Author: ishika-banerjee

  • Udhampur Encounter: উপত্যকায় নাশকতার ছক ভেস্তে দিল সেনা, উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ জওয়ান

    Udhampur Encounter: উপত্যকায় নাশকতার ছক ভেস্তে দিল সেনা, উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের মরসুমে ফের রক্তাক্ত উপত্যকা। ভারতে ঢুকে ফের সন্ত্রাসবাদী হামলার চেষ্টা করেছিল জইশ-ই-মহম্মদের চার জঙ্গি। জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় (Udhampur Encounter) ফের সন্ত্রাসবাদী দমন অভিযানকে ঘিরে তীব্র গুলির লড়াই চলল। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে,জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে শুক্রবার রাত থেকেই উধমপুর জেলায় অভিযানে নামে সেনা। সেনার হোয়াইট নাইট কোরের তরফে সমাজমাধ্যম‌ে একটি পোস্ট করে জানানো হয়, “জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলছে।” জানানো হয়, সেনার অভিযান চলছে ডোডা-উধমপুর সীমানায়। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই (এনকাউন্টার)-এ খতম হয়েছে দুই জঙ্গি। শহিদ হয়েছেন এক জওয়ান।

    পুঞ্চ সেক্টরে প্রচুর অস্ত্র উদ্ধার

    জম্মু-কাশ্মীরের উধমপুরে (Udhampur Encounter) যখন সেনার সঙ্গে জইশ জঙ্গিদের গুলির লড়াই চলছে, সেই সময় পুঞ্চ সেক্টরে সেনা অভিযানে প্রচুর অস্ত্র উদ্ধার হল। গোয়েন্দা সূত্রে খবর আসে, পুঞ্চ সেক্টরে অস্ত্র মজুত করা হচ্ছে। সেই খবর পেয়েই অভিযানে নামে সেনা। তল্লাশি চালানোর সময় চিনা হ্যান্ড গ্রেনেড, প্রচুর কার্তুজ, ম্যাগাজিন এবং স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার হয়েছে। সেনার সন্দেহ, জম্মু-কাশ্মীরে নাশকতার জন্যই এই অস্ত্র মজুত করা হচ্ছিল। কিন্তু তার আগেই সেই অস্ত্র উদ্ধার করা হল। তবে কারা অস্ত্র মজুত করছিল, কারা এই ঘটনায় জড়িত সেই তল্লাশি শুরু হয়েছে ইতিমধ্যেই।

    জম্মু-কাশ্মীর জুড়ে তল্লাশি

    সেনার একটি সূত্র বলছে, যে পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, তাতে মনে হচ্ছে জঙ্গি কার্যকলাপেই এগুলি ব্যবহার করার উদ্দেশ্য ছিল। গত কয়েক দিন ধরেই জম্মু-কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট। সূত্রের খবর, কাশ্মীরের সাতটি জেলা— শ্রীনগর, বারামুলা, অনন্তনাগ, কুপওয়ারা, হান্দোয়ারা, পুলওয়ামা এবং শোপিয়ানে তল্লাশি জারি। গত মাসেই উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় দুই লস্কর জঙ্গিকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের কাছ থেকে প্রচুর চিনা গ্রেনেড। ব্যারেল গ্রেনেড, গ্রেনেড লঞ্চার, ১০টি একে সিরিজের রাইফেল উদ্ধার হয়েছে। তার পর থেকেই জম্মু-কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান চলছে। সেই তল্লাশি অভিযানের সময়েই পুঞ্চ থেকে অস্ত্র উদ্ধার হল।

    পুলিশ ও যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াই

    সেনা সূত্রে খবর, উধমপুরের ডুডু বসন্তগড়ে জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়া গিয়েছিল। তার পরেই অভিযানে নামে সেনার স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং পুলিশের যৌথ বাহিনী। উল্টো দিক থেকে জঙ্গিরা গুলি চালাতে‌ শুরু করলে পাল্টা জবাব দেয় যৌথ বাহিনীও। শনিবার সকালে উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। গুলিবিদ্ধ হন এক জওয়ান। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। তিন থেকে চার জন জঙ্গিকে কোণঠাসা করে ফেলে নিরাপত্তাবাহিনী। এদের প্রত্যেকেই জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে সূত্রের খবর। উধমপুরের ডুডু- বসন্তগড়েরের পাহাড়ি এলাকায় তিন থেকে চার জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পায় নিরাপত্তা বাহিনী। শুরু হয় অভিযান। সেনাবাহিনী, স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) এবং পুলিশ যৌথভাবে অভিযান চালায়। গুলির লড়াইয়ে এক জওয়ান গুরুতর আহত হন। এখনও গুলির লড়াই চলছে। এক্স পোস্টে জম্মুর আইজিপি লেখেন, ‘এনকাউন্টার চলছে। পুলিশ ও সেনার যৌথদল ঘটনাস্থলে রয়েছে।’

    নাশকতা ঘটানোর ছক কষেছিল জঙ্গিরা

    উল্লেখ্য, গত এক বছরে এই অঞ্চলেই একাধিক গুলির লড়াইয়ের ঘটনা ঘটেছে। চলতি বছরের ২৬ জুন ডোডা-বসন্তগড়ের জঙ্গলে সংঘর্ষে খতম হয় জইশ কমান্ডার হায়দার, যিনি প্রায় চার বছর ধরে ওই এলাকায় সক্রিয় ছিলেন। এর আগে ২৫ এপ্রিল একই এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হয়েছিলেন এক সেনা জওয়ান। অন্যদিকে, জম্মু-কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স শাখা কাশ্মীর উপত্যকার সাতটি জেলায়। শ্রীনগর, বারামুলা, অনন্তনাগ, কুপওয়ারা, হ্যান্ডওয়ারা, পুলওয়ামা এবং শোপিয়ানে ব্যাপক তল্লাশি চালানো হয়। তল্লাশিতে সেনাবাহিনী ড্রোন ও ডগ স্কোয়াড ব্যবহার করছে। পুঞ্চ সেক্টরে ওই তল্লাশিতে মেলে বিপুল অস্ত্রভান্ডার। উদ্ধার হয়েছে ২০টি চিনা হাতবোমা-সহ একাধিক মারাত্মক অস্ত্র। গোয়েন্দা সূত্রে খবর, এই অস্ত্রগুলি সম্প্রতি লুকিয়ে রাখা হয়েছিল এবং সেগুলি মূল ভূখণ্ডে পৌঁছে দিয়ে নাশকতা ঘটানোর ছক কষেছিল জঙ্গিরা। সময়মতো খবর পাওয়ায় বড়সড় সন্ত্রাসের ছক ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে। এছাড়াও একাধিক ডিজিটাল ডিভাইস এবং নথি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

