Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • SIMI: সিমি ভারতীয় জাতীয়তাবাদের বিরুদ্ধে, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল কেন্দ্র

    SIMI: সিমি ভারতীয় জাতীয়তাবাদের বিরুদ্ধে, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: যে কোনও সংগঠন যারা ভারতে (India) ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চায়, তাদের অনুমোদন দেওয়া হবে না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court) একথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া, সংক্ষেপে সিমিকে (SIMI) নিষিদ্ধ করেছে কেন্দ্র। সেই সংক্রান্ত মামলায় দেশের শীর্ষ আদালতে এদিন নিজের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র।

    সিমি…

    এদিন সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে কেন্দ্র। তাতে বলা হয়েছে, সিমি ভারতীয় জাতীয়তাবাদের বিরুদ্ধে। এরা ভারতীয় জাতীয়তাবাদের পরিবর্তে আন্তর্জাতিক ইসলামি অর্ডার প্রতিষ্ঠা করতে চায়। তাদের যে লক্ষ্য, তা আমাদের দেশের আইনের পরিপন্থী। বিশেষত, তাদের মূল লক্ষ্য হল ভারতে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা। ২০০১ সালেই এ দেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সিমিকে (SIMI)। কারণ ওই সংগঠন আইনবিরুদ্ধ নানা কার্যকলাপ করছিল। এ দেশে তাদের ৩৬টিরও বেশি শাখা সংগঠন রয়েছে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে তারা তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছিল।

    আরও পড়ুুন: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, বেকায়দায় পড়া তৃণমূলকে জব্দ করতে আসরে মিঠুন

    এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের দাখিল করা হলফনামায় বলা হয়েছে, ৩৬টিরও বেশি ফ্রন্ট অর্গানাইজেশনের মাধ্যমে এদেশে কাজ চালিয়ে যাচ্ছে সিমি। এই ফ্রন্ট অর্গানাইজেশনগুলো নানাভাবে সিমিকে সাহায্য করছে। এর মধ্যে রয়েছে অর্থ সংগ্রহ, পুস্তিকার মাধ্যমে বার্তা ছড়িয়ে দেওয়া, ক্যাডারদের সংগঠিত করা ইত্যাদি। সিমি বিভিন্ন রকম বেআইনি কাজকর্মও করছিল। এই সব কাজ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে ভয়ঙ্কর হুমকি স্বরূপ।

    আরও পড়ুুন: ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় ২৫টি আসন পাবে বিজেপি! দাবি সুকান্তর

    বুধবার কেন্দ্রের দাখিল করা হলফনামা নিয়ে শুনানি হবে বিচারপতি সঞ্জয় কিষান কাউলের এজলাসে। সুপ্রিম কোর্টেই সিমির (SIMI) এক প্রাক্তন সদস্য পিটিশন দাখিল করেছিল। ২০১৯ সালে ইউএপিএ ধারায় সিমিকে যে অভিযুক্ত করা হয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দাখিল করা হয় ওই পিটিশন। এদিন কেন্দ্রের তরফে দাখিল করা হলফনামায় এও বলা হয়েছে, সিমিকে (SIMI) নিষিদ্ধ ঘোষণা করা সত্ত্বেও বিভিন্ন সংগঠনের নামে বেআইনি কাজকর্ম চালিয়ে যাচ্ছে এর প্রতি যারা সহানুভূতিশীল, তারা। এই সব সংগঠন মুসলিম তরুণদের মনে জেহাদির ধারণা ঢুকিয়ে দিচ্ছে, তাদের ব্রেইন ওয়াশ করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Narendra Modi: ভোটের আশা না করেই মুসলিমদের সঙ্গেও যোগাযোগ বাড়ান! বিজেপি কর্মীদের বার্তা প্রধানমন্ত্রীর

    Narendra Modi: ভোটের আশা না করেই মুসলিমদের সঙ্গেও যোগাযোগ বাড়ান! বিজেপি কর্মীদের বার্তা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্ম নয়, উন্নয়নকে হাতিয়ার করে ২০২৪ লোকসভা ভোটে জিতে আসতে হবে। বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে দলের কর্মীদের উদ্দেশে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের বাকি আর ৪০০ দিন। এই আবহে ভোটের আশা না করেই বিজেপি কর্মীদের মুসলিমদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিজেপি এখন আর শুধু রাজনৈতিক আন্দোলন নয়। এটি একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। অমৃত কালকে কর্তব্য কালে রূপান্তরিত করার জন্য সমাজের সকল মানুষকে এক সঙ্গে নিয়ে চলতে হবে।”

