Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • India Bloc: বাদল অধিবেশনের আগে ঐক্যের ছবি তুলে ধরতে ভার্চুয়াল বৈঠকে ইন্ডিয়া ব্লক

    India Bloc: বাদল অধিবেশনের আগে ঐক্যের ছবি তুলে ধরতে ভার্চুয়াল বৈঠকে ইন্ডিয়া ব্লক

    মাধ্যম নিউজ ডেস্ক: বাদল অধিবেশনের (Monsoon Session) আগে দেশজুড়ে ঐক্যের ছবি তুলে ধরতে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া ব্লকের (India Bloc) শীর্ষ নেতারা। তবে সেই বৈঠকে ঐক্যের বদলে ধরা পড়ল অনৈক্যের ছবিই। সামনেই বিহার বিধানসভার নির্বাচন। তার আগে ইন্ডিয়া জোটে ফাটলের এই ছবির প্রভাব ভোটবাক্সে পড়বে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

    বৈঠকে অনৈক্যের ছবি (India Bloc)

    এই বৈঠকে যোগ দিয়েছিল ২৪টি রাজনৈতিক দল। আশ্চর্যজনকভাবে অনুপস্থিত ছিল আম আদমি পার্টি। এই বৈঠকে যেসব বিষয়ে ঐক্য এবং অনৈক্যের ছবি প্রকাশ্যে এসেছে, সেগুলি হল, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাম-আরএসএস মন্তব্যে ক্ষুব্ধ সিপিআই নেতা ডি রাজা। সম্প্রতি রাহুল কেরালার বাম আদর্শের সঙ্গে তুলনা করেছিলেন আরএসএসের সঙ্গে। তা নিয়েই এদিন ক্ষোভ উগরে দেন রাজা। জোট রাজনীতিতে শরিকদের মধ্যে সমালোচনা একটি নির্দিষ্ট সীমার মধ্যেই থাকা উচিত বলে রাহুলকে মনে করিয়ে দেন এই সিপিআই নেতা।

    বাদল অধিবেশনে হতে পারে হইচই

    এদিনের বৈঠকে ইন্ডিয়া ব্লকের মধ্যে নিয়মিত বৈঠকের দাবি জানান কয়েকজন নেতা। এঁদের মধ্যে ছিলেন উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার এবং রাম গোপাল যাদব-সহ কয়েকজন। তাঁরা জানান, অনিয়মিত যোগাযোগ কৌশলগত পরিকল্পনায় বিঘ্ন ঘটাচ্ছে। অগাস্টের শুরুতে জোটের আর একটি বৈঠক হতে পারে বলেও জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের দাবিও ওঠে ইন্ডিয়া জোটের এই বৈঠকে। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা সংসদে জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবি তোলার আহ্বানও জানান। উপস্থিত নেতারা এই প্রস্তাবে সহমত পোষণ করেন। গত এপ্রিলে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার শিকার হন ২৬ জন হিন্দু পর্যটক। এই হামলাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হতে চায় ইন্ডিয়া ব্লক। আসন্ন বাদল অধিবেশনে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতা নিয়েই সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উপস্থিত নেতারা (Monsoon Session)।

    মাওবাদী বিরোধী অভিযান ও যুদ্ধবিরতি প্রস্তাব নিয়েও আলোচনার আহ্বান

    মাওবাদী বিরোধী অভিযান ও যুদ্ধবিরতি প্রস্তাব নিয়েও আলোচনা করার আহ্বান জানানো হয় এদিনের বৈঠকে। দীপঙ্কর ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারের মাওবাদী বিরোধী অভিযান এবং বিদ্রোহীদের সাম্প্রতিক (India Bloc) যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়টি উত্থাপন করার আহ্বান জানান। তিনি এই সংঘাত মোকাবিলার পদ্ধতি নিয়ে একটি বিস্তৃত আলোচনার প্রয়োজনীয়তার কথাও বলেন। গোয়েন্দা ব্যর্থতা, পেগাসাস এবং এনআরসি নিয়ে সংসদে যে তৃণমূল সোচ্চার হবে, এদিন তারও ইঙ্গিত মিলেছে। তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, পহেলগাঁও হামলার পরেও কেন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধানের মেয়াদ বাড়িয়ে দেওয়া হল। তাঁর অভিযোগ, পেগাসাস স্পাইওয়্যার বিরোধী নেতাদের বিরুদ্ধে অপব্যবহার করা হচ্ছে। এসআইআর-কে এনআরসি বাস্তবায়নের এক গোপন পথ হিসেবেও তুলে ধরেন তিনি।

    ট্রাম্পের বারবার যুদ্ধবিরতির দাবি

    ট্রাম্পের বারবার যুদ্ধবিরতির দাবি নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস। কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৪ বার ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করানোর দাবি করেছেন। এনিয়ে চুপ করে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে জোট গভীরভাবে উদ্বিগ্ন (Monsoon Session)।” জাতীয় নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয় এদিনের ভার্চুয়াল বৈঠকে। তিওয়ারি বলেন, “জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে পূর্ণ ঐকমত্য ছিল।” তাঁর অভিযোগ, বিজেপির শাসন কালে জাতীয় নিরাপত্তা বিপন্ন হচ্ছে (India Bloc)। বিহারে এসআইআর নিয়ে ঘোষণা ছাড়াই জরুরি অবস্থার অভিযোগও ওঠে। বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়া তীব্র সমালোচনার মুখে পড়ে। বিরোধী জোট একে ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার এক ছদ্ম চেষ্টা বলে আখ্যা দিয়েছে। এই পরিস্থিতিকে তারা ঘোষণাহীন জরুরি অবস্থার সঙ্গে তুলনা করে।

    অনৈক্যের ছবি প্রকাশ্যে এসেছে আগেও

    এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না আম আদমির পার্টির তরফে কেউ। স্বাভাবিকভাবেই জল্পনা ছড়ায়, তাহলে কি ইন্ডিয়া ব্লক থেকে ক্রমেই দূরত্ব বাড়াচ্ছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Monsoon Session)! প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এনডিএকে ঠেকাতে জোটবদ্ধ হয় দেশের ২৬টি বিজেপি বিরোধী দল। এই জোটেরই নাম হয় ইন্ডিয়া ব্লক (India Bloc)। জন্মলগ্ন থেকেই এই জোটের অন্দরে শুরু হয়েছে অভ্যন্তরীণ বিবাদ। কখনও প্রধানমন্ত্রীর মুখ কে হবেন তা নিয়ে জোটের অন্দরেই দেখা গিয়েছে অসন্তোষ, কখনও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মঞ্চ শেয়ার করায় এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গে দূরত্ব তৈরি হয় জোটের। এছাড়াও জোটের রাশ কার হাতে থাকবে, তা নিয়েও একাধিকবার চোখে পড়েছে জোটের ফাটল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই ফাটল আরও চওড়া হয়। বিহার নির্বাচনের আগে সেই জোটই তুলে ধরতে চেয়েছিল ঐক্যের ছবি। যদিও (Monsoon Session) প্রকাশ্যে যা এল, তার সঙ্গে ঐক্যের ফারাক বিস্তর (India Bloc)।

  • Neha: অনুপ্রবেশ ও পরিচয় জালিয়াতি চক্রের পর্দা ফাঁস, নেহা আসলে বাংলাদেশি আবদুল!

