃণমূলের প্রভাবশালী নেতা সোমনাথ বেরা উপস্থিত ছিলেন। তৃণমূল নেতার উস্কানিমূলক বক্তব্যের পর প্রায় ২০০ জন কর্মী ওই অঞ্চলের বিরোধী দলনেতা জাকির হোসেনের নেতৃত্বে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে হামলা চালায়। অঞ্চল অফিসের চেয়ার টেবিল থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট করে দেওয়া হয়। তাণ্ডবে এলাকার পাশের দোকানদাররা পর্যন্ত দোকান বন্ধ করে দিয়ে ছুটে পালান। উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের ভিতরে সরকারি কর্মীরা কাজ করছিলেন। সেই সময় শাসক দলের কর্মীদের আক্রমণে তাঁরাও হেনস্তার শিকার। মঙ্গলবার রাত তমলুক থানায় অভিযোগ দায়ের করা হয়।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jhalda: ডিভিশন বেঞ্চের নির্দেশ, ঝালদা পুরসভায় এখনই হচ্ছে না আস্থাভোট

    Jhalda: ডিভিশন বেঞ্চের নির্দেশ, ঝালদা পুরসভায় এখনই হচ্ছে না আস্থাভোট

    মাধ্যম নিউজ ডেস্ক: আদালতের নির্দেশ মেনে ৮ ডিসেম্বর পুরুলিয়ার ঝালদা (Jhalda) পুরসভায় আস্থা ভোট হওয়ার কথা ছিল। জেলা শাসকের উপস্থিতি এই ভোট করানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিংহ। কিন্তু, বুধবার সেই নির্দেশ খারিজ করে দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আদালতের নতুন নির্দেশ মেনে আগামী ৮ ডিসেম্বর পুরসভায় আস্থাভোট হচ্ছে না। 

    আস্থাভোট নিয়ে ডিভিশন বেঞ্চের কী পর্যবেক্ষণ? (Jhalda)

    ঝালদা (Jhalda) পুরসভার চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে জোড়া মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। মামলা করেছিলেন কংগ্রেস কাউন্সিলার পূর্ণিমা কান্দুও। পাঁচজন তৃণমূল কাউন্সিলার এবং দু’জন কংগ্রেস কাউন্সিলার পৃথক ভাবে মামলা দায়ের করেছিলেন। সেই মামলাতেই বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দিয়েছিলেন, আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ঝালদা পুরসভায় জেলাশাসকের উপস্থিতিতে আস্থাভোট করাতে হবে। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে তা নিয়ে রিপোর্টও দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। বুধবার বিচারপতি সিংহের সেই নির্দেশকে খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। বেঞ্চ জানায়, চেয়ারপার্সন অপসারণের পৃথক এবং নির্দিষ্ট নিয়ম রয়েছে। চেয়ারপার্সনকে অপসারণের ক্ষেত্রে সেই নিয়মই মেনে চলতে হবে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আদালত এই বিষয়ে আস্থাভোট করানোর নির্দেশ দিতে পারে না। পুরসভায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। সে ক্ষেত্রে পুরসভা যদি মনে করে, আস্থাভোট করানো প্রয়োজন, তা হলে তা-ই হবে।

    প্রসঙ্গত, ঝালদা (Jhalda) পুরসভায় মোট ১২টি আসন। ৫টি করে আসন জেতে কংগ্রেস এবং তৃণমূল। নির্দল পায় ২টি আসন। কে পুরবোর্ড গঠন করবে সেই নিয়ে দড়ি টানাটানি চলছে। ২০২২ সালে ২১ নভেম্বর আস্থাভোট হয় ঝালদা পুরসভায়। সেখানে নির্দলের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে কংগ্রেস। তবে, কংগ্রেস বোর্ড গঠন করার আগেই মামলা হয় হাইকোর্টে। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে এর আগে শীলা চট্টোপাধ্যায় ঝালদা পুরসভার চেয়ারম্যান হয়েছিলেন। চেয়ারম্যানকে  সরাতে চেয়ে তৃণমূল ও কংগ্রেস দুই পক্ষই আদালতে যায়। তবে, এবার আস্থাভোট না করার নির্দেশ দিল হাইকোর্ট।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Raiganj:  বিশ্ববিদ্যালয়ে বিজেপি করা যাবে না, অধ্যাপককে নিদান তৃণমূল নেতার

    Raiganj: বিশ্ববিদ্যালয়ে বিজেপি করা যাবে না, অধ্যাপককে নিদান তৃণমূল নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: এক অধ্যাপকের দিকে মারমুখী হয়ে তেড়ে যাওয়া ও গালিগালাজ করার অভিযোগ উঠল এক অশিক্ষক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই অশিক্ষক কর্মী তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সভাপতি। বুধবার এ ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ (Raiganj) বিশ্ববিদ্যালয় চত্বরে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Raiganj)

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে রায়গঞ্জ (Raiganj)  বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক দেবাশিস বিশ্বাস ক্যাম্পাসে এক অশিক্ষক কর্মীর সঙ্গে কথা বলছিলেন। সেই সময় হঠাৎই বিশ্ববিদ্যালয়ের তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সভাপতি তপন নাগ এসে ওই অশিক্ষক কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। তার প্রতিবাদ করতে গেলে অধ্যাপক দেবাশিস বিশ্বাসের দিকে মারমুখী হন, পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন বলে অভিযোগ। বিজেপি, আরএসএস ইউনিট বিশ্ববিদ্যালয়ে খোলা যাবে না বলে তৃণমূলের ওই নেতা অধ্যাপককে প্রকাশ্যে হুমকি দেন। পরবর্তীতে বচসা ক্রমশ বাড়লে উত্তেজনার সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় চত্বরে। চিৎকার চেঁচামেচি শুনে অন্যান্য অধ্যাপকরা ছুটে আসেন। অধ্যাপকদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় চত্বরে। এবং এ হেন আচরণ কাম্য নয় বলেই মনে করছেন শিক্ষা মহল।

    অধ্যাপক কী বললেন?

    অধ্যাপক দেবাশিস বিশ্বাস বলেন, আমি এক অশিক্ষক কর্মীর সঙ্গে কথা বলছিলাম। সেই সময় তৃণমূল নেতা তপন নাগ এসে প্রথমে সেই অশিক্ষক কর্মীকে উল্টোপাল্টা  কথা বলা শুরু করে এবং হুমকি দেয়। তার আমি প্রতিবাদ করলে আমার দিকে মারমুখী হয় ও গালিগালাজ শুরু করে। যা কোনও ভাবেই কাম্য নয়।

    অভিযুক্ত তৃণমূল নেতা কী সাফাই দিলেন?

    নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন অভিযুক্ত তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সভাপতি তপন নাগ। তিনি বলেন, এক সহকর্মীর সঙ্গে গল্প করার সময় ওই অধ্যাপক আমাকে বাজে কথা বলেন। আমি তার শুধু প্রতিবাদ করেছি। আর কিছু করিনি। তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share