Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Karnataka High Court: মধ্যরাতের শুনানিতে মিলল ছাড়পত্র, কর্নাটকের হুব্বালি ইদগাহ ময়দানে হবে গণেশ উৎসব  

    Karnataka High Court: মধ্যরাতের শুনানিতে মিলল ছাড়পত্র, কর্নাটকের হুব্বালি ইদগাহ ময়দানে হবে গণেশ উৎসব  

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যরাতের শুনানিতে মিলল ছাড়পত্র। হুব্বালি ইদগাহ ময়দানে (Hubbali Eidgah Ground) গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) উৎসব পালনের অনুমতি দিল কর্নাটক হাইকোর্ট (Karnatak High Court)। মঙ্গলবার, ৩০ অগাস্ট মধ্য রাতে কর্নাটক হাইকোর্টের ধরওয়াড বেঞ্চে হয় ওই মামলার শুনানি। তার পরেই মেলে উৎসব পালনের প্রয়োজনীয় ছাড়পত্র। হাইকোর্টের রায়ে প্রত্যাশিতভাবেই খুশি উৎসবের আয়োজকরা।

    তাৎপর্যপূর্ণভাবে এদিন সকালেই মামলাটি উঠেছিল সুপ্রিম কোর্টে। বেঙ্গালুরুর ছামারাজপেট এলাকার ইদগাহ ময়দানে গণেশ চতুর্থী উৎসব পালনের অনুমতি দিয়েছিল রাজ্য সরকার। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জনৈক আবেদনকারী। সরকারি আদেশ বাতিল করে স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে রায় দেয় দেশের শীর্ষ আদালত। গত দুশো বছর ধরে বজায় রয়েছে এই স্থিতাবস্থা।

    ধরওয়াড বেঞ্চের সিঙ্গল-জাজ বেঞ্চের বিচারক অশোক কিনাগি জানিয়ে দেয়, হুব্বালি মামলা ছিল আলাদা। কারণ সেখানে জমির মালিকানা নিয়ে কোনও প্রশ্ন ছিল না। ওই জমির মালিকানা হুব্বালি ধরওয়াদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের। সুপ্রিম কোর্টের রায় হাতে পেয়ে আঞ্জুমান-ই-ইসলামের তরফে ধরওয়াদ বেঞ্চের সামনে একটি পিটিশন দাখিল করা হয়। তাতে চ্যালেঞ্জ জানানো হয় হুব্বালি ইদগাহ ময়দানে গণেশ চতুর্থী উৎসব পালনের যে অনুমতি দিয়েছিল পুরসভা কর্তৃপক্ষ, তাকে।

    আরও পড়ুন : জামাতের অনুমতি পেলেই গণেশ পুজো! নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

    মধ্য রাতের রায়ে হাইকোর্ট উল্লেখ করে, হুব্বালি ধরওয়াদ মিউনিসিপ্যাল কর্পোরেশন ওই জমির মালিক। জমিটি আঞ্জুমান-ই-ইসলামকে ৯৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছিল। তাই জমির অধিকার এখনও রয়েছে কর্পোরেশনের হাতেই। যাঁরা জমিটি দখল করে রয়েছেন, তাঁরা বছরে মাত্র দুদিন প্রার্থনা করেন, একটি রমজানের সময়, অন্যটি বকরি ইদের সময়। বিচারপতি কিনাগি বলেন, এই দিনগুলিতে হস্তক্ষেপ করা হবে না। কিন্তু এই দু দিন ছাড়া আদালত আদেশ দিচ্ছে, জমিটি নিয়ে কর্পোরেশন যা খুশি করতে পারে। যেহেতু হুব্বালি জমির মালিকানা নিয়ে কোনও বিতর্ক নেই, তাই দেশের শীর্ষ আদালতের রায় এই ক্ষেত্রে খাটে না। আদালতে রায়ে খুশি ওই ইদগাহ ময়দানে গণেশ চতুর্থী উৎসবের আয়োজকরা। শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। গোমূত্র দিয়ে শুদ্ধ করা হয়েছে মাঠ। মাঠ পরীক্ষা করেছে বম্ব স্কোয়াড। উড়েছে ড্রোন। তার পরেই বসানো হয় প্রতিমা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sonali Phogat: সোনালি ফোগাট মামলার তদন্তে সিবিআই? দুই অভিযুক্তের ৫ দিনের পুলিশ হেফাজত

    Sonali Phogat: সোনালি ফোগাট মামলার তদন্তে সিবিআই? দুই অভিযুক্তের ৫ দিনের পুলিশ হেফাজত