    Neha: অনুপ্রবেশ ও পরিচয় জালিয়াতি চক্রের পর্দা ফাঁস, নেহা আসলে বাংলাদেশি আবদুল!

    মাধ্যম নিউজ ডেস্ক: অবৈধ অনুপ্রবেশ ও পরিচয় জালিয়াতির সংগঠিত চক্রের পর্দা ফাঁস করল মধ্যপ্রদেশের ভোপাল পুলিশ। তারা গ্রেফতার করেছে বাংলাদেশি (Bangladeshi) নাগরিক আবদুল কালামকে। গত আট বছর ধরে সে নেহা (Neha) নামে রূপান্তরকামী নারী সেজে ভোপাল শহরে বসবাস করছিল। বছর দশেক বয়সে ভারতে অনুপ্রবেশ করে কালাম। দু’দশক মুম্বইয়ে কাটানোর পর চলে আসে ভোপালের বুধওয়ারা এলাকায়। অভিযোগ, সেখানে রূপান্তরকারী পরিচয় নিয়ে স্থানীয় রূপান্তরকামী সম্প্রদায়ের সক্রিয় সদস্য হয়ে ওঠে সে। দালাদদের ধরে জাল কাগজপত্র ব্যবহার করে আধার কার্ড, রেশন কার্ড মায় পাসপোর্ট পর্যন্ত জোগাড় করে ফেলেছিল সে।

    আবদুলই নেহা (Neha)

    তদন্তে নেমে পুলিশ জেনেছে, আবদুল কেবল ভুয়ো পরিচয়পত্রই ব্যবহার করেনি, জাল পাসপোর্ট বানিয়ে সে বিদেশও ঘুরে এসেছে। বুধওয়ারা এলাকায় সে একাধিকবার বাসা বদল করেছে। স্থানীয়রা তাকে নেহা নামেই চেনেন। সে রূপান্তরকামী কিনা, তা জানতে চলছে শারীরিক পরীক্ষা। পুলিশ এও জেনেছে, আবদুল মহারাষ্ট্রেও রূপান্তরকামী সম্প্রদায়ের সঙ্গে যুক্ত ছিল। এ থেকে স্পষ্ট, তার এই ছদ্মবেশ বড় কোনও চক্রের অংশ হতে পারে। রূপান্তরকামী সম্প্রদায়ের আর কেউ এই চক্রের সঙ্গে জড়িত কিনা অথবা সব জেনেও কেউ তাকে সাহায্য করেছে কিনা, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

    জাল পরিচয়পত্র

    জানা গিয়েছে, আবদুলকে (Neha) ভুয়ো পরিচয়পত্র জোগাড় করতে সাহায্য করেছে স্থানীয় দুই যুবক। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, এ পর্যন্ত যেসব তথ্য পাওয়া গিয়েছে, তা হিমশৈলের চূড়ামাত্র, এর নেপথ্যে রয়েছে অনুপ্রবেশ ও জাল নথিপত্র তৈরির বিস্তৃত চক্র। আবদুলের মোবাইল ফোন থেকে পাওয়া কল রেকর্ড এবং চ্যাটগুলিও খতিয়ে দেখছে পুলিশ। অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার শালিনী দীক্ষিত বলেন, “সে গত ৮-১০ বছর ধরে ভোপালে বসবাস করছে। তার আগে সে ছিল মহারাষ্ট্রে। আমরা একটি সূত্র থেকে তথ্য পেয়ে তার পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু করি। এই সময়ের মধ্যে সে বাংলাদেশেও গিয়েছে। আমরা সংশ্লিষ্ট দফতরগুলির রিপোর্টের অপেক্ষায় রয়েছি।”

    জানা গিয়েছে, প্রশাসনের তরফে ইতিমধ্যেই তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তার আগে এই পুরো (Bangladeshi) চক্রের বিস্তার এবং আবদুলের পুরানো কার্যকলাপ, বাংলাদেশে যাতায়াত এবং যোগাযোগ সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে (Neha)।

  • Balasore suicide horror: অভিযুক্ত অধ্যাপকের পক্ষে চিঠিতে স্বাক্ষর ৭১ জনের, বালাসোরে বিএড ছাত্রীর আত্মহত্যায় ভয়ঙ্কর তথ্য

    Balasore suicide horror: অভিযুক্ত অধ্যাপকের পক্ষে চিঠিতে স্বাক্ষর ৭১ জনের, বালাসোরে বিএড ছাত্রীর আত্মহত্যায় ভয়ঙ্কর তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশার বালাসোর থেকে উঠে এল গা শিউরে ওঠা ঘটনা। কলেজের মধ্যেই অধ্যাপকের লাগাতার যৌন হেনস্থায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ুয়া আত্মহত্যা করল কলেজ চত্বরে। অভিযুক্ত অধ্যাপক বর্তমানে পুলিশি হেফাজতে, কলেজের প্রিন্সিপালকেও সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, বালাসোর জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিএড কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ওই তরুণী। দিনের পর দিন তাঁকে কুরুচিকর মন্তব্য, অশ্লীল ইঙ্গিত ও শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দিয়ে মানসিক নির্যাতন চালাতেন তাঁরই বিভাগের প্রধান অধ্যাপক সমীর কুমার সাহু।

    মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ছাত্রী

    অভিযোগ, অধ্যাপকের হেনস্থা সহ্য না করতে পেরে কলেজের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (Internal Complaint Committee) দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও বাধ সেধেছিল অভিযুক্ত অধ্যাপকের ক্ষমতা। ওই ছাত্রীর ১০০ জন সহপাঠীর মধ্যে ৭১ জন, যার মধ্যে ৪১ জন মহিলাও রয়েছেন, তার চরিত্রের বিরুদ্ধে আক্রমণ করে এবং সেই অধ্যাপকের পক্ষে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন যার বিরুদ্ধে তিনি যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। ওড়িয়া ভাষায় লেখা এই চিঠিটি ১ জুলাই তারিখের। যেখানে বলা হয়, ভুক্তভোগী তার উপর হওয়া হয়রানির “ভিডিও প্রমাণ” না দিলে তাকে বহিষ্কার করা হবে। চিঠিতে ভুক্তভোগীকে যৌন হয়রানির অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করার এবং কম উপস্থিতির কারণে অভ্যন্তরীণ পরীক্ষায় অংশ নিতে বাধা দেওয়ার পর অধ্যাপককে লক্ষ্য করে আক্রমণ করার অভিযোগও করা হয়েছে। এরপরই পুরোপুরি ভেঙে পড়েন ওই ছাত্রী।

