Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Republic Day: প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথে মোদির ‘আত্মনির্ভর’ ভারত, জানুন বিস্তারিত

    Republic Day: প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথে মোদির ‘আত্মনির্ভর’ ভারত, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ ২৬ জানুয়ারি। প্রজাতন্ত্র দিবস (Republic Day)। এদিন দিল্লির (Delhi) কর্তব্যপথে হয়েছে প্যারেড। আজ যেটি কর্তব্যপথ নামে পরিচিত, এক সময় সেটাই ছিল রাজপথ। গত বছর হয় নয়া নামকরণ। এদিন এই কর্তব্যপথেই হয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্যারেড। এবার ৭৪তম প্রজাতন্ত্র দিবস। কর্তব্যপথে প্রদর্শিত হয়েছে আত্মনির্ভরতার বিভিন্ন নিদর্শন। রাজধানীর ইন্ডিয়া গেটের কাছের রাস্তাটি দীর্ঘদিন রাজপথ নামে পরিচিত ছিল। গত বছর তার নয়া নামকরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন নাম হয় কর্তব্যপথ। এদিন এই কর্তব্যপথেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা করেন।

    প্রজাতন্ত্র দিবস…

    গত বছর প্রজাতন্ত্র দিবসের অনেক পরে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী। তাই এবারই প্রথম রাষ্ট্রপতি হিসেবে তিনি অংশ নেন প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠানে। এদিন সকাল সাড়ে দশটায় শুরু হয়েছে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সামরিক শক্তির পাশাপাশি প্রদর্শিত হয় সাংস্কৃতিক বৈচিত্র্যও। এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতেয়া এল সিসি। বর্তমানে দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতার অমৃত মহোৎসব। সেই আবহে এবার পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। দিল্লি পুলিশের হিসেব, এদিন প্রায় ৬৫ হাজার মানুষ প্রজাতন্ত্র দিবসের প্যারেড চাক্ষুষ করছেন। এজন্য কিউআর কোডের মাধ্যমে অনেক আগেই তাঁরা নাম নথিভুক্ত করেছিলেন। এদিনের অনুষ্ঠান ঘিরে ব্যবস্থা করা হয়েছে আঁটোসাঁটো নিরাপত্তার। মোতায়েন করা হয়েছে ৬ হাজার জওয়ান। কর্তব্যপথে নজরদারি চালানোর জন্য বসানো হয়েছে হাই রেজ্যুলিউশনের ১৫০ সিসিটিভি ক্যামেরা।

    আরও পড়ুুন: আর্থিক অপচয়ের অভিযোগ! গুজরাট জেলে বন্দি তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল ইডি

    এতদিন প্যারেডে গান স্যালুট দেওয়া হত ব্রিটিশদের তৈরি কামান দিয়ে। এবার দেওয়া হয়েছে ১০৫ মিমি ইন্ডিয়ান ফিল্ড গান-এর মাধ্যমে। এবারই প্রথম প্যারেডে (Republic Day) পা মেলালেন মিশরের আর্মড ফোর্সও। প্রদর্শিত হয়েছে ভারতে তৈরি বিভিন্ন অস্ত্রশস্ত্র। প্রতি বছরের মতো এবারও কর্তব্যপথে বের হবে ট্যাবলো। ১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তরফে বের হবে ওই ট্যাবলো। ছটি মন্ত্রকের তরফেও বের করা হবে ট্যাবলো। এর মধ্যে থাকবে পশ্চিমবঙ্গের দুর্গা ট্যাবলোও। এদিন বায়ু সেনা প্রদর্শন করবে তাদের কসরত। এ বার প্রজাতন্ত্র দিবসে ছিল অন্য চমকও। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Padma Awards: মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হল ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে, তালিকায় আর কোন বাঙালি?

    Padma Awards: মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হল ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে, তালিকায় আর কোন বাঙালি?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি বছরের মতো এবারও সাধারণতন্ত্র দিবসের সকালে ঘোষণা করা হল পদ্ম পুরস্কার (Padma Awards) প্রাপকদের তালিকা। বাঙালির ঝুলিতেও এল পুরষ্কার। মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হল ওআরএসের জনক দিলীপ মহলানবিশকে। গত বছর বাংলা থেকে পদ্ম পুরস্কার পেয়েছিলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং সংগীতশিল্পী রশিদ খান।  

    ১৯৭১ সাল থেকে ভারত-বাংলাদেশসহ সারা বিশ্বে অন্তত ৭ কোটিরও বেশি মানুষের প্রাণ রক্ষা করেছে তাঁর তৈরি ওআরএস। বেশিরভাগই শিশু। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় শরণার্থী শিবিরে ভয়াবহ কলেরা মহামারি দেখা দেয়। সেই সময় এই রোগের একমাত্র চিকিৎসা ছিল স্যালাইন দেওয়া। কিন্তু স্যালাইনের ভয়ঙ্কর ঘাটতি দেখা যায়। উপায় না দেখে, জনস হপকিন্স ইন্টারন্যাশনাল সেন্টার ফর মেডিকেল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের সহায়তায়, ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস তৈরি করেছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ তথা ক্লিনিক্যাল বিজ্ঞানী ডা. দিলীপ মহলানাবিশ। ওআরএস ব্যবহারের ফলে দু সপ্তাহের মধ্যে সেই শিবিরগুলিতে মৃত্যুর হার ৩০ শতাংশ থেকে ৩.৬ শতাংশে নেমে আসে। কীভাবে লবণ এবং গ্লুকোজ মিশিয়ে ওআরএস তৈরি করা হয়, তার বর্ণনা একটি গোপন বাংলাদেশী রেডিও স্টেশনে সম্প্রচার করা হয়েছিল। 