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়োজনে সোনালি হত্যা মামলায় (Sonali Phogat Death Case) তদন্তের ভার নেবে সিবিআই (CBI)। রবিবার নিশ্চিত করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত (Pramod Sawant)। যত দিন যাচ্ছে ততই সোনালি ফোগাট মামলায় ঘনীভূত হচ্ছে রহস্য। সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে এই সিনেমা। সোনালি মামলার তদন্ত চালাচ্ছে গোয়া পুলিশ। সেই তদন্তে নাখুশ সোনালির পরিবার। তাই সিবিআই তদন্তের আর্জি জানিয়ে শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের (Manohar Lal Khattar) বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন তাঁরা। তদন্ত যাতে ঠিক ভাবে হয়, তার জন্য সিবিআই হস্তক্ষেপের দাবি জানান।

    আরও পড়ুন: সোনালিকে জোর করে খাওয়ানো হয়েছিল মাদক, চাঞ্চল্যকর দাবি গোয়া পুলিশের
      
    খট্টরের অনুরোধেই রবিবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত সোনালি-হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেন। প্রমোদের কথায়,“সিবিআই দায়িত্ব গ্রহণ করুক। এতে আমার কোনও সমস্যা নেই। আমাদের দিক থেকে সব চেষ্টা করব। পরে প্রয়োজনে মামলা সিবিআই- এর হাতে তুলে দেওয়া হবে।”

    গোয়ায় ঘুরতে গিয়ে মৃত্যু হয় বিজেপি নেত্রী তথা টিকটক স্টার সোনালি ফোগাটের। প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ লেখা হলেও খুনের অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। তদন্তে নেমে একে একে চাঞ্চল্যকর বিষয় জানতে পারে পুলিশ। জোর করে মাদক খাওয়ানো, তিন বছর ধরে ক্রমাগত ধর্ষণ, শরীরে ভোঁতা অস্ত্রের আঘাতের মতো ভয়ঙ্কর বিষয় সামনে আসে। ময়না তদন্তের রিপোর্টেও প্রায় একই দাবি করা হয়। 

    আরও পড়ুন: সোনালি ফোগাটের পোস্টমর্টেম রিপোর্টে ঘনীভূত রহস্য, গ্রেফতার দুই সহকারী

    রবিবার হরিয়ানার বিজেপি নেত্রীর মৃত্যুর ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাচক্রে, এই ব্যক্তিও এক জন মাদক পাচারকারী। ওই ব্যক্তির কাছ থেকে মাদক উদ্ধার হয়েছে বলে জানিয়েছে গোয়া পুলিশ। রেস্তোরাঁর মালিক এবং মাদক পাচারকারীকে ৫ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের জামিনের আবেদনও মঞ্জুর করেনি আদালত।

     

    বৃহস্পতিবারের পর থেকে সোনালির মৃত্যুর ঘটনায় এই নিয়ে মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে গোয়া পুলিশ। এর মধ্যে তিন জনই মাদক পাচারের সঙ্গে যুক্ত স। এদের মধ্যে দুজনকে শুক্রবার রাতে গ্রেফতার করে পুলিশ। যার মধ্যে এক জন গোয়ার আঞ্জুনা বিচের সৈকত-রেস্তোরাঁ তথা পাব ‘কার্লিজ শ্যাক’-এর মালিক এডউইন জোসেফ নুনেজ। অন্য জনের নাম দত্তপ্রসাদ গাঁওকর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি মাদক পাচারকারী। ওই গ্রেফতারির ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার গ্রেফতার করা হয় তৃতীয় মাদক পাচারকারীকে। সূত্রের খবর, এই তৃতীয় মাদক পাচারকারী সোনালির সহকর্মীদের মাদক এনে দিয়েছিলেন।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • Anant Ambani: দুবাইয়ের সবচেয়ে দামি বাড়ির মালিক হলেন আম্বানির ছোট ছেলে, প্রতিবেশী শাহরুখ, বেকহ্যাম

    Anant Ambani: দুবাইয়ের সবচেয়ে দামি বাড়ির মালিক হলেন আম্বানির ছোট ছেলে, প্রতিবেশী শাহরুখ, বেকহ্যাম

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের ভারতের বিজনেস টাইকুন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। প্রায় প্রতিদিনই বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকে আম্বানি পরিবার। এবারে আরও এক খবর সবার সামনে এল। দুবাইয়েও প্রাসাদ কিনে ফেললেন আম্বানি পরিবার। সম্প্রতি বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় একাদশ তম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। আর এমন সময়েই জানা গেল, মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) দুবাইয়ের (Dubai) সবচেয়ে দামি বাড়িটি কিনে ফেলেছেন।