    শেষ দুই সপ্তাহে জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড় অভিযান

    স্থানীয় প্রশাসনের দাবি অনুযায়ী, শেষ দুই সপ্তাহের মধ্যে জম্মু ও কাশ্মীরে এটাই সবচেয়ে বড় অভিযান। এর আগে কূলগাম অভিযান চালিয়েছিল সেনা। সেখানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক সেনা আধিকারিক-সহ মোট ২ জওয়ান শহিদ হন। পালটা জবাবে দুই জঙ্গিকে খতম করা হয়। উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর উপত্যকা থেকে সন্ত্রাসের জাল ছিঁড়ে ফেলতে তৎপর হয়েছে সেনা। ব্যাপক ধড়-পাকড়ের পাশাপাশি জঙ্গি নিধন যজ্ঞ। এরপর শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ পহেলগাঁও হামলায় যুক্ত ৩ জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। পহেলগাঁও হামলার পর গত তিন মাস ধরে গা ঢাকা দিয়েছিল তারা।

  • India Vs Pakistan: ভয় ধরাল ওমান!‍ রবিতে ফের পাকিস্তানের সামনে ভারত, চিন্তা বাড়ল গম্ভীরের

    India Vs Pakistan: ভয় ধরাল ওমান!‍ রবিতে ফের পাকিস্তানের সামনে ভারত, চিন্তা বাড়ল গম্ভীরের

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবাসরীয় ক্রিকেটে সুপার ফোরের ম্যাচে ভারতের সামনে পাকিস্তান (India Vs Pakistan)৷ রবিবার পাকিস্তান ম্যাচের আগে দলের সকলকে দেখে নিতে চেয়েছিলেন গৌতম গম্ভীর। ব্যাটিং, বোলিং দুই ক্ষেত্রেই পরীক্ষা করে দেখলেন তিনি। সেই কারণেই হয়তো চলতি এশিয়া কাপে ওমানকে হারাতে সবচেয়ে বেশি সমস্যা হল ভারতের। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারাতেও এতটা সমস্যা হয়নি সূর্যদের। ওমানকে ২১ রানে হারিয়ে ভারত অপরাজিত থাকলেও সুপার ফোরের আগে কয়েকটি প্রশ্ন উঠে গেল গম্ভীরের সামনে। ভারত জিতল, তবে কষ্ট করে ৷

    রাউন্ড রবিন ফরম্যাটে সুপার ফোর

    এশিয়া কাপের সুপার ফোর পর্যায় শুরু হয়ে যাচ্ছে শনিবার থেকেই। গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান এবং গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার ফোরে। এবার রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে চার দল। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল যাবে ফাইনালে। সুপার ফোরে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ব্যাটিং, বোলিং দুই ক্ষেত্রেই পরীক্ষানিরীক্ষা চালায় ‘মেন ইন ব্লু’৷ তবে ওমানকে হারাতে সমস্যা হল ভারতের। এশিয়া কাপ থেকে বিদায় নিলেও ভারতের বিরুদ্ধে ওমান ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো৷ ম্য়াচ শেষে ভারত অধিনায়কের সংযোজন, ‘অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে ওমান।’ ম্যাচের পর ওমান ক্রিকেটারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ হ্যান্ডশেক করলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন৷ ম্যাচের সেরা সঞ্জু স্যামসন৷

    রাউন্ড রবিন ফরম্যাটে সুপার ফোর

    ওমান ম্যাচের আগে আলোচনা চলছিল রেকর্ড নিয়ে। অনেকেই বলছিলেন, রেকর্ডের বন্যা বয়ে যেতে পারে এই ম্যাচে। কিন্তু ওমান দেখিয়ে দিল, একটি ম্যাচ না জিতলেও লড়াই করতে ভয় পায় না তারা। নজর কাড়লেন শাহ ফয়জল। পাকিস্তানে জন্মানো এই বাঁহাতি পেসার খেলেন ওমানের হয়ে। নতুন ও পুরনো দুই বলেই ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেললেন তিনি। দ্বিতীয় ওভারে তাঁর ভিতরের দিকে ঢুকে আসা বল বুঝতে পারলেন না শুভমন গিল। তাঁর অফ স্টাম্প ছিটকে গেল। উইকেট মেডেন নিলেন ফয়জল। চলতি এশিয়া কাপে বড় রান পাননি শুভমন। এই ম্যাচেও ৫ রানে আউট হলেন। রান পেলেন না হার্দিকও। ১ রানের মাথায় রান আউট হলেন। শিবম দুবে ৫ রানে ফিরলেন। ভারতের তিন ব্যাটারের ফর্ম চিন্তায় রাখবে গম্ভীরকে। অভিষেক শর্মা অবশ্য ছন্দে রয়েছেন। এই ম্যাচেও ঝোড়ো ইনিংস খেললেন। ১৫ বলে ৩৮ রান করলেন তিনি। ভাল দেখাল সঞ্জু স্যামসনকে। চলতি এশিয়া কাপে প্রথম বার খেলতে নেমে অর্ধশতরান করলেন তিনি।

