Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Gujarat CM: ফের গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, সোমবার শপথগ্রহণ, উপস্থিত থাকবেন মোদি-শাহ

    Gujarat CM: ফের গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, সোমবার শপথগ্রহণ, উপস্থিত থাকবেন মোদি-শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাটে রেকর্ড জয় বিজেপির। বিধানসভা নির্বাচনে (Gujarat Assembly Election 2022) রেকর্ড আসনে জিতে গুজরাটে আবারও সরকার গড়ছে বিজেপি (BJP)। আগামী ১২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে (Gujarat CM) দ্বিতীয় বার শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel)। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)।

    বিজেপির রেকর্ড জয়

    রেকর্ড আসন সংখ্যা নিয়ে টানা সপ্তমবারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরেছে বিজেপি। কংগ্রেস এবং আপ- এই দুই বিরোধীকে কয়েক হাজার মাইল পিছনে ফেলে দিয়েছে পদ্ম শিবির। ১৮২ আসনবিশিষ্ট গুজরাট বিধানসভায়(Gujarat Assembly Election 2022) বিজেপি পেয়েছে ১৫৭।

    আজ সকাল ৮ টা থেকে গুজরাটে ভোট গণনা শুরু হয়। কিন্তু পুরো ফলাফল ঘোষণার আগেই গুজরাটে কে জিততে চলেছে, সেই ছবি আগেই পরিস্কার হয়ে গিয়েছিল। ফলে ইতিমধ্যেই চারিদিকে শুরু হয়ে গিয়েছিল গেরুয়া ঝড়। এমনকি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের দিনক্ষণও জানিয়ে দেয় গেরুয়া শিবির। অন্যদিকে নির্বাচনের আগেই অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন যে, বিজেপি ক্ষমতায় ফিরলে ফের মুখ্যমন্ত্রী থাকবেন ভূপেন্দ্র প্যাটেলই। ফলে এদিন, গুজরাটের ভোটের ফলটা স্পষ্ট হয়ে উঠতেই, গুজরাটের বিজেপি সভাপতি সিআর পাতিলের বাড়িতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। এরপরই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Gujarat CM) এবং রাজ্য বিজেপির সভাপতি সিআর পাতিলকে দলীয় সমর্থকদের মধ্যে মিষ্টি খাইয়ে বিধানসভা নির্বাচনে দলের দুর্দান্ত পারফরম্যান্স উদযাপন করতে দেখা যায়।

    আরও পড়ুন: ভাঙল অতীতের সব রেকর্ড, গুজরাতে ইতিহাস সৃষ্টি বিজেপির

    শপথগ্রহণ মুখ্যমন্ত্রীর

    সূত্রের খবর অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর, সোমবার দুপুর ২ টোয় গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন ভূপেন্দ্র প্যাটেল (Gujarat CM)। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন গুজরাট বিজেপির রাজ্য সভাপতি সিআর পাতিল। তিনি এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন। এদিন রেকর্ড জয়ের পর ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, “গুজরাটের উন্নয়নের যাত্রা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষ মনস্থির করেছেন। জনগণের আদেশ আমরা বিনীতভাবে মেনে নিচ্ছি। বিজেপির প্রতিটি কর্মী জনসেবায় প্রতিশ্রুতিবদ্ধ।” 

    অন্যদিকে গুজরাট বিজেপি প্রধান সিআর পাতিল এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই জনকেই অভিনন্দন জানিয়েছেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Nirmala Sitharaman: বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০ জন মহিলার তালিকায় নির্মলা সীতারমন

    Nirmala Sitharaman: বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০ জন মহিলার তালিকায় নির্মলা সীতারমন

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারও ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০ জন মহিলার তালিকায় স্থান পেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এই নিয়ে টানা ৪ বার এই তালিকায় জায়গা করে নিলেন তিনি। ক্ষমতাশালীদের তালিকায় ৩৬ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। 

    এর আগে আরও তিনবার ফোর্বসের এই তালিকায় জায়গা করে নিয়েছেন অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)। ২০১৯ সালে নির্মলা সীতারমনের স্থান ছিল ৩৪ নম্বরে। ২০২০ এবং ২০২১ সালে অর্থমন্ত্রী ছিলেন যথাক্রমে ৪১ এবং ৩৭ নম্বর স্থানে। এই ঐতিহ্যশালী পত্রিকার বিশেষ সেগমেন্টে জায়গা করে নেওয়ার জন্যে অর্থমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

     আর কোন ভারতীয় স্থান পেয়েছেন তালিকায়? 