    জানা গিয়েছে, এই বিলাসবহুল বাড়িটির দাম ৮০ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৬৪০ কোটি টাকা। বাড়িটি দুবাইয়ের উপকূলবর্তী একটি ভিলা। সূত্রের খবর, পাম জুমেইরাহ (Palm Jumeirah) বিচে এই সম্পত্তি চলতি বছরের শুরুতেই মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির জন্য কেনা হয়েছিল। তখন জানা যায়নি যে, এই সম্পত্তির মালিক কে, তবে সম্প্রতি এই খবরটি প্রকাশ্যে উঠে এসেছে। পাম জুমেইরার উত্তর দিকে অবস্থিত প্রাসাদের মত বাড়িটিতে মোট দশটি বেডরুম রয়েছে। এছাড়াও ক্লাব, স্পা, রেস্তোরাঁ এবং অ্যাপার্টমেন্ট টাওয়ার রয়েছে। পাশাপাশি রয়েছে ইনডোর এবং আউটডোর সুইমিং পুল-ও।

    আরও পড়ুন: ‘বিশ্বের সবচেয়ে দামি’ বাড়িতে থাকেন সৌদি যুবরাজ! এর দাম জানেন?

    বর্তমানে বিভিন্ন তারকা ও ধনকুবেরদের জন্য গন্তব্য হয়ে উঠেছে দুবাই। সেই দেশের তরফে ধনীদের ‘গোল্ডেন ভিসা’ দেওয়া হয়ে থাকে। পাশাপাশি বিদেশিদের ক্ষেত্রে সম্পত্তি কেনার বিধিনিষেধও শিথিল করা হয়েছে। আর এই সুযোগেই আম্বানি পরিবার কিনে ফেললেন সবচেয়ে দামি বাড়ি। এছাড়াও বিভিন্ন তারকাদের মধ্যে বিলাসবহুল বাড়ি কেনার প্রবণতা বেড়েছে। অনন্ত আম্বানি ছাড়াও অনেক তারকাদের বাড়ি রয়েছে দুবাইয়ে। যেমন জানা গিয়েছে, আম্বানির অন্যতম প্রতিবেশী ইংল্যান্ড ফুটবলার ডেভিড বেকহ্যাম ও বলিউড বাদশা শাহরুখ খান।

    এখানেই শেষ নয়, কিছু দিন আগেই ইংল্যান্ডে প্রায় ৬৩০ কোটির একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন মুকেশ আম্বানি। মুকেশ-কন্যা ইশাও নিউ ইয়র্কে একটি বাড়ি কেনার পরিকল্পনা করছেন বলে জানা গিয়েছে। আম্বানিদের সম্পত্তির নয়া সংযোজন হল অনন্ত আম্বানির দুবাইয়ের বিলাসবহুল এই বাড়ি।

     

  • Campa Cola: ফিরছে ক্যাম্পা-কোলা! দীপাবলিতেই নতুন রূপে আসতে চলেছে এই পানীয়?

    Campa Cola: ফিরছে ক্যাম্পা-কোলা! দীপাবলিতেই নতুন রূপে আসতে চলেছে এই পানীয়?

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির আগেই বাজারে আসছে দেশীয় সফট ড্রিঙ্ক ক্যাম্পা কোলা। ক্যাম্পা ব্র্যান্ডকে আবার নতুন রূপে আনতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Relience Industries)। দিল্লির এই নরম পানীয় সংস্থাটি ধুঁকছিল।  বুধবার একটি সূত্রে খবর পাওয়া যায়, এটিকে কিনে নিতে চলেছে রিলায়েন্স রিটেল। 

    প্রসঙ্গত, রিলায়েন্স রিটেলের  (Reliance Retail) নেতৃত্ব দেবেন মেয়ে ইশা (Isha Ambani), সোমবার ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। দায়িত্ব নিয়েই ইশা ঘোষণা জানিয়েছিলেন, এবার থেকে রিলায়েন্স রিটেল  একটি এফএমসিজি (ফাস্ট মুভিং কনজিউমার গুডস) ব্যবসা শুরু করবে। ইশা জানান, তাঁর সংস্থার লক্ষ্য ভারতীয়দের প্রয়োজনের কথা মাথায় রেখে উৎকৃষ্ট পণ্য উৎপাদন এবং তা গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া। সবটাই হবে ন্যূনতম মূল্যে। একই সঙ্গে দেশীয় পণ্যের উপর গুরুত্ব দেন ইশা। জানান, হারিয়ে যাওয়া দেশের ছোট ছোট সংস্থাগুলিকে নতুন রূপ দেবে রিলায়েন্স। সেই লক্ষ্যেই ক্যাম্পা ব্র্যান্ডকে ফের বাজারে আনার পরিকল্পনা। উল্লেখ্য, চলতি বছরে নতুন ২৫০০টি স্টোর খুলেছে রিলায়েন্স রিটেইল। ফলে তাদের স্টোরের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার।

