Author: ishika-banerjee

  • Pakistan: এবার পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত মাসুদ আজহারের আত্মীয় জঙ্গি নেতা কারী ইজাজ

    Pakistan: এবার পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত মাসুদ আজহারের আত্মীয় জঙ্গি নেতা কারী ইজাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: জঙ্গিদের ডেরা যে পাকিস্তান ফের, তা প্রমাণিত হল। পাকিস্তানের (Pakistan) পেশোয়ারে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের ঘনিষ্ঠ আত্মীয়, জঙ্গি নেতা কারী ইজাজ। পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, পেশোয়ারের পিস্তাখারা এলাকার কারী ইজাজ আবিদ (Qari Ejaz Abid) নামের ওই জঙ্গিকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। সীমান্তের ওপার থেকে ভারত-বিরোধী কার্যকলাপেও যুক্ত ছিলেন ইজাজ।

    কী করতেন ইজাজ

    কারী ইজাজ আবিদ ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাত নামের এক কট্টরপন্থী সংগঠনের সদস্য। পুলিশ সূত্রে খবর, ইজাজ দীর্ঘদিন ধরেই জৈশ-ই-মহম্মদের হয়ে তরুণদের জঙ্গী শিবিরে কৌশল খাটিয়ে যুক্ত করতেন। তার সঙ্গে ছিল মাওলানা মাসুদ আজহারের এক গভীর সম্পর্ক। তারা একসঙ্গে পড়াশোনা করেছেন। এমনকি বহুবার একই মঞ্চে বক্তৃতাও দিয়েছেন এবং একই দার্শনিক মতবাদ দেওবন্দী চিন্তাধারায় অনুপ্রাণিত। আসলে মাসুদ আজহারের কৌশল হল সরাসরি নয়, বরং অন্যান্য ধর্মীয় সংগঠনের মাধ্যমে তরুণদের জঙ্গি দলে যোগদান করানো। আর কারী ইজাজ আবিদ সেই পদ্ধতির এক প্রধান কারিগর ছিলেন। জানা যাচ্ছে, প্রথমে তিনি তরুণদের নিজস্ব ধর্মীয় জমায়েতে ডাকতেন। তারপর ধাপে ধাপে তাদের মগজ ধোলাই করে উগ্রপন্থায় নিয়ে যাওয়া হত। আর এরপর তাদের পাঠানো হত জৈশ-ই-মহম্মদের প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে অস্ত্র ও বিস্ফোরক তাদের হাতে তুলে দেওয়া হত। পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে তাদের জঙ্গি-শিবিরে যোগ দেওয়ানো হত।

    কেন হত্যা করা হল ইজাজকে

    পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পিস্তাখারা এলাকায়। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় একটি মসজিদ থেকে বেরোনোর সময় ইজাজ আবিদের উপর হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। আর ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তার সঙ্গে থাকা কারী শাহিদ গুলিবদ্ধ অবস্থায় আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন বলেই খবর। যদিও এই হামলাকারীদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে সূত্র বলছে, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ক্রমাগত লড়াই লেগেই রয়েছে। আর এও হতে পারে যে, কোনও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী কারী ইজাজ আবিদকে সরিয়ে দিতে এই হামলার পথে হেঁটেছে। আবার এমনটাও হতে পারে যে, জৈশ-ই-মহম্মদের অন্দরমহলের থেকেই এই হামলা ঘটানো ঘটেছে। তবে ভারতের বহু নিরীহ মানুষের রক্তে হাত রাঙানো এই দুষ্কৃতিকর এহেন অবস্থা স্বস্তির খবর বলেই মনে করছে অনেকে।

  • Amit Shah: উপত্যকায় ভারতের সংবিধানের প্রতি আস্থা, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে হুঁশিয়ারি শাহের

    Amit Shah: উপত্যকায় ভারতের সংবিধানের প্রতি আস্থা, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলিকে হুঁশিয়ারি শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঐক্যবদ্ধ ভারতের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গি ক্রমেই শক্তিশালী হয়ে উঠেছে। জোর দিয়ে এ কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীর সফরে থাকাকালীনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “জম্মু কাশ্মীর ইসলামিক পলিটিক্যাল পার্টি, জম্মু ও কাশ্মীর মুসলিম ডেমোক্রেটিক লিগ এবং কাশ্মীর ফ্রিডম ফ্রন্ট নামে আরও তিনটি সংগঠন হুরিয়ত থেকে নিজেদের বিচ্ছিন্ন করেছে। এটি উপত্যকার মধ্যে ভারতের সংবিধানের প্রতি জনগণের আস্থার একটি উল্লেখযোগ্য প্রদর্শন।”

    ঐক্যবদ্ধ ও শক্তিশালী ভারত

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এক্স হ্যান্ডলে আরও জানান, “একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী ভারতের জন্য মোদিজির দৃষ্টিভঙ্গি এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে, কারণ এখনও পর্যন্ত এই ধরনের ১১টি সংগঠন বিচ্ছিন্নতাবাদকে পরিহার করে সরকারের প্রতি অটল সমর্থন ঘোষণা করেছে।” প্রসঙ্গত, মার্চে শাহ এক এক্স পোস্টে জানিয়েছিলেন যে, দুইটি সংগঠন—জম্মু কাশ্মীর তাহরিকি ইস্তিকলাল এবং জম্মু কাশ্মীর তাহরিক-ই-ইস্তিকামাত—হুরিয়ত থেকে বিচ্ছিন্ন হয়েছে। শাহ তখন বলেন, “মোদি সরকারের অধীনে, বিচ্ছিন্নতাবাদ শেষ হয়ে যাচ্ছে এবং কাশ্মীরে ঐক্যের জয়ধ্বনি শোনা যাচ্ছে।” সোমবার, মরণোত্তর কীর্তি চক্র প্রাপ্ত পুলিশ ডেপুটি সুপারিনটেনডেন্ট হুমায়ুন মুজাম্মিল ভাটের স্ত্রী ও তাঁর ২০ মাসের পুত্রের সঙ্গে সাক্ষাৎ করেন শাহ। হুমায়ুন ২০২৩ সালে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিহত হন।

    কী বললেন শাহ

    শাহ (Amit Shah) তার এক পোস্টে লিখেছেন, “ডিএসপি হুমায়ুন মুজাম্মিল ভাট কাশ্মীরের কোকারনাগে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়ে আত্মত্যাগ করেছিলেন, তিনি সাহসিকতা এবং দেশপ্রেমের এক অমর উদাহরণ স্থাপন করেছেন। আজ, আমি তার পরিবারকে শ্রীনগরে গিয়ে সমবেদনা জানালাম।” রবিবার রাতে তিনদিনের জন্য কাশ্মীর সফরে গিয়েছেন অমিত শাহ। সোমবার জম্মুর কাঠুয়ায় ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে যান। দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে কেন্দ্র বৈদ্যুতিন নজরদারি প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছে বলেও জানান তিনি।

  • Bangladesh Crisis: সোনার বাংলা ছারখার! “আসতেছি আমি”, দেশে ফিরছেন জানিয়ে ইউনূসকে হুঁশিয়ারি হাসিনার

    Bangladesh Crisis: সোনার বাংলা ছারখার! “আসতেছি আমি”, দেশে ফিরছেন জানিয়ে ইউনূসকে হুঁশিয়ারি হাসিনার

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত হয়েছেন, দেশছাড়া হয়েছেন, তবুও তিনি আত্মবিশ্বাসী। তাঁর প্রতি কথায় লড়াইয়ের সুর। তিনি বঙ্গবন্ধু মুজিবর রহমানের কন্যা শেখ হাসিনা। লড়াই তাঁর রক্তে। বাংলাদেশে (Bangladesh Crisis) ফিরে ফের লড়বেন তিনি। আওয়ামি লিগের কর্মী-সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার করবেন, বলে জানালেন শেখ হাসিনা। সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই আশ্বাসই দিলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগের নেত্রী হাসিনা (Sheikh Hasina)।