    আরও পড়ুন: আর্থিক অপচয়ের অভিযোগ! গুজরাট জেলে বন্দি তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল ইডি 

    বাংলার ঝুলিতে এসেছে আরও এক পদ্ম পুরস্কার (Padma Awards)। পদ্মশ্রী প্রাপকদের তালিকায় রয়েছেন জলপাইগুড়ির সারিন্দা বাদক ১০২ বছরের মঙ্গলকান্তি রায়। 

    আর কারা পেলেন পুরষ্কার 

    এছাড়াও তালিকায় (Padma Awards) রয়েছেন আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা, শিক্ষাবিদ ও সমাজসেবী সুধা মূর্তির মতো বিখ্যাত ব্যক্তিত্বরা। মরণোত্তর সম্মান  প্রদান করা হচ্ছে কিংবদন্তী বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা ও রাজনীতিবিদ মুলায়ম সিং যাদবকে। মোট ১০৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।

    পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন, তবলা বাদক জাকির হোসেন (পদ্মবিভূষণ), সুধা মূর্তি (পদ্মভূষণ), রবিনা টন্ডন (পদ্মশ্রী), প্রীতিকনা গোস্বামী (পদ্মশ্রী)।      

    আর রয়েছেন রয়েছেন তেলঙ্গানার (Padma Awards) প্রাক্তন অধ্যাপক বি রামাকৃষ্ণ রেড্ডি, দক্ষিণ ভারতের প্রবীণ লোকশিল্পী মুনিভেঙ্কাটাপ্পা, নাগা সংগীতশিল্পী এবং উদ্ভাবক মোয়া সুবং যিনি একটি বিশেষ ধরণের যন্ত্র ‘বামভূম’ তৈরি করেছেন। পদ্মশ্রী পেয়েছেন ইস্ট খাসি হিলসের বাসিন্দা দোতারা বাদক রিসিংবর কুরকালাং। মিজো লোকসংগীত শিল্পী কে সি রুনরেমসাংগি, কর্নাটকের লোকনৃত্য শিল্পী রানি মাচাইয়া, ছত্তিশগড়ের কাঠশিল্পী অজয় কুমার মান্ডাভি, হিমাচলপ্রদেশের জৈব কৃষিকাজে বিপ্লব ঘটানো নেকরাম শর্মা, ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যাপক জানুম সিং সয়, বিহারের বস্ত্রশিল্পী কপিলদেব প্রসাদ, রাজস্থানের পিথোরা শিল্পী পরেশ রাথওয়া, গুজরাটের কলমকারি শিল্পী ভানুবাই চৈতারা, জম্মু কাশ্মীরের সন্তুর বাদক গুলাম মহম্মদ জাজ, মহারাষ্ট্রের রঙ্গভূমি শিল্পী পরশুরাম কোমাজি খুনে, ছত্তিশগড়ের নাট্যশিল্পী দোমার সিং কুঁয়র।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Shraddha Walkar: শ্রদ্ধা হত্যাকাণ্ডে ৩ হাজার পাতার খসড়া চার্জশিট দিল্লি পুলিশের, রয়েছে শতাধিক সাক্ষীর বয়ান

    Shraddha Walkar: শ্রদ্ধা হত্যাকাণ্ডে ৩ হাজার পাতার খসড়া চার্জশিট দিল্লি পুলিশের, রয়েছে শতাধিক সাক্ষীর বয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়ালকরকে (Shraddha Walkar) খুন করায় অভিযুক্ত আফতাব পুনাওয়ালা বর্তমানে জেল হেফাজতে। সূত্রের খবর, আজ তার বিরুদ্ধে ৩ হাজার পাতার খসড়া চার্জশিট প্রস্তুত করেছে দিল্লি পুলিশ। এই চার্জশিটে শ্রদ্ধা খুনের ঘটনার সঙ্গে জড়িত একাধিক প্রমাণ, তথ্য ও শতাধিক সাক্ষীদের বয়ান নথিভুক্ত করা হয়েছে। আফতাব পুনাওয়ালার গ্রেফতারের প্রায় আড়াই মাস পরে দিল্লি পুলিশ চার্জশিট জমা করতে চলেছে আদালতে।

    ৩ হাজার পাতার খসড়া চার্জশিটে কী রয়েছে?