    এই তালিকায় এবছর জায়গা পেয়েছেন একজন বাঙালি কন্যাও। তিনি হলেন ‘স্টিল অথরিটি অব ইন্ডিয়া’র (সেল) চেয়ারপার্সন সোমা মণ্ডল। তিনি রয়েছেন ৬৭তম স্থানে। সোমা মণ্ডলই প্রথম মহিলা যিনি ২০২১ সালের জানুয়ারি মাসে সেলের চেয়ারপার্সনের পদে বসে ইতিহাস গড়েছেন। তাঁর নেতৃত্বে কোম্পানি অর্থনৈতিকভাবে লাভের মুখ দেখেছে। ফোর্বসের তালিকা অনুযায়ী, শুধুমাত্র তাঁর চেয়ারপার্সন পদের প্রথম বছরেই কোম্পানির রাজস্ব প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়ে ১২০০০ কোটি টাকা হয়েছে।

    আরও পড়ুন: সত্যিই কি শীতকালে দই খেলে অসুখ হয়? কিছু ভুল ধারণা ভাঙলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা 

    নির্মলা সীতারমন, সোমা মণ্ডল ছাড়া বায়োকনের এগজিকিউটিভ চেয়ারপার্সন কিরণ মজুমদার-শ এবং নাইকার কর্ণধার ফাল্গুনী নায়ারও প্রথম ১০০ -য় জায়গা করে ন‌িয়েছেন। এই বছর কিরণ এবং ফাল্গুনী যথাক্রমে ৭২ ও ৮৯তম স্থানে রয়েছেন। এর আগেও তাঁরা এই তালিকায় জায়গা পেয়েছেন।

    এছাড়াও তালিকায় থাকা অন্য ভারতীয় মহিলারা হলেন এইচসিএলটেক চেয়ারপার্সন রোশনী নাদার মালহোত্রা। তিনি ৫৩তম স্থানে রয়েছেন। সেবির চেয়ারপার্সন মাধবী পুরী বাখ ৫৪তম স্থানে রয়েছেন।  

    তালিকায় ৩৯জন সিইও, ১০জন রাষ্ট্রপ্রধান এবং ১১জন বি‌লিওনেয়ার জায়গা করে নিয়েছেন যাঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ হল ১১৫০০ কোটি ডলার।

    নাইকার কর্ণধার ফাল্গুনী নায়ার সম্পর্কে ফোর্বস লিখেছে, একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হিসেবে তিনি অন্য উদ্যোগপতিদের (Nirmala Sitharaman) স্বপ্ন পূরণে সাহায্য করেছেন। প্রায় ২ দশক এই ক্ষেত্রে কাজ করার পরে তিনি ২০১২ সালে নিজের কোম্পানি শুরু করেন। সেখানে বিনিয়োগ করেন ২০ লক্ষ ডলার। ২০২১ সালে তাঁর কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্তির পরেই ভারতের সবথেকে ধনী মহিলা হন তিনি।  

    একইভাবে শিব নাদারের এইচসিএল টেকনোলজিসকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছেন তাঁর কন্যা রোশনী নাদার মালহোত্রা। এমনটাই দাবি পত্রিকার। গত ১ মার্চ সেবির প্রথম মহিলা চেয়ারপার্সন পদে বসেছিলেন মাধবী পুরী বাখ। 

    বায়োকনের কর্ণধার কিরণ মজুমদার-শ এর আগেও ফোর্বসের ক্ষমতাশালী মহিলাদের তালিকায় স্থান পেয়েছেন (Nirmala Sitharaman)। ১৯৭৮ সালে তিনি এই কোম্পা‌নি চালু করেছিলেন। রাজস্বের নিরিখে বর্তমানে এটি দেশের বৃহত্তম বায়োফার্মাসিকিউটিক্যাল ফার্ম।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Vizhinjam: পিছু হটলেন আন্দোলনকারীরা, তোলা হল অবস্থান, ভিজহিনজামে বন্দর হচ্ছেই

