Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Moscow-Goa Flight: বিমানে ‘ভুয়ো’ বোমাতঙ্ক! চিরুনি তল্লাশি চালিয়ে মিলল না কিছুই, ফের গোয়ার উদ্দেশে রওনা

    Moscow-Goa Flight: বিমানে ‘ভুয়ো’ বোমাতঙ্ক! চিরুনি তল্লাশি চালিয়ে মিলল না কিছুই, ফের গোয়ার উদ্দেশে রওনা

    মাধ্যম নিউজ ডেস্ক: মস্কো-গোয়া বিমানে বোমাতঙ্ক। ২৪৪ জন যাত্রী নিয়ে বিমানটির জরুরি অবতরণ করানো হয় গুজরাটের জামনগরে। জানা গিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে প্রথমে এই বিমানে বোমা রাখার ফোন আসে। তারপরেই বিমানটিকে গুজরাটের জামনগরে জরুরি অবতরণ করানো হয়। ইতিমধ্যেই এনএসজি-র দুটি দল চার্টার্ড বিমানটিতে তল্লাশি চালায়। চিরুনি তল্লাশি চালিয়েও কোন বোমের সন্ধান পাওয়া যায়নি বলে খবর। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিমানটির গোয়া যাওয়ার কথা ঠিক থাকলেও, দুপুর ১টার দিকে এটি গোয়ার উদ্দেশে রওনা দিয়েছে। 

    ঠিক কী ঘটেছিল?

    গত কয়েকদিন ধরে একাধিক বিমানের ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। মঙ্গলবার ফের বিমানের কাণ্ড খবরের শিরোনামে। মস্কো-গোয়া বিমানে হঠাৎ করে বোমা রাখার খবর পান এয়ার ট্রাফিক কন্ট্রোলের আধিকারীকরা। এতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি বিমানটিকে গুজরাটের জামনগরের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং সেখানে অবতরণ করানো হয়। বিমানটিতে ২৩৬ জন যাত্রী ও ৮ জন কেবিন ক্রু ছিলেন। প্রত্যেক যাত্রীকে নামিয়ে তাঁদের জিনিসপত্র তন্নতন্ন করে পরীক্ষা করেন নিরাপত্তারক্ষীরা। নামে এনএসজিও। বিমানটিও ভালভাবে পরীক্ষা করা হয়। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশির পরও কিছুই মেলেনি বলে খবর নিশ্চিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

    আরও পড়ুন: বিজেপির গঙ্গাপুজোয় ‘না’ পুলিশের, ‘কর্মসূচি হবেই’, জানালেন সুকান্ত

    জামনগর জেলা কালেক্টরের বক্তব্য

    জামনগরের জেলাশাসক সৌরভ পারঘি সংবাদমাধ্যমে বলেছেন, “রাত ৯ টা ৫০ মিনিট (সোমবার) থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নিরাপত্তা সংস্থাগুলি তল্লাশি চালিয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো যাত্রীদের বিবরণও যাচাই করেছে। যাত্রীদের রুটিন স্ক্যানিংয়ের মাধ্যমে চেক করা হয়। নয় ঘণ্টা ধরে এই কাজ চলেছে। লাগেজ চেক করা হয়েছে এবং বিস্তারিত যাচাই করা হয়েছে।”

    জামনগর বিমানবন্দর ডিরেক্টরের বক্তব্য

    জামনগর বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছেন, “আমরা খুব ভালভাবে ব্যাগ এবং বিমানের লাগেজ বক্স পরীক্ষা করেছি। এনএসজি সন্দেহজনক কিছু খুঁজে পায়নি। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে ১১টার মধ্যে বিমানটি গোয়ার উদ্দেশে উড়ে যাবে।”

    বিমানে থাকা সকল যাত্রীই নিরাপদ

    গতকাল রাশিয়ান দূতাবাস বিবৃতি জারি করে জানিয়েছে যে, মস্কো থেকে গোয়া যাওয়ার আজুর এয়ারের বিমানে বোমাতঙ্কের খবর পেয়ে ভারতীয় বিমান কর্তৃপক্ষ রাশিয়ান দূতাবাসকে সতর্ক করেছিল। এর পর বিমানটির জরুরি অবতরণ করতে হয়েছে। এর পর বিমানে থাকা যাত্রীরাই যে নিরাপদে রয়েছেন ও বিমানের তল্লাশি চালানো হয়েছে। এসবই  জানানো হয়েছে। সূত্রের খবর, জামনগর বিমানবন্দরটি নিরাপত্তা বাহিনীর তরফ থেকে ৯ ঘন্টা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। তবে সন্দেহজনক কিছু না মেলায় আপাতত স্বস্তিতে বিমান যাত্রীরা। আজ ১১ টার দিকে রওনা দেওয়ার কথা থাকলেও বিমানটি দুপুর ১ টার দিকে গোয়ার উদ্দেশে ফের রওনা দিয়েছে। 