    বিজেডি ও কংগ্রেসের ছাত্র সংগঠনের কুমিরের কান্না

    জানা গিয়েছে, এখন যাঁরা ওই ছাত্রীর হয়ে বিচার চাইছেন একদিন তাঁরাই ওই ছাত্রীর চরিত্রকে কালিমালিপ্ত করেছিল। ওই ছাত্রীর রুমমেট প্রকাশ জানান যে আত্মহত্যা করার আগের রাতে, নির্যাতিতা ঘুম থেকে উঠেছিলেন, বিচলিত হয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অপবাদে গভীরভাবে মর্মাহত হয়েছিলেন। যার বেশিরভাগই বিজু জনতা দল (বিজেডি) এবং কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর সাথে যুক্ত ছাত্র নেতাদের দ্বারা ছড়িয়ে পড়েছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে এবং কলেজের প্রিন্সিপাল দিলীপ ঘোষকে সাসপেন্ড করেছে উচ্চশিক্ষা দফতর। ওড়িশা সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছে তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।

  • Non Veg Milk: ভারতে ‘আমিষ দুধ’ পাঠাতে চান ট্রাম্প, না মোদি সরকারের! তাই কি থমকে বাণিজ্যচুক্তি?

    Non Veg Milk: ভারতে ‘আমিষ দুধ’ পাঠাতে চান ট্রাম্প, না মোদি সরকারের! তাই কি থমকে বাণিজ্যচুক্তি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ‘নন-ভেজ দুধ’ (Non Veg Milk)। দুধ আবার আমিষ! মহাদেবের অভিষেক থেকে শুরু করে নানা পুজোয় দুধ লাগে। হোমে আহুতি দিতে অত্যাবশ্যক ঘি। তা-ও যদি আমিষ হয় তাহলে তা হবে ভারতীয় তথা হিন্দু সংস্কৃতির উপর আঘাত। বেশি দুধ উৎপাদনের জন্য গরুকে মাংস বা প্রাণীর চর্বি খাওয়ানোর রেওয়াজ রয়েছে আমেরিকায়। এই দুধকেই বলা হচ্ছে নন-ভেজ মিল্ক। যা নিয়ে আপত্তি ভারতের। তাই আমেরিকার “নন-ভেজ দুধ”-এ নিষেধাজ্ঞা জারি করেছে মোদি সরকার। আর তাতেই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    কী এই ‘নন-ভেজ দুধ’?

    বেশি দুধ উৎপাদনের জন্য গরুকে মাংস বা প্রাণীর চর্বি খাওয়ানো হয় অনেক দেশেই। সেই সব গরু যে দুধ দেয় তাকেই বলা হয় নন ভেজ দুধ। ২০০৪ সালে সেটল পোস্ট ইন্টালিজেন্সর (Seattle Post-Intelligencer)-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন গরুর খাদ্যে ব্যবহৃত হয় মৃত পশুর রক্ত, চর্বি ও অঙ্গপ্রত্যঙ্গ। এই প্রথা এখনও যুক্তরাষ্ট্রে বৈধ, বিশেষত প্রাণিসম্পদ দ্রুত মোটা করার জন্য। ভারতীয় নিয়ম অনুযায়ী, গরুদের শুধুমাত্র উদ্ভিজ্জ খাদ্য দেওয়া হয়। পশুজাত খাদ্য গ্রহণ করা গরুর দুধ হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে অশুচি ও অগ্রহণযোগ্য। এ-দেশে বহু নিরামিষভোজী মানুষ দুধ এবং দুগ্ধজাত খাবার খান। আবার কখনও পুজোআচ্চাতেও দুধ ব্যবহার করা হয়। তাই দুধ আমিষ হলে খাদ্য-সংস্কৃতিই বিপন্ন হবে। ঠিক এই গেরোতেই আটকে আছে ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি।

    সাংস্কৃতিক ও ধর্মীয় সংবেদনশীলতা

    ভারতের একটি বিরাট অংশের মানুষ নিরামিষ খান। ওয়ার্ল্ড অ্যাটলাস ২০২৩ (World Atlas 2023) অনুযায়ী, ভারতের প্রায় ৩৮ শতাংশ মানুষ নিরামিষভোজী। তাঁদের কাছে দুধ বা দুগ্ধজাত পণ্য নিরামিষ হিসেবেই বিবেচিত। কিন্তু গোরুকে যদি আমিষ জাতীয় খাবার খাওয়ানো হয়, তা হলে সেটি নিরামিষ থাকবে না বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। হিন্দু ধর্মে গোরুকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। দিল্লির গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের এক কর্তা অজয় শ্রীবাস্তব সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, ‘একবার ভেবে দেখুন তো, এমন একটি গোরুর দুধ থেকে তৈরি মাখন খাচ্ছেন যাকে অন্য কোনও প্রাণীর মাংস বা আমিষ জাতীয় খাবার খাওয়ানো হয়েছে। ভারতবাসী কখনওই এটা অনুমোদন করবে না।’

    অর্থনৈতিক প্রভাব

    ভারত বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক ও ভোক্তা হিসেবে পরিচিত। দেশের ৮ কোটিরও বেশি মানুষ এই জীবিকার উপরে নির্ভরশীল। অধিকাংশই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। ২০২৩-২৪ অর্থবছরে ২৩৯ মিলিয়ন মেট্রিক টন দুধ উৎপন্ন হয়েছে ভারতে। যার বাজার মূল্য ₹৭.৫ থেকে ₹৯ লাখ কোটি। অন্য দিকে, মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রধান দুধ রফতানিকারক দেশ। ভারতের দাবি, এই চুক্তি ভারতের বাজারের ক্ষতি করতে পারে। এর ফলে দুধের দাম কমে যেতে পারে অন্তত ১৫%, এমনটাই বলছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) এক বিশ্লেষণ। এতে কৃষকদের বছরে ₹১.০৩ লাখ কোটি টাকার ক্ষতি হতে পারে। ভারতের দুগ্ধশিল্প গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। তাই কৃষকদের জীবনধারা সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। ভারত বর্তমানে পনিরের উপরে ৩০%, মাখনের উপরে ৪০% এবং গুঁড়ো দুধের উপরে ৬০% শুল্ক আরোপ করে।