    Vizhinjam: পিছু হটলেন আন্দোলনকারীরা, তোলা হল অবস্থান, ভিজহিনজামে বন্দর হচ্ছেই

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ পিছু হটলেন আন্দোলনকারীরা। ঠিক একদিন আগে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন (CM Pinarayi Vijayan) স্বয়ং। তার পরেই কাটে জট। ল্যাটিন ক্যাথলিক চার্চ ও স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায় (Fishermen Community) অবস্থান তুলে নেওয়ার কথা ঘোষণা করে। ফলে এবার আর কেরলের (Vizhinjam) বন্দর তৈরিতে কোনও বাধা রইল না। ভিজহিনজামে এই সামুদ্রিক বন্দরটি তৈরি করছে আদানি গোষ্ঠী। বন্দর হচ্ছে কেরলের দক্ষিণে। মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন বলেন, উপকূল অঞ্চলের বাসিন্দাদের পুনর্বাসন ও তাঁদের জীবিকার নিরাপত্তার দিকটি সরকারের অগ্রাধিকারের তালিকায় থাকবে।

    ভিজহিনজামে বন্দর…

    কেরলের ভিজহিনজামে বন্দর তৈরি করছে আদানি গোষ্ঠী। বন্দরটি হলে এলাকার পাশাপাশি ব্যাপক উন্নতি হবে রাজ্যের। এই বন্দর তৈরিতেই বাধা দিচ্ছিল ল্যাটিন ক্যাথলিক চার্চ ও স্থানীয় মৎস্যজীবী সম্প্রদায়। বন্দর তৈরির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। অবস্থান বিক্ষোভ প্রদর্শন চলে ১৩৮ দিন ধরে। জট কাটাতে একাধিকবার হয়েছে বৈঠক। তার পরেও সমস্যা মেটেনি। শেষমেশ জট কাটল বুধবার। ল্যাটিন ক্যাথলিক চার্চের তরফে বলা হয়েছে, আন্দোলনকারীরা সরকারের সঙ্গে সব ব্যাপারে একমত নয়। তবে বৃহত্তর স্বার্থে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।

    আরও পড়ুন: পুলিশি হেনস্থার শিকার উস্তাদ রশিদ খান, শিল্পীর পাশে রয়েছেন শুভেন্দু

    এদিকে, এদিনই বিধানসভায় এনিয়ে বিবৃতি দেয় সরকার। মুখ্যমন্ত্রী বলেন, কেরলের পরিকাঠামো উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই জাতীয় প্রকল্প মানবিক এবং গ্রহণযোগ্য পথেই রূপায়ন করতে হবে। তিনি জানান, আন্দোলনকারীরা সাতটি দাবি জানিয়েছিলেন। তার মধ্যে পাঁচটি মেনে নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, ভিজহিনজামে বন্দর (Vizhinjam) তৈরি করতে গিয়ে মৎস্যজীবী সম্প্রদায়ের যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পুনর্বাসন দেওয়া হবে। আগামী দেড় বছরের মধ্যেই তাঁদের পুনর্বাসন দেওয়া হবে। যাঁরা ভাড়া ঘরে থাকছেন, তাঁদের মাসে সাড়ে ৫ হাজার টাকা করে ভাড়া বাবদ দেওয়া হবে। অগ্রিম দেওয়া হবে দু মাসের। মৎস্যজীবীরা যাতে তাঁদের জাল এবং মাছ ধরার অন্যান্য সরঞ্জাম রাখতে পারেন, সেজন্য তাঁদের পর্যাপ্ত জায়গাও দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এও জানান, মৎস্যজীবীরা বতর্মানে যে কেরোসিন চালিত বোট ব্যবহার করেন, তাকে ডিজেল এবং পেট্রোল চালিত বোটে পরিবর্তন করা হবে। এজন্য মৎস্যজীবীদের এককালীন ভর্তুকিও দেওয়া হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Gujarat Election: মোদি-ম্যাজিকে ভর করে টানা সপ্তমবার গুজরাট দখলের পথে বিজেপি

    Gujarat Election: মোদি-ম্যাজিকে ভর করে টানা সপ্তমবার গুজরাট দখলের পথে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: একজ়িট পোলের সমীক্ষাকে সত্যি করে গুজরাটে ফের গেরুয়া-ঝড় (Gujarat Election) । আবারও মোদি-ম্যাজিকের ছোঁয়া গুজরাটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় ১৫০-এর বেশি আসনে ইতিমধ্য়েই এগিয়ে গিয়েছে গেরুয়া শিবির। 

    বিগত ২৭ বছর ধরে গুজরাটে টানা ক্ষমতায় থেকেছে বিজেপি। ১৯৯৫ সাল থেকে গুজরাটে টানা ক্ষমতায় রয়েছে বিজেপি। ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভা নির্বাচনে (Gujarat Election) এবারও এগিয়ে বিজেপি। আড়াই দশকেরও বেশি সময় পর আজও সেই রাজ্যে অব্যাহত মোদি ম্যাজিকই। তারই প্রতিফলন দেখা যাচ্ছে গুজরাটের ভোটবাক্সে। প্রাথমিক ট্রেন্ডে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে বিজেপি। শেষ পর্যন্ত কত ব্যবধানে বিজেপি জেতে সেটাই দেখার। 