    মুসলিম ভোটে জোর

    ২০১৪ সালে প্রথম বার দিল্লির মসনদে বসেছিলেন মোদি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন নরেন্দ্র মোদি। এ বার লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। লোকসভার আগে চলতি বছরেই তেলঙ্গনা,কর্ণাটকের মতো রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এই রাজ্যগুলিতে মুসলিম ভোটাররা বড় ফ্যাক্টার। তাই মুসলিম তথা সংখ্যালঘু ভোটকে খুবই গুরুত্ব দিচ্ছে বিজেপি। সেই লক্ষ্যেই বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকে দলের নেতা-কর্মীদের শিক্ষিত মুসলিমদের কাছে পৌঁছনোর কথা বলেন। তাঁদের সামনে উন্নযনের লেখচিত্র তুলে ধরার নির্দেশ দেন।

    আরও পড়ুন: ‘‘মোদি এলেই জিতব এটা ভাববেন না, সংগঠনে জোর দিন’’, বিজেপি কর্মীদের উদ্দেশে বার্তা মোদির

    ঐক্যের বার্তা

    পাশাপাশি মুসলিমদের উদ্দেশ্য কোনওরকম কু কথা-আক্রমণ করা যাবে না বলেও দলীয় কর্মীদের বারবার বলেছেন প্রধানমন্ত্রী। যোগী আদিত্যনাথ থেকে প্রজ্ঞা ঠাকুর,নুপুর শর্মা সহ বিজেপির নেতা,মন্ত্রী প্রকাশ্যে বারবার মুসলিম বিরোধী মন্তব্য করেছেন। তাতে দলের ভাবমূর্তির ক্ষতি হয়েছে বলেই মনে করেন মোদি। বিজেপির এক শীর্ষ স্থানীয় নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী বিজেপি কর্মীদের ভোটের আশা না করেই পাসমান্ডা মুসলিম, বোহরা সম্প্রদায়, পেশাদার এবং শিক্ষিত মুসলিমদের সঙ্গে দেখা করার আহ্বান জানান।’কর্মী-সমর্থকদের অপ্রাসঙ্গিক বিষয়ে মন্তব্য করতেও নিষেধ করেন মোদি। সম্প্রতি বিজেপির একাধিক নেতা ‘অপ্রাসঙ্গিক’ বিষয় নিয়ে আলপটকা মন্তব্য করেছেন। তাতে আখেরে অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। মোদির বার্তা, এই সব বিতর্কের জেরে দলের প্রচার ধাক্কা খেয়েছে। ওই অপ্রাসঙ্গিক বিষয়গুলি সামনে চলে আসছে। বিজেপির উন্নয়নের প্রচার পিছনের দিকে চলে যাচ্ছে। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এই নীতির অধীনে, সমস্ত রাজ্যের একে অপরকে সহযোগিতা করা উচিত এবং একে অপরের ভাষা ও সংস্কৃতির সাথে মিলিত হওয়া উচিত, বলেও মত প্রধানমন্ত্রীর। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Assembly Elections 2023: কবে বিধানসভা নির্বাচন ত্রিপুরা-মেঘালয়-নাগাল্যান্ডে? আজই ঘোষণা করবে কমিশন

    Assembly Elections 2023: কবে বিধানসভা নির্বাচন ত্রিপুরা-মেঘালয়-নাগাল্যান্ডে? আজই ঘোষণা করবে কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: খুব শীঘ্রই উত্তর-পূর্ব ভারতে ভোটের দামামা বাজতে চলেছে। নির্বাচন কমিশন আজ দুপুরেই ত্রিপুরা (Tripura), মেঘালয় (Meghalaya) ও নাগাল্যান্ডের (Nagaland) বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে। আজ দুপুর আড়াইটে নাগাদ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তিন রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে কমিশন। উল্লেখ্য, এই তিন রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের মার্চেই।

    দেশের তিন রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা আজই

    আগামী ১২ মার্চ নাগাল্যান্ড বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। মেঘালয় এবং ত্রিপুরা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে যথাক্রমে ১৫ মার্চ এবং ২২ মার্চ। ফলে উপরিউক্ত তারিখের মধ্যেই ভোট করতে হবে রাজ্যগুলিতে। সেইমতই তিন রাজ্যের নির্বাচনের তারিখ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে কমিশনের ফূল বেঞ্চ সম্প্রতি নাগাল্যান্ড, ত্রিপুরা ও মেঘালয় সফর করেছে।

    এই তিন রাজ্যের নির্বাচেনর দিনক্ষণ নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। তারই মধ্যে নির্বাচন কমিশন দিয়ে দিল নির্বাচনের বার্তা। সমস্ত জল্পনার অবসান করে আজ নির্বাচন কমিশন একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই সাংবাদিক বৈঠকের কথা। তবে এখনও পর্যন্ত ভোটের তারিখ ঘোষণা করা না হলেও ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এবারে এই তিন রাজ্যের মধ্যে মেঘালয় এবং ত্রিপুরায় নির্বাচনী লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস।

    আরও পড়ুন: ২০২৪-এর লোকসভা নির্বাচনে বাংলায় ২৫টি আসন পাবে বিজেপি! দাবি সুকান্তর

    কোন রাজ্যে কোন সরকার রয়েছে?

