Tag: West Bengal

West Bengal

  • Bangladesh Crisis: বাংলাদেশে ভাঙা পড়েছে বঙ্গবন্ধুর মূর্তি, ‘মানা যায় না’, বলছে ভাষা-শহিদের পরিবার

    Bangladesh Crisis: বাংলাদেশে ভাঙা পড়েছে বঙ্গবন্ধুর মূর্তি, ‘মানা যায় না’, বলছে ভাষা-শহিদের পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত বাংলাদেশ (Bangladesh Crisis) । দগ্ধে পুড়ছেন ভাষা শহিদের পরিবার। হুগলির কোন্নগরের গঙ্গাপারের সেই বাড়িটিতেই যত্নে রাখা রয়েছে সফিউর রহমানের ছবি। যে সফিউর ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি উর্দু আগ্রাসনের বিরুদ্ধে বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছিলেন ঢাকার রাজপথে। যে ১৪ জন সে দিন শহিদ হয়েছিলেন, তাঁদের মধ্যে হুগলির (Hooghly) কোন্নগরের সফিউর অন্যতম। তাঁরই ছবি আঁকড়ে রয়েছেন তাঁর খুড়তুতো ভাই আহসানুর রহমান এবং বোন সেতারা খাতুন।

    কোন্নগরের পড়াশুনা করেছিলেন সফিউর (Bangladesh Crisis)

    পরিবার সূত্রে জানা গিয়েছে, সফিউর জন্মেছিলেন কোন্নগরেই। পড়াশোনা কোন্নগর উচ্চ বিদ্যালয়ে। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি পাশ করে কলকাতা মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়া। ১৯৪৭ সালে স্বাধীন হয়েছিল ভারত। দেশভাগের সেই পর্বেই সফিউরের বাবা মাহবুবর রহমান পরিবার নিয়ে চলে যান ঢাকায় (Bangladesh Crisis) । তিনি ছিলেন বিচারক। ঢাকা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কর্মরত ছিলেন। দাদা সফিউর রহমানও বাবার সঙ্গেই চলে গিয়েছিলেন ঢাকায়। পরবর্তীতে দাদা জড়িয়ে পড়েন ভাষা আন্দোলনের সঙ্গে।

    আরও পড়ুন: ‘‘হিন্দুদের ওপর, মন্দিরে হামলায় উদ্বিগ্ন’’, বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়া ইজরায়েলের

    যত্নে রাখা রয়েছে সফিউর রহমানের ছবি

    হুগলির কোন্নগরের আহসানুরদের বাড়ির নোনা-ধরা দেওয়ালের গায়ে অনেক ইতিহাস। তাতে জুড়ে আছে ১৯৫২ সালের ভাষা আন্দোলন। জুড়ে আছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, ত্রৈলোক্যনাথ মিত্র। ৩০০ বছরের পুরনো বাড়িটির গায়ে অভাবে অযত্নের ছাপও স্পষ্ট। গঙ্গাপারের সেই বাড়িটিতেই যত্নে রাখা রয়েছে সফিউর রহমানের ছবি। শহিদ সফিউরের ছবি হাতে নিয়েই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তাঁরা। পরিবারের অসাম্প্রদায়িক ঐতিহ্য বোঝাতে গিয়ে আহসানুর বলেন, কোন্নগরের বিশিষ্ট পণ্ডিত ত্রৈলোক্যনাথ মিত্রের বাড়ির দুর্গাপুজোয় পঞ্চমীর দিন কর্তা হয়ে যেতেন রহমান পরিবারের লোকজন। অদূরেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। সে জমিও এককালে ছিল রহমান পরিবারের হাতে। শরিকি ঝামেলায় কিছু বদলায়নি। এখনও এই জীর্ণ বাড়িতে (Hooghly) বিদ্যুতের বিল আসে শহিদ সফিউরের বাবা মাহবুবর রহমানের নামে। ৬ বিঘা ১ কাঠা ১০ ছটাক জায়গা রহমান পরিবারের।

    …তাই বলে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হবে?

    খুড়তুতো ভাই আহসানুর বলেন, “মুজিবর রহমান যে দলেরই হোন, বাংলাদেশের মানুষের এটা জানা উচিত যে তিনি স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জনক। সরকার পছন্দ না হলে আন্দোলন করুক। কিন্তু, তাঁর স্মৃতিতে হামলা, মেনে নেব কী করে! জানি, হাসিনা স্বেচ্ছাচার চালিয়েছেন। জানি, মানুষের কোনও গণতান্ত্রিক অধিকার ছিল না। কিন্তু তাই বলে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হবে?” মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চাইছে কারা? কারা ভাষা শহিদদের অসম্মান করছে? প্রশ্নের জবাবে আহসানুর বলেন, “দেখে মনে হচ্ছে, ওই আন্দোলনে মৌলবাদীরা ঢুকে পড়েছে। সেটাই সবচেয়ে ভয়ের। শেখ হাসিনা যে ভাবে সরকার চালিয়েছেন, তাতে তাঁর শাস্তি প্রাপ্যই ছিল।”

    কেন ঘা পড়ল ভাষা শহিদদের স্মৃতিস্তম্ভে? কেন মলিন করে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস? ভাষা শহিদের পরিবারের মতে, “মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কখনও বাংলাদেশের কথা ভাবা যায় না! একটা অংশ ইতিহাস মুছতে চাইছে। আশা করি, বাংলাদেশ এই অশুভ সময় কাটিয়ে উঠবে। মাতৃভাষার অধিকার দাবি করে প্রাণ দিয়েছিলেন আমার দাদা। পরবর্তীতে বঙ্গবন্ধুর নেতৃত্বে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ (Bangladesh Crisis) রাষ্ট্র। সেখানে আজ ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি। এ দৃশ্যও দেখতে হল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ranaghat: ব্রহ্মডাঙা থেকে রানাঘাট! নামকরণের পিছনে লুকিয়ে রয়েছে রোমহর্ষক কাহিনি

    Ranaghat: ব্রহ্মডাঙা থেকে রানাঘাট! নামকরণের পিছনে লুকিয়ে রয়েছে রোমহর্ষক কাহিনি

    হরিহর ঘোষাল

    মাধ্যম নিউজ ডেস্ক: শিয়ালদা-কৃষ্ণনগর লাইন দিয়ে ট্রেনে যেতে যেতে সকলেরই নজরে পড়ে রানাঘাট (Ranaghat) স্টেশন। এই স্টেশনের বুক চিড়ে প্রথম ট্রেন গেদে হয়ে কুষ্টিয়া (বাংলাদেশ) চলে গিয়েছিল। বহু ইতিহাসের সাক্ষী এই শহর। নদিয়া জেলার অন্যতম প্রাচীন জনপদ রানাঘাট। বহু মনীষীর স্মৃতি জড়িয়ে রয়েছে এই রানাঘাটে। স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা পালন করেছিলেন রানাঘাটেরই বীর সন্তানেরা। রানাঘাট রত্নগর্ভা এক বনেদি শহর। লিককের পথ ধরে তাই অনায়াসেই বলা যায়, “যার আছে পুঁজিপাট, সে থাকে রানাঘাট”। পুঁজি মানে অর্থের পুঁজি শুধু নয়, শিক্ষা সংস্কৃতি, কৃষ্টি, আভিজাত্য, ইত্যাদি সব কিছুতে পুঁজিপতি মানুষ আছেন নদিয়ার (Nadia) রানাঘাটে।

    ব্রহ্মডাঙা থেকে রানাঘাট! (Ranaghat)