    ভারতের অনড় অবস্থান ও আন্তর্জাতিক চাপ

    ভারত আমদানি করা দুধ বা দুগ্ধজাত পণ্যের মান কঠোর ভাবে বজায় রাখতে চায়। সে ক্ষেত্রে অন্য কোনও দেশ থেকে ভারতে দুগ্ধজাত দ্রব্য আমদানি করার ক্ষেত্রে বাধ্যতামূলক পশু চিকিৎসার সার্টিফিকেশন। ভারতের নিয়ম অনুযায়ী, পণ্যের লেবেলে নিরামিষ (সবুজ চিহ্ন) এবং আমিষ (বাদামী চিহ্ন) স্পষ্ট ভাবে চিহ্নিত করা বাধ্যতামূলক। কিন্তু ‘নন-ভেজ দুধ’ বাজারে এলে এই ব্যবস্থা জটিল হয়ে পড়বে। এমনকী, ভোক্তাদের মধ্যেও বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। ভারত তার সিদ্ধান্তে অনড়। অন্য দিকে, পিছপা হতে রাজি নয় আমেরিকাও। সে দেশের তরফে ভারতের এই যুক্তির তীব্র সমালোচনা করা হয়েছে। এমনকী, এই বিষয়গুলিকে অপ্রয়োজনীয় বাণিজ্য বাধা বলে আখ্যা দেওয়া হয়েছে। যে সব দেশে গরুকে আমিষ জাতীয় খাবার খাওয়ানো হয়, তাদের সঙ্গে কোনও রকম চুক্তি করতে চায় না ভারত, এমনটাই সূত্রের খবর। এ দেশের বেশির ভাগ মানুষ গরুকে ভগবান হিসেবে পুজো করেন। সেই কারণেই বিষয়টি ভারতের কাছে অত্যন্ত সংবেদনশীল। ভারতের কাছে বিষয়টি নিছক একটি বাণিজ্যিক চুক্তি নয়। বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস এবং বহু মানুষের রুটি-রুজির বিষয়। সেই কারণে ভারত এই আলোচনাকে ‘রেড লাইন’ (Red Line on US Dairy Product) হিসেবে চিহ্নিত করেছে।

  • AK-203 in Indian Army: মেক ইন ইন্ডিয়ার সাফল্য, চলতি বছরেই সম্পূর্ণভাবে দেশেই তৈরি হবে এ কে-২০৩

    AK-203 in Indian Army: মেক ইন ইন্ডিয়ার সাফল্য, চলতি বছরেই সম্পূর্ণভাবে দেশেই তৈরি হবে এ কে-২০৩

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সেনায় ইনসাসের (INSAS rifle replaced by AK 203) জায়গা নিয়েছে এ কে ২০৩ রাইফেল অর্থাৎ অটোমেটিক কালাশনিকভ। রাশিয়ার টেকনোলজিতে তৈরি বিখ্যাত এ কে সিরিজের অন্যতম শক্তিশালী হাতিয়ার এই অ্যাসল্ট রাইফেল। এবার থেকে সম্পূর্ণ রূপে দেশেই তৈরি হবে এই রাইফেল, এমনই জানিয়েছেন ইন্দো রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড (IRRPL)-এর সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল এস কে শর্মা।

    এ কে ২০৩ কতটা কার্যকর

    এ কে ২০৩, ৮০০ মিটার (800 metre range) পর্যন্ত নির্ভুল আঘাত করতে পারে। একটি ম্যাগাজিনে ৩০ টি করে ৭.৬২ ক্যালিবারের বুলেট থাকে। এই রাইফেলের সুবিধা প্রথম এক বছর কোনও মেনটেনেন্স চার্জ লাগে না। সেনাদের জন্য ব্যবহার করা একেবারে সহজ পদ্ধতি। সিঙ্গল এবং বার্স্ট মোডে অসাধারণ নির্ভুল লক্ষ্যএই রাইফেলের। নাইট ভিশন মোডেও দারুন কার্যকরী এ কে ২০৩। পাকিস্তান এবং চিন সীমান্তে কার্যকরী ভূমিকা নেয় এ কে ২০৩। সীমান্তে পাক জঙ্গি দমনেও সক্রিয় এই আধুনিক অস্ত্র। ভারতীয় সেনার ব্যবহৃত এই এ কে-২০৩ (AK-203) অ্যাসল্ট রাইফেল আগামী ২০২৫ সালের মধ্যে সম্পূর্ণ রূপে দেশে তৈরি হবে। মেজর জেনারেল এস কে শর্মা জানান, এই রাইফেল তৈরির কাজের প্রায় ৫০ শতাংশ ইতিমধ্যেই ভারতীয়করণ হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এটি ১০০ ভাগ দেশীয়করণে পৌঁছবে। এর ফলে উৎপাদনের হার অনেক গুণ বেড়ে যাবে এবং দ্রুত সরবরাহ সম্ভব হবে।

    দ্রুত সরবরাহের সম্ভাবনা

    মেজর জেনারেল শর্মা বলেন, “একজন সৈনিকের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু তার অ্যাসল্ট রাইফেল। ভবিষ্যতে এ কে-২০৩ হবে সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র।” তিনি আরও জানান, ভারতীয় সেনাবাহিনীর জন্য ছয় লক্ষেরও বেশি এ কে-২০৩ রাইফেলের অর্ডার এসেছে। এ পর্যন্ত ৪৮,০০০ রাইফেল সরবরাহ করা হয়েছে এবং চলতি বছরের শেষে মোট ৭০,০০০ রাইফেল সরবরাহ করা হবে। চুক্তি অনুযায়ী এই রাইফেলগুলোর সম্পূর্ণ ডেলিভারি হওয়ার কথা ২০৩২ সালে হলেও, আইআরআরপিএল-এর পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যেই সমস্ত রাইফেল সরবরাহ শেষ হবে, যা চুক্তির নির্ধারিত সময়ের দুই বছর আগেই সম্পন্ন হবে। এর ফলে সীমান্ত আরও সুরক্ষিত হবে। শক্তিশালী হবে ভারতীয় সেনার হাত।

  • Jamaluddin: ছাঙ্গুরবাবার ডেরায় মিলল ‘লাল ডায়েরি’, ঘনাচ্ছে রহস্য

    Jamaluddin: ছাঙ্গুরবাবার ডেরায় মিলল ‘লাল ডায়েরি’, ঘনাচ্ছে রহস্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ছাঙ্গুরবাবা (Chhangur Baba) ওরফে জামালউদ্দিনকে (Jamaluddin) ঘিরে ক্রমেই ঘনাচ্ছে রহস্য। এর আগে তদন্তকারীরা জেনেছিলেন ধর্মান্তরণ চক্রের মূলচক্রী হিসেবে সে বিদেশ থেকে অনুদান বাবদ পেয়েছিল ১০৬ কোটি টাকা। এবার তদন্তে উঠে এল একটি লাল ডায়েরি। উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের এক অভিযানে উদ্ধার হওয়া এই ডায়েরিতে লেখা রয়েছে, ২০২২ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের সময় ছাঙ্গুরবাবার পক্ষ থেকে কোন কোন রাজনীতিবিদ ও প্রাক্তন কর্তা অর্থ সাহায্য নিয়েছিলেন। এই লাল ডায়েরিকে কেন্দ্র করে আলাদা আলাদাভাবে তদন্তে নেমেছে এটিএস, এটিএফ এবং ইডি। তদন্তকারীদের ধারণা, এই ডায়েরি থেকে ছাঙ্গুরবাবার ১০৬ কোটি টাকার বিদেশি অর্থায়নে গঠিত সম্রাজ্যের সঙ্গে রাজনীতির কারবারিদের যোগসূত্রের প্রমাণ মিলতে পারে।

