Tag: winter diseases

winter diseases

  • Winter Health Tips: নামছে তাপমাত্রা, বাড়ছে রোগের ঝুঁকি! শীতে সুস্থ থাকতে পাতে রাখুন এই ৫ সব্জি

    Winter Health Tips: নামছে তাপমাত্রা, বাড়ছে রোগের ঝুঁকি! শীতে সুস্থ থাকতে পাতে রাখুন এই ৫ সব্জি

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    কমছে তাপমাত্রার পারদ! উৎসবের মরশুম শেষে ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীত আসছে! শীত মানেই নানান উৎসব, উদযাপন। বছরে মাত্র কয়েক সপ্তাহ রাজ্য জুড়ে শীতের মরশুম থাকে। তাই এই সময়ে মানুষ পারদ পতনের আবহাওয়া মনভরে উপভোগ করেন। কিন্তু এই সময়ে ভোগান্তি বাড়াতে পারে একাধিক সংক্রমণ ও রোগ। তাই চিকিৎসকেরা জানাচ্ছেন, সুস্থ থাকতে আগাম সতর্কতা জরুরি। তবে শীতের রোগের মোকাবিলা করতে শীতের সব্জিতেই ভরসা রাখছেন বিশেষজ্ঞদের একাংশ।

    শীতে কোন রোগের ভোগান্তি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকেরা?

    ইনফ্লুয়েঞ্জা ও ভাইরাস ঘটিত জ্বর!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শীতে ইনফ্লুয়েঞ্জা এবং নানান ভাইরাস ঘটিত রোগের দাপট বাড়তে পারে। তাঁরা জানাচ্ছেন, তাপমাত্রার বদলের জেরে আবহাওয়ার পরিবর্তন হয়। ফলে বাতাসে নানান ভাইরাসের সক্রিয়তা বেড়ে যায়। তাই ইনফ্লুয়েঞ্জা সহ একাধিক ভাইরাস ঘটিত রোগের ঝুঁকিও বেড়ে যেতে পারে। বিশেষত শিশু ও বয়স্কদের মধ্যে এই রোগের প্রকোপ বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন চিকিৎসকেরা।

    স্ট্রোকের ঝুঁকি বাড়ে!

    চিকিৎসকেরা জানাচ্ছেন, শীতে বাড়তে পারে স্ট্রোকের ঝুঁকি। আবহাওয়ার পরিবর্তনের জেরে শীতে রক্তনালি সংকুচিত হয় এবং রক্তচাপ বেড়ে যাওয়ার কারণে স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, উচ্চ রক্তচাপের সমস্যায় আক্রান্তদের এই ধরনের ঝুঁকি আরও বেশি থাকে। তাই তাদের বাড়তি সাবধানতা জরুরি।

    ত্বকের সমস্যা!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শীতে অনেকেই ত্বকের সমস্যায় পড়েন। কারণ, এই সময়ে আবহাওয়া শুষ্ক হয়ে যায়। তাই ত্বকের স্বাভাবিক আর্দ্রতায় ঘাটতি দেখা যায়। নানান রকমের চুলকানি বা লাল দাগ দেখা যায়। ফলে ত্বকে এগজিমা, শুষ্কতা বা ত্বক ফেটে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

    সিওপিডি-র সমস্যা বাড়তে পারে!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শীতে হাঁপানি বা সিওপিডি-র মতো ফুসফুসের সমস্যা ক্রমশ বাড়তে পারে। শীতে বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়ে যায়। তাই ফুসফুসের সংক্রমণঘটিত রোগের ঝুঁকি বেড়ে‌ যায়। তাই সিওপিডি-র মতো রোগের ঝুঁকিও বেড়ে যায়।

    শীতের সব্জিতেই কি লুকিয়ে রয়েছে সুস্থ থাকার চাবিকাঠি?

    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, সুস্থ থাকার প্রধান হাতিয়ার রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে বাড়তি নজর দেওয়া জরুরি। বিশেষত ঋতু পরিবর্তনের সময়ে নানান সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির দিকে বাড়তি নজরদারি জরুরি।
    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, শরীরের স্বাভাবিক ইমিউন সিস্টেম ঠিক রাখতে ভিটামিন এ, সি, ই, বি৬, ফোলেট, জিঙ্ক, আয়রন এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ। শীতের সব্জি এই পুষ্টি উপাদানগুলির ভালো উৎস। বিশেষ করে শিশুদের বৃদ্ধি, হাড়ের স্বাস্থ্য, রক্ত তৈরি এবং সংক্রমণের বিরুদ্ধে শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখতে এগুলি গুরুত্বপূর্ণ।

    ভারতের আইসিএমআর-এনআইএন-এর ২০২৪ সালের খাদ্য নির্দেশিকা অনুযায়ী, একজন সুস্থ প্রাপ্তবয়স্কের প্রতিদিন অন্তত ৪০০ গ্রাম শাকসব্জি খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০০ গ্রাম শাক, ২৫০ গ্রাম অন্যান্য সব্জি এবং ৫০ গ্রাম মূলজাতীয় সব্জি রাখার কথা বলা হয়েছে। মরশুমি ও স্থানীয় সব্জি বেছে নেওয়ার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই শীতের নানান স্বাস্থ্যজনিত সমস্যা মোকাবিলা করতে বড় হাতিয়ার হতে পারে শীতের সব্জি! এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

    শীতের কোন সব্জি খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদেরা?