    সুপার ফোরের জন্য তৈরি

    ভারতের বোলিংয়ের শুরু করেছিলেন তিন পেসার। হার্দিক, অর্শদীপ ও হর্ষিত পাওয়ার প্লে-তে উইকেট তুলতে পারলেন না। জসপ্রীত বুমরাহ এই ম্যাচে খেলেননি। ভারতীয় পেসারেরা গায়ের জোরে বল করে গেলেন। বৈচিত্র বিশেষ দেখালেন না। ফলে নতুন বলে উইকেট এল না। ওমানের জুটি ভাঙলেন সেই কুলদীপ যাদব। এ বারের এশিয়া কাপে কুলদীপকে থামানো যাচ্ছে না। তাঁর বল বুঝতেই পারছেন না ব্যাটারেরা। ওমানের বিরুদ্ধেও শুরুতে তাই দেখা গেল। জতিন্দরকে ৩২ রানে ফেরালেন তিনি। শুক্রবার ওমানকে হারিয়ে অপরাজিত থেকে সুপার ফোরে উঠেছে ভারত। খেলা শেষে সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকর সূর্যকে প্রশ্ন করেন, “রবিবারের ম্যাচের জন্য তৈরি তো?” জবাবে সূর্য বলেন, “সুপার ফোরের জন্য তৈরি।” আলাদা করে পাকিস্তান ম্যাচের কথা বলেননি সূর্য। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, পাকিস্তান ম্যাচকে আর পাঁচটা ম্যাচের মতোই দেখছেন তাঁরা।

    এশিয়া কাপ (Asia Cup 2025) সুপার ফোরের সূচি

    ২০ সেপ্টেম্বর:‌ শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
    ২১ সেপ্টেম্বর:‌ ভারত বনাম পাকিস্তান
    ২৩ সেপ্টেম্বর:‌ পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
    ২৪ সেপ্টেম্বর:‌ ভারত বনাম বাংলাদেশ
    ২৫ সেপ্টেম্বর:‌ পাকিস্তান বনাম বাংলাদেশ
    ২৬ সেপ্টেম্বর:‌ ভারত বনাম শ্রীলঙ্কা
    ২৮ সেপ্টেম্বর:‌ ফাইনাল।

    ভারতের সব ম্যাচই হবে দুবাইয়ে

  • Zubeen Garg: জলে নেমেই খিঁচুনি! মর্মান্তিক মৃত্যু গায়ক জুবিন গর্গের, জানেন এই রোগের প্রভাব?

    Zubeen Garg: জলে নেমেই খিঁচুনি! মর্মান্তিক মৃত্যু গায়ক জুবিন গর্গের, জানেন এই রোগের প্রভাব?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ভারতীয় বিনোদুনিয়ায় আছড়ে পড়েছে দুঃসংবাদ। বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু হয়েছে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের (Zubeen Garg)। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানেই প্রখ্যাত অসমীয়া গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরের লাজারাস আইল্যান্ডে স্কুবা ডাইভেরর সময় খিঁচুনির শিকার হন। যা শেষপর্যন্ত তাঁর মৃত্যুর কারণ হয়। মৃত্যুকালে জুবিন গর্গের বয়স হয়েছিল ৫২।

    কী ঘটেছিল

    প্রয়াত গায়কের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ জানিয়েছেন, “জুবিন প্রায় সাত-আট জনের একটি দলের সঙ্গে ইয়ট করে লাজারাস দ্বীপে গিয়েছিলেন। দলের মধ্যে ছিলেন ড্রামার শেখর ও সিদ্ধার্থ সহ আরও অনেকে। তাঁরা সবাই লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটেন এবং পরে ইয়টে ফিরে আসেন। কিন্তু জুবিন আবার একা সাঁতারের জন্য নামেন এবং সেই সময়েই খিঁচুনির আক্রমণ হয়।” তিনি আরও জানান, “জুবিন আগেও একাধিকবার খিঁচুনির সমস্যায় পড়েছিলেন, কিন্তু প্রতিবারই মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন। এবারও সহযাত্রীরা কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রায় দু’ঘণ্টা আইসিইউ-তে রাখা হয়।” কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন জুবিন।

    বলিউডে পরিচিত নাম জুবিন

    জন্মসূত্রে অসমের হলেও বলিউডে বেশ পরিচিত নাম জুবিন। গান গেয়েছেন ‘ফিজা’, ‘গ্যাংস্টার’, ‘রাজ’, ‘থ্রিডি’, ‘কৃষ থ্রি’র মতো সিনেমায়। বাংলা চলচ্চিত্রেও একাধিক গান গেয়েছেন তিনি। রংবাজ, খিলাড়ি, খোকা ৪২০-এর মতো সিনেমায় দিয়েছেন কণ্ঠ। অসমিয়া ছবিতে গানের পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। তবে বছরখানেক ধরেই শরীর ভালো যাচ্ছিল না জুবিনের। গায়কের ঘনিষ্ঠমহলও একাধিকবার তাঁর বিরুদ্ধে অত্যধিক মদ্যপানের অভিযোগ তুলেছে। যার জেরে তাঁর একাধিক শো-ও বাতিল সাম্প্রতিক অতীতে। একসময়ে যে গায়কের কণ্ঠে ‘ইয়া আলি…’ শুনে গোটা দেশে ঝড় উঠেছিল, সেই গায়কের এহেন অনিয়ন্ত্রিত জীবনযাপন অনুরাগীদের অনেকেই মেনে নিতে পারেননি। খিঁচুনি একটি জিনঘটিত রোগ হলেও অনিয়ন্ত্রিত জীবনযাপন এই রোগে অনুঘটকের কাজ করে।

    খিঁচুনি কী?

    খিঁচুনি হল মস্তিষ্কে হঠাৎ করে অতিরিক্ত ইলেকট্রিক্যাল ক্রিয়াকলাপের ফলে ঘটে যাওয়া সাময়িক অস্বাভাবিকতা, যা আচরণ, অনুভূতি কিংবা চেতনার উপর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি খিঁচুনির ধরন একরকম হয় না। কেউ হঠাৎ থেমে গিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারেন, আবার কারও দেহে অস্বাভাবিক ঝাঁকুনি দেখা দিতে পারে। একজন ব্যক্তি হয়তো জীবনে একবারই খিঁচুনি অনুভব করবেন, আবার কেউ প্রতিদিন একাধিকবার খিঁচুনিতে আক্রান্ত হতে পারেন। গবেষণা অনুযায়ী, পৃথিবীর প্রায় ১০ শতাংশ মানুষ জীবনে অন্তত একবার খিঁচুনির অভিজ্ঞতা অর্জন করেন।

    খিঁচুনির ধরন

    জেনারেলাইজড সিজার (Generalized Seizure): এ ধরণের খিঁচুনিতে মস্তিষ্কের উভয় পাশেই একযোগে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি শুরু হয়। এতে দেহে প্রবল ঝাঁকুনি দেখা যায় অথবা ব্যক্তি হঠাৎ স্থির হয়ে যায়। সাধারণত শিশু ও তরুণদের মধ্যে বেশি দেখা গেলেও যেকোনও বয়সে এটি হতে পারে।