     

  • Prithvi II Missile: অগ্নি-৫-এর পর সফল পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ

    Prithvi II Missile: অগ্নি-৫-এর পর সফল পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় সেনার মুকুটে জুড়ল আরও একটি পালক। সফল উৎক্ষেপণ হয়েছে পৃথ্বী-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। অগ্নি-৫-এর পর সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২-এর পরীক্ষা করল ভারত। মঙ্গলবার ওড়িশার চাঁদিপুরের উপকূল থেকে পৃথ্বী-২-এর পরীক্ষাটি সম্পন্ন করা হয়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্রটি নির্ভুল ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। কয়েকদিন আগেই চিন ও পাকিস্তানের ঘুম উড়িয়ে রাতের অন্ধকারে অগ্নি-৫-এর (Agni 5) পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করেছে ভারত। আর এর পর পৃথ্বী-২।

    পৃথ্বী-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র…

    এই পরীক্ষার পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতির মাধ্যমে বলা হয়েছে যে, “পৃথ্বী-২ হল একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ১০ জানুয়ারি, মঙ্গলবার ওড়িশার চাঁদিপুর উপকূল থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল ভাবে উৎক্ষেপণ হয়েছে।” মন্ত্রকের তরফে আরও জানানো হয়, “পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র ভারতের পারমাণবিক শক্তির একটি অবিচ্ছেদ্য অংশ। এমতাবস্থায়, পরীক্ষায় এই ক্ষেপণাস্ত্রটি প্রায় নির্ভুল ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।” জানা গিয়েছে, এই পৃথ্বী-২ দেশীয় উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়েছে ও এটি প্রায় ৫০০ কেজি পর্যন্ত পেলোড বহন করতে সক্ষম। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই উন্নতমানের ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। এটি ভারতের পৃথ্বী মিসাইল সিরিজের অংশ, যার মধ্যে রয়েছে পৃথ্বী-১, পৃথ্বী-২, পৃথ্বী-৩, ধানুশ। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র অনুযায়ী, প্রায় ৩৫০ কিলোমিটার দূরে থাকা শত্রুর ওপরে হামলা করতে পারদর্শী পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র।

    আরও পড়ুন: অগ্নি-৫ এর পাল্লা বাড়িয়ে করা যেতে পারে ৭ হাজার কিমি!

    চিন ও পাকিস্তানকে কড়া বার্তা

    প্রসঙ্গত, গত বছরের জুন মাস নাগাদ ওড়িশার চাঁদিপুর থেকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২-র পরীক্ষা করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রটিও নির্ভুলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও ১৫ ডিসেম্বর ওড়িশা উপকূল থেকে ভারী পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এরও পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাও সফল হয়েছিল। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি হয়েছে অগ্নি-৫। ৫০০০ কিমি দূরে লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি বেজিং সহ চিনের মূল ভূখণ্ডের বেশিরভাগ শহরে পৌঁছে হামলা করতে সক্ষম। চিন ও পাকিস্তান সীমান্তে চলমান অচলাবস্থার মধ্যে ভারত ক্রমাগত তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা জোরদার করছে। ভারত চিন ও পাকিস্তানকে কড়া বার্তা দিতে চাইছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

  • The Kashmir Files: অস্কারের দৌড়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘‘লাপিড যোগ্য জবাব পেলেন’’, বললেন মিঠুন

    The Kashmir Files: অস্কারের দৌড়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘‘লাপিড যোগ্য জবাব পেলেন’’, বললেন মিঠুন

    মাধ্যম নিউজ ডেস্ক: নাদাভ লাপিড যোগ্য জবাব পেয়ে গিয়েছেন। দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) নিয়ে দীর্ঘ নীরবতার পর মুখ খুললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তার পরেই লাপিড সহ বিভিন্ন সমালোচককে একহাত নিলেন মিঠুন। অস্কার ২০২৩ এর শর্টলিস্টে রয়েছে কাশ্মীর ফাইলস। মিঠুন বলেন, দ্য কাশ্মীর ফাইলস ছবিটি অস্কার ২০২৩ এর শর্টলিস্টে রয়েছে জেনে ভাল লাগছে। তিনি বলেন, সমালোচকরা যোগ্য জবাব পেলেন।