    ইউনূসকে কড়া ভাষায় আক্রমণ

    বাংলাদেশের (Bangladesh) প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসকে (Chief Advisor Md Yunus) ফের তীব্র আক্রমণ শানালেন হাসিনা (Sheikh Hasina)। প্রধান উপদেষ্টাকে সুদখোর (Usurer), জঙ্গি (terrorist), সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামি (Convicted) বলে অভিহিত করেছেন আওয়ামী লিগ নেত্রী। দলের সোশ্যাল মিডিয়ার নিয়মিত অনুষ্ঠান ‘দায়মুক্তি’-তে আওয়ামি লিগের নিহত কর্মী-সমর্থকদের পরিবার এবং আহতদের সঙ্গে কথা বলেছেন হাসিনা। দলের নেতা-কর্মীদের নিয়ে তৈরি হোয়াট্সঅ্যাপ (WhatsApp) এবং টেলিগ্রাম (Telegram) গ্রুপগুলিতেও নিয়মিত নীচুতলার কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। সোমবার বিকালে বাংলাদেশের উত্তরপ্রান্তের জেলা লালমণিরহাটের (Lalmonirhat) কর্মীদের সঙ্গে দীর্ঘসময় কথা হয় তাঁর।

    সবকিছুর বিচার একদিন হবে

    গত বছরের অগাস্টে আওয়ামি লিগ সরকারের পতনের পর বাংলাদেশ (Bangladesh Crisis) ছাড়েন হাসিনা। তার পর থেকে বিভিন্ন সময়ে দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেন তিনি। আওয়ামি লিগের সমাজমাধ্যমের পাতায় তা সরাসরি সম্প্রচারও করা হয়। সোমবার রাতেও সে রকম একটি ভার্চুয়াল আলোচনা সমাজমাধ্যমের পাতায় সরাসরি সম্প্রচারিত হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই আলোচনাপর্বে দলীয় কর্মী-সমর্থকদের সমস্যার কথা শোনেন আওয়ামি লিগের নেত্রী। কর্মী-সমর্থকেরা দাবি করেন, তাঁদের পরিবারের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চলেছে। তাঁদের আশ্বস্ত করে হাসিনা জানান, তিনি এই সব ঘটনার বিচার করবেন। বললেন, “আল্লাহ্ সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন। চিন্তা করবেন না। আসতেছি আমি।” ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ‘অল ইউরোপিয়ান আওয়ামি লিগ’-এর সভাপতি মহম্মদ নজরুল ইসলামও। তাঁরও দাবি, “বিচার একদিন হবেই। সেই দিন আর বেশি দূরে নেই।”

    শান্তির দেশ থেকে জঙ্গিদের দেশ

    তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ তুলে শেখ হাসিনা বলেন, ‘আমি দেশটাকে যখন উন্নয়নশীল দেশে তুলে ধরলাম। তখনই এমন গভীর চক্রান্ত হয়ে গেল। বাংলাদেশকে জঙ্গিদের দেশে পরিণত করা হল। আর দিনশেষে এমন ব্যক্তি ক্ষমতা দখল করল, যার মানুষের প্রতি কোনও দয়া মায়া নেই আর ছিলও না।’ এরপরই ইউনূসের গ্রামীণ ব্যাঙ্কের দিকে নিশানা করে প্রাক্তন প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, ‘মানুষকে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ নিত। সেই টাকায় উনি বিদেশে পাঠিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন। আমরা ভাবতাম গরীব মানুষের ভাল করছে। তাই একসময় অনেক সহযোগিতা করেছিলাম। পরে সেই মানুষের টাকা নিয়ে তছরুপ করেছে। ওনার ক্ষমতার লোভেই আজ বাংলাদেশ জ্বলছে।’

    পড়ুয়ার লাশ চেয়েছিল ওরা

    এদিনের এই ১ ঘণ্টা ১১ মিনিটের ভাষণপর্বে আন্দোলন চলাকালীন বাংলাদেশ (Bangladesh Crisis) পুলিশের চালানো ‘রাবার গুলিতে’ নিহত পড়ুয়া আবু সায়েদের কথাও তুলে ধরেন হাসিনা। তাঁর অভিযোগ, ‘ওরা আসলে ওই পড়ুয়ার লাশটাই চেয়েছিল। শুনেছিলাম, মাথায় আঘাত লেগেছিল। কিন্তু ওকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসাটুকু দিতে দেয়নি। তার আগেই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে।’ সম্প্রতি যেভাবে আওয়ামি লিগ নেতানেত্রী এবং সর্বোপরি হাসিনার দলের সমর্থকদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করে জেলবন্দির ‘ছক’ কষছে ইউনুস সরকার, তা নিয়ে গভীর উদ্বেগে দল। সোমবারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও খুনের চেষ্টার মামলায় হাসিনাপন্থী ৮৪ জন আইনজীবীর জামিন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

    মিথ্যা প্রচার ইউনূস সরকারের

    গত শুক্রবার ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Indian Prime Minister Narendra Modi) সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠকে শেখ হাসিনার (Sheikh Hasina) প্রসঙ্গ উঠেছিল। হাসিনা ভারতে বসে ভাষণ দিয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam, press secretary to Chief Advisor Md Yunus) সাংবাদিক বৈঠকে দাবি করেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নরেন্দ্র মোদি নেতিবাচক প্রতিক্রিয়া দেননি। যদিও প্রেস সচিবের ওই দাবি নসাৎ করে দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। তারা জানিয়েছে, হাসিনার প্রত্যপর্ণের বিষয়ে প্রধানমন্ত্রী মোদির প্রতিক্রিয়াকে সেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই জাতীয় কোনও কথা ব্যাংককের বৈঠকে হয়নি।

    কী ভাবছে ভারত

    সোমবার রাতে দলের অনুষ্ঠানে হাসিনার বক্তব্যেও স্পষ্ট প্রধান উপদেষ্টা সম্পর্কে তাঁর বক্তব্যে ভারত সরকার হস্তক্ষেপ করেনি। নয়াদিল্লি ইতিপূর্বে শুধু জানিয়েছে, হাসিনার বক্তব্য তাঁর ব্যক্তিগত। তার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই। তবে বিদেশ মন্ত্রকের একাংশের মতে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হাসিনা যে কথা বলছেন তার সঙ্গে ভারত সরকার দ্বিমত পোষণ করে না। সে দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধিতে ভারতও চিন্তিত। আর মহম্মদ ইউনূসকে আক্রমণ রাজনৈতিক। একজন রাজনীতিবিদ হিসাবে হাসিনা তাঁর কথা বলছেন।

  • Mohun Bagan: সাক্ষী ঋষভ পন্থ, জামশেদপুরকে ২-০ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান

    Mohun Bagan: সাক্ষী ঋষভ পন্থ, জামশেদপুরকে ২-০ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, মঙ্গলবার ইডেনে যিনি প্রতিপক্ষ, সোমবার সন্ধ্যায় তাঁর জন্যই গলা ফাটাল কলকাতাবাসী। তিনি সঞ্জীব গোয়েঙ্কা। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস-এর মালিক। কিন্তু ফুটবল ময়দানে তো মোহনবাগান সুপার জায়ান্টসের কর্ণধার। আর কলকাতার ফুটবলপ্রেমীদের রক্তে সবুজ-মেরুন। আইএসএল (ISL 2024-25) সেমিফাইনালের প্রথম পর্বে জামশেদপুরের বিরুদ্ধে ১-২ পিছিয়ে থাকায় সোমবার মোহনবাগানকে (Mohun Bagan) জিততেই হত। অন্তত এক গোলের ব্যবধানে। তার বেশি হলে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ না হলে টাইব্রেকার। তাই আক্রমণ করা ছাড়া আর কোনও পথ ছিল না জেমি ম্যাকলারেনদের কাছে। তার ফল প্রথম পর্বে ১-২ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয় পর্বে ২-০ গোলে জিতে মোহনবাগান পৌঁছে গেল আইএসএল কাপের ফাইনালে।