    এই তিন রাজ্যের মধ্যে নাগাল্যান্ডে চলছে সর্বদলীয় সরকার। সেখানে বিধানসভায় কোনও বিরোধী দল নেই। মেঘালয়ে চলছে বিজেপি ন্যাশনাল পিপলস পার্টির জোট সরকারের শরিক। তবে আসন্ন বিধানসভা নির্বাচনে দুই দল আলাদা লড়াই করবে বলে ঠিক আছে। অন্যদিকে, ত্রিপুরায় বিজেপি রয়েছে ক্ষমতায়। অন্যদিকে, বিরোধী শিবিরের দুই প্রধান দল কংগ্রেস ও সিপিএম জোট করে লড়াই করার পথে হাঁটছে। তবে ত্রিপুরায় ২০২৩-এও ফের গেরুয়া ঝড় উড়বে এই নিয়ে আত্মবিশ্বাসী বিজেপির শীর্ষনেতৃত্ব। আবার ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেসও।

    এই তিন রাজ্য সহ ২০২৩-এ মোট ৯টি রাজ্যে ভোট হবে। তার মধ্যে নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরার ভোট ঘোষণা আজ হতে চলেছে। এরপর ভোট রয়েছে কর্ণাটকে। তারপর ভোট হওয়ার কথা মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, মিজোরাম ও তেলেঙ্গানায়। ডিসেম্বরে ভোট হওয়ার কথা জম্মু ও কাশ্মীরেও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Narendra Modi: ‘‘মোদি এলেই জিতব এটা ভাববেন না, সংগঠনে জোর দিন’’, বিজেপি কর্মীদের উদ্দেশে বার্তা মোদির

    Narendra Modi: ‘‘মোদি এলেই জিতব এটা ভাববেন না, সংগঠনে জোর দিন’’, বিজেপি কর্মীদের উদ্দেশে বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: জনসংযোগে জোর দিন। জেলায় জেলায় সমাবেশ করুন। সীমান্তবর্তী গ্রামগুলিতে যান। ঘরে ঘরে প্রচার করুন। রাজধানী দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের (BJP National Executive Party Meeting) শেষ দিনে দলীয় কর্মী ও নেতাদের এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

    বিজেপি জোড় প্রচার

    মঙ্গলবার,  বিজেপির কার্যনির্বাহী সমিতির দুই দিনের বৈঠকের শেষদিনে, বিজেপি কর্মীদের সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘মোদি এলেই জিতব এই মানসিকতা নিয়ে বসে থাকলে চলবে না।’’ কর্মীরা যেন আত্মতুষ্টিতে না ভোগেন। প্রধানমন্ত্রীর পরামর্শ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিগুলি সম্পর্কে মানুষকে সচেতন করতে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করুন। পাশাপাশি আরও বেশি সংখ্যক মানুষকে দলের সঙ্গে যুক্ত করতে ‘বিজেপি জোড়’ প্রচার শুরুর পরামর্শও দিয়েছেন মোদি। 

    যুব সম্প্রদায় লক্ষ্য

    প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘‘লোকসভা নির্বাচনের আর মাত্র ৪০০ দিন বাকি আছে। ১৮ থেকে ২৫ বছর বয়সী যুবরা এর আগের সরকারের অপশাসন দেখেনি। বর্তমান সরকারের অধীনে ভারতে কীভাবে অপশাসন সরে গিয়ে সুশাসন এসেছে, তা তারা জানে না।’’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘বিরোধী দলগুলিকে দুর্বল মনে করলে চলবে না। সবাইকে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে। যুব সম্প্রদায়কে মোদি সরকারের কাজ নিয়ে সচেতন করতে হবে। বিজেপি কর্মীদের সমাজের সকল শ্রেণির সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। শুধুমাত্র ভোটের জন্য কাজ করলে চলবে না, দেশে পরিবর্তন আনার জন্য কাজ করতে হবে।’’ 