    আরও পড়ুন: মুখ থুবড়ে পড়েছে চিনের ‘জিরো কোভিড নীতি’, ফের লকডাউনে জিনপিং- এর দেশ

    দীপাবলির আগেই ক্যাম্পাকে নিয়ে আসা হবে। তিনরকম স্বাদে মিলবে ক্যাম্পার সফট ড্রিঙ্ক। রয়েছে তার সবচেয়ে খ্যাত কোলা স্বাদ। সঙ্গে পাওয়া যাবে লেবু এবং কমলার স্বাদেও। সূত্রের খবর, এ নিয়ে ২২ কোটি টাকার চুক্তি হয়েছে। ১৯৭০ সালে ক্যাম্পা বাজারে আসে। মার্কিন সংস্থা কোকা কোলার সঙ্গে তাদের ক্যাম্পা কোলার টক্কর চলে। ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি  কোকা-কোলা দেশ থেকে ব্যবসা গুটিয়ে নিলে বাজার দখল করে ক্যাম্পা কোলা। ১৯৯০ সালে মার্কিন সংস্থাটি ফিরে এলে হারিয়ে যেতে থাকে ক্যাম্পা। আবার নতুন রূপে মেক ইন ইন্ডিয়া (make in India)- এর শরিক হতে বাজারে আসছে ক্যাম্পা কোলা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • NIT Srinagar: ভারত-পাক ম্যাচ দেখলেই দিতে হবে ৫০০০ টাকা জরিমানা! কারা দিল এমন নির্দেশিকা?

    NIT Srinagar: ভারত-পাক ম্যাচ দেখলেই দিতে হবে ৫০০০ টাকা জরিমানা! কারা দিল এমন নির্দেশিকা?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যেকের নজর এখন এশিয়া কাপ ২০২২ টুর্নামেন্টের (Asia Cup 2022) ভারত বনাম পাকিস্তান (INDvsPAK) ম্যাচের উপরেই। ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ মানেই টানটান উত্তেজনা। আর সেই ম্যাচ দেখতেই অপেক্ষায় বসে থাকে পুরো ভারতবাসী। তবে এবারে এই খেলা দেখা নিয়েই অদ্ভূত নির্দেশিকা জারি করল শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ (NIT Srinagar)।

    এই নির্দেশিকায় বলা হয়েছে, এক ঘরে অনেকজন মিলে এশিয়া কাপ ভারত-পাকিস্তানের খেলা দেখা যাবে না। সোশ্যাল মিডিয়ায় খেলা সংক্রান্ত কোনও পোস্ট করা যাবে না। যদি কারও ঘরে অন্য পড়ুয়াদের পাওয়া যায় তবে তাকে হোস্টেল থেকেও বের করে দেওয়া হবে। শুধু তাই নয়, এই নিয়ম গুলো অমান্য করলেই দিতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা। আর এই নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক৷ পড়ুয়াদের মধ্যেও এ নিয়ে ক্ষোভ বাড়ছে৷

    আরও পড়ুন: বিশ্বকাপের জবাব দিতেই আজ এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি ভারত! জেনে নিন কখন, কোথায় দেখবেন ম্যাচ

    কলেজ কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, “পড়ুয়ারা জানেন যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্ট চলছে। পড়ুয়াদের এটিকে সাধারণ খেলা হিসেবেই গ্রহণ করা উচিত ও ইনস্টিটিউট বা হোস্টেলে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।“ এর জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে পড়ুয়ারা ম্যাচ চলাকালীন নিজেদের ঘরেই থাকবেন এবং একসঙ্গে অনেকজন মিলে এই ম্যাচ দেখবেন না। নির্দেশিকায় আরও বলা হয়েছে, “যদি একটি নির্দিষ্ট ঘরে অনেক পড়ুয়া একসঙ্গে ম্যাচ দেখতে যান  তবে সেই নির্দিষ্ট ঘরে থাকা পড়ুয়াদের হস্টেলের ঘর থেকে বের করে দেওয়া হবে এবং এর সঙ্গে জড়িত সমস্ত ছাত্রদের উপর কমপক্ষে পাঁচ হাচার টাকা জরিমানা দিতে হবে।“ এছাড়া নির্দেশিকায় আরও বলা হয়েছে, ম্যাচ চলাকালীন বা ম্যাচের পরে কেউ যেন হোস্টেলের ঘর থেকে বের না হন।