    যুবভারতীতে ঋষভ পন্থ

    গত মরসুমে ইডেনে সবুজ মেরুন জার্সিতেই নেমেছিল লখনউ। তেমনই গত বারও মোহনবাগানের (Mohun Bagan) ম্যাচ দেখতে গিয়েছিলেন লখনউ ক্রিকেটাররা। এ দিন যুবভারতীতে মোহনবাগান ম্যাচে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে উপস্থিত ছিলেন লখনউ ক্যাপ্টেন ঋষভ পন্থ। মোহনবাগানের প্রত্যাবর্তন দেখলেন। জামশেদপুরে মোহনবাগান এক গোলে পিছিয়ে পড়লেও সমতা ফিরিয়েছিল। শেষ অবধি ১-২ ব্যবধানে হারে। এ দিন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতে জেসন কামিংসের পেনাল্টি গোলে এগিয়ে যায় সবুজ মেরুন। এগ্রিগেট দাঁড়ায় ২-২। ফলে আরও এক গোলের প্রয়োজন। নয়তো ম্যাচ অতিরিক্ত সময়, টাই ব্রেকারে গড়াত। ম্যাচের ইনজুরি টাইমে রালতের অনবদ্য গোল। ম্যাচ ২-০ ব্যবধান এবং দুই লেগ মিলিয়ে ৩-২ এগ্রিগেটে আইএসএল ফাইনালের টিকিট নিশ্চিত করে মোহনবাগান।

    সমর্থকদের দুঃখ ভুলিয়ে ফাইনালে মোহনবাগান

    সোমবার ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণ শুরু করলেও মোহনবাগানকে (Mohun Bagan) গোল পাওয়ার জন্য অপেক্ষা করতে হল ৫১ মিনিট পর্যন্ত। কামিংস পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন দলকে। বক্সের মধ্যে বল হাতে লাগিয়েছিলেন প্রণয় হালদার। যে কারণে পেনাল্টি পেয়ে যায় মোহনবাগান। সেখান থেকে গোল করতে ভুল করেননি কামিংস। কামিংসের সেই গোল যদিও মোহনবাগানের ফাইনালে যাওয়া নিশ্চিত করতে পারেনি। সেটা করলেন আপুইয়া। ৯৪ মিনিটের মাথায় গোল করেন তিনি। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাবে বলে মনে করা হচ্ছিল, সেই সময় গোল করে ম্যাচের ভাগ্য বদলে দেন মোহনবাগানের মিজ়ো ফুটবলারটি। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে বাঁক খাওয়ানো শটে বল জালে জড়িয়ে দেন আপুইয়া। সেই সঙ্গে গোটা যুবভারতী জুড়ে শুরু হয়ে যায় উৎসব। বাজি, আবির এবং চিৎকারের ভরে যায় সবুজ-মেরুন গ্যালারি। মোহনবাগান সমর্থকদের জামশেদপুরে মার খেতে হয়েছিল। ম্যাকলারেনরা বলেছিলেন, মাঠেই জবাব দেবেন। দলকে ফাইনালে তুলে সমর্থকদের দুঃখ ভোলালেন। আইএসএল (ISL 2024-25)  লিগ জয়ের পর এবার কাপ ফাইনালে মোহনবাগান। বিপক্ষে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।

  • Tahawwur Rana: প্রত্যর্পণ হবেই, ২৬/১১-র চক্রী রানার দ্বিতীয় আর্জিও খারিজ মার্কিন সুপ্রিম কোর্টে, কবে আনা হবে ভারতে?

    Tahawwur Rana: প্রত্যর্পণ হবেই, ২৬/১১-র চক্রী রানার দ্বিতীয় আর্জিও খারিজ মার্কিন সুপ্রিম কোর্টে, কবে আনা হবে ভারতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে ফিরতেই হবে ২৬/১১ মুম্বই হামলায় (26/11 Mumbai Attack) অন্যতম চক্রী তাহাউর রানাকে (Tahawwur Rana)। ভারতে প্রত্যর্পণের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আমেরিকার প্রধান বিচারপতির দরবারে রানার দায়ের করা নতুন পুনর্বিবেচনার আবেদনও নাকচ করে দিল সে দেশের সুপ্রিম কোর্ট। মার্কিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জন রবার্টসের বেঞ্চে গত ৪ এপ্রিল রানার আবেদন বিবেচনার জন্য পাঠানো হয়েছিল। সোমবার জানানো হয়েছে, সেই আবেদন নাকচ হয়ে গিয়েছে। মার্কিন সুপ্রিম কোর্টের এ দিনের সিদ্ধান্তকে, মোদি সরকারের বড় কূটনৈতিক জয় বলা যেতে পারে।

    রানার দাবিতে আমল দেয়নি মার্কিন শীর্ষ আদালত

    পাকিস্তানি বংশোদ্ভুত কানাডিয়ান নাগরিক তাহাউর রানা (Tahawwur Rana) বর্তমানে লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করে রানা জানান, ভারতের প্রত্যর্পণ করা হল তাঁর উপর অত্যাচার চালানো হতে পারে। নিজেকে অসুস্থ বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু জরুরি ভিত্তিতে করা সেই আর্জিতে আমল দেয়নি সুপ্রিম কোর্ট। এর আগে একাধিক নিম্ন আদালতে আইনি লড়াই হেরে যান তাহাউর রানা। সানফ্রান্সিসকোতে নর্থ সার্কিট আমেরিকান কোর্ট অফ আপিলেও হেরে গিয়ে শেষ পর্যন্ত মার্কিন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর।

    রানার ভয় ভারতকে

    প্রত্যর্পণের বিরুদ্ধে প্রথম আবেদনে রানা (Tahawwur Rana) দাবি করেছিলেন যে, ভারতে তাঁকে নির্যাতন করা হবে এমন সম্ভাবনা বেশি কারণ তিনি পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম এবং একজন প্রাক্তন পাকিস্তানি সেনা কর্মকর্তা। অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারীর ভারতে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করে যুক্তরাজ্যের হাইকোর্টের সাম্প্রতিক রায়ের উদ্ধৃতি দিয়ে রানা বলেন, এই আবেদনের পক্ষে তাঁকে ‘নির্যাতন’ করা হতে পারে। প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য রানা প্রথম যে আবেদন করেছিলেন, গত ৭ মার্চ মার্কিন সুপ্রিম কোর্টের নবম সার্কিটের বিচারপতি এলেনা কাজান তা খারিজ করে দিয়েছিলেন। এবার ফের রানার আবেদন খারিজ হয়ে গেল।

    কবে ভারতে আসছেন রানা

    ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) এক আধিকারিক জানিয়েছেন, সিবিআই আশা করছে, দ্রুত রানাকে (Tahawwur Rana) বিচারের মুখোমুখি করতে আমেরিকা থেকে ভারতে নিয়ে আসার তারিখ জানাবে মার্কিন প্রশাসন। ২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে আগত ১০ লস্কর-ই-তৈবা জঙ্গির মুম্বইয়ে হামলার পরিকল্পনায় রানা প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল ভারতের। মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী রানাকে পাওয়ার জন্য প্রায় দেড় দশক আগে ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু তাতে সায় মেলেনি। বরং পরবর্তী কালে তিনি জামিনে মুক্তি পেয়ে যান। পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে আবার রানাকে আমেরিকার থেকে ফেরত চায় ভারত। তার পরে ২০২০ সালের জুন মাসে মুম্বই নাশকতার ঘটনাতেই ফের রানাকে গ্রেফতার করেছিল আমেরিকার পুলিশ। ক্যালিফোর্নিয়ার একটি আদালতে রানার তরফে জামিনের আবেদন জানানো হলেও বছর দেড়েক আগে তা খারিজ হয়ে গিয়েছিল। ২০০৮ সালের নভেম্বর মাসে মুম্বইয়ে পাক জঙ্গি অজমল কসাব এবং তার সঙ্গীদের হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে ছিলেন ছ’জন মার্কিন নাগরিকও।