    রানাঘাট শহরের নাম নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে, কোনটা প্রামাণ্য, তা সঠিকভাবে জানা যায়নি। একটি সূত্রে পাওয়া গিয়েছে, এক সময় রানাঘাটের নাম ছিল ব্রহ্মডাঙা। মুঘল সম্রাট আকবরের রাজস্ব সচিব রানা টোডরমল তৎকালীন ব্রহ্মডাঙায় জমি জরিপের কাজে এসেছিলেন বলে ব্রহ্মডাঙার নাম রানাঘাট হয়ে গিয়েছিল। ইতিহাসবিদ প্রিঙ্গিলের দাবি, অষ্টাদশ শতাব্দীতে রণ বা রানা নামে এক দুধর্ষ ডাকাত এই এলাকাকে তাঁর ঘাঁটিতে পরিণত করেন। সেই ডাকাত রানার নামেই রানাঘাট। এই তথ্যটিকে বেশির ভাগ মানুষ সঠিক বলে মনে করেন। আবার নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্রর দ্বিতীয় রানির বাড়ি রানাঘাট সংলগ্ন নোকাড়ি গ্রামে ছিল। তাই রানির ঘাট থেকেও রানাঘাট হতে পারে।

    রানাঘাটে রবীন্দ্রনাথ

    জানা গিয়েছে, কবি নবীনচন্দ্র সেন রানাঘাটের (Ranaghat) মহকুমা শাসক থাকাকালীন ১৮৯৪ সালের ৪ সেপ্টেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং তাঁর বাংলোয় এসেছিলেন। সেই স্মৃতি আঁকড়ে ফি-বছর ওই তারিখে এখনও কবিমিলন  উৎসব হয় রানাঘাটের মহকুমা শাসকের বাংলোয়। রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত-শিক্ষাগুরু বিষ্ণুচরণ চক্রবর্তী রানাঘাটের কায়েতপাড়ায় জন্মেছিলেন। রাজা রামমোহন রায় তাঁকে ব্রাহ্মসমাজের গায়ক হিসেবেও নিয়েছিলেন। বিদ্যাসাগরের পৃষ্ঠপোষকতায় পন্ডিত কালীময় ঘটকের ‘চরিতাষ্টক’ বই এক সময় স্কুলের পাঠ্যপুস্তক হয়েছিল। কালীময়ের শিক্ষাজীবন শুরু হয়েছিল এখানকার ‘গুরুমশাই’ পাঠশালায়। নদিয়া বিষয়ক প্রামাণ্য একটি বই ‘নদিয়া কাহিনী’। এই আকর গ্রন্থটির লেখক কুমুদনাথ মল্লিক রানাঘাটের সুসন্তান। এখনকার কবি জয় গোস্বামীর নিজের শহর রানাঘাট। সব মিলিয়ে গুণী মানুষের ভিড় ও বনেদিয়ানায় সমৃদ্ধ এ শহর।

    রানাঘাটে রামকৃষ্ণ!

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব একবার রানাঘাটের (Ranaghat) চূর্ণী তীরবর্তী কলাইঘাটায় এসেছিলেন। রানি রাসমণির জামাতা মথুরচন্দ্র বিশ্বাসকে নিয়ে তিনি আদিবাসী অধ্যূষিত কলাইঘাটা বটতলায় যান। স্বাভাবিকভাবেই গ্রামবাসীরা ঠাকুরকে দেখতে সেখানে সমবেত হন। তিনি শিশুদের হতদরিদ্র রূপ দেখে ব্যথিত হন। ঠাকুর মথুরচন্দ্রকে বলেন, যতক্ষণ পর্যন্ত এদের অন্ন এবং পোশাকের ব্যবস্থা না হচ্ছে, বটগাছের নীচে তিনি বসে থাকবেন। মথুরবাবু ঠাকুরের কথামতো অসহায় শিশুদের জন্য অন্নবস্ত্রের ব্যবস্থা করেন। ঠাকুর তাতে খুশি হয়ে মথুরবাবুর সঙ্গে কলকাতায় ফিরে আসেন। রামকৃষ্ণ ভক্তরা এই তীর্থস্থানে একটি রামকৃষ্ণ স্মৃতিভবন নির্মাণের চেষ্টা করেছিলেন। কিন্তু কিছু মানুষের বিরোধিতায় সেটা সফল হয়নি। বর্তমানে কলাইঘাটার প্রায় বিপরীত দিকে অবকাশ পার্কের কাছে রামকৃষ্ণ ভক্তবৃন্দের অনুরোধে রানাঘাট পুরসভার উদ্যোগে ভবন তৈরি করা হয়েছে। নাম দেওয়া হয়েছে, রামকৃষষ্ণালয়।

     রানাঘাট পুরসভার অতীত-বর্তমান

    ১৮৬৪ খ্রিস্টাব্দের ২১ সেপ্টেম্বর রানাঘাট (Ranaghat) পুরসভার প্রতিষ্ঠা হয়। শুরুতে ১৪ জন কমিশনার ছিলেন। তাঁদের মধ্যে ৯ জনই মনোনীত। পদাধিকার বলে ৫ জন পুরসভার কার্যনির্বাহক সমিতির সদস্য হন। পুরসভার গৃহীত উপবিধি অনুমোদন করতেন লেফটেন্যান্ট গভর্নর। এখন পুরসভার কাউন্সিলররা সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হন। রানাঘাট মহকুমার মধ্যে শান্তিপুর পুরসভা রানাঘাটের থেকেও পুরানো। জেলার প্রথম পুরসভা শান্তিপুর ১৮৫৩ সালে তৈরি হয়। এর ১১ বছর পর রানাঘাট পুরসভার প্রতিষ্ঠা।

    রানাঘাটের রসগোল্লা

    রসগোল্লার উদ্ভাবক কে? বিরোধ শুধু বাংলা-ওড়িশায় নয়, বিরোধ বাংলার মধ্যেও। বাগবাজারের নবীনচন্দ্র দাসকেই রসগোল্লার উদ্ভাবক বলে ধরা হয়। ১৮৬৮ সালে নবীনচন্দ্র রসগোল্লা তৈরি করেন। কিন্তু অনেকের মতে, রসগোল্লার আসল উদ্ভাবকের নাম হারাধন মণ্ডল। হারাধন মণ্ডল শান্তিপুরের ফুলিয়ার মানুষ। রানাঘাটের পালচৌধুরীদের হালুইকর ছিলেন। তিনিই রসের মধ্যে ছানার ডেলা ফেলে একটি অভিনব মিষ্টান্ন প্রস্তুত করেন। পালচৌধুরীরা তার নাম দেয় রসগোল্লা। রসগোল্লা ছাড়া, রানাঘাটে অনেক কাল ধরে চলে আসা মিষ্টান্ন দ্রব্যের মধ্যে রয়েছে পান্তুয়া, গজা, অমৃতি প্রভৃতি।

     রানাঘাটের সংস্কৃতি

    রানাঘাট শহরে এক সময় প্রতিটি বাড়িতে সন্ধ্যাপ্রদীপ প্রজ্বলনের মতো সঙ্গীতের রেওয়াজ হত। মার্গ সঙ্গীতের পীঠস্থান ছিল রানাঘাট। মূলত, পালচৌধুরী পরিবারের পৃষ্ঠপোষকতায় এবং পালচৌধুরীদের সভাগায়ক নগেন্দ্রনাথ ভট্টাচার্যের উদ্যোগে দেশ-বিদেশের উচ্চাঙ্গ শিল্পীদের মিলনমেলায় পরিণত হত। শ্রীজান বাঈ, দিলজান, ইমন বাঈ, লালাকুন্দ, আহম্মদ খাঁ সাহেবের মতো উত্তর ভারতের সেরা গায়কেরা এই আসরে নিয়মিত আসতেন। এই ভাবেই নগেন্দ্রনাথ ভট্টাচার্য তাঁর দুই প্রখ্যাত শিষ্য নগেন্দ্রনাথ দত্ত ও নির্মলকুমার চট্টোপাধ্যায়কে নিয়ে রানাঘাট ঘরানার জন্ম দেন। নিধুবাবু প্রবর্তিত বাংলা টপ্পা ধারার সঙ্গে লখনউ ঘরানার মিলনে এক বিশেষ টপ্পা ধারার সৃষ্টি হয়। এই ঘরানার পরবর্তী বিখ্যাত শিল্পী ছিলেন শিবকুমার চট্টোপাধ্যায় এবং ডাঃ অঞ্জলি মুখোপাধ্যায়। নগেন্দ্রনাথ দত্তের শিষ্য ছিলেন ভীষ্মদেব চট্টোপাধ্যায়।