    দ্য কাশ্মীর ফাইলস…

    ২০২২ সালের ১১ মার্চ মুক্তি পায় দ্য কাশ্মীর ফাইলস। মুক্তি-লগ্ন থেকেই বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিটির পিছু নিয়েছে বিতর্ক। কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের গণহত্যার প্রেক্ষিতে তৈরি হয়েছে ছবিটি। কাশ্মীরে বসবাসকারীদের একাংশের দাবি, একটি বেদনাদায়ক ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে। তবে বিতর্ক সত্ত্বেও বক্স অফিসে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। সম্প্রতি জানা গিয়েছে, অস্কারের দৌড়ে থাকা ৩০১টি ছবির মধ্যে জায়গা করে নিয়েছে বিবেক অগ্নিহোত্রীর এই ছবিটিও। ছবিটিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশী এবং দর্শন কুমার। ৫৩তম গোয়া চলচ্চিত্র উৎসবে ঠাঁই পেয়েছিল ছবিটি। সেখানেই জুরি নাদাভ লাপিড ছবিটিকে কুরুচিকর এবং প্রচারমূলক ছবি বলে অভিহিত করেছিলেন। যার জেরে দেশজুড়ে শুরু হয় বিতর্ক। সেই ছবি অস্কারের দৌড়ে রয়েছে। ২৪ জানুয়ারি জানা যাবে শেষ হাসি হাসেন কিনা এই ছবির পরিচালক।

    আরও পড়ুুন: ‘আমরা ফের এই দেশ শাসন করব’, মুসলমানদের এই ধারণা ছাড়তে হবে, বললেন ভাগবত

    মিঠুন বলেন, দ্য কাশ্মীর ফাইলস (The Kashmir Files) শর্টলিস্টেড হয়েছে জেনে খুব ভাল লাগছে। সমস্ত সমালোচককে এটা জবাব। জুরি বোর্ডের যিনি ছবিটিকে কুরুচিকর এবং প্রচার সর্বস্ব বলেছিলেন, তিনি আজ উত্তর পেয়ে গিয়েছেন। মিঠুন বলেন, মানুষ ছবিটি পছন্দ করেছেন। এটাই উত্তর। তিনি বলেন, আমি কোনও বিতর্কিত মন্তব্য করব না। যখন কিছু সিনেমা হলে আটকে দেওয়া হয়েছিল ছবিটির মুক্তি, তখন খুব খারাপ লেগেছিল। কিন্তু ছবিটি (The Kashmir Files) অস্কারের জন্য শর্টলিস্টেড হয়েছে। তিনি বলেন, ভারতীয় সিনেমা দীর্ঘ পথ হেঁটে এসেছে। অন্যান্য ছবি যেগুলি শর্ট লিস্টেড হয়েছে, তাদের শুভ কামনা করি। পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, এই বছরটা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত গর্বের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Union Budget: চলছে প্রস্তুতি, জেনে নিন কেন্দ্রীয় বাজেটের সাত সতেরো

    Union Budget: চলছে প্রস্তুতি, জেনে নিন কেন্দ্রীয় বাজেটের সাত সতেরো

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে এটাই হবে বর্তমান মোদি (PM Modi) সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট (Union Budget)। আগামী বছর পেশ হওয়ার কথা ভোট অন অ্যাকাউন্ট। বাজেট পেশ হবে ফেব্রুয়ারি মাসে। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। জেনে নিনি বাজেটের সাত সতেরো।

    বাজেট…

    প্রতি বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিভিন্ন মন্ত্রক এবং নীতি আয়োগের সঙ্গে কথা বলে প্রস্তুত করেন অ্যানুয়েল বাজেট। সংসদে বাজেট পেশ হওয়ার আগে কতগুলি ধাপ পেরতে হয়। অর্থমন্ত্রকের বাজেট ডিভিশনই মূলত বাজেট প্রস্তুত করে। পূর্ববর্তী বছরগুলির মতো বাজেট পেশ হয় ১ ফেব্রুয়ারি। এবারও সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের পর নয়া অর্থবর্ষ শুরু হওয়ার আগেই সংসদের উভয় কক্ষে তা পাশ করাতে হবে। অর্থমন্ত্রক একটি সার্কুলার জারি করে সমস্ত মন্ত্রী, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং স্বয়ংশাসিত সংস্থাগুলিকে আগামী অর্থবর্ষের এস্টিমেট সম্পর্কে জানতে চাইবেন। এই এস্টিমেট ছাড়াও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় মন্ত্রক পূর্ববর্তী অর্থবর্ষের রাজস্ব এবং ব্যয় নিয়ে ডিটেলস তথ্য দেবে।

    আরও পড়ুুন: ‘রাহুলের উচিত আরএসএসের শাখায় উপস্থিত হওয়া’, কেন বললেন বিজেপি নেতা, জানেন?