    আরও পড়ুুন: ‘লড়াই চলবে’, বঙ্গ বিজেপির প্রশংসা করে জানিয়ে দিলেন মোদি

    গ্রামীণ এলাকায় যান

    জাতীয় কর্মসমিতির বৈঠকে গ্রামীণ এলাকায় বিজেপির সংগঠন মজবুত করার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। সব শ্রেণির মানুষের কাছে গিয়ে বিজেপি সরকার কী কী ভাল কাজ করেছে, সেই বার্তা পৌঁছে দেওয়ার কথা বলেছেন মোদি। দেশের প্রত্যেক প্রান্তের নেতাদের কাছে তাঁর আর্জি, সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে। বাংলায় বিজেপি কর্মীরা যেভাবে লড়াই করছেন, তার প্রশংসাও করেন তিনি। বিশেষত সীমান্তবর্তী গ্রামগুলিতে কার্যকলাপ বাড়ানোর দিকে নজর দিতে বলেন তিনি। প্রয়োজনে প্রত্যেক জেলায় সমাবেশ করার কথাও বলেন। সংখ্যালঘুদের কাছে গিয়েও বিজেপি সরকারের ‘সুশাসনে’র প্রচার চালানোর পরামর্শ দিয়েছেন তিনি। মোদির কথায়, ‘‘ভারতে সেরা সময় চলছে। এই উন্নয়নের কর্মযজ্ঞে আমাদের নিজেদের উৎসর্গ করা দরকার।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Shahbaz Sharif: “যুদ্ধ নয়, এবার শান্তি চাই”, কাশ্মীর নিয়ে মোদিকে আলোচনায় বসার বার্তা দিলেন শাহবাজ

    Shahbaz Sharif: “যুদ্ধ নয়, এবার শান্তি চাই”, কাশ্মীর নিয়ে মোদিকে আলোচনায় বসার বার্তা দিলেন শাহবাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: যুদ্ধ নয়, এবারে শান্তি চায় পাকিস্তান, এমনটাই জানালেন পাকিস্তানের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif)। ভারতের সঙ্গে তিন-তিনবার যুদ্ধ করে যথেষ্ট শিক্ষা পেয়েছে পাকিস্তান। তাই এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৎ ভাবে এবং বিশদে আলোচনায় বসতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কারণ এই যুদ্ধের ফলে উন্নয়ন তো দূর, বেড়েছে বেকারত্ব, দেশটি আরও দুঃস্থ হয়ে পড়েছে। ফলে এবারে ভারতকে শান্তির প্রস্তাব দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাশ্মীর নিয়ে কথা বলতে চান। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

    আরও পড়ুন: নেতাজি জন্ম-জয়ন্তী পালন! কালই রাজ্যে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত

    মোদিকে শান্তির বার্তা শাহবাজের

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী (Shahbaz Sharif) বলেছেন, “ভারতের সঙ্গে যুদ্ধ করে আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে। ঠেকে শিখেছিই বলা চলে। ৩টি যুদ্ধের জেরে প্রায় দেউলিয়া হয়ে যেতে বসেছে পাকিস্তান। তাই আর যুদ্ধ নয়, এ বার পাকিস্তান শান্তি চায়।” তিনি আরও জানিয়েছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কাশ্মীর সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চান। তিনি বলেন, “ভারতীয় নেতৃত্বকে আমি বলতে চাই, আসুন আমরা একসঙ্গে বসে এক টেবিলে আমাদের যত গুরুতর সমস্যা রয়েছে, তা নিয়ে কথা বলি। কাশ্মীরের মত সমস্যাগুলির সমাধান করি। কারণ আমরা শান্তির বার্তা নিয়ে অগ্রগতি করব, না কি এই ঝগড়া এবং অশান্তি চালিয়ে নিয়ে যাব, তা পুরোপুরি আমাদের উপর নির্ভর করে।” তিনি জানিয়েছেন, ভারত ও পাকিস্তান দু’টি দেশই পরমাণু শক্তিধর। ফলে যুদ্ধ বাঁধলে দুই দেশের কী পরিণতি হতে পারে তা ভেবেও চিন্তিত পাক প্রধানমন্ত্রী।

    যখন পাকিস্তানের এই পরিস্থিতি, তখন সাক্ষাৎকারে শরিফ মন্তব্য করেছেন, যে দেশ পারমাণবিক শক্তিতে বলীয়ান, তাদের অর্থনীতি বাঁচানোর জন্য এভাবে ভিক্ষে করা লজ্জার। বিভিন্ন দেশের কাছে ঋণ চাওয়া নিয়ে এমন মন্তব্য করেন।

    সম্প্রতি পাকিস্তানের একটি বহুল প্রচারিত ইংরেজি সংবাদপত্রে একটি প্রতিবেদন বেরোয়। সেই প্রতিবেদনে দাবি করা হয়, যেখানে ভারতের দিনে দিনে অগ্রগতি হচ্ছে, সেখানে পাকিস্তান ক্রমশ আরও গভীর অর্থনৈতিক সঙ্কটের মধ্যে তলিয়ে যাচ্ছে এবং শরিফকে বিশ্বের দরবারে কার্যত ভিক্ষার ঝুলি নিয়ে যেতে হচ্ছে। এটিতে আরও উল্লেখ করা হয়েছে, শরিফ (Shahbaz Sharif) যাতে দ্রুত পাক অর্থনীতিকে মজবুত করার দিকে জোর দেন। অন্যদিকে ভারত যে ২০৩৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে ওঠায় নজর দিয়েছে, সেকথাও বলা হয়েছে এই প্রতিবেদনে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Rafale: শুরু ফ্রান্স-ভারত যৌথ নৌ মহড়া, নৌবাহিনীর জন্য রাফাল-এম যুদ্ধবিমানই পছন্দ ভারতের?