    ফোকাল সিজার (Focal Seizure): এতে খিঁচুনির সূত্রপাত মস্তিষ্কের একটি পাশে হয় এবং দেহের একদিকে লক্ষণ দেখা যায়। অনেক সময় ব্যক্তি এই খিঁচুনির অভিজ্ঞতা মনে রাখতে পারেন না। ফোকাল সিজার ধীরে ধীরে উভয় পাশে ছড়িয়ে পড়তেও পারে।

    খিঁচুনির লক্ষণসমূহ

    খিঁচুনির লক্ষণ ধরণ ও তীব্রতার উপর নির্ভর করে। সাধারণ উপসর্গের মধ্যে থাকতে পারে, জ্ঞান হারানো, শরীরে অত্যধিক কাঁপুনি, মাংসপেশির টান, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা, দাঁত শক্ত করে চেপে ধরা, লালা পড়া, চোখে অস্বাভাবিক নড়াচড়া, প্রস্রাব বা পায়খানা ধরে রাখতে না পারা, অজানা শব্দ তৈরি হওয়া, হঠাৎ আবেগের পরিবর্তন – ভয়-বিভ্রান্তি-আনন্দ বা উদ্বেগ।

    খিঁচুনির কারণ কী?

    সাধারণত মস্তিষ্কের নিউরনগুলোর মধ্যে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত বৈদ্যুতিক সংকেত আদান-প্রদানের ফলে খিঁচুনি হয়। এই সংকেত মস্তিষ্কের অন্য অংশে ছড়িয়ে পড়ে সামগ্রিক বৈদ্যুতিক ভারসাম্য নষ্ট করে দেয়। এটি প্রধানত দুই ধরনের।

    প্রোভোকড সিজার (Provoked Seizure): যেটি কোনও সাময়িক অবস্থার কারণে ঘটে। যেমন: জ্বর, রক্তে শর্করার ভারসাম্যহীনতা, ওষুধের প্রতিক্রিয়া বা মাথায় আঘাত।

    আনপ্রোভোকড সিজার (Unprovoked Seizure): যেগুলি নিজে নিজেই ঘটে, বেশিরভাগ ক্ষেত্রে এটি মৃগী বা এপিলেপসির লক্ষণ হতে পারে।

    সাঁতারের সময় খিঁচুনি কেন বিপজ্জনক?

    জলের মধ্যে খিঁচুনি হলে ব্যক্তি চেতনা হারাতে পারেন, ফলে ডুবে যাওয়ার আশঙ্কা থাকে। লাইফ জ্যাকেট থাকলেও হঠাৎ শরীরের কাঁপুনি ও অঙ্গ সঞ্চালনে অসামঞ্জস্য দেখা দিলে তা প্রাণঘাতী হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, কোনও ব্যক্তি আগে খিঁচুনির শিকার হলে, সাঁতারের সময় তাঁর সবসময় নজরদারির মধ্যে থাকা উচিত। জলে একা নামা একেবারেই উচিত নয়।

    জুবিনের জনপ্রিয়তা

    ১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরায় জন্মগ্রহণ করেছিলেন জুবিন বোর ঠাকুর। পরে তিনি তাঁর পরিবারের গোত্র থেকে গর্গ উপাধিটি গ্রহণ করেন। প্রখ্যাত সঙ্গীত সুরকার জুবিন মেহতার নামে তাঁর নামকরণ করা হয়। সাহিত্য ও সঙ্গীতে যথেষ্ঠ চর্চা ছিল জুবিনের পরিবারে। তাঁর বাবা মোহিনী মোহন বোরঠাকুর ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। পাশাপাশি তিনি গীতিকার ও কবিও ছিলেন। তিনি কপিল ঠাকুর নামে লিখতেন। তাঁর মা হলেন ইলি বোরঠাকুর, তিনিও একজন গায়িকা। অভিনেত্রী তথা গায়িকা জংকি বোরঠাকুর তাঁর বোন। তিনি ২০০২ সালে এক পথ দুর্ঘটনায় মারা যান। তাঁর আর এক বোন, ডঃ পাম বোরঠাকুর। অসমিয়া, বাংলা, হিন্দি শুধু নয়, নেপালি, তামিল, তেলেগু, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া, ইংরেজি এবং এমনকি কার্বি, মিসিং এবং তিওয়ার মতো উপজাতি ভাষা সহ মোট ৪০ টিরও বেশি ভাষা এবং উপভাষায় গান গেয়েছিলেন। তবে কেবল গান নয় নানা বাদ্যযন্ত্রেও তিনি পারদর্শী ছিলেন। তিনি তবলা থেকে শুরু করে গিটার, ড্রাম, হারমোনিয়াম, দোতারা, ঢোল, ম্যান্ডোলিন এবং হারমোনিয়াম-সহ ১২টি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। জুবিন গার্গের অকাল মৃত্যুতে দেশের সংগীত জগত শোকাহত। তাঁর স্মৃতি, গান এবং অবদান শ্রোতাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।

  • Manipur Violence: সন্ত্রাসী হামলায় রক্তাক্ত মনিপুর, অসম রাইফেল্‌সের কনভয়ে গুলি! হত দুই জওয়ান, জখম ছয়

    Manipur Violence: সন্ত্রাসী হামলায় রক্তাক্ত মনিপুর, অসম রাইফেল্‌সের কনভয়ে গুলি! হত দুই জওয়ান, জখম ছয়

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের রক্ত ঝরল মণিপুরে (Manipur Violence)। শুক্রবার সন্ধ্যায় বিষ্ণুপুর জেলায় কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেল্‌সের গাড়িতে স্বয়ংক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসবাদীরা হামলা চালায়। গুলির লড়াইয়ে দু’জন জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অন্তত ছয় জন। হামলার পরেই ওই অঞ্চলে বাড়তি বাহিনী পাঠানো হয়েছে। শুরু হয়েছে পাহাড়-জঙ্গল ঘিরে চিরুনি তল্লাশি।