     রানা ডাকাতের কালীমন্দির

    রানাঘাটের দ্রষ্টব্য স্থানগুলি হল-পালচৌধুরীদের পূর্বতন ভদ্রাসনের প্রাচীরের মধ্যে একই ভিতের উপর প্রতিষ্টিত জোড়া শিবমন্দির। মন্দিরে টেরাকোটার কাজ আছে। চূর্ণী নদীর তীরে বড়বাজারে জগন্নাথ-সুভদ্রা-বলরামের মন্দির। জমিদার রতন পালচৌধুরীর বিধবা পত্নী উজ্জ্বলমণি দাসীর প্রচেষ্টায় ৯৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত নিস্তারিণী মন্দির, রানা ডাকাতের প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরী কালী মন্দির রয়েছে। সেখানে পুরানো ঐতিহ্য মেনেই পুজো হয়। এছাড়া রানাঘাট শহরের স্কুলমোড়ে প্রতিষ্ঠিত চিন্ময়ী ও মৃন্ময়ী মন্দির, ব্রজবল্লভ মন্দির জহুরা কালীবাড়ি এবং রাধাবল্লভ মন্দির রয়েছে।

    এশিয়ার প্রথম রবীন্দ্র ভবন রানাঘাটে!

    এশিয়ার প্রথম রবীন্দ্র ভবন তৈরি হয়েছিল এই শহরে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম-সহ বিশিষ্ট মনীষীদের পদধূলিতে ধন্য হয়েছে এই শহর। সঙ্গীত, নাটকের পাশাপাশি খেলাধুলাও সুনাম কুড়িয়েছে রানাঘাট। এই শহরের প্রথিতযশা মানুষদের মধ্যে রয়েছেন রবীন্দ্র জীবনীকার প্রভাতকুমার মুখোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষাবিদ পণ্ডিত কালীময় ঘটক, নদিয়া (Nadia) কাহিনীর রচিয়তা রায়বাহাদুর কুমুদনাথ মল্লিক,কলকাতার প্রাক্তন মেয়র সন্তোষকুমার বোস, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য ভবতোষ চট্টোপাধ্যায় প্রমুখ। 

    রানাঘাটে সংবাদপত্র

    ব্রিটিশদের সময় রানাঘাটে সংবাদপত্র প্রকাশিত হতে শুরু করে। কবি গিরিজানাথ মুখোপাধ্যায়ের হাত ধরে ১৮৯৯ সালে প্রকাশিত হয় ‘বার্তাবহ’। রানাঘাট রেল স্টেশন কাছে গিরিজানাথের পত্রিকা অফিসে বসত সাহিত্য-আড্ডা। নানা সময়ে এই শহর থেকে পল্লিচিত্র, অশনি, ছাত্রবাণী, ফ্ল্যাশ, খেলাধূলা, শ্রমিক ও সমাজ, টর্চ, সীমান্তবাণী, বাংলা বাজার, ঝড়, ফ্লিক, চ্যালেঞ্জ, সবুজসোনা, চুর্ণী, নদিয়া গৌরব, রাতু-সহ বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ পেয়েছিল।

    স্বাধীনতা সংগ্রামে রানাঘাট

    বিশিষ্ট শিক্ষাবিদ নন্দিনী বন্দ্যোপাধ্যায় বলেন, “স্বাধীনতা আন্দোলনের ইতিহাসেও জড়িয়ে রয়েছে রানাঘাটের নাম। নীলবিদ্রোহ, স্বদেশি আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনেও যোগ দিয়েছিলেন রানাঘাটের মানুষ। অসহযোগ আন্দোলনে শিবচন্দ্র চট্টোপাধ্যায়, কেশবচন্দ্র মিত্র, নেপালচন্দ্র বন্দোপাধ্যায়, রেণুমাধব দাস, শিশিরকুমার বসু, চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে সহায়রাম দাস, ভারত ছাড়ো আন্দোলনে অসীমকুমার মজুমদার, বিমলকুমার চট্টোপাধ্যায়, নৃসিংহ চৌধুরী, কুমারেশ বিশ্বাস, মহ হবিবুল্লহ, মহম্মদ কালু শেখ, শ্রীধর মুখোপাধ্যায়,পটল মুস্তাফি-সহ অনেকেই রয়েছেন সেই তালিকায়।” সব মিলিয়ে এক উজ্জ্বল ঐতিহ্য রয়েছে রানাঘাটের। আর সেই ঐতিহ্যকে সমানে আগলে চলেন রানাঘাটবাসী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: অশান্ত বাংলাদেশ! ঘরে ফিরতে না পেরে চরম উদ্বেগে ভারতে আসা বাংলাদেশিরা

    Bangladesh Crisis: অশান্ত বাংলাদেশ! ঘরে ফিরতে না পেরে চরম উদ্বেগে ভারতে আসা বাংলাদেশিরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে (Bangladesh Crisis) ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। দেশ ছেড়েছেন তিনি। অগ্নিগর্ভ পরিস্থিতি এখন ওপার বাংলায়। চরম আতঙ্কে আর উদ্বেগে রয়েছেন কলকাতায় আসা বাংলাদেশি নাগরিকরা (Bangladeshis in India)। ঘন ঘন পরিবারের লোকজনের সঙ্গে তাঁরা যোগাযোগ করছেন। অনেকে আবার অস্থির পরিস্থিতির মধ্যেও দেশে ফেরার তোড়জোড় শুরু করেছেন। অনেকে আবার বাড়ি না ফিরতে পেরে চরম দুশ্চিন্তায় রয়েছেন।

     ভারতে চরম উদ্বেগে রয়েছেন বাংলাদেশি পড়ুয়ারা (Bangladesh Crisis)

    গুজরাটের বরোদায় মহারাজা সয়াজিরাও বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে পড়তে এসেছেন এক পড়়ুয়া। স্নাতকোত্তর পারফর্মিং আর্টস বিভাগের ওই ছাত্র বলেন, “মাসখানেক ধরেই দেশের অবস্থা খারাপ। তবে, সোমবারের পর থেকে দেশের (Bangladesh Crisis) পরিস্থিতি নিয়ে বার বার খোঁজ নিচ্ছি। দেশে আমাদের এলাকায় আক্রমণের মুখে পড়ছেন মূলত আওয়ামি লিগের সমর্থকরা। আমাদের এলাকার লোকজন চরম আতঙ্কের মধ্যে রয়েছে। বাড়ি ফেরার পরিস্থিতি এখন নেই। ফলে, ফোনেই পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক বাংলাদেশি ছাত্রী বলেন, ‘‘আমার বাড়ি ফরিদপুরে। বাড়িতে ফোন করে জানতে পারি, প্রায় একশো জনের বাইকবাহিনী আমাদের পাড়ায় ঘুরছে, ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আতঙ্কে সারা রাত ঘুমোতে পারিনি। আমার কলেজ শিক্ষক বাবাকে জামাতপন্থী এক সহকর্মী জানিয়েছেন, ভয় পাবেন না। প্রয়োজনে বাবার সহকর্মীর বাড়িতে গিয়ে পরিবার থাকতে পারে বলে তিনি আশ্বাস দিয়েছেন। আমার বাবাকে ওই সহকর্মী আরও জানিয়েছেন, পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আপাতত কয়েক দিন তিনি যেন তাঁর সঙ্গেই কলেজে যাতায়াত করেন।’’

    আরও পড়ুন: বাংলাদেশে ইস্কনের মন্দির ভাঙচুর, ছত্রখান বিগ্রহও

    চিকিৎসা করাতে এসে বিপাকে বাংলাদেশিরা!