    Rafale: শুরু ফ্রান্স-ভারত যৌথ নৌ মহড়া, নৌবাহিনীর জন্য রাফাল-এম যুদ্ধবিমানই পছন্দ ভারতের?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় নৌসেনায় যুক্ত হচ্ছে রাফাল ফাইটার জেট। আগামী মার্চ মাসেই ভারত সফরে আসার কথা রয়েছে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর। প্রতিরক্ষা সূত্রে খবর,তখনই নৌসেনার জন্য রাফাল কেনার চুক্তি স্বাক্ষর করবে দুই দেশ। ফ্রান্স থেকে অন্তত ২৬টি রাফাল জেট কিনবে ভারত। এর আগেই সোমবার থেকে ভারতীয় ও ফ্রান্স নৌবাহিনীর মধ্যে ২১তম দ্বিপাক্ষিক নৌ মহড়া (Naval Exercise) শুরু হয়েছে।

    ফ্রান্স-ভারত যৌথ নৌ মহড়া

    নৌসেনা সূত্রে খবর, ফ্রান্স ও ভারতের যৌথ নৌ মহড়া পশ্চিম সমুদ্র তীরে শুরু হয়েছে। ১৯৯৩ সাল থেকে এই মহড়া প্রথম হয়েছিল। ভারত-ফ্রান্স কৌশলগত সম্পর্কের সাক্ষর এই দ্বিপাক্ষিক মহড়ার নাম ২০০১ সালে ‘বরুণ’ রাখা হয়েছিল। এই মহড়ায় দেশীয় গাইডেড মিসাইল স্টিলথ ডেস্ট্রয়ার আইএনএস চেন্নাই, গাইডেড মিসাইল ফ্রিগেট আইএনএস তেগ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট পি-৮আই এবং ডর্নিয়ার ও মিগ২৯ কে যুদ্ধবিমান অংশ নেবে। অন্যদিকে, ফ্রান্স নৌবাহিনীর প্রতিনিধিত্ব করবে বিমানবাহী বাহক চার্লস ডি গল, এফএস ফোরবিন এবং প্রোভেন্স,সহায়ক জাহাজ এফএস মার্নে এবং সামুদ্রিক টহল বিমান আটলান্টিক। ২০ জানুয়ারি পর্যন্ত অনুশীলন চলবে। 

    আরও পড়ুন: “যুদ্ধ নয়, এবার শান্তি চাই”, কাশ্মীর নিয়ে মোদিকে আলোচনায় বসার বার্তা দিলেন শাহবাজ

    ফরাসি রাফালই পছন্দ

    নৌসেনার মতে, মার্কিন যুদ্ধবিমান এফ/এ-১৮ সুপার হর্নেট জেট নয় ফরাসি রাফালই তাদের চাহিদা পূরণে অনেক বড় ভূমিকা নেবে। নৌসেনা এখন রুশ ফাইটার জেট মিগ-২৯কে এবং মিগ-২৯কেইউবি যুদ্ধ বিমান ব্যবহার করে। বিমানগুলি পুরোনো হয়ে যাওয়ায়, সব মিলিয়ে মোট ৪৩টি মিগ যুদ্ধবিমানকে বসিয়ে দিতে চায় নৌবাহিনী। এর বদলে অত্যাধুনিক জেট বিমান কিনতে চেয়েছিল নৌসেনা। বেশ কয়েকটি দেশের তৈরি যুদ্ধবিমান নিয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত চূড়ান্ত দৌড়ে ছিল রাফাল এম এবং এফ-১৮ যুদ্ধবিমান। ফরাসী নৌবাহিনী বর্তমানে ২৪০টি রাফাল এম যুদ্ধবিমান ব্যবহার করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • KLO Chief: জল্পনার অবসান! অবশেষে আত্মসমর্পণ করলেন কেএলও প্রধান জীবন সিংহ