    এর পর অর্থমন্ত্রক সেই তথ্য বিশ্লেষণ করবে, ঘাটতি কত, তাও দেখবে। এর পর কেন্দ্র মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন। ঘাটতি মেটাতে সরকারকে কতটা ঋণ নিতে হবে, তা স্থির করবে। এর পর খরচের (Union Budget) জন্য বিভিন্ন দফতরের কাছে রেভিনিউ অ্যালোকেশন দেখে অর্থমন্ত্রক। এর পরে হবে প্রাক-বাজেট পর্বের বৈঠক। এই বৈঠকে রাজ্যগুলির প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত থাকবেন ব্যাঙ্কার, কৃষিবিদ, অর্থনীতিবিদ এবং ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা। এখানে আলোচনার পর অর্থমন্ত্রী আলোচনা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তার পরেই চূড়ান্ত হবে বাজেট। বাজেট (Union Budget) চূড়ান্ত হয়ে গেলেই প্রথা মেনে হবে অনুষ্ঠান। এই অনুষ্ঠান ‘হালুয়া সেরিমনি’ নামে পরিচিত। এই অনুষ্ঠানে হালুয়া রান্না হবে। তার পরেই বাজেট যাবে ছাপাখানায়, ছাপার জন্য। অর্থমন্ত্রকের সমস্ত কর্মীকে এদিন দেওয়া হবে রান্না করা হালুয়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Ayodhya Ram Temple: টার্গেট অযোধ্যার রাম মন্দির! কোন পথে হামলার ছক জঙ্গিদের? গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

    Ayodhya Ram Temple: টার্গেট অযোধ্যার রাম মন্দির! কোন পথে হামলার ছক জঙ্গিদের? গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে অযোধ্যার রাম মন্দিরে হতে পারে জঙ্গি হামলা! এমনটাই জানা যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী। সূত্রের খবর, পাকিস্তানের জঙ্গি সংগঠন এবার অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে হামলার ছক কষছে৷ জইশ-এ-মহম্মদ এবং লস্কর ই তৈবা সেই আতঙ্ক সংগঠনগুলির মধ্যে অন্যতম, যারা অযোধ্যায় এই বড় হামলার ছক কষছে৷ বিশেষভাবে রামমন্দিরে হামলার ছক কষা হচ্ছে৷ গোপন সূত্রের খবর অনুযায়ী, জঙ্গি সংগঠন নেপালের পথ দিয়ে গুলি-বারুদ এবং আত্মঘাতী জঙ্গি পাঠানোর ব্যবস্থা করছে৷

    রাম মন্দিরে হামলার ছক

    সুপ্রিম কোর্টের রায়ে বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণের পর থেকেই জঙ্গিদের থেকে একাধিকবার হুমকি মিলছে। একাধিক সন্ত্রাসবাদী গোষ্ঠী অযোধ্যার রাম মন্দিরে বিস্ফোরণ ঘটানো এবং ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে। এইসবের মধ্যেই আজ হামলার ব্যাপারে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

    কোন পথে হামলা করার পরিকল্পনা করা হয়েছে?

    সূত্রের খবর অনুযায়ী, নেপাল হয়ে এই হামলার পরিকল্পনা করা হচ্ছে। নেপাল থেকে ভারতের পথে বিস্ফোরক ও আত্মঘাতী বোমা আনার পরিকল্পনা করা হয়েছে। এই হামলা করার পিছনে জইশের পাশাপাশি লস্কর জঙ্গিরাও রয়েছে বলে এক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ভারত ও পাকিস্তানের সীমানায় রয়েছে কড়া নিরাপত্তা। তার তুলনায় নেপাল-ভারত সীমান্তে তেমন নিরাপত্তা নেই। সেজন্যই এই পথকে বেছে নিয়ে হামলার ছক সাজিয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি।

    আরও পড়ুন: বোকা বনল পুলিশ! বাবুঘাটেই গঙ্গারতি বিজেপির, আটক রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

    ভারত-পাকিস্তান সীমান্ত ও অন্যান্য সীমান্তে কড়া নিরাপত্তা রয়েছে। অনুপ্রবেশের সুড়ঙ্গগুলি চিহ্নিত করে বন্ধ করা হয়েছে, এবং মাদক চোরাচালানও বন্ধ করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরে তেমন কিছু করে উঠতে পারেনি। ফলে আইএসআই তাদের অবস্থান ক্রমাগত হারিয়ে চলেছে ভারতে। ফলে নিজেদেরকে ফের প্রাসঙ্গিক করে তুলতে এই পরিকল্পনা করছে বলে মনে করা হচ্ছে।

    কেন এই পরিকল্পনা?