    স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে বাংলাদেশ (Bangladesh Crisis) থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসেছেন প্রায় ৩০০-রও কাছাকাছি মানুষ। যার মধ্যে কিছুজন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। শীঘ্রই তাদের মধ্যে কাউকে ছুটিও দেওয়া হবে। যদি চিকিৎসাধীনদের কোনও সমস্যা হয়, তবে হাসপাতাল কর্তৃপক্ষ ওপারে তাঁদের পড়শীদের সঙ্গে কথা বলানোর ব্যবস্থা করছে। তবে, স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ভিসা শেষ হয়ে গেলে অন্যান্য দেশের মতো হাইকমিশন সেই ব্যবস্থা নেয়। বাংলাদেশের ক্ষেত্রেও একই নিয়ম রয়েছে। দিদির চিকিৎসা করাতে সপ্তাহখানেক আগে যশোর থেকে কলকাতা এসেছেন সুরসিনা খাতুন। বর্তমানে চিকিৎসা করানো হয়ে গিয়েছে। কিন্তু, বাড়ি কি করে ফিরবেন তা নিশ্চিত নয়। তিনি বলেন, “চিকিৎসার জন্য এদেশে এসেছিলাম। এখন বাড়ি কী করে ফিরব বুঝতে পারছি না। বর্তমানে দেশে ব্যক্তিগত গাড়ি চলছে বলে শুনেছি। তবে যা পরিস্থিতি হল, তা ভালো না বলেই মনে হচ্ছে। শেখ হাসিনা দেশ ও জাতিকে ধ্বংস করে পদত্যাগ করলেন।” ফরিদপুর থেকে কলকাতায় চিকিৎসা করাতে আসা আরেক বাংলাদেশি (Bangladeshis in India) বাবুল হোসেন। তিনি বলেন, “বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে। ওরা বলছে দেশের অবস্থা ভালো নয়, চিকিৎসা করে তাড়াতাড়ি যাতে আমি ফিরে যেতে পারি, তার অনুরোধ করছে। বাস, ট্রেন সব বন্ধ। বিমানে যাওয়ার ইচ্ছা রয়েছে।”

    সীমান্তে মোতায়েন সেনা

    এদিন সকাল থেকেই বিএসএফের সঙ্গে শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্তে নজরদারি চালাতে দেখা যায় সেনা আধিকারিকদের। সীমান্তের নিরাপত্তায় দু’কোম্পানি সেনা মোতায়েন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে ওপার বাংলার (Bangladesh Crisis) পরিস্থিতি দ্রুত ঠিক হোক, এটাই চাইছেন সেখানকার সাধারণ নাগরিকরা। প্রতিদিন ফুলবাড়ি সীমান্ত দিয়ে দুই বাংলার মধ্যে সাধারণ মানুষ ও পণ্য সামগ্রীর ট্রাকের যাতায়াত লেগে থাকে। বাংলাদেশে অশান্তির কারণে বর্তমানে তা অনেকটাই ফিকে। সীমান্তের পরিবেশ থমথমে। বন্ধ বেশিরভাগ দোকানপাট।  

    আতঙ্ক নিয়ে বাড়়ি ফিরছেন বাংলাদেশিরা

    আতঙ্কের মধ্যেই ভারত ছেড়ে পরিবারের টানে বাংলাদেশে ফিরছেন এপারে থাকা বাংলাদেশিরা (Bangladeshis in India)। বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা মুস্তাক আলি বলেন, “এলাকার অবস্থা উত্তপ্ত। বাড়ির লোকজনদের জন্য চিন্তা হচ্ছে। তাই, বাড়ি ফিরতে চাইছি।” আরেক বাসিন্দা রিঙ্কি সেন বলেন, “আমাদের দেশে (Bangladesh Crisis) এখনও খুবই খারাপ অবস্থা। ওখানে পরিবার রয়েছে। ফলে, এখানে থাকলে বেশি চিন্তা হচ্ছে। তাই, বাড়ি ফেরার জন্য সীমান্তে এসেছি। সীমান্ত পার হলেই বাড়ি ফিরতে পারব কি না জানি না। যানবাহন সবই বন্ধ। তবুও, বাড়ি ফিরব। যা হওয়ার ওখানেই হবে। আতঙ্ক নিয়েই যাচ্ছি।”   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh: বঙ্গবন্ধুর খুনি সহ অজস্র বাংলাদেশি অপরাধীর আশ্রয়স্থল পশ্চিমবঙ্গ কেন? উঠছে প্রশ্ন

    Bangladesh: বঙ্গবন্ধুর খুনি সহ অজস্র বাংলাদেশি অপরাধীর আশ্রয়স্থল পশ্চিমবঙ্গ কেন? উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি আব্দুল মাজেদ ২০২০ সালে ঢাকা সংলগ্ন মিরপুর থেকে গ্রেফতার হওয়ার আগে ২২ বছর কলকাতায় লুকিয়ে ছিলেন। মাজেদের কাছে জাল ভারতীয় নথি পাওয়া যায়। পশ্চিমবঙ্গের রাজধানীতে লুকিয়ে থাকাকালীন টের পায়নি বাম কিংবা পরবর্তী মমতা প্রশাসন। মাজেদ তাঁর গ্রেফতারের সময় স্বীকার করেন, যে তিনি পশ্চিমবঙ্গে (West Bengal) লুকিয়ে ছিলেন। তবে, আত্মগোপনে থাকাকালীন তাঁর কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত জানাননি মাজেদ।

    কী ঘটেছিল ১৯৭৫ সালের ১৫ অগাস্ট (Bangladesh)

    বঙ্গবন্ধুকে হত্যা করার সময় বাংলাদেশ (Bangladesh) সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদমর্যাদার আধিকারিক ছিলেন আব্দুল মাজেদ। ১৯৭৫ সালের ১৪ অগাস্ট, মেজর সৈয়দ ফারুক রহমান, খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, মহিউদ্দিন আহমেদ, রাশেদ চৌধুরী, নুর চৌধুরী, আব্দুল মাজেদ সহ বেশ কয়েকজন সেনা আধিকারিক বেঙ্গল ল্যান্ড ল্যান্সার অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করে সেনা অভ্যুত্থান ঘটান। সেই সময় বাংলাদেশ সেনাবাহিনীর দুটি ব্যাটালিয়ন এই অভ্যুত্থানে যুক্ত ছিল বলে অভিযোগ। পরের দিন, অর্থাৎ ১৫ অগাস্ট, বঙ্গবন্ধুর পরিবারের সদস্য-সহ মোট ৩৬ জন নিহত হন। বঙ্গবন্ধু ও তাঁদের পরিবারের সকলকে হত্যার পর তাঁরা বঙ্গভবনে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকারের গঠন ঘোষণা করেন। সেই সরকারের প্রধান খন্দকার মুস্তাক আহমেদকে ঘোষণা করা হয়। এরপর জেলবন্দি আওয়ামি লীগের চার নেতা আবুল হাসনাত, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দীন আহমেদকেও তাঁরা হত্যা করা হয়।

    বঙ্গবন্ধু সহ বাকিদের হত্যা মামলার বিচার প্রক্রিয়া

    ১৯৯৮ সালে শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ঢাকার দায়রা জজ আদালত ১৫ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। ২০০১ সালে, হাইকোর্ট তিনজনকে বেকসুর খালাস করে। ২০০৯ সালে পলাতক অবস্থাতেই মাজেদের মৃত্যুদণ্ড ফের কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। ২০১০ সালে, মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করা পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যদিও সেই সময় পলাতক থাকার কারণে আবদুল মাজেদ শাস্তি কার্যকর করা যায়নি। তিনি সেই সময় আত্মগোপন করে কলকাতায় ছিলেন। ২৩ বছর ধরে কলকাতায় আত্মগোপন করার পর ২০২০ সালে তিনি লুকিয়ে বাংলাদেশে (Bangladesh) আসেন মুজিব হত্যাকারী আবদুল মাজেদ। এরপরেই খবর পেয়ে বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রানজ্যাকশনাল ক্রাইম বিভাগ তাঁকে ২০২০ সালের ৭ এপ্রিল মিরপুর সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাঁকে ঢাকা সেন্ট্রাল জেলে পাঠানো হয়। ২০২০ সালের ১২ এপ্রিল আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়।

    অপরাধীদের আশ্রয়দাতা কারা?

