Tag: World Kidney Day

World Kidney Day

  • World Kidney Day 2026: তিরিশ পেরোলেই চিন্তা বাড়াচ্ছে কিডনি! ভারতে কেন বাড়ছে কিডনির সমস্যায় আক্রান্তের সংখ্যা?

    World Kidney Day 2026: তিরিশ পেরোলেই চিন্তা বাড়াচ্ছে কিডনি! ভারতে কেন বাড়ছে কিডনির সমস্যায় আক্রান্তের সংখ্যা?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    রোগ আর বয়সের সীমারেখা মানছে না। তাই প্রৌঢ় কালের একাধিক রোগ এখন কুড়ির চৌকাঠ পেরনোর পরেই জানান দিচ্ছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতোই ভারতে উদ্বেগজনক ভাবে বাড়ছে কিডনির অসুখ। কম বয়সিদের মধ্যেও কিডনির কার্যকারিতা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, তিরিশ বছরের পরেই অনেকেই কিডনির নানান সমস্যা নিয়ে ভুগছেন। ১২ মার্চ ওয়ার্ল্ড কিডনি ডে (World Kidney Day 2026)। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, বিশ্ব জুড়ে কিডনির রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কিডনির অসুখ রুখতে রোগ সম্পর্কে সচেতনতার পাশপাশি পরিবেশ রক্ষা নিয়েও সতর্ক থাকা জরুরি। তবেই সুস্থ জীবন যাপন সম্ভব।

    কিডনি সুস্থ রাখতে কেন পরিবেশ রক্ষার ডাক দিচ্ছে সংশ্লিষ্ট মহল?

    ওয়ার্ল্ড কিডনি ডে উপলক্ষে বিশ্ব জুড়ে কিডনির অসুখ সম্পর্কে একাধিক সচেতনতা কর্মসূচি চলছে। অস্বাস্থ্যকর জীবন যাপন কীভাবে কিডনির কার্যকারিতা কমিয়ে দেয়, সে সম্পর্কে সব মহলে পাঠ দেওয়া হচ্ছে। তবে, তার পাশপাশি কিডনি সুস্থ রাখতে পরিবেশ রক্ষা কতখানি জরুরি, সেটাও বোঝানো হচ্ছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, পরিবেশ সুস্থ না থাকলে সুস্থ জীবন যাপন সম্ভব নয়। তাই পরিবেশ দূষণ নিয়ে সব মহলের সচেতনতা জরুরি। মারাত্মক দূষণ যেমন ফুসফুস, শ্বাসনালীর একাধিক রোগের কারণ হয়ে ওঠে, তেমনি দূষণের জেরে কিডনির অসুখের ঝুঁকিও বাড়ে। তাই কিডনি সুস্থ রাখতে পরিবেশ রক্ষা জরুরি। জল দূষণ, বায়ুদূষণ নিয়ন্ত্রণে থাকলে কিডনির অসুখের ঝুঁকি কমবে। দূষিত পরিবেশ কিডনির উপরে নেতিবাচক প্রভাব ফেলে। তাছাড়া চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, কিডনির অসুখ নিরাময়ের অন্যতম উপায় হলো ডায়ালিসিস। যার জন্য প্রচুর পরিমাণ জল এবং বিদ্যুৎ প্রয়োজন হয়। পরিবেশ থেকেই এই উপাদান পাওয়া যায়। কিডনির অসুখে আক্রান্তের সংখ্যা বাড়লে জল ও বিদ্যুতের চাহিদাও আরও বাড়বে। তাই প্রথম থেকেই জীবন যাপন ও পরিবেশ নিয়ে সচেতন থাকা জরুরি। যাতে রোগের বোঝা না বাড়ে‌।

    ভারতে কিডনির সমস্যা কতখানি উদ্বেগের?

    বিশ্বের অন্যান্য দেশের মতোই ভারতেও কিডনি আক্রান্ত উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে মোট প্রাপ্ত বয়স্কদের ১৩ শতাংশ কিডনির অসুখে আক্রান্ত। আক্রান্তদের মধ্যে অধিকাংশের বয়স ৪০ থেকে ৫৯ বছরের মধ্যে। প্রতি বছর ১০ লাখের বেশি মানুষ নতুন করে কিডনির রোগে আক্রান্ত হচ্ছেন। তবে ভারতে ২০ থেকে ৪০ বছরের মধ্যে কিডনি রোগে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে তেলেঙ্গানা, গোয়া এবং কেরলে কিডনি রোগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতিও‌ যথেষ্ট উদ্বেগজনক। তথ্য অনুযায়ী, এ রাজ্যের প্রায় ৫০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ কিডনির রোগে আক্রান্ত।