    অযোধ্যা রাম মন্দির নিয়ে সবসময়ই বিতর্ক লেগে রয়েছে। এটি নির্ধারিত সময়ের আগে তৈরি করাই হল প্রধান লক্ষ্য। জানা গিয়েছে, রামমন্দিরেই হামলা চালিয়ে দেশের অভ্যন্তরে হিন্দু-মুসলিম বিবাদকে উস্কে দেওয়ার জন্যই ছক সাজিয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি। যেহেতু রাম মন্দির হিন্দু এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, আইএসআই তাই মনে করেছে যে, যে কোনও বড় বা ছোট হামলাই তাদের আবার প্রাসঙ্গিক করে তুলতে পারে। প্রসঙ্গত, ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দিরের দরজা। আর তার আগেই এই হামলার পরিকল্পনা করেছে পাক জঙ্গি গোষ্ঠী।

  • Air India: জবাব দিতে দেরি কেন? এয়ার ইন্ডিয়াকে প্রশ্ন করল ডিজিসিএ

    Air India: জবাব দিতে দেরি কেন? এয়ার ইন্ডিয়াকে প্রশ্ন করল ডিজিসিএ

    মাধ্যম নিউজ ডেস্ক: একের পর এক অভিযোগ, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ঘিরে। সম্প্রতি এক বয়স্ক মহিলার উপর একজন যাত্রী প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এবার এক অভিযোগ, এক ব্যক্তি মত্ত অবস্থায় বিমানের টয়লেটে ধূমপান করছিলেন। অন্য এক যাত্রী আবার মত্ত অবস্থায় এক মহিলা যাত্রীর কম্বলে প্রস্রাব করে দিয়েছিলেন বলে খবর। ডিজিসিএর তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে,  গত ৬ ডিসেম্বর AI-142 বিমানে দুটি ঘটনা ঘটেছে। 

    রিপোর্ট চাইল ডিজিসিএ

    ডিজিসিএ জানিয়েছে, প্যারিস থেকে দিল্লির দিকে আসছিল ওই বিমানটি। সেই সময় একজন মাতাল যাত্রী টয়লেটে সিগারেট খাচ্ছিলেন। তিনি ধরাও পড়ে যান। এদিকে তিনি ক্রু মেম্বারদের কথাও শুনতে চাননি বলে অভিযোগ। ডিজিসিএ আর একটি বিবৃতিতে জানিয়েছে, এই বিমানেই অপর এক যাত্রী মত্ত অবস্থায় তাঁর পাশের মহিলা যাত্রীর কম্বলে প্রস্রাব করে দেন। তখন ওই মহিলা যাত্রী শৌচালয়ে গিয়েছিলেন।

    আরও পড়ুন: মুক্তি পেল ‘পাঠান’- এর ট্রেলার, উন্মাদনা নেট পাড়ায়

    এই দুই বিষয় নিয়ে এয়ার ইন্ডিয়াকেও এক হাত নিয়েছে ডিজিসিএ। তাদের বক্তব্য রিপোর্ট না চাইলে এনিয়ে কিছু বলছে না বিমান সংস্থা। ডিজিসিএর দাবি, বিমান সংস্থা দেরি করে জবাব দিচ্ছে। এ বিষয়ে, এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যে যাত্রী অপর মহিলা যাত্রীর কম্বলে প্রস্রাব করে দিয়েছিলেন তাঁকে আলাদা করে রাখা হয়েছিল। এরপর দিল্লি এয়ারপোর্টে বিমানটি আসার পরে তাঁকে হেফাজতে পাঠানো হয়। তিনি ওই মহিলা সহযাত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন। অন্যদিকে ওই মহিলাও প্রথমে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন। পরে অবশ্য় তিনি আর লিখিতভাবে কিছু জানাতে চাননি। তবে টয়লেটে যে যাত্রী ধূমপান করেছিলেন তাঁকে কী করেছে বিমান সংস্থা এনিয়ে বিশেষ কিছু জানা যায়নি। এনিয়ে বিমান সংস্থা আর কিছু জানায়নি। তবে বার বার একই ধরনের ঘটনার জেরে এবার অত্যন্ত কড়া দৃষ্টিভঙ্গি নিচ্ছে এয়ার ইন্ডিয়া।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Jammu and Kashmir: সন্ত্রাসবাদীদের আটকাতে রাজৌরিতে গ্রামবাসীরদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে সিআরপিএফ

    Jammu and Kashmir: সন্ত্রাসবাদীদের আটকাতে রাজৌরিতে গ্রামবাসীরদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে সিআরপিএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার রাজৌরিতে গ্রাম প্রতিরক্ষা রক্ষীদের (ভিডিজি) বিশেষ অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে সিআরপিএফ (Jammu and Kashmir)। তাদের আধুনিক রাইফেল এসএলআর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ১ জানুয়ারি, বছরের প্রথম দিন রাজৌরির ডাংরি গ্রামে ৭ জন হিন্দুকে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। এরপর গ্রামবাসীরা সন্ত্রাসবাদীর বিরুদ্ধে হাতে অস্ত্র তলে নেওয়ার দাবি জানায়। গ্রামবাসীদের মধ্যে অনেকেই ভিডিজি- র অংশ হয়ে চেয়েছেন। এখন তাঁদের নির্বাচন করার জন্য সিআরপিএফ ক্যাম্পের আয়োজন করেছে।

    কী জানা গেল? 