    কীভাবে হামলা

    প্রশাসনের তরফে জানা গিয়েছে, অসম রাইফেলসের জওয়ানদের নিয়ে একটি ‘টাকা ৪০৭’ গাড়ি রাজধানী ইম্ফল থেকে বিষ্ণুপুরের উদ্দেশে আসছিল। পথে নাম্বোল সবাল লেইকাই এলাকায় অতর্কিতে ওই গাড়ির উপর হামলা চালায় বন্দুকবাজের দল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জওয়ানের। গুরুতর আহত হয়েছেন অন্তত ৬ জন তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, অতর্কিত হামলার পর এলাকা ছেড়ে জঙ্গলের দিকে চম্পট দেয় বন্দুকবাজরা। তাদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি অভিযান। তাৎপর্যপূর্ণ বিষয় হল যে রাস্তার উপর এই হামলা চলেছে কয়েকদিন আগে এই রাস্তা ধরেই গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি।

    মায়ানমার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ

    হামলার খবর প্রকাশ্যে আসার পর শহিদ জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। এক্স হ্যান্ডেলে মণিপুর রাজভবনের তরফে লেখা হয়েছে, ‘আজ সন্ধ্যায় মণিপুরে নিরাপত্তাবাহিনীর উপর যে হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় অসম রাইফেলসের দুই বীর জওয়ান শহিদ হয়েছেন। রাজ্যপাল মর্মান্তিক এই ঘটনায় শহিদ পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন। দেশরক্ষায় তাঁদের বীরত্ব ও নিষ্ঠা স্বীকৃতির দাবিদার। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যপাল।’ একইসঙ্গে তিনি জানিয়েছেন, ‘এই ধরনের কাপুরুষোচিত হামলা কোনওভাবেই সহ্য করা হবে না। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য প্রশাসন কড়া হাতে পরিস্থিতি সামাল দেবে। অপরাধীরা যোগ্য জবাব পাবে।’ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মায়ানমার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারী কুকি জঙ্গিরাই এই হামলা চালিয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সম্প্রতি ওই এলাকা থেকে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ (AFSPA) প্রত্যাহার করা হয়েছিল।

  • Yasin Malik: হাফিজ সইদের সঙ্গে বৈঠক, ধন্যবাদ জানান মনমোহন! বিস্ফোরক দাবি ইয়াসিন মালিকের

    Yasin Malik: হাফিজ সইদের সঙ্গে বৈঠক, ধন্যবাদ জানান মনমোহন! বিস্ফোরক দাবি ইয়াসিন মালিকের

    মাধ্যম নিউজ ডেস্ক: লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের সঙ্গে বৈঠক করার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দিল্লি হাইকোর্টে রীতিমতো হলফনামা দিয়ে এই দাবি করেছেন জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিক। ২৬/১১ হামলার পরও প্রতিশোধের পথে না হেঁটে শান্তির বার্তা! সন্ত্রাসবাদ এবং পাক নীতি নিয়ে অতীতে বহুবার সমালোচিত হয়েছে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকার। এবার ওই জমানারই এক নয়া এবং বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন।

    ইয়াসিন মালিকের বিতর্কিত মন্তব্য

    জঙ্গি, অনুপ্রবেশকারীদের মদত দেয় কংগ্রেসে। দিন কয়েক আগেই এই দাবি করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি। বিজেপির অভিযোগ, সন্ত্রাসবাদ এবং পাক নীতি নিয়ে মনমোহন সরকার খুবই উদাস ছিল। এসবের মধ্যেই সেই আমলের এই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এল। জঙ্গি নেতা মালিকের বিবৃতি অনুসারে, ২০০৫ সালে কাশ্মীরে ভয়াবহ ভূমিকম্পের পর পাকিস্তান সফরের আগে গোয়েন্দা ব্যুরোর (আইবি) তৎকালীন বিশেষ ডিরেক্টর ভি. কে. জোশী দিল্লিতে জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ)-এর নেতা ইয়াসিন মালিকের সঙ্গে দেখা করেছিলেন। সেই বৈঠকে জোশীই, ইয়াসিন মালিককে অনুরোধ করেছিলেন যে-তিনি কেবল পাকিস্তানি রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেই নয়, বরং হাফিজ সইদ-সহ জঙ্গি নেতাদের সঙ্গেও যোগাযোগ করার সুযোগটি কাজে লাগান। ইয়াসিনের দাবি, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর শান্তি প্রচেষ্টাকে সমর্থন করার লক্ষ্যেই এই অনুরোধ করেছিলেন জোশী। মালিক দাবি করেন যে তাঁকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে-সন্ত্রাসবাদী নেতাদের আলোচনায় না আনা হলে পাকিস্তানের সঙ্গে আলোচনা কোনওমতেই অর্থবহ হতে পারে না। জোশীর অনুরোধের ভিত্তিতে ইয়াসিন মালিক পাকিস্তানে একটি অনুষ্ঠানে হাফিজ সইদ এবং ইউনাইটেড জেহাদ কাউন্সিলের অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করতে রাজি হন।

    কূটনীতির ক্ষেত্রে ইউপিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন

    ইয়াসিন মালিকের বক্তব্যের সবচেয়ে বিস্ফোরক অংশ হল ভারতে ফিরে আসার পর কী ঘটেছিল তার বর্ণনা। তিনি দাবি করেন যে, আইবি-কে সবকিছু বলার পর তাঁকে সরাসরি প্রধানমন্ত্রীকে বিষয়টি বলতে বলা হয়েছিল। কারাবন্দি নেতার দাবি, রাজধানীতে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম. কে. নারায়ণনের উপস্থিতিতে মনমোহন সিয়ের-এর সঙ্গে দেখা করেছিলেন তিনি। সেখানেই তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁকে ব্যক্তিগতভাবে পাকিস্তানের সবচেয়ে কট্টরপন্থী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তাঁর প্রচেষ্টা, ধৈর্য এবং নিষ্ঠার জন্য ধন্যবাদ জানান। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য সোশ্যাল মিডিয়া পোস্টে ইয়াসিন মালিকের দাখিল করা হলফনামাকে হাতিয়ার করে কংগ্রেসকে নিশানা করেছেন। পোস্টে তিনি লিখেছেন, যদি এই নতুন দাবিগুলি সত্য হয়, তাহলে জাতীয় নিরাপত্তার আড়ালে কূটনীতি পরিচালনার ক্ষেত্রে ইউপিএ-এর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপিত হবে।