    গুজরাটে গেরুয়া-ঝড়

    সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গণনা (Gujarat Election)। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা গুজরাটে টানা সপ্তমবারের মতো বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রকাশ করেছিল। বিভিন্ন বুথফেরত সমীক্ষায় ভবিষ্যদ্‌বাণী করা হয়েছিল এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি। এবিপি-সি ভোটার সমীক্ষায় বলা হয়েছে বিজেপি ১২৮-১৪০টি আসন পেতে পারে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১৩১-১৫১টি আসন। টুডে’জ চাণক্যর বুথফেরত সমীক্ষা অনুযায়ী, এ বার বিজেপির আসন সংখ্যা হতে পারে ১৫০টি। উল্লেখ্য, বুথফেরত সমীক্ষার ফল সব সময় যে মেলে, তা নয়। কিন্তু এর বৈজ্ঞানিক ভিত্তি থাকায়, এই ধরনের সমীক্ষাকে অস্বীকার করাও যায় না। তবে, সব সমীক্ষাকে সত্যি প্রমাণ করে এবারও গুজরাটে বিজয়ধ্বজা ওড়াতে চলেছে ‘পদ্ম-ব্রিগেড’। 

    হিমাচলে হাড্ডাহাড্ডি লড়াই

    অন্যদিকে, অপর রাজ্য হিমাচল প্রদেশে চলছে হাড্ডাহাড্ডি লড়াই (Himachal Pradesh Election)। এখানে লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। সবশেষ ফলাফল অনুযায়ী ৬৮ আসনের হিমাচলে কংগ্রেসের ঘরে ঢুকেছে ৩২ আর বিজেপির ৩৩টি আসন। প্রদেশটিতে বিজয়ী হতে হলে প্রয়োজন ৩৫টি আসন। হিমাচলে, ১২ নভেম্বর ৬৮টি আসনের জন্য ভোটপর্ব অনুষ্ঠিত হয়। অন্যদিকে গুজরাটে ১৮২টি আসনের জন্য ১ এবং ৫ ডিসেম্বর দুটি ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

  • Ajit Doval: সন্ত্রাসে অর্থ বিনিয়োগ আটকালেই জঙ্গি-কার্যকলাপ কমে যাবে, মত অজিত ডোভালের

    Ajit Doval: সন্ত্রাসে অর্থ বিনিয়োগ আটকালেই জঙ্গি-কার্যকলাপ কমে যাবে, মত অজিত ডোভালের

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসে যারা আর্থিক মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই মূল লক্ষ্য হওয়া উচিত। ভারত-মধ্য এশিয়া প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। আফগানিস্তানসহ মধ্য এশিয়ার গোটা এলাকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বিষয়ে মতামত দিয়েছেন তিনি।  

    বৈঠকে অজিত ডোভাল (Ajit Doval) বলেন, “আফগানিস্তান একটি বড় ইস্যু। এই রিজিয়নে সন্ত্রাসবাদের উপস্থিতি বড় দুশ্চিন্তার বিষয়। অর্থনৈতিক যোগান সন্ত্রাসবাদকে পুষ্ট করে। সেই ক্ষেত্রে সন্ত্রাসবাদকে যারা অর্থনৈতিকভাবে মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করাটাও আমাদের প্রধান দায়িত্বের মধ্যে পড়ে।

    আরও পড়ুন: এবার বাংলাতেও বন্দে ভারত এক্সপ্রেস?    

    এই বৈঠকে ভারতের পাশাপাশি কাজাকিস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আরও বলেন, “মধ্য এশিয়া আমাদের সম্প্রসারিত প্রতিবেশী। যাদের সঙ্গে আমাদের সভ্যতার যোগসূত্র ছিল। এই রিজিয়নের ব্যাপারটা আমাদের অগ্রাধিকার দেওয়া দরকার। শান্তিপূর্ণ, নিরাপদ, সমৃদ্ধ মধ্য এশিয়া সকলের কাম্য।”

    বিবৃতিতে কী বলা হয়েছে? 