    পুলিশ সূত্রে খবর, শ্রদ্ধার (Shraddha Walkar) খুনের ঘটনা নিয়ে তাঁর আত্মীয়, বন্ধু-বান্ধব থেকে শুরু করে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদেরই বয়ান এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। প্রায় ১০০ জনের বেশি সাক্ষীর বয়ান রয়েছে এই চার্জশিটে। শুধু তাই নয়, এই হত্যা নিয়ে আফতাব কী কী তথ্য দিয়েছে, তার শ্রদ্ধাকে খুন করার স্বীকারোক্তিরও উল্লেখ রয়েছে। আফতাবকে গ্রেফতার করার পরে আফতাবের নারকো টেস্ট, পলিগ্রাফ টেস্ট করা হয়েছে, সেই টেস্ট থেকে কী কী তথ্য পাওয়া গিয়েছে, সেগুলোও রয়েছে চার্জশিটে। এতে রয়েছে ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট। সূত্রের খবর, সেই খসড়া চার্জশিট এখন নিরীক্ষা করছেন আইন বিশেষজ্ঞরা। তার পর তা জমা পড়বে আদালতে।

    আরও পড়ুন: আফতাবের ভয়েস স্যাম্পলিং টেস্ট! শ্রদ্ধা হত্যাকাণ্ডে দিল্লি পুলিশের হাতে রহস্যময় অডিও ক্লিপ

    প্রসঙ্গত, গত বছরের ১৮ মে আফতাবের বিরুদ্ধে শ্রদ্ধাকে (Shraddha Walkar) খুন করার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, শ্রদ্ধাকে খুন করে ৩৫ টুকরোয় কেটে দিল্লির বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল বলে অভিযোগ ওঠে আফতাবের বিরুদ্ধে। সূত্রের খবর, দিল্লির আদালতে আফতাব নিজেও স্বীকার করেছিল যে, রাগের মাথায় সে শ্রদ্ধাকে খুন করেছিল।

    এর পর পুলিশ দিল্লির মেহরৌলির জঙ্গল থেকে কিছু দেহাংশ, হাড়, চুল উদ্ধার করে। সেগুলি শ্রদ্ধার (Shraddha Walkar) কিনা তা নিশ্চিত করতে ডিএনএ টেস্ট করায় পুলিশ। শ্রদ্ধার বাবার সঙ্গে ডিএনএ মিলে যেতেই পুলিশ নিশ্চিত হয় যে, উদ্ধার হওয়া দেহাংশ শ্রদ্ধারই। চার্জশিটে সেই ডিএনএ রিপোর্টের কথাও উল্লেখ করা হয়েছে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর।

    পুলিশের দাবি, প্রাথমিক ভাবে নিজের অপরাধের কথা সে স্বীকারও করে নিলেও, তা প্রমাণ করতে মরিয়া পুলিশ। তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন তথ্য প্রকাশ্যে আসছে। শ্রদ্ধা খুনের ঘটনায় অভিযুক্তকে কঠোরতম শাস্তি দেওয়া হবে, বলে আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবারে এই চার্জশিট আদালতে জমা দেওয়ার পর আর কী কী তথ্য প্রকাশ্যে আসে, তারই অপেক্ষায় দেশবাসী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rajouri: রাজৌরি থেকে মাহভিশ মালিক রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বাবার

    Rajouri: রাজৌরি থেকে মাহভিশ মালিক রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বাবার

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের রাজৌরি (Rajouri) অঞ্চলের বাসিন্দা মাহভিশ মালিক সমস্ত বাধা অতিক্রম করে সে রাজ্যের প্রশাসনিক পরিষেবা পরীক্ষা (জেকেএএস) পাস করেছেন। রাজৌরির দারহাল ব্লকের পীর পাঞ্জাল পর্বতমালার একটি প্রত্যন্ত, বরফে ঢাকা ছোট শহরে, বড় স্বপ্ন নিয়ে বড় হচ্ছিল মেয়েটি। আজ স্বপ্নপূরণ হয়েছে। ছোট শহরের মেয়েটি উঁচু পদে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি পাস করেছে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁর খুড়তুতো বোন, শাজিয়া বলেন, “আমরা ফলাফল নিয়ে অত্যন্ত খুশি। আমরা সবসময় ওর পড়াশোনার প্রতি কঠোর পরিশ্রম এবং দৃঢ়সংকল্প দেখেছি। দুর্গম অঞ্চল এবং কঠিন রাস্তা কখনোই ওর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দুবার ড্রেনে ভেসে গিয়েও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।”

    আরও পড়ুন: অভিষেক থেকে ব্রাত্য অনেকের সঙ্গেই ছবি! বিএড কলেজ, ইংরেজি মাধ্যম স্কুল, কে এই কুন্তল? 

    কী বললেন মাহভিশ?   