    তবে জানা গিয়েছে, ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ হারার পর ব্যাপক মারামারি হয়েছিল হস্টেলে৷ সংঘর্ষে জড়িয়ে পড়ে এই কলেজের পড়ুয়ারা। বেশ কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল কলেজ। তাছাড়াও ভারত-পাক ম্যাচ ঘিরে কাশ্মীরের নানা জায়গায় বিশৃঙ্খলা ছড়ায়। সব মিলিয়ে সতর্ক থাকতে চাইছে কলেজ কর্তৃপক্ষ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Assam: এবার অসমে লাভ জেহাদের শিকার হিন্দু নাবালিকা! কিশোরীকে গণধর্ষণ চার যুবকের

    Assam: এবার অসমে লাভ জেহাদের শিকার হিন্দু নাবালিকা! কিশোরীকে গণধর্ষণ চার যুবকের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রেমে সাড়া না দেওয়ায় এক হিন্দু নাবালিকাকে বন্ধুদের সঙ্গে মিলে ধর্ষণ করল চার মুসলিম যুবক। অভিযোগ, অসমের করিমগঞ্জ জেলার নীলমবাজার এলাকায় রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। অভিযোগ রহিম উদ্দিন নামে এক যুবক ওই কিশোরীর সঙ্গে ভালবাসা  ও বন্ধুত্বের অভিনয় করছিল। ওই দিন তাকে ভারত-বাংলাদেশ সীমান্তে দলগ্রামের কাছে একটি জায়গায় ওই কিশোরীকে দেখা করতে বলে রহিম।

    অভিযোগ, কিশোরী ওই জায়গায় গেলে রহিম ও তার তিন বন্ধু নাসির উদ্দিন, চাহির উদ্দিন এবং সুলেমন আলি তাকে অপহরণ করে এবং তার উপর শারীরীক নির্যাতন চালায়। অচেতন অবস্থায় ওই কিশোরীকে সীমান্তবর্তী অঞ্চলে ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয়েরা মেয়েটিকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। ওই কিশোরীর ভাই পুলিশে অভিযোগ দায়ের করলে তিন যুবককে গ্রেফতার করা হয়।

    আরও পড়ুন: জীবন্ত পুড়িয়ে মারার আগেও অঙ্কিতার বাড়িতে হামলা চালিয়েছিল শাহরুখ?

    পুলিশ সূত্রে খবর, মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তিও করা হয়। স্থানীয়েরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানায়। ওই অঞ্চলে ক্রমশ বেড়ে ওঠা লাভ জেহাদের ঘটনার ক্ষেত্রেও প্রশাসনকে সতর্ক হতে আবেদন করে স্থানীয় বাসিন্দারা।  

    প্রসঙ্গত, বন্ধুত্বের প্রস্তাব ফেরানোয় বছর ষোলোর এক কিশোরীকে (Teen) গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকায় (Dumka)। এই ঘটনাটিও লাভ জেহাদের (Love Jihad)  অঙ্গ।  অভিযোগ, ২২ অগাস্ট রাতে দুমকার জারুয়াডি কসবার ঘরে ঘুমোচ্ছিলেন বছর ষোলোর অঙ্কিতা সিং। অভিযোগ, বছর ২৩ শাহরুক হুসেন গভীর রাতে জানালা দিয়ে পেট্রোল ছুড়ে দেয় ওই কিশোরীর গায়ে। পরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২৮ অগাস্ট মৃত্যু হয় ওই কিশোরীর। তারপরেই প্রকাশ্যে এল অসমের এই ঘটনা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Assam: কেজরিওয়ালকে সপাটে জবাব বিশ্বশর্মার, অসমে স্কুল উন্নয়নের জন্যে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা 

    Assam: কেজরিওয়ালকে সপাটে জবাব বিশ্বশর্মার, অসমে স্কুল উন্নয়নের জন্যে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা 

    মাধ্যম নিউজ ডেস্ক: অসমের (Assam) রাজ্য সরকারের অধীনস্থ স্কুলগুলির (School) পরিকাঠামোগত উন্নতির জন্যে ১০ হাজার কোটি টাকার প্যাকেজের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। তাহলে কি এবার কেজরিওয়াল-বিশ্বশর্মা (Arvind Kejriwal) ট্যুইট যুদ্ধে যবনিকা পতন? মুখ বন্ধ হবে কেজরিওয়ালের? 