    আবদুল মাজেদ একা নন। অতীতে, আরও অনেক ঘাতক ও দাগী অপরাধী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। নুর চৌধুরী নামে একজন কানাডায় এবং রাশেদ চৌধুরী নামে একজন যুক্তরাষ্ট্রে গেছেন। দুজনেই বাংলাদেশে মোস্ট ওয়ান্টেড ছিলেন এবং তাঁদের বিচার এখনও হয়নি। এদের মধ্যে নুর চৌধুরী চৌধুরী সেই ব্যক্তি যিনি বঙ্গবন্ধুকে গুলি করেছিলেন।

    পদ্মশ্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজি সাজ্জাদ আলি জহিরের মতে, বাংলাদেশ (Bangladesh) সেনাবাহিনীতে দায়িত্ব পালন করা একজন অফিসার, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন, কূটনৈতিক চ্যানেল এবং সর্বোচ্চ স্তরে বৈঠকের মাধ্যমে হত্যাকারীদের ফেরানোর আবেদন করেছিলেন। কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাঁদের প্রত্যর্পণের আর্জি প্রত্যাখান করে দেয়। উভয় দেশের সরকারগুলি এই দুজনকে রক্ষা করে চলেছে। কানাডা এবং আমেরিকা দুষ্কৃতীদের আশ্রয়দাতা হয়ে উঠেছে। ভারতের শিখ বিচ্ছিন্নতাবাদী সহ সন্ত্রাসবাদী, খুনি এবং এই জাতীয় অন্যান্য অপরাধীদের জন্য আশ্রয়স্থল কানাডা।

    ‘মোস্ট ওয়ান্টেড’-দের আশ্রয়স্থল পশ্চিমবঙ্গ

    অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্যও বাংলাদেশের অপরাধীদের আস্তানায় পরিণত হয়েছে। বাংলাদেশে বহু মোস্ট ওয়ান্টেড অপরাধীদের অনেকেই পশ্চিমবঙ্গে (West Bengal) এসে আশ্রয় নেয়। অনেক ক্ষেত্রে তারা গ্রেফতার হয়। অনেকেই পালিয়ে যায়। চলতি বছর আনোয়ারুল আজিম আনার নিউটাউনে খুন হন। তাঁকে খুন করে দুষ্কৃতীরা বাংলাদেশ এবং আমেরিকায় পালিয়ে যায়। অথচ ঘুণাক্ষরেও টের পায়নি রাজ্যের পুলিশ। পরে বাংলাদেশ পুলিশ বিষয়টি জানালে ময়দানে নামে সিআইডি।

    এর আগে, বাম আমলে ২০০৭ সালে, প্রায় ৮ জন বাংলাদেশি মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতীকে পশ্চিমবঙ্গ থেকে সিআইডি গ্রেফতার করেছিল। এর মধ্যে খুনি, ধর্ষক, চোরাকারবারি এমনকী স্থানীয় অপরাধীরাও অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে একজন হ্যারিস আহমেদ যিনি বাংলাদেশে (Bangladesh) ৪০টি হত্যা মামলা ও কয়েক ডজন তোলাবাজি মামলায় ওয়ান্টেড ছিলেন। জাল পরিচয়পত্র ব্যবহার করে সে পশ্চিমবঙ্গে লুকিয়ে ছিল এবং সেই সময় একটি পোশাকের দোকান চালাত।

    আরও পড়ুন: কোনও দেশেই আশ্রয় চাননি হাসিনা, দাবি পুত্র জয়ের! ভারতেই থাকবেন?

    বাংলা থেকে ফোনে তার তোলাবাজি ব্যবসা চালিয়ে যাচ্ছিল। পর ২০১৪ সালের ২৭ এপ্রিল বাংলাদেশের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ সাতজনকে অপহরণ করে খুন মামলায় মূল অভিযুক্ত সহ নূর হোসেন সহ তিন জন অস্ত্র সহ কলকাতা বিমানবন্দর সংলগ্ন কৈখালি এলাকা থেকে গ্রেফতার হয়। পরে বাংলাদেশের (Bangladesh) অনুরোধে তাদের ফেরত পাঠানো হয়। এহেন অনেক উদাহরণ রয়েছে বাংলাদেশি অপরাধীদের পশ্চিমবঙ্গে ঠাঁই নেওয়ার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

     

  • Bangladesh Crisis: ‘‘বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ঠিক করেনি, পরে আফসোস করবে’’, বলছেন বাংলাদেশিরা

    Bangladesh Crisis: ‘‘বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ঠিক করেনি, পরে আফসোস করবে’’, বলছেন বাংলাদেশিরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তির মাথার ওপরে প্রস্রাব করছে এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও (সত্যতা যাচাই করেনি মাধ্যম) ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে যে বঙ্গবন্ধুর মূর্তির ওপরে উঠে গিয়েছে এক ব্যক্তি। সেইসময় একজন আবার বঙ্গবন্ধুর মূর্তির কাঁধে উঠে দাঁড়িয়ে লাফাচ্ছে। কয়েকজন আবার মূর্তির হাত বেয়ে উঠছে। ওই ব্যক্তি যেখানে প্রস্রাব করছিল, সেখান দিয়েই উঠছিল এক ব্যক্তি। আর নীচে প্রচুর লোকজন দাঁড়িয়েছিল। বাংলাদেশের (Bangladesh Crisis) পতাকাও উড়তে দেখা গিয়েছে। যদিও ওই ভিডিওটি কবে তোলা হয়েছে, তা স্পষ্ট নয়। দাবি করা হয়েছে যে ভিডিওটি ঢাকার কোথাও তোলা হয়েছে। তবে, এই ছবি দেখে অনেকে প্রশ্ন করছেন, এ কেমন প্রতিবাদের ভাষা? যে দেশের অধিকার নিয়ে এত লাফালাফি সেই দেশটাই তো তৈরি হত না যদি বাংলাদেশের পিতা মুজিবুর রহমান না থাকতেন। মৃত্যুর ৫০ বছর পর এটাই কি প্রাপ্য ছিল বঙ্গবন্ধুর? ছিঃ ছিঃ করছে দুনিয়া।

    বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ঠিক করেনি, পরে আফসোস করবে (Bangladesh Crisis)

    কলকাতায় থাকা এক বাংলাদেশি যেমন দাবি করেছেন যে, পড়ুয়ারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছেন না। জামাতের লোকজনরা সেই কাজটা করছে। একজন আবার দাবি করেছেন যে, বঙ্গবন্ধুর হয়ত অনেক দোষ-ত্রুটি থাকতে পারে। কিন্তু সেই মানুষটার জন্যই স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ (Bangladesh Crisis), তা ভুলে গেলে চলবে না। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার ঘটনাকে সমর্থন করলেন না এদেশে আসা বাংলাদেশি নাগরিকরা। চিকিৎসা করাতে ভারতে আসা সহিদুল ইসলাম নামে এক বাংলাদেশি বলেন, ‘‘শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ওরা ঠিক করেনি। পরে আফসোস করবে।’’ তাঁর মতে, ক্ষোভ ধরে রাখতে পারেনি বলেই হয়ত মুজিবর রহমানের মূর্তি ভাঙা হয়েছে। তিনি বলেন, ‘‘সোমবার থেকে আতঙ্ক কেটে গিয়েছে। পরিস্থিতি ভালো হচ্ছে। এটাই চেয়েছিলাম। আমি কোনও দল করি না। কিন্তু, দেশটা ভালোভাবে চলুক এটাই চেয়েছিলাম।’’