    বাবা-মা, শিক্ষক এবং বন্ধুদের সম্পূর্ণ কৃতিত্ব দিয়ে, মাহভিশ মালিক (Rajouri) বলেন, “ঈশ্বরের কৃপায় এবং বাবা-মার সমর্থনে, আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি। আমি আমার নিজের শহরে আমার প্রাথমিক শিক্ষা শেষ করেছি এবং বাবা গুলাম শাহ বাদশা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং মাস্টার্স করেছি। আমি আমার মাস্টার্স শেষ করে ২০২১ সালে সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছিলাম।”

    আরও পড়ুন: কলকাতার বুকে একটুকরো চিন! চায়না টাউনে পালন চিনা নববর্ষ    

    মালিকের বাবা শাকিল আহমেদ তার মেয়ের (Rajouri) সাফল্যে অত্যন্ত আনন্দিত। মেয়ের এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মোদির ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেন, “আমি আমার মেয়ের ফলে খুব খুশি। আজকাল মেয়েরা সত্যিই ছেলেদের চেয়ে ভাল করছে জীবনে। আমি ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগানটি প্রচার করার জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাই।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Air India: এয়ার ইন্ডিয়ার ডোমেস্টিক ফ্লাইটে বিপুল ছাড়, ভাবমূর্তি ফেরানোর চেষ্টা?

    Air India: এয়ার ইন্ডিয়ার ডোমেস্টিক ফ্লাইটে বিপুল ছাড়, ভাবমূর্তি ফেরানোর চেষ্টা?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিপুল ছাড়ের ঘোষণা করল ভারতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India)। দেশের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য এয়ারলাইনের ডোমেস্টিক নেটওয়ার্ক জুড়ে ফ্লাইট টিকিটের উপর ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে৷ আজ থেকে শুরু হয়েছে এই অফার। চলবে ২৩ জানুয়ারি ২০২৩ অবধি। এয়ারলাইনের অনুমোদিত ট্রাভেল এজেন্ট সহ সমস্ত এয়ার ইন্ডিয়া বুকিং প্ল্যাটফর্মে পাওয়া যাবে এই অফার৷ এই ছাড়ে দেশের মধ্যে ৪৯টি ডেস্টিনেশনে ইকোনমি ক্লাসের টিকিট পাওয়া যাবে মাত্র ১৭০৫ টাকায়। ১ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে একমুখী ভ্রমণের জন্যে প্রযোজ্য এই অফার। পরিবারের সঙ্গে স্বপ্নের ছুটি কাটাতে চাইলে এখনই লুফে নিন এই অফার।

    কোথা থেকে বুক করবেন? 

    আরও বিস্তারিত জানতে এয়ার ইন্ডিয়ার (Air India) ওয়েবসাইটে লগ ইন করুন www.airindia.in অথবা বিমান সংস্থাটির কল সেন্টারে ১৮৬০ ২৩৩ ১৪০৭ – এই নম্বরে যোগাযোগ করুন। টাটা গ্রুপের সংস্থা, এয়ার ইন্ডিয়া ভারতের বিমান সংস্থাগুলির মধ্যে অগ্রগামী। ১৯৩২ সালের ১৫ অক্টোবরে প্রথম ফ্লাইটের পর থেকে, এয়ার ইন্ডিয়ার একটি বিস্তৃত ডোমেস্টিক নেটওয়ার্ক  তৈরি হয়েছে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপ, সুদূর-পূর্ব, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং উপসাগরজুড়ে বিস্তীর্ণ নেটওয়ার্কসহ অন্যতম আন্তর্জাতিক বিমান সংস্থা হিসেবে পরিচিতি পেয়েছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া স্টার অ্যালায়েন্সের সদস্য, বৃহত্তম বৈশ্বিক এয়ারলাইন কনসোর্টিয়াম। সরকারী মালিকানাধীন এন্টারপ্রাইজ হিসাবে থাকার পর ৬৯ বছর পর ফের এয়ার ইন্ডিয়ার মালিকানা আসে টাটা গোষ্ঠীর হাতে।

    আরও পড়ুন: সংবাদসংস্থাগুলির কারণেই লাভ হচ্ছে বড় বড় কোম্পানিগুলির, আয়ের ভাগ দিতে হবে প্রকাশকদের, জানাল কেন্দ্র   
     
    সম্প্রতি বার বার বিতর্কে জড়িয়েছে টাটা গোষ্ঠীর এই বিমান সংস্থা (Air India)। প্রস্রাবকাণ্ডের পর খাবারে পাথর থাকার অভিযোগও উঠেছে এই এয়ারলাইনের বিরুদ্ধে। প্রস্রাবকাণ্ডের জেরে জরিমানাও করা হয়েছে এই সংস্থাকে। পাইলটকে সাসপেন্ডও করেছে ডিজিসিএ। এমতাবস্থায় এয়ার ইন্ডিয়ার ব্যবসায় ভাটা পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাহলে কী ভাবমূর্তি ফিরিয়ে আনতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে টাটা গ্রুপ? আর তারই প্রথম পদক্ষেপ এই বিপুল ছাড়? এমনটা অনেকেই মনে করলেও টিকিট বিক্রি কিন্তু থামছে না। এমনকি টিকিট বিক্রির হার ছাপিয়ে যেতে পারে সমস্ত রেকর্ড, এমন আশাও রাখছে বিমান সংস্থাটি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Delhi Mayor: ফের স্থগিত হয়ে গেল দিল্লি পুরনিগমের মেয়র নির্বাচন, কেন জানেন?