    KLO Chief: জল্পনার অবসান! অবশেষে আত্মসমর্পণ করলেন কেএলও প্রধান জীবন সিংহ

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে আত্মসমর্পণ করলেন কেএলও বা কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিংহ (KLO Chief)। নাগাল্যান্ডের মন জেলায় নয়া বস্তি এলাকায় আত্মসমর্পণ করেন কেএলও নেতা তিমির দাস ওরফে জীবন সিংহ। শুধুমাত্র কেএলও নেতা জীবন সিংহ নন, তাঁর সঙ্গে মোট ৬ জন আত্মসমর্পণ করেছেন বলে খবর। গত ১৩ জানুয়ারি তিনি নাগাল্যান্ডে অসম রাইফেলসের কাছে ধরা দেন বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, তাঁদের সবাইকে অসমে নিয়ে গিয়ে রাখা হবে। আপাতত, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন তাঁরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, জীবন ও তাঁর অনুগামীদের আত্মসমর্পণে বড় ভূমিকা রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার।

    আত্মসমর্পণ কেএলও নেতা ও তাঁর ৬ অনুগামীর

    কয়েক দিন আগে থেকেই জোর জল্পনা ছিল। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সামনে এল বড় খবর। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে, উত্তরবঙ্গে সক্রিয় জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও)-এর প্রধান জীবন সিংহ ছ’জন অনুগামীকে নিয়ে নাগাল্যান্ডের মন জেলার মায়ানমার সীমান্ত লাগোয়া নয়াবস্তি এলাকায় আত্মসমর্পণ করেছেন।

    প্রসঙ্গত, জলপাইগুড়ির কুমারগ্রামের বাসিন্দা ছিলেন জীবন। ১৯৯৫ সালে তৈরি হয় কেএলও তথা ‘কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন’। রাজবংশীদের জন্য পৃথক রাজ্যের দাবি জানাতে দেখা গিয়েছে কামতাপুরীদের। বাংলা ও অসমের বিক্ষিপ্ত অংশকে জুড়ে এই রাজ্য গঠনের দাবি দীর্ঘদিন ধরেই জানাচ্ছেন তাঁরা। কখনও উত্তরবঙ্গ, কখনও অসম, কখনও বা দেশের বাইরে থেকেও এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে নেতৃত্ব দিয়েছেন জীবন সিংহ। কয়েকদিন আগেও জীবন সিংহকে দাবি করতে দেখা গিয়েছিল, তাঁদের দীর্ঘদিনের দাবি শীঘ্রই পূরণ হতে চলেছে। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। কিন্তু এর পরেই আজ তাঁর আত্মসমর্পণের কথা প্রকাশ্যে এল।

    আরও পড়ুন: বিজেপির সভাপতি পদে বহাল রইলেন নাড্ডাই, শাহি ঘোষণার কারণ জানেন?

    জীবনের আত্মসমর্পণে অসম মুখ্যমন্ত্রীর অবদান

    জানা গিয়েছে, জীবন ও তাঁর অনুগামীদের আত্মসমর্পণে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত গত এক বছর ধরেই শান্তি ফেরাতে কেএলও নেতৃত্বের সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন। আত্মসমর্পণকারী কেএলও নেতাদের সঙ্গে শীঘ্রই অসমে শান্তি আলোচনা শুরু হবে। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের একটি সূত্রের দাবি, জীবন ভারতে ফিরতে তৈরি- এই বার্তা পাঠানোর পরেই, অসম রাইফেলসের দল নাগাল্যান্ডের মন জেলায় পৌঁছে যায়। আর ওই এলাকাতেই অসম রাইফেলসের সামনে জীবনদের আত্মসমর্পণ করানো হয়।

    প্রসঙ্গত, পৃথক কামতাপুর গড়ার দাবিতে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরেই সন্ত্রাস ছড়ানোর অভিযোগ রয়েছে কেএলওর বিরুদ্ধে। ২০০৩ সালে আলিপুরদুয়ার লাগোয়া ভুটানের জঙ্গলে ঘাঁটি গড়ে বসা কেএলও এবং তার সহযোগী সংগঠনগুলির বিরুদ্ধে ‘অপারেশন অল ক্লিয়ার’ এবং ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ চালিয়েছিল ভারত ও ভুটান সেনা। আগেই জীবনের বোন, ভগ্নীপতি, সহ-সভাপতি হর্ষবর্ধন, সেনাধ্যক্ষ টম অধিকারী, কৈলাশ কোচের মত কেএলও-র শীর্ষ নেতারা আত্মসমর্পণ করেন। কিন্তু জীবন মায়ানমারে পালিয়ে গিয়ে নাগা জঙ্গিগোষ্ঠী এনএসসিএন (খাপলাং)-এর শিবিরে আশ্রয় নিয়েছিলেন। এর পর তাঁর আত্মসমর্পণের কথা প্রকাশ্যে এল। ফলে এখন প্রশ্নে উঠছে যে, এবার কি অস্ত্র ছেড়ে সাধারণ জীবনে ফিরতে চাইছেন তিনি?