    বৈঠকের পরে একটি যৌথ বিবৃতিতে (Ajit Doval) উল্লেখ করা হয়েছে, ৬টি দেশ একটি ব্যাপারে সহমত হয়েছে যে জঙ্গি সংগঠনের প্রসার, জঙ্গি দলে নিয়োগ, অর্থ যোগানের চেষ্টা গোটা রিজিয়নে একটা উদ্বেগের বিষয়। এক্ষেত্রে জঙ্গিদের রুখতে যৌথ উদ্যোগের উপরেও জোর দেওয়া হবে। বিবৃতিতে জানানো হয়েছে, উন্নত প্রযুক্তির ব্যবহার, অস্ত্র ও মাদক পাচার, আন্তঃসীমান্ত জঙ্গিবাদ, বিকৃত তথ্য ছড়ানোর ক্ষেত্রে সাইবার স্পেসের অপব্যবহার, মানববিহীন এরিয়াল সিস্টেমের ব্যবহার জঙ্গিবাদ মোকাবিলার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ।  

    উল্লেখ্য মধ্য এশিয়াতে নিজের থাবা বসাতে উদ্যোগী চিন। চিনকে নিরস্ত্র করতে এবার মধ্য এশিয়ার সুরক্ষার দিকে জোর দিচ্ছে ভারতও (Ajit Doval)। আফগানিস্তানের তালিবান শাসনও গোটা বিশ্বের জন্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

    ৬টি দেশের পদস্থ আধিকারিক কড়া ভাষায় সন্ত্রাসবাদের সমালোচনা করেছেন (Ajit Doval)। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও তার জেরে এই রিজিয়নের নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

     

     

  • China: ‘অগ্নি’ পরীক্ষার আগেই ভারত মহাসাগরে হাজির চিনের সেই ‘গুপ্তচর’ জাহাজ, কেন জানেন?

    China: ‘অগ্নি’ পরীক্ষার আগেই ভারত মহাসাগরে হাজির চিনের সেই ‘গুপ্তচর’ জাহাজ, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত (India) মহাসাগরে ফের চিনা (China) গুপ্তচর জাহাজ (Spy Ship)! এর আগে একবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল ভারত। সেই সময়ও ভারত মহাসাগরে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল চিনা গুপ্তচর জাহাজ ইউয়ান ওয়াং ৫-কে। দিন কয়েকের মধ্যেই ভারত ফের অত্যাধুনিক অগ্নি ৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে। সেই কারণে বঙ্গোপসাগরকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। তার আগেই ভারত মহাসাগরে ফের হাজির চিনা গুপ্তচর জাহাজ ইউয়ান ওয়াং ৫। বারবার একই গুপ্তচর জাহাজ পাঠানোয় চিন্তা বাড়চ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের। প্রসঙ্গত, ডিসেম্বরের ১৫-১৬ তারিখের মধ্যে ওড়িশার আবদুল কালাম দ্বীপ থেকে উৎক্ষেপণ করার কথা অগ্নি ৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

    নৌবাহিনীর দাবি…

    ভারতীয় নৌবাহিনীর দাবি, চিনা (China) গুপ্তচর জাহাজটিকে চিহ্নিত করা গিয়েছে। ইন্দোনেশিয়ার সুন্দ প্রণালীতে রয়েছে সেটি। চলতি বছরের অগাস্টে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে যে চিনা গুপ্তচর জাহাজটি নোঙর করেছিল, এটা সেটাই। জানা গিয়েছে, এই জাহাজটির ওজন ২০ হাজার টন। এতে রয়েছে একটি বড় অ্যান্টেনা, অত্যাধুনিক সেন্সর এবং অন্যান্য বৈদ্যুতিন সরঞ্জাম। জাহাজটিতে ৪০০রও বেশি নাবিক রয়েছেন। চিনের এই জাহাজটি ইউয়ান ওয়াং শ্রেণির চারটি জাহাজের মধ্যে একটি। এই জাহাজ উপগ্রহ এবং আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতিবিধি ট্র্যাক করতে পারদর্শী।

    ভারত সরকারের দাবি, অত্যাধুনিক অগ্নি ৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঁচ হাজার কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। এই পাল্লার মধ্যে চলে আসবে পাকিস্তান এবং চিন (China)। অনুমান, অগ্নি ৫ এর ক্ষমতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে চিনে। তাই কাছ থেকে অগ্নি ৫ এর ক্ষমতা ‘চাক্ষুষ’ করতে ভারত মহাসাগরে অবস্থান করছে জাহাজটি।