    একটা নয় দেশে যদি আমরা ৫টি রাজধানী পেতাম…! এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী

    কিছুদিন আগেই ৩৪ টি সরকারি স্কুল বন্ধ করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিজেপি পরিচালিত অসম সরকার। স্কুলগুলিতে শিক্ষার অবস্থা শোচনীয় হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় হিমন্ত বিশ্বশর্মার সরকার। জানা গিয়েছে, এই ৩৪টি স্কুল থেকে এ বছর দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় কোনও পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। তারপরেই সে রাজ্যের সরকার স্কুলগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত সামনে আসার পরেই এই নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। চাঁচাছোলা বাক্যবাণে আসাম সরকারের এই সিদ্ধন্তের তীব্র সমালোচনা করেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী একটি ট্যুইটে লেখেন, “স্কুল বন্ধ করে দেওয়া কখনওই সমাধান হতে পারে না। আমাদের প্রয়োজন দেশজুড়ে আরও নতুন স্কুল তৈরি করা এবং স্কুল বন্ধ করে দেওয়ার পরিবর্তে সেগুলিতে শিক্ষা ব্যবস্থার মান আরও উন্নত করা।” 

    এরপর শুরু হয় দুই মুখ্যমন্ত্রীর মধ্যে ট্যুইট যুদ্ধ। শিক্ষা ব্যবস্থা নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন অসমের মুখ্যমন্ত্রী। তারপর পাল্টা ট্যুইটে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, অসমে শিক্ষা ব্যবস্থার কী উন্নতি হয়েছে তা দেখতে তিনি সেই রাজ্যে আসবেন। আর তারপরেই অসমের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত।

    আরও পড়ুন: অসমে ফের আলকায়দা জঙ্গির খোঁজ! যোগ মধ্যপ্রদেশ, বাংলার সঙ্গেও

    জনসভায় বক্তৃতা রাখার সময় বিশ্বশর্মা বলেন, “আমরা রাজ্য সরকারের স্কুলগুলিকে উন্নত করতে ১০ হাজার কোটি টাকা খরচ করব। এর ফলে বেসরকারি স্কুলগুলির থেকেও দেখতে ভালো হবে রাজ্য সরকারের স্কুলগুলি। আমরা স্কুলগুলির পরিকাঠামোগত মানও উন্নত করব। এভাবেই রাজ্যে উন্নয়নের জোয়ার আসবে।”

    এই সিদ্ধান্তের মধ্যে দিয়েই কি অরবিন্দ কেজরিওয়ালকে জবাব দিলেন হিমন্ত বিশ্বশর্মা? এরপর কী প্রতিক্রিয়া আসবে কেজরিওয়ালের তরফ থেকে? এবার সেদিকেই অধির আগ্রহে অপেক্ষা করে রয়েছে নেট মহল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।     

     
     

     

     

  • Suicide over Beef: খুনের হুমকি দিয়ে গোমাংস খাইয়েছিলেন স্ত্রী, আত্মঘাতী হিন্দু যুবক

    Suicide over Beef: খুনের হুমকি দিয়ে গোমাংস খাইয়েছিলেন স্ত্রী, আত্মঘাতী হিন্দু যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু (Hindu) যুবককে জোর করে গোমাংস (Beef) খেতে বাধ্য করেছিলেন তাঁর মুসলিম (Muslim) স্ত্রী ও তার ভাই। অভিযোগ, তার পরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই যুবক। জুন মাসে মৃত্যুর আগে ফেসবুকে লিখে গিয়েছিলেন সুইসাইড নোট (Suicide Note)। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই নোট। তার পরেই থানায় অভিযোগ দায়ের করেছে গুজরাটের (Gujrat) সুরাট (Surat) পুলিশ।

    সুরাটের রোহিত প্রতাপ সিং। তিনি বিয়ে করেছিলেন এক মুসলিম মহিলাকে। অভিযোগ, তাঁর স্ত্রী ও তার ভাই জোর করে রোহিতকে গোমাংস খাওয়ায়। এর পরেই রোহিত ফেসবুকে সুইসাইড নোট আপলোড করেন। পরে গলায় দড়ি দিয়ে হন আত্মঘাতী। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ফেসবুকের ওই পোস্ট। তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ওই যুবকের দাবি, গোমাংস খেতে অস্বীকার করায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। ফেসবুকে দেওয়া সুইসাইড নোটে তিনি লিখেছেন, আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আমার মৃত্যুর কারণ আমার স্ত্রী সোনম আলি ও তার ভাই আখতার আলি। আমার সমস্ত বন্ধুদের অনুরোধ আমি যেন বিচার পাই। আমাকে খুন করার হুমকি দিয়ে গোমাংস খাওয়ানো হয়েছিল। আমি আর এ পৃথিবীতে বাঁচতে চাই না। সেই কারণে আমি আত্মহত্যা করছি। ঘটনার দু মাস পরে সুইসাইড নোটের কথা জানতে পারেন রোহিতের আত্মীয়রা। তার পরেই তাঁরা যোগাযোগ করেন সুরাট পুলিশের সঙ্গে।