    মঙ্গলবার সুন্দরবানী সেক্টরের (Jammu and Kashmir) মহাদেব মানেকা ফায়ারিং রেঞ্জে গুলি চালানোর অনুশীলন হয়েছিল। যেখানে এলওসি- র কাছাকাছি গ্রামের ৫০ জনেরও বেশি গ্রামবাসী অংশগ্রহণ করেছিলেন। 

    সাম্প্রতিক হামলার পর, জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) প্রশাসন ভিডিজিকে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সন্ত্রাসবাদীরা জম্মু অঞ্চলের শান্তি নষ্ট করতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। তাই ভিডিজিগুলি জম্মু, সাম্বা এবং কাঠুয়া জেলাগুলির পাশাপাশি ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে৷ 

    এ পর্যন্ত প্রায় ৫০ জনকে জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে। ক্রমাগত তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। জেলার অনেক জায়গায় পুলিশের পোস্টারও লাগানো হয়েছে। সন্ত্রাসবাদীদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা করা হয়েছে।

    ৫ জানুয়ারি রাজৌরি জেলার (Jammu and Kashmir) বেশ কয়েকটি গ্রামে গ্রাম প্রতিরক্ষা কমিটি ক্যাম্পের আয়োজন করেছিল প্রশাসন। এতে ভিডিসির সদস্য হতে ইচ্ছুক ব্যক্তিদের নামের তালিকা প্রস্তুত করা হয়।

    আরও পড়ুন: ‘ভয়ঙ্কর ভুল’ হয়ে গিয়েছে, নেটিজেনদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন    

    হামলার পরে, ডাংরির পঞ্চায়েত (Jammu and Kashmir) প্রধান ধীরাজ শর্মা বলেন, “এলাকায় একটি গ্রাম প্রতিরক্ষা কমিটি ছিল, তবে পুলিশ ৬০ বছরের বেশি বয়সী লোকদের কাছ থেকে অস্ত্র ফিরিয়ে নিয়েছে। সেই অস্ত্রগুলো আবার বরাদ্দও করা হয়নি। ভিডিসি সদস্যদের কাছে অস্ত্র থাকলে তারা সন্ত্রাসীদের যোগ্য জবাব দিত।”  

    ১৯৯০-এর দশকে, জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) প্রশাসন পার্বত্য এলাকায় সন্ত্রাস দমনের লক্ষ্যে গ্রাম নিরাপত্তা কমিটি গঠন করে। সেই সময় গ্রামবাসীদের নিজেদের এবং তাদের প্রিয়জনকে রক্ষা করার জন্য অস্ত্র ব্যবহার করতে শেখানো হয়েছিল। এই কমিটিতে স্থানীয় লোকজনকে নিয়োগ করে অস্ত্র বন্টন করা হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Manpreet Monica Singh: মার্কিন মুলুকে প্রথম মহিলা শিখ বিচারক হলেন মনপ্রীত মনিকা সিং

    Manpreet Monica Singh: মার্কিন মুলুকে প্রথম মহিলা শিখ বিচারক হলেন মনপ্রীত মনিকা সিং

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মহিলা শিখ বিচারক হলেন ভারতীয় বংশোদ্ভূত মনপ্রীত মনিকা সিং (Manpreet Monica Singh)। টেক্সাসের হ্যারিস কাউন্টি সিভিল আদালতের বিচারক হিসেবে শপথ নিয়েছেন তিনি। শপথগ্রহণের সময় তাঁর সন্তানরাও উপস্থিত ছিলেন। এছাড়াও মনপ্রীতের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন মুলুকে দক্ষিণ এশিয়ার প্রথম বিচারক ভারতের রবি সান্দিল। মার্কিন মুলুকে ইতিহাস গড়লেন শিখ কন্যা মনপ্রীত কৌর মনিকা সিং। 

    কী বললেন মনপ্রীত? 

    বিচারক হয়ে আপ্লুত মনপ্রীত (Manpreet Monica Singh) শপথগ্রহণের পর বলেন, “আমার মনে হয় যে আমার সন্তানদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। পড়াশোনার সময়ই তারা দেখতে পাচ্ছে যে এমন পেশার ক্ষেত্রে উন্নতির কতটা সম্ভাবনা রয়েছে।” আমেরিকার বেশ কয়েকটি নাগরিক অধিকার সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন মনপ্রীত। বেশ কয়েকটি বড় মামলা লড়ে দারুণ সুনাম পান তিনি।

    রবি সান্দিল বলেন, “শিখ সম্প্রদায়ের কাছে এটা খুব বড় মুহূর্ত। মনপ্রীত শুধু শিখদের দূত, ও হল সব বর্ণের মহিলাদের দূত।” 
     