    আরও পড়ুন: বাংলাদেশে ইস্কনের মন্দির ভাঙচুর, ছত্রখান বিগ্রহও

    পরিবারের লোকজনের খোঁজ নেই

    সোমবার থেকে বাংলাদেশের (Bangladesh Crisis) যে পরিস্থিতি তাতে বাড়ির সদস্যদের খোঁজ পাচ্ছেন না মহম্মদ নূর ইসলামরা। তাই মঙ্গলবার সকাল হতেই কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে দেশে ফিরছেন তাঁরা। তাঁদের বচোখেমুখে আক্ষেপ, হতাশা স্পষ্ট। তাঁরা বলেন, ‘‘মূর্তি ভাঙার কোনও উদ্দেশ্য ছিল না। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙাটাও ঠিক হয়নি। বাংলাদেশে গন্ডগোল চলছে। বাড়ির লোকেরা কেমন আছে আমরা জানি না। যোগাযোগ হচ্ছে না। বাধ্য হয়ে তড়িঘড়ি বাংলাদেশে চলে যাচ্ছি। দেখা যাক ফিরতে পারি কি না।’’ লালমণির হাটের এক বাসিন্দা আবু হাসনাত শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। কিন্তু, বাংলাদেশে অশান্তির জেরে বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তিনি। তাই দ্রুত বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

    সীমান্তজুড়ে হাই অ্যালার্ট জারি!

    বাংলাদেশে (Bangladesh Crisis) অশান্তির জেরে প্রভাব পড়েছে এদেশেও। ইতিমধ্যে ৪০০ কিলোমিটার সীমান্তজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চ্যাংড়াবান্ধা দিয়ে ভারত-বাংলাদেশ ও ভুটান-বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহণ বন্ধ। তবে বাংলাদেশের বহু মানুষ ভারতে চিকিৎসা করাতে এসে আটকে পড়েছেন। দুই দেশের মধ্যে পণ্য পরিবহণ বন্ধ থাকলেও বাসিন্দাদের যাতায়াত চলছে। চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজকুমার কানু বলেন, “আমাদের বহু ট্রাক বাংলাদেশে আটকে রয়েছে। বাংলাদেশের কাস্টমস পণ্যবাহী ট্রাক পাঠাতে বলেছে। তবে, আমরা বলেছি, আগে আমাদের ট্রাকগুলো বাংলাদেশে আটকে আছে সেগুলো ফিরে আসবে। তারপর আমরা পণ্য পাঠাব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: প্রাণ বাঁচাতে ভারতে আওয়ামি নেতা! খুশিতে বাংলাদেশ ফিরছেন বিএনপি কর্মী

    Bangladesh Crisis: প্রাণ বাঁচাতে ভারতে আওয়ামি নেতা! খুশিতে বাংলাদেশ ফিরছেন বিএনপি কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: একজন চরম আতঙ্ক নিয়ে প্রাণ বাঁচাতে নিজের জন্মভিটে ছেড়ে ভারতে চলে এসেছেন। আর অন্যজন খুশির মেজাজে ভারত থেকে বাংলাদেশ (Bangladesh Crisis) ফিরছেন। প্রথমজন আওয়ামি লিগের নেতা মহম্মদ রুবেল ইসলাম। আর দ্বিতীয় জন বিএনপি-র সমর্থক ইশাক জমান পাটোয়ারি। হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর একই সময়ে বাংলাদেশের দু’রকম ছবি উঠে এল শিলিগুড়িতে।

    দেশ ছাড়ার অভিজ্ঞতার কথা বললেন রুবেল (Bangladesh Crisis)

    জানা গিয়েছে, বাংলাদেশের (Bangladesh Crisis) দিনাজপুর পুরসভার বাসিন্দা মহম্মদ রুবেল ইসলাম সাত বছর ধরে হাসিনার দলের সঙ্গে যুক্ত। মঙ্গলবার তিনি শিলিগুড়িতে এক আত্মীয়ের বাড়িতে চলে এসেছেন। পেশায় তিনি ব্যবসায়ী। ফুলবাড়ি সীমান্ত দিয়ে তিনি ভারতে এসেছেন। সেখান থেকে আসার সময় তাঁর অভিজ্ঞতার কথা বলছিলেন। তিনি বলেন, “ভয়াবহ! আসার সময় রাস্তায় দেখলাম কোথাও কোথাও আগুন জ্বলছে। দোকানপাট খোলা থাকলেও লোক নেই। বেশির ভাগ দোকানেই লুট হয়েছে। কোনও মালপত্র নেই। আমার স্ত্রী এবং তিন সন্তান বাড়িতে রয়েছে। অনুমতি পেলে তাদেরও সঙ্গে করে নিয়ে আসতাম। চিন্তায় আছি। প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর নাকি তারা (বাংলাদেশিরা) স্বাধীনতা পেয়েছে! আসলে যারা লুটপাট চালাচ্ছে, তাদের স্বাধীনতা হয়েছে। যারা দেশ চালাবে বলে ভাবছে, তারা দেশপ্রেমী না। সংসদ ভবন, গণভবন লুট করছে।”

    আরও পড়ুন: বাংলাদেশে ইস্কনের মন্দির ভাঙচুর, ছত্রখান বিগ্রহও

    আওয়ামি লিগের নেতা-কর্মীদের থাকার অবস্থা নেই!

    রুবেল বলেন, “আওয়ামি লিগের (Awami League) নেতা-কর্মীদের বাংলাদেশে (Bangladesh Crisis) থাকা দুর্বিষহ হয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও বেশি খারাপ হয়েছে। যেখানেই আওয়ামি লিগের নেতা-কর্মী, সমর্থকদের পাচ্ছে, সেখানেই মারধর করা হচ্ছে। বাড়ি লুট করা হচ্ছে। আমি নিজের পরিবার ছেড়ে ভারতে এসে প্রাণ বাঁচালাম। আওয়ামি লিগের নেতা-কর্মীদের মেরে ফেলছে, গুম করে দিচ্ছে। যাকে যেভাবে পারছে বিএনপি আর জামাত শিবির অত্যাচার করছে। আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের। কিন্তু, এখন ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখেছে জামাত শিবির। দেশের একের পর এক শপিং মল, সরকারি কার্যালয়ে হামলা চালাচ্ছে। আসলে জামাতরা দেশটাকে দ্বিতীয় পাকিস্তান বানাতে চাইছে, আফগানিস্তান বানাতে চাইছে।”

    খুশির মেজাজে বাড়ি ফিরছেন বিএনপি কর্মী

    সোমবার থেকেই ফুলবাড়ির ইন্দো-বাংলাদেশ সীমান্তে দেশ পারাপারের ভিড় অনেকটাই থমকে গিয়েছে। গত দু’দিন আগেও দুই দেশের যে সংখ্যক মানুষের যাতায়াত ছিল, তা আর চোখে পড়ছে না। তবে, খুশির মেজাজে মঙ্গলবার ভারত থেকে বাংলাদেশ ফিরতে দেখা গেল পঞ্চগড়ের এক বাসিন্দাকে। ইশাক জমান পাটোয়ারি নামে ওই যুবক পড়াশোনার জন্য সিকিমে ছিলেন। তবে, দেশের উত্তাল পরিস্থিতি সময় তিনি বাড়ি ফিরছেন। ইশাকের দাবি, তিনি বিএনপির সমর্থক। তাই আগে দেশে ফিরতে চেয়ে পারেননি। এবার আনন্দে তিনি বাড়ি ফিরছেন। তিনি বলেন, “আওয়ামি লিগের (Awami League) তাণ্ডবে আমার বাবাকে টানা ১৭ দিন বাড়ি থেকে পালিয়ে বাঁচতে হয়েছে। মা একা থেকেছেন। আমার বাড়ি যাওয়া অসম্ভব হয়ে উঠেছিল। আমরা বিরোধী দল করি বলেই এত অত্যাচার। হাসিনা সরকারের পতন হয়েছে। এখন আমি খুশির মেজাজে দেশে ফিরছি। দেশের পরিস্থিতি এখন ঠিক আছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bangladesh Crisis: ‘‘একমাত্র মোদি পারবেন বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করতে’’, দাবি বিজেপি সাংসদের