    জামালউদ্দিন ভেক ধরেছিল ছাঙ্গুরবাবার (Jamaluddin)

    উত্তরপ্রদেশের বলরামপুর জেলার রেহরা মাফি গ্রামের বাসিন্দা জামালউদ্দিন ভেক ধরেছিল ছাঙ্গুরবাবার। তবে এলাকায় সে পীরবাবা নামেই বেশি পরিচিত। প্রথম জীবনে সে সাইকেলে চড়ে আংটি ও তাবিজ বিক্রি করে বেড়াত। পরে ধর্মান্তরণের ফাঁদ পেতে এক দশকের মধ্যেই সে গড়ে তোলে বহু কোটি টাকার ব্যবসা। জানা গিয়েছে, ছাঙ্গুরবাবার আর্থিক উত্থানের পেছনে ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে পাওয়া বিপুল পরিমাণ অনুদান। সরকারি হিসেবে, তার নামে ৪০টিরও বেশি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। যার মাধ্যমে লেনদেন হয়েছে প্রায় ১০৬ কোটি টাকা। ছাঙ্গুরবাবার দুটি সম্পত্তির সন্ধানও মিলেছে। একটি বলরামপুরে, অন্যটি মহারাষ্ট্রের লোনাভালায়। এই দুই সম্পত্তির আনুমানিক মূল্য ১৮ কোটি টাকারও বেশি। লোনাভালার সম্পত্তিটি ২০২৩ সালের অগাস্টে কেনা হয় এবং এটি তার ও তার এক সহযোগীর নামে রেজিস্ট্রি করা হয়েছে। ইডির তদন্তকারীদের মতে, মহম্মদ আহমেদ খান নামে এক ব্যক্তি লোনাভালার জমি বিক্রি করেছিল ছাঙ্গুরবাবাকে। ওই একই নামের এক ব্যক্তি ছাঙ্গুরবাবার অ্যাকাউন্টে টাকা পাঠানোয় তদন্তকারীদের সন্দেহ গাঢ় হয়েছে।

    নজরে ‘লাল ডায়েরি’

    তদন্তকারীদের নজর এখন ছাঙ্গুরবাবার লাল ডায়েরির দিকে। তার ওই ডায়েরিতে প্রায় ছ’জন রাজনীতিকের নাম রয়েছে, যাঁরা তার কাছ থেকে মোটা অঙ্কের নগদ অর্থ নিয়েছেন (Jamaluddin)। ডায়েরির (Chhangur Baba) একটি জায়গায় লেখা হয়েছে, ২০২২ সালের বিধানসভা নির্বাচনের জন্য উত্তরৌলা কেন্দ্রের এক প্রাক্তন প্রার্থীকে ৯০ লাখ টাকা দেওয়া হয়েছিল। সেই প্রার্থী নির্বাচনে হেরে গিয়েছিলেন। ডায়েরিতে লেখা, ছাঙ্গুরবাবা ২০২৭ সালের নির্বাচনে ওই একই আসনে এক প্রাক্তন আইপিএস অফিসারকে সমর্থন করার পরিকল্পনা করছিল। তদন্তকারীদের অনুমান, বছরের পর বছর ধরে ছাঙ্গুরবাবা বালরামপুর ও পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক প্রচারে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ ঢেলেছে। সূত্রের খবর, সে শুধু প্রার্থীদের অর্থায়নই করেনি, তার অনুসারীদের সংগঠিত করে ভোট দেওয়ায়ও সক্রিয় ভূমিকা পালন করেছে।

    ছাঙ্গুরবাবার সঙ্গে নিহত গ্যাংস্টারের ছবি

    প্রসঙ্গত, ছাঙ্গুরবাবার সঙ্গে ২০২৩ সালে নিহত গ্যাংস্টার থেকে রাজনীতিক বনে যাওয়া আতিক আহমেদের কয়েক ছবি আগেই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় (Jamaluddin)। গত ৫ জুলাই লখনউয়ের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় ছাঙ্গুরবাবাকে। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছিল নীতু ওরফে নাসরিনকে। ছাঙ্গুরবাবার বিরুদ্ধে অভিযোগ, সে বিধবা, দিনমজুর এবং তফসিলি জাতিভুক্ত আর্থিকভাবে দুর্বল মহিলাদের টার্গেট করে অর্থ, প্রলোভন, বিয়ের প্রতিশ্রুতি মায় জোরজবরদস্তি করে বেআইনিভাবে ধর্মান্তর ঘটানোর ষড়যন্ত্র করেছিল (Chhangur Baba)। ছাঙ্গুরবাবাকে গ্রেফতার করার পরেই প্রথমে বলরামপুরে এসটিএফ একটি মামলা দায়ের করে। পরে ৯ জুলাই প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে ইডি নিজস্ব তদন্ত শুরু করে। এই অর্থ শেল কোম্পানি বা তৃতীয় পক্ষের সংস্থার মাধ্যমে লেনদেন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে ইডি। এই শেল কোম্পানিগুলির কয়েকটির বিরুদ্ধে বৈদেশিক অনুদান আইন লঙ্ঘনের অভিযোগে চলছে তদন্ত।

    ইডির অভিযান

    প্রসঙ্গত, গত ১৭ জুলাই ইডি একযোগে দেশের ১৪টি জায়গায় অভিযান চালায়। এর মধ্যে ১২টি উত্তরৌলায় এবং ২টি মুম্বইয়ে। একই সময়ে স্থানীয় প্রশাসন ছাঙ্গুরবাবার পৈতৃক গ্রামের প্রায় ৩ কিলোমিটার দূরে মধুপুর গ্রামে অবৈধভাবে নির্মিত একটি কমপ্লেক্সের কিছু অংশও ভেঙে ফেলে। সরকারি নথিপত্রে প্রকাশ, এই জমিটি সরকারি মালিকানাধীন। ভবনটি বহুদিন ধরেই সন্দেহের তালিকায় ছিল (Jamaluddin)। সেখানে ১৫টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। প্রহরায় রাখা হয়েছিল দুটি কুকুরও। অভিযোগ, এই বাড়ি থেকেই ধর্মান্তরণের কারবার চালাচ্ছিল ছাঙ্গুরবাবা। ব্রাহ্মণ, ক্ষত্রিয় কিংবা শিখ মহিলাদের ধর্মান্তর করতে পারলে মিলত মোটা অঙ্কের ইনাম। মহিলারা লোয়ার কাস্টের হলে পুরস্কার বাবদ মিলত ৮-১০ লাখ টাকা। এজন্য ছাঙ্গুরবাবা কয়েকজন এজেন্টও ছেড়ে রেখেছিল বলে অভিযোগ (Chhangur Baba)।