  • DUSU Election 2025: ফের গেরুয়া ঝড়! দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটে তিনটি পদে জয়ী এবিভিপি

    DUSU Election 2025: ফের গেরুয়া ঝড়! দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটে তিনটি পদে জয়ী এবিভিপি

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়ের (DUSU Election 2025) ছাত্র সংসদ নির্বাচনে ফের গেরুয়া ঝড়। সভাপতি, সম্পাদক-সহ চারটি গুরুত্বপূর্ণ পদের মধ্যে তিনটিই দখল করল এবিভিপি। কংগ্রেসের ছাত্র সংগঠন এর ঝুলিতে গেল শুধু সহ-সভাপতির পদ। ২০২৩ সালের মতোই দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল জয় ছিনিয়ে নিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সভাপতি পদে এবিভিপি প্রার্থী আরিয়ান মান তাঁর এনএসইউআই প্রতিদ্বন্দ্বী জসলিন নন্দিতা চৌধরিকে ১৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন।

    একচ্ছত্র আধিপত্য এবিভিপি’র

    ভোটগ্রহণ হয়েছিল বৃহস্পতিবার। শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ফল ঘোষণা হল। কংগ্রেস প্রভাবিত ছাত্র সংগঠন এনএসইউআই-কে হারিয়ে সভাপতি পদ পুনর্দখল করল সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)। সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদ দু’টিও গিয়েছে এবিভিপির ঝুলিতে। ছাত্র সংসদের চারটি পদের জন্য মোট ২১ জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছিলেন। চলতি নির্বাচনে ভোট দিয়েছেন মূল ক্যাম্পাসের পাশাপাশি দিল্লি বিশ্ববিদ্যালেয়ের অধীনে থাকা ৫০টি কলেজের ছাত্র-ছাত্রীরা। এবারের নির্বাচনে ভোট পড়েছিল ৩৯.৪৫ শতাংশ। ছাত্র নির্বাচন হলেও, তা ঘিরে উত্তেজনা ছিল টানটান। ৫২টি কেন্দ্র ও ১৯৫টি বুথে হয়েছে ভোট গ্রহণ। আনা হয়েছিল ৭১১টি ইভিএম।

    প্রত্যেক পড়ুয়ার পাশে থাকার বার্তা

    শুক্রবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২৮ হাজারের বেশি ভোট পেয়ে এই পদে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নয়া সভাপতি পদে বসলেন আরিয়ান। অন্যদিকে এনএসইউআই প্রার্থী পেয়েছেন ১২ হাজারের সামান্য অধিক ভোট। শুধুই সভাপতি পদই নয়, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদেও জয় লাভ করেছে আরএসএস-এর ছাত্রদল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের নয়া সম্পাদক হয়েছেন কুণাল চৌধুরী এবং যুগ্ম সম্পাদক হয়েছে দীপিকা ঝা। একমাত্র সহ-সভাপতি পদে জয় লাভ করেছে এনএসইউআই-র প্রার্থী রাহুল ঝান্সলা। এই নির্বাচনে অংশ নিয়েছিল বাম সমর্থিত দুই ছাত্রদল এসএফআই ও আইসা। কিন্তু তাদের হাত আপাতত শূন্যই। আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কুণাল চৌধরী এনএসইউআই-এর কবীরকে পরাজিত করে সম্পাদকের পদটি ছিনিয়ে নিয়েছেন৷ সেন্ট্রাল প্যানেলের যুগ্ম সম্পাদকের পদটিও পেয়েছেন এবিভিপি’র দীপিকা ঝা৷ তিনি এনএসইউআই-এর লবকুশ ভাডানাকে পরাজিত করেছেন৷ এবিভিপি-র কুণাল চৌধরী বলেন, “আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সম্পাদক নির্বাচিত হয়েছি৷ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই৷ করজোড়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক পড়ুয়াকে আশ্বস্ত করছি, কখনও কারও কিছু প্রয়োজন হলে, আমি সবসময় পাশে আছি৷”

  • Operation Sindoor: জইশ-এর পর এবার লস্কর জঙ্গির স্বীকারোক্তি, অপারেশন সিঁদুরে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস

    Operation Sindoor: জইশ-এর পর এবার লস্কর জঙ্গির স্বীকারোক্তি, অপারেশন সিঁদুরে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস

    মাধ্যম নিউজ ডেস্ক: মাসুদ আজহারের বাহাওয়ালপুর ক্যাম্প নিয়ে পাকিস্তানের দাবি জইশ-ই-মহম্মদের (জইশ) এক কমান্ডারের বক্তব্যে প্রশ্নের মুখে পড়ার কয়েক দিনের মধ্যেই এবার লস্কর-ই-তৈইবার (এলইটি) এক জঙ্গি স্বীকার করেছেন যে, মুরিদকেতে সংগঠনের সদর দফতর ‘মারকাজ তৈইবা’ ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশন সিঁদুরে (Operation Sindoor) ধ্বংস হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এক ভিডিওতে লস্করের কমান্ডার কাসিম বলেন, ‘‘আমি মুরিদকের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছি, যেখানে একসময় মারকাজ তৈইবা ছিল। ভারতের হামলায় এটি ধ্বংস হয়েছে। এখন আল্লাহর রহমতে এটি আরও বড় করে নির্মাণ করা হচ্ছে।’’ ভিডিওতে কাসিমের পেছনে একটি নির্মীয়মান বাড়ি দেখা যায়।

    মুরিদকে লস্কর ভবন পুনঃনির্মাণ

    ওই ভিডিওয় লস্কর কমান্ডার আরও স্বীকার করেন যে, বহু মুজাহিদ এবং ‘তালাবা’ (ছাত্র) এখানে প্রশিক্ষণ গ্রহণ করতেন এবং ‘ফয়জ’ অর্জন করতেন। যদিও পাকিস্তান সরকার দাবি করেছে যে, এই ভবনটি দীর্ঘদিন ধরেই লস্করের দ্বারা ব্যবহার করা হচ্ছিল না, কাসিমের এই ভিডিও সেই দাবিকে সম্পূর্ণভাবে খণ্ডন করে। আরেকটি ভিডিওতে কাসিম পাকিস্তানের তরুণদের ‘দাওরা-এ-সুফফা’ নামে পরিচিত লস্করের প্রাথমিক জিহাদি প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে আহ্বান জানান। এই কর্মসূচিতে ধর্মীয় প্ররোচনার পাশাপাশি অস্ত্র চালানোর প্রশিক্ষণও দেওয়া হয়। ২০২৫ সালের ৭ই মে জম্মু-কাশ্মীরের পাহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর ভারতীয় বাহিনী ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor)  অধীনে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের (PoK) নয়টি জঙ্গি ঘাঁটি একযোগে ধ্বংস করে। এই অভিযানে বাহাওয়ালপুরে জইশ, শিয়ালকোটে হিজবুল মুজাহিদিন, বার্নালা ও মুজাফফরাবাদে লস্করের বিভিন্ন ঘাঁটি ছিল।