    আরও পড়ুন : রোহিঙ্গাদের ভারত থেকে বের করে দেওয়া উচিত, মত বিশ্ব হিন্দু পরিষদের

    জানা গিয়েছে, সুরাটের একটি কারখানায় এক সঙ্গে কাজ করতেন রোহিত ও সোনম। পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। বিয়েও করতে চেয়েছিলেন দুজনে। সোনম ভিন ধর্মের হওয়ায় রোহিতের পরিবার এতে বাধ সাধে। সোনমকে বিয়ে করলে তাঁর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে বলেও ভয় দেখায় রোহিতের পরিবার। তার পরেও রোহিত সোনমকে বিয়ে করে এবং তার সঙ্গেই থাকতে শুরু করে। যদিও পরিবারের সঙ্গে আর কোনও সম্পর্কই ছিল না রোহিতের। সুইসাইড নোট প্রকাশ্যে আসার পর সোনম ও আখতারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রোহিতের মা বীণা দেবী। তাঁর ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের শাস্তিও দাবি করেছেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Congress: ফের ধস জম্মু-কাশ্মীর কংগ্রেসে, আড়ে বহরে বাড়ছে আজাদ শিবির!

    Congress: ফের ধস জম্মু-কাশ্মীর কংগ্রেসে, আড়ে বহরে বাড়ছে আজাদ শিবির!

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ধস জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) কংগ্রেসে (Congress)!

    দলীয় নেতৃত্বের প্রশ্নে ভিন্ন অবস্থানের জন্য  শুক্রবার কংগ্রেস ছেড়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ (Gulam Nabi Azad)। নয়া দল গড়ার পরিকল্পনাও করেছেন তিনি। সে খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার আজাদের সমর্থনে কংগ্রেস ছাড়লেন জম্মু-কাশ্মীরের ৬০ জনেরও বেশি নেতা। প্রত্যাশিতভাবেই ভূস্বর্গে ফের একবার জোর ধাক্কা খেল সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) দল।

    কংগ্রেসের বিক্ষুদ্ধ গোষ্ঠী জি-২৩ (G-23) হিসেবে পরিচিত। এই জি-২৩ এর সদস্য ছিলেন গুলাম নবি আজাদ। দলে গণতন্ত্রের দাবিতে সরব হয়েছিলেন জি-২৩ এর নেতারা। এনিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে মনান্তরের জেরে সম্প্রতি দল ছাড়েন জম্মু-কাশ্মীরের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর সমর্থনে এদিন দল ছাড়লেন উপত্যকার এই ৬০ জন নেতাও। যাঁরা কংগ্রেস ছেড়ে আজাদ শিবিরে নাম লিখিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারা চাঁদও। কংগ্রেস আমলে মন্ত্রী এবং বিধায়ক ছিলেন এমন অনেক নেতাও দল ছেড়েছেন এদিন।

    গণইস্তফাপত্রে স্বাক্ষর করেছেন ৬৪ জন। এদিন এই ইস্তফাপত্র পাঠ করে শুনিয়েছেন প্রাক্তন বিধায়ক কংগ্রেসের বলবন সিং। তাতে বলা হয়েছে, কংগ্রেসে এই মুহূর্তে চলছে নেতৃত্বের সংকট। দল চলছে অগোছালভাবে। কয়েক দশক ধরে আমরা পার্টির সঙ্গে ছিলাম। জম্মু-কাশ্মীরে দলীয় সংগঠনের ভিত শক্ত করতে আমরা আমাদের সমস্ত শক্তি এবং সম্পদ ব্যয় করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখলাম  আমাদের অপমান করা হচ্ছে। ইস্তফাপত্রে এও বলা হয়েছে, আমাদের নেতা এবং অভিভাবক গুলাম নবি আজাদ দিন কয়েক আগে আপনাকে (সোনিয়া) চিঠি লিখে কংগ্রেস ছেড়েছিলেন। আমরা বিশ্বাস করি, আমাদেরও কংগ্রেস ছেড়ে বেরনোর সময় হয়েছে। একটি ইতিবাচক রাজনৈতিক সমাজ গঠনের জন্যই এটা প্রয়োজন।

    আরও পড়ুন : ভোটে অংশ নিতে বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের জি-২৩!