    পালং শাক!

    শীতকাল মানেই বাজারে দেদার পালং শাক পাওয়া যায়। এই সব্জি স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকেও এগিয়ে রয়েছে। পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, শিশু থেকে বয়স্ক সকলের জন্যই এই সব্জি উপকারী।
    তাঁরা জানাচ্ছেন, পালং শাক ফোলেট, বিটা ক্যারোটিন, ভিটামিন-কে এবং উদ্ভিজ্জ আয়রনের উৎস। তাই শরীরের এনার্জির জোগান দিতে, হাড় মজবুত করতে, শীতের জড়তা কাটাতে এই সব্জি বিশেষ উপকারী।

    ব্রোকলি!

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, ব্রোকলিতে ভিটামিন-সি, ফোলেট, ফাইবার ও বিভিন্ন অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। ভিটামিন-সি শরীরে কোলাজেন তৈরি এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কাজে সাহায্য করে।

    মটরশুঁটি!

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, মটরশুঁটি উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার, ফোলেট ও ভিটামিনের ভালো উৎস। শিশুদের বৃদ্ধি এবং পেশির গঠনে সাহায্য করে। বয়স্কদের খাদ্যতালিকাতেও প্রোটিন ও ফাইবারের জোগান দিতে পারে। শীতে অনেকেই পেশির টান,  ক্লান্তিবোধ অনুভব করেন। মটরশুঁটি পেশির স্বাভাবিক কার্যকারিতায় সহায়তা করে। তাছাড়া উদ্ভিজ্জ প্রোটিন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

    মূলো!

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, শীতে মূলো সহজলভ্য। তবে এই সব্জির পুষ্টিগুণ প্রচুর। এই সব্জি ভিটামিন সি, ফাইবার এবং জলীয় উপাদানের উৎস। তাই হজমের স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখতে সাহায্য করে। বয়স্কদের ক্ষেত্রে ভালোভাবে রান্না করে দেওয়া সুবিধাজনক। শীতের নানান রোগের মোকাবিলায় এই সব্জি সাহায্য করে।

    বিট!

    চিকিৎসকেরা জানাচ্ছেন, বিটে পর্যাপ্ত  ফোলেট, ফাইবার, পটাশিয়াম এবং প্রাকৃতিক নাইট্রেট রয়েছে। তাই এই সব্জি হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যে এবং রক্তনালির স্বাভাবিক কার্যকারিতায় সহায়ক হতে পারে।

    প্রতিদিনের পাতে কোন খাবার সন্তানকে সুস্থ রাখবে?

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, শীতের মরশুমে সুস্থ থাকতে নিয়মিত কয়েকটি খাবারে বিশেষ নজরদারি জরুরি। তাঁদের পরামর্শ, শিশুদের প্রতিদিনের খাবারে অন্তত দুই-তিন ধরনের মরশুমি সব্জি রাখতে হবে।
    গাজর, পালং শাক, ব্রোকলি, কড়াইশুঁটি ও মিষ্টি আলু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে হবে। কারণ এই সব্জিগুলিতে বিভিন্ন ভিটামিন, খনিজ পদার্থ, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সচল রাখতে সাহায্য করে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

    সব্জির সঙ্গে ডাল, ডিম, মাছ, দুধ বা অন্যান্য প্রোটিনের উৎস রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ তাহলে ব্যালেন্সড ডায়েট বা সুষম খাদ্য বজায় থাকবে। তবে, তাঁদের পরামর্শ, সব্জি ভালোভাবে ধুয়ে রান্না করতে হবে। ছোট শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী নরম করে বা ছোট টুকরো করে দিতে হবে। তাছাড়া, খাবারে অতিরিক্ত লবণ ও তেল ব্যবহার করা যাবে না। কারণ এতে হজমের সমস্যা হতে পারে।

    বয়স্কদের জন্য বাড়তি কী পরামর্শ?

    বয়স্করা সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসব্জি, ফল এবং পর্যাপ্ত প্রোটিন রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, দাঁতের সমস্যা থাকলে সব্জি সেদ্ধ করে, নরম করে বা স্যুপ বানিয়ে খাওয়া যেতে পারে। ডায়াবেটিস, কিডনির সমস্যা বা অন্য কোনও দীর্ঘস্থায়ী রোগ থাকলে চিকিৎসক বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী খাবার বাছতে হবে। পর্যাপ্ত জল পান করা জরুরি। ঠান্ডায় তেষ্টা কম পেলেও জল খাওয়ার অভ্যাস বজায় রাখতে হবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই এবং প্রতিবেদনে উল্লিখিত কোনও তথ্য বা পরামর্শের দায় মাধ্যম নিচ্ছে না। এখানে দেওয়া কোনও উপদেশ অনুসরণ করার আগে অবশ্যই চিকিৎসক বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
LinkedIn
Share