    আরও পড়ুন: রাষ্ট্রসংঘে সংস্কার সাধনে চেষ্টা করবে ভারত, জানালেন রুচিরা কম্বোজ

    যদিও গুপ্তচর বৃত্তির অভিযোগ অস্বীকার করেছে ড্রাগনের দেশ। তাদের দাবি, জাহাজটি গবেষণামূলক কাজের জন্য রাখা হয়েছে। তবে তাতে নিশ্চিন্ত হতে পারছে না ভারত। তাই অগ্নি ৫ পরীক্ষার নির্ঘণ্ট পিছিয়ে দেওয়া যায় কিনা, তা নিয়েও প্রতিরক্ষা মন্ত্রকে আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, চিনের (China) পিপলস লিবারেশন আর্মির নৌশক্তি গোটা বিশ্বের মধ্যে সর্ব বৃহৎ। এই নৌ-বাহিনীর অধীনে রয়েছে ৩৫৫টি যুদ্ধ জাহাজ।

     

        দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ। 

  • G20: ‘ভারতকে নিয়ে কৌতুহলী বিশ্ব’, জি-২০ সম্মেলন নিয়ে সর্বদল বৈঠকে বললেন মোদি

    G20: ‘ভারতকে নিয়ে কৌতুহলী বিশ্ব’, জি-২০ সম্মেলন নিয়ে সর্বদল বৈঠকে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিরোধী দলের প্রেসিডেন্টদের সঙ্গে চা খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। কারও দিকে তাকিয়ে হাসলেন। হালকা রসিকতাও হল। কারওবা হাত ধরলেন। সোমবার জি-২০ (G20) সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকের এই ছিল ছবি। এদিনের ওই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বকে ভারতের শক্তি প্রদর্শন করার একটা সুবর্ণ সুযোগ হল এই জি-২০-র সভাপতিত্ব। তিনি বলেন, এই সম্মেলন নিয়ে গোটা বিশ্বের কৌতুহল এবং আকর্ষণ রয়েছে ভারতের দিকে। এই সম্মেলন সফল করাটা যে একটা টিমওয়ার্ক এবং এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

    সর্বদলীয় বৈঠক…

    এদিন সর্বদলীয় এই বৈঠকটি হয়েছে রাষ্ট্রপতি ভবনে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, বিজু জনতা দল সুপ্রিমো নবীন পট্টনায়েক, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ বিভিন্ন দলের প্রধানরা। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। তাঁরই পাশে বসেছিলেন তৃণমূল নেত্রী। এদিনের সর্ব দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন না টিআরএস প্রেসিডেন্ট কে চন্দ্রশেখর রাও এবং জনতা দল ইউনাইটেড সুপ্রিমো লালন সিং। লালু প্রসাদের আরজেডিও এড়িয়ে গিয়েছেন এই বৈঠক। 

    এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী জানান, এক বছর ধরে যে সব অনুষ্ঠান হবে, সেজন্য প্রচুর মানুষ ভারতে আসবেন। দেশের যেসব জায়গায় জি-২০ (G20) গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক হবে, সেখানে পর্যটন ও স্থানীয় অর্থনীতি চাঙা হবে। তিনি এও বলেন, জি-২০-র সভাপতিত্ব পাওয়া কোনও একজনের কৃতিত্ব নয়, এই কৃতিত্ব গোটা দেশের।  চলতি বছরের নভেম্বরের ১৫ তারিখে জি-২০ সম্মেলনের আসর বসে ইন্দোনেশিয়ার বালিতে। ওই সম্মেলনেই আগামী বছর জি-২০ সম্মেলনের আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হয় ভারতের হাতে। উল্লেখ্য যে, জি ২০-র (G20) সদস্য দেশগুলি হল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, রিপাবলিক অফ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

    আরও পড়ুন: জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ এবং অতিমারির মোকাবিলা করতে হবে একযোগে, বললেন মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Kashmiri Pandits: কাশ্মীরি পন্ডিতদের অনলাইনে হুমকি চিঠি দিল জঙ্গি সংগঠন

    Kashmiri Pandits: কাশ্মীরি পন্ডিতদের অনলাইনে হুমকি চিঠি দিল জঙ্গি সংগঠন

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর প্যাকেজে জম্মু ও কাশ্মীরের অসংখ্য পন্ডিতের (Kashmiri Pandits) কর্মসংস্থান হয়েছে। কাশ্মীরি পন্ডিতদের (Kashmiri Pandits) উপর অত্যাচারের কাহিনী নতুন কিছু নয়। এবার প্রধানমন্ত্রী প্যাকেজে যাঁরা কাজ পেয়েছেন, সেই সব কাশ্মীরি পন্ডিতদের ভয় দেখাচ্ছে মৌলবাদী জঙ্গি সংগঠনগুলি।  এমনটাই অভিযোগ কাশ্মীরি পন্ডিতদের। অনলাইন হুমকিপত্রে কাজের স্থান উল্লেখ করে কমপক্ষে ৫৬জন পন্ডিত কর্মচারীর নাম প্রকাশ করেছে সন্ত্রাসবাদীরা। 