    ভারতের কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে রানাকে

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র আধিকারিকদের মতে, ভারতে পৌঁছে রানাকে (Tahawwur Rana) মুম্বইয়ে নিয়ে যাওয়া হবে – যেখানে হামলা হয়েছিল এবং তার অভিবাসন সংস্থা, ফার্স্ট ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালের শাখা খোলা হয়েছিল। ডেভিড কোলম্যান হেডলি চক্রান্ত করার জন্য মুম্বই ভ্রমণের সময় এই সংস্থাকে কভার হিসাবে ব্যবহার করেছিলেন। মুম্বই ছাড়াও রানাকে আগ্রা, হাপুর, কোচিন ও আমেদাবাদে নিয়ে যাওয়া হবে। যেখানে তিনি হামলার ঠিক আগে ২০০৮ সালের ১৩ থেকে ২১ নভেম্বরের মধ্যে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন। উল্লেখ্য,  ২৬/১১ হামলা নিয়ে মুম্বই পুলিশ যে ৪০০ পাতার চার্জশিট পেশ করেছে, সেখানে বলা হয়েছে, ২০০৮ সালের ১১ নভেম্বর ভারতে এসেছিলেন তাহাউর রানা। ওই মাসের ২১ তারিখ পর্যন্ত ভারতেই ছিলেন তিনি। মুম্বইয়ের রেনেসাঁ হোটেলে ২ দিন কাটিয়েছিলেন রানা। সেখানেই হয়েছিল হামলার শেষ পরিকল্পনা।

    রানাকে প্রথম জিজ্ঞাসাবাদ

    রানাকে (Tahawwur Rana) শেষ পর্যন্ত ভারতের হাতে তুলে দেওয়ার পর এনআইএ আধিকারিকরা আশা করছেন, পাকিস্তান ভিত্তিক ষড়যন্ত্রকারীদের সঠিক ভূমিকা এবং পাকিস্তান সেনাবাহিনী ও আইএসআই-এর মধ্যে যারা এই হামলার তদারকি ও অর্থ জোগাড় করেছিল তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এই প্রথম রানাকে ভারতীয় এজেন্সিগুলি জিজ্ঞাসাবাদ করবে। ২০১০ সালের জুন মাসে এনআইএ-র একটি দল যখন ডেভিড কোলম্যান হেডলিকে জিজ্ঞাসাবাদ করতে আমেরিকায় গিয়েছিল, তখন রানাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি।

  • WhatsApp: গোপনীয়তা রক্ষাই লক্ষ্য, চ্যাটবক্সে আসা ছবি ও ভিডিও ফিচারে বড় বদল আনছে হোয়াট্‌সঅ্যাপ

    WhatsApp: গোপনীয়তা রক্ষাই লক্ষ্য, চ্যাটবক্সে আসা ছবি ও ভিডিও ফিচারে বড় বদল আনছে হোয়াট্‌সঅ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার্থে এবার ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। গোপনীয়তা রক্ষার জন্য নানা রকম ফিচার প্রায়ই এনে থাকে হোয়াট্‌সঅ্যাপ। এবার প্রাইভেসি সেটিংসে কিছু অদলবদল করছে হোয়াট্‌সঅ্যাপ। নতুন ফিচারে গ্রাহকদের নিরাপত্তা আরও বাড়বে, তেমনই দাবি করেছে মেটা। প্রথমত, ছবি ও ভিডিও পাঠানো, ডাউনলোডের পদ্ধতিতে পরিবর্তন আসছে বলে হোয়াট্‌সঅ্যাপের তরফে জানানো হয়েছে।

    অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি ফিচার কী

    মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের এই নয়া ফিচার বহারকারীদের গোপনীয়তা আগের থেকে আরও কঠোর করবে বল মনে করছেন টেক স্যাভিরা। হোয়াটসঅ্যাপের (WhatsApp) এই ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচারের সাহায্যে, অন্য ব্যবহারকারীর সঙ্গে শেয়ার করা যেকোনও ছবি, ভিডিও বা মিডিয়া ফাইল অপর প্রান্তে থাকা সংশ্লিষ্ট ব্যাক্তির গ্যালারিতে নিজে থেকে সেভ হবে না৷ ধরুন, আপনার চ্যাটে এমন কোনও ছবি বা ভিডিও এল, যা আপনি গোপনই রাখতে চান। সে ক্ষেত্রে নতুন ফিচারটি চালু করলে আপনি সেই ছবি বা ভিডিওতে ক্লিক করে কেবল সেটি দেখতে পারবেন। সেই ছবি বা ভিডিও নিজে থেকে ডাউনলোড হয়ে ফোনে জমা হবে না। আপনি যত বার খুশি সেটি খুলে দেখতে পারেন বা অন্যকে পাঠাতে পারেন, সব ক্ষেত্রেই কেবল হোয়াট্‌সঅ্যাপের চ্যাটবক্সেই থাকবে। ফোনের গ্যালারি, মিডিয়া স্টোর, মেমরি কোথাও জমা হবে না।

    কেন আনা হচ্ছে, কবে থেকে আসছে নয়া ফিচার

    গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই এই নয়া ব্যবস্থা আনা হচ্ছে বলে জানানো হচ্ছে। হোয়াট্‌সঅ্যাপ (WhatsApp) ভয়েস মেসেজেও এমন সুবিধা পাওয়া যাবে। মেসেজটি ক্লিক করে শোনা যাবে, তবে সেটি ফোনের মেমরিতে থাকবে না। এতে ফোনের মেমরিতে অতিরিক্ত জায়গা নষ্ট হবে না আর গ্রাহকের গোপনীয়তাও বজায় থাকবে। এছাড়াও বেশ কয়েকটি নিরাপত্তা জনিত ফিচার চালু করছে হোয়াটস্যাপ ৷ ইউজারদের নিরাপত্তার বিষয়টি বারবারই প্রাধান্য পেয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থার কাছে। আর তাই আরও একটি নতুন সিকিউরিটি ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। মেটা অধিকৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে আসতে চলেছে এই সিকিউরিটি ফিচার। নতুন এই সিকিউরিটি ফিচার হোয়াটসঅ্যাপে কবে চালু হবে তা এখনও স্পষ্ট নয়। তবে কাজকর্ম চলছে বলে অনুমান, হয়তো আর বেশি দেরি নেই।

  • Amit Shah: জম্মু-কাশ্মীর সফরে অমিত শাহ, পরিদর্শন করলেন আন্তর্জাতিক সীমান্তের ফরোয়ার্ড পোস্ট

    Amit Shah: জম্মু-কাশ্মীর সফরে অমিত শাহ, পরিদর্শন করলেন আন্তর্জাতিক সীমান্তের ফরোয়ার্ড পোস্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মুর কাঠুয়া জেলায় ভারত-পাকিস্তান সীমান্তের (Jammu Kashmir) একটি ফরওয়ার্ড পোস্ট পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ওই এলাকায় গত দুই সপ্তাহ ধরে পাক জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনা। সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ জম্মু থেকে হেলিকপ্টারে হিরানগর সেক্টরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি বিএসএফ আউটপোস্ট ‘বিনয়’-এ পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন।