    Delhi Mayor: ফের স্থগিত হয়ে গেল দিল্লি পুরনিগমের মেয়র নির্বাচন, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের স্থগিত হয়ে গেল দিল্লি পুরনিগমের মেয়র নির্বাচন। আজ, মঙ্গলবার ওই নির্বাচন হওয়ার কথা ছিল। সেই মতো সকাল থেকে দিল্লির সিভিক সেন্টারে ছিল কড়া প্রহরার ব্যবস্থা। এদিন নির্দিষ্ট সময়ে শুরু হয় ভোটাভুটির প্রক্রিয়া। তার পরেই আপ এবং বিজেপি কাউন্সিলরদের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। তার জেরে অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন প্রোটেম স্পিকার। এই নিয়ে দ্বিতীয়বার ভেস্তে গেল দিল্লি পুরনিগমের মেয়র নির্বাচন প্রক্রিয়া। এক মাসেরও বেশি আগে হয় দিল্লি পুরনিগমের ভোট। তার পর থেকে ওই পুরনিগমের মেয়র ও ডেপুটি মেয়রের পদ রয়েছে ফাঁকা। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে বিজেপি ও আপ কাউন্সিলরদের হট্টগোলের জেরে স্থগিত হয়ে গিয়েছিল মেয়র নির্বাচন। এদিন ফের অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল অধিবেশন।

    দিল্লি পুরনিগম…

    দিল্লি পুরনিগমের আসন সংখ্যা ২৫০। ডিসেম্বরের প্রথম দিকে ভোট গ্রহণ হয়। ২৫০টি আসনের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি জয়ী হয় ১৩৪টি আসনে। স্বাভাবিকভাবেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলে কেজরিওয়ালের দল। ক্ষমতাসীন বিজেপির ঝুলিতে যায় ১০৪টি আসন। পুরনিগমের ৯টি আসনে জয়ী হন কংগ্রেস প্রার্থীরা। মেয়র পদে জয়ের জন্য প্রয়োজন ১২৬ জন কাউন্সিলরের সমর্থন।

    মেয়র (Delhi Mayor) পদে আম আদমি পার্টির (AAP) প্রার্থী হয়েছেন শেলি ওবেরয়। আর বিজেপির হয়ে লড়াইয়ের ময়দানে রয়েছেন শালিমার বাগের তিন বারের কাউন্সিলর রেখা গুপ্তা। এদিনই নির্বাচন হওয়ার কথা ছিল ডেপুটি মেয়রও। ওই পদে বিজেপির প্রার্থী রামনগরের কাউন্সিলর কমল বাগড়ি। আর কেজরিওয়ালের দলের হয়ে ওই পদে লড়ছেন আলে মহম্মদ ইকবাল।

    আরও পড়ুুন: প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে ফের দেখা যাবে বাংলার ট্যাবলো, থিম কি জানেন?

    পুর নির্বাচনে আপ জয়লাভ করলেও, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিজেপি কাউন্সিলর সত্য শর্মাকে প্রোটেম স্পিকার মনোনীত করেন। এদিন সত্য শর্মা শপথ গ্রহণের জন্য প্রথমে ডাকেন মনোনীত ১০ কাউন্সিলরকে। পরে শপথ গ্রহণ করেন নির্বাচিত কাউন্সিলররাও। এরপর মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচনের আগে ১৫ মিনিটের জন্য অধিবেশন স্থগিত ছিল। সূত্রের খবর, সেই সময় বিজেপির কয়েকজন কাউন্সিলর মোদি মোদি বলে স্লোগান দিতে দিতে সিভিক সেন্টারের ভিতরে ঘোরাঘুরি করতে শুরু করেন। আপ নেতা কেজরিওয়ালের বিরুদ্ধেও স্লোগান দেন তাঁরা। আপ কাউন্সিলরদের বেঞ্চের সামনে গিয়েও তাঁরা স্লোগান দেওয়া শুরু করেন বলে অভিযোগ। পাল্টা স্লোগান দিতে শুরু করেন আপ কাউন্সিলররাও। এর পরেই অধিবেশন মুলতুবি করে দেন প্রোটেম স্পিকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Republic Day: প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে ফের দেখা যাবে বাংলার ট্যাবলো, থিম কি জানেন?