    Bangladesh Crisis: ‘‘একমাত্র মোদি পারবেন বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করতে’’, দাবি বিজেপি সাংসদের

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্ত বাংলাদেশে (Bangladesh Crisis) কার্ফু তুলে দেওয়া হলেও দেশজুড়ে আতঙ্কের পরিবেশ রয়েছে। সোমবারও দেশের একাধিক জায়গায় হিন্দুদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট চালানো হয়েছে। একাধিক জেলায় বহু হিন্দু মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের এই সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)।

    কী বললেন বিজেপি সাংসদ? (Bangladesh Crisis)

    রানাঘাটের বিজেপি সাংসদ বলেন, ‘‘বাংলাদেশে (Bangladesh Crisis) সংখ্যালঘুদের ওপর পরিকল্পিতভাবে হামলা হচ্ছে। তাদের সম্পত্তি লুট করা হয়েছে। আর এসব ঘটনার পিছনে সেখানকার সেনাবাহিনীর সমর্থন রয়েছে। এটা ভবিষ্যতে আমাদের দেশের জন্য উদ্বেগের বিষয়। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। তাঁদের সুরক্ষা দিতে পারেন প্রধানমন্ত্রী। তবে, এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’’ জগন্নাথ সরকারের (Jagannath Sarkar) মতে, শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে পারেন। তিনি বলেন, ‘‘বাংলাদেশের অসহায় সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তি রক্ষা করতে পারেন মোদি-ই। আমি হিন্দু বেঙ্গল ইউনিটের একজন সদস্য হিসেবে এসব কথা বলছি। বাংলাদেশে যেই সরকার গঠন করুক আমি তা নিয়ে চিন্তা করি না। আমার একমাত্র উদ্বেগ হল সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির যেন কোনও ক্ষতি না হয়।’’

    আরও পড়ুন: ‘‘১ কোটির ওপর বাংলাদেশি হিন্দু আসবেন পশ্চিমবঙ্গে’’, বড় দাবি শুভেন্দুর

    বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৈঠক

    ক্রমবর্ধমান বিক্ষোভের মধ্যে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের (Bangladesh Crisis) রাজনৈতিক পরিস্থিতি এখনও শান্ত হয়নি। সোমবার আওয়ামি লিগের বহু নেতাকে পিটিয়ে খুন করা হয়েছে। সাংসদের বাড়িতে আগুন লাগানো হয়েছে। আওয়ামি লিগের নেতার হোটেলে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে ২১ জন পুড়িয়ে মারা হয়েছে। সোমবার মোট ১০৯ জনের মৃত্যু হয়েছে। শতাধিক মানুষ জখম হয়েছেন। পদত্যাগের পর সোমবার সন্ধ্যায় ভারতে পৌঁছন শেখ হাসিনা। তিনি দিল্লিতে থাকবেন, নাকি অন্য জায়গায় যাবেন তা স্পষ্ট নয়, কিছু রিপোর্টে বলা হয়েছে যে তিনি লন্ডনে যেতে পারেন। অন্যদিকে, সংকট মোকাবিলায় সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বৈঠকে বাংলাদেশের পরিস্থিতির ওপর আলোচনা করা হয়। সেখানে কয়েক হাজার ভারতীয় রয়েছেন। তাঁদের ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে আলোচনা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Siliguri: নথি জাল করে রামকৃষ্ণ আশ্রমের ১৪০ কোটির জমি দখল ‘তৃণমূল-ঘনিষ্ঠ’ জমি মাফিয়াদের

    Siliguri: নথি জাল করে রামকৃষ্ণ আশ্রমের ১৪০ কোটির জমি দখল ‘তৃণমূল-ঘনিষ্ঠ’ জমি মাফিয়াদের

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের একাংশের মদতেই শিলিগুড়িতে (Siliguri) জমি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে। সেবক হাউজের পর এবার মাটিগাড়ায় রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের জমি হাতানোর অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে। এক বা দুবিঘা নয়, ৯.৯০ একর জমি, যার বাজার মূল্য ১৪০ কোটি টাকা। বিষয়টি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    জাল নথি করে মিউটেশন! (Siliguri)

    শিলিগুড়ির (Siliguri) সাহুডাঙ্গি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সন্ন্যাসীদের মাটিগাড়ায় উপনগরীর কাছে মাল্লাগুড়িতে ৯.৯০ একর জমি রয়েছে। তার মধ্যে ১০ বিঘা জমি ১৯৭৬ সালে আশ্রমের কেনা। বাকি জমি দানে পেয়েছিল আশ্রম কর্তৃপক্ষ। ওই জমিতে দাতব্য চিকিৎসালয় এবং স্কুল করার কথা ছিল। কিন্তু, এখন জমির সিংহভাগই দখল হয়ে গিয়েছে। দখলদাররা নিজেদের নামে জমির নথি তৈরি করে নিয়েছে বলে অভিযোগ। ২০২২ সালে জমিটির মিউটেশনের জন্য আবেদন করা হলে ভূমি ও ভূমি সংস্কার দফতর কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। যদিও সম্প্রতি আশ্রমের মহারাজরা জানতে পারেন, এরই মাঝে ওই জমির জাল নথির মাধ্যমে খতিয়ান বদলে অন্য কারও নামে জমির মালিকানা চলে গিয়েছে। জমি জবরদখল করে সেখানে গোডাউন গড়ে উঠেছে। আর এসবই জমি মাফিয়াদের হাতে ধরেই বেদখল হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের (Trinamool Congress) মদতেই এসব হয়েছে বলে এলাকায় চর্চা রয়েছে। সম্প্রতি, শিলিগুড়ি পুরনিগমে রামকৃষ্ণ মিশনের সেবক হাউজ  ১০০ কোটি টাকার একটি জমি দখলের অভিযোগ ওঠে মাফিয়াদের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ তদন্তে নেমে ১২ জনকে গ্রেফতার করে। পরে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাতারাতি জমির মিউটেশনের কাগজ মিশন কর্তৃপক্ষের হাতে গিয়ে তুলে দিয়েছিলেন খোদ মেয়র গৌতম দেব। ফের জমি হাতানোর ঘটনায় চরম বিড়ম্বনা পড়েছে শাসক দল।

    আরও পড়ুন: পরপর মন্দিরে হামলা, নেতাকে হত্যা! বাংলাদেশে ফের টার্গেট হিন্দুরা

    আশ্রমের মহারাজ কী বললেন?

    ওই বিপুল পরিমাণ জমি পুনরুদ্ধারের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিলিগুড়ির (Siliguri) মেয়র গৌতম দেবকে চিঠি দেয় রামকৃষ্ণ আশ্রম কর্তৃপক্ষ। ইতিমধ্যেই শিলিগুড়ি পুরনিগম ভবনে রামকৃষ্ণ আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন মেয়র গৌতম দেব। জমি জবরদখল প্রসঙ্গে রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী বিনয়ানন্দ মহারাজ বলেন, “আমরা আমাদের জমি উদ্ধারের জন্য মেয়রের কাছে আবেদন করেছিলাম। ওই জমি উদ্ধারে সাহায্য করার তিনি আশ্বাস দিয়েছেন।”

    মেয়র কী সাফাই দিলেন?