    সীমান্ত পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

    ৬ এপ্রিল জম্মু-কাশ্মীরে তিনদিনের সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সরকারি সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারি প্রকল্পের উন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি সেখানে জনসভাও করবেন তিনি। একইসঙ্গে সীমান্ত লাগোয়া এলাকায় নিরাপত্তা বাহিনীর পদস্থ কর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। বিএসএফের ডিরেক্টর জেনারেল দালজিৎ সিং চৌধুরী, জম্মু ফ্রন্টিয়ার বিএসএফের ইন্সপেক্টর জেনারেল শশাঙ্ক আনন্দ এবং জম্মু জোনের ইন্সপেক্টর জেনারেল ভীম সেন তুতি এবং জম্মু ও কাশ্মীর পুলিশ প্রধান নলিন প্রভাত স্বরাষ্ট্রমন্ত্রীকে উপত্যকায় স্বাগত জানান। রবিবার রাতে শাহ জম্মু পৌঁছানোর পর বিজেপি বিধায়ক ও দলের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন। প্রায় দুই ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে, শাহ ‘এক্স’ প্ল্যাটফর্মে লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে বিজেপি জম্মু ও কাশ্মীরের সমৃদ্ধির জন্য কাজ করে যাবে।”

    উপত্যকায় উচ্চ সতর্কতা

    স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভূস্বর্গে থাকাকালীন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গেও একান্তে বৈঠক করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। এই কাঠুয়াতেই (Jammu Kashmir) গত কয়েক সপ্তাহ ধরে জঙ্গি দমন অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। যদিও শাহের সফরের সঙ্গে এই অভিযানকে যুক্ত করতে রাজি নন মুখ্যমন্ত্রী আবদুল্লা। তিনি বলেন, ‘কাঠুয়ার অভিযানের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের কোনও যোগ নেই। অভিযানের আগেই এই সফরের দিনক্ষণ ঠিক হয়েছিল। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি জম্মুতে সভা করবেন তিনি। তারপর শ্রীনগরে বেশকিছু প্রকল্পের উদ্বোধন করবেন।’ উল্লেখ্য জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের পর এটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রথম সফর। তাঁর সফরের জন্য উপত্যকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

  • Stock Market Crash: রক্তাক্ত শেয়ার বাজার! চার হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স, কেন এমন হাল? রইল ৫ কারণ

    Stock Market Crash: রক্তাক্ত শেয়ার বাজার! চার হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স, কেন এমন হাল? রইল ৫ কারণ

    মাধ্যম নিউজ ডেস্ক: একাধিক দেশের উপরে বিরাট অঙ্কের শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার জেরে রক্তক্ষরণ গোটা বিশ্বের শেয়ার বাজারে (Stock Market Crash)। বর্ধিত শুল্ক কার্যকর হওয়ার আগেই বিপুল অঙ্কের ক্ষতি হয়েছে ওয়াল স্ট্রিটে। ট্রাম্পের শুল্ক ঘোষণার পর থেকেই ওয়াকিবহাল মহলের আশঙ্কা ছিল ১৯৮৭ সালের ‘ব্ল্যাক মানডে’র মতোই শেয়ার বাজারে বিরাট ধস নামতে পারে। সোমবার সেই আশঙ্কাই সত্যি হতে শুরু করেছে বিশ্বের বাজারে। চিনের সাংহাই কম্পোজিট ইন্ডেক্স ৪.২১ শতাংশ পড়ে গিয়েছে। ৭ শতাংশ পড়ে গিয়েছে জাপানের নিক্কেই সূচক। দক্ষিণ কোরিয়ার কোসপির সূচক পড়েছে ৪.৮ শতাংশ। হংকংয়ের শেয়ার বাজার পড়েছে ৯ শতাংশেরও বেশি। অস্ট্রেলিয়া এবং তাইওয়ানের শেয়ার বাজার যথাক্রমে ৬ এবং ৯.৮ শতাংশ পড়েছে। শেয়ার বাজারে (Share Market) রক্তক্ষরণের একই ছবি দেখা যেতে পারে ভারত এবং আমেরিকাতেও। সবমিলিয়ে, ব্ল্যাক মানডের সেই বিপুল ধসের স্মৃতি আবারও ফিরছে বিশ্বের বাজারে।

    ভারতীয় শেয়ার বাজারে পতন

    ভারতের শেয়ার বাজারেও (Stock Market Crash) নামল ধস। সোমবার বাজার খুলতেই একধাক্কায় প্রায় চার হাজার পয়েন্ট পড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক সেনসেক্স। হাজার পয়েন্ট পড়েছে নিফটিও। বেলা গড়াতে বাজারের হাল খানিকটা ফিরলেও রক্তক্ষরণ অব্যাহত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চড়া হারে শুল্ক চাপানোর ঘোষণা করার পরেই নিম্নমুখী ভারতের শেয়ার বাজার। লাগাতার পড়েছে সেনসেক্স-নিফটির সূচক। তবে সোমবার বড়সড় পতন হবে গোটা বিশ্বের শেয়ার বাজারে, সেই আশঙ্কা ছিলই। আশঙ্কা সত্যি করে বিরাট পতন হল শেয়ার বাজারে। সপ্তাহের শুরুতে সোমবার বাজার খুলতেই দেখা যায়, প্রায় চার হাজার পয়েন্ট পড়েছে সেনসেক্স। ৩৯৩৯.৬৮ পয়েন্ট পড়ে ৭১ হাজারের ঘরে নেমে যায় সেনসেক্স। প্রায় ৩.৯ শতাংশ পতন হয়েছে সোমবার সকালে।

    ধাক্কা নিফটি-সেনসেক্সে

    ট্রেন্ট, টাটা স্টিল, টাটা মোটরস, জেএসডব্লিউ স্টিল, শ্রীরাম ফিনান্স- একের পর এক সংস্থার শেয়ারের দাম হুহু করে পড়ছে। ৪ থেকে ৭ শতাংশ পড়ে গিয়েছে গাড়ি-আইটি সংস্থাগুলির শেয়ার। ৭ শতাংশ পড়েছে আদানি গোষ্ঠীর একাধিক সংস্থার শেয়ার। এই সময়ের মধ্যে নিফটিও ১,১৬০.৮ পয়েন্ট কমে ২১,৭৪৩.৬৫ এ পৌঁছোয়। বাজার বিশেষজ্ঞদের দাবি, ট্রাম্পের শুল্কযুদ্ধের কারণেই শেয়ার বাজারে এই রক্তক্ষরণ। শুধু দালাল স্ট্রিট নয়, রক্তাক্ত সমগ্র এশিয়ার স্টক মার্কেটই। মার্কিন শেয়ার সূচক ন্যাসড্যাক এবং ডাও জোন্স-এও বড় ধস নেমেছিল আমেরিকার প্রেসিডেন্টের শুল্ক নীতি ঘোষণার পর পরই। বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ভারতের শীর্ষ ৩০টি সংস্থার মিলিত সূচক ২,৫০০ পয়েন্টেরও বেশি কমে। বিনিয়োগকারীদের ১৯ লক্ষ কোটি টাকা এক নিমেষে উধাও হয়ে যায় সপ্তাহের প্রথম দিনেই। বিএসই তালিকাভুক্ত শীর্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে টাটা স্টিল (-১০%), টাটা মোটরস (-৭.৮৬%), ইনফোসিস (-৬.৯৮%), টেক মাহিন্দ্রা (-৬.৩৬%) এবং এল অ্যান্ড টি (-৬.৪৫%)। পরে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাজার।