    Republic Day: প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে ফের দেখা যাবে বাংলার ট্যাবলো, থিম কি জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার প্রজাতন্ত্র দিবসে (Republic Day) দিল্লির (Delhi) কর্তব্যপথে ফের দেখা যাবে বাংলার ট্যাবলো। গত বছর প্রস্তুতি নেওয়ার পরেও বাংলার ট্যাবলো বাতিল করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এবার ফের প্রদর্শিত হবে বাংলার ট্যাবলো। জানা গিয়েছে, এবার প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজে দেখা যাবে পশ্চিমবঙ্গের দুর্গা ট্যাবলো (Durga Tableau)। ট্যাবলোয় থাকবেন সপরিবারে দেবী দুর্গা। শোনা যাবে চণ্ডীপাঠ, ঢাকের বাদ্যি। এককথায়, পুরোপুরি পুজোর আবহ। ২৩ জানুয়ারি কর্তব্যপথে একপ্রস্থ রিহার্সালও হয়ে গিয়েছে। তার আগে রবিবার সকালে দিল্লি ক্যান্টনমেন্টে আর্মি বেসক্যাম্পে হয়েছে মহড়াও। মহিলা ঢাকি পরিবৃত হয়ে হেঁটে গিয়েছে ট্যাবলো। মজুত ছিল নজরকাড়ার মতো আরও উপাদান। ট্যাবলো সাজানো হয়েছিল বিষ্ণুপুরের টেরাকোটায়। জানা গিয়েছে, বাংলার এই ট্যাবলো নজর কেড়েছে উদ্যোক্তাদের।

    প্রজাতন্ত্র দিবস…

    গত বছর প্রজাতন্ত্র দিবসে (Republic Day) পশ্চিমবঙ্গের এই ট্যাবলো নিয়ে কম জলঘোলা হয়নি। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, নেতাজির থিম যুক্ত ট্যাবলো বাতিল করে দিয়েছিল কেন্দ্র। তবে এবার আর সেই অভিযোগ নেই রাজ্য সরকারের। তাই এবার ফের কর্তব্যপথে দেখা যাবে বাংলার ট্যাবলো। গত বছরই বাংলার দুর্গোৎসবকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে ইউনেস্কোর তরফে। সেই কারণেই এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার এই ঐতিহ্যকেই তুলে ধরতে চায় রাজ্য। ট্যাবলোয় দেবী দুর্গার সঙ্গে যেমন সিংহ, অসুরও থাকবে, তেমনি থাকবেন তাঁর চার ছেলে মেয়ে-লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ।

    আরও পড়ুুন: কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নয়ছয়! মামলায় রাজ্যের অর্থসচিবকে জুড়তে বলল হাইকোর্ট

    দুর্গা ট্যাবলো দিয়ে বাংলার ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেখানো হবে নারীর ক্ষমতায়ণও। সেই কারণেই বেছে নেওয়া হয়েছে মহিলা ঢাকিদেরও। ঢাকের বাদ্যির পাশাপাশি শোনা যাবে জলদগম্ভীর কণ্ঠের চণ্ডীপাঠও। সেখানেও নারী শক্তির আবাহন। এবার কর্তব্যপথে সব মিলিয়ে থাকবে মোট ২৩টি ট্যাবলো। তার মধ্যে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি থেকে থাকবে ১৭টি ট্যাবলো। বিভিন্ন মন্ত্রকের তরফে থাকবে আরও ৬টি। ভারতীয় ঐতিহ্যের পাশাপাশি নারী শক্তির ক্ষমতায়নকেও তুলে ধরা হবে। জানা গিয়েছে, সেই কারণেই এবার বাংলার থিম দুর্গা। দেবী মূর্তি ছাড়াও ট্যাবলোয় থাকবে বাংলার সংস্কৃতির নানা নিদর্শনও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • BharOS: আত্মনির্ভর ভারত-এর আরও একটি ধাপ! দেশীয় অপারেটিং সিস্টেম BharOS-এর যাত্রা শুরু

    BharOS: আত্মনির্ভর ভারত-এর আরও একটি ধাপ! দেশীয় অপারেটিং সিস্টেম BharOS-এর যাত্রা শুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: অপারেটিং সিস্টেমের জগতে Apple এবং Google-এর মনোপলিকে ধাক্কা দিতে ভারত নিয়ে এল সম্পূর্ণ দেশীয় অপারেটিং সিস্টেম ‘BharOS’। দেশকে ‘আত্মনির্ভর’বানানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই স্বপ্নকে পূরণ করল আইআইটি মাদ্রাজ। মঙ্গলবার এই অপারেটিং সিস্টেম পরীক্ষা করে দেখেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

    দেশীয় অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য 

    BharOS  তৈরি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ(IIT Madras)। এর ফলে দেশের ব্যবহারকারীদের আরও উন্নত মানের নিরাপত্তা প্রদান করা সম্ভব  হবে বলে মত কেন্দ্রীয় বিশেষজ্ঞদের। JandK অপারেশনস প্রাইভেট লিমিটেড বা সংক্ষেপে JandKops এই অপারেটিং সিস্টেম  ডেভেলপ করেছে। BharOS-এর মাধ্যমে নির্দিষ্ট সংস্থার প্রাইভেট অ্যাপ স্টোর পরিষেবার (PASS) অ্যাক্সেস  মিলবে। শুধুমাত্র বিশ্বস্ত অ্যাপই থাকবে সেখানে। BharOS-এর আরেকটি উল্লেখযোগ্য ফিচার হল, এতে কোনও প্রি-ইনস্টল করা অ্যাপ  থাকে না। এর পাশাপাশি ডিভাইসে ইনস্টল করা অ্যাপগুলি কী কী কাজের অনুমতি  পাবে, তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে। আপাতত, কঠোর গোপনীয়তা এবং সুরক্ষা প্রয়োজন, এমন কিছু সংস্থায় এই BharOS  প্রদান করা হয়েছে। এমন ক্ষেত্রে এটি ব্যবহার করা হচ্ছে, যেখানে সংবেদনশীল তথ্যের  আদান প্রদান হয়।  