  • Russia Recruits Indian Workers: ভারতের উপর ভরসা, ১০ লক্ষ ভারতীয়কে মোটা মাইনের চাকরি দেবে রাশিয়া

    Russia Recruits Indian Workers: ভারতের উপর ভরসা, ১০ লক্ষ ভারতীয়কে মোটা মাইনের চাকরি দেবে রাশিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: বিপুল সংখ্যায় ভারতীয়দের চাকরি বা রোজগারের ব্যবস্থা করতে চলেছে নয়াদিল্লির ঘনিষ্ঠ ‘বন্ধু’। এক-দু’জন নন, মনে করা হচ্ছে পূর্ব ইউরোপের দেশটিতে কাজ পাবেন প্রায় ১০ লক্ষ ভারতীয়। চলতি বছরের শেষ থেকে যাঁদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে দুই দেশের সম্পর্ক যে আরও মজবুত হবে, তা বলাই বাহুল্য। যদিও বিষয়টি নিয়ে সরকারি ভাবে কোনও বিবৃতি দেয়নি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। মূলত নির্মাণ শ্রমিক হিসাবে তাঁদের কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে পুতিন প্রশাসনের।

    নয়াদিল্লির সঙ্গে মস্কোর চুক্তি

    ব্যাপারে ‘উরাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’-এর প্রধান আন্দ্রেই বেসেদিন বলেন, ‘‘এ ব্যাপারে নয়াদিল্লির সঙ্গে মস্কোর একটা চুক্তি হয়েছে। ভারতীয় সহকর্মীদের থেকে বিষয়টা জানতে পারি আমি। চলতি বছরের শেষ দিকে ওই দেশের মোট ১০ লক্ষ মানুষকে সভেরদলোভস্ক এলাকায় নিয়ে আসা হবে। শ্রমিক ছাড়া সেই দলে থাকবেন বিশেষজ্ঞেরাও।’’ বেসেদিনের দাবি, ভারতীয় শ্রমিকদের সুবিধার কথা মাথায় রেখে সভেরদলোভস্কের রাজধানী ইয়েকাটেরিনবার্গে নতুন একটি দূতাবাস খোলার পরিকল্পনা রয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের। এ ব্যাপারে মস্কোর সঙ্গে কথাবার্তা বেশ কিছু দূর এগিয়েছে। গত সাড়ে তিন বছর ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ লড়ছে রাশিয়া। এর ফলে দেশের মধ্যে দেখা দিয়েছে শ্রমিক সঙ্কট। সেই ঘাটতি পূরণ করতে ভারতীয়দের কাজে লাগাতে চাইছেন প্রেসিডেন্ট পুতিন।

    ভারতীয় দক্ষ শ্রমিকে আস্থা

    চলতি বছরে ভারত সফরে আসার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের। সেখানেই এই বিষয় নিয়ে কথা হতে পারে দুই রাষ্ট্রপ্রধানের। এ দেশ থেকে প্রতি বছর উচ্চশিক্ষা, চাকরি এবং ব্যবসার জন্য বহু তরুণ-তরুণী চলে যান যুক্তরাষ্ট্রে। ওয়াশিংটনের সিলিকন ভ্যালির মূল চালিকাশক্তি হিসাবে এ দেশের প্রতিভাবান তথ্যপ্রযুক্তি কর্মীদেরই গণ্য করা হয়। সেই অভিমুখ এবার রাশিয়ার দিকে ঘুরতে পারে বলে মনে করছেন অনেকে। তথ্যপ্রযুক্তি কর্মী থেকে নির্মাণ শ্রমিক বা স্বাস্থ্যকর্মী, কাজের বাজারে দুনিয়া জুড়ে রয়েছে ভারতীয়দের চাহিদা। আমেরিকার পাশাপাশি ব্রিটেন ও ফ্রান্স-সহ ইউরোপের নানা দেশে ছড়িয়ে রয়েছেন এ দেশের কর্মদক্ষ নাগরিকেরা। পশ্চিম এশিয়ার সৌদি আরব, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত রিয়্যাল এস্টেট, বস্ত্র, হোটেল এবং অন্যান্য শিল্পে কাজ করেন তাঁরা। এবার পালা রাশিয়ার।

  • Assam CM: অসমে অবৈধ বাংলাদেশিদের উস্কানি দিচ্ছেন রাহুল গান্ধী, তোপ হিমন্ত বিশ্ব শর্মার

    Assam CM: অসমে অবৈধ বাংলাদেশিদের উস্কানি দিচ্ছেন রাহুল গান্ধী, তোপ হিমন্ত বিশ্ব শর্মার

    মাধ্যম নিউজ ডেস্ক: অসমে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়নে অভিযান চালায় হিমন্ত বিশ্ব শর্মার সরকার (Assam CM)। সেই অভিযানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যখন অনুপ্রবেশকারীরা সরকারি আধিকারিকদের উপর হামলা চালায়। এমনকি, এক পর্যায়ে কিছু অভিযুক্ত বাঁশ নিয়ে দৌড়ে পুলিশ ও বন দফতরের কর্মীদের উপর আক্রমণও করে। এই পরিস্থিতির মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের পক্ষে সওয়াল করেন। এরপরই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তীব্র প্রতিক্রিয়া জানান এবং বলেন, রাহুল গান্ধী (Rahul Gandhi) ইচ্ছাকৃতভাবে উস্কানি দিচ্ছেন অনুপ্রবেশকারীদের। তাঁর মন্তব্যের কারণেই গোলপাড়ায় হিংসা ছড়ায় এবং পুলিশের গুলিতে একজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী নিহত হয়।

    খোলাখুলি ভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উৎসাহ দিচ্ছেন রাহুল

    হিমন্ত বিশ্ব শর্মা (Assam CM) আরও বলেন, রাহুল গান্ধী অসমে এসে খোলাখুলি ভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উৎসাহ দিচ্ছেন যাতে তারা জবরদখল করা জমি ছাড়তে না চায়। এই উস্কানিমূলক মন্তব্যই উত্তেজনার আগুনে ঘি ঢালে। তিনি জানান, ওই অঞ্চলে উত্তেজিত জনতা পুলিশ ও বন দপ্তরের কর্মীদের উপর আক্রমণ চালায়, যা সম্পূর্ণভাবে রাহুলের বক্তব্য দ্বারা প্রভাবিত।

    রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে

    প্রসঙ্গত, অসম সফরের (Assam CM) সময় রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। এই দুই নেতা গুয়াহাটিতে কংগ্রেসের রাজ্য নেতৃত্বের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকের পর ছয়গাঁও শহরে (গুয়াহাটি থেকে প্রায় ৪০ কিমি দূরে) এক জনসভায় বক্তব্য রাখেন রাহুল গান্ধী। সেই সভায়ই তিনি অনুপ্রবেশকারীদের উদ্দেশে উস্কানিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ হিমন্ত বিশ্ব শর্মার (Assam CM)। তিনি সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন বিবৃতিতে বারবার রাহুল গান্ধীকেই পুরো ঘটনার জন্য দায়ী করেন (Rahul Gandhi)।প্রসঙ্গত, গোলপাড়ায় ১৪৪ একরের ওই বনভূমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করছিল অনুপ্রবেশকারীরা। বুধবারের ঘটনায় বহু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, পুরুষ ও মহিলারা হাতে বাঁশ ও লাঠি নিয়ে সরকারি আধিকারিকদের তাড়া করছে ও পাথর ছুঁড়ছে।

  • Assam Eviction Drive: অসমে অবৈধ বাংলাদেশিদের হাতে আক্রান্ত পুলিশ, অনুপ্রবেশকারীদের পক্ষে সওয়াল রাহুল গান্ধীর

    Assam Eviction Drive: অসমে অবৈধ বাংলাদেশিদের হাতে আক্রান্ত পুলিশ, অনুপ্রবেশকারীদের পক্ষে সওয়াল রাহুল গান্ধীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৬ জুলাই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়াতে এক অভিযান চালায় অসম সরকার। বুধবারের এই অভিযানের সমালোচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও মল্লিকার্জুন খাড়গে (Assam Eviction Drive)। এখানেই উঠছে প্রশ্ন—বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানোর এমন অভিযানের বিরোধিতা কেন করছেন কংগ্রেস নেতারা?

    অভিযান চালানো হয় গোয়ালপাড়ার পাইকান রিজার্ভ ফরেস্ট এলাকায়

    প্রসঙ্গত, অসম সরকারের এই অভিযান চালানো হয় গোয়ালপাড়ার পাইকান রিজার্ভ ফরেস্ট এলাকায়। ওই বনাঞ্চলে দীর্ঘদিন (Assam Eviction Drive) ধরে অবৈধভাবে বসবাস করছিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। অভিযান চলাকালীন ব্যাপক অশান্তি ও সংঘর্ষ বাধে। সরকারি আধিকারিকদের উপর অনুপ্রবেশকারীরা পাথর ও বাঁশের লাঠি নিয়ে হামলা চালায়। তাদের কাছে ধারালো অস্ত্রও ছিল (Assam Eviction Drive)।

    দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করছিল অনুপ্রবেশকারীরা

    পুলিশ প্রথমে বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় (Assam Eviction Drive)। পরে বাধ্য হয়ে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে। সংঘর্ষে একজনের মৃত্যু হয়, একজন গুরুতর জখম হন এবং কয়েকজন পুলিশ আধিকারিক আহত হন। উল্লেখযোগ্য, ১৩ জুলাই থেকেই এই বনাঞ্চল দখলমুক্ত করার অভিযান চালাচ্ছে অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকার। ১৪৪ একরের ওই বনভূমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস করছিল অনুপ্রবেশকারীরা। বুধবারের ঘটনায় বহু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, পুরুষ ও মহিলারা হাতে বাঁশ ও লাঠি নিয়ে সরকারি আধিকারিকদের তাড়া করছে ও পাথর ছুঁড়ছে।

    ‘তোষণের রাজনীতি’র অংশ? এমন প্রশ্ন উঠছে

    এক পুলিশ আধিকারিক বলেন, “হঠাৎই অতর্কিতে তারা আমাদের ওপর আক্রমণ করে। চারদিক থেকে পাথর ছুঁড়তে থাকে। আমাদের গুলি চালাতে হয়েছে আত্মরক্ষার (Assam Eviction Drive) জন্য, কাউকে আঘাত করার উদ্দেশ্যে নয়।” এখন প্রশ্ন উঠছে, অবৈধ বাংলাদেশিদের দ্বারা সংঘটিত এই সহিংসতার পরেও কংগ্রেস কেন তাঁদের পক্ষ নিচ্ছে? এটি কি ‘তোষণের রাজনীতি’র অংশ?

  • Chhangur Baba Conversion Racket: ধর্মান্তরণে অভিযুক্ত ছাঙ্গুর বাবার ডেরায় ইডি, বিদেশি ব্যাঙ্কে কোটি কোটি টাকার লেনদেন

    Chhangur Baba Conversion Racket: ধর্মান্তরণে অভিযুক্ত ছাঙ্গুর বাবার ডেরায় ইডি, বিদেশি ব্যাঙ্কে কোটি কোটি টাকার লেনদেন

    মাধ্যম নিউজ ডেস্ক: বেআইনিভাবে ধর্মান্তকরণে অভিযুক্ত জালালউদ্দিন ওরফে ছাঙ্গুর বাবার একাধিক সম্পত্তিতে বড়সড় অভিযান চালাল ইডি। বৃহস্পতিবার ভোরে উত্তরপ্রদেশে সাতটি দল বলরামপুর জেলার উত্তরোলা এবং মুম্বইয়ের দুটি স্থানে অভিযান চালিয়েছিল। দলগুলি ছাঙ্গুর বাবার অধীনে কাজ করা বেশ কয়েকজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করে। এর আগে গত ৫ জুলাই এটিএস ছাঙ্গুর বাবা এবং তার সহযোগী নীতু ওরফে নাসরিনকে গ্রেফতার করেছিল। সেই সময় জানা যায়, এক বছরে ১০০ কোটি টাকার লেনদেনের সঙ্গে যুক্ত এই ছাঙ্গুর বাবা। তিন দিন পর দুই অভিযুক্তের বিরুদ্ধেই মামলা রুজু করে তদন্ত শুরু করে ইডি।

    আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে ধর্মান্তরণ

    ইডি সূত্রে খবর, বলরামপুর পুলিশ ও প্রশাসনের পাশাপাশি এটিএসের কাছ থেকে অনেক তথ্য সংগ্রহের পর এদিন অভিযান চালানো হয়। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের মোট ১৪টি স্থানে ব্যাপক অভিযান চালিয়েছে ইডি। বলরামপুর জেলার অন্তত ১২টি স্পর্শকাতর এলাকায় অভিযান চালানো হয়, যেখানে চঙ্গুর বাবা বহুদিন ধরেই ধর্মীয় চিকিৎসা, অর্থনৈতিক সহায়তা ও মুক্তির প্রতিশ্রুতি দিয়ে গরিব ও অনগ্রসর মানুষদের ধর্মান্তরিত করে চলেছিলেন বলে অভিযোগ। তাঁর নামে থাকা আশ্রমগুলি আদতে একটি বড় মাপের হাওলা ও মানসিক চাপে ধর্মান্তরণ করার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