    ভারতীয় শেয়ার বাজারে (Stock Market Crash) ধসের প্রধান ৫টি কারণ

    ১. বৈশ্বিক বাজারে বিক্রির প্রবণতা: বিশ্বের প্রায় সব দেশের বাজারে সোমবার ধস নেমেছে। যার মূল কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য নীতিতে কোনও ছাড়ের লক্ষণ না থাকা। তিনি রবিবার বলেছেন যে, শুল্ক একটি ‘ওষুধ’ হিসেবে কাজ করছে এবং তিনি আশা করছেন যে বিদেশি সরকারগুলো শুল্কের হার কমানোর জন্য ব্যাপকভাবে অর্থ প্রদান করবে। ট্রাম্প বলেছেন, “আমি চাই না কিছুই নষ্ট হোক। কিন্তু কখনও কখনও কোনও কিছু ঠিক করতে ওষুধের প্রয়োজন হয়।” এর পরিপ্রেক্ষিতে, এশিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বাজারে ব্যাপক ধস নেমেছে। বিশেষ করে এশিয়ায়, তাইওয়ান ওয়েটেড ১০ শতাংশ এবং নিক্কেই ৭ শতাংশ কমেছে।

    ২. শুল্ক প্রভাব: ট্রাম্প প্রশাসন ১৮০টিরও বেশি দেশের উপর ব্যাপক শুল্ক আরোপ করেছে, যা বাজারে আরও উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের শেয়ার বাজারে এই শুল্কের প্রভাব পুরোপুরি মূল্যায়ন করা হয়নি, যার ফলে পরবর্তী সময়ে আরও পতন হতে পারে। এমকেয় গ্লোবাল বলেছে, “প্রথম ত্রৈমাসিকে ভারতের শেয়ার বাজারে আরও অবনতি হতে পারে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রতি ভারতের সাড়া এখনও যথেষ্ট উদ্বেগজনক।”

    ৩. বৃদ্ধির ধীর গতি: এ নিয়ে উদ্বেগ বিশেষজ্ঞরা মনে করেন, ট্রাম্পের শুল্কের কারণে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়বে, যা কর্পোরেট লাভ কমিয়ে দেবে এবং গ্রাহক মনোভাবকে ক্ষতিগ্রস্ত করবে। যেহেতু ট্রাম্প এপ্রিল ২ তারিখে পাল্টা শুল্ক আরোপ করেছেন এবং চিন ৩৪ শতাংশ শুল্ক বাড়িয়েছে, বিশ্ব অর্থনীতির উপর তার প্রভাব নিয়ে উদ্বেগ বেড়েছে। জেপি মরগান তাদের পূর্বাভাস বাড়িয়ে দিয়েছে, বলেছে যে যুক্তরাষ্ট্র ও বিশ্বের অর্থনৈতিক মন্দার ঝুঁকি ৬০ শতাংশে পৌঁছেছে।

    ৪. বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের (FPI) তহবিলের প্রবাহে হ্রাস: গত মাসে ভারতীয় শেয়ার বাজারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা কেনাকাটা শুরু করলেও, এপ্রিল মাসে তারা আবার শেয়ার বিক্রি করতে শুরু করেছে। এপ্রিল মাসে ১৩,৭৩০ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে, যার ফলে উদ্বেগ সৃষ্টি হয়েছে যে, যদি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অনুকূল চুক্তি না করতে পারে তবে বিদেশি তহবিল প্রবাহ আরও কমে যেতে পারে।

    ৫. আরবিআই মনিটরি পলিসি কমিটি (MPC): এপ্রিল ৯ তারিখে রিজার্ভ ব্যাঙ্কের বৈঠক এবং চতুর্থ ত্রৈমাসিক কোম্পানি ফলাফলগুলির দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, আরবিআই সুদের হার কমাতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য অন্যান্য পদক্ষেপ নিতে পারে। টিসিএস তার মার্চ ত্রৈমাসিক ফলাফল ১০ এপ্রিল প্রকাশ করবে। শেয়ার বাজারের ওপর এই ফলাফল প্রভাব ফেলতে পারে। ভারতীয় বাজারের পতন এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা। তাদের অনুমান, আগামী দিনে বাজারে আরও ঝুঁকি বাড়তে পারে, যা বিনিয়োগকারীদের জন্য উদ্বেগজনক।

    বিক্রির চাপ, সব সেক্টরে নেতিবাচক প্রবণতা

    বাজারে এমন অস্থিরতা দেখা গেছে যে, প্রতিটি সেক্টরেই নেতিবাচক প্রবণতা ছিল। ব্যাঙ্কিং, টেকনোলজি, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল—সবই বড় ধাক্কা খেয়েছে। এমনকি ঐতিহ্যগতভাবে নিরাপদ বলে বিবেচিত সেক্টরগুলোও বাজারের এই পতনে বাদ পড়েনি। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক স্পষ্ট, যেহেতু কোনও সেক্টরেই ইতিবাচক সংকেত ছিল না।

    বিশ্ব বাজারেও (Stock Market Crash) ধস, ভারতের আশা

    বিশ্ববাজারে এমন পতন শুধু ভারতেই নয়, অন্যান্য বড় বাজারেও দৃশ্যমান। এমএসসিআই এশিয়া এক্স-জাপান ইনডেক্স ৬.৮% কমেছে, জাপানের নিক্কেই ৬.৫% পড়ে গেছে। এদিনের ধসের পেছনে মূল কারণ ছিল শুক্রবার ইউএস ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের মন্তব্য। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ‘‘অপ্রত্যাশিতভাবে বড়’’ এবং এটি মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতিতে বিশাল প্রভাব ফেলবে। ড. বিজয়কুমার ভারতের জন্য কিছু আশার দিকও দেখছেন। তিনি বলেন, ‘‘আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য খুবই সীমিত, দেশের জিডিপির মাত্র ২ শতাংশের সমান, তাই ট্রাম্পের শুল্ক ভারতের অর্থনীতিতে তেমন প্রভাব ফেলবে না।’’ এছাড়াও, তিনি আশা প্রকাশ করেন যে, ভারত-মার্কিন সম্পর্কের উন্নতির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির মাধ্যমে শুল্ক কমানোর সম্ভাবনা রয়েছে। কিছু সেক্টর যেমন ফাইন্যান্স, এভিয়েশন, হোটেল, সিমেন্ট, প্রতিরক্ষা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম কোম্পানিগুলি এই সংকটের মধ্যেও তুলনামূলকভাবে ভালো পারফর্ম করবে। বিশ্ববাজারের অস্থিরতার প্রভাব ভারতীয় শেয়ার বাজারে (Share Market) বড় ধস সৃষ্টি করেছে, তবে এই পরিস্থিতি সাময়িক হতে পারে। বিনিয়োগকারীদের জন্য এখন সেরা কৌশল হল ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’।

  • India Sri Lanka Relation: ভারতের সঙ্গে ২৫০০ বছরের পুরনো সম্পর্ক, মোদিকে পেয়ে আপ্লুত অনুরাধাপুরা

    India Sri Lanka Relation: ভারতের সঙ্গে ২৫০০ বছরের পুরনো সম্পর্ক, মোদিকে পেয়ে আপ্লুত অনুরাধাপুরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের বিদেশনীতির অন্তঃস্থলে রয়েছে বৌদ্ধধর্ম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরে বারবার তারই প্রমাণ মিলেছে। ঠিক যেমন থাইল্যান্ড সফরে গিয়ে প্রধানমন্ত্রী ওয়াট ফো নামে বৌদ্ধ মন্দির পরিদর্শন করেছিলেন। শ্রীলঙ্কা (India Sri Lanka Relation) সফরে গিয়ে অনুরাধাপুরার মহাবোধি মন্দিরও দর্শন করলেন তিনি। শ্রীলঙ্কার প্রথম রাজধানী ছিল অনুরাধাপুরা (PM Modi in Anuradhapura)। এই শহরের সঙ্গে ভারতের সম্পর্ক ২ হাজার বছরের পুরনো। আগেও এখানে গিয়েছিলেন মোদি। দ্বীতিয়বার তাঁর এই মন্দির পরিদর্শনে আপ্লুত বৌদ্ধ সমাজ।