    প্রসঙ্গত, মঙ্গলবারের আগে সোমবারও কংগ্রেস ছেড়েছিলেন চার নেতা। এর মধ্যে জম্ম-কাশ্মীর বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারও রয়েছেন। দিনের পর দিন আজাদ শিবিরে যে ভিড় বাড়ছে, তারও আঁচ মিলেছে এদিন। একটা বিরাট সংখ্যক পঞ্চায়েত এবং পার্টি কর্মী কংগ্রেস ছেড়ে আজাদ শিবিরে নাম লেখাবেন বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন। আজাদেরও দাবি, তাঁর সঙ্গে রয়েছেন কংগ্রেসের ৯৫ শতাংশ পঞ্চায়েত এবং ডিস্ট্রিক্ট কাউন্সিল সদস্য। জম্মু-কাশ্মীর কংগ্রেসের প্রধান বিকার রসুল (Vikar Rasool) বলেন, যাঁরা কংগ্রেস ছেড়েছেন, আমরা তাঁদের ছাঁট বলেই মনে করি। নয়া দৃষ্টিভঙ্গী নিয়ে দলে নতুন মুখ নিয়ে আসব আমরা।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Reliance AGM 2022: কালীপুজোর সময়েই আসতে চলেছে জিও ৫জি! আগামী বছরেই সারা দেশে, জানুন কী বললেন মুকেশ আম্বানি

    Reliance AGM 2022: কালীপুজোর সময়েই আসতে চলেছে জিও ৫জি! আগামী বছরেই সারা দেশে, জানুন কী বললেন মুকেশ আম্বানি

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলি থেকেই প্রাথমিক ভাবে ৫জি (5G) পরিষেবা চালু করার কথা জানিয়ে দিলেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এমডি ও চেয়ারম্যান মুকেশ অম্বানি (Mukesh Ambani)। অর্থাৎ কালীপুজোর সময়েই ৫জি পেয়ে যাবে শহরবাসী। মুকেশের কথায়, আগামী দু’মাসের মধ্যে, প্রাথমিক ভাবে দেশের চারটি শহরে এই পরিষেবা চালু হবে। এই শহরগুলির মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, চেন্নাই এবং কলকাতা। প্রাথমিক ভাবে শুরু হওয়ার পর দেশের সমস্ত শহর এবং গ্রামাঞ্চলে তা চালু হতে বছরখানেক সময় লাগবে বলে জানিয়েছেন রিলায়েন্স কর্ণধার। তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সমস্ত শহর, শহরতলি এবং গ্রামে পৌঁছে যাবে জিও-র ৫জি পরিষেবা।

    সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রির ৪৫ তম বার্ষিক সাধারণ বৈঠক ছিল। সেই বৈঠক থেকেই জিও-র 5G পরিষেবা নিয়ে ঘোষণা করেন মুকেশ আম্বানি। তিনি বলেন, “বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে উন্নত 5G নেটওয়ার্ক হবে জিও 5G। 5G-র সর্বাধুনিক সংস্করণ নিয়ে আসবে জিও। যার নাম স্ট্যান্ড-অ্যালোন 5G। আমাদের 4G নেটওয়ার্কের উপর এর কোনও নির্ভরতা থাকবে না।” এরপর মুকেশের ছেলে তথা জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি বলেন,”দেশে ৫জি পরিষেবা চালু করতে জিও ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে।”

    আরও পড়ুন: নিলাম হল ২০০৭ সালের প্রথম প্রজন্মের আইফোন! দাম শুনলে অবাক হবেন…

    এদিন মুকেশ অম্বানি বলেছেন, “জিও 5G পরিষেবা সাশ্রয়ী মূল্য়ে ও সর্বোচ্চ মানে দেশের প্রত্যেকটি জায়গা,প্রত্যেক জনগণ ও সবকিছুকে সংযুক্ত করবে। আমরা ভারতের অর্থনীতিকে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও এগিয়ে রাখব। ভারতকে ডেটা-চালিত অর্থনীতিতে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।”

    সম্প্রতি ৫জি স্পেকট্রামের নিলাম করে কেন্দ্র। আর তাতেই এয়ারওয়েভের স্বত্ব কিনে নেয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়। প্রাথমিকভাবে মোট ১৩টি শহরে এই পরিষেবা চালু করবে জিও। সেই তালিকায় রয়েছে- দিল্লি, বেঙ্গালুরু, চণ্ডীগড়, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, গান্ধীনগর, গুরুগ্রাম, মুম্বই, পুনে, চেন্নাই, জামনগর, কলকাতা এবং লখনউ। আগামী অক্টোবরেই দেশে ৫জি রোলআউট হবে বলে জানা গিয়েছে। ধাপে ধাপে দেশের প্রতিটি কোণায় পরিষেবা পৌঁছে দেওয়ার নীলনকশা তৈরি করে ফেলেছে সংস্থা,দাবি জিও কর্ণধারের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share