  • BJP National Executive: মোদিকে ব্যক্তিগত আক্রমণ করছেন বিরোধীরা, দাবি বিজেপির গৃহীত প্রস্তাবে

    BJP National Executive: মোদিকে ব্যক্তিগত আক্রমণ করছেন বিরোধীরা, দাবি বিজেপির গৃহীত প্রস্তাবে

    মাধ্যম নিউজ ডেস্ক: নানা বিষয়ে সরকারের বিরুদ্ধে নঞর্থক প্রচার করছেন বিরোধীরা। ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)। সোমবার বিজেপির জাতীয় কর্মসমিতির (BJP National Executive) বৈঠকে যে প্রস্তাব গৃহীত হয়েছে, তাতে আক্রমণ করা হয়েছে বিরোধীদের। সোমবার দিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে দুদিন ব্যাপী দলের জাতীয় কর্মসমিতির বৈঠক। প্রধানমন্ত্রী ছাড়াও ওই বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নিতিন গড়কড়ি, জেপি নাড্ডা প্রমুখ। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও যোগ দিয়েছিলেন এদিনের বৈঠকে। সূত্রের খবর, বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে যে প্রস্তাব গৃহীত হয়েছে, তাতে আক্রমণ করা হয়েছে বিরোধীদের। নানা বিষয়ে বিরোধী দলগুলি ভুল প্রচার করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করছে বলে এদিনের প্রস্তাবে বলা হয়েছে। বিজেপির দাবি, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কিছু রায়েও বিরোধীদের এই কর্মকাণ্ড ধরা পড়েছে।

    জাতীয় কর্মসমিতির বৈঠক…

    এদিন জাতীয় কর্মসমিতির (BJP National Executive) বৈঠকে এই প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ সংবাদ মাধ্যমকে জানান কেন্দ্রীয় আইনমন্ত্রীর এই প্রস্তাব সমর্থন করে উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং কর্নাটকের মন্ত্রী গোবিন্দ কারজল। রিজিজু উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি। আর মৌর্য পিছিয়ে পড়া শ্রেণির। তিনি শিডিউল কাস্ট সম্প্রদায়ের প্রতিনিধি।

    এদিনের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানান, বিরোধীরা সরকারের বিরুদ্ধে নানা নঞর্থক প্রচার করেছে। এর মধ্যে রয়েছে রাফাল যুদ্ধবিমান, পেগাসাস, সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট, ডিমনিটাইজেশন এবং ইডব্লুএস (EWS)। এগুলি সম্পর্কে জনগণকে ভুল বুঝিয়েছেন বিরোধীরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গায়ে কেউ কলঙ্কের কালি ছিটোতে পারবেন না। তিনি দেশের স্বার্থেই কাজ করে চলেছেন। তাঁর নেতৃত্ব বিশ্বব্যাপী সমাদৃতও হয়েছে। নির্মলা বলেন, মোদির নেতৃত্বে ভারতের মুখ উজ্জ্বল হয়েছে। প্রস্তাবে (BJP National Executive) গুজরাট বিধানসভা নির্বাচনে দলের ব্যাপক জয় নিয়েও প্রশংসা করা হয়েছে। হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি হারলেও, সেখানে তারা বিজয়ী দল কংগ্রেসের চেয়ে মাত্র এক শতাংশ ভোট কম পেয়েছে।

     

  • Ram Mandir: চলতি বছরের অক্টোবরেই সম্পন্ন হবে রাম মন্দিরের প্রথম তলার নির্মাণ!

    Ram Mandir: চলতি বছরের অক্টোবরেই সম্পন্ন হবে রাম মন্দিরের প্রথম তলার নির্মাণ!

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের অক্টোবর মাসেই রাম মন্দিরের (Ram Mandir) প্রথম তলার নির্মাণ সম্পন্ন হয়ে যাবে। এমনটাই জানালেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়। তিনি আরও বলেন যে নির্মাণ কাজ যেভাবে চলছে সেটা যথেষ্ট সন্তোষজনক। শোনা যাচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে কিংবা আগামী বছরের মকর সংক্রান্তির মধ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্যেই কাজ করে চলেছে ট্রাস্ট। রাম- জন্ম ভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক শুক্রবার সাংবাদিকদের বলেন যে মন্দিরের নির্মাণ কাজ অতি দ্রুততার সঙ্গে চলছে, এক কথায় বলতে পারেন যুদ্ধকালীন প্রস্তুতিতে আমরা এই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি। 
    ২০২৩ সালের অক্টোবর মাসেই প্রথম তল নির্মাণ কাজ সম্পূর্ণ হবে, ২০২৪ সালের মকর সংক্রান্তিতে মন্দিরের (Ram Mandir)  গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হবে। শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

    মন্দিরে শ্রীরামের মূর্তি কেমন হবে ?