    কেন কিডনির অসুখের দাপট বাড়ছে?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, কিডনির অসুখের অন্যতম কারণ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। এ দেশে তরুণ প্রজন্মের মধ্যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ মারাত্মক হারে বাড়ছে। তাই কিডনির অসুখের ঝুঁকিও বাড়ছে। তাছাড়া, অতিরিক্ত তেল মশলা জাতীয় প্রক্রিয়াজাত খাবার নিয়মিত খাওয়ার ফলে কিডনির কার্যকারিতা কমছে। এ দেশের একাংশের মানুষ পরিশ্রুত পানীয় জল পান না। বিষাক্ত খনিজ সমৃদ্ধ অপরিশ্রুত জল খাওয়ার জেরে কিডনির অসুখের ঝুঁকি বাড়ছে। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, জীবন যাপন স্বাস্থ্যকর করা কতখানি জরুরি, সে সম্পর্কে সচেতনতা বাড়লে কিডনির রোগের বোঝাও কমবে।

  • World Kidney Day: জানেন কোন ১০টি অভ্যাস কিডনি সমস্যা ডেকে আনতে পারে?

    World Kidney Day: জানেন কোন ১০টি অভ্যাস কিডনি সমস্যা ডেকে আনতে পারে?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিবছর ৯ মার্চ পালিত হয় বিশ্ব কিডনি দিবস (World Kidney Day)। বিশেষজ্ঞরা বলছেন দৈনন্দিন জীবনে আমাদের বেশ কিছু অভ্যাস রয়েছে। যেগুলির ক্ষতিকারক প্রভাব পড়ে কিডনিতে।

    আসুন জানা যাক এমন ১০টি অভ্যাস সম্পর্কে

    ১. ব্যথানাশক ওষুধের অত্যধিক ব্যবহার

    চিকিৎসকরা বলছেন, মাথাব্যথা হোক বা আর্থ্রাইটিস, আপনি যদি নিয়মিত ব্যথানাশক ওষুধ সেবন করেন, ডাক্তারের পরামর্শ ছাড়াই তবে তা এখনই বন্ধ করুন। দীর্ঘমেয়াদিভাবে ব্যবহার করলে ব্যথানাশক ওষুধগুলি আপনার কিডনির ক্ষতি করতে পারে।

    ২. অতিরিক্ত লবণ গ্রহণ

    অতিরিক্ত সোডিয়ামযুক্ত খাবার সরাসরি একজনের রক্তচাপকে প্রভাবিত করে। লবণ হল সোডিয়াম ক্লোরাইড যৌগ। উচ্চ রক্তচাপ থাকলে আপনার কিডনির ক্ষতি হতে পারে, এমনটাই মত চিকিৎসকদের।

    ৩. খুব বেশি চিনি খেতে নিষেধ করছেন চিকিৎসকরা 

    চিকিৎসকদের মতে, অত্যধিক চিনিতে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এর ফলে প্রভাবিত হতে পারে কিডনি।
     
    ৪. পর্যাপ্ত পরিমাণ জল না খেলে প্রভাবিত হতে পারে কিডনি

    চিকিৎসকরা প্রতিদিন ৩ থেকে ৪ লিটার জল পান করতে বলছেন। কিডনি ভাল রাখার জন্য।

    ৫. নিয়মিত প্রক্রিয়াজাত খাবার খাওয়া

    নিয়মিত প্রক্রিয়াজাত খাবারও ডেকে আনতে পারে কিডনি সমস্যা।

    ৬. পর্যাপ্ত ঘুম খুব দরকারি

    ভাল ঘুম যেমন আপনাকে নতুনভাবে এনার্জি দেয় তেমনি কিডনিকেও ভাল রাখে। এমনটাই মত চিকিৎসকদের।

    ৭. ধূমপান একেবারে বন্ধ করুন

    শুধু হার্ট এবং ফুসফুস নয়, ধূমপানের ফলে কিডনিরও সমস্যা হতে পারে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

    ৮. অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন

    অতিরিক্ত অ্যালকোহল কিডনির জন্য বিপজ্জনক। এমনটাই বলছেন চিকিৎসকরা।

    ৯. খুব বেশি মাংস খাওয়া
     
    অতিরিক্ত মাংস খেলেও প্রভাবিত হতে পারে কিডনি। চিকিৎসকদের তাই পরামর্শ মাংসের সঙ্গে শাক সবজি ফলমূলও পর্যাপ্ত খান। 

    ১০. শারীরিক অনুশীলন করুন

    চিকিৎসকরা বলছেন দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকা আপনার কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। তাই নিয়মিতভাবে ব্যায়াম করুন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share