    অল মাইগ্রেন্ট ডিসপ্লেসড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাশ্মীর (এএমডিইএকে)-এর সভাপতি রুবন সাপ্রো, সংবাদমাধ্যমকে বলেন, জঙ্গি হুমকির পরে নিরাপত্তাহীনতায় ভুগছেন পন্ডিতরা। কর্মচারীরা আতঙ্কিত। প্রধানমন্ত্রী প্যাকেজের অধীনে নিয়োগ করা পন্ডিত কর্মীদের হুমকি চিঠি  kashmirfight.com-এ পোস্ট করা হয়েছিল। বর্তমানে ওই ওয়েবসাইট ব্ল্যাক লিস্টেড।

    পুলিশের বিবৃতি

    পুলিশ আধিকারিকরা বলেন,ব্লগটি লস্কর-ই-তৈবা জঙ্গিরা চালাচ্ছে। অনলাইন হুমকি চিঠিতে জঙ্গিরা ৫৬ জন কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandits) কর্মচারীর পোস্টিং স্থান সহ একটি তালিকা প্রকাশ করেছে। এটি কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) একটি ছোট্ট তালিকা, যাঁদের প্রধানমন্ত্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

    রুবন সাপ্রু আরও বলেন, জঙ্গিরা ৫৬জন পন্ডিত কর্মচারীর নাম প্রকাশ করেছে। এটি একটি গুরুতর উদ্বেগের বিষয়। সরকারের উচিত এই ঘটনার তদন্ত করা। কীভাবে জঙ্গিরা উপত্যকায় কর্মরত পণ্ডিত কর্মচারীদের সম্পর্কে তথ্য পেয়ে যাচ্ছে, তা আশ্চর্যের বিষয়। তালিকায় নাম থাকা কর্মচারীরা খুবই আতঙ্কিত। সবাই ভয়ে আছেন।

    আরও পড়ুন: দিল্লি গেলেন মমতা! দেখা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে, একান্তে কথা হবে কি?

    চলতি বছরে হত্যা করা হয় পন্ডিত রাহুল ভাটকে

    প্রসঙ্গত, ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রীর চাকরির প্যাকেজের অধীনে নিয়োগ করা প্রায় ৫০০০ পণ্ডিত কর্মচারী  উপত্যকায় তাঁদের কাজের জায়গায় উপস্থিত হতে পারছেন না। চলতি বছরের ১২ মে থেকে নিরাপত্তার দাবিতে আন্দোলন করছেন তাঁরা। কারণ মধ্য কাশ্মীরের বুদগাম জেলার চাদুরাতে তহসিল অফিসের ভিতরে ঢুকে পণ্ডিত কর্মচারী রাহুল ভাটকে জঙ্গিরা গুলি করে হত্যা করেছিল। এরপর থেকে উপত্যকায় জঙ্গিদের হাতে আরও দুই পণ্ডিত নিহত হন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Mamata Banerjee: দিল্লি গেলেন মমতা! দেখা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে, একান্তে কথা হবে কি?

    Mamata Banerjee: দিল্লি গেলেন মমতা! দেখা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে, একান্তে কথা হবে কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: জি-২০ আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি বৈঠকে অংশ নিতে দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৪ দিনের সফরে রাজধানীতে গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর ব্যক্তিগত সাক্ষাত হবে না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে, জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। অন্য রাজ্যের পাশাপাশি এই আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষ্যে একাধিক অনুষ্ঠান হবে পশ্চিমবঙ্গেও। দেশের মোট ৪০টি রাজনৈতিক দলের সভাপতিকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি হিসেবে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