    মেয়র গৌতম দেব তাঁর বক্তব্যের মধ্যে বুঝিয়ে দিলেন, তৃণমূলের আমলে কিছু হয়নি। সবই আগে হয়েছে। তিনি বলেন, “১৯৭৬ সালের জমি। ১৯৯০ সাল থেকে সেখানে স্থায়ী, অস্থায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি হতে শুরু করে। অনেকটা জমি। তবে, জমির দলিল রামকৃষ্ণ আশ্রমের নামে রয়েছে। তাই তাঁরা নথি তৈরির জন্য আবেদন করছেন। আমরা সেসব কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Titagarh: মমতার দেওয়া পুজোর অনুদানের টাকা ঢুকল তৃণমূল কাউন্সিলরের স্বামীর অ্যাকাউন্টে!

    Titagarh: মমতার দেওয়া পুজোর অনুদানের টাকা ঢুকল তৃণমূল কাউন্সিলরের স্বামীর অ্যাকাউন্টে!

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গা পুজোয় সরকারি অনুদান দেওয়া নিয়ে বড়সড় দুর্নীতি সামনে এল। সরকারি অনুদানের টাকা তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের স্বামীর অ্যাকাউন্টে জমা পড়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টিটাগড় (Titagarh) পুরসভা এলাকায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিজেপি সরব হয়েছে। এমনকী, হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দল।

    ঠিক কী অভিযোগ?(Titagarh)

    মুখ্যমন্ত্রীর দেওয়া পুজোর অনুদানের টাকা টিটাগড় (Titagarh) বিবেকনগর পুজো কমিটির বদলে কমিটির জেনারেল সেক্রেটারির ব্যক্তিগত কোম্পানির অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। পুজো কমিটির সেক্রেটারির নাম দেবব্রত ভট্টাচার্য। তিনি আবার তৃণমূল কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্যের স্বামী। তাঁর কোম্পানির অ্যাকাউন্টে সরকারি টাকা ঢুকেছে। দেবব্রত বলেন, “কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে জেনারেল সেক্রেটারির ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢোকে। সেখান থেকে খরচ করা হয়। এটা সর্বজনীন। যদি প্রোটোকল না থাকত, আমাকে তো চেক দিতই না ট্রেজারি থেকে। আমাকে ম্যালাইন করার চেষ্টা করা হচ্ছে।”

    দেবব্রতর স্ত্রী কাউন্সিলর মৌসুমি ভট্টাচার্য বলেন, “যে সমস্ত পুজো কমিটির অ্যাকাউন্ট নেই, সেক্রেটারি বা কারও ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা আসে। টিটাগড় থানা থেকে এবার একটা অর্ডার এসেছে, ২০২৩ সাল পর্যন্ত যে সমস্ত পুজো কমিটি নিজেদের অ্যাকাউন্টে টাকা নিত, ২০২৪ থেকে তা হবে না। পুজো কমিটির অ্যাকাউন্টেই টাকা নিতে হবে। গতবার নিয়ম ছিল। অনেকে বিষয়টার ভিতরে ঢুকছে না। ভাবছে সেক্রেটারির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেক্রেটারি টাকা নিয়ে নিয়েছে। কিন্তু, সবটাই ভুল। সঙ্গে সঙ্গে পুজোর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে।”

    আরও পড়ুন: পরপর মন্দিরে হামলা, নেতাকে হত্যা! বাংলাদেশে ফের টার্গেট হিন্দুরা

    দলীয় কাউন্সিলরও সরব হয়েছেন

    কাউন্সিলর বা তাঁর স্বামী যা সাফাই দিন না কেন, তা মানতে নারাজ দলেরই একাংশ। এ প্রসঙ্গে বিবেকনগরের পুজো কমিটির সঙ্গে এক সময় যুক্ত এবং টিটাগড় (Titagarh) পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল (Trinamool Congress) নেতা প্রশান্ত চৌধুরী বলেন “আমাদের প্রতিটা পুজো কমিটির সঙ্গে দীর্ঘদিন আমি জড়িত। প্রতিটি পুজো কমিটিরই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে। ২০২১ সাল পর্যন্ত এই পুজোর সঙ্গেও ছিলাম। ২০২২ থেকে আমি খুব একটা জড়িত নই। যেহেতু অন্য জায়গায় কাউন্সিলর হয়েছি, সেখানে পুজো হয়। এটা কী করে হল আমার মাথায় আসছে না। একটা কোম্পানির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে দেখলাম।”

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা দুর্গাপুজোর ক্লাবগুলিকে সরকারি টাকা অনুদান দেওয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি। দীর্ঘদিন ধরেই এর প্রতিবাদ করে আসছে বিজেপি। গেরুয়া শিবির, একাধিকবার দাবি করেছে, দুর্গাপুজোর আড়ালে এভাবে দলের একাংশের তুষ্টিকরণ করা হচ্ছে। সেই দাবি যে অমূলক নয়, তার প্রমাণ ফের একবার মিলল এদিন। এ প্রসঙ্গে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, ‘‘সরকারি অনুদানের টাকা এভাবে ব্যক্তিগত কারও অ্যাকাউন্টে ঢুকতে পারে না। এর তদন্ত হওয়া দরকার। আমি সংশ্লিষ্ট দফতরে চিঠি দেব। হাইকোর্টে মামলাও দায়ের করব।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • WB SET 2024: রাজ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের উদ্যোগ, চলতি মাসেই আবেদন

    WB SET 2024: রাজ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের উদ্যোগ, চলতি মাসেই আবেদন

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের জন্য স্টেট এলিজিবিলিটি টেস্ট (WB SET 2024) নেওয়া হবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। চলতি মাস থেকেই আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এর জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ১ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। আবেদনপত্রের ত্রুটি সংশোধনের জন্য ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত পোর্টাল চালু রাখা হবে।

    কবে নেওয়া হবে পরীক্ষা? (WB SET 2024)

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের ১৫ ডিসেম্বর এরাজ্যে ২৬তম স্টেট এলিজিবিলিটি টেস্ট (WB SET 2024) নেওয়া হবে। স্নাতকোত্তর স্তরে ৫৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁরা এই পরীক্ষা দিতে পারতেন। ১৫ ডিসেম্বর প্রথম পত্রের পরীক্ষার জন্য সকাল ৯টা এবং দ্বিতীয় পত্রের পরীক্ষার জন্য বেলা ১১টা ৪৫ নাগাদ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রথম পত্রের পরীক্ষা বেলা সাড়ে ১১টা এবং দ্বিতীয় পত্রের পরীক্ষা দুপুর ২টো নাগাদ শেষ হবে। তবে, আবেদনের ক্ষেত্রে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। বাংলা, ইংরেজি, লাইব্রেরি সায়েন্স, ভৌতবিজ্ঞানসহ মোট ৩৩টি বিষয়ে দু’টি সেশনে দু’টি পেপারে পরীক্ষা চলবে। প্রথম সেশনের পরীক্ষা এক ঘণ্টা এবং দ্বিতীয় সেশনের পরীক্ষা দু’ঘণ্টার মধ্যে সম্পন্ন হবে। প্রথম পেপারে ১০০ এবং দ্বিতীয় পেপারে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণদের ৪০ শতাংশের বেশি নম্বর থাকতে হবে। তবেই তাঁরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assitant Professor) হওয়ার যোগ্য হয়ে উঠবেন।

    আরও পড়ুন: উত্তরপ্রদেশের হিন্দু মন্দিরে অশ্লীল ভিডিও তৈরি! গ্রেফতার দিলশাদ ও আজিম

    কত ফি?

    রাজ্যের ৩৩টি জেলায় এই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। সব মিলিয়ে মোট দু’টি জেলা পরীক্ষার্থীরা (Assitant Professor) বেছে নেওয়ার সুযোগ পাবেন। এর জন্য অনলাইনে আবেদন (WB SET 2024) গ্রহণ করা হবে। এগজামিনেশন ফি হিসেবে অসংরক্ষিত প্রার্থীদের ১,৩০০ টাকা, তফশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থী এবং তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের ৩২৫ টাকা এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত ব্যক্তিদের ৬৫০ টাকা জমা দিতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share