    বোধি বৃক্ষের আধ্যাত্মিক শক্তি অনুভব করেন মোদি

    প্রধানমন্ত্রী চতুর্থবার শ্রীলঙ্কায় গিয়ে ফের একবার অনুরাধাপুরার মহাবোধি মন্দির (PM Modi in Anuradhapura) দর্শনে যান। তাঁর সঙ্গে ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েক। বোধি বৃক্ষের সামনেও প্রার্থনা করেন মোদি। বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী ভদন্ত কে মেধঙ্কারা থেরো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয়বার জয়া শ্রী মহাবোধি মন্দির পরিদর্শন করার জন্য ভীষণ খুশি। তিনি বলেন, “এটি প্রধানমন্ত্রী মোদির দ্বিতীয় বার অনুরাধাপুরায় আগমন। আমরা খুব খুশি। বোধি বৃক্ষের আধ্যাত্মিক গুরুত্বও উল্লেখযোগ্য। এখানে এসে বোধি দর্শন করা এবং আশীর্বাদ প্রার্থনা করা, এটা সবার মনেও আসে না। যারা ‘পুণ্য’ অর্জন করেছেন, কেবল তারাই এই চিন্তা করেন। প্রধানমন্ত্রী মোদি হয়তো প্রথমবার এখানে এসে বোধি বৃক্ষের আধ্যাত্মিক শক্তি অনুভব করেছিলেন, এবং সেই অনুভূতির কারণে তিনি দ্বিতীয়বার এখানে আসার সিদ্ধান্ত নিয়েছেন।”

    ‘রক্ষা সূত্র’ পরিয়ে স্বাগত মোদিকে

    এ দিন অনুরাধাপুরা (PM Modi in Anuradhapura) বিমানবন্দরে পৌঁছনোর পরে মোদিকে ‘গার্ড অব অনার’ দেয় শ্রীলঙ্কার (India Sri Lanka Relation) বায়ুসেনা। পরে মহা বোধি মন্দিরে যান তিনি। সেখানকার প্রধান পুরোহিত মোদির কব্জিতে বেঁধে দেন পবিত্র ‘রক্ষা সূত্র’। পরে ফেরার পথে আকাশ থেকে দেখতে পাওয়া রাম সেতুর দৃশ্য সমাজমাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘আজ রামনবমীর পুণ্য দিবসে, শ্রীলঙ্কা থেকে ফেরার সময়ে আমি আকাশ থেকে রাম সেতুর পবিত্র দৃশ্য দেখতে পেলাম। ঐশ্বরিক যোগে রাম সেতু দর্শনের সময়েই দেখতে পেলাম অযোধ্যার রামলালার সূর্য তিলকও।’’ অনুরাধাপুরায় ভারতের সাহায্যে তৈরি দু’টি রেল প্রকল্পেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভারতের রেল মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থার তৈরি ওই দু’টি প্রকল্পকে শ্রীলঙ্কার পরিকাঠামোয় ভারতের গুরুত্বপূর্ণ অবদান বলে মনে করা হচ্ছে। সমাজমাধ্যমে এই সফরের সময়ে উষ্ণ অভ্যর্থনার জন্য শ্রীলঙ্কাবাসী ও সে দেশের প্রেসিডেন্ট দিশানায়েককে ধন্যবাদ জানিয়েছেন মোদি।

    ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক

    প্রসঙ্গত, ২০১৭ সালে শ্রীলঙ্কায় (India Sri Lanka Relation) এই বৌদ্ধ মন্দির পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্দেশ্য ছিল, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সাংস্কৃতিক বন্ধনের দিকটি তুলে ধরা। বৌদ্ধধর্মের অন্যতম পবিত্র স্থান অনুরাধাপুরের মহাবোধি বৃক্ষে শ্রদ্ধাও জানিয়েছিলেন মোদি। এই মন্দিরটি ভারতের সঙ্গে শ্রীলঙ্কার গভীর সভ্যতাগত সম্পর্কের এক উল্লেখযোগ্য নিদর্শন। বৌদ্ধদের বিশ্বাস, অনুরাধাপুরার মহাবোধি বৃক্ষটি খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে ভারত থেকে সঙ্ঘমিত্রা মহাথেরী দ্বারা শ্রীলঙ্কায় আনা বোধি গাছের শাখা থেকে জন্ম নিয়েছিল।

    ভারতের বিদেশনীতির প্রাণকেন্দ্রে বৌদ্ধধর্ম

    তিনি বারবার প্রমাণ করেছেন সম্রাট অশোকের সময় থেকেই ভারতের বিদেশনীতির প্রাণকেন্দ্রে বৌদ্ধধর্ম। ২০২৪-এর ইন্ডিয়ান-এশিয়ান সম্মেলনে লাওসের প্রেসিডেন্টকে একটি পিতলের বুদ্ধমূর্তি উপহার দিয়েছিলেন নরেন্দ্র মোদি। ওই একই বছরে বৌদ্ধধর্মের বেশ কিছু নিদর্শন ভারত থেকে পাঠানো হয়েছিল তাইল্যান্ডে। ২০২২-এ নেপালের লুম্বিনি পরিদর্শন করেন মোদি। ওই বছর বৌদ্ধধর্মের বেশ কিছু নিদর্শন পাঠানো হয়েছিল মঙ্গোলিয়ায়। ২০১৯ সালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি একটি বুদ্ধ মূর্তি উন্মোচন করেন। ২০১৬-তে ভিয়েতনামে গিয়ে বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেছিলেন মোদি। চিনের দা জিংসান মন্দির ও বিগ ওয়াইল্ড গুজ প্যাগোডা দর্শন করে দুই দেশের সাংস্কৃতিক আদানপ্রদানের বিষয়টি স্পষ্ট করেন। এছাড়া ২০১৪ সালে প্রধানমন্ত্রী যখন জাপান সফরে যান, তখন তোজি ও কিংকাজু মন্দির দর্শন করে জাপানের সঙ্গে ভারতের বৌদ্ধধর্মের নিবিড় যোগ তুলে ধরেন।

    অনুরাধাপুরার সঙ্গে বুদ্ধ-গয়ার যোগ

    রাজা হর্ষবর্ধন যেমন বৌদ্ধ-মহাসম্মেলনের আয়োজন করেছিলেন, ঠিক তেমনই প্রধানমন্ত্রী মোদির তত্ত্বাবধানে ভারতই প্রথম বিশ্বব্যাপী বৌদ্ধ সম্মেলনের আয়োজন করে। সেখানে বৌদ্ধধর্মের দর্শন নিয়ে আলোচনা করতে উপস্থিত হয়েছিলেন বহু জ্ঞানী মানুষ। বিশ্বের নানা সমস্যা সমাধানে বৌদ্ধ দর্শন কতটা তাৎপর্যপূর্ণ, তা নিয়ে ওই সম্মেলনে কথা বলেছিলেন নরেন্দ্র মোদি। ২০২৩-এ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও নরেন্দ্র মোদি দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে বাল বোধি বৃক্ষও দর্শন করেন। বৌদ্ধধর্মের ক্ষেত্রে যে ভারত ও জাপানের এক বিশেষ যোগ আছে, তা বোঝাতেই ওই দর্শন করেছিলেন তাঁরা। ২০২৫ ফের শ্রীলঙ্কায় (India Sri Lanka Relation) বৌদ্ধধর্মের প্রতি নিজের শ্রদ্ধা প্রদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশসচিব বিক্রম মিস্রির দাবি, অনুরাধাপুরায় (PM Modi in Anuradhapura) প্রধানমন্ত্রীর বোধিবৃক্ষ দর্শন বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, ওই বোধিবৃক্ষের সঙ্গে যোগ রয়েছে বুদ্ধগয়ায় বোধিবৃক্ষের। যা দু’দেশের বিশেষ সম্পর্কের চিহ্ন।