    আরও পড়ুন: রাজ্যের বিরুদ্ধে ২.২৯ লক্ষ কোটি টাকার খরচের হিসাবে গরমিলের অভিযোগ তুলে হাইকোর্টে বিজেপি নেতা

    এদিন এই অপারেটিং সিস্টেম-এর খুঁটিনাটি দেখে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “আট বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন ডিজিটাল ইন্ডিয়ার কথা বলতেন তখন বিরোধীরা ব্যাঙ্গ করত। কিন্তু আজ এই স্বপ্ন বাস্তব রূপ পাচ্ছে। এই অপারেটিং সিস্টেম তৈরিতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত, তাঁদের সকলকে ধন্যবাদ। এটি দেশকে অন্য মাত্রা দেবে।” মূলত আইআইটি মাদ্রাজের পড়ুয়ারাই এই অপারেটিং সিস্টেমটি ডেভলপ করেছে।  ডেভেলপাররা জানিয়েছেন, BharOS অপারেটিং সিস্টেমটি দেশের 100 কোটি মোবাইল ইউজার ব্যবহার করতে পারেন। কমার্শিয়াল অফ-দ্য-শেল্ফ হ্যান্ডসেটে সফটওয়্যারটি ইনস্টল করা যেতে পারে। ডেভেলপারর দাবি করছেন, গ্রাহকদের আরও সুরক্ষিত অপারেটিং সিস্টেম ব্যবহারের স্বাদ দিতেই তৈরি করা হয়েছে BharOS। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Delhi Mayor: মেয়র, ডেপুটি মেয়র নির্বাচন, দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা

    Delhi Mayor: মেয়র, ডেপুটি মেয়র নির্বাচন, দিল্লিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির মেয়র (Delhi Mayor) ও ডেপুটি মেয়র নির্বাচন হচ্ছে আজ, মঙ্গলবার। এদিন সকাল থেকেই সিভিক সেন্টারের সামনে রয়েছে টান টান উত্তেজনা। অশান্তির আশঙ্কায় কড়া নিরাপত্তার (Heavy Security) ব্যবস্থা করেছে প্রশাসন। মেয়র এবং ডেপুটি মেয়র ছাড়াও এদিন নির্বাচিত হবেন স্ট্যান্ডিং কমিটির ৬ সদস্যও। নির্বাচন পর্ব অনুষ্ঠিত হবে সিভিক সেন্টারে। সেই কারণেই এখানে করা হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরেই হবে মেয়র নির্বাচন। এদিনের পুরো পর্বটি পরিচালনা করবেন কাউন্সিলর সত্য শর্মা। তিনি বিজেপির প্রতীকে জয়ী হয়েছেন। দিল্লির লেফটেন্যন্ট গভর্নর ভি কে সাক্সেনা ওই দায়িত্ব দিয়েছেন তাঁকে।

    দিল্লি পুরনিগম…

    দিল্লি পুরনিগমের আসন সংখ্যা ২৫০। ডিসেম্বরের প্রথম দিকে ভোট গ্রহণ হয়। ২৫০টি আসনের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি জয়ী হয় ১৩৪টি আসনে। স্বাভাবিকভাবেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলে কেজরিওয়ালের দল। ক্ষমতাসীন বিজেপির ঝুলিতে যায় ১০৪টি আসন। পুরনিগমের ৯টি আসনে জয়ী হন কংগ্রেস প্রার্থীরা। মেয়র পদে জয়ের জন্য প্রয়োজন ১২৬ জন কাউন্সিলরের সমর্থন।

    এদিন মেয়র (Delhi Mayor) পদে আম আদমি পার্টির (AAP) প্রার্থী হয়েছেন শেলি ওবেরয়। বছর ঊনচল্লিশের দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শেলি বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দিল্লির ইস্ট পটেলনগর এলাকার ৮৬ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন। তিনি এবারই প্রথম প্রার্থী হয়েছিলেন। আর বিজেপির হয়ে লড়াইয়ের ময়দানে রয়েছেন শালিমার বাগের তিন বারের কাউন্সিলর রেখা গুপ্তা। এদিনই নির্বাচন হবে ডেপুটি মেয়রও। ওই পদে বিজেপির প্রার্থী রামনগরের কাউন্সিলর কমল বাগড়ি। আর কেজরিওয়ালের দলের হয়ে ওই পদে লড়ছেন আলে মহম্মদ ইকবাল। তিনি আপ নেতা তথা ছ বারের বিধায়ক শোয়েব ইকবালের ছেলে। এবার চাঁদনি মহল এলাকা থেকে ১৭ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি।  

    আরও পড়ুুন: জয়শঙ্করের মুখে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রশস্তি, কেন জানেন?