    ২ কোটি টাকার হাওলা লেনদেন

    ইডি সূত্রে জানা গিয়েছে, ২ কোটি টাকার একটি সন্দেহজনক লেনদেন নজরে এসেছে। এটি ছাঙ্গুর বাবার ঘনিষ্ঠ নাভীন রোহরা ওরফে জামালউদ্দিনের অ্যাকাউন্ট থেকে মুম্বইয়ের শেহজাদ শেখের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। এই টাকা আসলে সম্পত্তি কেনার উদ্দেশ্যে পাঠানো হলেও পরে তা একাধিক অ্যাকাউন্ট ঘুরিয়ে মূল উৎস গোপন করার চেষ্টা হয় বলে অভিযোগ। ইডির মতে, এই লেনদেন একটি বৃহৎ হাওলা নেটওয়ার্কের আংশিক দৃষ্টান্ত মাত্র। বলরামপুরের উত্রৌলা, মধুপুর ও রেহরামাফি গ্রামে চালানো অভিযানে ইডি বিপুল পরিমাণে নগদ অর্থ, বিদেশি রেমিট্যান্সের রেকর্ড, এবং সম্পত্তির নথিপত্র উদ্ধার করেছে। ডিজিটাল ফরেনসিক টিম এনক্রিপ্টেড বার্তা ও আর্থিক তথ্য খতিয়ে দেখছে।

    বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন

    ইডির হাতে এসেছে ছাঙ্গুর বাবার কমপক্ষে পাঁচটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য। অ্যাকাউন্টগুলি সংযুক্ত আরব আমিরশাহির শারজা, দুবাই সহ নানা জায়গায় অবস্থিত। যে ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট রয়েছে সেগুলি হল অ্যাক্সিস ব্যাঙ্ক (শারজা ও দুবাই), এইচডিএফসি (UAE), এমিরেটস এনবিডি ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক (ভসট্রো অ্যাকাউন্ট)। এই অ্যাকাউন্টগুলিতে প্রবাহিত টাকার উৎস ও ব্যবহার এখন তদন্তাধীন। ধারণা করা হচ্ছে, এই অর্থ বিদেশি দাতব্য সংস্থার নামে এলেও, মূলত ভারতীয় মাটিতে ধর্মান্তরণ, সম্পত্তি কেনা ও এনজিওর আড়ালে অস্থিরতা ছড়ানোর কাজে ব্যবহৃত হয়েছে।

    ভুয়ো আশ্রমের আড়ালে ধর্মান্তরণ চক্র

    তদন্তকারীদের মতে, ছাঙ্গুর বাবা শুধুমাত্র একজন স্বঘোষিত ধর্মগুরু নন, বরং একটি সুপরিকল্পিত ধর্মান্তরণ চক্রের মাথা। যে চক্রের মূল লক্ষ্য ছিল রাজনৈতিক ও জনসংখ্যাগত ভারসাম্যে প্রভাব ফেলা। বিভিন্ন রাজ্যে তাঁর চক্র বিস্তৃত, বিদেশি অর্থায়নের মাধ্যমে তিনি গ্রামীণ এলাকায় ধর্মান্তরণ, সম্পত্তি কেনা এবং প্রভাব বিস্তারে লিপ্ত ছিলেন। ছাঙ্গুর বাবার সংশ্লিষ্ট একাধিক এনজিও এবং আশ্রম ইতিমধ্যেই তদন্তের আওতায় এসেছে, যেগুলি এফসিআরএ (FCRA) এবং পিএমএলএ (PMLA) আইন অনুযায়ী বিদেশি অনুদানের অপব্যবহারের জন্য চিহ্নিত হয়েছে। সূত্র বলছে, এই সংগঠনগুলির একটি বড় অংশ শিক্ষা ও সমাজসেবার নামে বিদেশি অর্থ এনে ধর্মীয় রূপান্তরণে ব্যবহার করেছে।

    কীভাবে কোটিপতি ছাঙ্গুর বাবা

    উত্তরপ্রদেশে ধর্মান্তরণ চক্র চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছে জালালউদ্দিন ওরফে ছাঙ্গুর বাবা। বলরামপুর জেলার বাসিন্দা ছাঙ্গুর বাবা এক সময়ে সাইকেলে করে আংটি এবং তাবিজ বিক্রি করত। বর্তমানে তার ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০৬ কোটি টাকা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, গত ৫ জুলাই লখনউয়ে এক হোটেল থেকে ছাঙ্গুর বাবা ও তার ঘনিষ্ঠ সহযোগী নীতু ওরফে নাসরিনকে গ্রেফতার করে পুলিশ। তারপরেই জালালউদ্দিনের বিপুল সম্পত্তির হদিশ মেলে। মূলত পশ্চিম এশিয়া থেকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকত বলে দাবি করা হচ্ছে। উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন স্কোয়াড (এটিএস) তদন্ত করে দেখছে যে, ছাঙ্গুর বাবার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগসূত্র আছে কিনা। ইউপি স্পেশাল টাস্ক ফোর্সও এই মামলার তদন্ত করছে। এই চক্রের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত অন্যান্য ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে বলরামপুরের স্থানীয় পুলিশ।

    আয়-ব্যয়ের হিসেবে বহু গরমিল

    এছাড়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও ছাঙ্গুর বাবার আয়-ব্যয়ের হিসেব বের করার জন্য একটি মামলা দায়ের করে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ধর্মান্তরণের জন্য দরিদ্র, অসহায় শ্রমিক, দুর্বল শ্রেণির এবং বিধবা মহিলাদের প্রলোভন, আর্থিক সাহায্য, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করা হত। অনেক সময় ভয় দেখিয়ে ও ধর্মান্তরণে বাধ্য করা হত। এই আবহে কে কে ছাঙ্গুর বাবাকে টাকা পাঠিয়েছিল, কত টাকা পাঠিয়েছিল এবং কী কারণে পাঠিয়েছিল, সমস্ত দিক তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থাটি। চলছে তার ঘনিষ্ঠদের খুঁজে বের করার কাজ। তদন্ত জোরালো হওয়ায় উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র এবং কর্ণাটকের একাধিক শহরে এই চক্রের অস্তিত্ব রয়েছে, বলে অনুমান। এই ঘটনা দেশের নিরাপত্তা ও ধর্মীয় সাম্যতায় একটি বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন গোয়েন্দারা।

LinkedIn
Share