    ভারতের দাবিই সত্যি

    একটি ভয়াবহ ভিডিওতে লস্করের ডেপুটি চিফ সাইফুল্লাহ কাসুরি সম্প্রতি দাবি করেন, পাকিস্তান সরকার ও সেনাবাহিনী মারকাজ তইবার পুনর্গঠনের জন্য অর্থ সাহায্য দিয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থার দাবি, মুরিদকে লস্করের সদর দফতর গোপনে পুনর্নির্মাণ করা হচ্ছে। গোয়েন্দা সূত্রের দাবি, ২০২৬ সালের ৫ই ফেব্রুয়ারি — কাশ্মীর সংহতি দিবসকে সামনে রেখে — নতুন করে নির্মিত মারকাজ তইবা উদ্বোধন করা হবে, যেখানে আবারও প্রশিক্ষণ, প্ররোচনা ও জঙ্গি কার্যক্রম পরিচালিত হবে। এর আগে জইশ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরিও এক ভিডিও বার্তায় স্বীকার করেছিলেন, বাহাওয়ালপুরে ভারতীয় হামলায় মাসুদ আজহারের পরিবার “টুকরো টুকরো” হয়ে গিয়েছে। সেই ভিডিওতে তিনি আরও বলেন, পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির নিহত জঙ্গিদের জানাজায় অংশ নিয়েছেন। এই ভিডিওগুলি প্রমাণ করে ভারতের দাবি সত্যি। কাঁটাতারের ওপার থেকেই ভারতের বিরুদ্ধে বহু হামলার পরিকল্পনা করা হয়।

     

     

     

     

     

  • Operation Sindoor: ‘‘জঙ্গি-দমনই লক্ষ্য, সাধারণ মানুষ নয়’’! রাত ১টায় কেন অপারেশন সিঁদুর, জানালেন সিডিএস অনিল চৌহান

    Operation Sindoor: ‘‘জঙ্গি-দমনই লক্ষ্য, সাধারণ মানুষ নয়’’! রাত ১টায় কেন অপারেশন সিঁদুর, জানালেন সিডিএস অনিল চৌহান

    মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণ নাগরিকদের ক্ষতি এড়ানোর জন্যই রাত ১টা থেকে দেড়টার মধ্যে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালান হয়। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এমনই দাবি করলেন ভারতের সেনা সর্বাধিনায়ক (CDS Anil Chauhan) অনিল চৌহান। এদিন নয়াদিল্লির রাজভবনে এক আলাপচারিতায় অনিলের কথায় উঠে এসেছে ‘সিঁদুর’ অভিযানের সাফল্য এবং ভারতীয় সেনাবাহিনীর দক্ষতার প্রসঙ্গ।

    রাতেও আমরা ছবি তুলতে পারব

    পহেলগাঁও হামলার জবাবে গত ৭ মে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। রাত ১টায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটিতে অপারেশন চালানো হয়। অনেকের মনেই প্রশ্ন আছে যে রাত ১টাতেই কেন এই অপারেশন চালানো হয়েছিল? তার উত্তর দিলেন ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান। তিনি জানিয়েছেন যে ভারত ইচ্ছাকৃতভাবেই ৭ মে রাত ১টায় অপারেশন সিঁদুর চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। লক্ষ্য ছিল পাকিস্তানের সাধারণ মানুষের হতাহতের ঘটনা রোখা। ভারতের সেনা সর্বাধিনায়ক জানান, মধ্যরাতে অভিযান করার নেপথ্যে ছিল দু’টি কারণ। তাঁর কথায়, ‘‘প্রথমত, রাতেও আমরা ছবি তুলতে পারব, আমাদের সেই ক্ষমতার উপর আত্মবিশ্বাসী ছিলাম। আর দ্বিতীয়ত, সাধারণ নাগরিকদের ক্ষতি এড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে।’’

    নিরীহ মানুষের উপর আঘাত হানতে চায়নি ভারত

    অনিল জানান, ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে অভিযান চালানোর ক্ষেত্রে উপযুক্ত সময় ছিল। তার পরেও মধ্যরাতে অভিযান চালানোর জন্য বেছে নেওয়া হয়েছিল। কেন সকালে অভিযান করা হয়নি? অনিলের কথায়, ‘‘ওটা নমাজের সময়। অনেক সাধারণ মানুষ জড়ো হন ওই সময়ে। তাই চিন্তাভাবনা করে ভোরের সময় বাতিল করা হয়।’’ অর্থাৎ, ভোরবেলা অভিযান চালালে সাধারণ মানুষের হতাহতের সম্ভাবনা থাকত বেশি। ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গি পরিকাঠামোয় আঘাত হেনেছিল ভারতীয় সেনা। এর মধ্যে ছিল মুজফ্‌ফরাবাদ, কোটলি, বহওয়ালপুর, রাওয়ালকোট, চক্‌সওয়ারি, ভিম্বার, নীলম উপত্যকা, ঝিলম এবং চকওয়াল। ছোড়া হয় মোট ২৪টি ক্ষেপণাস্ত্র। রাত ১টা বেজে পাঁচ মিনিটে শুরু হওয়া এই অভিযানের সময়সীমা ছিল ২৫ মিনিট। লশকর-এ-ত্যায়বা ও জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণকেন্দ্রগুলিই ছিল ভারতীয় সশস্ত্র বাহিনীর লক্ষ্য। ভারতের দাবি, জঙ্গিদমন করতেই তাদের এই অভিযান। তাই নিরীহ মানুষের উপর আঘাত হানতে চায়নি ভারত।