     

     

     

     

     

  • India Sri Lanka Relation: ভারত-বিরোধী কোনও শক্তি শ্রীলঙ্কার জমি ব্যবহার করতে পারবে না, মোদিকে আশ্বাস দিশানায়েকের

    India Sri Lanka Relation: ভারত-বিরোধী কোনও শক্তি শ্রীলঙ্কার জমি ব্যবহার করতে পারবে না, মোদিকে আশ্বাস দিশানায়েকের

    মাধ্যম নিউজ ডেস্ক: উদ্বেগ বাড়াল চিনের। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার (India Sri Lanka Relation) সঙ্গে প্রতিরক্ষা সহ একগুচ্ছ ইস্যুতে মৌ চুক্তি স্বাক্ষর করল ভারত। তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর প্রথম শ্রীলঙ্কা সফরে শনিবার কলম্বো পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গার্ড অফ অনারে তাঁকে সম্মান জানানো হয়। সফরের সময় দুই দেশের মধ্যে ৭টি গুরুত্বপূর্ণ মৌ সাক্ষর হয়েছে। প্রতিরক্ষা, জ্বালানি, ডিজিটাল প্ররিকাঠামো, স্বাস্থ্য এবং বাণিজ্য খাতে চুক্তি হয়েছে ভারত-শ্রীলঙ্কার। ভারত মহাসাগর অঞ্চলে চিনের প্রভাব বিস্তারের মধ্যেই এই গুরুত্বপূর্ণ চুক্তিগুলি সাক্ষর হয়েছে। চিনের নাম না নিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক এদিন জানান, ভারত বিরোধী কোনও শক্তিকে শ্রীলঙ্কার মাটি ব্যবহার করতে দেবেন না। প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে তিনি ভারতকে আশ্বস্ত করেছেন যে শ্রীলঙ্কা তার ভূমি ভারতের নিরাপত্তা স্বার্থে প্রতিকূল পদক্ষেপ নেওয়ার জন্য ব্যবহার করতে দেবে না।

    ভারত বিরোধী কোনও শক্তিকে আশ্রয় নয়

    শ্রীলঙ্কার মাটি এবং জলপথ ব্যবহার করে ভারতের নিরাপত্তার বিঘ্নিত করতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা দিশানায়েক। ভারতের নিরাপত্তার জন্য ক্ষতিকর কোনও কাজে শ্রীলঙ্কার মাটি এবং জলভাগকে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। বস্তুত, গত কয়েক বছরে চিনের বেশ কিছু জাহাজ শ্রীলঙ্কার দক্ষিণে, ভারত মহাসাগরে ঘুরপাক খেয়েছে। শ্রীলঙ্কার হামবানটোটা আন্তর্জাতিক সমুদ্রবন্দরের একাংশ ইজারা নিয়েছে চিন। এই পরিস্থিতিতে মোদির সঙ্গে বৈঠকে অনুরার এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    শ্রীলঙ্কায় রাজকীয় অভ্যর্থনা প্রধানমন্ত্রী মোদিকে

    তিনদিনের সফরে শ্রীলঙ্কায় (India Sri Lanka Relation) গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় তাঁকে। কলম্বোতে নমোকে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক। তিনদিন পড়শি দেশে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মোদির। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কোঅপারেশন) শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদি। সেখান থেকেই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেন তিনি। শনিবার সকালে মোদি পা রাখেন পড়শি দেশে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রী বিজিথা হেরাথ, স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী নালিন্দা জয়তিসা, শ্রম মন্ত্রী অনিল জয়ন্ত, মৎস্য মন্ত্রী রামালিঙ্গম চন্দ্রশেখর, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী সরোজা সাবিত্রী পালরাজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কৃষ্ণাথা আবেসেনা। সকলের থেকে রাজকীয় অভ্যর্থনা পেয়ে আপ্লুত মোদি।

    ভারত শ্রীলঙ্কা মউ স্বাক্ষর

    দীর্ঘ ৬ বছর পর শ্রীলঙ্কায় গিয়েছেন মোদি (India Sri Lanka Relation)৷ দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ৭টি সমঝোতা স্মারকে সই করেছেন, যার মধ্যে রয়েছে প্রথম প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি। এই ঐতিহাসিক চুক্তি উভয় নেতার মধ্যে আলোচনা শেষে সই করা হয়৷ প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে সই করা স্মারকটি ভারত ও শ্রীলঙ্কার সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা প্রায় ৩৫ বছর আগে ত্রিনকোমালি এলাকা একটি শক্তি কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। অন্য একটি চুক্তি শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে ভারতের বহুমুখী সহায়তার প্রসারে সহায়ক ভূমিকা রাখবে।

    ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সই হওয়া ৭টি মউ

    ১. এইচভিডিসি আন্তঃসংযোগের বাস্তবায়নের জন্য (বিদ্যুৎ আমদানি/রফতানি)
    ২. ডিজিটাল রূপান্তরের জন্য সফল ডিজিটাল সমাধান শেয়ারিংয়ে
    ৩. ত্রিনকোমালি এলাকা শক্তি কেন্দ্র হিসেবে উন্নয়নের পরিকল্পনা
    ৪. ভারত ও শ্রীলঙ্কার সরকারের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার জন্য চুক্তি
    ৫. শ্রীলঙ্কার পূর্বাঞ্চলের জন্য বহুমুখী গ্রান্ট সহায়তার চুক্তি
    ৬. স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা চুক্তি
    ৭. ভারতীয় ফার্মাকোপিয়া কমিশন এবং শ্রীলঙ্কার জাতীয় ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মধ্যে ফার্মাকোপিয়াল সহযোগিতা সংক্রান্ত চুক্তি হয়

    চিন্তা বাড়ল চিনের

    ভারত মহাসাগরে চোখ রাঙাচ্ছে চিন। গবেষণার নামে ‘নজরদারি’ চালাতে সাগরে ঘোরাফেরা করছে একাধিক চিনা জাহাজ। ভারতের হাঁড়ির খবর বের করাই সেগুলোর লক্ষ্য বলে আশঙ্কা করা করা হচ্ছে। গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে দিল্লি। শ্রীলঙ্কায় নোঙর করার চেষ্টা করছে চিনের ‘গুপ্তচর’ জাহাজ। এই আবহে মোদির এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিকরা। তার মধ্যে ভারত-শ্রীলঙ্কা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হল প্রতিরক্ষা চুক্তি। যা চিন্তা বাড়াচ্ছে বেজিংয়ের।

    মৎস্যজীবীদের মুক্তি

    ভারতীয় মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে গিয়ে কখনও কখনও ভুলবশত শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করে যান। এমন বেশ কয়েকজন মৎস্যজীবী এখনও শ্রীলঙ্কার জেলে বন্দি। ভারতীয় মৎস্যজীবীদের যাতে অবিলম্বে ছেড়ে দেওয়া হয়, সে কথাও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে জানিয়েছেন মোদি। বৈঠকের পরে যৌথ বিবৃতিতে অনুরাকে পাশে নিয়ে আবারও সেই কথা বলেছেন তিনি। মোদি বলেন, “মৎস্যজীবীদের বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গির বিষয়ে আমরা একমত হয়েছি। তাঁদের (মৎস্যজীবীদের) দ্রুত ছেড়ে দেওয়া উচিত। তাঁদের নৌকাও ফিরিয়ে দেওয়া উচিত।” পরে বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, ভারতকে আশ্বস্ত করা হয়েছে ১১ জন মৎস্যজীবীকে শীঘ্রই মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার কর্তৃপক্ষ। আগামী দিনে আরও মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হবে বলে আশাবাদী তিনি।

LinkedIn
Share