    মনপ্রীতের (Manpreet Monica Singh) জন্ম হাউস্টনে। ১৯৭০ সালে মনপ্রীতের বাবা ভারত ছেড়ে আমেরিকায় পাড়ি দেন। পেশায় আইনজীবী মনপ্রীত ২০ বছর ধরে আমেরিকার বিভিন্ন আদালতে আইন চর্চা করেছেন।  স্বামী এবং দুই সন্তানের সঙ্গে বেলায়ারে বসবাস করেন তিনি।

    আরও পড়ুন: বিজেপির গঙ্গাপুজোয় ‘না’ পুলিশের, ‘কর্মসূচি হবেই’, জানালেন সুকান্ত 

    মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৫ লক্ষ শিখ রয়েছে, যার মধ্যে ২০ হাজার শিখ হিউস্টন এলাকায় বাস করেন। মনপ্রীতের (Manpreet Monica Singh) শপথগ্রহণের সময় আদালত কক্ষ সম্পূর্ণ ঠাসা ছিল। হিউস্টনের মেয়র সিলভেস্টার টার্নার বলেন, “এটি শিখ সম্প্রদায়ের জন্য একটি গর্বের দিন। সমস্ত অ-শ্বেতাঙ্গ লোকদের জন্যও একটি গর্বের দিন আজ। বৈচিত্র্যের মাধ্যমে হিউস্টন শহরের বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করবে এই  আদালত।”


    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Surendran K Pattel: পড়াশোনা চালাতে বিড়ি বাঁধতেন, তিনিই এখন আমেরিকার বিচারক!

    Surendran K Pattel: পড়াশোনা চালাতে বিড়ি বাঁধতেন, তিনিই এখন আমেরিকার বিচারক!

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের ইচ্ছাশক্তি থাকলে মানুষ কী কী না করে! এমনই এক অসাধ্য সাধন করে মানুষের তাক লাগিয়ে দিলেন এক ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকার ডিস্ট্রিক কোর্টের বিচারক হলেন তিনি। ওই ব্যক্তির নাম সুরেন্দ্রন কে প্যাটেল। তবে জানেন কি তাঁর এই লড়াই একেবারেই সহজ ছিল না। এই ব্যক্তিকেই একসময় পরিবারের পাশে দাঁড়াতে বিড়ি বেঁধে উপার্জন করতে হত, দিনমজুরিরও কাজ করতে হত। তবে এত সমস্যার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা হারিয়ে যায়নি। জীবনযুদ্ধে সমস্ত কষ্ট সহ্য করেই শেষপর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেছেন তিনি।

    সুরেন্দ্রন প্যাটেলের জীবনযুদ্ধ…

    সুরেন্দ্রন কেরলের কাসারগড়ের বাসিন্দা। তিনি জানিয়েছেন, তাঁর পরিবারের আর্থিক অবস্থা মোটেই ভাল ছিল না। দশম শ্রেণির পর পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল তাঁকে। কিন্তু তিনি সেখানেই থেমে থাকেননি। তার পর বিড়ি বাঁধা এবং দিনমজুরির কাজও করেছেন। সেই সব করে পয়সা জমিয়ে ফের পড়াশোনা শুরু করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারপতির আসনে বসলেন সুরেন্দ্রন কে প্যাটেল। তিনি আমেরিকার আদালতের বিচারক হিসাবে নজির গড়লেন। এই প্রথম কোনও মালায়ালম ব্যক্তি আমেরিকার কোনও আদালতের বিচারক নির্বাচিত হলেন।

    তিনি সংবাদমাধ্যমে বলেছেন, “পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ মেটানোর সাধ্য ছিল না আমার পরিবারের। বাধ্য হয়ে বিড়ি বাঁধতাম। এক বছর এই কাজ করার পরে আমার জীবন দর্শনই পালটে যায়।”  তিনি আরও জানিয়েছেন, তাঁর গ্রামের বন্ধুরা তাঁর আইনের ডিগ্রি সহ তাঁর শিক্ষার জন্য অর্থ দিয়ে সাহায্য করেছিল। পড়ালেখার সময় তিনি স্থানীয় একটি হোটেলে গৃহস্থলির কাজও করেছিলেন।

    আমেরিকার ডিস্ট্রিক বিচারক…

    আমেরিকার ডিস্ট্রিক বিচারক ঠিক হয় নির্বাচনের মাধ্যমে। টেক্সাসের জেলা আদালতের বিচারক হতে ৫১ জনকে পিছনে ফেলেছেন সুরেন্দ্রন এবং আমেরিকার প্রথম মালায়ালি বিচারক হয়েছেন। তিনি বলেছেন, “যখন আমি টেক্সাসে এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, তখন আমার উচ্চারণ নিয়ে মন্তব্য করা হয়েছিল এবং আমার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হয়েছিল। আমি যখন ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে অংশ নিয়েছিলাম, আমার নিজের দল মনে করেনি যে আমি এই পদের যোগ্য। কিন্তু আজ এই জায়গায় এসে পৌঁছেছি। সকলের জন্য একটাই কথা বলার আছে। কাউকে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে দেবেন না। এটার সিদ্ধান্ত নেওয়ার একমাত্র আপনারই উচিত।”