    যুদ্ধের পরিবর্তিত চরিত্র

    ভারতীয় বাহিনীর সামরিক প্রধান শুক্রবার ঝাড়খণ্ডের রাঁচিতে স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। যেখানে তিনি সামরিক ও অসামরিক মিশনের জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন। তিনি জানান, যুদ্ধের পরিবর্তিত চরিত্র এখন প্রযুক্তির দ্বারা বেশি চালিত হয়। যুদ্ধক্ষেত্র আর শুধু স্থল, বায়ু এবং সমুদ্রের মতো ক্ষেত্রগুলিতে সীমাবদ্ধ নয়, বরং এটি মহাকাশ, সাইবার, ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এবং এমনকি নলেজ ডোমেনেও প্রসারিত হয়েছে। সাম্প্রতিক অপারেশনগুলিতে এই পরিবর্তন স্পষ্ট ছিল বলে জানিয়েছেন জেনারেল অনিল চৌহান।

  • Weather Update: পুজোর আগে ফের বৃষ্টি, শহরের আকাশে মেঘের আনাগোনা! মাথায় হাত ব্যবসায়ীদের

    Weather Update: পুজোর আগে ফের বৃষ্টি, শহরের আকাশে মেঘের আনাগোনা! মাথায় হাত ব্যবসায়ীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্যালেন্ডারে বর্ষা বিদায় নিয়েছে, এসেছে শরৎ। কিন্তু বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গবাসীর। পুজোর মুখে ফের আকাশের মুখ ভার। সকাল থেকে শহরের আকাশে মেঘের ঘনঘটা। বিক্ষিপ্ত ভাবে চলছে বৃষ্টি। রবিবার মহালয়া। দক্ষিণবঙ্গের অন্তত আটটি জেলায় সে দিনও ঝড়়বৃষ্টি হতে পারে, জানাল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। রাজ্যের নানা প্রান্তেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর আগে শেষ শনি ও রবিবার বৃষ্টির ফলে বানচাল হতে পারে কেনাকাটা। মাথায় হাত ব্যবসায়ীদের। পুজোর মধ্যেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

    উত্তর থেকে দক্ষিণে চলছে বৃষ্টি

    শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সাত জেলাতে (Rain in Kolkata)। বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ এলাকাতে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামিকাল, শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে থাকবে। আজ, শুক্রবার ভারী বৃষ্টির‌ হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির কমলা সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা।

    সাগরে তৈরি ঘূর্ণাবর্ত

    সাগরে কিছু দিন আগেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। এখন তা পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপরে রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ঘূর্ণাবর্তটি এখন দেড় কিলোমিটার উঁচুতে। মূলত এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তার ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। শুক্রবার কলকাতার (Rain in Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। কলকাতায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কোথাও টিপটিপ তো কোথাও এক পশলা। মহালয়ায় কলকাতায় আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা এখনও পর্যন্ত নেই। দু’-এক পশলা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে তার পরের দিন কলকাতাও ভিজতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

  • Election Commission of India: ৫৯৯৪টা আবেদন ভুয়ো! রাহুলের অভিযোগ নিয়ে কী বলল কমিশন?

    Election Commission of India: ৫৯৯৪টা আবেদন ভুয়ো! রাহুলের অভিযোগ নিয়ে কী বলল কমিশন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটারদের নাম বাদ দেওয়া সংক্রান্ত রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন (Election Commission of India)। বৃহস্পতিবার রাতের দিকে একটি বিবৃতি দিয়ে কমিশন জানিয়েছে, কর্নাটকের অলন্দ বিধানসভা এলাকায় ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার জন্য ২০২২ সালের ডিসেম্বরে অনলাইনে প্রায় ৬০১৮টা আবেদন জমা পড়েছিল। এত বেশি সংখ্যক আবেদন সন্দেহজনক মনে হওয়ায়, প্রতিটা আবেদন খুঁটিয়ে দেখে কমিশন। দেখা যায় মাত্র ২৪টা আবেদন সঠিক। ৫৯৯৪টা আবেদন ভুয়ো। তাই শুধু ওই ২৪টা গ্রহণ করে বাকি আবেদন বাতিল করে দেওয়া হয় বলে জানিয়েছে কমিশন।

    কী বলল নির্বাচন কমিশন

    রাহুলের অভিযোগকে ‘ভুল এবং ভিত্তিহীন’ বলে দাবি করেছে কর্নাটক তথা জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে রাহুল অভিযোগ করেছিলেন, নির্দিষ্ট সফ্‌টঅয়্যারের মাধ্যমে নকল আবেদন করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, “অলন্দ কর্নাটকের একটি লোকসভা কেন্দ্র। কেউ কেউ ৬০১৮টি ভোট মুছে ফেলার চেষ্টা করেছেন। আমরা জানি না ২০২৩ সালের ভোটে (কর্নাটকের বিধানসভা নির্বাচন) ঠিক কত জনের নাম বাদ গিয়েছে। কিন্তু সংখ্যাটা অবশ্যই ৬০১৮-র বেশি হবে।” কমিশনের তরফে জানানো হয়েছে, অনলাইনে কেউ কোনও ভোটারের নাম বাদ দিতে পারেন না। কারও নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয় বলেও জানিয়েছে কমিশন।

    এফআইআর দায়ের করে এর তদন্তে নামে কমিশন

    রাহুল অভিযোগ করেছিলেন, ‘ভোটারদের নাম বাদ দেওয়া’ সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ করতে কর্নাটকের সিআইডি কমিশনকে ১৮ বার চিঠি দিয়েছিল। কিন্তু উল্টো দিক থেকে কোনও উত্তর মেলেনি বলে দাবি করছিলেন রাহুল। কমিশন অবশ্য জানিয়েছে, তাদের নির্দেশে কর্নাটকের মুখ্য নির্বাচনী আধিকারিক পুলিশকে সব তথ্য দেন। কর্নাটকের একটি বিধানসভা কেন্দ্রের নামোল্লেখ করে কমিশন (Election Commission of India) জানিয়েছে, সেখানে ২০২৩ সালে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়। কিন্তু সেই চেষ্টা ফলপ্রসূ হয়নি। সেই সময় একটি এফআইআর দায়ের করে এর তদন্তে নামে কমিশন।

LinkedIn
Share