    মোদি-মমতা সাক্ষাত

    দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাদা করে বৈঠকের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি, বলে এদিন জানান মমতা।  কলকাতা ছাড়ার আগে মমতা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নয় তৃণমূলের প্রধান হিসাবে দিল্লিতে যাচ্ছেন তিনি। সেই মতো সোমবার দিল্লি রওনা হন মমতা। আজই জি-২০ সংক্রান্ত বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে মোদি-মমতার সাক্ষাৎ হওয়ার কথা। তবে বৈঠকের বাইরে দু’জনের ব্যক্তিগত বৈঠক হবে কি না, সে দিকে নজর ছিল রাজনৈতিক বৃত্তের অনেকেরই। মমতা অবশ্য সোমবার সকালে স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, তাঁর সঙ্গে মোদির আলাদা করে বৈঠক হবে না।

    আরও পড়ুন: ‘সারের কমতি মানে আগামী দিনে খাদ্যের ভাঁড়ারে টান’, জি ২০ সম্মেলনে বললেন মোদি

    আগামী বছর জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করতে চলেছে ভারত। সেই উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, দেশ জুড়ে মোট ২০০টি বৈঠক হবে। যার প্রথম ধাপ হিসাবে দেশের রাজনৈতিক দলগুলির প্রধানদের বৈঠকে ডেকেছেন মোদি।

    অজমেঢ় যাবেন মমতা

    মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় আজমেঢ় যাবেন। সেখানে আজমেঢ় শরিফ এবং পুস্কর মন্দির দর্শন করবেন মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় আজমেঢ় শরিফ থেকে পুষ্কর যাওয়ার ট্রেনের ব্যবস্থা করেছিলেন। আজমেঢ় শরিফে খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় যাবেন মমতা। এর পাশাপাশি রাজস্থানের পুষ্করের ব্রহ্মা মন্দিরেও যাবেন তিনি।  সেই মতো প্রস্তুতিও শুরু করেছে রাজস্থানের কংগ্রেস সরকার। আগামিকাল মঙ্গলবার বিকেলেই দিল্লি ফিরে আসবেন মমতা। সূত্রের খবর, রাজধানীতে বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি। বুধবার দলের সাংসদদের সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Earthquake: বঙ্গোপসাগরে ভূমিকম্প! ৫.১ মাত্রার কম্পনে কেঁপে উঠল বাংলাদেশের একাধিক এলাকা

    Earthquake: বঙ্গোপসাগরে ভূমিকম্প! ৫.১ মাত্রার কম্পনে কেঁপে উঠল বাংলাদেশের একাধিক এলাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার সকাল সকাল ভূমিকম্প অনুভূত হল বঙ্গোপসাগরে (Earthquake)। সকাল ৮টা ৩২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১। এনসিএস সূত্রে খবর, ভূমিকম্পের উৎপত্তিস্থল যথাক্রমে পুরী (পূর্ব) এবং ভুবনেশ্বর (পূর্ব-দক্ষিণ-পূর্ব) থেকে যথাক্রমে ৪২১ কিলোমিটার এবং ৪৩৪ কিলোমিটার দূরে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

    বঙ্গোপসাগরের তলদেশে ভূমিকম্প

    ঢাকা ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, সকাল ৯ টা ৫ মিনিট নাগাদ ঢাকা-সহ বাংলাদেশের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে (Earthquake)। ঢাকার ৫২৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ৩৯৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভারতের একদম কাছেই। এনসিএস সূত্রের খবর, এদিন সমুদ্রগর্ভে ছড়িয়ে পড়া কম্পনের তীব্রতা অনুভব করা গেছে অন্যান্য জায়গাতেও। তবে ভারতে তেমন কম্পন অনুভূত হয়নি। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর আসেনি।

    আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৫২, এবার কেঁপে উঠল সলোমনও

    আবহাওয়াবিদরা জানিয়েছেন, এদিন বঙ্গোপসাগরের তলদেশে ভূমিকম্পের ফলে স্থলভাগের উপর তেমন কোনও প্রভাব পড়ার আশঙ্কা নেই। সাধারণত এই ক্ষেত্রে সুনামির সম্ভাবনা থেকে থাকে। তবে এই স্বল্প মাত্রার তীব্রতার ভূমিকম্পে সুনামির কোনও আশঙ্কাও নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা (Earthquake)।

    অন্যদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির ট্যুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে,  সোমবার সকালে অরুণাচল প্রদেশেও ভূমিকম্প (Earthquake) হয়েছে। সকাল ৭টা ৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে সেটির তীব্রতা ছিল ৩.৩। অরুণাচল প্রদেশের চ্যাংলাং থেকে ৯২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়েছিল (Earthquake)।

    আরও পড়ুন: ভূমিকম্পে বিপর্যস্ত ইন্দোনেশিয়া, মৃতের সংখ্যা বেড়ে ২৬৮

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share