  • LeK: ‘বিজেপি ছাড়ুন, নাহলে…’, লস্কর-ই-খালসার হুমকি আরএসএস এবং সেনাকেও

    LeK: ‘বিজেপি ছাড়ুন, নাহলে…’, লস্কর-ই-খালসার হুমকি আরএসএস এবং সেনাকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি (BJP) ছাড়ুন। না হলে আপনাকে এবং আপনার পরিবারকে খুন করব। সম্প্রতি এই মর্মে বিজেপি এবং আরএসএস (RSS) নেতাদের হুমকি দিয়েছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-খালসা (LEK)। পাঞ্জাব, উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রের বেশ কয়কজনকে এই হুমকি দিয়েছে ওই সন্ত্রাসবাদী গোষ্ঠী। জানা গিয়েছে, রামপুরের সাংসদ বিজেপির ঘনশ্যাম লোধি ওই খুনের হুমকি পেয়েছেন। তাঁকে খুনের হুমকি দিয়েছে লস্কর-ই-খালসার খালিস্থানি সন্দীপ সিং। নতুন বছরের পাঁচ তারিখে তাঁকে ওই হুমকি দেওয়া হয়েছে।

    বিজেপির ওই সাংসদ…

    বিজেপির ওই সাংসদ জানান, তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে বলা হয়েছে, বিজেপি ছাড়ুন, নাহলে আপনাকে এবং আপনার পরিবারকে খুন করা হবে। শুধু তাঁকেই নয়, এই মেসেজের মাধ্যমেই বিজেপি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং সেনাদেরও হুমকি দেওয়া হয়েছে। হুমকি মেসেজ পাওয়ার পরে পুলিশে অভিযোগ দায়ের করেছেন বিজেপির ওই সাংসদ। অভিযোগ পেয়েই তৎপর হয়েছে পুলিশ। চিহ্নিত করার চেষ্টা চলছে বার্তা-প্রেরককে। যে মোবাইল নম্বর থেকে তাঁর ফোনে মেসেজ এসেছে, তাও পুলিশকে জানিয়েছেন রামপুরের সাংসদ। নম্বরটি হল, +৯১ ৭৬০৯৮৭৫৩০৬। তিনি এও জানান, খালিস্থানি ওই জঙ্গিটি তাঁকে পাঁচবার মেসেজ পাঠানোর পাশাপাশি পাঁচবার কলও করেছিল।

    আরও পড়ুুন: কুলগামে শিক্ষিকা খুনে অভিযুক্ত আরবাজ মীর! ‘বিশেষ সন্ত্রাসবাদী’ ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

    ওই একই জঙ্গি গোষ্ঠীর (LEK) কাছ থেকে হুমকি-বার্তা পেয়েছেন তাজিন্দর সিং তিওয়ানা। তিনি মুম্বইয়ে বিজেপির যুব মোর্চার নেতা। তিনিও মেসেজ পেয়েছেন হোয়াটসঅ্যাপে। যে তাজিন্দরের ফোনে মেসেজ পাঠিয়েছে, সে নিজেকে খালিস্তানি সন্দীপ সিং বলে পরিচয় দিয়েছে। সে যে লস্কর-ই-খালসার মুখপাত্র, তাও জানিয়েছে। মেসেজে সন্দীপ লিখেছে, তাজিন্দর বিজেপি না ছাড়লে তাঁকে এবং তাঁর পরিবারকে খুন করার শপথ নিয়েছে সন্দীপ। ওই জঙ্গি তাঁকে হিন্দুস্তান মুর্দাবাদ এবং খালিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার নির্দেশও দিয়েছে। সে আরও জানিয়েছে, তারা গোটা দেশের বিজেপি, আরএসএস এবং ভারতীয় সেনাকে টার্গেট করেছে।

    একই মেসেজ পেয়েছেন উত্তর প্রদেশে বিজেপি সমর্থক বীর সিং সাইনিও। বুধবার তাঁকে পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজেও বলা হয়েছে, শীঘ্রই বিজেপি ছাড়ুন। নাহলে আপনাকে ও আপনার পরিবারকে নৃশংসভাবে খুন করা হবে। আমরা বিজেপি, আরএসএস এবং ভারতীয় সেনাকেও টার্গেট করেছি। এই মেসেজর নীচেও লেখা, খালিস্তান (LEK) জিন্দাবাদ। ভারত বিরোধী স্লোগানও দেওয়া হয়েছে ওই মেসেজে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
LinkedIn
Share