     রামলালার মূর্তি ৫ বছর থেকে ৭ বছরের বালকের স্বরূপে থাকবে। অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir)  রামের পুজো বালক রামের রূপেই সম্পন্ন হবে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন যে মূর্তির জন্য এমন পাথর বাছা হয়েছে যেটি আকাশী বর্ণের হবে। জানা যাচ্ছে, মহারাষ্ট্র এবং ওড়িশার  শিল্পীরা বলেছেন যে এই পাথর তাঁদের সংগ্রহে রয়েছে।

    কারা তৈরি করছেন রামলালার মূর্তি

    রাম জন্মভূমি ট্রাস্ট সূত্রে জানা গেছে ওড়িশার শিল্পী সুদর্শন সাহু, বাসুদেব কামাত এবং কর্নাটকের শিল্পী রমেয়া বাদেকর রামলালার এই মূর্তি তৈরি করবেন। শিল্পীদের মূর্তির স্কেচ তৈরি করতে বলা হয়েছে। সাধারণ সম্পাদক আরও বলেন যে গর্ভগৃহের যে দেওয়াল সেখানে মার্বেল লাগানো হবে। মন্দিরের (Ram Mandir) প্রথম তলায় পাঁচটি মন্ডপ তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • AP Sona: মহিলাদের অশ্লীল ভিডিও তোলার অভিযোগে দল থেকে বহিষ্কৃত কেরল সিপিএম নেতা

    AP Sona: মহিলাদের অশ্লীল ভিডিও তোলার অভিযোগে দল থেকে বহিষ্কৃত কেরল সিপিএম নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: মোবাইল ফোনে মহিলাদের অশ্লীল ছবি তোলার অভিযোগে সিপিআই(এম) আলাপ্পুঝার সদস্য এপি সোনাকে (AP Sona) দল থেকে বহিষ্কার করল সিপিআইএম৷ দলীয় শালীনতা লঙ্ঘনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে ওই নেতাকে।  

    কী জানা গেল?        

    কেরল সিপিএমের রাজ্য সম্পাদক এমভি গোবিন্দনের পরামর্শে জেলা কমিটির সদস্য এ মহেন্দ্রন এবং জি রাজম্মার একটি কমিশন মামলাটির তদন্ত করে। সেই কমিশনের দেওয়া রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে দল।  

    শনিবার রাজ্য নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে জেলা কমিটির কয়েকজন সদস্য এপি সোনার (AP Sona) বিরুদ্ধে অভিযোগ তোলেন। পরবর্তীতে, অভিযোগকারীরা ওই জেলা সদস্যের তোলা অশ্লীল ভিডিও প্রমাণ হিসেবে জমা দেন। জেলা সম্পাদক আর নাজার, জেলা কমিটির সদস্য জি ভেনুগোপাল, জি হরিশঙ্কর, কেএইচ বাবুজান এবং বিধায়ক পি চিত্তরঞ্জন ভিডিওগুলি পরীক্ষা করে দেখেন। এরপরই নেতারা অভিযুক্তদের অবিলম্বে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। 

    সিপিআইএম- এর তরফে প্রেস রিলিজে বলা হয়, “এই সমাজে থাকা অনেক মানুষই ভুল পথ অবলম্বন করেন। কিন্তু কমিউনিস্ট পার্টির হয়ে যারা কাজ করছেন তাঁদের এটা করলে চলবে না। সবার সম্মতি নিয়েই সিদ্ধান্ত এই নেওয়া হয়েছে।”   

    জেলা নেতৃত্বের বক্তব্য, অভিযুক্ত নেতারা দলের মহিলাকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের অজান্তেই ভিডিও করেন। পার্টি অফিসে বসেই মহিলাদের নগ্ন দৃশ্য এবং যৌন উত্তেজক কথাবার্তারও ভিডিও করা হয়। 

    আরও পড়ুন: রাতভর নদীর চড়ায় আটকে গঙ্গাসাগর ফেরত ভেসেল, ভোগান্তি পুণ্যার্থীদের   

    তদন্ত কমিশন ৩০ জনের কাছ থেকে প্রমাণ সংগ্রহ করেছে এবং ৩৪টি ভিডিও পেয়েছে। আর তাতেই সবার সামনে আসে এই ঘটনা৷ উপকূলীয় এলাকায় এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ওঠে এপি সোনার (AP Sona) বিরুদ্ধে। তারপরেই মোবাইল ফোনের অশ্লীল ভিডিওর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই নাবালিকার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়রা তাঁকে পাকড়াও করে এবং মোবাইলটি পরীক্ষা করলেই ভিডিওগুলি পাওয়া যায়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share