    স্ট্যান্ডিং কমিটিতে নির্বাচিত হবেন ৬ জন। যদিও লড়াইয়ের ময়দানে রয়েছেন সাতজন। আম আদমি পার্টির তরফে এই পদগুলিতে লড়ছেন আমিল মালিক, রামিন্দার কাউর, মোহিনী জিনওয়াল এবং সরিকা চৌধুরী। আর বিজেপির প্রার্থী হয়েছেন কমলজিৎ শেরাওয়াত, গজেন্দ্র দাড়াল এবং পঙ্কজ লুথরা। দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রের সাংসদ, রাজ্যসভার তিন সাংসদ এবং ১৪ জন বিধায়কও অংশ নেবেন এদিনের ভোটাভুটিতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Maharashtra: ছাত্রের সংখ্যা এক, শিক্ষকও এক! রয়েছে মিড-ডে মিলও! কেন এভাবে চলছে একটি সরকারি স্কুল?

    Maharashtra: ছাত্রের সংখ্যা এক, শিক্ষকও এক! রয়েছে মিড-ডে মিলও! কেন এভাবে চলছে একটি সরকারি স্কুল?

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি কখনও এমন একটি স্কুলের কথা শুনেছেন, যেখানে শুধুমাত্র একজন ছাত্র এবং সেই ছাত্রের জন্য শুধুমাত্র একজনই শিক্ষক আছে? সারা দেশে যখন স্কুলের শিক্ষা নিয়ে এত অভিযোগ, কোথাও পর্যাপ্ত সংখ্যক পড়ুয়া নেই তো কোথাও আবার অভাব রয়েছে শিক্ষকের। সেখানেই দেশের এক প্রান্তে এমনও একটি স্কুল রয়েছে, যেখানে পড়ুয়ার সংখ্যা মাত্র ১। আবার এই ছাত্রকেই পড়াতেই রোজ এক শিক্ষক ১২ কিমি চালিয়ে আসেন স্কুলে। ফলে এর থেকেই প্রমাণ হয় যে, চেষ্টা ও ইচ্ছা থাকলে সব সম্ভব। তবে অবাক হলেও এটিই সত্যি। একজন শিক্ষক ও একজন ছাত্রকে নিয়েই মহারাষ্ট্রের ওয়াসিম জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে এভাবেই চলছে পড়াশোনা।

     কেন এমন অবস্থা এই সরকারি স্কুলের?

    মহারাষ্ট্রের ওয়াসিম জেলার সবথেকে ছোট গ্রাম হল গণেশপুর। এই গ্রামে জনসংখ্যা মাত্র ১৫০। গ্রামে রয়েছে একটিই জেলা পরিষদ প্রাথমিক বিদ্যালয়। সেখানে প্রথম থেকে চতুর্থ শ্রেণি অবধি পড়ানো হয়। কিন্তু যেখানে গ্রামের জনসংখ্যাই ১৫০, সেখানে খুদে পড়ুয়া আর ক’জন থাকবে! আপাতত গ্রামে প্রাথমিক স্কুলের পড়ুয়া রয়েছে একজনই। তৃতীয় শ্রেণিতে পড়ে সেই ছাত্র। পড়াশোনায় নাকি বেশ ভাল। তাকে পড়াতেই ১২ কিলোমিটার সাইকেল চালিয়ে স্কুলে আসেন শিক্ষক কিশোর মানকর। সব বিষয়েই পড়ান তিনি। তিনি জানিয়েছেন, তিনি বিগত দুবছর ধরে এই স্কুলে ওই ছাত্রকে পড়াচ্ছেন।

    একমাত্র পড়ুয়া হওয়া সত্ত্বেও শিক্ষা থেকে বঞ্চিত করা হয়নি এই ৮ বছর বয়সী কার্তিক সেগোকারকে। শুধুমাত্র তাঁর জন্যই চালু রাখা হয়েছে প্রাথমিক স্কুল। একটি স্কুলে যা যা নিয়ম পালন করা হয়, তা সমস্ত কিছুই অনুসরণ করা হয় এই স্কুলে। সকালে স্কুল শুরু হয় জাতীয় সঙ্গীত গেয়ে, এরপরে প্রার্থনার পর ঘড়ি ধরে ক্লাসও শুরু হয়। স্কুলে মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থাও আছে। একজন ছাত্রের জন্যই রান্না হয় নিয়মিত। স্কুলের নিয়মে কোনও ফাঁকি নেই।

    শিক্ষক কিশোর মানকার বলেন, “গত ২ বছর ধরে স্কুলে শুধুমাত্র একজন ছাত্র ভর্তি হয়েছে। আমিই স্কুলে একমাত্র শিক্ষক। আমি তাকে সব বিষয়ে পড়াই। সকাল ১০:৩০ মিনিট থেকে দুপুর ১২ টা পর্যন্ত, আমি জাতীয় সঙ্গীত গাওয়া সহ সমস্ত নিয়ম-কানুন মেনে চলি। ছাত্রের জন্য মিড-ডে মিলসহ সরকার প্রদত্ত সব সুযোগ-সুবিধাও দেওয়া হয়।”

LinkedIn
Share